সুখ-বিষয়ক জটিলতা

লুকোচুরি খেলার প্রবণতা তার জন্মগত, নাকি লোকভয়ে সমাজের চাপে এটা বেড়েছে, স্বাতী ঠিক জানে না। শৈশবে সবশিশুই তো এরকম খেলার আনন্দে মাতে। স্বাতীরও খুব ভালো লাগত। ধরা পড়ার ভয় এড়াতে কুকুর, বিড়াল, ইঁদুর, এমনকী ভূত থাকতে পারে Ñ এমন স্থানেও লুকাতে দ্বিধা করত না। আবার লুকিয়ে অনেকক্ষণ দম বন্ধ অপেক্ষার পর ধরা দেয়ার জন্যে ছটফট করত। ধরা দেয়ার অধীর আগ্রহে নিজেই টুকু বলে সাড়া দিয়েছে কতবার!

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ধরা দেয়ার আগ্রহটা কমেছে। উলটো নিজেকে গোপন করার স্বভাবটা পোক্ত হয়েছে বরং; যৌবনের শুরুতে নিজের মেয়ে-শরীরের সঙ্গে শরীরী কামনা-বাসনা ও মনের শখ-আহ্লাদ চেপে রাখার বাধ্যবাধকতা পরিবার থেকে পেয়েছিল সে। বাবা-মায়ের শাসন ছিল কড়া, পরিবেশ ছিল বিরুদ্ধে। তারপরও কলেজে ও বাড়িতে চেনা-অচেনা কত ছেলের কাছে ধরা দেয়ার জন্যে নিজের গোপন সত্তাটি সাড়া দিতে ছটফট করত। কিন্তু বিয়ের আগে কোনো ছেলেই তাকে আবিষ্কার করতে মরিয়া হয়ে ওঠেনি। স্বাতীও স্বভাব-সংকোচ ভেঙে কারও সঙ্গে এমন ঘনিষ্ঠ হতে পারেনি, যাকে প্রেম বা বন্ধুত্ব বলে বাইরের লোক শনাক্ত করতে পারে। একাকীত্বকে অনেক সময় আগলে রেখেছে, কিন্তু ছি-ছি করার মতো কাউকে কোনো সুযোগ দেয়নি।

কলেজের গণ্ডি পেরুতেই বিয়ে হয়েছে তার। সেইথেকে রাগ-অনুরাগ, ভালোলাগা-খারাপ লাগা, ধরা দেয়া বা গোপন করা Ñ সবকিছুই চলছে স্বামী রফিককে ঘিরে। বিয়ের তিন বছর পর রফিকের চেষ্টাতেই চাকরিটা হয়েছে, তারও বছরখানেক পর প্রথম সন্তান। অতঃপর ধরাবাঁধা জীবনে অফিস ও সংসারের খাঁচায় সুখী হওয়ার চেষ্টায় দু সন্তানের মা হয়েই মাতৃত্বের বিকাশ সীমিত রেখেছে স্বাতী। এখন অনেকটা ঝামেলামুক্ত তার সংসার। দু মেয়ে আর স্বামীকে ঘিরে নিজের ছোট সংসারে হাঁপ ধরার মতো কারণ যাই ঘটুক, পনেরো বছরের দাম্পত্যজীবনে অন্য কোনো পুরুষের কাছে আবিষ্কৃত হওয়ার আগ্রহ জাগেনি, তেমন সুযোগ এবং সময়ই-বা কোথায় তার? কিন্তু আজ মধ্যবয়সে পৌঁছে হঠাৎ আজ এ কী ঘটল তার জীবনে!

গভীর কোনো প্রেমের সম্পর্ক ছাড়াই স্বাতী একজন চেনাপুরুষের সঙ্গে শরীরী-সম্পর্ক করে এখন ঘরে ফিরছে। এ জীবনে স্বামী ছাড়া অন্য পুরুষের সঙ্গে মাখামাখি ঘনিষ্ঠতার স্বাদ এই প্রথম। স্বাতীর কী ভাল লাগছে? নাকি অনুতাপের গ্লানিতে দেহমন রি-রি করছে এখনো? নিজেও ঠিক বুঝতে পারে না সে। পেশাদার যৌনকর্মী ছাড়াও ভদ্রঘরের অনেক মেয়েই নাকি আজকাল যৌনস্বাধীনতার পক্ষে বড় কথা বলে না কেবল, তেমন আচরণও করে। অর্থবিত্তশালী পুরুষ বন্ধুদের কাছে শস্তা প্রেমে উন্মোচিত হতে পা বাড়িয়ে আছে অনেকেই। তাদের অফিসের শেফালি মেয়েটা প্রমোশন পাওয়ার জন্যে বসের সঙ্গে গোপনে শুয়েছে Ñ আড়ালে কানাঘুষা করে সবাই। শেফালিদের দেখলেই নাকি তাদের স্বভাব-চরিত্র বোঝা যায়। অতঃপর স্বাতীকে দেখলেও কী লোকেরা তাকে শেফালির মতো ভাববে? কিন্তু নিজেকে সে-রকম ভাবতে পারে না স্বাতী। কোনোরকম স্বার্থসিদ্ধি নয়, কোনো প্রাপ্তির আশায় নিজের শরীরীসম্ভ্রম নষ্ট করেনি আজ, উপরন্তু সময় নষ্ট করে ট্যাক্সি ভাড়া প্রায় একশ টাকা গচ্চা দিয়ে ঘরে ফিরছে। রাগ-ঘেন্না এবং ভয় কী তার চোখেমুখে অস্বাভাবিক ছায়া ফেলেছে? এ যুগের মেয়েরা নাকি ডেটিং করে ছেলেবন্ধুদের সঙ্গে শরীরীসম্পর্ক যাওয়াটা স্বাভাবিকভাবে নেয়, বিয়ের পরে মেয়েদের সে-রকম বন্ধু বা গোপন প্রেমিক থাকা কী অস্বাভাবিক? কিন্তু যার সঙ্গে স্বাতীর সম্পর্কটি ঘটে গেল, তার সঙ্গে মনের চাওয়া-পাওয়ার সম্পর্ক গড়ে ওঠেনি। স্বাতীর বন্ধু বা প্রেমিক হিসেবে পরিবারের কেউ তাকে সন্দেহ করা দূরে থাক, নিজেও কখনো তা ভাবেনি। তাহলে কী ব্যাপারটাকে নিছক একটি দুর্ঘটনা ভেবে এক্ষুনি মন থেকে মুছে ফেলা উচিত নয় তার?

মুছে ফেলার সিদ্ধান্ত নিয়ে ট্যাক্সিতে বসে স্বাতী এপাশ-ওপাশ তাকায়। কিন্তু রাস্তার ভিড়ে একজন পুরুষমানুষের চেহারা স্পষ্ট হয়ে ওঠে। ট্যাক্সির ভেতরেও সেই পুরুষ, ফাঁকা ফ্ল্যাটের নির্জনতায় সেই পুরুষ স্বাতীর শরীর নিয়ে খেলছে। মুছে ফেলতে চাইলেও হয়তো এই স্মৃতি সারাজীবনই তার মনে পড়তে থাকবে, ভয়ংকর দুঃস্বপ্নের মতো তাকে কুঁড়েকুঁড়ে খাবে, নাকি তার গোপন অভিজ্ঞতার জগতে সবচেয়ে আনন্দদায়ক উজ্জ্বল স্মৃতি হয়ে থাকবে এই ঘটনা? লোকটা তাকে ভালোবাসার কথাও তো অনেক বলেছে। দ্বিতীয়বার তাকে আর এরকম কোনো কথা বলার সুযোগ দেবে না স্বাতী। দৈবাৎ যদি আবার সে তার মুখোমুখি দাঁড়ায়, তার সঙ্গে স্বপ্নেও কিছু ঘটেনি Ñ এমন স্বাভাবিক থাকবে। প্রত্যক্ষদর্শী, এমনকী ঘটনার হোতা স্বয়ং যদি ঘটনাকে জীবনে সত্য হিসেবে প্রমাণ করতে চায়, তাকে অসুস্থ মনের কল্পনা হিসেবেই উড়িয়ে দেবে সে।

প্রতিদিনের মতো অফিসফেরত ক্লান্ত শরীর নিয়ে বাসায় ঢোকে স্বাতী। রফিক আজ অফিস থেকে স্বাতীর আগেই ফিরেছে। মেয়েরা পড়তে বসেছে। শাড়ি নিয়ে বাথরুমে ঢোকার আগেই টিভি থেকে চোখ সরিয়ে জানতে চায় রফিক, দেরি যে, অফিসে ছিলে এতক্ষণ?

স্বাতী খুব স্বাভাবিক ভঙ্গিতে সত্যি কথা বলে, না। আজ দুপুরের পরই আমাদের সেই আমজাদ ভাইদের বাসায় গিয়েছিলাম। অনেক দিন ধরে বলে। তুমি তো সময়ই দিতে পারো না। আমিই ঘুরে এলাম।

ভালো করেছ, একটা সামাজিক কর্তব্য সেরে এসেছ।

রফিক আবার টিভির পদরায় মনোযোগী হয়ে ওঠে। আমজাদের বাসায় গিয়ে কী দেখল, কী ঘটল Ñ এসব জিজ্ঞেস করলে তার স্ত্রী ও সন্তানের জন্মদিন ঘিরে একগাদা মিথ্যে বলতে হতো। মিথ্যে বলার দায় থেকে মুক্ত হয়েও, বাথরুমে ঢুকে আবার সন্দেহ জাগে, রফিক কী সন্দেহ ঢাকতেই দ্রুত মুখ ফিরিয়ে নিয়ে আর কিছু জানতে চাইল না? বাথরুমের ধূসর আয়নাটিতে নিজেকে খুঁটিয়ে দেখে স্বাতী। গালে-ঠোঁটে আমজাদের জবরদস্তিমূলক প্রেমের চিহ্ন খুঁজতে গিয়ে তার চু¤¦নের ঘ্রাণটি পর্যন্ত স্মৃতিতে জীবন্ত হয়ে ওঠে। মনখোলা হালকা-পাতলা চেহারার পুরুষটি যে ভেতরে ভেতরে এত বেপরোয়া কামুক জন্তু হয়ে উঠবে Ñ স্বাতী আন্দাজ করতে পারেনি। রফিকের মনেও কোনো সন্দেহ জাগেনি বলেই হয়তো সে নির্বিকারে মুখ ফিরিয়ে নিয়েছে। স্বাতী জানে, সন্দেহ জাগলেও সত্যতা যাচাইয়ের জন্যে রফিক আমজাদের সঙ্গে কখনোই যোগাযোগ করবে না। আর আমজাদ তো স্বাতীকে ভালোবাসার অধিকার দিয়ে চিরদিন নিজের করে নেয়ার জন্যে এ ঘটনা ঘটায়নি। ঘটনার আগেই সেটা প্রায় স্পষ্ট করেই বুঝিয়ে দিয়েছে সে।

মেয়ে রাখি বাথরুমের দরজায় ধাক্কা দেয়, ও মা তোমার ফোন। স্বাতী চমকে ওঠে, আমজাদই কি স্বাতীর নিষেধ অগ্রাহ্য করে, তার প্রতিক্রিয়া নতুন করে জানার জন্যে ফোন করেছে? স্বাতী বলে, বলে দে, আমার দেরি হবে।

অফিস থেকে ফিরে শীতকালে সাধারণত দ্বিতীয়বার øান করে না স্বাতী। ঠান্ডা লাগার ধাঁচ তার। আজ গায়ে পানি ঢালতে ইচ্ছে করছে, কিন্তু তাতেও রফিকের মনে সন্দেহ জাগতে পারে ভেবে সংযত হয়। ভেজা গামছায় ভালো করে শরীর রগড়িয়ে সব স্মৃতি-কলঙ্ক মুছে ফেলতে চায়।

বাথরুম থেকে বেরুলে প্রতিদিনের মতো স্বাভাবিক স্বাতী স্বামীর কাছে জানতে চায়, এই, তুমি আবার চা খাবে? রফিক মাথা নেড়ে না বলে। অতঃপর যথারীতি রান্নাঘর, কাজের মেয়ে হালিমাকে ফাই-ফরমাশ, একা চা পান, সংসার গোছগাছ, বাচ্চাদের লেখাপড়ার খোঁজ নেয়া, ডাইনিং টেবিলে বসা, রাত সাড়ে দশটার টিভির খবর দেখা, বাচ্চাদের ঘুমিয়ে দেয়া Ñ সবকিছুই চলে রোজকার নিয়মে। মেয়েরা বড় হয়ে ওঠার পর তাদের জন্যে আলাদা ঘর হয়েছে। রফিকের সঙ্গে ঝগড়া বা মন কষাকষির কোনো ব্যাপার ঘটলে, কিংবা ছোটটি বায়না ধরলে এখনো মেয়েদের সঙ্গে শোয় স্বাতী। আজও রফিককে এড়িয়ে বাচ্চাদের বিছানায় শুতে পারলেই ভালো হতো। কিন্তু অভ্যস্ত কারণ ছাড়া এ ঘরে শুলে রফিকের সন্দেহ বাড়ে যদি? স্বাতী তাই বিছানায় ওঠার আগে ড্রেসিং টেবিলে বসে, অনেক দিনের অভ্যাস। আজ প্রসাধন নেয়ার বদলে হাতে চিরুনি নিয়ে আয়নায় রফিককে দেখে, রফিকও স্ত্রীর পশ্চাৎদেশে বাঁকা চোখ রেখে তাকিয়ে আছে। রাতের শয্যায় দাম্পত্য-আলাপ শুরুর আগ্রহ রফিকই আজ প্রথম দেখায়।

আজ তোমাকে বেশ সতেজ লাগছে। তোমার ওই পুরনো বন্ধু বেশ খাইয়ে দিয়েছে বুঝি। কী উপলক্ষ ছিল?

ও আমার কিসের বন্ধু? টাকা রোজগার আর বড়োলোকি দেখানো ছাড়া ওসব ব্যবসায়ী আর কিছু বোঝে না।

এ ধরনের লোকের সঙ্গে সম্পর্ক রাখলেও খেসারত দিতে হয় জানো।

স্বাতী এতটা চমকে ওঠে যে, রফিকের কথাকে না শোনার ভান করে মুখে লোশন লাগাতে ব্যস্ত হয়ে পড়ে। রফিকের তাকানো কিংবা স্ত্রীর শরীরের প্রশংসার মানে সে বোঝে। কিন্তু আজ প্রশস্তির সঙ্গে চাপা হুঁশিয়ারি কেন? নাকি ঝগড়া করার জন্যে তৈরি হয়ে আছে সে? যেন ক্লান্ত স্বাতীর শরীর-মন খুঁড়ে রফিক তার সন্দেহের সত্যতা পরীক্ষা করবে। ঠান্ডা মেজাজেও হিংসায় জ্বলে উঠতে পারে রফিক। স্বাতী আমজাদের ঘটনার পুনরাবৃত্তি কিংবা ঝগড়া চায় না বলেই মিনতির সুরে বলে, আমার খুব টায়ার্ড লাগছে গো। তুমি ঘুমাও, আমি রাখি-আঁখিদের সঙ্গে শুই।

আমার অফিসের একটা সুখবর তোমাকে বলা হয়নি।

কী?

আমাদের অফিসের মহাদুর্নীতিবাজ এডমিন ডিরেক্টরের কথা বলেছিলাম না তোমাকে, ফোর্থক্লাস কিছু পোস্টে লোক নেয়ার সময় প্রতি কেন্ডিডেটের কাছে এক লাখ করে টাকা করে ওপেনলি ঘুস নিয়েছে। মিনিস্ট্রি থেকে বেটাকে শোকজ করেছে, এবারে সাসপেন্ড হবে মনে হচ্ছে। তাছাড়া দুর্নীতি দমন কমিশনেও ওই ডিরেক্টর আর তার সাঙ্গপাঙ্গদের নামে কমপ্লেন গেছে। ধরা পড়ার ভয়ে দুর্নীতিবাজদের ঘুম হারাম হয়েছে, সব কয়টার চাকরি গেলে আমি খুশি হবো।

লোকজনের চাকরি যাবে, এটা তোমার জন্যে সুখবর?

দুর্নীতিবাজদের পতনের চেয়ে সুখবর আর কী আছে বলো? আমরা দুজন চাকরি করেও ছোট সংসারে এত টানাটানি। আর ওই বেটারা বাড়িগাড়ি হাঁকায়। তবে একদিক থেকে আমরা কিন্তু ওদের চেয়ে খুব সুখে আছি বলতে পারো। সৎভাবে থাকলে অন্তত পতন বা ধরা পড়ার ভয় থাকে না।

অল্প বেতনের ছোট চাকরি এবং নিজের নানাবিধ অযোগ্যতা আড়াল করতে রফিকের এরকম সততার আশ্রয় এবং বড় বড় বুলি নতুন কিছু নয়। কিন্তু আজ রাতে হঠাৎ অফিসের দুর্নীতিবাজদের ধরা পড়ার গল্প বললে কেন? রফিক কী খুব সুচতুরভাবে এগোচ্ছে? আমজাদের প্রসঙ্গটা তোলার জন্যে ভনিতা করছে এরকম?

নিশ্চিত হওয়ার জন্যে স্বাতী আরো উসকে দেয়, খালি কী অফিসের লোকেরা দুর্নীতি করে?

তা ঠিক। রাজনীতি আর ব্যবসা-বাণিজ্যের নামে লুটপাট করছে সবাই। তোমার ওই আমজাদ ভাইদের কথাই ধরো না, কী ছাতা ব্যবসা করে, এই বয়সে নিজের ফ্ল্যাট-গাড়ি, কীভাবে সম্ভব? তা কী রকম দেখলে তার ফ্ল্যাট?

স্বাতী বুঝতে পারে ঠান্ডা মাথায় রফিক আসল সত্য বুঝতে চেষ্টা করছে। মিথ্যের জালে কখন যে ধরা পড়ে যায় স্বাতী! রফিককে সত্য-উদ্ঘাটনে সাহায্য না করার জন্যে রুক্ষ স্বরে কথা বলে সে, যা দেখলাম, শুনলে তোমার হিংসা বাড়বে। ধান্ধাবাজ-দুর্নীতিবাজ যাই বলো, বউ-বাচ্চাকে মহাসুখেই রেখেছে আমজাদ। কিন্তু বড় বড় কথা শোনানো ছাড়া সংসারের চাহিদা মেটানোর কী মুরোদ আছে তোমার? আমজাদ ভাই বরং উচিত কথা বলেছে।

বাহ! বাসায় গিয়ে পুরনো বন্ধুর মহাভক্ত হয়ে গেছ মনে হচ্ছে। তা কী বলেছে আজ সে?

আজ বলবে কেন, সেদিন তোমার সামনেই তো বলল Ñ নিয়মনীতি ভেঙে সুখ-সুবিধা আদায়ের চেষ্টা করছে সবাই। যারা পারছে না, তারাই শুধু অন্যদের গাল দেয়।

খারাপ লোকদের গাল দিলে তোমার লাগে কেন, বুঝলাম না।

স্বাতী স্বামীর শয্যাত্যাগের উপযুক্ত কারণ দেখাতে এবার ঝগড়াটে গলায় কথা বলে, নিজের মুরোদ নেই বলে বউকে চাকরি করতে পাঠিয়েছ, সামাজিকতা করতে খারাপ লোকদের বাসাতেও বউকে একা পাঠাতে উৎসাহ দাও, তোমার এসব কথা শুনে কান পচে গেছে আমার। আমাকে ডিসটার্ব করবে না, ও ঘরে ঘুমাচ্ছি আমি।

হঠাৎ স্বামীর প্রতি তীব্র বিরাগ দেখিয়ে ঘুমন্ত মেয়েদের বিছানায় এসে শোয় স্বাতী। জেগে থাকলে সন্তানদের কাছেও হয়তো কৈফিয়ত দিতে হতো। সত্যই তার ক্লান্ত লাগছে। দুর্ঘটনার স্মৃতি মন থেকে মুছে ফেলার জন্যে আমজাদের সঙ্গে সকল সম্পর্ক চুকিয়ে দিয়েই তো এসেছে সে। কিন্তু রফিকই খুঁচিয়ে মাঝরাতে পাপ-দুর্নীতি জাগাতে চায় কেন? আমজাদই কী তার সংসার ভাঙার জন্যে বাসায় ফোন করে রফিককে বলে দিয়েছে কিছু? যে-লোক কৌশলে পরস্ত্রীকে এত সহজে বিছানায় নিতে পারে, কারও ঘর ভাঙতে তার দ্বিধাভয় না থাকাই স্বাভাবিক। এ কারণে স্বামীকে সত্যি কথাটা বলেছে স্বাতী। কিন্তু রফিক এরপরেও যদি আমজাদের বাসায় যাওয়া প্রসঙ্গে সন্দেহ দেখায়, স্বাতী আরো সত্যি বলবে, বাসায় আমজাদের বাসায় আজ তার বউ-বাচ্চা, এমনকী কাজের মেয়েও ছিল না। কী ঘটেছে Ñ সেটা কোনোদিনই সে বলবে না, সাহস থাকলে আমজাদের কাছে গিয়ে শুনে আসুক সে।

ফাঁকা ফ্ল্যাটে আমজাদের সঙ্গে স্বাতীর সময় কাটানোর স্বরূপ অনুমান করতে অবশ্য দেরি হবে না রফিকের। বিয়ের পরও নিজের ভাড়া বাসায় তেমন পরিবেশ পেয়ে দূরসম্পর্কের আত্মীয়া এক কিশোরীকে একলা পেয়ে, মেয়েটিকে বলা যায় Ñ রেপ করেছিল রফিক। যে-স্ত্রীকে স্বামীর এমন বর্বর কাণ্ডকীর্তির সাক্ষী হয়ে থাকতে হয় সারা জীবন, তার কাছে স্বামীর আদর্শবাদ অসহ্য লাগাই স্বাভাবিক। আর তেমন স্বামীকে ভয় পাওয়ারই বা কী আছে। বাড়াবাড়ি করলে স্বাতী সাফসাফ জানিয়ে দেবে, হ্যাঁ, আমার এই পদস্খলনের জন্যে তুমি, তোমার এই একঘেয়ে টানাপোড়েনের প্রেমহীন সংসারই দায়ী। আসলে এটা পদস্খলনও নয়, আমজাদ আমাকে ভালোবাসে, ভালোবেসে সে তোমার চেয়েও অনেক বেশি সুখ দিয়েছে আমাকে।

পাতলা ক¤¦লের নিচে মাথামুখ ঢেকে স্বাতী অন্ধকারে আমজাদের ফ্ল্যাটে ঘটে যাওয়া ঘটনায় ভালোবাসার সুখও খোঁজে। বেশবাস ঠিক করে আমজাদের ঘরেরই প্রশস্ত আয়নায় নিজেকে স্বাভাবিক রূপে ফিরে পাওয়ার জন্যে চূড়ান্তভাবে বলেছিল সে, এরপর আমাদের আর দেখা হওয়া উচিত নয়। প্লিজ আর অফিসে বা বাড়িতে যেও না, টেলিফোনও করবে না।

আমজাদ হেসে জবাব দিয়েছে, ঠিক আছে, তুমি ব্যাপারটা স্বাভাবিকভাবে না নেয়া পর্যন্ত যাবো না, ফোনও করব না।

স্বাতী বলতে পারত, তোমার বউ-ছেলে যদি জানতে পারে আমার সঙ্গে এরকম গোপন ভালোবাসার কথা, স্বাভাবিক থাকবে তোমার ঘর-সংসার? তুমিও কী এরকম হাসিমুখে থাকতে পারবে?

কিন্তু আমজাদের সঙ্গে আর কথা বলার রুচি হয়নি। বিদায়-সম্ভাষণ না জানিয়ে, তার গাড়িতে পৌঁছে দেয়ার প্রস্তাব দুপায়ে মাড়িয়ে বেরিয়ে এসেছে সে।

এরপরেও দেখা হবে, কথা বলতেই হবে, এমন কোনো ঘনিষ্ঠ বন্ধু সে নয়। পাবনা এডওয়ার্ড কলেজে পড়ার সময় আমজাদ তার সহপাঠী ছিল। স্বাতীরা যে-মহল্লায় থাকত, কাছাকাছি ছিল তাদের বাড়ি। কিন্তু মুখচেনা সম্পর্ক ছাড়া কথাবার্তাও হয়নি কখনো তার সঙ্গে। কলেজ ছাড়ার পর আর কখনো দেখাও হয়নি। মাত্র বছরখানেক আগে, কী কাজে স্বাতীর অফিসে এসে স্বাতীকে আবিষ্কার করে নতুন করে পরিচয় দিয়েছিল সে। হারানো অতীতকে ফিরে পাওয়ার আনন্দে সৌজন্যবশত লোকটাকে প্রশ্রয় দিয়েছিল স্বাতী। পুরনো প্রসঙ্গ তুলে আমজাদ হাসতে হাসতে বলেছিল, একটু শাই আর ভীতু টাইপের ছিলাম তো, মন চাইলেও আপনার কাছে ঘেঁষার সাহস পাই নাই। পাছে গুন্ডা-বদমাশ ভাবেন। তাছাড়া আপনার লগে কুদ্দুস, মাখনের ভালো সম্পর্ক আছিল।

না, না, টুকটাক কথাবার্তা ছাড়া ক্লাসে কার সঙ্গেই আমার তেমন কোনো বন্ধুত্ব ছিল না।

কিন্তু সহপাঠী ছাড়াও এক জেলার মানুষ আমরা, এতদিন পর দেখা যখন হইল, আপনাকে আর ছাড়ছি না। বাসার ঠিকানা দেন, বউ-বাচ্চা লইয়া যাবো, আর আমার এই কার্ড রাখেন। সাহেবরে নিয়া আইসেন একদিন।

স্বাতী ঢাকায় সুপ্রতিষ্ঠিত আমজাদের হালহকিকত জানার পর বাসার ঠিকানা দিতে দ্বিধা করেনি। বাসায় ফিরে সেদিন রাতেই আমজাদের গল্প রফিককে বিস্তারিত শুনিয়েছিল। রফিক কিছুমাত্র খারাপ সন্দেহ করেনি। বরং উৎসাহ দিয়ে বলেছিল, নিজের ফ্ল্যাটে থাকে, ব্যবসা করে Ñ খাতির-টাতির হলে আমাদেরও শস্তায় ফ্ল্যাট কেনার সুযোগ আসতে পারে। ফোন করে বাসায় আসতে বলো একদিন।

মনে কোনো পাপ ছিল না বলে স্বাতী সেদিন রফিকের ঈর্ষা জাগাতে খোঁচা দিয়েছিল, আজ জানলাম, ওই আমজাদও নাকি মনে মনে আমার জন্যে বেশ পাগল ছিল। ক্লাসে আরো কতজন যে হাঁ করে তাকিয়ে থাকত, তোমার জন্যে সব জমিয়ে না রেখে ছেলেগুলোকে একটু-আধটু পাত্তা দেয়া উচিত ছিল আমার।

তবে ওই একদিনই মাত্র, এরপর আমজাদের সঙ্গে যে কয়েকবার দেখা হয়েছে, যা যা কথা হয়েছে Ñ স্বামীর কাছে তার ধারাবর্ণনা দেয়ার প্রয়োজন বোধ করেনি স্বাতী। বাসাতেও সপরিবার বেড়াতে এসে আমজাদ তো নিজের স্বভাব-চরিত্র রফিকের কাছেও স্পষ্ট করে তুলেছিল। পরিবারিক বা সামাজিক সম্পর্কের মূল হিসেবে দুজনের একান্ত গোপন সম্পর্ক ভিত হিসেবে কাজ করছে Ñ এমন সন্দেহ কারও মনেই জাগেনি। এমন সন্দেহ সংগত কি-না, পরখ করার জন্যে স্বাতী একবার টেলিফোনে ঠাট্টাচ্ছলে বলেছিল, কলেজে আমাকে মনে মনে ভালো লাগত, এখন বুঝি প্রকাশ্যে ভালো লাগছে?

না লাগলে আর কি প্রকাশ্যে দিনদুপুরে ফোন করি।

ভাবিকে বলে দিয়ে আসব কিন্তু।

ভাবি ভালো করেই জানে, তার বিষগিট্টু খুইলা পোলাপান-সংসার ছাইড়া আর কারও গলায় ঝোলার সাধ্য আমার নাই। ভালোবাসলেও তোমার গলায় ঝুলতে পারুম না, তুমিও আমার গলায় ঝুইলা থাকতে পারবা না। নাকি পারবা কও?

স্বাতী জবাব দিয়েছিল, তার মানে ভালোবাসায় আর আগের জোর নাই।

ভালোবাসার জোর দিয়া জীবন চলে না রে বইন!

আমজাদের একতরফা যোগাযোগ এবং মনখোলা সরস কথাবার্তা শুনে তাকে একটু একটু ভালো লাগতে শুরু করেছিল। কিন্তু এই বন্ধুত্ব-ভালোলাগার সুযোগ নিয়ে ধাড়িবাজ লোকটা যে এত দ্রুত তাকে বিছানায় তোলার প্ল্যান পাকাপোক্ত করবে, ভাবতে পারেনি স্বাতী। হাত ধরার আগেই নিজের জান্তব ক্ষুধাকে হাসিমুখে উন্মোচন করেছিল সে, কলেজে পড়ার সময় তোমার চেহারা কল্পনা কইরা কতবার যে মাস্টারবেট করছি! সেই তুমি আজ আমার ঘরে! কী যে আল্লাহর রহমত, কী খুশি যে আমার লাগতাছে স্বাতী!

আমজাদের আনন্দ-আবেগকেঠেকাতে কোনো প্রতিরোধই কাজে লাগেনি স্বাতীর। নিজে পরাস্ত হয়ে, চোখবুজে ফোঁস ফোঁস করে শ্বাসপ্রশ^াস ফেলছিল শুধু। বুকে স্তন ছিঁড়ে যাওয়ার মতো যন্ত্রণা হলে জোর করে মাথা সরিয়ে দিয়েছিল আমজাদের, আমজাদের মুখ তখন স্বাতীর নিুাঙ্গে স্থির হয়ে ছিল অনেকক্ষণ। পুরুষমানুষ এরকম হতে পারে Ñ ভাবতেও গা ঘিনঘিন করে স্বাতীর।

মন থেকে মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েও গভীর রাতে লোকটা আবার মনে জীবন্ত হয়ে ওঠায় স্বাতী নিজের ওপর বিরক্ত হয়ে ওঠে। রফিক হয়তো এতক্ষণে ঘুমিয়ে গেছে। আর স্বাতী জেগে জেগে এ কী করছে? হঠাৎ ঘুমের ঘোরে আখি পাশ ফিরে মাকে রক্ষা করে যেন। মেয়েকে জড়িয়ে ধরে স্বাতী এবার কান্নায় ভেঙে পড়ে। চোখের জল ফেলে হালকা হওয়ার পর, একসময়ে ঘুমাতেও পারে সে।

ঘুম ভাঙলে সকাল থেকে সংসার আবার সংসারের নিয়মেই স্বাভাবিক চলতে থাকে। বাচ্চাদের স্কুলে পাঠানো, দিনে নিজের অফিস এবং অফিস থেকে ফেরার পরেও দৈনন্দিন ঘরকন্নার ব্যস্ততার চাপে আমজাদ কিংবা রফিকের কথা ভাববারও যেন ফুরসত পায় না সে। রাতে ঝগড়া করে রফিককে দূরে সরিয়ে রাখার পর সে আগ বাড়িয়ে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে না আর। নিজের একাকীত্ব আগলে কী ভাবছে রফিক Ñ বুঝতে পারে না স্বাতী। পরের রাতেও স্বাতী বাচ্চাদের বিছানায় ঘুমাতে এলে বাচ্চারাও বাবা-মায়ের ঝগড়া অনুমান করে, কিন্তু দুজনের মাঝের দূরত্ব-সৃষ্টিকারী আমজাদকে নিশ্চয় দেখতে পায় না। রফিক কতটা দেখতে পেয়েছে, কোন সত্য আবিষ্কারের কল্পনায় স্ত্রীকে কাছে পাওয়ার বাসনা লুপ্ত হয়েছে তার Ñ বুঝতে না পারলে স্বাতীই বা তার সঙ্গে আপোস করতে যায় কোন ভরসায়? অন্যদিকে যার জন্যে স্বাতীর মনের তোলপাড় অসুখ সংসারেও কালো ছায়া ফেলছে, সে হয়তো তার বউবাচ্চা নিয়ে নিশ্চিন্ত আরামেই আছে। নতুন করে আর-একটি ভালোলাগা মেয়ের শরীর ভোগের নীলনকশা করছে। এই ঘৃণিত লোকটাকে নিয়ে কথা বলার চেয়ে স্বাতী স্বামীর সঙ্গে ঝগড়া-অভিমান করে আলাদা থাকাটাকেই এখনো শ্রেয় ভাবছে। রফিক আমজাদের বাসায় যাওয়ার বৃত্তান্ত জানতে চাইলে পাশাপাশি ঘরেও স্বামী-স্ত্রীর শান্তিপূর্ণ বসবাস দুঃসহ হয়ে উঠবে সন্দেহ নেই। একই রকম আশঙ্কা থেকেই কি রফিক বউকে বিছানায় ডাকার সাহস পায় না, নাকি স্বাতীকে কাছে পাওয়ার রুচি চিরতরে নষ্ট হয়েছে তার?

অবশেষে, তৃতীয় রাতে স্বাতী মেয়েরা ঘুমিয়ে যাওয়ার পর নিজেই রফিকের পাশে নিজের শূন্যস্থান দখল করে মান-ভাঙানো সুরে কথা বলে।

এই ঘুমিয়েছ?

চেষ্টা করছি।

সেদিন রাতে ওরকম ব্যবহার করার জন্যে রাগ করেছ আমার সঙ্গে?

না, তুমি সত্যি কথাই তো বলেছ। আমি আসলে অযোগ্য, যতই ভালোবাসি, স্ত্রী-সন্তানদের সুখ-স্বাচ্ছন্দ্যে রাখার যোগ্যতা আমার নেই।

আমি আসলে ক্ষমা চাইছি।

কী জন্যে?

সেদিন আমজাদের সঙ্গে তুলনা করে তোমাকে বকা দেয়ার জন্যে। আমার আসলে ওর বাসাতেও যাওয়া উচিত হয়নি।

আমি সে-জন্যে বিন্দুমাত্র রাগ করিনি স্বাতী। তুমি অবশ্যই যাবে, সমাজে থাকতে হলে সমাজে সুপ্রতিষ্ঠিত লোকজনের সঙ্গে সম্পর্ক রেখে চলতে হবে। বিপদ-আপদে ওরকম লোকজনের কাছে ধরনা না দিয়ে তো আমাদের উপায় নেই।

নিজের পুরনো যুক্তির সমর্থন পেয়ে, স্বাতীও স্বামীর যুক্তিতে আত্মসমর্পণ করে, কিন্তু তুমি ঠিকই বলেছ গো, সৎভাবে আছি বলে আমরা ওদের চেয়ে সুখে আছি, পতনের ভয় বা ধরা পড়ার ভয়ও আমাদের নেই।

রফিক জবাব দেয় না।

স্বাতী আগ বাড়িয়ে আদর সোহাগ দেখায়, তুমি আমাকে আগের মতো ভালোবাস না, রাগ করে থাকলেও রাগ ভাঙাতে যাও না।

অপেক্ষায় ছিলাম, অক্ষম অযোগ্য স্বামীকে আর ভালোবাসতে আসো কিনা।

স্বামীর অভিমান মুছে দেয়ার জন্যে অনেকগুলো চু¤¦নও যথেষ্ট না হওয়ায়, স্বাতী আজ রফিকের ওপরে উঠে বসে। ভালোবাসার আবেগে তাকে একাগ্র ও দৃঢ় করে তোলার চেষ্টায় চকিতে মনে পড়ে আমজাদের শয্যাদৃশ্য। আত্মসমর্পণ করার পরেও ভয়ে-লজ্জায় আমজাদের দিকে চোখ তুলে তাকাতে পারেনি স্বাতী। আজ স্বামীর নিরীহ পরিচিত শরীরের দিকে তাকিয়ে বেপরোয়া আমজাদের দৃঢ়তা মনে পড়ে, কানে বাজে তার আবেগময় কণ্ঠ Ñ তুমি আমার বউ হইলে এত সুখ পাইতাম না, তুমি আমার বন্ধু হইয়াই থাক স্বাতী, টেক ইট ইজি।

সহজ করে নেয়ার জন্যেই কি স্বাতী স্বামীকে সম্পূর্ণ গিলে খাওয়ার আগ্রাসী তৃষ্ণা নিয়েই যেন, আবেগ-বিকৃত কণ্ঠে বলে, এই, তোমাকে নিয়ে আমি আমজাদের বাসায় আবার যাবো, ওদের বুঝিয়ে দিয়ে আসব Ñ ঘুস খাই না দুর্নীতি করি না, ধরা পড়ার ভয়ও নেই, বরং আমরাই বেশি সুখী।

অতঃপর নিজের সুখ ও নিরাপত্তাকে বড় করে তোলার জন্যে আমজাদের চেয়েও আজ বড় বেপরোয়া আবেগে উন্মত্ত-প্রায় হয়ে ওঠে স্বাতী।