হাতে হাত রাখবে বলে গুটিকয় সেতু এই নদীর দু’দিকে

খানিকটা এগিয়েছিল ঠিকই,

কিন্তু তার পরে আর না-এগিয়ে দাঁড়িয়ে রয়েছে

যে যার জায়গায়।

কবে যে কোন্টার কাজ ঢাক-ঢোল পিটিয়ে

শুরু হয়েছিল,

তা তো ভিত্তিপ্রস্তরের গায়ে

হাতুড়ি বাটালি ঠুকে স্পষ্ট করে বলাই হয়েছে।

কিন্তু আজ ঘাটে বসে দেখছি যে, ও-পারে

পৌঁছতে পারেনি

সেই সব নির্মীয়মাণ সেতুর একটাও।

কখনও যে পৌঁছবে কোনোটা, আজ তাও

জোর-গলায় বলছে না কেউই।

কোনোটা দশ-বারো ফুট, কোনোটা বা আর-কিছুটা গিয়ে

শূন্যে ভর দিয়ে

দাঁড়িয়ে রয়েছে। যেন এইভাবে ওদের

ক্ষিপ্র ধাবমান জলস্রোতের উপরে মধ্যপথে

বোকা হাবা কাণ্ডাকাণ্ডজ্ঞানহীন নির্বোধের

দাঁড়িয়ে থাকবারই ছিল কথা।

নদীর নিকটে এসে ফিরে যায় দুঃখিত জনতা

এ-পারে ও-পারে।

তারা সেতু চেয়েছিল, পায়নি, তারা শুধু

দেখতে পায়, দূরে আর কাছে

সেতুর বদলে কিছু পাথরের টুকরো পড়ে আছে।