একুশের চেতনা ও বাংলাদেশের সাহিত্য

একটি জাতি, একটি দেশ, তার শিক্ষা-সভ্যতা-সংস্কৃতির সম্মিলিত উত্তরণ-প্রচেষ্টার মাধ্যমে সূচনা করতে পারে একটি নতুন যুগের। ইতিহাসে নিজেদের সমৃদ্ধ অবস্থানকে নতুন মূল্য ও মর্যাদায় অভিষিক্ত করতে পারে। কিন্তু ঔপনিবেশিক ভারতবর্ষে বাঙালি জাতির সেই বিকাশ ছিল কণ্টকিত। ১৯৪০ সালে লাহোর প্রস্তাব-অনুসারে ধর্মকে ঐক্যের প্রধান সূত্র হিসেবে বিবেচনা করে ১৯৪৭ সালে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে গঠিত হয় পাকিস্তান নামক এক কৃত্রিম রাষ্ট্র। বাঙালি মুসলমান মধ্যবিত্তশ্রেণি সেই সময় ‘লড়কে লেঙ্গে পাকিস্তান’ বা পাকিস্তান-আন্দোলনে যোগ দিয়েছিল এই কারণে যে, প্রাগ্রসর হিন্দু মধ্যবিত্তশ্রেণির উপস্থিতিতে সমাজ ও রাষ্ট্রের যেসব সুযোগ-সুবিধা থেকে অনগ্রসর বাঙালি মুসলমান মধ্যবিত্তশ্রেণি বঞ্চিত হচ্ছিল, মুসলমান সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পৃথক দেশ হলে তারা প্রতিদ্বন্দ্বিতাহীন সুবিধা ভোগ করতে পারবে। এই উচ্চাশা ও আকাক্সক্ষা শিক্ষিত বাঙালি মধ্যবিত্তশ্রেণির ভেতরে কাজ করেছিল এবং এই আকাক্সক্ষার ভেতরে টেনে আনতে পেরেছিল সাধারণ বাঙালি মুসলমানকেও। বিভাগোত্তর অল্প কিছুদিনের মধ্যেই বাঙালি মুসলমানের সেই আশার মোহমুক্তি ঘটে।স্বপ্নভঙ্গের বেদনায় বাঙালি মুসলমান বুঝতে পারে ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হয়ে ‘পাকিস্তান’ নামক আরেকটি উপনিবেশের শৃঙ্খলে বাঁধা পড়েছে। আসলে শতবর্ষ ধরে বাঙালি মুসলমান আইডেনটিটি-ক্রাইসিস বা আত্মপরিচয়-সংকটে ভুগছিল –

এক. বাঙালি মুসলমানের ধর্ম যদি ইসলাম, তার সংস্কৃতি কী?

দুই. ইংরেজিশিক্ষা হারাম না হালাল?

তিন. ভারতবর্ষ ‘দারুল হরব’ না ‘দারুস সালাম’?

চার. বাঙালি মুসলমানের ঐতিহ্যের শিকড় মরুভূমিতে না বাংলার শ্যামল মৃত্তিকার গভীরে?

পাঁচ. অন্য সম্প্রদায় থেকে মুসলমানদের পৃথক হতে হবে।

এই প্রশ্নগুলো বাঙালি মুসলমানদের আত্মপরিচয়ের সঙ্গে সম্পর্কিত এবং সাতচল্লিশের দেশবিভাগের পরও এ ধরনের প্রশ্ন ঘুরেফিরে দেখা দেয়। পাকিস্তান শাসকগোষ্ঠী যখন উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা দেয়, তখন এ ঘোষণা বাঙালি মুসলমানকে নতুন করে সংকটে ফেলে দেয়। কারণ, বাংলা মাতৃভাষা, আরবি ধর্মীয় ভাষা, উর্দু-ফারসি সংস্কৃতির বাহন, ইংরেজি সরকারি কাজকর্মের ভাষা – এতগুলো ভাষা-সমস্যা সামলাতে না পেরে আরবি হরফে বাংলা লেখার মতো আজগুবি চিন্তাও কারো কারো মাথায় আসে। বাঙালি মুসলমানের এই আইডেনটিটি-ক্রাইসিস একটি ঐতিহাসিক মুহূর্ত তৈরি করে ক্রমেই মীমাংসার দিকে নিয়ে যায়।

প্রথম ঐতিহাসিক মুহূর্ত : সর্বদলীয় ভাষা-আন্দোলন পরিষদ গঠন।

দ্বিতীয় মুহূর্ত : ভাষা-আশ্রয়ী বাঙালি জাতীয়তাবাদের জাগরণ।

তৃতীয় মুহূর্ত : পাকিস্তান নামক দ্বিতীয় উপনিবেশের বিরুদ্ধে বাঙালির লড়াকু অবস্থান বা প্রতিরোধ-সংগ্রাম।

বাঙালি মুসলমানের আত্মপরিচয়ের ঐতিহাসিক মীমাংসা এনে দেয় বায়ান্নর একুশে ফেব্রুয়ারি রফিক, শফিক, সালাম, বরকতের মহান আত্ম-উৎসর্গের মাধ্যমে। এই রক্তাক্ত অভিঘাতের মাধ্যমে বাঙালি মুসলমানদের মধ্যে এই বোধ জাগ্রত করেছিল যে, তারা শুধু মুসলমান নয়, একই সঙ্গে বাঙালিও। বাঙালি মুসলমানদের আত্মপরিচয় নিয়ে যে-আত্মদ্বন্দ্ব, অস্পষ্ট কুয়াশা তাদের চেতনাকে আচ্ছন্ন করে রেখেছিল, এই রক্তাক্ত অভিজ্ঞতা তাদেরকে আত্মপরিচয়ের সন্ধান দেয়। বাঙালি মুসলমান ‘মুসলমান বাঙালিতে’ রূপান্তরিত হতে শুরু করে। ‘বাঙালি’ হিসেবে নিজেদের আত্মপরিচয় চেতনার গভীরে প্রোথিত হয়ে যায়। ধর্মভিত্তিক জাতীয়তাবাদের কবর রচিত হয় এভাবে এবং ভাষাভিত্তিক জাতীয়তাবাদের পরিচয় তাদের উজ্জীবিত করে। ড. মুহম্মদ শহীদুল্লাহ তাই বলেছিলেন, ‘আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। এটি কোনো আদর্শের কথা নয়; এটি একটি বাস্তব কথা।’ রক্তাক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে বাঙালি প্রথম নিজেদের আত্মপরিচয়কে শনাক্ত করতে পেরেছিল – আমরা বাঙালি, বাংলা আমাদের মায়ের ভাষা। এই আইডেনটিটি বাঙালিকে অস্তিত্ববান ও আত্মমর্যাদাবান করে তোলে এবং বাঙালি জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ ও উদ্বুদ্ধ হতে সাহায্য করে। সব রক্ত একই স্রোতে প্রবাহিত, সব পা একই সারিতে, সব হাত একই মুষ্ঠিতে মিলিত প্রতিবাদ-প্রতিরোধের নামই একুশের চেতনা Ñ ‘একুশ মানে মাথানত না করা।’ এভাবে বাঙালি জাতীয়তাবাদের উদ্বোধন ঘটে।

একুশের চেতনা তাই কোনো বিমূর্ত ধারণামাত্র নয়। একুশে হচ্ছে, প্রজ্ঞাবান বাঙালির সচেতন ক্রিয়াকাণ্ডেরই প্রতিফলন। অস্তিত্ব-রক্ষা ও আত্মমর্যাদা-প্রতিষ্ঠার সংগ্রাম। মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসার অঙ্গীকার। বাঙালির শোষিত ও নির্যাতিত হওয়ার ইতিহাস যেমন দীর্ঘ, তেমনি এর প্রতিরোধ-সংগ্রামের ইতিহাসও হাজার বছরের। ফকির-সন্ন্যাসী বিদ্রোহ, নীল বিদ্রোহ, কৈবর্ত বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, কৃষক বিদ্রোহ Ñ এসব ঔপনিবেশিক শাসকরা দমন করল কোনো অহিংস পুণ্যবাণী দিয়ে নয়, কঠিন পীড়ন আর হত্যাকাণ্ডের মাধ্যমে। এসব আন্দোলন হয়েছে বিচ্ছিন্নভাবে, কিন্তু একুশে ফেব্রুয়ারি গোটা জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করেছিল একটি অবিচ্ছিন্ন সংগ্রামের দিকে, ঐক্যবদ্ধ জাতি নিজেদের অনুভব করল একটি জাতি হিসেবে এবং জাতি হিসেবে নিজেদের আত্মপরিচয়-অনুসন্ধানের সঙ্গে সামাজিক বিপ্লব ঘোষণা এবং তা সংঘটিত করা হয়ে দাঁড়ায় তাদের অঙ্গীকার। একুশের চেতনার বৈশিষ্ট্যই হলো প্রতিরোধ-সংগ্রাম এবং আপোসহীনতা। কেননা হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ এবং দাবি আদায় কখনো আপোস করে সম্ভব নয়। উনিশশ বায়ান্ন সালের পর সংখ্যাগরিষ্ঠ মানুষের রাজনৈতিক ও সাংস্কৃতিক দাবি মানুষের কণ্ঠে ভাষা পেয়েছে একুশে ফেব্রুয়ারি-উপলক্ষে আয়োজিত সমাবেশে, দাবি- আদায়ের প্রস্তুতি নেওয়া হয়েছে এখান থেকেই। সেই দাবি আদায়ের আগেই হয়তো একুশে ফেব্রুয়ারি উদ্যাপিত হয়েছে নতুন দাবি- উত্থাপনের মাধ্যমে, ঘোষিত হয়েছে নতুন অঙ্গীকার। একুশের চেতনা তাই বাঙালিজীবনের এক শিহরিত শক্তি। দোর্দ দুর্বার, অবিনাশী চেতনা, ঐক্যবদ্ধ জাতির উত্থান।

বাঙালি মুসলমান যে-স্বপ্ন এবং আকাক্সক্ষা নিয়ে পাকিস্তান-আন্দোলনে যোগ দিয়েছিল, ভারত বিভাগের অল্প কিছুদিনের মধ্যেই মুসলমান বাঙালির সেই আশা-আকাক্সক্ষার মোহমুক্তি ঘটে। সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ক্ষেত্রে বঞ্চনাজনিত ক্ষোভের সঞ্চার হয়। ভাষা-আন্দোলনের মধ্য দিয়ে সেই ক্ষোভ বাধাহীনভাবে ছড়িয়ে পড়ে সারাদেশে এবং ঝড় তোলে গোটা জাতির অন্তর্লোকে। উত্তরকালে স্বাভাবিকভাবে ভাষা-আন্দোলনের উত্তাপ, স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে বাঙালির সাহিত্য ও সংস্কৃতিতে।

একুশে ফেব্রুয়ারির অভিঘাত বাঙালি মুসলমানদের মনে এই বোধ জাগ্রত করেছিল যে, তারা শুধু মুসলমান নয়, একই সঙ্গে বাঙালিও। অর্থাৎ, একুশকে কেন্দ্র করে বাঙালি জাতীয়তাবাদী চেতনা শুধু আত্মসাক্ষাৎ লাভ করেনি, উত্তরকালে একুশে ফেব্রুয়ারি বাঙালির সংস্কৃতির একটি উল্লেখযোগ্য উৎস হয়ে ওঠে। পরের বছরই প্রকাশিত হয় হাসান হাফিজুর রহমান-সম্পাদিত একুশে ফেব্রুয়ারী (১৯৫৩) মহোত্তম সংকলন। যাতে শহীদদের স্মরণে রচিত গল্প, কবিতা, স্মৃতিচারণ সংকলিত হয়। একুশের মর্মান্তিক ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিয়ে চট্টগ্রামে বসে মাহবুব উল আলম চৌধুরী রচনা করেন কবিতা ‘কাঁদতে আসিনি, ফাঁসীর দাবি নিয়ে এসেছি’। মুনীর চৌধুরী কারাগারে বসে রচনা করেন নাটক কবর। জহির রায়হান লেখেন উপন্যাস আরেক ফাল্গুন, শওকত ওসমানের আর্তনাদ, সেলিনা হোসেনের নিরন্তর ঘণ্টাধ্বনি এবং রশীদ হায়দার-সম্পাদিত একুশের গল্প ইত্যাদি। এগুলোর মাধ্যমে বাংলাদেশের সাহিত্যে একটি নতুন মাত্রা সূচিত হয়, যার নাম দেওয়া যায় -এক. প্রতিবাদী সাহিত্যের ধারা

দুই. গণমুখী সাহিত্যের ধারা

তিন. বাঙালি জাতীয়তাবাদী চেতনা

চার. অস্তিত্ব ও আত্মমর্যাদার চেতনা

পাঁচ. স্বাধিকার ও স্বাধীনতার চেতনা

একুশে ফেব্রুয়ারি বাঙালি লেখক-কবিদের শুধু স্বমহিমায় প্রতিষ্ঠিত করেনি, আত্মমর্যাদার গৌরবেও অধিষ্ঠিত করে। আত্ম-অহংকারের এই উজ্জীবন কবিতার ক্ষেত্রে সবচেয়ে বেশি লক্ষ করা গেলেও সাহিত্যের অন্যান্য আঙ্গিকেও এর উৎসারণ কম নয়।

হাসান হাফিজুর রহমান-সম্পাদিত একুশে ফেব্রুয়ারী (১৯৫৩) সংকলনের মাধ্যমে সূচিত হয় বাঙালির মহিমান্বিত চেতনার বিকাশ। সেই থেকে ফাগুন মানে পলাশ ফোটার দিন, আম্রমুকুলের সঙ্গে যেন বাঙালির সৃজনশীলতা মুকুলিত হওয়ার দিন। ফেব্রুয়ারি মানেই কবিতার কাল, একুশ মানেই কবিতার সকাল। উত্তরকালে একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বাংলা একাডেমী-চত্বরে আয়োজিত হয় মাসব্যাপী দেশের সর্ববৃহৎ বইমেলা। এ বইমেলা এখন বাঙালি সংস্কৃতির এক অনিবার্য অংশ হয়ে গেছে। ফেব্রুয়ারি হয়ে ওঠে বাঙালির সৃজনশীলতার মাস, আত্মবিকাশ আর আত্মগৌরবের মাস। বাংলাদেশের কবিতায় একুশের উৎসারণ সবচেয়ে বেশি। স্বাধীনতার পূর্বে, ১৯৫৩ থেকে ১৯৭১ সাল পর্যন্ত একুশে ফেব্রুয়ারি উদ্যাপনের পরিপ্রেক্ষিত ছিল ভিন্নরকম। তখন শহর, গ্রাম, মফস্বলের স্কুল-কলেজ, ক্লাব, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান থেকে একুশে ফেব্রুয়ারি-উপলক্ষে প্রকাশিত হতো নানারকম রংবেরঙের সংকলন, পত্রপত্রিকা। অনেক নতুন প্রতিভার প্রকাশ হতো এসব সংকলনের মাধ্যমে। সব সংকলন হয়তো মানসম্পন্ন হতো না। কিন্তু কর্মীদের আন্তরিকতায় সেসব সংকলনের একটা স্পন্দন পাওয়া যেত। স্বাধীনতা-পূর্ব একুশের সংকলনের প্রধান বৈশিষ্ট্য ছিল পাকিস্তানি শাসকগোষ্ঠীর প্রতি রুদ্ররোষ, প্রতিবাদ, প্রতিরোধ-উচ্চারণ। স্বাধীনতা-উত্তর একুশ উদ্যাপনের প্রকৃতি পরিবর্তন হয় এবং পাড়া-মহল্লা, ক্লাব, সংগঠন থেকে একুশ-উপলক্ষে সংকলন-প্রকাশ অনেকাংশে হ্রাস পেতে শুরু করে। রাষ্ট্রীয় ক্ষমতার পালাবদল, সামরিক অভ্যুত্থান, পরপর দুই জেনারেলের রাষ্ট্রীয় ক্ষমতা-দখল ইত্যাদি কারণে একুশের চেতনা ও মুক্তিযুদ্ধের প্রত্যাশিত স্বপ্ন ভূলুণ্ঠিত হয়। আশির দশক প্রায় পুরোটাই কাটে সামরিক-স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ-সংগ্রামে। এ সময়ের মধ্যে সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে একুশের রক্তস্নাত চেতনা পুনর্জ্জীবিত হয় এবং তত দিনে বাংলা একাডেমী-চত্বরে একুশের বইমেলা স্থায়ীভাবে বিস্তৃতি লাভ করে। স্বৈরাচারকে প্রতিরোধ করতে গিয়ে কবিরা ঐক্যবদ্ধ হন, পালন করেন কবিতা-উৎসব। কবিতায় একুশের স্মরণীয় ফসল ফলে। উনিশশ বায়ান্ন সাল থেকে আজ-অবধি বাংলাদেশের নবীন, প্রবীণ সব কবিকে সবচেয়ে বেশি আলোড়িত করেছে একুশের স্মৃতি বা চেতনা। এ সময়ের এমন কোনো কবি নেই, যাঁরা একুশকে নিয়ে কবিতা রচনা করেননি। অনেক কবির রচিত কবিতার পঙ্ক্তি প্রবাদপ্রতিম মর্যাদা পেয়েছে। মুখে মুখে ফেরে সেই কথা আর সুর, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি?’ ‘ফেব্রুয়ারির একুশ তারিখ, দুপুরবেলার অক্ত/ বৃষ্টি ঝরে, বৃষ্টি কোথায়, বরকতের রক্ত’, কিংবা শামসুর রাহমানের সেই স্মরণীয় কবিতা, ‘বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা’ – ‘নক্ষত্রপুঞ্জের মতো জ্বলজ্বলে পতাকা উড়িয়ে আছো আমার সত্তায়’ ইত্যাদি। একুশকে উপলক্ষ করে রচিত কবিতাগুলোকে নিবিড়ভাবে পাঠ করলে বোঝা যায় বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে এর প্রকাশ যেমন ভিন্ন ভিন্ন, তেমনি বিষয় এবং বক্তব্যও ভিন্ন ভিন্ন, কিন্তু প্রধান যে-বৈশিষ্ট্য তা হচ্ছে প্রতিবাদ ও প্রতিরোধের রূপ কখনো ম্লান হয়নি। সময়ের প্রয়োজনের সঙ্গে সংগতি রেখে একুশের কবিতা কখনো অগ্নিরূপ ধারণ করেছে, কখনো স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে দিয়েছে হৃদয় থেকে হৃদয়ে চেতনার মশাল। দেশের যে-কোনো সংকটে একুশ হয়ে উঠেছে দীপ্ত প্রেরণার উৎস। শহীদদের স্মৃতির উদ্দেশে নির্মিত শহীদ মিনার হয়ে উঠেছে বাঙালির আধুনিক, চিরায়ত পুরাণ।

কবিতার তুলনায় গল্প, উপন্যাসে একুশের স্মৃতি ও চেতনার সরাসরি উৎসারণ কম। কিন্তু একুশের চেতনার উপরোক্ত ধারা স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সব সাহিত্য-শিল্পীর মনে জাগরুক। একুশে ফেব্রুয়ারি-উপলক্ষে আয়োজিত বইমেলায় প্রতি বছর অজস্র বইয়ের প্রকাশই এর প্রমাণ। ভাষা-আন্দোলনকে বিষয় করে লেখা গল্পের যদি হিসেব নেওয়া যায়, তাহলে প্রথমেই মনে পড়বে একুশে ফেব্রুয়ারী সংকলনের কথা। এতে শওকত ওসমান, সাইয়িদ আতিকুল্লাহ, আনিসুজ্জামান, সিরাজুল ইসলাম, আতোয়ার রহমান প্রমুখের গল্প অন্তর্ভুক্ত হয়। পরবর্তী সময়ে বাংলা একাডেমী থেকে প্রকাশিত ও রশীদ হায়দার-সম্পাদিত একুশের গল্প (১৯৮৪) সংকলনে সিরাজুল ইসলামের গল্পটি ছাড়া বাকি চারটি গল্পসহ সংকলিত হয়েছে সরদার জয়েন উদ্দিন, মিরজা আবদুল হাই, জহির রায়হান, রাবেয়া খাতুন, বশীর আল হেলাল, মাহমুদুল হক, সেলিনা হোসেন, আহমদ বশীর ও আনিস চৌধুরীর গল্প। এর বাইরেও একুশের অনেক গল্প রয়ে গেছে। একুশকে নিয়ে রচিত গল্পগুলো নিবিড়ভাবে পাঠ করলে বোঝা যায়, শহীদদের স্মৃতি, তাঁদের চরিত্র-চিত্রণ এবং একুশের ঘটনার নানারকম উপস্থাপনে লেখকরা তৎপর ছিলেন। কিন্তু সর্বত্রই গল্পিকদের মনে একুশের চেতনার পরিপ্লাবী, আন্তরিক নির্মাণ অনুভব করা যায়। জহির রায়হান রচিত একুশের গল্প শিরোনামের গল্পটি বর্তমানে উচ্চমাধ্যমিক শ্রেণিতে পাঠ্য। এ গল্পের তাৎপর্য নতুন প্রজন্মকে একুশের চেতনা উপলব্ধি করতে সাহায্য করবে বলে আমার বিশ্বাস।

একুশকে নিয়ে প্রথম উপন্যাস লেখেন জহির রায়হান আরেক ফাল্গুন (১৯৬৯)। এ উপন্যাসের কাহিনীর মধ্যে নায়কের বিশেষত্ব নিয়ে আসেনি কোনো চরিত্র। ভাষা-আন্দোলনের কর্মী ভার্সিটির ছাত্রছাত্রীদের সংঘবদ্ধ একটি দল এখানে প্রাধান্য পেয়েছে। এ উপন্যাসে ছাত্রদের আন্দোলনের পাশাপাশি গণমানুষের চিত্রও স্পষ্ট উঠে এসেছে। ভাষা-আন্দোলন নিয়ে দ্বিতীয় উপন্যাসটি রচনা করেন সেলিনা হোসেন নিরন্তর ঘণ্টাধ্বনি (১৯৮৭)। এ উপন্যাসে সেলিনা হোসেন দেশবিভাগের অল্প কিছুপর থেকে ভাষা-আন্দোলনের সূত্রপাত তা কীভাবে বিস্তারলাভ করে, প্রায় ৫/৭ বছরের ঘটনাপ্রবাহ ঐতিহাসিক বাস্তবতার সঙ্গে তুলে ধরেছেন। তাই দেখা যায়, উপন্যাসের প্রথমাংশের নায়ক বা কেন্দ্রীয় চরিত্র তৎকালীন প্রগতিশীল আন্দোলনের নিবেদিতকর্মী সোমেন চন্দ। শৌখিন কমিউনিস্ট নয়, মার্কসবাদী চিন্তার ধারক সোমেন চন্দ একজন সক্রিয় শ্রমিক সংগঠক ও লেখক, মাত্র বাইশ বছরে ফ্যাসিস্ট দ্বারা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। পার্শ্বচরিত্র হিসেবে এসেছে জ্যোতির্ময় ও বীণাদি। নিরন্তর ঘণ্টাধ্বনি উপন্যাসের দ্বিতীয়াংশের কেন্দ্রীয় চরিত্র তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ মেধাবী ছাত্র ও পরে শিক্ষক মুনীর চৌধুরী দ্বিতীয় সোমেন হয়ে উপন্যাসে প্রবেশ করেন। উপন্যাসের পরিণতিতে আমরা দেখি, চারিদিকে বিরাজ করছে এক অসলঙ্ঘনীয় অন্তরায়, তবু নিজের আদর্শে অটল থেকে মুনীর চৌধুরী ছাত্রজীবন শেষ করে, ভাষা-আন্দোলনে যোগ দিয়ে জেল-জুলুমের ফাঁকে চালিয়ে গেছেন সাহিত্যচর্চা। জেলে বন্দি-অবস্থায় লেখেন একুশের অবিস্মরণীয় নাটক কবর। এভাবে উপন্যাসের সমাপ্তি ঘটে। ভাষা-আন্দোলনকে ভিত্তি করে তৃতীয় উপন্যাস রচনা করেন শওকত ওসমান আর্তনাদ। একুশের যুগাতীত মহিমাকে শওকত ওসমান এ উপন্যাসে সঞ্চার করতে চেষ্টা করেছেন। ভাষা-আন্দোলন নিয়ে রচিত উপন্যাসের সংখ্যা হয়তো কম, কিন্তু এর অভিব্যঞ্জনা অপরিসীম। সংখ্যায় কম হলেও একুশের উপন্যাসের শিল্প সাফল্য অনস্বীকার্য। যুগাতীত মহিমায় অভিব্যঞ্জিত। একুশের চেতনার পরিপ্লাবী বিস্তার আমাদের সাহিত্যশিল্পের সব শাখাকে আলোড়িত করেছে। চেতনা অনন্ত অগ্নি হয়ে কাজ করেছে আমাদের সাহিত্যশিল্পীর হৃদয়ে-মননে।