বাংলাদেশ ও ভারত-শিল্পীদের যৌথ চিত্রপ্রদর্শনী

গত ডিসেম্বরের শেষ দিনের ঠিক একদিন আগে থেকে এ বছরের প্রথম মাসের ১০ তারিখ পর্যন্ত ধানমন্ডির শিল্পাঙ্গন চিত্রশালায় বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিস্থানীয় যশস্বী শিল্পীদের বন্ধন নামে একটি চিত্রকর্ম-প্রদর্শনী হয়ে গেল। সাউথ এশিয়ান কম্যুনিটি অফ আর্ট অ্যান্ড কালচার নামক প্রতিষ্ঠান সাকাক, শিল্পী মাকসুদুল আহসান যার অন্যতম প্রতিষ্ঠাতা-সদস্য, তাঁর ঐকান্তিক উৎসাহ এবং কর্মোদ্যোগে বিশেষভাবে উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ এই প্রদর্শনীর আয়োজন হয়েছে। দুই দেশের রাজনীতি, ভৌগোলিক অবস্থান, সংস্কৃতি, আবহাওয়া, সাধারণ মানুষের যাপিত জীবন, প্রকৃতি, বৃক্ষ, নদী-নালা, আকাশ-বাতাস, দুর্যোগ-ঝঞ্ঝা Ñ সব প্রায় একই সমতা ও প্রকারের, যদিও রাজনীতি নামক নিষ্ঠুর এবং অমোঘ মনুষ্যনির্ভর ক্রিয়াকলাপে বিত্ত ও ক্ষমতাবান পুরুষদের মানসিক, বাস্তবিক ও অস্বাভাবিক আচরণে দেশটি কয়েকটি ভূভাগে বিভক্ত এখন, যার প্রত্যক্ষ প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ জনগণ এবং প্রকৃতি, নদী ও মাটি। এইরূপের অসহায় অবলোকনে শিল্পী ও সাহিত্যিকরা সবচেয়ে বেশি মানসিক ধাক্কা পেয়ে থাকেন এবং তা ক্রমান্তরে রূপ নেয় তাদের ছবি ও সাহিত্যকর্মে। দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশ কমবেশি এই মিথস্ক্রিয়ায় জারিত হয়েছে, বিশেষ করে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ। প্রদর্শনীটি এই পরিপ্রেক্ষিতে শুধু ভারত ও বাংলাদেশের শিল্পীদের চিত্রকর্ম নিয়ে সাজানো হয়েছে, বলা যায় তা অসম্পূর্ণ, তাই আগামীতে আশা করা যায় প্রতিষ্ঠানের নামটি যেমন দক্ষিণ এশিয়া নিয়ে তেমনি কর্মেও যতদূর সম্ভব দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশের যথেষ্টসংখ্যক শিল্পকর্ম নিয়ে আয়োজিত হলে প্রদর্শনীর নামকরণটির প্রতি যথাযথ বিচার করা হবে।

প্রদর্শনীতে ভারতের সাত জন প্রখ্যাত প্রবীণ ও তরুণশিল্পী Ñ এফ. এন সুজা, এম. এফ হুসেন, কে. জি সুব্রামনিয়ান, যোগেন চৌধুরী, সনৎ কর, সনৎকুমার বসাক এবং অদিতি চক্রবর্তী আর বাংলাদেশের চোদ্দ জন স্বনামখ্যাত যশস্বী শিল্পী Ñ কামরুল হাসান, আমিনুল ইসলাম, কাইয়ুম চৌধুরী, দেবদাস চক্রবর্তী, নিতুন কুণ্ডু, সমরজিৎ রায় চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী, মনিরুল ইসলাম, মাহমুদুল হক, আবদুস শাকুর, ফরিদা জামান, রনজিৎ দাস এবং মাকসুদুল আহসান অংশ নিয়েছেন তাদের প্রায় পঞ্চাশটি চিত্রকর্ম উপস্থাপনের মাধ্যমে। এঁদের মধ্যে দুজন পথিকৃৎ-শিল্পী এফ এন সুজা এবং কামরুল হাসান পরলোকবাসী। বৈচিত্র্যময় প্রদর্শনীটিতে দুটি দেশের সমকালীন চিত্রকলা কোনদিকে এগুচ্ছে এবং কীভাবে, তার কিছুটা আভাস খুঁজে পাওয়া যায়। ভারতের ছবিগুলো প্রায় ছাপচিত্রের, এচিং, সেরিগ্রাফ, লিথোগ্রাফ, বোর্ডের ওপর অ্যাক্রিলিক Ñ এরকম অনেক মাধ্যম দ্বারা সৃষ্টি করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশের শিল্পীরাও তাঁদের ছবিতে তেল, জল, উডকাট, মিক্সড মিডিয়া, অ্যাক্রিলিক ইত্যাদি ব্যবহার করে ছবিগুলো তাঁদের মনমতো বিষয়শৈলী নিয়ে নির্মাণ করেছেন। দুটি দেশের চিত্রশিল্প প্রায় একই সময়ে, বিশেষ করে ইংরেজ আমলে প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রসার ও শুভারম্ভ হয় কলকাতা, মু¤¦াই ও মাদ্রাজে। কলকাতার শিল্পশিক্ষা-প্রতিষ্ঠানে আমাদের প্রবীণ ও অগ্রজ শিল্পীরা, জয়নুল আবেদিন, শফিউদ্দিন আহমেদ, কামরুল হাসান প্রমুখ, সেখানে শিক্ষালাভ করে জয়নুলের নেতৃত্বে এদেশে আধুনিক চিত্রশিল্প শিক্ষা-প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেন এবং সেই ধারাবাহিকতার ফসল বিভিন্ন শিক্ষাপ্রাপ্ত শিল্পী দেশ ও বিদেশের শিক্ষা-অর্জনের মাধ্যমে দেশে একটি বলিষ্ঠ শিল্প-অধ্যায়ের সৃষ্টি করতে সমর্থ হয়েছেন, এই প্রদর্শনীতে প্রদর্শিত ছবিগুলো সেই প্রমাণ দেয়।

ভারতের এফ এন সুজা পিকাসোর বলিষ্ঠ প্রতিকৃতির মাধ্যমে নিজের শিল্পীজীবনের টানাপোড়েন, ক্ষত-বিক্ষত সময়, সংগ্রাম ও সংকটকে কালোর মধ্যে সাদার লাইন বা আঁচড়ে নিদারুণভাবে ফুটিয়ে তুলেছেন। তার বিপরীতে স্বতঃস্ফূর্ত বিকাশে এম এফ হুসেন তাঁর মোটাদাগের গতিময় কালো দাগে বিম্বিত লাস্যময়ী ভারতীয় নৃত্যরতা দেহভঙ্গিমা নিয়ে মাধবী সিরিজ ও মহাভারতের দুর্যোধনের শরশয্যা ইত্যাদি বেশ কয়েকটি ছাপচিত্রের মাধ্যমে উপস্থাপিত করেছেন। এই সময়ের কিংবদন্তিতুল্য সবচেয়ে আলোচিত-সমালোচিত খ্যাতিমান শিল্পী হুসেনের বৈশিষ্ট্য-সহজ-সরল জানা বিষয়, জনগণের পছন্দের জনপ্রিয় কোনো ঘটনা, সিনেমার নায়িকা কিংবা রামায়ণ-মহাভারতের পূজনীয় নরনারীর চরিত্র-বাছাই, পরিবেশনায় সরাসরি বাস্তবমুখিনতা, রঙের সাবলীল-বলিষ্ঠ প্রয়োগ। স্বতঃস্ফূর্ত ড্রয়িং, গতিশীল ছন্দ Ñ সবমিলে তাঁর ছবি প্রকৃতপক্ষে সবশ্রেণির দর্শককে আকর্ষণ করার বিরল ক্ষমতা রাখে। তাঁর বেশ কয়েকটি ছবি এই প্রদর্শনীতে দেখার সুযোগ ঘটেছে। শিল্পী ও শিক্ষক কে. জি সুব্রামনিয়ানের ছবিও লাইনপ্রধান এবং বিষয়বস্তু সামাজিক অবিচার-অনাচার-অত্যাচার-অনিয়মকেন্দ্রিক। তাই তাঁর ছবি চোখকে পীড়িত করে তবে মনকে ভাবিয়ে তোলে। বাস্তবতা যেহেতু কঠিন ও নগ্ন Ñ তাঁর ছবি সেগুলোকে ধরার চেষ্টা করে, তাই স্বভাবতই হয়ে ওঠে কর্কশ ও পীড়াদায়ক। সমাজ, মানুষ ও সময়ের প্রতি সামাজিক অঙ্গীকার, শিল্পীর দায়বদ্ধতা ইত্যাদি প্রবচনের দ্বারা হয়তো এইসব কিছুটা চিহ্নিত করা যায়, কিন্তু এর সমাধানে শিল্পীরা বড়ই অসহায় ও অপারগ, তাঁদের কিছুই করার নেই দর্শকদের মনে ভাবনা সৃষ্টি ও উপস্থাপনা ছাড়া। শিল্পীর এই শিল্প ও মনোভঙ্গি দ্বারা তাঁর অনেক ছাত্র প্রভাবান্বিত হয়েছেন ওদেশে ও এদেশে, তা কোনো দোষের নয়, তবে তা থেকে উত্তরণ ঘটানোই মূল কথা এবং নিরন্তর শিল্পচর্চার মাধ্যমে অবশ্যই তা সম্ভব। যোগেন চৌধুরী ও সনৎ করের ছবিও লাইনধর্মী এবং মোটা কালো দাগের মধ্যে ও মাধ্যমে তাঁরাসাধারণ বিষয়কে বড্ড মুনশিয়ানায় সাবলীল ও স্বাভাবিকতায় ফুটিয়ে তোলেন। উত্তমকুমার বসাকের এচিং সেই রাজা-বাদশা যুগের গৌরবময় ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়। পেছনে রাজার রাজত্বে গড়া স্থাপত্যনিদর্শন, মসজিদ-মিনার, গম্বুজ-মন্দির, তার মধ্যে সাধারণের মনুষ্য-অর্থ যেন পুষ্পের উপহার Ñ বিষয়গুলো হৃদয়গ্রাহী ও অতীতচারী বর্তমান প্রেক্ষাপটে Ñ এবং এখনো এমন চলছে। সময় বদলেছে, তবে বিষয় অপরিবর্তিত হয়ে আছে। বোর্ডের ওপর অ্যাক্রিলিক দিয়ে একটির ওপরে আরেকটি বসিয়ে ত্রিস্তরের ভঙ্গিতে অদিতি চক্রবর্তী তাঁর ছবিতে মানুষ, পাখি, ফুল, মাছ ইত্যাদি রং-বেরঙে সাজিয়েছেন, যা সহজেই দৃষ্টি কাড়ে।

বাংলাদেশের শিল্পীদের মধ্যে কামরুল হাসানের নিজের প্রোফাইল Ñ প্রতিকৃতি কালোর মধ্যে সাদা কয়েকটি অপূর্ব মুনশিয়ানায় ক্ষিপ্র আঁচড়ে সাবলীলভাবে ফুটে উঠেছে। আমিনুল ইসলামের বিভিন্ন উজ্জ্বল বিমূর্ত রঙের উদ্দামতা বা বিস্ফোরণ সত্যিই স্বাধীনতা বা মুক্তিসংগ্রামের প্রতীক ও শক্তিকে ধরে রেখেছে। কাইয়ুম চৌধুরীর ‘গ্রহণে’ সেই গতিময়তা, তবে তা মূর্ততায় বিকশিত ও বিকাশিত। পক্ষান্তরে দেবদাস চক্রবর্তী কতিপয় লোকজ প্রতীক নিয়ে ক্যানভাসের সবুজাভ রঙের মধ্যে সেসব মেঝেতে আলপনার মতো সাজিয়েছেন তাঁর উৎসব-সজ্জায়। সমরজিৎ রায় চৌধুরী তাঁর ‘চাঁদের আলোয় সূর্যমুখী’তে কালচে-নীল রঙের সাহচর্যে হলুদাভ আবহে আলোর বিচ্ছুরণ ঘটিয়েছেন। হাশেম খান তাঁর সবুজে সবুজের পটভূমিকায় কয়েকটি ভীষণ চ্যাপটা-মোটা তুলির টানে কালো, হলুদ, নীলাভ ও কলাপাতা সবুজের সুন্দর আনন্দের সমাহার করেছেন। রফিকুন নবী উডকাটে ‘ঝড়ো দুপুরে’ সবুজ গাছের ওপর দিয়ে প্রবল বাতাসের দাপট অপূর্ব শিল্পশৈলী দ্বারা কিছু লাল রেখার গতিময় আলোড়নে বি¤ি¦ত করেছেন। মনিরুল ইসলামের জলরঙে ‘গৌরবের পথে’র দ্বারা পুরানো সেই মধ্য-সভ্যতার কালের দিকে ইঙ্গিত ও নির্দেশনা দিয়েছেন। নিতুন কুণ্ডুর ‘উৎসবের প্রতীকে’ কয়েকটি উজ্জ্বল রঙের কৌণিক, আনুভূমিক ও আলম্ব গঠনসমূহ ছবিটিকে বিমূর্ত ও প্রাণবন্ত করেছে। মাহমুদুল হকও বিমূর্ততায়, তবে রং-ব্যবহার তাঁর পরিমিত মুনশিয়ানায় হলুদ, নীলাভ-সবুজের প্রচ্ছায়া ও প্রযত্নে আল¤ি¦ক আকারে সাবলীল। আবদুস শাকুর তাঁর লোকজ গঠনে মধ্যযুগের ময়মনসিংহ গীতিকার চরিত্র-চিত্রণে সিদ্ধহস্ত হয়ে দিন দিন সিদ্ধকাম হয়ে বিশেষভাবে বিশেষায়িত হয়ে উঠছেন দেশের মূল সংস্কৃতির পরিচয়ে ব্যতিক্রমী এক প্রয়াসে এবং তা অবশ্যই প্রশংসার যোগ্য। প্রদর্শনীতে একজন মাত্র মহিলা শিল্পী Ñ শিল্পবিচারে যদিও শিল্পীদের এরূপ বিভাজন কিছুতেই উচিত নয়, তবুও তাঁদের সংখ্যাস্বল্পতার কারণে বিষয়টি যাতে আনুপাতিক হারে সমানুপাতিক হয়ে ওঠে ভবিষ্যতে, সেজন্যে উল্লিখিত হলো। ফরিদার বিষয় মাছ, পাখি, জল, জাল, চাঁদ, আকাশ, মাটি এবং তাদের সহাবস্থান। প্রবল হলুদ আর সবুজাভ রঙের আধিক্য ও বুনোটে দেশের প্রতি ভালোবাসায় ছবিটি অনুপম হয়ে দেখা দিয়েছে। বেগুনি বৃষ্টিতে পরিবেশ দূষণে চিন্তিত শিল্পী রনজিৎ দাস বড় অস্থির Ñ আলপনার, তাই বিমূর্ত গতিশীলতায় তিনি সাবলীল। মাকসুদুল আহসান পোস্টমর্টেমে গাঁধীর আকুল- চিন্তিত অবলোকন নারী নয়, নারীর প্রতীকে দেশ বা ভারতবর্ষ শয্যাশায়ী। দ্বিখণ্ডিত দেশ ভাগ হয়ে যাচ্ছে, তিনি অসহায়, কিছুই করতে পারছেন না, নেতা হিসেবে তিনি অনুশোচিত, কে জানে Ñ এরকম অনেক চিন্তার জন্ম দেয় এই মূর্ত ছবিটি দেখে।

সবকিছু মিলে প্রদর্শনীটি বেশ চমকপ্রদ। ভারতের শিল্পীরা যেখানে শেকড়, ঐতিহ্য ও মূর্ততায় সবাই প্রায় সমাসীন ও চর্চিত, যদিও ছবিগুলো দ্বারা পূর্ণ প্রতিনিধিত্ব হয় না, তবুও এটি লক্ষ করা যায়। তুলনায় বাংলাদেশের শিল্পীরা বিশ্বমুখী, চঞ্চল, অস্থির, বেশি পরীক্ষা-নিরীক্ষাপ্রবণ, কুশলী, উদ্যোগী ও আক্রমণপ্রবণ। শিল্পের উৎকর্ষে উভয় গুণেরই প্রয়োজন Ñ নিজের শেকড়-ঐতিহ্য ও বিশ্বায়ন, দুটো নিয়েই বৈচিত্র্যময় শিল্পযাত্রার উত্তরণ ঘটাতে হবে দিন দিন দেশ ও বিদেশের প্রেক্ষাপটে Ñ সম্মিলিত এই চিত্রপ্রদর্শনীর মধ্য দিয়ে সেই কথাটি বড় হয়ে দেখা দিয়েছে।

আরেকটি বিষয় মনে রেখাপাত করে, সেটি হলো এই যে, বলা হয়ে থাকে বক্তৃতা-বিবৃতিতে এরকমের যৌথ চিত্রপ্রদর্শনী দুটি দেশের মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা ও ভাবের আদান-প্রদানে সহায়ক ভূমিকা রাখবে, শিল্প ও সংস্কৃতির প্রভূত উন্নতি লাভ হবে এবং দিন দিন দুটি দেশে সৌহার্দ, ভ্রাতৃত্ববোধ ইত্যাদি বৃদ্ধি পেয়ে সবাই সুখে-শান্তিতে বসবাস করবে; কিন্তু বাস্তবে তা দেখা যায় না। শিল্পীদের সুন্দর ছবির অন্তর্নিহিত মানবিক শিল্পময় বোধ নিষ্ঠুর রাজনীতিতে আর কতটুকুই-বা প্রভাব বিস্তার করতে পারে! সেই সুবোধটি যদি ছবির মাধ্যমে নিয়ে আসতে পারা যেত, তাহলে দুটি দেশের মধ্যে বিরাজমান অস্বাভাবিক অসম বাণিজ্য আমদানি-রপ্তানি, সীমান্ত-সংঘর্ষ, দেশ-ভ্রমণের জন্য ভিসা-সংকট ও ঝামেলা ইত্যাদি কেন এখনো বলবৎ রয়েছে? শিল্পীদের শিল্পসৃষ্টি দিয়ে তাই শান্তি ও বন্ধুত্বের ললিত বাণী প্রচার করা যায়, কিন্তু বাস্তবে তার কিছুই ঘটে না। এটিই সত্য ও নিষ্ঠুর বাস্তবতা।