পুরানো ঢাকায়

বারবার ফিরে আসি। জেট প্লেন স্পর্শ করে পিচ

তুমি আছো এ শহরে শুধু এই স্মৃতির কিরিচ

বাতাসের বুক চিরে বিদ্ধ করে আমাকে একাকী

মহাদেশ সমুদ্র ও নদী পার হয়ে কড়া ধরে ডাকি

এ গৃহের।

তোমার চটির শব্দে নড়ে ওঠে প্রাণ।

জানি খুলে যাবে দ্বার। ক্লান্তির আহার দেবে তুমি

সকালের প্রাতরাশে যেন উষ্ণ ডিমের কুসুম

ঘুম ঘুম ফোলা চোখ।

হাত ভরা চুড়ির আওয়াজ।

খাওয়ার টেবিল জুড়ে অপার্থিব সুবাসিত ধূম

কুণ্ডলী পাকায়।

এই সুখ পেতেই তো ফিরে আসা পুরানো ঢাকায়।

যে শহরে তুমি নেই সে শহর বাসযোগ্য নয়

হোক তা নিউইয়র্ক লন্ডন প্যারিস কলকাতা

হোক না সে-সব রাষ্ট্র মানুষের দণ্ডমুণ্ডের বিধাতা

আমি ভাসি মেঘে মেঘে। জেট প্লেন স্পর্শ করে মাটি

আবার ঢাকায় আসি। ভিড় ঠেলে হাঁটি। কড়ানাড়ি

বদ্ধ দরোজায়

পুরানো ঢাকায়।

১৮/০১/০৫