উনিশ শতকের শেষার্ধে, ঢাকা শহরের সবচেয়ে জনপ্রিয় লেখক ছিলেন হরিহর নন্দী। এ মন্তব্য শুনে নিশ্চয় অনেকে অবাক হবেন। কারণ, আমি নিশ্চিত হরিহর নন্দীর নাম অধিকাংশ সাহিত্যসেবী শোনেননি। অবশ্য, এর একটি কারণ, হরিহর ‘অভিজাত’ লেখক ছিলেন না। যেমন ছিলেন সেই সময়ে, কৃষ্ণচন্দ্র মজুমদার বা কালীপ্রসন্ন ঘোষ। আমরা যাকে আজ ‘বটতলা’ বলি সেই বটতলার লেখক ছিলেন হরিহর নন্দী। বটতলার অন্যান্য লেখকের চেয়েও তাঁর বইয়ের বিক্রি ছিল বেশি। হরিহরের প্রথম বই বেরিয়েছিল ১৮৭৬ সালে, শেষটি ১৮৯৯ সালে। ২৩ বছরে ১৪টি বই। তবে, মনে হয়, এ সংখ্যা আরো বেশি হতে পারে। তাঁর অধিকাংশ বই-ই প্রকাশিত হয়েছিল তাঁর লেখকজীবনের প্রথম দশ বছরে, অর্থাৎ ১৮৭৫ থেকে ১৮৮৫-র মধ্যে।
হরিহর নন্দী ও ঢাকার বটতলা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনার আগে সামগ্রিকভাবে বটতলা সম্পর্কে সংক্ষিপ্ত একটি রূপরেখা দিতে চাই, যা সাহিত্য-বিশেষজ্ঞদের সবার জানা। এ পরিপ্রেক্ষিতে বলে রাখা ভালো, আমার এ বিবরণ সাহিত্যবিশারদদের জন্য নয়, সাহিত্য-বিষয়ে উৎসাহী সাধারণ পাঠকদের জন্য।
১৮৬০ সাল পর্যন্ত ঢাকায় কয়েকটির বেশি বই বের হয়নি। তবে, সত্তর-দশক থেকে মুদ্রা ও প্রকাশনা শিল্পের বিকাশ হতে থাকে। ঢাকার বই-প্রকাশের স্বর্ণযুগ সত্তর-দশকের শেষ থেকে নব্বই-দশক পর্যন্ত। সুতরাং, অনুমান করে নিতে পারি, ষাটের আগে ঢাকার বই প্রকাশ বা বিক্রির তেমন সুশৃঙ্খল ব্যবস্থা ছিল না। সত্তর-দশক থেকে স্থাপিত হতে থাকে বই-বিক্রির দোকান, যাকে আমরা চলতি ভাষায় বলি লাইব্রেরি। ঢাকার বই-বিক্রির ব্যবস্থা পর্যালোচনা করে আমার মনে হয়েছে সেই সময়ে বই-বিক্রির চারটি ব্যবস্থা গড়ে উঠেছিল Ñ ফেরিঅলা, প্রেস বা মুদ্রণালয়, লেখক/প্রকাশকের বাড়ি এবং বইয়ের দোকান। প্রথমদিকে, বটতলার (ও অন্যান্য) বইয়ের বিক্রির ব্যবস্থা ছিল প্রথম তিনটি মাধ্যম। পরবর্তীকালে পাঠ্য ও অন্যসব ধরনের বই-বিক্রির মাধ্যম হয়ে ওঠে শেষোক্ত দুটি ব্যবস্থা, বিশেষ করে বইয়ের দোকান। প্রাতিষ্ঠানিকভাবে কখনো কিছু বই কেনা হতো, অগ্রিম গ্রাহক সৃষ্টি করেও। বটতলার বইয়ের সঙ্গে বই-বিক্রির বিষয়টিও জড়িত। তাই বটতলা সম্পর্কে আলোচনা করার আগে ঢাকার বই-বিক্রির ব্যবস্থা সম্পর্কে খানিকটা আলোকপাত করা হলো।
বটতলার বই বললে প্রথম যে-প্রতিক্রিয়াটি হয় তা হলো, দাম ও রুচির দিক থেকে শস্তা বই যার পাঠকও নির্দিষ্ট। তবে, এটি আংশিক সত্যি, পুরোপুরি নয়।
বটতলার উদ্ভব কলকাতায়। উনিশ শতকের গোড়ার দিকে, শোভাবাজার-বালাখানা অঞ্চলে ছিল এক বিশাল বটগাছ। গাছের তলাটা ছিল শানবাঁধানো, যেখানে বিশ্রাম নেওয়া যেত, প্রয়োজনে আড্ডা চলতে পারত। এর কাছাকাছি এক জায়গায়, ১৮১৭ সালের মধ্যে, বিশ্বম্ভর দেব নামে একজন খুলেছিলেন একটি ছাপাখানা। এ-প্রেসের প্রতিষ্ঠাকাল জানা যায়নি। তবে, জানা গেছে ১৮১৭ সালে বিশ্বম্ভর ভারতচন্দ্রের কাব্য ছেপেছিলেন। ঠিকানা ছিল বটতলা। আর এভাবেই বটতলা নামের উৎপত্তি।
উনিশ শতকের ত্রিশ-দশকের মধ্যে বটতলাকে কেন্দ্র করে শোভাবাজার থেকে চিৎপুর পর্যন্ত স্থাপিত হয়েছিল মুদ্রণ-যন্ত্র। এ-সমস্ত যন্ত্রে ছাপা হতে থাকে বই। কম খরচে শস্তা কাগজে ছাপা হতো বই, ফলে বইয়ের দাম পড়ত কম, তা সাধারণ পাঠকের আয়ত্তের মধ্যে থাকত। সুকুমার সেন লিখেছেন, প্রথমদিকে যাঁরা বই ছাপতেন তাঁদের লাভের ব্যাপার ছিল না, কিন্তু পরে তা দাঁড়িয়ে গেল লাভে। প্রচুর বই ছাপা হতে লাগল তখন। খুব শস্তা দরের বইয়ে প্রচুর ভুলও ছাপা হতো। অর্থের লোভে ছাপা হতে লাগল অশ্লীল বইও (সে-আমলের পরিপ্রেক্ষিতে)।
গত শতকের শেষের দিকে কলকাতার বটতলার বিলুপ্তি ঘটলেও বটতলা বাংলা ভাষাভাষী এলিট পাঠকের মনে এক বিশেষ ধরনের বইয়ের প্রতীক হয়ে রইল। ব্যাপারটি এভাবেও দেখা যায় : শস্তা কাগজে, শস্তা ছাপার, শস্তা দামের একটি বই যখন মফস্বল বা গ্রামের কেউ কেনেন তখন তিনি তা স্বাভাবিকভাবেই গ্রহণ করেন। কিন্তু এলিট পাঠক সেটিকে চিহ্নিত করেন বটতলার বা শস্তা বই হিসেবে। এই ‘শস্তা’ রুচি, লেখার মান বা প্রকাশনা-সৌকর্য যে-কোনো ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। সুকুমার সেন লিখছেন, ‘বটতলায় বই কথাটি মনের মধ্যে একাধিক ভাব জাগায়, কারো কারো মনে হবে শস্তা দামের ধর্মের বই, কারো কারো মনে হবে যাত্রার পালা-বই। আবার কারো কারো মনে হবে ‘হরিদাসের গুপ্ত কথা’র মতো গোপনে পড়বার বই।’ কিন্তু মৌলিক অর্থে, লিখেছেন তিনি, ‘উত্তর ও মধ্য কলকাতায় বাঙালী স্বত্বাধিকারীর ছাপাখানায় শস্তা কাগজে পুরনো হরফে ছাপা বই যা বেশ শস্তা দামে বিক্রি হতো… আসলে শস্তা প্রেসই বটতলার প্রেস’।
বর্তমান পাঠকের কাছে বটতলার বই মানে হয়তো শস্তা, ক্ষীণকায়, অশ্লীল বা নিম্নরুচির বই। সে-আমলে অবশ্য এ-মনোভাব ছিল না। ব্যাপক অর্থে ধরলে, গোয়েন্দা-কাহিনী থেকে কবিতা যা ওই প্রক্রিয়ায় মুদ্রিত ও বিক্রীত হতো তা সবই বটতলার বই। সংকীর্ণ অর্থে ধরলে বটতলার বই বলতে বুঝব বেশ্যাসঙ্গীত, নেড়ানেড়ির টপপা, রাজকন্যার গুপ্তকথা, পিরীতের কাটপিঁপড়ে, বাওয়া ডিমে বাচ্চা, হনুমানের বস্ত্রহরণ ইত্যাদি বই।
প্রথমেই দেখা যাক কলকাতায় যখন বটতলার শুরু ও বিকাশ তখন ঢাকার মুদ্রণ-যন্ত্রের কী অবস্থা?
ঢাকায় ১৮৪৮ সালে মুদ্রণ-যন্ত্র এলেও এর বিকাশ ১৮৬০ সালে ‘বাঙ্গালা যন্ত্র’ প্রতিষ্ঠার সময় থেকেই। ১৮৬০ থেকে ১৯০০ সালের মধ্যেই ঢাকায় মুদ্রণ-‘শিল্প’ গড়ে উঠেছিল। কলকাতার বটতলার যুগ অস্তমিত হয় গত শতকের আশির দশকে। এর অর্থ কলকাতায় যখন বটতলার শেষ ঢাকায় তখন গড়ে উঠছে মুদ্রণ-শিল্প। অন্যকথায়, কলকাতায় শেষ হলো বটতলার যুগের রমরমা, ঢাকায় শুরু হলো কি?
ঢাকার বটতলা বা বটতলার সাহিত্য বলতে কী বুঝব? এক্ষেত্রে পূর্বোল্লিখিত প্রচলিত ধারণাটিই গ্রহণ করতে পারি। সাহিত্যমূল্য আছে এমন সব কাব্য, উপন্যাস, প্রবন্ধ এবং পাঠ্য ছাড়া বাকি সব বটতলা। এর মধ্যে মুসলমান পুথিয়ালদের পুথিও অন্তর্গত। বিভিন্ন তথ্যবিচার এবং উনিশ শতকের শেষার্ধে ঢাকা থেকে প্রকাশিত বেশকিছু বইপত্র দেখার পর আমার মনে হয়েছে, ঢাকা থেকে প্রকাশিত অধিকাংশ পুস্তকই ছিল পাঠ্য বা শিশুপাঠ্য। খুব কমসংখ্যক ছিল সৃষ্টিশীল সাহিত্য বা প্রবন্ধ। এর বাইরে বাকিগুলোকে বলা যেতে পারে বটতলার অন্তর্গত। আরেকটি উদাহরণ দেওয়া যেতে পারে। ঢাকা থেকে প্রকাশিত দীনবন্ধু মিত্রের নীলদর্পণ, আবদোস সোবহানের হিন্দু-মোসলমান বা কালীপ্রসন্ন ঘোষের নিশীথ চিন্তাকে বটতলা বলব না, কারণ, এগুলোর সাহিত্যমূল্য আছে, মুদ্রিতও হয়নি তা শস্তাভাবে এবং এর পাঠক-সংখ্যাও ছিল নির্দিষ্ট। কিন্তু হরিহর নন্দীর কলির বৌ ঘরভাঙ্গানী বা বশিরুদ্দীনের গোল শুনাহর চন্দ্রমুখী বটতলার অন্তর্গত।
ঢাকার বটতলার অঞ্চল বলতে কোন অংশটিকে বুঝব? এটি ঠিক, ঢাকায় ‘বটতলা’ নামে কোনো অঞ্চল ছিল না, তবে, কেতাবপট্টি নামে একটি জায়গা ছিল যেখানে শুধু পুথি বিক্রি করা হতো। ঢাকার অধিকাংশ প্রেস ছিল বাবুবাজার থেকে বেগমবাজারের মধ্যে। পরবর্তীকালে বাংলাবাজারে স্থাপিত হয়েছিল কিছু মুদ্রণ-যন্ত্র। বটতলার এলাকাটি এভাবে কল্পনা করে নিতে পারি Ñ পাটুয়াটুলী থেকে সোজা বাবুবাজার; বাবুবাজার খাল পেরিয়ে মিটফোর্ডের সামনে দিয়ে, বেগমবাজারের রাস্তা ধরে চকবাজার। বাবুবাজারে ছিল কিছু মুদ্রণ-যন্ত্র, যেগুলির মালিক হিন্দু সম্প্রদায়; সেখানে বই-বিক্রিরও ব্যবস্থা ছিল। তারপর মিটফোর্ডের মোড়ে একটি বটগাছ, কিছুদিন আগে গাছটি কেটে ফেলা হয়েছে, পঞ্চাশ বছর আগেও যাঁরা ঢাকা শহর দেখেছেন তাঁরাও গাছটি দেখেছেন বলে জানিয়েছেন। ধরে নিতে পারি, উনিশ শতকের শেষার্ধেও হয়তো গাছটি ছিল। তারপর বেগমবাজারে কিছু মুদ্রণ-যন্ত্র, চকের মসজিদ, তাকে ঘিরে গলি, সেখানেই কেতাবপট্টি। চক মসজিদের নিচের অংশ ও ফুটপাত ছিল ঢাকার বিখ্যাত কেতাবপট্টি। মসজিদের সামনে ও পাশে ছিল পিপুল গাছে। পুরনো বাসিন্দারা অন্তত তাই বলেন। কেতাবপট্টির ভগ্নাবশেষ এখন দেখা যাবে চক মসজিদ কমপ্লেক্সের পিছে। বটতলার বই প্রকাশ ও বিক্রির পিছে এই ভূগোল Ñ বাবুবাজার খাল, বুড়িগঙ্গা, সেইসব পিপুল বা বটগাছ, চকের মসজিদ Ñ এসবেরও ভূমিকা ছিল যা পরে আলোচনা করা যাবে।
বাবুবাজার থেকে চকবাজার – এ অঞ্চলে এবং পরে বাংলাবাজারে স্থাপিত মুদ্রণালয় থেকেই ছাপা হতো ঢাকার বটতলার বই। এর মধ্যে গিরিশযন্ত্রে মুদ্রিত বইয়ের সংখ্যাই বেশি। এর কয়েকটি কারণ থাকতে পারে। গিরিশযন্ত্রের মালিক ছিলেন কালীপ্রসন্ন ঘোষ; তাঁর সাহিত্যিক খ্যাতি প্রেসের বিজ্ঞাপন হিসেবে কাজ করেছে। গিরিশযন্ত্রের ছাপা ছিল পরিচ্ছন্ন; তাছাড়া, পুথি ছাপার জন্য বিশেষ ধরনের টাইপ ছিল এই প্রেসে। তবে পুথি বেশি ছাপা হতো বেগমবাজারে, মোগলটুলিতে স্থাপিত মুসলমান মালিকানাধীন প্রেসে। কারণ প্রাথমিকভাবে পুথি ছাপার জন্যেই এগুলি প্রতিষ্ঠিত হয়েছিল।
বটতলার বইয়ের কাগজ ছিল সাধারণ মানের। তবে, মনে হয়েছে পুথিতে ব্যবহৃত কাগজের মান আরেকটু নিচু ছিল। বিশেষ কোনো মলাট ছিল না এবং কলকাতার মতো চিত্রিত কোনো বই আমার নজরে পড়েনি। হয়তো ছবি ছাপার বাড়তি খরচ মেটাবার মতো পুঁজি ছিল না লেখক বা প্রকাশকের, অথবা ওইরকম চিত্রকর বা খোদাইকার ছিলেন না ঢাকায়। বইয়ের আয়তন দশ পাতা থেকে একশর ওপরও হতো। তবে অধিকাংশ ক্ষেত্রে ত্রিশ পাতার ওপরে যেগুলি সেগুলি হলো পুথি। দাম ছয় পয়সা থেকে এক টাকা, পাঁচ সিকা। তবে দাম কম রাখার প্রবণতাই ছিল বেশি, যাতে সাধারণের হাতে পৌঁছে যায় বই।
বই-বিক্রির জন্য প্রচারের ওপরও জোর দিয়েছিলেন লেখক-প্রকাশকরা। সাধারণত প্রকাশিত প্রতিটি বইয়েই অন্যান্য বইয়ের বিজ্ঞাপন থাকত। বর্তমানে প্রকাশিত বইয়ের শেষ প্রচ্ছদে বিজ্ঞাপন-আকারে লেখক ও বই সম্পর্কে যেমন সংক্ষিপ্ত বিবরণ থাকে, পুথিতেও তেমন বিবরণ থাকত। যেমন, হরিহর নন্দীর একটি বইয়ে তাঁর আরো কয়েকটি বইয়ের উল্লেখ করে বলা হয়েছিল ‘পড়ে দেখ মজা পাবে’। চামানে নাওবাহার নামক পুথিতে লেখা হয়েছিল :
‘এই কেচ্ছার নাম চামানে নাও বাহার অর্থাৎ বেবাহার নাটক। তছনিফ শ্রী মোনিরুদ্দীন ডাক্তারের মোং ঢাকা রহমতগঞ্জ। কাহিনী বেবাহা সাহাজাদি ও ফেরুজ বক্ত সাহাজাদার রসিক বন্ধুগণের খায়েশমতে রঙ্গরসে ও নানামত নানা রাগ রাগ্নিতে পরিপূর্ণ করিয়া কুঞ্জের কুজার মত সাজাইয়া বন্ধুগণের ছামনে রাখিয়া দিলাম এখন চামনের ছা এর করেন। পুস্তকের মালিক শ্রী আবদুল গোফুর ও শ্রী ফজলে আলির বাজারে শ্রীজুত মুনসী মহাম্মদ জান ছাহেবের মাহম্মদি যন্ত্রে ছাপাইয়া ১৮৬৭ সনের ২৫ আইন অনুসারে রেজিষ্টার বহিতে দাখিল করিলাম। বাং ১২৮৭ সন ২২ শ্রাবণ।’
বটতলার বই-বিক্রি বা সামগ্রিকভাবে বই-বিক্রির প্রধান ক্ষেত্র ছিল বাবুবাজার থেকে চকবাজার। এ অঞ্চলের স্থাপিত প্রেসসমূহে, কোনো কোনো ক্ষেত্রে সংলগ্ন বাসগৃহে, বা লেখকের পরিচিত কারো বাড়িতে বই বিক্রি হতো। যেমন :
‘মৎপ্রণীত নিম্নলিখিত পুস্তকসকল গ্রহণেচ্ছুকগণ ঢাকাস্থ সমুদয় পুস্তকালয়ে এবং ঢাকা পটুয়াটুলী ধাত্রী শ্রীযুক্তা ফুলমণি দাসীর বাসায় ও দোকানে এবং ঢাকা গিরিশযন্ত্রে আমার নিকট তত্ত্ব করিলে পাইতে পারিবেন।’
হরিহর নন্দীকে নিয়ে যে সাহিত্যবিশারদরা একেবারে আলোচনা করেননি, তা নয়। সে-সময় মুন্সী নামদার নামেও একজন লেখক ছিলেন। সাহিত্য-বিশেষজ্ঞরা হরিহরকে নামদারের সঙ্গে এক করে ফেলেছেন। এর একটি কারণ, দুজনের বেশ কয়েকটি বইয়ের নাম ছিল একই রকম।
সুকুমার সেন লিখেছেন, ‘মুনশী নামদার সম্ভবত ভোলানাথ মুখোপাধ্যায়। ইঁহার পুস্তিকা Ñ দুই সতীনের ঝগড়া (১৮৬৭), কলির বৌ হাড়জ্বালানী (১৮৬৮), কলির বৌ ঘরভাঙ্গানী (১৮৭৯), ননদ ভাজের ঝগড়া (১৮৬৯), ভ্যালারে মোর বাপ (১৮৭৬) ইত্যাদি। বছর দশেক পরে ঢাকার হরিহর নন্দী ভোলানাথ মুখোপাধ্যায়ের রচনাগুলো নিজ নামে প্রকাশ করিয়াছিলেন।’
অশোককুমার মিত্র লিখেছেন, ‘গ্রন্থের সংখ্যাধিক্য যদি গ্রন্থকারের উৎকর্ষতার নিদর্শন হয় তাহলে নিঃসন্দেহে হরিহর নন্দীকে আমরা উৎকৃষ্ট প্রহসনকার বলে চালাতে পারি। কিন্তু তা সম্ভব নয়। কারণ, হরিহর নন্দীর হাস্যরসাত্মক এই নাট্যপুস্তিকাগুলি বটতলার সাহিত্য। কারও মতে, অনেক প্রহসনকারকে দিয়ে গ্রন্থ লিখিয়ে হরিহর নন্দীর নামে সেগুলি প্রকাশ করা হয়েছে। সব প্রহসনগুলি একজনের লেখা নয়।’
সৈয়দ আবুল মকসুদ, হরিশ্চন্দ্র মিত্র সম্পর্কে আলোচনা প্রসঙ্গে লিখেছেন, হরিশ্চন্দ্রের এক ছদ্মনাম হরিহর নন্দী।
ভোলানাথের একটি বইয়ের নামের সঙ্গে হরিহরের একটি বইয়ের নাম মিলে যায়। ভোলানাথের কলির বৌ ঘরভাঙ্গানী বেরিয়েছিল ১৮৭৯ সালে। হরিহরের একই নামের বই, যেটি তাঁর প্রথম বই, বেরিয়েছিল ১৮৭৬ সালে। নাকি সুকুমার সেন যে ১৮৭৯ সাল উল্লেখ করেছেন, তা মুদ্রণপ্রমাদ? হতে পারে সেটি ১৮৬৯ সাল। ভোলানাথের ননদ ভাজের ঝগড়া বেরিয়েছিল ১৮৬৯ সালে আর হরিনাথের ননদ ভাইবৌর ঝগড়া বেরিয়েছিল ১৮৮০ সালে। এছাড়া তাঁদের দু’জনের কোনো বইয়ের নামে মিল নেই। সুতরাং, দুজন একই ব্যক্তি, এটি ঠিক নয়। ঠিক নয় সৈয়দ আবুল মকসুদ বা অন্যদেরও অনুমান। তবে, মুন্সী ভোলানাথের বই পড়ে হরিহর নন্দী প্রভাবিত হতে পারেন, এবং সেটা স্বাভাবিক।
হরিহর নন্দীর বিভিন্ন বইয়ের বিজ্ঞাপন-অনুসারে তাঁর বাড়ি ছিল নদীর ওপারে শাক্তা (বিক্রমপুর?) গ্রামে। ঢাকায় হয়তো বটতলার বইয়ের ব্যবসার সঙ্গে তিনি জড়িত ছিলেন। কারণ, তাঁর প্রতিটি বইয়ের বিজ্ঞাপনে দেখা যায়, ক্রেতাদের অনুরোধ জানানো হচ্ছে এই বলে যে Ñ ‘ঢাকা গিরিশযন্ত্রে আমার নিকট তত্ত্ব করিলে পাইতে পারিবেন।’ এখানে, উল্লেখ্য যে, তাঁর সবগুলি বই প্রথমে ছাপা হয়েছিল গিরিশযন্ত্রে। এমনও হতে পারে গিরিশযন্ত্রের কম্পোজিটর ছিলেন তিনি। কারণ, বিজ্ঞাপন দেখে মনে হচ্ছে, গিরিশযন্ত্রে তিনি নিয়মিত থাকতেন।
হরিহর তাঁর বইগুলির প্রথম সংস্করণ সত্তর-দশকে ছেপেছিলেন ৫০০/৬০০ করে। পরবর্তীকালে, বইগুলির একাধিক সংস্করণ হতে থাকে, বাড়তে থাকে মুদ্রণ-সংখ্যাও। বোঝা যাচ্ছে, তৃণমূল-পর্যায়ে তিনি জনপ্রিয় হয়ে উঠছিলেন। আমি তাঁর ১৪টি বইয়ের খোঁজ পেয়েছি। এর মধ্যে একটি প্রথমে বেরিয়েছিল কুমিল্লা থেকে, অপরটি কলকাতা থেকে। তাতে মনে হয়, ঢাকার বাইরেও তিনি পরিচিতি পেয়েছিলেন। দু-একটি পাঠ্যবইও তিনি রচনা করেছিলেন।
হরিহরের যে-১৪টি বইয়ের খোঁজ পেয়েছি সেগুলির সব সংস্করণের খোঁজ পাইনি। কয়েকটি বই মাত্র পেয়েছি পড়ার জন্য। এখানে তাঁর লেখা বইয়ের বিবরণ দিচ্ছি।
১. কলির বৌ ঘরভাঙ্গানী, ১৪ পৃষ্ঠার প্রহসনটি ছেপেছিলেন মুন্সী মাওলা বক্স (৫.৪.১৮৭৬) গিরিশযন্ত্রে। মূল্য : ১ আনা, মুদ্রণ-সংখ্যা ৫০০। বইয়ের শেষ পৃষ্ঠায় বিজ্ঞাপন :
‘এই পুস্তক গ্রহণেচ্ছুকগণ ঢাকাস্থ সমুদয় পুস্তকালয়ে, কলাতিয়া স্কুলের প্রধান শিক্ষক শ্রীযুক্ত রজনীনাথ চাকলাদার মহাশয়ের নিকট, শাক্তা গ্রামে শ্রীযুক্ত কামিনীকুমার শর্মার নিকট, ঢাকা গিরিশযন্ত্রে আমার নিকট তত্ত্ব করিলে পাইতে পারিবেন।’ এক বছরের মধ্যে প্রহসনটির দ্বিতীয় সংস্করণ (১.৬.১৮৭৭) প্রকাশিত হয়েছিল। মুদ্রণ-সংখ্যা বৃদ্ধি পেয়েছিল ১০০০-এ। ১৮৮৬ সালে এর তৃতীয় সংস্করণ (৮.৯.১৮৮৬) প্রকাশিত হয়েছিল। এবার মূল্য বৃদ্ধি পেয়েছিল দু’ আনায় এবং মুদ্রণ-সংখ্যা ৪০০০-এ। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সংস্করণ যদি গড়ে এক হাজারও ছাপা হয়ে থাকে, তবে পাঁচটি সংস্করণে কলির বৌ ঘরভাঙ্গানী মুদ্রিত হয়েছিল মোট ৭৫০০ কপি।
সংক্ষেপে প্রহসনটির কাহিনী এরকম :
দাদা বৌদি দেবর Ñ তিনজনের সংসার। কিন্তু বৌদি চান দেবরহীন সংসার। তাই প্রায়ই ঝগড়া লেগে থাকে দেবর-বৌদিতে। এক সময়ে তিষ্ঠোতে না পেরে ছোটভাই বা দেবর মাধব, নালিশ করে জমিদার নীলাম্বর মুন্সির কাছে Ñ
ঠাকুরদাদা। আপনি হচ্ছেন গুরু লোক, আর আমি হচ্ছি বালক। আমি আপনার কাছে কিছুই মিথ্যা বোলব না, যে অবধি আমার পিতার মৃত্যু হয়েছে, আর দাদা এই সর্ব্বনাশিনীকে বিয়ে করেছেন, সেই অবধি আমার সময় মতন খাওয়াও হয় না। খাওয়া দূরে থাকুক মুখে ভাল দুটো কথাও শুনলাম না। ঠাকুরদাদা আপনি হচ্ছেন গুরু লোক আপনিই এর বিচার করুন। (পৃ ৫-৬)
জমিদার সব শুনে বড়ভাইকে এক আনা জরিমানা করলেন। বড়ভাই এতে খুব অপমানিত বোধ করে। বাসায় ফিরে মাধবকে বাসা থেকে বের করে দেয়। মাধব ‘ভেক’ নিয়ে গান গাইতে গাইতে বেরিয়ে যায় ঘর ছেড়ে :
ভেক নেব আর রব না ঘরে।
ভাউজ হয়ে মন্দ কথা কয়,
দেবর হয়ে আর কত জ্বালা সয়,
কাল সকালে ভেক নেব
যাব মিছারামের মন্দিরে।
২. ছাল নাই কুকুরের বাঘা নাম। ১৯ পৃষ্ঠার প্রহসনটি মাওলা বক্স ছেপেছিলেন গিরিশযন্ত্রে (৯.৪.১৮৭৭)। দাম ১ আনা ৬ পয়সা। মুদ্রণ-সংখ্যা ১০০০।
৩. হঠাৎ বাবু। ২৩.৭.১৮৭৮-এ প্রকাশিত। গিরিশযন্ত্রে ছেপেছিলেন মাওলা বক্স। ১৪ পৃষ্ঠার প্রহসনটি ছাপা হয়েছিল মাত্র ৫০০ কপি। মূল্য ১ আনা ৬ পাই। ১৮৮৩ সালে এর আরেকটি নতুন সংস্করণ পাই। গোপীনাথ বসাক সেটি ছেপেছিলেন শীতল যন্ত্রে। কিন্তু এবার পৃষ্ঠাসংখ্যা কম Ñ ৯ পৃষ্ঠা। মূল্য একই রকম, তবে মুদ্রণসংখ্যা ছিল ২০০০। হঠাৎ বাবু আমি দেখেছি। এর কাহিনী :
হঠাৎ বাবুর প্রধান চরিত্র দুটি, কালীনাথ ও বিনোদ। দু বন্ধু। সময় কাটে তাদের মদ খেয়ে, আড্ডা দিয়ে বা পতিতালয়ে। প্রথম দৃশ্যে দেখা যায়, কালীনাথ আর বিনোদ সদরঘাটে কদমতলায় কথা বলছে কোথায় মদের আড্ডা বসানো যায় সে-নিয়ে।
বিনোদের স্ত্রী আছে, বোন আছে। কিন্তু ঘরে ফেরে সে খুব কম। সময় কাটে তার রক্ষিতা কামিনীর ঘরে। কামিনী বিনোদের মাতলামির সুযোগ নিয়ে বিনোদের থেকে সব হাতিয়ে নেয় এবং তারপর মত্ত হয় অন্য প্রণয়ী নিয়ে। বিনোদ নিঃস্ব হওয়ার পূর্ব মুহূর্তে দেখা যায় কামিনীর ঘরে দুজনে কথা বলছে :
বি। দেখ আমার শরীরটা বড়ই অসুখ হয়েছে।
কামিনী ফুলের মধু করিবারে পান।
অধীর হয়েছে বড় মম মনপ্রাণ ॥
ক। ভেকের ইচ্ছা খেতে পদ্মিনীর মধু।
ছাতারের ইচ্ছা হয় সুন্দরিণী বধু ॥
বি। কি বলে, আবার বল দেখি।
ক। (হাস্যপূর্ব্বক) তোমাকে কিছু বলি নেই, তুমি যাও। অদ্য হরেন্দ্র বাবুর আসবার কথা আছে, তিনি হয়তো এখনি আস্তে [আসতে] পারেন। (পৃ ৯)
প্রহসনের শেষাংশে দেখি, নিঃস্ব বিনোদকে কামিনী আর ঘরে ঢুকতে দেয় না।
নিঃস্ব বিনোদের দীর্ঘ করুণ স্বগতোক্তি Ñ
‘বিনোদ। (দীর্ঘ নিশ্বাস পরিত্যাগপূর্ব্বক সজল নেত্রে) আমার যেমন কর্ম্ম তদুপযুক্ত প্রতিফল পাইলাম, হায়! আমি কেন বাঁচিয়া আছি, যাহাকে ভালবাসি তাহার এই ব্যবহার, তা হবেই বা না কেন, সেও কুলটা; কুলটাকে বিশ্বাস করাই অন্যায়, আমি জেনে শুনে কেন এই পাপকার্য্যে রত হয়েছিলাম। হায়! কামিনী প্রাণের কামিনী তুমি যে এরূপ কর্ব্বে ইহাতে আমি স্বপ্নেও জানিনে হায়! আমি কেন গুরুজনের কথা অমান্য করে এই কুকাজে রত হয়েছিলাম; বিশ্বাসঘাতকদের বিষমন্ত্রে আমার সর্বনাশ হল। যা হউক, এক্ষনে আমি কি করি, আমার সেই চির দুঃখিনী প্রেমদার কাছে যাই। উঃ তাহাকে কত যন্ত্রণাই দিয়াছি তা সে কি আমায় ক্ষমা করবে না? না করে আমি তাহার পায় ধরিয়া ক্ষমা চাইব। সে ত আমায় প্রাণের সম ভালবাসে; আমায় কাঁদিতে দেখিলে কি তার একটু দয়া হইবে না?
হা ভগ্নি রাজবালে। তুমি যেদিন বিধবা হয়েছ থাক ও কথা মনে কর না, প্রাণ ফেটে যায় ভগ্নি। তোমাদের নিকট আমি কত অপরাধি আমায় ক্ষমা কর। (উন্মত্তের ন্যায় এক স্থানে দণ্ডায়মান) আমি যথেষ্ট প্রতিফল পাইয়াছি আর আমি এমন কর্ম্ম করব না। হায় কি ছিলাম কি হলেম (পতন ও মূর্চ্ছা। ক্ষণিক পরে উঠিয়া) পাঠক মহোদয়? আপনারা জিনিই আমার মত হউন তিনিই আমার অবস্থা স্মরণ করিবেন।
৪. নাতিন জামাই। মাওলা বক্স ছেপেছিলেন গিরিশযন্ত্রে। প্রকাশের তারিখ ৮.৮.১৮৭৮। ১৫ পৃষ্ঠার প্রহসনটির দাম ১ আনা ৬ পাই। মুদ্রণ-সংখ্যা ৬০০। ১৮৮১ সালে এর নতুন সংস্করণের খোঁজ পাই। এটিও গিরিশযন্ত্রে মাওলা বক্স ছেপেছিলেন (২০.৬.১৮৮১)। মুদ্রণসংখ্যা ছিল ২০০০। নাতিন জামাই-এর পঞ্চম সংস্করণটি আমার চোখে পড়েছে। গোপীনাথ বসাক শ্যমন্তক যন্ত্রে ৮.৯.১৮৮৬-এ ছেপেছিলেন। এ সংস্করণে পৃষ্ঠাসংখ্যা কম Ñ ১০। মূল্য ১ আনা। মুদ্রণসংখ্যা জানতে পারিনি। তবে ১৮৮১-১৮৮৬ পর্যন্ত ৫টি সংস্করণে ১০০০ করে ধরলে ১৮৮৬ পর্যন্ত হঠাৎ বাবু ছাপা হয়েছিল (নতুন সংস্করণ বাদে) ৭৬০০ কপি। এর কাহিনী নিম্নরূপ :
দুই লোক ভ্রমণে বেরিয়েছে। রাতে আশ্রয় দরকার। অনেক ভেবেচিন্তে তারা এমন একজনের বাসায় এলো যার জামাই অনেক দিন লাপাত্তা। জামাইর চেহারাই ভুলে গেছে সবাই। খুব আদর যত্ন করে অ্যাপ্যায়ন করা হলো দুজনকে এবং নকল জামাইকে পাঠানো হলো কনের কাছে। জামাইকে দেখে (বরের চেহারা মনে নেই বউয়েরও) কনে ক্ষীরোদা গান গেয়ে জানালো :
আগে জান্তেম যদি নিরবধি কান্দাবে আমায়
তবে কিরে মনপ্রাণ সপিতেম তোমায় ॥
ভেবেছিলাম পরশ পাথর, কপালগুণে শুধু পাথর
বোবার যেমন স্বপ্ন দেখা প্রকাশ করা দায়।
ভোর বেলা দেখা গেল নকল জামাই কনের সব অলংকার নিয়ে পালিয়ে গেছে।
৫. ঘুঘু দেখেছ ফাঁদ দেখনি। প্রহসন। পড়ে দেখ মজা পাবে। ২০ পৃষ্ঠার প্রহসনটি মাওলা বক্স ছেপেছিলেন গিরিশযন্ত্রে (২০.১২.১৮৭৯) তারিখে। দাম ২ আনা। মুদ্রণসংখ্যা উল্লেখ করা হয়নি। তবে তা ১০০০ বলে ধরে নিতে পারি।
পেছনের পৃষ্ঠায় বিজ্ঞাপন ‘আমার রচিত নিম্নলিখিত পুস্তকগুলি ঢাকা ইসলামপুর শ্রীযুক্ত বাবু গগনচন্দ্র ঘোষের পুস্তকালয়ে, বিক্রমপুর হাসারী প্রকাশকের নিকট, অথবা ঢাকা গিরিশযন্ত্রে আমার নিকট তত্ত্ব করিলে পাইতে পারিবেন।
ইতি সন ১২৮৬। ৬ই পৌষ।’
ঘুঘু দেখেছ ফাঁদ দেখনির বিষয়বস্তু নব্য যুবক যারা মদ ও বেশ্যা নিয়ে ব্যস্ত। চার বন্ধু মহিম, কালীনাথ, চন্দ্রনাথ ও রজনী। রজনী বিবাহিত, স্ত্রীর নাম বিমলা। বিমলার সঙ্গে পরিচয় আছে কামিনীর, বিমলা কিন্তু জানে না যে কামিনী পতিতা এবং তার স্বামীর বন্ধুরা কামিনীর ইয়ার।
এ প্রহসনটিও চার অঙ্কের, তবে এর বৈশিষ্ট্য, সংলাপ দীর্ঘ কবিতায় বাঁধা। প্রথম দৃশ্যে দেখা যায় মহিম বসে আছে। শ্বশুরবাড়ি থেকে কাশীনাথ এসে উপস্থিত। মহিমকে সে দীর্ঘ আটত্রিশ লাইনের কবিতা সংলাপে শ্বশুরবাড়ির বর্ণনা দেয় Ñ
শোন ভাই কি কহিব সে বারতা
এমন সুখের স্থান গড়েছে বিধাতা
লোকে বলে জন্মভূমি বড় সুখময়
বোধহয় শ্বশুর আলয় তুল্য নয়।…
করিতে ভোজন, বসিলাম যখন,
অন্ন দিলেন শাশুড়ী।
সংখ্যাতীত ভাজা, খেতে বড় মজা
ব্যঞ্জনাদি লুচি পুরী। (পৃ ২-৩)
দু বন্ধুর শ্বশুরবাড়ি-বিষয়ক আলোচনার মাঝে রজনীর প্রবেশ। সে ফুর্তি করতে চায় কিন্তু অভিভাবকের জন্যে পারে না। এখন বোধহয় সুযোগ আসছে ফুর্তি করার। রজনী বলে, ‘সে সুখের কথা আর কি বলব এত দিনে আমাদের বাড়ীর ওলড ফুলটার মৃত্যু হয়েছে।’ (পৃ ৪) এবং ‘এক আমোদ স্কুলে যেতে হবে না আর এক আমোদ যা ইচ্ছা তাই কর্ত্তে পার্ব্বো। আর এক আমোদ ফলার খাব।’ (পৃ ৫)
কামী : তবে যে একটা ওলড ফুল আছে।
রজনী : নেভার মাইনড্ আই ডোন্ট কেয়ার, ওকে কেয়ার করে কে, বাপের শালা মামা বৈ ত নয়। (পৃ ৫)
দ্বিতীয় অঙ্কে দেখা যায় রজনীর স্ত্রী বিমলা পতির জন্য কাতর, অস্থির। কামিনীর সঙ্গে তার দেখা। দুঃখ করে বিমলা বলে কামিনীকে Ñ
বিমলা : বুন ইহার চেয়ে বিধবা হয়ে থাকা ভাল, আর যন্ত্রণা সহ্য হয় না; ইচ্ছে হয় আত্মঘাতি হয়ে প্রাণ ত্যাগ করি (ক্রন্দন)
কামিনী : আর কেন্দে কি করবে যত দিন অদৃষ্টে ক্লেশ আছে অবশ্য ভোগ কর্ত্তে হবে। তবে তোমার কর্ত্তব্য কর্ম্ম তুমি করো, দেখো যেন তোমার আচরণে পতির মনে কোন ক্লেশ না হয়।
বিমলা : তা এ জন্মে হবে না, তবে এই বড় দুঃখ হয় জগতে আমি আমার পতির জন্য প্রাণ পর্য্যন্ত উৎসর্গ করেও একদিন তাহার মুখে মিষ্টি কথাটা শুনলাম না, একি সামান্য দুঃখ? অবলার প্রাণে সহ্য হয়?
নারীর ভরসা আছে একমাত্র পতি
যদ্যপি না করে কভু কুপথেতে মতি ॥
কুসঙ্গ ত্যজিয়া যদি আত্ম বসে রয়।
রমণীর মনে তবে কত সুখোদয়। (পৃ ১১)
শুধু তাই নয় Ñ
কি কব রেবতী হইয়ে যুবতী
যেমন দুর্গতি এ নিশি দিনে
অমূল্য যৌবন গেল অকারণ,
কে করে যতন, প্রাণেশ বিনে ॥ (পৃ ১৩)
তৃতীয় অঙ্কে দেখি মদ খেয়ে তিন বন্ধু মাতাল। রজনী সবাইকেজোর করে নিয়ে যেতে চাচ্ছে কামিনীর ঘরে। সঙ্গে নতুন আরেক বন্ধু চন্দ্রনাথ।
শেষ অঙ্কে দেখা যায়, কামিনী মদ খাচ্ছে ইয়ার বন্ধুদের সঙ্গে। রজনী সবাইকে নিয়ে ঢুকতে চায়। কামিনী তাদের ঢুকতে না দিয়ে বলে Ñ
দেখ চন্দ্র। ভাল করিস না, এখনি কিন্তু খেঙ্গরা মেরে বিষ ঝেড়ে দিব।
চন্দ্র : অ্যাও ড্যাম যত বড় মুখ [নয়] তত বড় কথা, জুতিসে লম্বা কর দেঙ্গে।
কামিনী : কি আমারে মারবি, তবে দাঁড়া, তোর বাবাকে ডাক দি (উচ্চস্বরে) পাহারাঅলা জলদি এস আমার ঘরে চোর ঢুকেছে। (পৃ ২০)
পাহারাঅলা এসে তাদের ধরে নিয়ে যেতে বলে Ñ “আরে ক্যা বাগ ২ কর্ত্ত চল শালা তোম ঘুঘু দেখছ ফাঁদ দেখনি। এখনি দেখলা দেতে।
(নেপথ্যে)
মদে ঢুলু ২ করিছে অঙ্গ।
ধরিছে পুলিশ দেখাবে রঙ্গ ॥
মারিছে পুলিশ রুলের বারি।
আহা উহু ২ প্রাণেতে মরি ॥
মের না পুলিশ ধরি তোর পায়।
ছেড়ে দাও বাবা পরাণ হায় ॥
আজ কি ক্ষণেতে মোদের পোহাইল রাতি
কাহার কোপেতে হল এসব দুর্গতি ॥
কেন নিষেধ শুনি নাই মুরব্বি সভার।
যেমন কর্ম্ম তেমনি ফল হইল আমার।”
৬. ননদ ভায়ের বৌর ঝগড়া। ১.৩.১৮৮০। মাওলা বক্স ছেপেছিলেন গিরিশযন্ত্রে। ৮ পাতার প্রহসনটি ছাপা হয়েছিল ১০০০ কপি। দাম ১ আনা। নামপত্রে লেখা হয়েছিল Ñ
এই এক মজার ননদ ভাই বৌর ঝগড়া।
নাটক
‘ন রত্ন মন্বিষ্যতে মৃগাতে হি তৎ।’
শ্রীহরিহর নন্দী প্রণীত।
স্ত্রীর বশ হয়ে যেই ত্যজে আত্মজন
সেই হয় জগতের অপ্রিয় ভাজন ॥
পড়ে দেখ মজা পাবে।
ননদ ভায়ের বৌর ঝগড়ার নতুন একটি সংস্করণ বেরিয়েছিল ২৬.৬.১৮৮৬ তারিখে, যেটি আমি পড়েছি। ৯ পৃষ্ঠার প্রহসনটি ছাপা হয়েছিল ১০০০ কপি। দাম ১ আনা।
ননদ ভায়ের বৌর ঝগড়ার বিষয়বস্তু এরকম :
ভাই একটু বেশি বয়সে বিয়ে করেছে। স্ত্রী আর ছোট বোনকে নিয়ে সংসার। বিধবা হবার পর ছোট বোনকে ভাই-ই নিয়ে এসেছে নিজের কাছে। কিন্তু ননদ-বৌর ঝগড়া লেগেই আছে। প্রতিবেশীরা আবার বোনকে তাতায় বৌয়ের বিরুদ্ধে। একদিন তো চুলোচুলি হয়ে গেলো দু’জনের। চুলোচুলির পর বৌ বসে আছে মুখ গোমড়া করে। স্বামী ফিরেছে বৌয়ের জন্য নতুন শাড়ি নিয়ে। বৌ ছুড়ে ফেলে দিলো সে শাড়ি। স্বামী বললো, ‘কেন কেন রাগ যে দেখছি হয়েছে কি (করজোড়ে) প্রিয়ে অধীন কি কোন অপরাধ করেছে। আমার জ্ঞান বিশ্বাস মতে ত আমি কোন অপরাধই করি নাই। তা ভেঙ্গে বল অধীনের কি অপরাধ! আমি তোমার শ্রীমুখ প্রফুল্লিত দেখলে জগতের সুখ অনুভব করি। এই বুড়ো বয়সে চাকরী করা কেবল তোমার জন্য। অফিসে সারা দিন পরিশ্রম করে তোমার শ্রীমুখ প্রফুল্লিত দেখলে সকল পরিশ্রম সফল জ্ঞান করি। তুমি আমার অন্ধের যষ্টি, দরিদ্রের স্বর্গ, কি হয়েছে ভেঙ্গে বল, গৌণ কর না, আমার মন বড়ই অস্থির হয়েছে। কেহ কিছু বলেছে? তা ভেঙ্গে বল এখনি তাহাকে সমন সদনে পাঠাব এতে প্রাণ যায় তাও স্বীকার; এ ছার জীবন কার জন্য, সকলই তোমার জন্য। আমি যে তোমাকে প্রাণের সম ভালবাসি তা জান, তোমার পায় পরি শীঘ্র বল (পদধারণ)।’
তখন বৌ তাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নেয় যে, বোনকে বাড়ি থেকে বের করে দেবে। ভাই এ প্রতিজ্ঞা করে বটে কিন্তু মনে মনে বলে, ‘উঃ শেষকালে বিয়ে করে কি মাটিই খেয়েছি, বলতে পারি না এই স্ত্রীর জন্য পূর্ব্বেই ভাইকে ত্যাগ করেছি, এখন ভগ্নীকেও ত্যাগ কর্ত্তে হলো।’
পাঠক মহাশয়গণ আপনারা পাজ্জিমানে কেহই যেন এ অবস্থায় শেষ বিয়ে না করেন। তা হলে আমার মত কলঙ্কের ভার বৈতে হবে। এখন আপনারা ইহার বিহিত কি বলুন। আমার বিবেচনা মনে শোনা যায় আচলে গিরা দিব। ভগ্নিকেই ত্যাগ করি…’ (পৃ ৯)
সবশেষে আছে একটি কবিতা Ñ
বিয়ে করে যে হয় স্ত্রীর য[ব]শীভূত।
কলঙ্কের বোঝাসহ সেই বহে অবিরত ॥
অতএব সাবধান হও পাঠকগণ।
বৃদ্ধকালে শেষ বিয়ে না করি কখন।
৮.৯.১৮৮৬ তারিখে প্রহসনটির আরেকটি সংস্করণ প্রকাশিত হয়েছিল। তাতে মনে হয়, তিনমাসেই ১০০০ কপি বিক্রি হয়ে গিয়েছিল। এই সংস্করণটি গোপীনাথ বসাক ছেপেছিলেন শ্যমন্তক যন্ত্রে। মূল্য ১ আনা।
৭. অসৎ কর্ম্মের বিপরীত ফল। প্রথম প্রকাশিত হয়েছিল কুমিল্লা থেকে। বরদাকান্ত চক্রবর্তী ছেপেছিলেন সিনহা যন্ত্রে (৬.১.১৮৮৫ তারিখে)। পৃষ্ঠাসংখ্যা ১২, মূল্য ১ আনা। মুদ্রণসংখ্যা ৫০০। এই একই বই ১৫.৩.১৮৮৬ তারিখে নতুনভাবে আবার ঢাকা থেকে প্রকাশিত হয়। এ সংস্করণটি কলিমউদ্দিন মুন্সী ছেপেছিলেন গিরিশযন্ত্রে। ১৪ পৃষ্ঠার প্রহসনটি ছাপা হয়েছিল ৫০০ কপি। দাম ১ আনা ৬ পাই। এক বছরের মাথায় এর চতুর্থ সংস্করণ ছাপা হয়েছিল। এবার ছেপেছিলেন গোপীনাথ বসাক, শ্যমন্তক যন্ত্রে, ৫.১১.১৮৮৭ তারিখে। পৃষ্ঠাসংখ্যা ১৪। মূল্য ১ আনা ৬ পাই। মুদ্রণসংখ্যা ১০০০। এক বছরে অনুমান করে নিচ্ছি এটি ছাপা হয়েছিল ৪০০০ কপি।
বেঙ্গল লাইব্রেরি ক্যাটালগে প্রহসনটি সম্পর্কে মন্তব্য আছে :
‘An indecent story in which an intemperate use of spiritious liquors is found to produce evil consequences’.
৮. এমন কর্ম্ম আর করব না। গিরিশযন্ত্রে ছেপেছিলেন মওলা বক্স (১২.৪.১৮৮৬)। পৃষ্ঠা ৯। দাম ১ আনা। কপির সংখ্যা ১০০০।
৯. ঘোড়ার ডিম। গোপীনাথ বসাক ছেপেছিলেন শ্যমন্তক যন্ত্রে (৮.৯.১৮৮৬)। প্রহসনটির পৃষ্ঠা সংখ্যা ৯। ১৮৮৬ সালের সংস্করণটি পঞ্চম সংস্করণ। সুতরাং, অনুমান করে নিতে পারি আশির দশকের এটি প্রথমে ছাপা হয়েছিল।
১০. আর কি বলদ গাছে ধরে। এর পঞ্চম সংস্করণটি ছেপেছিলেন গোপীনাথ বসাক শ্যমন্তক যন্ত্রে (২০.১২.১৮৮৮)। ১০ পৃষ্ঠার প্রহসনটি ছাপা হয়েছিল ৪০০০ কপি। দাম দু আনা। আগের চারটি সংস্করণ গড়ে ১০০০ করে ছাপা হলে পাঁচ সংস্করণে আর কি বলদ গাছে ধরে ৮০০০ কপি ছাপা হয়েছিল।
১১. শিখছ কোথা? দেখেছি যথা। ৮ পাতার প্রহসনটি ছেপেছিলেন গোপীনাথ বসাক শ্যমন্তক যন্ত্রে ২০.১২.১৮৮৮ তারিখে এর পঞ্চম সংস্করণ ছাপা হয়েছিল। দাম ছিল ১ আনা। ছাপা হয়েছিল ৪০০০ কপি। আগের প্রতিটি সংস্করণে যদি ১০০০ কপি করে ছাপা হয়ে থাকে তাহলে পাঁচটি সংস্করণে শিখছ কোথা ছাপা হয়েছিল ৮০০০ কপি।
১২. কলির কুলাঙ্গার। এটি ছাপা হয়েছিল কলকাতার আলবার্ট প্রেসে ১২৮৭ সালে। দাম ১ আনা।
১৩. শাশুড়ী বউয়ের ঝগড়া। গোপীনাথ বসাক শ্যমন্তক যন্ত্রে ছেপেছিলেন। এটি ছিল পঞ্চম সংস্করণ। ১০ পাতার প্রহসনটি ছাপা হয়েছিল ১৮৮৮ সালে। দাম ১ আনা।
১৪. বাবুধাক্কা পাছা পেড়ে গল্প। ওয়াহেদ বখশ ছেপেছিলেন গিরিশযন্ত্রে (৯.৮.১৮৯৯)। ১২ পাতার প্রহসনটির দাম ছিল ৩ পয়সা। মুদ্রণসংখ্যা ১০০০।
হরিহর নন্দীর ১৪টি বইয়ের সব সংস্করণের হিসাব আমরা পাইনি। তবে, বিভিন্ন সংস্করণে উল্লিখিত মুদ্রণসংখ্যা ও যেসব সংস্করণের কথা জেনেছি কিন্তু মুদ্রণসংখ্যা পাইনি Ñ সব মিলিয়ে একটি আনুমানিক হিসাব করেছি। তাতে দেখা যায়, তাঁর ১৪টি বই কমপক্ষে ৬০,০০০ কপি বিক্রি হয়েছিল। বটতলার যে-কোনো লেখকের জন্য এটি বিরাট ব্যাপার। ঢাকার বটতলা থেকে হরিহর নন্দীর মতো এত বই আর কারো বের হয়নি বা এত কপিও কারো বিক্রি হয়নি।
হরিহর যা লিখেছিলেন তা হলো প্রহসন। উনিশ শতকে ঢাকা-কলকাতা দুই জায়গা থেকেই প্রচুর প্রহসন প্রকাশিত হয়েছিল। সংস্কারের প্রতি উনিশ শতকের বাঙালি হিন্দু সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি বুঝতে হলে সে-সময়ে প্রকাশিত বাংলা নাটক বা প্রহসন গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রহসন, ইংরেজিতে যাকে বলা যেতে পারে ‘ফার্স’। সমসাময়িক বিষয় ছিল তার রচনার বিষয়বস্তু। জয়নাল আবেদিন বাংলা প্রহসন নিয়ে গবেষণা করেছেন। তাঁর মতে, ‘সমাজের বিচিত্র অন্যায়-অসঙ্গতি, ব্যক্তিমানুষের চারিত্রিক ত্রুটি-বিচ্যুতিগুলোকে কৌতুক ও ব্যঙ্গ-বিদ্রƒপের মধ্য দিয়ে, প্রহসনকাররা যেরূপ সহজ স্বাভাবিকভাবে চিহ্নিত করেছেন, তেমনটি আর অন্য কোনো ক্ষেত্রে সম্ভব ছিল না।
নাটক বা প্রহসনগুলি প্রধানত লেখা হয়েছিল হিন্দু সম্প্রদায়ের অসঙ্গতি নিয়ে। অন্যান্য ধর্মাবলম্বীদের বিষয় নিয়ে প্রহসন চোখে পড়ে না। এর কারণ, উনিশ শতকে পাশ্চাত্য-শিক্ষায় ও সম্পদে এগিয়ে ছিলেন হিন্দু ধনী ও মধ্যবিত্ত। পাশ্চাত্য উপযোগবাদের ধারায় প্রভাবিত হয়ে নিজ সমাজ-সংস্কারে তাঁরা উচ্চকণ্ঠ হয়েছিলেন।
উনিশ শতকের বাংলা প্রহসনের ধারাটি ছিল খুবই জোরালো। এ-সময়ে কত প্রহসন প্রকাশিত হয়েছিল তার কোনো হিসাব পাওয়া যায়নি। তবে, একটি বিষয় উল্লেখ্য যে, শুধু কলকাতা নয়, মফস্বল শহরগুলি থেকেও উল্লেখ্যযোগ্য পরিমাণ প্রহসন প্রকাশিত হয়েছিল, যার মধ্যে ঢাকা অন্যতম। জয়ন্ত গোস্বামী ও গোলাম মুরশিদের বই থেকে আমরা প্রকাশিত প্রহসনসমূহের একটি তালিকা পেতে পারি। এত বেশি প্রহসন প্রকাশিত হয়েছিল যে সুকুমার সেন এগুলিকে সাহিত্যে আবর্জনার স্তূপ বলে উল্লেখ করেছেন। ব্রিটিশ লাইব্রেরিতে রক্ষিত ১৮৫৪ থেকে ১৮৮০ সাল পর্যন্ত প্রকাশিত প্রহসনগুলির জরিপ করেছেন মুরশিদ। এর সংখ্যা সাতশরও বেশি। সাধারণভাবে এগুলি তিনি তিনভাগে ভাগ করেছেন Ñ সামাজিক, ঐতিহাসিক ও দেশপ্রেমমূলক এবং পৌরাণিক। তাঁর মতে, শুরুর দিকে প্রকাশিত অধিকাংশ প্রহসনের বিষয়বস্তু সামাজিক সমস্যা। ‘১৮৬০-এর দশকের শেষ দিকে জাতীয়তাবাদের উন্মেষের ফলে ঐতিহাসিক ও দেশপ্রেমমূলক নাটক-প্রহসন পূর্বের তুলনায় অধিকসংখ্যক রচিত হয়। ১৮৭৫ সালে সামাজিক, ঐতিহাসিক ও দেশপ্রেমমূলক এবং পৌরাণিক নাটকের সংখ্যা প্রায় সমতা অর্জন করে। কিন্তু, তারপরেই সামাজিক নাটকের সংখ্যা দ্রুত হ্রাস পায়। ১৮৭৬ সালের অভিনয় নিয়ন্ত্রণ আইন প্রণীত হওয়ায় ঐতিহাসিক ও দেশপ্রেমমূলক নাটক-রচনায়ও ভাটা পড়ে। কিন্তু পৌরাণিক নাটকের সংখ্যা খুব বৃদ্ধি পায়। পৌরাণিক নাট্যরচনার মাধ্যমে জাতীয়তা ও দেশপ্রেমের চেতনাই উৎসাহিত ও তৃপ্ত হয়।’ জয়নাল আবেদিন সামাজিক বিষয় নিয়ে রচিত প্রহসনগুলির বিষয়-বিভাগ নিয়ে গবেষণা করেছেন। তাতে স্পষ্ট হয় সমাজের কী কী সমস্যা তখন প্রহসনকারদের দৃষ্টি আকর্ষণ করেছিল। আমি তাঁর গ্রন্থ থেকে বিভিন্ন বিষয়ের শিরোনামগুলি উদ্ধৃত করছি : অসম ও বৃদ্ধের বিবাহ, বহুবিবাহ, কৌলীন্যপ্রথা, বিধবাবিবাহ, বাল্যবিবাহ, পণপ্রথা, মদ্যপান, বাবুয়ানা, অসামাজিক বেলেল্লাপনা ও জীবনোপলব্ধির সংঘাত, বারাঙ্গনাসক্তি, নারীদের ব্যভিচার ও নৈতিকতার বিপর্যয়, ধর্মধ্বজ লম্পট, ধর্মের নামে ভণ্ডামি ও রক্ষণশীল মর্যাদার অসারতা, নারীশিক্ষা ও নারীস্বাধীনতা। আবার নারীস্বাধীনতা ও নারীশিক্ষা, ব্রাহ্মধর্ম, পাশ্চাত্যশিক্ষা প্রভৃতিকে ব্যঙ্গ করেও প্রহসন প্রকাশিত হয়েছে। পৌরাণিক সব কাহিনী হিন্দুধর্মজাত। ঐতিহাসিক নাটক বা প্রহসনেরও অধিকাংশ ক্ষেত্রে নায়ক হিন্দু রাজা বা ওই ধরনের কোনো চরিত্র।
তৎকালীন পূর্ববঙ্গ বা বর্তমান বাংলাদেশ থেকে প্রকাশিত প্রায় ১৫০টি প্রহসনের খোঁজ পেয়েছি (১৮৬০-১৯০০) এর মধ্যে ঢাকা থেকে প্রকাশিত হয়েছিল ১০০টি, যেটি স্বাভাবিক, কারণ, পূর্ববঙ্গে ঢাকাকেই একমাত্র শহর হিসেবে গণ্য করা হতো। এবং সামাজিক ঘাত-প্রতিঘাতগুলি নাগরিক-জীবনে যতটা প্রতিফলিত হওয়া সম্ভব, গ্রামীণ জীবনে হয়তো ততটা নয়। এখানে উল্লেখ্য, প্রহসনগুলি লেখা হতো মঞ্চস্থ করার কথা চিন্তা করে নয় বোধহয়। পড়ে আনন্দ-পাওয়ার জন্য। আমি যে ১৫০টি প্রহসনের কথা বললাম, তার কোনোটিই বোধহয় মঞ্চস্থ হয়নি।
ঢাকা থেকে প্রকাশিত প্রহসনগুলি কলকাতা থেকে প্রকাশিত অনেক প্রহসনের মতোই অনুল্লেখ্য। তবে, ঢাকা থেকে প্রকাশিত কিছু কিছু পুথিতে, কিছু কিছু বিষয়ের সঙ্গে প্রহসনগুলির মিল খুঁজে পাই। বিশেষ করে সমসাময়িক অবস্থার বিবরণ দেওয়ার সময়ে। তবে, এগুলিতে বিশেষভাবে লক্ষ করি, যৌথ পরিবারে ভাঙন ও তার প্রতিক্রিয়া, মহিলাদের প্রতি মনোভাব বা তাদের অধস্তন রাখার ইচ্ছা, পাশ্চাত্য সভ্যতার প্রতি বিরূপ ভাব ইত্যাদি। কোনো কোনো ক্ষেত্রে ধর্মীয় উন্মাদনাকেও সমালোচনা করা হয়েছে।
ব্রাহ্ম আন্দোলনের বিকাশ, শিক্ষিত যুবকদের পাশ্চাত্যের প্রতি অনুরাগ, নগরায়ন, জমির ক্রমবিভাজন সামগ্রিকভাবে ভাঙন সৃষ্টি করেছিল একান্নবর্তী পরিবারে। গোলাম মুরশিদ শহরাঞ্চলে একান্নবর্তী পরিবারের ভাঙন সম্পর্কে লিখেছিলেন : ‘শতাব্দীর শেষ নাগাদ আধুনিকা স্ত্রীদের প্রকৃত ব্যবহার এবং শ্বশুরবাড়ির রক্ষণশীল আত্মীয়রা তাঁদের কাছ থেকে যে-ধরনের ব্যবহার প্রত্যাশা করেছিলেন Ñ এর মধ্যে এতো পার্থক্য দেখা দেয় যে, বহু পরিবারেই স্ত্রীদের সঙ্গে অন্যান্যের সম্পর্ক পারস্পরিক অশ্রদ্ধা ও ঘৃণায় পূর্ণ হয়।’
গ্রামাঞ্চলে যে এ অবস্থা সৃষ্টি হয়েছিল তা নিশ্চিত বলা যায় না। কিন্তু যিনি লিখেছেন তাঁর সঙ্গে যোগাযোগ ছিল শহরের। আশঙ্কা করেছিলেন গ্রামাঞ্চলেও তা হতে পারে; বা গ্রামাঞ্চলে প্রকাশ্যভাবে ভাঙন না ধরলেও টেনশনটি ছিল। এবং এসব কারণে দায়ী করা হয়েছিল মহিলাদের। যেমন কলির বৌ-এ দেবর বলছে বৌদি সম্পর্কে: ‘দাদা এই সর্ব্বনাশিনীকে বিয়ে করেছেন, সেই অবধি আমার সময় মতন খাওয়াও হয় না। খাওয়া দূরে থাকুক মুখে ভাল দুটো কথাও শুনলাম না।’
প্রহসন-রচয়িতা বা পুথিয়ালরা একটি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছিলেন তা হলো মহিলাদের অধস্তনতা। স্বামীটি লম্পট হলেও স্ত্রীকে সহ্য করতে হবে এবং স্বামীর পুনঃপ্রত্যাবর্তনকে সৌভাগ্য হিসেবে মেনে নিতে হবে।
হরিহরের যে-বইগুলি পড়েছি (এবং যেগুলি পাইনি কিন্তু নাম জেনেছি) তার ভিত্তিতে বলতে পারি, হরিহরও উল্লিখিত বিদ্যমান সামাজিক অবস্থা নিয়ে লিখেছেন। ওই সময়ে যেসব প্রহসন প্রকাশিত হয়েছিল সেগুলির বিষয়বস্তু তাঁকে প্রভাবিত করেছিল। যারা এগুলি পড়েছেন তারা কিছু জানার চেয়ে মনে হয় পড়ার আনন্দেই পড়েছেন। কারণ, যে-ভাষা হরিহর ব্যবহার করেছেন তা তারা বুঝেছেন এবং উপভোগ করেছেন। হরিহরের যেসব বই থেকে উদ্ধৃত করেছি সেগুলি এর উদাহরণ।
সাহিত্যের ঐতিহাসিকরা প্রহসনগুলিকে বিশেষ মর্যাদা দেননি। এ প্রসঙ্গে হরপ্রসাদ শাস্ত্রীর কথা উল্লেখ করতে পারি। তিনি ছিলেন বর্তমানে কলকাতায় অবস্থিত জাতীয় গ্রন্থাগারের অধিকর্তা। প্রতি বছরে প্রকাশিত বইয়ের ওপর তাঁকে একটি বার্ষিক প্রতিবেদন পেশ করতে হতো সরকারের কাছে। হরপ্রসাদ শাস্ত্রী সেই সময়েই তাঁর প্রায় প্রতিটি প্রতিবেদনে এগুলির সমালোচনা করেছিলেন। ঢাকার একটি প্রহসন সম্পর্কে মন্তব্য করেছিলেন, ‘সমাজ-সংস্কারের উদ্দেশ্যে লিখিত প্রহসনগুলি ক্রমশ দ্রুত অশ্লীল হয়ে উঠছে এবং সেই অশ্লীলতার সঙ্গে পুরাতন বটতলার গ্রন্থাবলির অশ্লীলতারও তুলনা চলে না। বাল্য বিবাহের অমৃত ফল Ñ ঢাকা থেকে প্রকাশিত প্রহসনে নিম্নবর্ণের বিবাহিত ছাত্রদের জীবন-যাপনপ্রণালি প্রদর্শিত হয়েছে। নাটকটির নিন্দা করার ভাষা খুঁজে পাওয়া যায় না।’
তা সত্ত্বেও বলব, প্রহসনগুলির গুরুত্ব একবারে উড়িয়ে দেওয়া যায় না। ঢাকা থেকে প্রকাশিত প্রহসনগুলির বিক্রিও ছিল ভালো। তৃণমূল পর্যন্ত তা পৌঁছেছিল এবং তাতে সমাজের একাংশের প্রতি যে-ইতিবাচক অভিঘাত ফেলেছিল তা একেবারে অস্বীকার করা যায় না। হরিহর নন্দীকে সে-পরিপ্রেক্ষিতেই বিচার করতে হবে।

Leave a Reply
You must be logged in to post a comment.