কয়েক সংখ্যা আগে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি এরশাদকে নিয়ে এই পত্রিকায় যে-লেখা লিখেছিলাম তা পড়ে অনেকেই ক্ষুব্ধ হয়েছেন। বেশকিছু চিঠি এবং টেলিফোন পেয়েছি। একটি চিঠি এই পত্রিকায় ছাপাও হয়েছে।

বেশির ভাগ পাঠকের অভিমত হলো, এরশাদ যে-চরিত্রের মানুষ, তাঁকে নিয়ে আবেগের কোনো মানেই হয় না। দ্বিতীয়ত, কেউ কেউ আমার লেখায় এরশাদ সম্পর্কে নরম মনোভাব দেখতে পেয়েছেন।

আগেও লিখেছি, আমাদের বন্ধু-বান্ধবরা যাঁরা বাংলাদেশে থাকেন তাঁদের কেউই এরশাদকে পছন্দ তো করেনই না, প্রসঙ্গ উঠলে এড়িয়ে যান। আমি ওঁর সঙ্গে দেখা করতে চাইলে সবাই আপত্তি করেছিলেন। কেন আপত্তি? না, মানুষ আমাকে ভুল বুঝবে! রাষ্ট্রপতি হিসেবে এরশাদ স্বেচ্ছাচার করেছেন, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিলেন, অজস্র মিথ্যে দিয়ে নিজেকে আড়াল করেছেন। অনেকেই সন্দেহ করেন, অন্য কাউকে দিয়ে কবিতা লিখিয়ে নিজের নামে ছাপিয়েছেন ভদ্রলোক। তাছাড়া নারীঘটিত ব্যাপারে তাঁর দক্ষতা প্রশ্নাতীত। সাধারণত এরকম ব্যক্তিকে লোকে এড়িয়ে যায়।

এরশাদের আমন্ত্রণ পেয়ে আমার মনে হয়েছিল, গিয়ে দেখে আসি লোকটিকে। ওই একই লোক দীর্ঘকাল জেলে কাটিয়েও নিজের জেলা থেকে একাধিক আসনে কেন নির্বাচিত হন এখনো? সেখানকার মানুষ কি নির্বোধ? সেখানে কি আওয়ামী লীগ বা বিএনপির সংগঠন খুব দুর্বল? তা তো নয়? তাহলে? এত মামলা চলা সত্ত্বেও তিনি স্বচ্ছন্দে সংসদে যাচ্ছেন, পুলিশ ওঁকে ছাড়তে বাধ্য হয়েছে। এবং ওই সময়েও ভদ্রলোক স্ত্রী ছাড়াও অন্য নারী সম্পর্কে যেমন আকর্ষণ বোধ করেন তেমনি নারীরাও মুখ ফিরিয়ে থাকে না, ওঁর বয়স মনে রাখা সত্ত্বেও।

নেতাজি সুভাষচন্দ্র জার্মানিতে গিয়ে হিটলারের সঙ্গে দেখা করেছিলেন ভারতবর্ষের স্বাধীনতার জন্যে সাহায্য চেয়ে। হিটলার পৃথিবীর অন্যতম ঘৃণ্য মানুষ। আমি সামান্য লেখক। মনে হয়েছিল সুযোগ যখন এসেছে তখন মানুষটাকে জানতে চেষ্টা করি। পাঠক জানেন, যেসব প্রশ্ন আমি ওঁকে করেছি তা উনি ক্ষমতায় থাকলে আমাকে জেলে পচে মরতে হতো। ওঁর খুব কাছের লোক আমাকে বলেছেন যে, ক্ষমতা চলে গেলেও কেউ ওই ধরনের প্রশ্ন ওঁকে করতে পারেননি। আমার লেখা বই জেলে বসে পড়েছেন বলে আমি কৃতার্থ বোধ করিনি, আমি গিয়েছিলাম কানে-শোনা কথার সঙ্গে চোখের দেখা মেলাতে। হ্যাঁ, আমি এখনও বলব, মেয়েদের সম্পর্কে নিজের দুর্বলতা তিনি যেভাবে স্বীকার করেছেন তা খুব কম পুরুষই বলতে পারে। হয়তো এটা ওঁর গিমিক। কিন্তু দেশে ফিরে গিয়ে যখন শুনলাম উনি নাতনির বয়সী একটি মেয়েকে বিয়ে করেছেন তখন বিস্মিত হইনি। এরকম মেঘলা চরিত্রের মানুষ আমাকে বরাবর টানে।

কালি ও কলমের জানুয়ারি সংখ্যায় লন্ডনের কাদের মাহমুদ আমার এই কলাম প্রসঙ্গে সুদীর্ঘ চিঠি লিখেছেন। প্রথমেই স্বীকার করছি, আমার লেখা উনি এত যত্ন নিয়ে পড়েছেন বলে কৃতজ্ঞ বোধ করছি। দেশের বাইরে থেকেও তাঁর সাহিত্যবোধের যে-দৃষ্টান্ত লাইনগুলোতে পেয়েছি তাতে বুঝতে পারছি তিনি প্রকৃতই বুদ্ধিদীপ্ত মানুষ। প্রথমেই তিনি লিখেছেন, পড়ছেন আর ভাবছেন, আমি যা লিখছি তার যৌক্তিকতা কোথায়? কেন লিখছি?

কালি ও কলম সম্পাদকমণ্ডলীর সভাপতি জনাব আনিসুজ্জামান যখন আমাকে লিখতে আদেশ করেছিলেন তখন একটা ব্যাপারে স্বাধীনতা দিয়েছিলেন। সেটা হলো, আমি মনে যা আসবে তাই লিখতে পারি (যাচ্ছে তাই নয়)। অর্থাৎ কোনো বাধ্যবাধকতা থাকল না। মেঘটাকে সমুদ্র থেকে তুলে নিয়ে গিয়ে পাহাড়ে ধাক্কা খাওয়াতে হবেই এমন চুক্তি নয়, ইচ্ছে করলে ঝড়ে উড়িয়ে দিতে পারি, বৃষ্টি ঝরাতে পারি, কিংবা টুকরো টুকরো করে গোবি মরুভূমির দিকে পাঠিয়ে দিতে পারি। তাই লেখার মধ্যে যোগাযোগের অভাব দেখে কাদের মাহমুদ অবাক হয়েছেন, নিশ্চয়ই হতে পারেন।

লেখক-শিক্ষক হুমায়ুন আজাদকে নিয়ে লেখা শুরু করেছি এবং হিন্দু পুরোহিতের মতো ওঁর উদ্ধৃতিকে ‘গঙ্গাজলে গঙ্গাপুজোর মতো’ মনে করেছি। অথচ আজাদ ভাই একজন ধর্মনিরপেক্ষ বুদ্ধিজীবী। এহেন ব্যক্তির প্রসঙ্গে হিন্দুধর্মের পুজোর ভাব আনা কি তাঁর অভিজ্ঞান এবং আদর্শবিরোধী নয়?

প্রশ্নটি পড়ে মনে হলো, সত্যি তো। আমার মতো নির্বোধ প্রাণী খুব কম আছে পৃথিবীতে। সাদাকে সাদা ভেবে নেওয়া একটু গোলমেলে হয়ে গেছে এখন। এমন অনেক শব্দ বা বাক্যবন্ধ আছে যা যে-কোনো বাঙালি স্বচ্ছন্দে উচ্চারণ করেন মনের ভাব পরিষ্কার করতে। শ্রদ্ধেয় শওকত ওসমান একদিন আড্ডায় বসে বলেছিলেন, এখন তো ভাই আমাদের ভাসানের সুরে বোধনের গান গাইতে হয়। বুঝতে অসুবিধে হয়নি। বোধন এবং ভাসান শব্দদুটো হিন্দুদের সম্পত্তি বলে মনেও হয়নি। বাংলাদেশের সাধারণ মুসলমান মহিলা বিরক্ত হয়ে তাঁর ছেলেকে ধমকেছেন, তার মধ্যে ‘লক্ষ্মীছাড়া’ শব্দটিও ছিল। এই লক্ষ্মী মানে হিন্দুদের দেবী নয়, এই লক্ষ্মী মানে শান্ত, স্থির, সুন্দর। গঙ্গাজলে গঙ্গাপুজোতে হিন্দুধর্ম খুঁজে পেয়েছেন মাহমুদ ভাই। রবীন্দ্রনাথের গানে পূজা শব্দটি বহুবার ব্যবহৃত। মাহমুদ ভাই যখন ওই গানগুলো গান তখন কি তিনি হিন্দু-ধর্মাক্রান্ত হন? পূজা মানে আরাধনা, কোনো ধর্মের পৈতৃক সম্পত্তি নয়।

যে-সরল সত্যটি মাহমুদ ভাইদের জানা প্রয়োজন তাহলো বাঙালিদের পাঁচটি ভাগে ভাগ করা যায়। মুসলমান বাঙালি, খ্রিষ্টান বাঙালি, বৌদ্ধ বাঙালি, অশিক্ষিত ও পুতুলকেন্দ্রিক বাঙালি এবং ধর্মবিহীন বাঙালি। এই ধর্মবিহীন বাঙালিদের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। এঁরা সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত কোনো ধর্মাচরণ করেন না, এঁদের বাড়িতে বৃহস্পতিবারে শাঁখ বাজে না। মুসলমান এবং খ্রিষ্টানরা ভাগ্যবান, তাঁদের নিয়মনিষ্ঠ জীবনযাপন করার জন্যে কোরান অথবা বাইবেল রয়েছে। মসজিদ বা গির্জায় না গিয়েও ওই পবিত্র গ্রন্থদুটোয় তাঁরা শান্তি খুঁজে পেতে পারেন। কিন্তু ধর্মবিহীন বাঙালি বা পৌত্তলিক বাঙালির সে-রকম কোনো সম্পর্ক নেই। বেদ উপনিষদ বা গীতা তাঁদের জন্যে লেখা হয়নি। ওই গ্রন্থতিনটির সঙ্গে ব্যবহারিক-হিন্দুধর্মের কোনো মিল নেই। আর্যরা যে বৈদিক ধর্ম এনেছিলেন তা বঙ্গভূখণ্ডে প্রচারিত হয়নি। এই ভূখণ্ডের মানুষ অনার্য দেবতা হিসেবে পাথরকেই শিব বলে গ্রহণ করেছিল। এখনো বঙ্গভূখণ্ডে শিব তাঁর পরিবার নিয়ে কায়েম আছেন, ভারতের অন্য ভূখণ্ডে তথাকথিত হিন্দুদের মধ্যে যাঁদের দর্শন পাওয়া যায় না বললেই হয়। রামকে বিজেপি ভগবান বানিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালি তাঁর সম্পর্কে উদাসীন। হনুমান উত্তর ভারতে দেবতা, বাঙালি তাকে কলা খাইয়ে খুশি। মাহমুদ ভাই হয়তো জানেন না, এখন কেউ মারা গেলে শ্রাদ্ধ করার চেয়ে শ্রদ্ধাবাসর আয়োজিত হচ্ছে। হয়তো সংখ্যায় কম, তবু হচ্ছে। ধর্ম নিয়ে কোনো উগ্রবাদ পশ্চিমবঙ্গে মাথা তোলেনি, কারণ এখানে তথাকথিত হিন্দুধর্মের অস্তিত্ব ছিল দুর্বল। প্রবীণরা এখনও অন্ধের মতো পূর্বপুরুষদের মুর্খতাকে অনুসরণ করছেন, পরবর্তী প্রজন্ম, এই যেমন আমরা, যারা ষাটের কাছাকাছি, তারা এ নিয়ে মাথা ঘামাই না। এই কলামে এ বিষয়ে বিস্তারিত লেখার কথা নয়। কিন্তু মাহমুদ ভাই, আপনি যখন ‘হিন্দুধর্ম’ শব্দটি লিখলেন তখন আপনাকে আমি আমার পিতামহের চেহারায় দেখতে পাচ্ছি। পুরোহিত সংস্কৃতে মন্ত্র বলার অছিলায় দক্ষিণা কম দেওয়ার কারণে তাঁকে গালাগাল করে গেলেও তিনি ভাবতেন, আহা পুজোর মন্ত্র পড়ছেন পুরোহিত। তখন বাঙালি সংস্কৃত জানতেন, শতকরা একজন। এখন? হিসেব নেই। অতএব হিন্দুধর্ম নয়, হিন্দু কালচার বললে খানিকটা সত্যের কাছাকাছি বলা হবে।

শ্রদ্ধেয় হুমায়ুন আজাদের মৃত্যুসংবাদ আমার কাছে পৌঁছায় যখন কালি ও কলমের মাসিক কিস্তি লেখা শেষ হয়ে গেছে। কিন্তু ওই মৃত্যুসংবাদ আমাকে বিচলিত করায় আমি তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে কয়েক লাইন লিখি। সেই লেখাটি ওই কিস্তির প্রথমে সংযোজিত হয়। মাহমুদ ভাই, আপনি লিখেছেন, ‘বাংলাদেশে আততায়ীর মরণ ঘা খেয়ে, কটা দিন ভালো হয়ে উঠেও, জার্মানি গিয়ে যাঁর, যেন বিলম্বিত, মৃত্যু হয়।’ এই বিলম্বিত শব্দটির মধ্যে আপনি কি ইঙ্গিত রেখেছেন বুঝতে পারছি না। তবে বিদেশে যাওয়ার আগে হুমায়ুন আজাদ নিজের জীবন নিয়ে সংশয়ে ছিলেন Ñ একথা তো পত্রপত্রিকায় প্রমাণিত।

কেন বাঙালিদের একাংশ পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে চলে এসেছিল, আমি স্বাভাবিক কারণেই তার ব্যাখ্যায় যাইনি। এই কলাম প্রবন্ধ লেখার জায়গা নয়। মাহমুদ ভাই যে-ব্যাখ্যা নিজে দিয়েছেন সেটি ছাড়াও অনেকেই অনেক কারণ দেখিয়েছেন। অবশ্য এইক্ষেত্রে ওঁর অভিযোগ, কেন আমি বিশ্লেষণ করলাম না। কারণ, আমি অন্ধের মতো হাতির চেহারা বর্ণনা করতে চাইনি।

লন্ডনের ভারতীয় হাইকমিশনে প্রখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়কে যে-সংবর্ধনা দেওয়া হয়েছিল তাতে কেউ বলেছিলেন, ঝঁহরষ রং ধহ ওহফরধহ ৎিরঃবৎ যিড় ৎিরঃবং রহ ইধহমষধ Ñ মাহমুদ সাহেব অবাক হয়েছিলেন। সুনীলবাবুর বাঙালি বলে কোনো পরিচয় বোধহয় নেই ভেবে লেখককে প্রশ্ন করে সঠিক উত্তর না পেয়ে ধরে নিয়েছেন তিনি নিজেকে ভারতীয় ভাবেন, বাঙালি নন। আর ‘ওঁর মতো বড় লেখক যখন মানেন তখন অন্য অনেকেই নিশ্চয়ই মানেন।’

ভারতবর্ষের যারা নাগরিক তাদের পাসপোর্টে ভারতীয় শব্দটি লেখা থাকে। সংবিধান বলেছে, প্রথমে আমরা ভারতীয়, পরে যে যার মাতৃভাষা বলে সেই পরিচয়ের অধিকারী। আমার লেখায় ছিল, এই ভারতীয় বোধ আমাদের ওপর যেন চাপিয়ে দেওয়া হয়েছে, বিদেশে গিয়েও আমরা অনেকেই নিজেদের বাঙালি, পাঞ্জাবি বা তামিল বলি। অনভ্যাসই এই কারণ। দিল্লির রাস্তায় কোনো গৃহপতিকে জিজ্ঞাসা করলে সে নিজেকে গুজরাটি বলবে, ভারতীয় নয়। পাকিস্তানের আমলে পূর্ববঙ্গের বাঙালিরা নিজেদের বাঙালি বলতেন, পাকিস্তানি নয়। যদিও তাঁদের পাসপোর্টে পাকিস্তান শব্দটি থাকাটাই স্বাভাবিক ছিল। লন্ডনের ভারতীয় হাইকমিশন ভারত সরকারের প্রতিনিধিত্ব করছে। তাঁরা ভারতীয় সুনীল গঙ্গোপাধ্যায়কে ভারতীয় কবি ভাববেন, এটাই স্বাভাবিক। এ ব্যাপারে সুনীল গঙ্গোপাধ্যায়ের কী করণীয় ছিল? তিনি কি প্রতিবাদ করে বলবেন, আমি ভারতীয় নই, সেটা তো মিথ্যাচার। পত্রলেখককে তিনি বলেছেন তাঁর করণীয় কিছু নেই। অর্থাৎ পত্রলেখকের ইচ্ছেমতো তিনি আমি বাঙালি বলে চিৎকার করেননি ভারতীয় হাইকমিশনে বসে। আর সঙ্গে সঙ্গে পত্রলেখক স্থির করে ফেললেন সব ভারতবাসী এইটে মেনে চলেন। আমার লেখায় যে-আক্ষেপ ছিল, তা মাহমুদ ভাই ধরতে পারলেন না। যারা ভারতের নাগরিক তাঁদের উচিত নিজেদের ভারতীয় বলা, কিন্তু সেটা সবাই ভাবতে পারছে না বলেই ও-কথা লিখতে হয়েছিল।

মুসলমান এবং তথাকথিত হিন্দু-বাঙালির সংযোগ-সেতু রবীন্দ্রনাথ এবং নজরুল। একজন মুসলমান রবীন্দ্রনাথের গান গাইলে গ্রহণযোগ্য হবে, একজন তথাকথিত হিন্দু তাহলে কীভাবে মুসলমানের কাছে গ্রহণযোগ্য হবে? এই প্রশ্ন, মাহমুদ ভাই স্বীকার করেছেন, আমি করিনি, তিনি করেছেন।

মাহমুদ ভাই নিশ্চয়ই জানেন পশ্চিমবঙ্গে চার কি পাঁচজন লেখকের বই বাংলাদেশের পাঠকদের খুব প্রিয়। আগে আইনসম্মতভাবে আমদানিকৃত বই বাংলাদেশের পাঠকেরা পড়তেন। এখন পাইরেটদের কৃপায় কলকাতার পত্রিকায় সদ্য ছাপা হওয়া লেখা যা বই হয়ে বেরুতে দেরি আছে তা পাইরেটরা ছেপে ফেলছেন হু-হু করে। সেইসব লেখার বেশির ভাগ চরিত্র তথাকথিত হিন্দু এবং তাদের আচরণও পশ্চিমবঙ্গীয়। তাহলে বাংলাদেশের মুসলমান পাঠকরা ওইসব বইয়ের হাজার হাজার কপি কিনছেন কী করে? গ্রহণযোগ্য হয়েছে বলেই তো। বাংলাদেশের হুমায়ূন আহমেদের পরে সবচেয়ে বেশি বই বিক্রি হয় পশ্চিমবাংলার ওই চার বা পাঁচজন লেখকের। কোনো কাগজে বেরিয়েছিল, আমার উপন্যাস গর্ভধারিণী পাইরেটরা এক লাখ কপি বিক্রি করেছে। পশ্চিমবাংলায় বিক্রির সংখ্যা ঠিক অর্ধেক। তাহলে আমাদের গ্রহণ করতে কি কোনো অসুবিধে হচ্ছে? মাহমুদ ভাই, সাহিত্য, সংগীত, ছবির প্রতি ভালোবাসা দুই বাংলার মানুষের বুকে যতদিন থাকবে ততদিন আমরা নিশ্চিন্ত।

যেহেতু আমি লিখেছি, ‘ধর্ম আমাকে আশ্বাস দেয়নি’ তাই মাহমুদ ভাই ঘোষণা করলেন, ‘কথাটা প্রায় নাস্তিকের মতো।’ এই প্রায় শব্দটি লিখে কি নরম করতে চাইলেন অভিযোগ? ইতিহাস বলছে আমাদের কোনো ধর্ম ছিল না। পূর্বপুরুষেরা যাকে ধর্ম বলে গ্রহণ করতে চাইলেন তা বহুধাবিভক্ত। একজন শাক্তর সঙ্গে একজন বৈষ্ণবের কোনো মিল নেই। একশ আটটা পুতুলকে দেবতা হিসেবে মেনে নেওয়ার কোনো যুক্তি নেই। শিবের বয়স যদি সাড়ে সাত হাজার বছর হয় তাহলে দুর্গা চারশ বছর আগে এই ভূখণ্ডে ছিলেন। দুর্গার বাপের বাড়ি যদি হিমালয়ে হয় (গিরিরাজকন্যা) তাহলে তিনি কী করে সমতলের মানুষের কাছে বাপের বাড়িতে আসেন? রামচন্দ্র সেতুবন্ধের আগে যেখানে অকালবোধন পালন করে দুর্গার পুজো করেছেন বলে কথিত সেখানকার মানুষ দুর্গার পুজো করে না। অতএব এই ধর্ম মেনে নিতে না পারা মানে নাস্তিকতা? মাহমুদ ভাই, যার অস্তিত্ব নেই তাকে অস্বীকার করা কি

নাস্তিকতা? আমি রবীন্দ্রনাথে সমর্পিত মানুষ। আমি আস্তিক।

মুসলমান বন্ধুদের নামের ব্যাপারে মাহমুদ ভাই আমাকে অস্বীকার করে কি বলতে চেয়েছেন বোধগম্য হলো না। আমি ধর্মীয় নামগুলো মনে রাখতে পারি না, এটা আমার অক্ষমতা। হয়তো বাল্যকাল থেকে অভ্যস্ত নই বলেই এটা হয়েছে। বাংলাদেশের বন্ধুরা নিজেদের নামে বাংলা শব্দ আনছেন। এই পরিবর্তন বেশিদিন নয়। এম আর মুকুলকে আমিও মুকুলভাই বলেই ডাকতাম। উনি সংশোধন করে দিয়ে বলেছিলেন, ‘সমরেশ, তুমি আমাকে মুকুলদা বলো।’ তাঁর ডাকনাম মূল নামের সঙ্গে জুড়ে গিয়েছিল স্বাধীনতার আগেই। ঠিক কথা। কিন্তু তখন সেটা সংখ্যায় খুব কম ছিল। মাহমুদ ভাই আমার কথাই লিখেছেন, বাংলাদেশের মানুষ স্বাধীন ইচ্ছা ও মর্জিতেই নিজেদের নামে বিবর্তন এনেছেন।

মাহমুদ ভাই শ্রদ্ধেয় আনিসুজ্জামান সম্পর্কে আমার আবেগ আদৌ বুঝতে না পেরে অনাবশ্যক কিছু লাইন লিখেছেন। সংস্কৃত বা আরবি জেনে তবে নামের অর্থ বুঝে কাউকে ডাকার কথা তো আমি বলিনি। লিখেছেন, ‘যদি কারও নাম না জানো, তবে যার নাম তাকেই জিজ্ঞাসা করে জেনে নাও।’ আশ্চর্য ব্যাপার, যাঁর নাম তিনি না জানালে আমি জানব কী করে! মাহমুদ ভাই আমাকে পরামর্শ দিয়েছেন কী নামে ডাকব তা আনিসুজ্জামানের কাছ থেকে জেনে মাথা পেতে নিতে। সর্বনাশ। দৃশ্যটি আমি কল্পনায় দেখতে পাচ্ছি। আনিসুজ্জামান বসে আছেন। আমি তাঁর সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছি, ‘স্যার, আপনাকে আমি কী নামে ডাকব?’ আনিসুজ্জামান তাঁর নিজস্ব হাসিটি হেসে বলবেন, ‘তোমার যা ইচ্ছে।’

সেই পরিচয়ের গোড়ার দিকে টেলিফোনে কথা শুরু করতেন, ‘সমরেশ, আনিসদা বলছি।’ এরপর আর অসুবিধে কোথায়। সেই যৌবনের শুরুর দিন থেকে বেলালকে বেলাল বলেই ডেকে এসেছি। অসুবিধে তো ওর হয়নি। গাজী শাহাবুদ্দিনকে তো গাজীভাই বলে ডাকলে রুষ্ট হয়ে বলেননি, আমার নাম মশাই শাহাবুদ্দিন। আসল কথা, যাকে ডাকছি তিনি ঠিক বুঝতে পারেন ডাকার মধ্যে কতখানি ভালোবাসা আছে। থাকলে রুষ্ট হওয়ার তো কোনো কারণ নেই।

এসব সত্ত্বেও আমি কৃতজ্ঞ মাহমুদ ভাইয়ের কাছে। তিনি ধৈর্য

ধরে আমার লেখা পড়েছেন, এ কারণে অনেক ধন্যবাদ। এরকম সচেতন মানুষের কাছে জানতে ইচ্ছে করে, বাংলাদেশে পাইরেটদের বেপরোয়া ব্যবসা যা আমাদের অনেক বইকে বিকৃত করে পাঠকদের সামনে হাজির করছে, সেই ব্যাপারে তিনি কখনও ভাবনাচিন্তা করেছেন কিনা!