মহাজাগতিক ক্যালেন্ডার

খুব বড় একটি সংখ্যা অনুভব করা সহজ নয়। পৃথিবীতে এমনকী আমাদের দেশেও আজকাল টাকার ছড়াছড়ি, আমাদের আশেপাশেই আমরা কোটিপতি দেখতে পাই। কিন্তু কোটি সংখ্যাটি কত বড়, সেটি কি অনুভব করা খুব সহজ? একটি উপায় হচ্ছে সেটিকে কোনোভাবে আমাদের জীবনের সঙ্গে সম্পর্ক আছে এরকম কোনোকিছুর সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া। আমরা সবাই মনে করি টাকা খরচ করতে পারাটা খুব আনন্দের ব্যাপার, কাজেই যদি মনে করি প্রতিদিন হাজার টাকা খরচ করতে পারব তাহলে এক কোটি টাকা খরচ করে শেষ করতে কতদিন লাগবে? একটু হিসাব করলেই আমরা দেখব সময়টি অনেক দীর্ঘ প্রায় সাড়ে সাতাশ বছর! আমি নিশ্চিত এক কোটি সংখ্যাটি কত বড় এবার সেটি সম্পর্কে একটি ধারণা পাওয়া গেল । প্রতিদিন এক হাজার টাকা করে খরচ করলেও এক কোটি টাকা শেষ করতে যদি টানা সাড়ে সাতাশ বছর লাগে, তবে সংখ্যাটি নিঃসন্দেহে অনেক বড়।

বলা হয়ে থাকে, আমাদের এই পরিচিত বিশ্বব্রহ্মাণ্ডের জন্ম হয়েছিল ১৫ বিলিয়ন বছর আগে। এর আগে কী ছিল? বিজ্ঞানীরা সেই প্রশ্নটি শুনতে রাজি নন বিশাল এক বিস্ফোরণের মাধ্যমে (যেটিকে বলে বিগ ব্যাং) এই বিশ্বব্রহ্মাণ্ডের জন্ম হবার আগে কিছুই ছিল না, সময়েরও শুরু হয়েছে এই বিগ ব্যাং থেকে। এটি হচ্ছে প্রচলিত বিশ্বাস। কিন্তু এই ১৫ বিলিয়ন বছরটি কত বড়, সেটি কি আমরা অনুভব করতে পারি? আমাদের জীবনের গুরুত্বপূর্ণ পর্যায়গুলো (এস.এস.সি পরীক্ষা, সন্তানের বড় হওয়া) সাধারণত বছরের হিসাবে আসে, জীবন কয়েকটি দশকে শেষ হয়, কাজেই এর চাইতে দীর্ঘ কোনো সময় আমরা হয়তো কাগজে চট করে লিখে ফেলতে পারব, কিন্তু সেই সময়টি কী সত্যিকারভাবে অনুভব করতে পারব? কাজটি সহজ নয়। তাই এই বিশাল মাপের সময়কে অনুভব করার জন্যে বিজ্ঞানীরা পুরো সময়টিকে এক বছরের একটি ক্যালেন্ডারের মাঝে প্রকাশ করেছেন। অর্থাৎ আমরা একটি মহাজাগতিক ক্যালেন্ডারের কথা বলছি, যেটিতে জানুয়ারি মাসের এক তারিখে বিগ ব্যাং হয়েছিল এবং বর্তমান সময়টি হচ্ছে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ রাত বারোটা, নতুন বছর মাত্র শুরু হতে যাচ্ছে।

১৫ বিলিয়ন বছর সময়টিকে এক বছরের একটি ক্যালেন্ডারে প্রকাশ করা হলে কিছু চমকপ্রদ ব্যাপার দেখা যায়, যেমন মানুষের জন্ম হয়েছে ডিসেম্বরের একত্রিশ তারিখ রাত সাড়ে দশটায়, অর্থাৎ মাত্র দেড়ঘণ্টা আগে!

মহাজাগতিক ক্যালেন্ডারে যাবার আগে আমরা সংখ্যার হিসাবটি একবার ঝালাই করে নিই। আমরা দৈনন্দিন কথাবার্তায় সংখ্যাকে হাজার, লক্ষ, কোটি হিসেবে প্রকাশ করে থাকি, কিন্তু বিজ্ঞানের ভাষায় সংখ্যাকে এক হাজার গুণ হিসেবে প্রকাশ করা হয়। লক্ষ সংখ্যাটি বিজ্ঞানে জনপ্রিয় নয়, এক হাজারের হাজার গুণ, অর্থাৎ দশ লক্ষ বেশ জনপ্রিয়, এই সংখ্যাটির নাম মিলিয়ন। উনিশ শ একাত্তরে এই দেশে পাকিস্তান-সেনাবাহিনীর গণহত্যায় তিন মিলিয়ন লোক মারা গিয়েছে। বাংলাদেশের বর্তমান জনসংখ্যা একশ পঞ্চাশ মিলিয়নের কাছাকাছি। পরবর্তী বড় সংখ্যাটি হচ্ছে বিলিয়ন, সেটি হচ্ছে এক হাজার মিলিয়ন। এই বিশ্বব্রহ্মাণ্ডের বয়স পনেরো বিলিয়ন, পৃথিবীর জনসংখ্যা পাঁচ বিলিয়ন। এক হাজার বিলিয়নকে বলা হয় ট্রিলিয়ন। বাংলাদেশের মজুত গ্যাসের পরিমাণ ধরা হয় বারো থেকে ষোলো ট্রিলিয়ন কিউবিক ফুট।

মিলিয়ন, বিলিয়ন এবং ট্রিলিয়ন সংখ্যাগুলো ব্যাখ্যা করার পর আমরা আমাদের মূল বিষয়টিতে যাই। এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হবার পর পনেরো বিলিয়ন বছরকে যদি এক বছরের একটি মহাজাগতিক ক্যালেন্ডারের মাঝে আঁটিয়ে দেওয়া যায় তাহলে মহাজাগতিক গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছে এভাবে :

ক)       বিগ ব্যাংয়ের মাধ্যমে বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি : জানুয়ারি ১।

খ)        আমরা যে-গ্যালাক্সিতে আছি ছায়াপথ নামে সেই গ্যালাক্সির

জন্ম : মে ১। এখানে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে জানুয়ারির এক তারিখে বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি হবার পরও গ্যালাক্সিগুলোর জন্ম নিতে পাঁচ মাস সময় লেগেছে।

গ)        সৌরজগতের জন্ম : সেপ্টেম্বরের ৯ তারিখ। গ্যালাক্সি জন্ম নেবার পরও চারমাস থেকে বেশি সময় লেগেছে সৌরজগতের জন্ম হতে।

ঘ)        পৃথিবীর জন্ম : সেপ্টেম্বরের ১৪ তারিখ। সৌরজগৎ জন্ম নেওয়ার মাত্র পাঁচদিনের মাথায় পৃথিবীর জন্ম হয়েছে।

ঙ)        পৃথিবীতে প্রথম আদিম প্রাণের বিকাশ : সেপ্টেম্বরের ২৫ তারিখ। পৃথিবী জন্ম নেবার পর দুই সপ্তাহ থেকেও কম সময়ে প্রাণের আবির্ভাব হয়েছে।

চ)        প্রাচীনতম পাথরের জন্ম : ২ অক্টোবর।

ছ)        ব্যাকটেরিয়া এবং নীল-সবুজ এলজির প্রাচীনতম ফসিল : অক্টোবরের ৯ তারিখ।

জ)       জন্মপ্রক্রিয়ার জন্যে ভিন্ন লিঙ্গের উদ্ভব (জীবাণুদের ভেতর) : ১ নভেম্বর।

ঝ)        সালোকসংশ্লেষণ করতে পারে এরকম গাছের জন্ম : নভেম্বরের ১২ তারিখ।

ঞ)      উন্নত প্রাণীর জন্যে নিউক্লিয়াসসহ কোষের (ইউক্যারিওট্স) আবির্ভাব : নভেম্বরের ১৫ তারিখ।

দেখাই যাচ্ছে যে, বিশ্বব্রহ্মাণ্ডের জন্ম হয়েছে জানুয়ারির এক তারিখে, কিন্তু নভেম্বরের ১৫ তারিখ পর্যন্ত বছরের প্রায় বড় সময়টাই চলে গেছে এতদিনে মাত্র উন্নত প্রাণী জন্ম নেওয়ার উপযোগী কোষ তৈরি হতে! পুরো সময়টি আরো সঠিকভাবে অনুভব করার জন্যে মনে রাখতে হবে যে, মহাজাগতিক এই ক্যালেন্ডারে এক সেকেন্ড প্রায় পাঁচশ বছর (নিখুঁতভাবে বলতে গেলে ৪৭৫ বছর), একদিন হচ্ছে চল্লিশ মিলিয়ন বছর (কিংবা চার কোটি বছর)!

মহাজাগতিক ক্যালেন্ডারে নভেম্বর মাস শেষ হয়ে ডিসেম্বর মাস আসার পর পৃথিবীর ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটতে শুরু করেছে বলা যায়। তাই ডিসেম্বর মাসের ক্যালেন্ডারটি আলাদাভাবে লেখা যেতে পারে :

ডিসেম্বর ১       :           পৃথিবীতে অক্সিজেনসমৃদ্ধ বায়ুমণ্ডলের শুরু

ডিসেম্বর ১৬    :           কেঁচোজাতীয় প্রাণীর উদ্ভব

ডিসেম্বর ১৭     :           মেরুদণ্ডহীন প্রাণীর বিকাশ

ডিসেম্বর ১৮    :           সামুদ্রিক প্লাংকটন, শামুকজাতীয় ট্রাইলোবাইটের জন্ম

ডিসেম্বর ১৯    :           প্রথম মাছ এবং মেরুদণ্ডী প্রাণীর উদ্ভব

ডিসেম্বর ২০    :           পৃথিবীর স্থলভাগ গাছ দিয়ে ঢেকে যেতে শুরু করে

ডিসেম্বর ২১    :           পোকামাকড়ের জন্ম, স্থলভাগে প্রাণীদের বিচরণ

ডিসেম্বর ২২    :           প্রথম উভচর প্রাণীর উদ্ভব

ডিসেম্বর ২৩    :           প্রথম বৃক্ষ এবং সরীসৃপের জন্ম

ডিসেম্বর ২৪    :           ডাইনোসরের জন্ম

ডিসেম্বর ২৬   :           স্তন্যপায়ী প্রাণীর জন্ম

ডিসেম্বর ২৭    :           প্রথম পাখির জন্ম

ডিসেম্বর ২৮   :           ডাইনোসরের জন্মের চারদিন পর তাদের নিশ্চিহ্ন হওয়ার শুরু

ডিসেম্বর ২৯    :           বানরজাতীয় প্রাণীর উদ্ভব

ডিসেম্বর ৩০    :           বৃহৎ স্তন্যপায়ী প্রাণীর জন্ম

ডিসেম্বর ৩১    :           পৃথিবীতে প্রথম মানুষের জন্ম

দেখাই যাচ্ছে, ডিসেম্বর মাসটি ছিল খুব ঘটনাবহুল Ñ সৃষ্টিজগতের পুরোটুকু এক বছরের মাঝে সাজিয়ে দিতে হলে দেখা যায় শেষ দুই সপ্তাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছে Ñ এবং তার চাইতে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে মানুষের জন্ম হয়েছে একেবারে শেষ দিনে। কিন্তু আমরা আগেই বলেছি, মহাজাগতিক ক্যালেন্ডারে একদিন হচ্ছে চল্লিশ মিলিয়ন বা চার কোটি বছর। কাজেই শেষ দিনটিকেও একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা যেতে পারে। সত্যি কথা বলতে কী ডিসেম্বর মাসের শেষ দিনটি সারাদিন পার হয়ে সূর্য ডুবে যাবার পর যখন রাত সাড়ে দশটা বাজে তখন প্রথম মানুষের জন্ম হয়েছিল। কাজেই মহাজাগতিক ক্যালেন্ডারে মানুষের বয়স মাত্র দেড় ঘণ্টা! মানবের জন্মের পর তাদের ইতিহাসটুকু তাহলে দেখা যাক :

রাত ১০:৩০      :           মানুষের জন্ম

রাত ১১:০০       :           মানুষের পাথরের অস্ত্র ব্যবহার

রাত ১১:৪৬      :           আগুন-আবিষ্কার

রাত ১১:৫৯      :           ইউরোপের গুহায় মানুষের ছবি আঁকা

দেখাই যাচ্ছে যে, আমরা বছর শেষ হবার একেবারে শেষ মিনিটে পৌঁছে গেছি Ñ এখন সেকেন্ড হিসাব করে দেখা যেতে পারে। মনে রাখতে হবে যে, এখানে প্রতি সেকেন্ড হচ্ছে পাঁচশ বছর।

২০ সেকেন্ড    :           চাষাবাদ শুরু

৩৫ সেকেন্ড   :           প্রথম শহরের পত্তন

৫০ সেকেন্ড    :           মানুষের জ্যোতির্বিদ্যার জ্ঞান-অর্জন, মিশরের সভ্যতা

৫২ সেকেন্ড    :           ব্যাবিলনের সভ্যতা

৫৩ সেকেন্ড    :           কম্পাস-আবিষ্কার, ট্রজানের যুদ্ধ

৫৪ সেকেন্ড    :           লোহার ব্যবহার শুরু

৫৫ সেকেন্ড    :           গৌতম বুদ্ধের জন্ম

৫৬ সেকেন্ড   :           ইউক্লিডের জ্যামিতি। যিশুখ্রিষ্টের জন্ম

৫৭ সেকেন্ড    :           হযরত মুহম্মদের (সা:) জন্ম, শূন্য-আবিষ্কার

৫৮ সেকেন্ড   :           মায়া সভ্যতা, ক্রুসেডের যুদ্ধ

৫৯ সেকেন্ড    :           ইউরোপে রেনেসাঁ, নতুন বিজ্ঞানের জন্ম

৬০ সেকেন্ড বা

বর্ষশেষ-মুহূর্ত  :           বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ। মানুষ কর্তৃক নিজেকে ধ্বংস করার ক্ষমতা অর্জন। মহাকাশ-অভিযান, সারা পৃথিবীর সকল মানুষ নিয়ে বিশ্বসংস্কৃতির জন্ম। মহাজাগতিক বছরের শেষে এখন আমাদের দেখার সময়, নতুন বছরে আমাদের জন্যে কী অপেক্ষা করছে।