ভুলে গেছি কোন গান – কোন সুরে গেয়েছিলে।

আজ বিস্মৃতিই প্রিয় পরিচারিকার মতো ঘরদোর সাফ রাখে,

আলনায় গুছিয়ে রাখে পরিধান। সামান্য সাহায্যে তার

চারিদিক সূর্যাস্তে যেন ভরে ওঠে – ফুলটবে এতগুলি ফুল।

ভেবে দেখি পরাবিদ্যা। জড়বাদী হে বস্তুপৃথিবী,

উড়ন্ত পাখির ডানা যেই মতো গাছের পল্লব ছুঁয়ে যায় –

বহুতল পাহাড় যে-ভাবে অন্য শৃঙ্গের হয়ে সাক্ষ্য দিয়ে থাকে –

সেই মতো তুমি স্বস্তি আনো, আকিঞ্চন সন্ধ্যার আঁধারে

ঢেকে দাও অধীত জ্ঞানের জুতো, ছিন্নবস্ত্র, মেধার পাদুকা।

অতিরিক্ত ধনমান কী রইল? কী-বা তুমি দিয়ে গেলে? কোন

পরম্পরা

তুমি রেখে গেলে সংসারে? শুধুই কি বিস্মরণ? দাসীবৃত্তি শুধু?

রেখে গেলে এইসব ভাঙা কবি – আরো ভাঙা ওনাদের

পাঠক-পাঠিকা?