হঠাৎ গোধূলিলগ্নে দেখি আমার ভেতর থেকে
কে যেন বেরিয়ে এসে মাথা
নত করে হেঁটে যাচ্ছে সংযত পা’ ফেলে। তার দিকে
তাকাতেই সে আমাকে ঘুরে দেখে মৃদু
হাসে আর সে-হাসিতে মনে হ’লো যেন
ঈষৎ ব্যঙ্গের ছায়া ঝুলে আছে। হতবাক আমি!
ফেরাতে পারি না দৃষ্টি। কিছুক্ষণ কেটে গেলে চোখ
বন্ধ ক’রে দাঁড়াই গাছের নিচে। খানিক পরেই
চোখ মেলে দেখি এ কি হুবহু আমার প্রতিমূর্তি
লহমায় গায়েব কে জানে কোন মায়াবী আসরে!
সাত পাঁচ ভাবতে ভাবতে পা বাড়াই বামদিকে
আর বহুদূর পা চালিয়ে যেতে যেতে
ক্লান্ত হয়ে বসে পড়ি অদ্ভুত টিলার নিচে কী এক পশুর
আওয়াজ ঝাঁপিয়ে পড়ে আমার উপর। লুকাবো না
পাশব চিৎকার শুনে খানিক থেমেছি ভয়ে। মনে
হলো, চতুর্দিক যেন কণ্টকিত জঙ্গল, গোঙাচ্ছে ক্ষত নিয়ে।
দ্রুত পদক্ষেপে অগ্রসর হয়ে হঠাৎ নিজেকে
দেখি এক পর্বতচূড়ায় আমি আর একজন
প্রবীণ সাধক ছাড়া অন্য মানবের
কোনও উপস্থিতি নেই। সাধক আমাকে দেখে মৃদু
হাসলেন। সেই হাসি মুছে যাওয়ার আগেই দেখি Ñ
শুয়ে আছি জনহীন ঝর্ণার কিনারে বড় বেশি নিঃসঙ্গতায়।
১৬/১/২০০৫

Leave a Reply
You must be logged in to post a comment.