চিনতাম না, এখন চিনেছি কালো, ধ্বংস সভ্যতার।
প্রত্যেক সকালে, দীর্ঘরাতে
বীভৎস, নিষ্ঠুর দেখি ভুগোলচেহারা
মানুষী মুখের রেখা ভুলে
মাতৃভাষা স্তব্ধ হয়, এ কোন পৃথিবী
কার স্পর্শে ছেলেখেলা – এত ঠুনকো বাঁচার জীবন?
কিছুই জানিনি আমরা, ও কলম কালি
ও পৃথিবী, ও সমুদ্র ভূকম্পের দাস,
বলো আরও কী কী বাকি আছে
তোমাদের গর্ভের আধারে?
সন্ত্রাসে আকাশজোড়া ঠুলি
উঠে আসে সমুদ্রউত্তাল
পরদাচোখে ঝটকা লাগে – জলে পোড়ে শব
কে চেয়েছে এত অতিশয়?
এ সমস্ত শুষে নেয় ছোটবড় মাথা
ভাবে সর্বনাশ
কথাটার নিহিতার্থ, – অন্য কেউ ভাবে, সর্বনাশ
এমনই দেখায় বুঝি চোখে, চৈত্রমাসে।
আমরা ভুলি অর্থ, শব্দকেই শুধু দেখি শুনি
এখন বাস্তব সত্য রূঢ়তার পাতালউত্থান।

Leave a Reply
You must be logged in to post a comment.