আমার নাম প্রদীপ। পুরো নাম প্রদীপচন্দ্র সরকার। শুধু এটি নয়, আরো অনেক নাম আছে আমার। বিভিন্নজনের দেওয়া বিভিন্ন নাম; তাঁরা আমাকে সেই সেই নামেই ডাকেন। কেউ কেউ আমায় ‘প্রদীপদা’ বলেন, কেউ-বা বলেন ‘সরকারদা’, কেউ বলেন ‘মেজদা’; মাত্র তিনজন বলে ‘বাবা’। একজন বলেন ‘হ্যাগা শুনছো।’ আগে আগে তিনি বলতেন ‘জহরদা’। জহর আমার ডাকনাম। বিয়ের আগে আমার স্ত্রী আমায় ‘জহরদা’ বলেই ডাকতেন। বিয়ের পর আর ‘দাদা’ বলে ডাকেন না। বোধহয় লজ্জা পান। তা যাই হোক, যে-নামেই ওরা ডাকুন না কেন, সবগুলোই খাঁটি। সবগুলোই আমার সঠিক পরিচিতি। সব মিলিয়েই আমি তৈরি করেছি নিজেকে।
আমার বাবার পুরো নাম প্রতুল চন্দ্র সরকার। সংক্ষেপে পি. সি. সরকার। আমার দাদার পুরো নাম প্রফুল্লচন্দ্র সরকার। সেটিও সংক্ষেপে পি. সি. সরকার। আমার ছোটভাইয়ের নাম প্রভাস চন্দ্র সরকার। সংক্ষেপে সেটিও পি. সি. সরকার। আমি নিজে প্রদীপচন্দ্র সরকার হিসেবে তো পি. সি. সরকার হয়েই আছি। মানে, আমাদের বাড়িতে সাকুল্যে চারটে পি. সি. সরকার ঠেসে-ঠুসে আছি। না, না, ভুল হলো। চারজন পি. সি. সরকার নয়, আরো বেশি। পি. সি. সরকার কি ‘চারটিখানি’ কথা? মোটেই না। ওই নামের মধ্যেই ম্যাজিক টইটুম্বুর হয়ে আছে। আমার দাদার দুই মেয়ে Ñ পিয়াচন্দ্রা, পায়লচন্দ্রা; ছোটভাইয়ের পুত্র পৌরুষ চন্দ্র Ñ তারাও তো জড়িয়ে আছে পি. সি. আদ্যক্ষরের নামাবলিতে। পিয়াচন্দ্রা অবশ্য বিয়ের পর ‘ঘোষ মজুমদার’ হয়ে গেছে। কুমারী পি. সি. সরকার থেকে মিসেস পি. সি. ঘোষ মজুমদার। পায়লচন্দ্রাও তেমন কিছু হতে চলেছে। ও-তরফে ‘পি. সি. সরকার’ কথাটাকে গেঁথে রাখতে পারছে একমাত্র আমার ভ্রাতুষ্পুত্র ‘পৌরুষ চন্দ্র’। ও নিশ্চিন্ত। বিয়ে হলেও ওর নাম বদলাবে না। নিশ্চিন্তে ‘সরকার’ হয়েই থাকতে পারবে। ওর বোন পূর্ণাশার কথা অবশ্য বলা মুশকিল। ও আপাতত পি. সরকার। বিয়ে হলে পালটাবে। তবে যদি কোনো-এক সরকারের সঙ্গে ওর বিয়ে হয় তাহলে ও বিয়ের পরও পি. সরকার হয়ে থাকতে পারবে। কী সাসপেন্স!…
আমার নিজের তিনটি কন্যে। পারিবারিক রীতি-অনুযায়ী ওদেরও ‘প’ আদ্যক্ষর দিয়ে নাম রেখেছিলাম। বড়মেয়ে মানেকার পালায় ‘প’-এর পঙ্ক্তিতে ওর নামরাখা আছে ‘পরমা’। মেজমেয়ে মৌবনির নামে ‘প’-এর স্পর্শ দিতে রাখা আছে ‘পূর্বিতা’। এবং ছোটমেয়ে মুমতাজের ‘প’-এর পালায় পড়েছে ‘প্রতীতি’ নামটা। ওদের নামের ওই ‘প’-এর পরিণতি কিন্তু এখন এক অদ্ভুত পরিস্থিতিতে এসে পৌঁছেছে। তিন বোনেরই নাম থেকে ‘প’ হয়ে গেছে ভ্যানিশ। অদৃশ্য। আছে কিন্তু নেই, এমনই তাদের অস্তিত্ব। সেই জায়গায় প্রকট হয়েছে ‘ম’। এখন আমার বাড়িতে মেয়েদের তাড়নায় চলছে ‘ম’-এর জমানা। ম-ম করছে আমাদের মেয়েরা এই ম্যাজিক-বাড়িতে। ম্যাজিকের ‘ম’; মানেকা, মৌবনী, মুমতাজের ‘ম’; তার সঙ্গে আমার স্ত্রী জয়শ্রীর ‘ম’। ও হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম, জয়শ্রীর ডাক নাম হচ্ছে ‘মিন্টু’। সেখানেও ‘ম’। ম্যাজিকে মন্ত্রতন্ত্র লাগে না Ñ কিন্তু এই পঞ্চ-‘ম’ আমাকে তান্ত্রিক বানিয়ে ছেড়েছে।
আমাদের বাড়িতে এতবড় পি. সি. সরকারগুচ্ছের ইকেবানা হওয়াতে বেশ মজায় আমরা দিন কাটাচ্ছি। দাদা Ñ পি.সি সরকারের নামে হয়তো একটা চেক এলো, সেটি জমা পড়ল ভাই পি. সি. সরকারের অ্যাকাউন্টে। এক পি. সি সরকারকে প্রধান অতিথি হিসেবে কার্ডে নাম ছাপিয়ে কোনো এক সংস্থা হাজির করালেন অন্য এক পি. সি সরকারকে। একজনের জন্মদিনে ফুলের তোড়া পেল অন্যজন। ইনকাম ট্যাক্স থেকে এই আমি পি. সি. সরকারের নামে একটি ট্যাক্সের নোটিশ এলো, সেই ট্যাক্সের কাগজ ভুল করে চলে গেল ভাই পি. সি. সরকারের কাছে। ও তো অবাক! কবার ট্যাক্স দিতে হবে? রেগেই অস্থির। আমি আনন্দে চুপ করে আছি। এরকম নানাবিধ দুঃখ এবং সুখের সংবাদ আমাদের বাড়িতে লেগেই আছে।
এই সমস্যার সমাধান করতে আমরা এক বিশেষ জিনিস নিজে নিজেই ঠিক করে নিয়েছি। আমার বাবার নাম থাকবে পি. সি. সরকার সিনিয়ার। আমার দাদা তাঁর ডাকনামটাকে নামের মাঝে ঢুকিয়ে করে নিয়েছেন পি. সি. (মানিক) সরকার। আমি হয়েছি পি. সি. সরকার জুনিয়ার এবং আমার ছোটভাই হচ্ছে পি. সি. সরকার (ইয়াং)। ব্যস্, এখন আর কোনো জট পাকানো-টাকানো নেই। লোকে বুঝতে পারছে কোন পি. সি. সরকার কোন জন।
আমার নাম পি. সি. সরকার জুনিয়ার হিসেবে যখন প্রচারিত হয়, তখন খেয়াল করেছি Ñ অনেকেই ভাবেন ‘জুনিয়ার’ যখন লেখা আছে, তার মানে ইনি নিশ্চয়ই বয়সে একটি ‘ছোট্ট খোকা’ হবেন। তারপর যখন আমার সামনাসামনি হন, তখন বলেন, ‘ওমা, তা তো নয়! এও দেখছি ম্যাজিক!’ একই নামের দুজন ব্যক্তি থাকলে তাঁদের আলাদা করে বোঝাতে সিনিয়ার-জুনিয়ার ইত্যাদি বিশেষণ ব্যবহৃত করার রেওয়াজ আমাদের সমাজে খুব-একটা নেই। একদম নেই বলা ভুল, অন্যভাবে আছে। বড়ে গোলাম আলির পর ছোটে গোলাম আলি। প্রথম চন্দ্রগুপ্তের পর দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ছোটে গোলাম আলি মোটেই ছোট্ট খোকা নন। বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরীক্ষায় দ্বিতীয় হয়ে ওই খেতাব পেয়েছেন, তা নয়। আলাদা আলাদা ব্যক্তিত্বকে চিহ্নিত করবার জন্যই ওইসব বিশেষণ। পাশ্চাত্যে এর প্রচলন ব্যাপক। প্রাক্তন প্রেসিডেন্ট বুশের পুত্রও প্রেসিডেন্ট হয়েছেন। তার নাম সেজন্য প্রেসিডেন্ট বুশ জুনিয়ার। একই কারণে মার্টিন লুথার কিং জুনিয়ার, ফ্র্যাঙ্ক সিনাট্রা জুনিয়ার Ñ প্রমুখ প্রত্যেকেই বাপ-বেটা একই নামের হওয়াতে জুনিয়ার লিখে চিহ্নিত হচ্ছেন। আমি অনন্তকাল জুনিয়ারই থেকে যাবো। বয়স বেড়ে বুড়ো হয়ে দাঁত সব পড়ে গেলেও আমি থাকব জুনিয়ার। এতে আমি সম্মানিত বোধ করি। কারণ এই নামেও ম্যাজিক আছে। বেঁচে থাকার এবং বাঁচিয়ে রাখার ম্যাজিক। যতোদিন মানুষ আমাকে পি. সি. সরকার জুনিয়ার বলে ডাকবেন ততদিন, ততবার আমার নামের মধ্য দিয়ে আমার বাবা পি. সি. সরকার সিনিয়ার আরো বেঁচে থাকবেন। লোকে আরো ভালোভাবে বুঝবে, ইনি যখন জুনিয়ার Ñ তার মানে একজন সিনিয়ার নিশ্চয়ই আছেন। চোখের সামনে না থাকলেও, ইতিহাসের পাতায় নিশ্চয়ই আছেন। বাবাকে ফিরিয়ে আনার এই ম্যাজিক আমার নামে লুকিয়ে আছে বলে আমি ধন্য বোধ করি।
আমাদের পারিবারিক নাম কিন্তু শুধু ‘সরকার’ নয়। এটি ছিল ‘দেব-সরকার’। আমার ঠাকুরদা, স্বর্গগত ভগবান চন্দ্র দেব সরকারই প্রথম তাঁর নামের থেকে ‘দেব’ অংশটা কেটে বাদ দিয়ে শুধু ‘সরকার লিখতে শুরু করেন। সেজন্য আমি মজা করে বলি, তিনিই হলেন আমাদের চেনাশোনার মধ্যে প্রথম বা একমাত্র ‘ভগবান’ যিনি তাঁর দেবত্ব ত্যাগ করে সংসারী হয়ে আমাদের সঙ্গে বসবাস করেছেন। আমার বাবা সরকার বানানটিকে শুদ্ধ বাংলা উচ্চারণে প্রকাশ করতে ইংরেজিতে এক নতুন বানানের প্রবর্তন করেন। এস-ও-আর-সি-এ-আর। কী সাংঘাতিক এ যুক্তি! এফ-ও-আর যেমন ‘ফর’; এন-ও-আর যেমন ‘নর’, তেমনি এস-ও-আর হচ্ছে ‘সর’। তারপরের অংশটুকু অর্থাৎ সি-এ-আর যে ‘কার’ হয় তা আমরা সবাই জানি। সুতরাং ‘সরকার’-এর প্রকৃত উচ্চারণ করতে ইংরেজিতে লেখা উচিত এস-ও-আর-সি-এ-আর। প্রচলিত অন্যান্য যে-সমস্ত বানান আছে ঝঅজকঅজ বা ঝওজকঅজ, সবগুলোই অশুদ্ধ। আমরা মোটেই স্যারক্যার নই বা শিরকারও নই। পরিষ্কার, শুদ্ধ ‘সরকার’।
খেয়াল করেছি আজকাল এদেশে-সেদেশে, যেখানেই কেউ ম্যাজিক দেখান না কেন, প্রায় সবাই নিজের পদবিকে ‘সরকার’ বানিয়ে নিয়েছেন। এ যেন একটা ব্র্যান্ড-নেম। ম্যাজিক হলেই সরকারি গন্ধ থাকতে হবে। তাহলেই নাকি ‘সেরা’ হওয়া যায়। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সরকারের হদিশ পেয়েছি এবং তার থেকে একটা অ টু ত তালিকা বানিয়েছি।
আমার কাকার নাম অতুল চন্দ্র সরকার, সংক্ষেপে এ. সি. সরকার; আমার ঠাকুরদার নাম ভগবানচন্দ্র সরকার, সংক্ষেপে বি. সি. সরকার; আসামের একজন জাদুকরের নাম চারুচন্দ্র সরকার, সংক্ষেপে সি. সি. সরকার; আসামের আরো একজন জাদুকরের নাম দুলাল চন্দ্র সরকার, সংক্ষেপে ডি. সি. সরকার; জলপাইগুড়িতে থাকেন জাদুকর ফকির চাঁদ সরকার, সংক্ষেপে এফ. সি. সরকার; কলকাতায় থাকেন জাদুকর জ্ঞানেন্দ্র চন্দ্র সরকার, সংক্ষেপে জি. সি. সরকার; ভবানীপুরে আছেন জাদুকর হরচন্দ্র সরকার, সংক্ষেপে এইচ. সি. সরকার; জামশেদপুরে ম্যাজিক দেখাচ্ছিলেন ইন্দ্রজিৎ চন্দ্র সরকার, সংক্ষেপে আই. সি. সরকার; ব্যাঙ্গালোরে জাদুকর মহম্মদ চিঙ্গোলী এফিডেভিট করে হয়েছেন এম. সি. সরকার।
মাঝখানে আরো অনেকে আছেন। বিশাল এই লিস্ট। অনেক শূন্যস্থান এখনো পূরণ হয়নি। একটু একটু করে সংবাদ আসছে, আসবে। চিন্তায় ছিলাম শেষ নামটিকে নিয়ে। ‘এ’ টু ‘জেড’ হতে গেলে ‘জেড’ পেতেই হবে। কিন্তু ‘জেড’ আদ্যক্ষর দিয়ে নাম পাওয়া দুষ্কর। যাই হোক, সে-সমস্যার সমাধান করেছেন মুম্বাইয়ের জাদুকর ‘জাম্বাগো’। তাঁর পুরো নাম জাম্বাগো চুনীরাম সরকার। সংক্ষেপে জেড. সি. সরকার। চমৎকার।
তবে যে-সরকারই আসুন না কেন, সরকারনামায় বাজিমাত করেছেন দুজন সরকার। একজন হচ্ছেন পি. বি. সরকার এবং অন্যজন হচ্ছেন বি. সরকার। এ বলে আমায় দেখ, ও বলে আমায়। না, না, এঁরা কোনো স্বর্ণালঙ্কারের ব্যবসায়ী নন। তার চেয়ে অনেক, অনেক বড় ‘লঙ্কা’র ব্যাপারী। মানবজমিন আবাদ করে সোনা ফলাচ্ছেন। আমি, আমরা অর্থাৎ পি. সি. সরকারেরা সিনিয়ার, জুনিয়ার, ইয়াং, মানিকেরা তো বটেই, পুরো ‘এ’ টু ‘জেড’ সরকারেরা ওই পি. বি. সরকার এবং বি. সরকারের কাছে পাত্তাই পাই না। ওঁরা আরো বড় জাদুকর! ইচ্ছেমতো যা ইচ্ছে তাই ভ্যানিশ করতে পারেন। খরগোশ, পায়রা তো তুচ্ছ, বড় বড় অফিসারকে এখান থেকে ওইখানে ট্রান্সফার করে দিতে পারেন। আমরা তো বন্ধ বাক্স থেকে মুক্তি পেয়ে ভাবি কতো কিছু করলাম, কিন্তু ওনারা বড় বড় জেলখানা থেকে কয়েদিদের উধাও করে দিতে পারেন। তাঁরা আমাদের প্রণম্য। বি. সরকার হলেন ভারত সরকার, আর পি. বি. সরকার হলেন তাঁরই জুনিয়ার, পশ্চিমবঙ্গ সরকার।
সরকারনামার কথা অমৃত সমান। প্রদীপ সরকার ভণে শুনে পুণ্যবান॥

Leave a Reply
You must be logged in to post a comment.