ঈশ্বর, আমার কোনো খেদ নেই

কর্নাটকি সংগীতের সম্রাজ্ঞী ভারতরত্ন মাদুরাই শানমুখবাদিবু শুভলক্ষ্মী গত এগারো ডিসেম্বর চলে গেলেন আটাশি বছর বয়সে। শুভলক্ষ্মীর নাম ইংরেজিতে লেখা হয় : গ. ঝ. ঝঁননঁষধশংযসর – বাংলা প্রতিবর্ণীকরণে এম. এস. সুব্বালক্ষমী। কিন্তু দক্ষিণ ভারতীয় নামের ইংরেজি প্রতিবর্ণীকরণের নিয়ম বাংলাভাষার ক্ষেত্রে প্রয়োগ করলে তা সবসময়ে অর্থবহ হয় না। অর্থসংগতির কথা বিবেচনা করে আমরা বাংলা বানানে তাঁর নাম শুভলক্ষ্মী করেছি। দক্ষিণ ভারতীয় সংগীতের কোকিলকণ্ঠী নামে পরিচিত এই শিল্পীর জন্ম মাদ্রাজের মাদুরাই শহরে ১৯১৬ সালের ১৬ সেপ্টেম্বর। মন্দিরের এক সাধারণ গায়িকা হিসেবে তাঁর শিল্পীজীবনের শুরু, কিন্তু সেখানেই থেমে থাকেননি অসাধারণ এই প্রতিভাময়ী শিল্পী। কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন দক্ষিণ ভারতীয় সংগীতের সবচেয়ে খ্যাতিমান শিল্পী হিসেবে।

শুভলক্ষ্মী এম. এস. নামেই বেশি খ্যাত ছিলেন। এ দুটি অক্ষর তাঁরও খুব প্রিয় ছিল। এম – তাঁর শহর মাদুরাইয়ের আদ্যক্ষর, এস – তাঁর মা শানমুখবাদিবুর আদ্যক্ষর। ছোটবেলায় তিনি কুনজাম্মা বা ছোট্ট মেয়ে নামেই বেশি পরিচিত ছিলেন। অবশ্য বাবার কাছে ছিলেন তিনি রাজাথি – ছোট্ট রাজকন্যা।

শুভলক্ষ্মীর সংগীতশিক্ষার শুরু তাঁর মায়ের কাছেই। শানমুখবাদিবু ছিলেন তাঁর কালের বিখ্যাত বীণাবাদিকা। মন্দিরের সাধারণ দেবদাসী ছিলেন, মন্দিরে সংগীত-পরিবেশন করতে করতেই শানমুখবাদিবু সর্বজনশ্রদ্ধেয় এক সংগীত-দেবীতে পরিণত হয়েছিলেন। শানমুখবাদিবু তাঁর কালে কতটা মান্য হয়ে উঠেছিলেন তার প্রমাণ মেলে নিচে বর্ণিত ঘটনা থেকে :

১৯২০ সালের কথা। মাদুরাই শহরের মীনাক্ষী মন্দিরের দেবীকে নিয়ে ভক্তরা শোভাযাত্রা বের করেছে। সাপের মতো এঁকেবেঁকে চলেছে শোভাযাত্রীরা। একটি বাড়ির সামনে এসে সেই মিছিলের গতি কমে এলো। শোভাযাত্রার পুরোভাগে

ছিলেন মন্দিরের গায়কেরা। হঠাৎ যেন তাঁদের উৎসাহ বেড়ে গেল । নাদস্বরম বাদকগণ যেন এই সময়টির জন্যই তাঁদের সব শক্তি সঞ্চয় করে রেখেছিলেন। সেই বাড়ির দিকে সবাই তাকালেন বেশ সম্ভ্রমের দৃষ্টিতে। বাড়ির কর্ত্রী শানমুখবাদিবু তাদের দিকে সহাস্যে তাকালেন । তাঁর অনুমতি নিয়ে মিছিল আবার সচল হলো ।

শানমুখবাদিবুর কোলে চড়ে সেদিন শুভলক্ষ্মী সেই গায়ক ও বাদকদের ভক্তিগীতি ও বাজনা শুনেছিলেন। বয়স তখন সবে চার । এই বয়সেই স্বর ও তালের সঙ্গে তাঁর পরিচয় ঘটে। এ সম্পর্কে শুভলক্ষ্মী তাঁর স্মৃতিচারণে উল্লেখ করেছেন:

আমার মা একদিন আমাদের বাড়ির কাছের সেতুপতি স্কুলে বীণা বাজাচ্ছিলেন। আমি পেছনের মাঠে তখন কাদার প্রাসাদ বানাতে ব্যস্ত। এমন সময়ে আমার কাকা এসে আমাকে তুলে নিলেন। শরীর থেকে বালি-কাদা ঝেড়ে-মুছে আমাকে সোজা নিয়ে গেলেন মঞ্চের ওপর । জনাপঞ্চাশেক শ্রোতা ছিল। সে-সময়ের হিসেবে অনেক বেশিই বলতে হবে । মা আমাকে গাইতে বললেন । আমি সঙ্গে সঙ্গে দুটো গান গেয়ে ফেললাম। করতালিতে হল মুখরিত হলো। সেই করতালির তাৎপর্য বোঝার বয়স তখনো আমার হয়নি। আমি কাদা নিয়ে খেলা করতে যাবার জন্য চঞ্চল হয়ে উঠলাম।শুভলক্ষ্মীর পিতাও ছিলেন সংগীতবোদ্ধা। পেশায় আইনজীবী ছিলেন, তবে সংগীত ও চারুকলার পৃষ্ঠপোষকতা করেই জীবন কাটিয়েছেন। কন্যার গানে খুব তুষ্ট ছিলেন। প্রায়ই বলতেন, আমার রাজাথিকে বিয়ে দেবো এমন একজনের সঙ্গে যে সংগীত ভালোবাসে । বাড়িতে সবসময় সুর-তালের চর্চা শানমুখবাদিবুর কাছে হতো । আসতেন দক্ষিণ ভারতের সব নামীদামি সংগীতশিল্পী ও সংগীতজ্ঞ। করাইকুদি সম্বাশিবা আইয়ার, মাজহাবরায়ান্দাল সুব্রহ্ম ভগাবতার ও আরিয়াকুদি রামানুজ আইয়াঙ্গারের মতো বিশিষ্ট সংগীতজ্ঞ নিয়মিত আসতেন তাঁদের বাড়িতে। ফলে শৈশবকাল থেকেই শুভলক্ষ্মী কর্নাটকি সংগীতের সব মহারথীর সান্নিধ্যে আসার সুযোগ পান । তবে নিয়মানুযায়ী তিনি প্রথম দীক্ষা নেন কর্নাটকি সংগীতের খ্যাতিমান গুরু পণ্ডিত শ্রীনিবাস আইয়াঙ্গারের কাছ থেকে । আইয়াঙ্গারের শিক্ষায় অল্পদিনেই তিনি কর্নাটকি সংগীতের অলংকারম, কীর্তন ও বর্ণম-বিষয়ে পারদর্শী হয়ে ওঠেন। গুরুর কাছ থেকে প্রাথমিক শিক্ষালাভের পর মা শানমুখবাদিবুর কঠোর পরিচর্যায় তিনি ধীরে ধীরে সুরের জগতের এক পরিণত সাধিকায় পরিণত হন। শানমুখবাদিবুর সঙ্গে ছোট্ট মেয়ে কুনজাম্মা যেতেন সব সংগীত- সম্মেলনে। গোড়ার দিকে মায়ের বীণাবাদনের সঙ্গে কণ্ঠসংগত করতেন। সংগীত-পারদর্শী মায়ের বীণায় যেসব সূক্ষ্ম কারুকাজ ফুটে উঠত তার সবটাই অবলীলায় কণ্ঠের সুরেলা আওয়াজে প্রতিধ্বনিত করতেন ছোট্ট কুনজাম্মা। দশ বছর বয়সে মাদ্রাজের এক অনুষ্ঠানে মা ও মেয়ের যুগল পরিবেশনায় সংগীতমোদীরা এতটাই মুগ্ধ হলেন যে, তখনই একটি রেকর্ড কোম্পানি শুভলক্ষ্মীর গান রেকর্ড করার প্রস্তাব দেন। মা ও মেয়ের যুগল পরিবেশনার সেই রেকর্ড রাতারাতি শুভলক্ষ্মীকে পরিচিতি ও প্রতিষ্ঠা দিল। মায়ের বীণাবাদনের সঙ্গে কণ্ঠ মেলাতে মেলাতেই তিনি একক সংগীত পরিবেশনের আহ্বান পেতে লাগলেন । পনেরো বছর বয়সে মাদুরাইয়ের এক অনুষ্ঠানে প্রথম একক সংগীত পরিবেশন করলেন কুনজাম্মা। সেই অনুষ্ঠানে সংগীতবোদ্ধাদের অকুণ্ঠ প্রশংসা অর্জন করেন তিনি। সতেরো বছর বয়সে মাদ্রাজ সংগীত অ্যাকাডেমির এক অনুষ্ঠানে মায়ের বীণার সঙ্গে গাইলেন শুভলক্ষ্মী। সেই পরিবেশনায় মুগ্ধ হলেন চেম্বাই বৈদ্যনাথ ভগাবতার, বরদাচারিয়ার ও করাইকুদির মতো সংগীতের মহারথীরা । করাইকুদি তো বলেই ফেললেন, ‘তোমার কণ্ঠেই যেন বীণা বাজছিল ।’

এরপর তিনি আর ছোট্ট কুনজাম্মা রইলেন না, প্রতিষ্ঠিত হলেন এম. এস. শুভলক্ষ্মী নামে । শুরু হলো সংগীতের পথে তাঁর বিজয়-অভিযাত্রা । অনুষ্ঠানের পর অনুষ্ঠান, রেকর্ডের পর রেকর্ড। তবে, অল্পবয়সেই স্বীকৃতি ও প্রতিষ্ঠা তাঁকে বিচলিত করেনি । প্রকৃত সাধিকার মতোই তিনি তালিম নিতে থাকেন আরিয়াকুদি রামানুজ আইয়াঙ্গার, মুসরি সুব্রমানিয়া আইয়ার ও সেম্মানগুদি শ্রীনিবাসের মতো গুণীদের কাছে। চলে তাঁর নিরন্তর সাধনা। কর্নাটকি সংগীতের বিশেষ কিছু কীর্তনম শেখেন শুভলক্ষ্মী এই গুরুদের কাছ থেকে । তাঁর সংগীতস্পৃহা ও সাধনা এরপর তাঁকে টেনে নিল বৃহত্তর আঙিনায় । মাদুরাইয়ের ছোট শহর ছেড়ে তাঁর পরিবার গেলেন মাদ্রাজে ৷

—

এরই মধ্যে মুম্বাইয়ের মাতুঙ্গা সংগীতসভার কাছ থেকে অনুষ্ঠান করার আমন্ত্রণ পেলেন শুভলক্ষ্মী। এই আমন্ত্রণ তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিল। শুভলক্ষ্মীকে সেই অনুষ্ঠানে মাদ্রাজ থেকে মুম্বাই নিয়ে যাওয়ার দায়িত্ব পেয়েছিলেন তিয়াগরাজা সদাশিবম নামের এক রাজনৈতিক কর্মী । সদাশিবম তখন সদ্যবিপ্লবী। রাজনীতির পথ ছেড়ে মহাত্মা গান্ধীর অহিংস রাজনীতিতে দীক্ষা নিয়েছেন । সদাশিবম ছিলেন এইসব কাজে কর্মী পুরুষ। খাদি বস্ত্রের প্রসার, পত্রিকা প্রকাশ জড়িয়ে ছিলেন। সেইসঙ্গে সংগীতে ছিল তাঁর গভীর আগ্রহ। মুম্বাইতে শুভলক্ষ্মীর সংগীত শুনে সদাশিবমের মনে হলো যেন তিনি এক স্বর্গীয় আনন্দের অভিজ্ঞতা অর্জন করছেন। এরপর যেখানেই শুভলক্ষ্মীর অনুষ্ঠানের খবর পেয়েছেন সেখানেই ছুটে গেছেন। সংগীতের এই আকর্ষণ থেকেই সদাশিবম ও শুভলক্ষ্মী পরস্পরের কাছাকাছি এলেন । শানমুখবাদিবুর মনে হলো, এই দুজনের বন্ধন যেন নিয়তিরই বিধান । সদাশিবম তখন বিবাহিত ও দুই কন্যার পিতা, দুজনের বয়সের ব্যবধানও অনেক, তবু অকুণ্ঠ মনেই তিনি দুজনকে আশীর্বাদ করলেন। ১৯৪০ সালের বর্ষাকালে তিরুনিরমালাইয়ের এক মন্দিরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শুভলক্ষ্মী ও সদাশিবম পরস্পরের জীবনসঙ্গী হলেন। এই বন্ধন শুভলক্ষ্মীর সংগীতসাধনার পথকে অনেক সুগম করে তুলল। জীবনযাপনের সকল দায়িত্ব নিলেন সদাশিবম। সংগীতসাধনায় শুভলক্ষ্মী যাতে নিরুপদ্রব ও নিশ্চিন্ত থাকতে পারেন সেজন্য সম্ভবপর সবকিছুই করলেন সদাশিবম । তিনি শুধু স্বামীই ছিলেন না, শুভলক্ষ্মীর শিল্পীজীবনের প্রধান পৃষ্ঠপোষক ও প্রেরণাদাতাও ছিলেন। ১৯৬৮ সালে সংগীত অ্যাকাডেমির সংগীত কলানিধি সম্মানগ্রহণের সময়ে প্রদত্ত ভাষণে শুভলক্ষ্মী সদাশিবমকে তাঁর ‘বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শক’ বলে উল্লেখ করেছিলেন।

মীনাক্ষী মন্দিরের ভক্তিগীতি শৈশবেই তাঁকে আকৃষ্ট করেছিল। সদাশিবমের প্রেরণায় শুভলক্ষ্মী নতুন করে ভক্তিগীতির দিকে মনোযোগী হলেন। সদাশিবম শুভলক্ষ্মীর কণ্ঠ-সামর্থ্যের পরিপূর্ণ বিকাশ ও ব্যবহারের ব্যাপারে মনোযোগী ছিলেন। তাঁর মনে হচ্ছিল, শুধু শাস্ত্রীয় সংগীতে আবদ্ধ থাকলে শিল্পী হিসেবে শুভলক্ষ্মী অপূর্ণ থেকে যাবেন। শুরু হলো তাঁর নতুন পথযাত্রা । নতুন করে কণ্ঠ-পরিমার্জনা । সংগীতের নতুন ভাষা ও পরিবেশনরীতি রপ্ত করতে লাগলেন শুভলক্ষ্মী। এর ফলে শুভলক্ষ্মীর যেন নবজন্ম হলো, দক্ষিণ ভারতীয় ভক্তিগীতিও শুভলক্ষ্মীর পরিমার্জিত কণ্ঠে ও পরিশীলিত পরিবেশনায় নতুন রূপ পেল । এবার সাধারণ মানুষও তাঁর সংগীতে আন্দোলিত হলেন। মন্দিরে মন্দিরে ভক্তিগীতি পরিবেশন করে সাধারণ মানুষের সংগীত-সম্রাজ্ঞী হয়ে উঠলেন শুভলক্ষ্মী। সংগীতরসিক ও ভক্তিপ্রাণ সাধারণ মানুষ সকলের কাছেই তিনি হলেন সমান আদরণীয়। তবে, এই খ্যাতি ও প্রতিষ্ঠা সত্ত্বেও তাঁর তালিমে কোনো ছেদ পড়েনি। আইয়ারের কাছে সংগীতশিক্ষা অব্যাহত রইল । পাপানাসম শিবান, টি. সেম্মানগুদি এল. ভেঙ্কটরামা আইয়ার এঁদের মতো সংগীতগুরুর কাছ থেকেও নিয়মিত তালিম নিতেন তিনি। কর্নাটকি সংগীতগুরু বৃন্দার কাছ থেকে পদম ও জবালি পরিবেশনের রীতি রপ্ত করলেন। ভজন শিখলেন শ্রীনিবাস রাওয়ের কাছ থেকে। সংগীত-পরিবেশনের জন্য শুভলক্ষ্মী অনেকগুলো ভাষাও শিখেছিলেন : কানাড়া, তেলেগু, মালয়ালমের পাশাপাশি হিন্দি ও সংস্কৃতও আয়ত্ত করেছিলেন। দশটি ভাষায় তিনি গান গাইতে পারতেন ।

সে-সময়ে ভারতীয় চলচ্চিত্রে গায়ক-গায়িকাদের বেশ আধিপত্য ছিল। কে. এল. সায়গল, কাননবালা, সুরাইয়া ও নূরজাহানের মতো শিল্পীরা তখন রুপালি পরদারও নায়ক-নায়িকা। শুভলক্ষ্মীও রুপালি পরদার আহ্বান পেলেন। প্রেমচন্দের কাহিনী অবলম্বনে সেবাসদন ছবিতে অভিনয় করে তিনি এই নতুন জগতে প্রবেশ করেন। এরপর পৌরাণিক কাহিনী নিয়ে নির্মিত সাবিত্রীতে নারদের ভূমিকায় অভিনয় করে তিনি বেশ লোকপ্রিয় হয়ে ওঠেন। সদাশিবম তখন কল্কি নামে একটি পত্রিকাপ্রকাশের পরিকল্পনা করছিলেন। এই জন্যে শুভলক্ষ্মী ছবিতে অভিনয় করে পারিশ্রমিক হিসেবে যে-অর্থ পেয়েছিলেন তার সবটাই তুলে দেন স্বামী সদাশিবমের হাতে। সেবাসদন, শকুন্তলাই, সাবিত্রী, ও মীরা – এই চারটি ছবিতে অভিনয় করেছিলেন শুভলক্ষ্মী ।

শুভলক্ষ্মীর সংগীততৃষ্ণা ছিল প্রবল। কর্নাটকি সংগীতে পারঙ্গম হয়েও উত্তর ভারতীয় সংগীতের রস থেকে বঞ্চিত থাকতে চাইলেন না । ছোটবেলায় বেতারে আবদুল করিম খাঁ, আমীর খাঁ ও পুলস্করের সংগীত শুনে তাঁর রাত কেটে যেত । তাঁর ভাষায়, ‘তাঁদের সংগীত নিস্তব্ধ রাতের প্রহরকে মধুর করে তুলত।’

এই তৃষ্ণা থেকেই পণ্ডিত নারায়ণ রাও ব্যাস, দিলীপকুমার রায় ও বেনারসের সিদ্ধেশ্বরী দেবীর কাছ থেকে হিন্দুস্থানি সংগীতের তালিম নিয়েছেন। এরপর সংগীত পরিবেশন করে উত্তর ভারতেও তিনি জনচিত্ত জয় করেছেন। মীরাবাঈ, তুলসীদাস ও কবীরের ভজন তাঁর কণ্ঠে যেন নতুন রূপ পেল । গুরু নানকের ভজন গেয়েও তিনি অনেককে আপ্লুত করেছেন। হিন্দুস্থানি সংগীতের জগতে তাঁর গ্রহণযোগ্যতা ও খ্যাতির কারণেই মীরার জীবনভিত্তিক একটি চলচ্চিত্রে তিনি অভিনয়ের সুযোগ পান। এলিস দুঙ্গমের পরিচালনায় এই ছবিতে মীরার ভূমিকায় অভিনয় করে তিনি উত্তর ও দক্ষিণ – সমগ্র ভারতের দর্শক-চিত্ত জয় করে নিয়েছিলেন। ছবির প্রযোজক ছিলেন তাঁর স্বামী সদাশিবম । ১৯৪৫ সালে এই ছবি তামিল ভাষায় নির্মিত হয়, ১৯৪৭ সালে এটি হিন্দি ভাষায় পুনর্নির্মিত হয়। স্বাধীনতার অব্যবহিত পর এই ছবির হিন্দি ভাষ্যের প্রথম প্রদর্শনীতে লর্ড ও লেডি মাউন্টব্যাটেন এবং পণ্ডিত নেহরুসহ ভারতীয় মন্ত্রিসভার সকল সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুভলক্ষ্মীকে পরিচয় করানোর দায়িত্ব ছিল ঘরমযঃরহমষব ড়ভ ওহফরধ নামে খ্যাত সরোজিনী নাইডুর । সরোজিনী বললেন, ‘ঘরমযঃরহমষব ড়ভ ওহফরধ অভিধাটি শুভলক্ষ্মীর জন্যই অধিকতর মানানসই।’ সেইদিন যাঁরা মীরা ছবিটি দেখেছিলেন তাঁরা শুভলক্ষ্মীর অভিনয় ও তাঁর কণ্ঠে মীরার ভজন শোনার পর সরোজিনীর কথায় সায় না দিয়ে পারেননি। পণ্ডিত নারায়ণ রাও ব্যাসের কাছ থেকে শেখা মীরার ভজন শ্যাম সুন্দর মদন মোহন গেয়েছিলেন শুভলক্ষ্মী এই ছবিতে। ভজনটি তাঁকে উত্তর ভারতে রাতারাতি প্রসিদ্ধ করে তোলে ।

গান্ধী ও নেহরু ছিলেন শুভলক্ষ্মীর ভজনের অনুরাগী শ্রোতা। ১৯৪৭ সালে এক প্রার্থনাসভায়, প্রার্থনাশেষে, গান্ধী শুভলক্ষ্মীকে ‘হরি তুম হর’ এই ভজনটি গাইবার অনুরোধ করলেন । সে-সময় ভজনটি শুভলক্ষ্মীর জানা ছিল না। সদাশিবম অন্য গায়িকার কণ্ঠে ভজনটি শোনানোর প্রস্তাব করেছিলেন। গান্ধী বললেন, ‘অন্য কারও কণ্ঠে এটি শোনার চেয়ে শুভলক্ষ্মীর কণ্ঠে আবৃত্তি আমার অনেক ভালো লাগবে।’ শুভলক্ষ্মী পরে ভজনটি রেকর্ড করেন। ১৯৪৭ সালের ২ অক্টোবর গান্ধীর জন্মদিনে তাঁকে উপহার দিয়েছিলেন রেকর্ডটি। ১৯৪৮ সালে গান্ধী নিহত হলেন। একটি অনুষ্ঠানে সংগীত-পরিবেশনের সময় শুভলক্ষ্মী শুনলেন এই মর্মান্তিক সংবাদ। এরপর যখন আকাশবাণী থেকে শুভলক্ষ্মীরই গাওয়া ‘হরি তুম হর’ পরিবেশিত হলো তখন নিজেকে আর সংযত রাখতে পারেননি। শিশুর মতোই কেঁদে উঠলেন সংগীতে তাঁর সাধনা ও সিদ্ধি কিংবদন্তির মতো। দেশ ও বিদেশে তাঁর সংগীতের অনুরাগীর অভাব নেই। পাশ্চাত্য-সংগীতের অন্যতম কীর্তিমান পুরুষ জুবিন মেহতা একবার শুভলক্ষ্মীর অনুষ্ঠানের পর নিজে আর মঞ্চে উঠতে চাননি। ইহুদি মেনুহিনও তাঁর কণ্ঠের জাদুতে মুগ্ধ হয়েছিলেন ।

স্বদেশে তো বড় বড় ওস্তাদরাও বেশ সমীহ করেই তাঁর কথা উল্লেখ করেছেন। তাঁর গুরু সেম্মানগুদির মতে, আর কোনো শিল্পীই শুভলক্ষ্মীর মতো তানে পারদর্শী নন । চড়ায় যেমন খাদেও তিনি সমান সাবলীল। নানা ভাষায় নানা ধরনের গান গেয়েছেন শুভলক্ষ্মী। হিন্দি ও গুজরাটি ভজন, মারাটি আভঙ্গ, সংস্কৃত শ্লোক এমনকী রবীন্দ্রসংগীত পর্যন্ত তিনি গাইতে পারতেন বেশ সাবলীলভাবে। দক্ষিণ ভারতীয় কৃতি অঙ্গের সংগীত পরিবেশনের ক্ষেত্রে তাঁর পারঙ্গমতা সংগীতরসিকদের বেশ চমৎকৃত করত । সংগীতের সূক্ষ্মতার ওপর বেশ গুরুত্ব দিতেন তিনি। সরল আঙ্গিকের রাগই হোক বা জটিল সূক্ষ্মতা বিশিষ্ট কোনো রাগ হোক — সব ক্ষেত্রেই তিনি ছিলেন সমান যত্নশীল । গিরিপাই (সাহানা), দশরথে (টোড়ি), চাখারাই রাজা (খরহরপ্রিয়া), শ্রীশুভ্রমান্যয় নমস্তে (খাম্ভোজি) পরিবেশনায় তিনি ছিলেন অনন্য। সংগীতের বাণীর ব্যাপারেও তাঁর যত্ন ছিল অপরিসীম। প্রাচীন গানগুলোর পাঠান্তর সম্পর্কে ছিলেন সচেতন। এ নিয়ে রীতিমতো গবেষকের নিষ্ঠা ছিল তাঁর । রচিত ও কল্পিত পাঠের তারতম্য নিয়ে বেশ ভাবতেন, শুদ্ধপাঠ নির্ণয়ের চেষ্টা করতেন। এজন্যই অনেক সময়ে অন্যের গাওয়া কোনো গানের সঙ্গে তাঁর গানের পাঠের তারতম্য ঘটত। যেমন মুসিরির গাওয়া দুরুসুগার সঙ্গে শুভলক্ষ্মীর দুরুসুগার খুব একটা মিল নেই। অথচ, শুভলক্ষ্মী দুরুসুগা শিখেছিলেন মুসিরির কাছ থেকেই।

হিন্দুস্থানি ওস্তাদদের কাছ থেকেও অকুণ্ঠ প্রশংসা পেয়েছেন তিনি। ওস্তাদ আল্লাদিয়া খান তাঁর পানতুবরালি (পুরিয়া ধানেশ্রী) শুনে মুগ্ধ হয়েছেন, ওস্তাদ বড়ে গোলাম আলী খাঁ তো তাঁকে ‘সুস্বরলক্ষ্মী শুভলক্ষ্মী’ নামে অভিহিত করেছিলেন। রওশন আরা বেগম তাঁর একটি পরিবেশনা শুনে রীতিমতো আপ্লুত হয়ে উঠেছিলেন। ওংকারনাথ ঠাকুর, রবিশংকর, আমজাদ আলী খান, পণ্ডিত যশোরাজ Ñ এঁরা সবাই তাঁর অনুরাগী ও গুণগ্রাহী। বিলায়েৎ খাঁ করজোড়ে তাঁর নাম উচ্চারণ করতেন।

বঙ্গদেশে শুভলক্ষ্মীর স্বীকৃতি জুটেছিল বিগত শতকের ত্রিশের দশকের শেষদিকে। সে-সময় কলকাতার স্টুডিওতে সাবিত্রী ছবির রেকর্ডিং হচ্ছিল। এই রেকর্ডিংয়ে উপস্থিত ছিলেন কে. এল. সায়গল, পাহাড়ী সান্যাল, কাননবালা, কেসরীবাঈয়ের ভাই সংগীতজ্ঞ কেস্কর ও পান্নালাল ঘোষের মতো সংগীত ব্যক্তিত্ব। সেইদিন উপস্থিত সকলেই শুভলক্ষ্মীর সংগীতপ্রতিভা স্বীকার করে নিয়েছিলেন। দিলীপকুমার রায় তো এতটাই মুগ্ধ হলেন যে, তাঁকে পরবর্তীকালে ভজন ও রবীন্দ্রসংগীত শেখাতে দ্বিধা করেননি। কলকাতার গুণীজনদের স্বীকৃতি পেয়ে শুভলক্ষ্মী আপ্লুত হয়েছিলেন।

শুভলক্ষ্মী তাঁর জীবনে স্বীকৃতি পেয়েছেন অনেক। সাধারণ সংগীত-অনুরাগী, মন্দিরের প্রার্থনারত ভক্তের দল, সংগীতের ওস্তাদ গুণীজন – সকলেরই শ্রদ্ধা ও ভালোবাসা পেয়েছেন। বিখ্যাত ব্যক্তিদের অকুণ্ঠ প্রশংসা ও শ্রদ্ধা পেয়েছেন। নেহরু একবার বলেছিলেন, ‘এই সংগীতসম্রাজ্ঞীর সামনে আমি আর এমন কে? আমি তো একজন নগণ্য প্রধানমন্ত্রী মাত্র।’ হেলেন কেলার তাঁর কণ্ঠে পেয়েছিলেন স্বর্গীয় সুরের স্পর্শ।

প্রাতিষ্ঠানিক স্বীকৃতিও কম পাননি। প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন ১৯৫৪ সালে Ñ পদ্মভূষণ, সংগীতকলানিধি সম্মান পেয়েছেন ১৯৬৮ সালে। তাঁর আগে আর কোনো মহিলা-শিল্পী এই সম্মানে ভূষিত হননি। ম্যাগাসেসাই পুরস্কার পেয়েছেন ১৯৭৪ সালে। কালীদাস সম্মানে ভূষিত হন ১৯৮৮ সালে। ১৯৭৫-এ পেলেন পদ্মবিভূষণ, ১৯৯৮ সালে পেলেন ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন। এছাড়া কোণার্ক সম্মান, সংগীত-নাটক আকাদেমির ফেলো, হাফিজ আলী খান পুরস্কার, জাতীয় সংহতির জন্য ইন্দিরা গান্ধী পুরস্কার Ñ একের পর এক এইসব সম্মান ও স্বীকৃতি তাঁর জীবনে এসেছে। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় থেকেও তিনি পেয়েছেন সম্মানসূচক স্বীকৃতি। বিশ্বভারতী তাঁকে দিয়েছে দেশিকোত্তম। ডক্টর অব লেটার্স পেয়েছেন শ্রীভেঙ্কটশ্বর বিশ্ববিদ্যালয় (১৯৭১), দিল্লী বিশ্ববিদ্যালয় (১৯৭৩), বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (১৯৮০) ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয় (১৯৮৭) থেকে।

সংগীত ও সমাজসেবা Ñ এই দুই কাজে শুভলক্ষ্মী নিজের জীবন উৎসর্গ করেছিলেন। যে-কোনো কল্যাণমূলক কাজে ঝাঁপিয়ে পড়তেন নির্দ্বিধায়। কস্তুরবা গান্ধীর প্রয়াণের পর রাজা গোপালাচারী তাঁর স্মরণে দক্ষিণ ভারতে একটি প্রতিষ্ঠান-তৈরির জন্য শুভলক্ষ্মীর সহায়তা চাইলেন। একটানা পাঁচটি অনুষ্ঠান করে শুভলক্ষ্মী সব অর্থ তুলে দিলেন রাজা গোপালাচারীর হাতে। অভিভূত গান্ধী একটি চিঠিতে তামিল ভাষায় নিজের নাম স্বাক্ষর করে শুভলক্ষ্মীর প্রতি তাঁর কৃতজ্ঞতা জানিয়েছিলেন। এরপর থেকে শুভলক্ষ্মী ও সদাশিবম এক নীরব প্রতিজ্ঞা করলেন – শুভলক্ষ্মীর অনুষ্ঠানলব্ধ সব অর্থই ব্যায়িত হবে দাতব্য কাজে। এই প্রতিজ্ঞা থেকে তাঁরা কখনোই বিচ্যুত হননি। মানুষের সেবাতেই উৎসর্গিত হয়েছে এই মহান শিল্পীর সব উপার্জন। ম্যাগাসেসাই পুরস্কারের সমস্ত অর্থও শুভলক্ষ্মী দান করেছেন মানবকল্যাণমূলক কাজে। শুভলক্ষ্মী জীবনে অনুষ্ঠান ও উপার্জন করেছেন অনেক। কিন্তু নিজের জন্য কিছুই সঞ্চয় করেননি। সংগীত-সম্রাজ্ঞীর জন্য হয়তো সংগীত ছাড়া আর কোনো সঞ্চয়ের প্রয়োজনই ছিল না। ১৯৪৪ থেকে ১৯৮৭ পর্যন্ত শুভলক্ষ্মী ২৪৪টি অনুষ্ঠান করেছেন Ñ দাতব্য প্রেরণায়। কাঁচির পরমাচার্যের শিষ্যা ছিলেন তিনি। তাঁর গুরুর রচনা মৈত্রীম ভজতার রেকর্ড-বিক্রি বাবদ পেতেন বছরে ১০-২০ লাখ টাকার মতো। এই অর্থের পুরোটাই দান করে দিতেন। গত বছর, মৃত্যুর কিছুদিন আগে, জীবনব্যাপী সাধনার স্বীকৃতিস্বরূপ দিল্লির রাজ্য সরকার তাঁকে ১১ লাখ টাকা পুরস্কার দিয়েছিলেন। তারও সবটাই দান করে দিলেন।

দেশ-বিদেশের নানা অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে শুভলক্ষ্মী বহু বিখ্যাত ও গুণীজনকে আনন্দ দিয়েছেন। বিশ্বের সংগীতামোদীদের সামনে পরিবেশন করেছেন দক্ষিণ ভারতীয় সংগীতের জটিল সব কারুকাজ। প্রাচ্যের দেশগুলো ছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়াসহ পাশ্চাত্যের অনেক দেশেই তিনি কর্নাটকি সংগীত পরিবেশন করেছেন। অনেকের ধারণা ছিল, দক্ষিণ ভারতীয় সংগীতের জটিলতার কারণে হয়তো পাশ্চাত্য-শ্রোতাদের কাছে শুভলক্ষ্মী গ্রহণীয় হবেন না। কিন্তু, সেই ধারণা ভুল প্রমাণিত হলো, যখন তিনি ১৯৬৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে সংগীত-পরিবেশনের আমন্ত্রণ পেলেন। সেই অনুষ্ঠানে বিশ্বের অনেক দেশের রাষ্ট্র ও সরকার-প্রধান শুভলক্ষ্মীর সংগীত শোনেন মন্ত্রমুগ্ধ হয়ে। বিশ্বের খুব কম শিল্পীর ভাগ্যেই এমন সম্মান জোটে।

তাঁর সংগীতের বিরূপ সমালোচকেরও অভাব ছিল না। অনেকেই বলতেন, শুভলক্ষ্মীর সংগীত যতটা বুদ্ধিবৃত্তিক, ততটা হৃদয়স্পর্শী নয়। অথচ, সাধারণ মানুষ তাঁর সংগীতের জাদুস্পর্শে সম্মোহিত হতেন Ñ এর প্রমাণ তো ভূরি ভূরি দেওয়া যায়। শুভলক্ষ্মী নিজেও সাধারণ শ্রোতাদের কখনো উপেক্ষা করেননি। এই প্রসঙ্গে একটি ঘটনার উল্লেখ করা যায়।

তামিলনাড়ুর থানজাবুর জেলার আইয়ালুর গ্রামের একটি মন্দিরে গাইছিলেন শুভলক্ষ্মী। দূরদূরান্তের অনেক গ্রাম থেকে শ্রোতারা এসেছেন তাঁর গান শুনতে। রাতের মধ্যপ্রহর। অনুষ্ঠান শেষ করে উঠে যাচ্ছিলেন তিনি। এমন সময় এক দেহাতি দম্পতি এলেন অনুষ্ঠানগৃহে। শুভলক্ষ্মীর সামনে এসে হাত জোড় করে বললেন, তাঁরা ত্রিশ মাইল দূর থেকে হেঁটে এসেছেন শুধু তাঁর গান শুনবেন বলে। পথে দেরি হয়ে গেছে। এই দম্পতির কাতর আহ্বানে সাড়া না দিয়ে পারেননি শুভলক্ষ্মী। আবার বসে পড়লেন। সঙ্গের যন্ত্রীরা উসখুস করে বলতে চাইলেন, রাত অনেক হয়েছে। সহাস্যে তাঁদের আপত্তি নাকচ করে গাইতে শুরু করলেন। রাত শেষ করে তবে উঠলেন। অভিভূত দেহাতি দম্পতি তৃপ্ত হয়ে ফিরে গেলেন। আবার ত্রিশ মাইল পথ পাড়ি দিতে হবে। কিন্তু এবার আর পথচলায় ক্লান্তি নেই। জীবনের সর্বক্ষেত্রেই তিনি পরিপূর্ণতা চেয়েছিলেন। এই পরিপূর্ণতার সাধনা করতে করতে তাঁর নিজের জীবনটাই যেন হয়ে উঠেছিল একটি রাগের নিখাদ বিস্তারের মতো। এত যাঁর সাফল্য ও স্বীকৃতি, তাঁর জীবনে তো কোনো অপূর্ণতা, কোনো খেদ থাকার কথা নয়। তারাশঙ্করের নিতাইয়ের মতো কোনো খেদ ছিল না তাঁর। তাই হয়তো যে-কোনো অনুষ্ঠান তিনি শেষ করতেন কুরাই ওনরুম ইল্লাই – এই গানটি দিয়ে। যার অর্থ, ‘হে ঈশ্বর, আমার কোনো খেদ নেই।’