আলেয়া মঙ্গল

শীতের ভোরবেলায় যখন কাঁকরপাতা গ্রামের মানুষ নানা কাজে বের হয়, তারা দেখে বড় অশ্বত্থ গাছটার নিচে শতছিন্ন কাপড় পরা একজন মানুষ এলিয়ে পড়ে আছে। লোকটার চুলগুলো জটপাকানো, শরীরে অভুক্ত থাকার চিহ্ন, চোখ দুটো বোজা। মানুষ কাছে গেলে তার গোঙানির শব্দ শুনতে পায়।

এমনটা তারা আগেও করেছে, তাই মুড়ি-চিড়া নিয়ে আসে লোটাভরা পানির সঙ্গে। হয়তো যেসব মানুষ

হারিয়ে গেছে গ্রাম থেকে বা অন্য গ্রাম থেকে যুদ্ধের

বছরে, তাদের চেহারা মনে পড়ে গিয়েছিল ওই উন্মূল লোকটাকে দেখে।

ঘণ্টাখানেক পর বাচ্চারা এসে লোকটাকে দেখতে থাকে, মজা করে। কেউ দুয়েকটা ঢিল মারলে সবাই নিষেধ করে। যদি কোনো কামেল বুজুর্গ হয়? বাচ্চাদের সঙ্গ ধরে মা-মেয়েরা আসে। তারা অপ্রস্তুত, জানে না কী করবে এই অগোছালো মানুষটার সামনে। সেই দলে আলেয়াও ছিল। অনেকক্ষণ লোকটাকে দেখে সে। তারপর ওর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। লোকটা একটু চোখ তুলে তাকায়, দৃষ্টিতে কাতরতা। আলেয়ার দিকে তাকিয়ে থাকে অপলক।

আলেয়া তখন হঠাৎ বলে, ‘ইনি আমার স্বামী। ইনি জয়নাল। ইনি আমার সোয়ামি জয়নাল।’

তারপর লোকটার পায়ের কাছে মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে থাকে আলেয়া। তিন বছর আগে জয়নাল যুদ্ধে চলে গিয়েছিল, আর ফেরেনি। আলেয়া বলছে, তার সোয়ামি, সে চিনেছে। তখন কয়েকজন ধরাধরি করে লোকটাকে আলেয়াদের বাড়িতে নিয়ে যায়।

আলেয়ার বাড়িতে সে একা, কাজের লোক বাদ দিলে। অগাধ জমিজমা, কিন্তু কেউ দেখার নেই। খানিকটা গেছে, তাও অনেকটা আছে। বেওয়া আলেয়ার সোয়ামি ফিরে এসেছে, সবাই বলাবলি করতে থাকে। ভোর-শীতে আলেয়া বিধবা থেকে সধবা হয়ে যায়।

দুই

কয়েকদিনের মধ্যে আলেয়ার স্বামী জয়নাল সবল হয়ে ওঠে। আলেয়ার সেবায়, সমৃদ্ধ গ্রামীণ আহারের বদলে তার স্বাস্থ্য ফিরে আসে। লোকটা সাধারণত নীরব থাকে, আলেয়ার কথায় হ্যাঁ-না বলে। এতদিন সে তার স্বামী পরিচয় জাহির না করে স্বামীসেবা করেছে। সন্ধ্যা নামলে লোকটা বেড়ার ফাঁক দিয়ে বোধহয় চাঁদ দেখে। আলেয়ার জানতে ইচ্ছে করে কী দেখে?

একসময় কাছে গিয়ে সে বসে, দেখা যায় চাঁদের আলো পড়েছে তার হাতে, করতালুতে। আলেয়ার ভেতর আশ্চর্য বিহ্বলতা, অদ্ভুত আবেগ জাগে, যার আঘাতে সে লোকটার হাতটা নিজের হাতে নেয়, ইচ্ছে হয়, মনের দেহের সকল ইতিহাস জানায়।

লোকটা তার দিকে তাকিয়ে থাকে, তারপর আলেয়ার মাথায় হাত দেয়। আস্তে আস্তে হাত বুলাতে থাকে। যেন বাবা কোনো শিশুকে আশ্বাস দিচ্ছে।

‘একা থাকা বড়ো কষ্ট তাই না। বিধবা হওয়া বড়ো কষ্ট তাই না ?’

আলেয়া কাঁদতে থাকে অঝোরে। লোকটা বাধা দেয় না সে-কান্নার। ওর পায়ের কাছে পড়ে সে ফোঁপাতে থাকে। সে জানে সে সধবা, সে সধবা।

তখন জ্যোৎস্না, কুয়াশা, আঁধার পড়েছে গ্রামের বিভিন্ন ঘরে।

তিন

যেদিন আলেয়া লোকটাকে জয়নাল বলে ঘরে এনেছিল, সেদিন সবাই কথাটা বিশ্বাস করেছিল, তা হয়তো নয়। কিন্তু সবাই কি সবকিছু বিশ্বাস করে? অথবা জানে? যারা অবশ্য সবচেয়ে বেশি আপত্তি করতে পারত তারা নীরব ছিল। তারা সালিশের বড় তরফ, তারা কিছু বলেনি। অন্য তরফ বুঝতে চেষ্টা করে কী ঘটনা।

বড় তরফের মাখন মিয়া একবার যখন ঢাকা গিয়েছিল কী কাজে, ওই সময় কারা বা কেউ আলেয়ার বাড়িতে ঢুকতে চেষ্টা করে। মাখন ফিরলে আবার কারা যেন ছোট তরফের এক ছেলেকে মার লাগায়। মাখনের লোক আছে, দল আছে, বাবার অগাধ সম্পদ আছে। কোন জায়গায় পরিবারের সম্মান শুরু, কোথায় সম্পত্তির শেষ জানা নেই। কেউ তাদের শত্রু হতে চায় না। কিন্তু আলেয়ার স্বামী জয়নালের অনেক সম্পত্তি, তাতে মাখনের বাপ-চাচার আগ্রহের কথা সবাই জানে। কিন্তু বাদ সেধে আছে মাখন।

শহর থেকে ফিরে এসে জয়নালের খবর শুনে সে প্রায় উন্মাদ হয়ে যায়। সে আলেয়াকে বিয়ে করতে চায়। তার বাপ-মা সেটা চায় না। মাখন সম্পত্তি চায় না, আর বাবা মৃধা মিয়া মা আসমানী বেগম চায়, আলেয়াকে চায় না।

আলেয়ার স্বামী ফেরা মানে মাখন অন্য জায়গায় বসতে রাজি হবে। তাই জয়নালের আবির্ভাব মাখনের বাড়ির জন্য সুখবর।

মাখন শহরে গিয়েছিল ব্যবস্থা করতে। আলেয়ার পেটে তার সন্তান।

চার

জয়নালের বাবা, জয়নালের দাদা সবাই সালিশে বসেছে, তাই জয়নালও বসে সিলসিলা পাওয়া শরিকে। যদিও তারা ছোট পক্ষ। জয়নাল খুব ধৈর্য এবং বিচক্ষণতার সঙ্গে সালিশে অংশগ্রহণ করে। মৃধা মিয়ার কথায় সায় দেয় অর্থাৎ অন্য তরফের শক্তি ভীষণভাবে কমে যায়। সালিশের পর মৃধা মিয়া আবেগে জড়িয়ে ধরে জয়নালকে। ‘বাবা, বাবা’ বলে ডাকতে থাকে খুশিতে, সহমর্মিতায়।

সে-রাতে তার বাড়িতে রান্না হয়, জয়নাল মেহমান হয় মৃধা মিয়ার। জয়নালের কেমন আশ্চর্য আনন্দ হয়। সে জয়নাল, সে ভালো লোক, সে আলেয়ার স্বামী। আমি হই জয়নাল, জয়নাল হয় ভালো লোক।

সেই রাতে জ্যোৎস্না ছিল না। জয়নাল নিরাপদে ঘুমে মগ্ন। তখন মাখন আলেয়ার বাড়িতে উপস্থিত হয় সন্তর্পণে, আলেয়া অপরাধী, আলেয়া বিশ্বাসঘাতক। আলেয়া কোনো উত্তর দেয় না। একসময় চাঁদ আর কুকুর জেগে ওঠে। ক্রুদ্ধ, অসহায় দৃষ্টি নিয়ে প্রতিশোধ নেবার প্রতিজ্ঞা করতে করতে মাখন অন্ধকারে মিলিয়ে যায়।

আলেয়া ঘরে ফিরে আসে, দেখে জয়নাল বসে আছে, যেভাবে গাছের নিচে বসে ছিল প্রথম দিন। ঠিক সেইভাবে।

আলেয়া কাছে যায়, উদোম হয়।

তখন অনেক রাত।

পাঁচ

তেরো, চোদ্দ, পনেরো…

মঙ্গলাকে একশবার জুতো মারার আদেশ দিয়েছে জয়নাল। তার বিরুদ্ধে অভিযোগ স্বীকার করে মঙ্গলা নীরবে দাঁড়িয়ে ছিল সবার সামনে, কোলে জারজ সন্তান নিয়ে শুনেছিল শাস্তির কথা। মঙ্গলা বিধবা সম্পত্তিহারা, গ্রামে পড়ে আছে নামার দিকে একচিলতে বসতবাটী। বাজারে মিনতিগিরি করে। লোকে বলে, সে বিধবা, কিন্তু টাকার বদলে পুরুষের সঙ্গে রাতে সময় দেয়। এমনকী স্বামী বেঁচে থাকতেও দিত।

কেউ কেউ বলে কথাটা সত্য নয়। আসলে যুদ্ধের সময় স্বামী মারা যাবার পর যারা তাকে আশ্রয় দিয়েছিল তারা তাকে ব্যবহার করেছিল, তারপর জমিজমা যা সামান্য ছিল, কেড়ে নিয়ে এইসব খবর রটায়। কে জানে কোনটা আসল।

তেত্রিশ, চৌত্রিশ, পঁয়ত্রিশ…

মাসখানেক আগে সে সন্তান প্রসব করে। গ্রামে বেশ কয়ঘর হিন্দু থাকে, বেশির ভাগ নমঃ। ওদের এমনিতেও জাতপাত নেই, সবাই বলে। শুধু কয়েক ঘর সাহারা সবার সাথে মেলামেশা করে, সুদ দেয়, আখ-গুড় কেনে। এক ঘর ভারত চলে গেছে যুদ্ধ শেষ হলে।

ষাট, একষট্টি, বাষট্টি…

সন্তান কার মঙ্গলা বলেনি। সবাই জানতে চায় কে বাচ্চার বাপ? একজন বলে, হাতেম চৌকিদার, যে রাতে লণ্ঠন নিয়ে হাঁটে আর ডাক দেয়। যে চোখ বন্ধ করতে ভুলে গেছে বহু বছর ঘুমায়নি বলে। বৃদ্ধ, হাঁপানির টানে শরীর বাঁকা, ঘরে বউ নেই, সে-ই বাপ।

সবাই হাসে এই কথায়।

আশি, একাশি, বিরাশি…

বিচার শেষ করে জয়নাল বাড়ি ফেরে প্রশান্ত চেহারায়। সমাজ রক্ষা হয়েছে তার মনে হয়। আসলে মঙ্গলারা তাদের সমাজের নয়, কিন্তু এমনটা কোনো সমাজে হওয়া উচিত নয়। সবার শিক্ষা নিতে হবে। সবাই দেখল কী শাস্তি। ফতে বেওয়ার কোলে সন্তান দিয়ে মঙ্গলা জুতোর বাড়ি খেল। চেহারায় জুতোর ছাপ পড়েছে। বাবার নাম বলবে না। এখন সম্মান যাচ্ছে, নাম নিলে জাত যাবে, জান যাবে হয়তো।

বিরানব্বই, তিরানব্বই…

মঙ্গলা জানে এই গ্রামে সেই প্রথম নয় যার ঘরে জারজ সন্তান এসেছে, মেয়েরা সব জানে। তার হারাবার কিছু নেই, তাকে রক্ষা করার কেউ নেই। জুতোর বাড়ি খেতে খেতে সে ভাবে, হয়তো ছেলের বাবা রাতে আসবে, দেখবে, খবর নেবে।

পঁচানব্বই…

জয়নাল ঘরের সামনে বসে, পুবের জমিনে কাজ হচ্ছে সেই খবর নেয়। অনেক জমি অনেক ফসল। অনেক লোক লেগেছে। মৃধা মিয়াদের সঙ্গে থাকলে কোনো ভাবনা নেই। আলেয়ার শরীরে সন্তান-আগমনের চিহ্ন সে দেখতে পায়, যেন চামড়ার নিজের প্রাণ আছে, নিজের জান আছে, মাটির মানুষ তার ওপর হাঁটে, বীজ বোনে।

নিরানব্বই…

মঙ্গলা মাটিতে পড়ে কাতরাতে থাকে, ফতে বেওয়া কাছে যায় দৌড়ে, হাতে মঙ্গলার সন্তান, মানুষ ভিড় করে, উৎসুক। এবার যদি সে মরে তবে আরেকটা মজা হবে।

মৃধাবাড়ির পাহারাদার হামিদ মিয়ার শেষবার জুতো-পেটা করা বাকি রয়ে যায়। যে মারছে সে বুঝতে পারে না কী করবে। মাটিতে পড়ে-থাকা মঙ্গলাকে মারবে কিনা বুঝতে পারে না। সে আদেশ পালন করতে চায়, কিন্তু পারছে না। তারপর হাউকাউয়ের মধ্যে বিড়বিড় করে নিজের মনে নামতা পড়ে…

একশ, একশ একশ।

কাজটা শেষ হলো না হামিদ পাহারাদারের।

ছয়

জয়নালের উলঙ্গ দেহটা দেখে আলেয়ার মঙ্গলার উলঙ্গ শিশুটার কথা মনে পড়ে যায়। বাচ্চাটাকে সে দেখেছে দূর থেকে ফতে বেওয়ার কোলে, ওটি ক্ষুদ্র প্রাণ, বিকেলের ক্লান্ত আলোতে চ্যাঁ-চ্যাঁ করে কাঁদছে। ইচ্ছা হচ্ছিল ওকে কোলে নেবার। সে জানে এ সময় শিশুদের দিকে চোখ যায় বেশি। জয়নাল শিশুর মতো শুয়ে আছে নির্বিঘ্নে উদোম শরীরে, সহবাসের ওম পোহাচ্ছে।

মঙ্গলা শুয়ে শুয়ে কাতরায়। নিরানব্বইটা জুতোর বাড়ির আঘাতে শরীর ঘায়েল হয়েছে। সে তো জেনেশুনে সন্তান নিয়েছে। জানে এই গ্রামে কেউ জুতো মারার পর বেশি কিছু করবে না, কারণ কার সন্তান নিয়ে কে টান দেয় বলা যায় না। অনেক কিছুর অনেকে সাক্ষী আছে, এখন নীরব, কিন্তু যদি জেগে যায় তবে জাত আর জারজ এক হবে।

ফতে বেওয়া চুন-হলুদ গরম করে মালিশ করেছে সারা শরীর, এবার ব্যথা কমবে নিজের নিয়মে। বাচ্চাটা বেওয়ার কোলে ঘুমায়। মঙ্গলা তাকিয়ে দেখে আলোছায়ার মধ্যে। বেওয়ার বুকে শুয়ে আছে, অবসন্ন, ঘুমন্ত, জানে না ক্ষুধার্ত কিনা। ক্ষুধার অনেক পথ, নিয়ম, বেওয়ার ক্ষুধা আছে কিনা কে

জানে, ক্ষুধা হয় কিনা কে জানে, মানুষের উলঙ্গ সন্তান বুকে নিয়ে

শুয়ে আছে।

সাত

আলেয়ার সন্তান কি জারজ, আলেয়া জিজ্ঞাসা করে। মাখন কি তার স্বামী? সে তাকে কথা দিয়েছিল বাচ্চা নষ্ট করে দেবার। শহরে গিয়ে ডাক্তার দিয়ে এটা করবে, সে বলেছিল। তাহলে কার বিপদ কমত সে জানে না। মাখন তাকে বিয়ে করতে চেয়েছিল, তার সন্তানের বাপ হতে চেয়েছিল, কিন্তু সেটা সম্ভব

নয়। মৃধা মিয়া তাকে তো ঘরে নিত না। ঘরছাড়া মাখন সংসার করত কীভাবে।

জয়নাল কেমন বাপ হবে? যে-মানুষ এখন তার স্বামী সে কেমন মানুষ? যুদ্ধের পেট থেকে পড়ে মানুষ, কে জানে কেমন মানুষ। ল্যাংটা শিশু দেখে তার নিজের পিতৃত্বের কথা মনে পড়েছিল?

যখন সে মঙ্গলার ওপর শাস্তি জারি করল, একশ জুতো মারার কথা বলল, তখন সে কি ভেবেছিল আলেয়ার এমন দশা হতে পারে? মঙ্গলা পাথরের মতো সবকিছু মেনে নিল, যেন নীরবতার চাদর গায়ে দিয়েছে, জুতো মারলে লাগবে না, কিন্তু জয়নাল যখন আদেশ দিল তার খারাপ লাগেনি একজন মাকে মারতে, যেমন মা সে হতে চলেছে? জয়নালকে এই প্রথম ভয় লাগে তার, অজানা অমানুষ মনে হয়, ভীষণ রাগ হয়। কেমন মানুষ?

মঙ্গলার ঘরে হঠাৎ কেউ ঢিল মারে। ফতে বেওয়া বাইরে যায়, অন্ধকারে ফিরে আসে একটা পোটলা নিয়ে। কিছু কাপড়, কিছু খাবার, কিছু টাকা। সে মেঝেতে এনে রেখে দেয়। তারপর আবার বাচ্চাটাকে কোলে নেয়। মঙ্গলা জিজ্ঞেস করে না কী ছুড়ে দিল।

ল্যাংটা ছেলেটা আকাশের দিকে হাত বাড়ায়, যদিও ক্ষুধায় পুড়ছে তার গা, চারদিকে আজ লেগেছে জ্যোৎøা।

ফতে বেওয়া আপনমনে ঘুমানো শিশুটাকে ঘুমের গান শোনায়।

আট

জুতো-পেটা করার আদেশ আলেয়া সহজভাবে নিয়েছে। তাই জিজ্ঞাসা করেছিল। জয়নাল বলেছিল তার গ্রামের ইজ্জতের কথা। আলেয়া বলেছিল তার মা হবার, জয়নালের বাবা হবার কথা। কথার পিঠে কথা বাড়ে।

আমার উচিত আছিল না ওরে শাস্তি দেওয়া?

তুমি কি জানতা না তার পেটে ভাত নাই, ঘর নাই, বেওয়া…

সমাজ তো আছে সবার জন্য। সে নিয়ম কেউ ভাঙতে পারে না। বেওয়ার বাচ্চা হয় কীভাবে?

তুমি যেদিন আমার ঘরে আইলে সেদিন কি নিয়ম মাইনা আইছিলা?

তুই যে আমারে ঘরে জায়গা দিলি সেটা কি নিয়ম মাইনা?

কী করবা?

যদি দরকার হয় তবে সালিশে যামু। কমু তুই যেনা করছিস। তোর পেটে মাখনের সন্তান।

আলেয়া এতটা আশা করেনি।

মাখন আমার পা ধরেছিল, শাসাইছিল। আমি ভুলি নাই কিন্তু আর বাড়াবাড়ি করিস না।

সে ঘর থেকে বের হয়ে যায়… অশ্বত্থ গাছটার নিচে জ্যোৎøা পড়েছে। সে আকাশের নিচে দাঁড়িয়ে জ্যোৎøা দেখতে পছন্দ করে।

তখন অনেক রাত।

নয়

আলেয়া প্রথম পায়ের আওয়াজ শুনেছে। হঠাৎ কড়কড় করে দরজাটা আওয়াজ দিয়ে খুলে যায়, জনাকয়েক মানুষ ঘরের ভিতর ঢুকে পড়েছে, আবছা অন্ধকারে কেউ চিনতে পারছে না কে কোথায়।

জয়নাল কে কে বলে এগোতে চেষ্টা করে, কিন্তু তখন অস্ত্রটা হাতে উঠে আসছে, নেমে আসছে তার কাঁধ আর মাথা লক্ষ্য করে। সে চিৎকার করছে, লালরঙা হচ্ছে তার জামা-পাজামা। সে মাটিতে তখন পড়ে গেছে, আলেয়া চিৎকার করছে…

আলেয়া নেমে এসেছে বিছানা থেকে, তার শরীর আর তার কাপড় সামলাতে সামলাতে, এক হাত মাথায়, অন্য হাতে দেহের লজ্জা ঢাকছে, সে চিৎকার করে। হাতে একটা খুন্তি অথবা ওরকম কিছু। ততক্ষণে পাশের ঘরে আগুনটা চটপট বাড়ছে, চারদিকে তাপ আর আলো ছড়াচ্ছে, তার কণ্ঠস্বর কে বিলীন করে দিচ্ছে, দূরে মানুষের হৈচৈ।

দরজাজুড়ে কয়েকটা মানুষ ও তাদের ছায়া আকাশের কাছে উঠে গেছে। তাদের ভারে আলেয়া পড়ে গেছে মাটিতে, সেই আলোতে সে দেখতে পায় ঠিক প্রথম দিনের ভঙ্গিমায় মেঝেতে পড়ে আছে জয়নাল, মাথা ফেটে গেছে, ঘিলু ছেটানো ঘরের ভেতর, নিহত হয়ে আকাশ দেখবে না কোনোদিন। মানুষগুলোর আগুনে আলেয়ার ঘর-সংসার পুড়তে থাকে।

আগুনের আলোর ভেতর দিয়ে সধবা আলেয়া আবার বিধবা হয়ে যায়।