বিন্দু-রেখার সংলাপ

শিল্পী ফকরুল ইসলাম কাজ করেন ইমেজ নিয়ে। ইমেজ মূলত প্রকৃত বস্তুর অবভাসকেই বোঝায় বা ইঙ্গিত করে। ফলে ফকরুল ইসলাম অবভাসনির্ভর চিত্রকলার চর্চা করে থাকেন। ইঙ্গিতময় এই চিত্রধারার রেখা-রঙের পরিধি বহু অর্থে বিস্তৃত থাকে। যার ফলে মনে হয় অর্থের যে-প্রচলিত অর্থ আমরা ধারণ করি সেই ধারণ বস্তুর সঙ্গে এই উৎপাদিত বস্তুর মিলন বা সংঘাত হয়ে থাকে, বিমূর্তবোধের জন্মই সেখান থেকে। বিষয়টি হচ্ছে বিমূর্ত চিত্রকলা, সকল সময়েই বহুরূপী ও স্বল্প প্রস্ফুটিত হয়ে থাকতে চায়। অর্থাৎ বস্তুর বিনির্মাণের নানাবিধ সম্ভাবনা যাচাইকরণের ফলেই এই অর্ধস্বচ্ছতার জন্ম হয়।

এদেশে ফিগারেটিভ স্বচ্ছতার জায়গা থেকে পঞ্চাশ-ষাট দশকে শিল্পীরা সরে এসে বিমূর্তবাদের দিকে ঝুঁকে পড়েন এবং ব্যাপক চর্চা শুরু হয়। এখন পর্যন্ত এই ধারা বিদ্যমান, তবে পাশাপাশি ফিগারেটিভ চিত্রকলারও এক প্রকার প্রত্যাবর্তন লক্ষ করা যাচ্ছে। বিমূর্ত চিত্রধারার সাম্প্রতিক চিত্রকরদের মধ্যে ফকরুল ইসলাম গুরুত্বপূর্ণ। এক প্রকার মডার্নিস্ট নিশ্চিতি নিয়ে তাঁর যাত্রা বহমান। এই নিশ্চিতির সঙ্গে যোগ হয়েছে ব্যক্তিস্বাতন্ত্র্যের বিচ্ছিন্নতা, যা থেকে তিনি খুঁজে নিয়েছেন চিত্ররচনার নিজস্ব পদ্ধতি Ñ এবং রং ও রেখার বিশেষ ধাঁচের ব্যবহার।

শিল্পী ফকরুল কাজ করেন বিন্দু ও রেখার সহাবস্থানে, সেই সঙ্গে যুক্ত হয় আলো-আঁধারী আর সাদা-কালো-বাদামির মিশ্র জগৎ। সে-অর্থে ফকরুলের ছবিতে রঙের অনুপস্থিতি রয়েছে Ñ রঙের এই অনুপস্থিতিই আবার এক ধরনের পরিপক্ব ব্যক্তিত্বের জন্ম দেয়। অভিজ্ঞতার পরিপক্বতা ফকরুলের ছবির অন্যতম প্রধান ধ্বনি।

সুইসবোর্ডে প্রেসের কালো কালি, লিনসিড অয়েল, কখনো ভেজিটেবল অয়েল Ñ এসবের মিশ্রণে তিনি কালো-বাদামি রঙের উপরিতল তৈরি করেন। তিনি সুইসবোর্ড ছিদ্র করে মৌমাছির চাকের মতো অজস্র কৃষ্ণবিন্দু তৈরি করেন। বিন্দু ও রেখা তৈরি করেন এক প্রকার আঁচড় ও ছিদ্র করে Ñ এই টেক্সচারধর্মী অবয়ব-নির্মাণ তাঁর ছবিকে মৃদু ত্রিমাত্রিকতা ও স্পেসের ভিন্নতর ব্যবহারে আগ্রহী করেছে।

শিল্পী ফকরুলের ছবি মূলত স্পেসের বিভাজন ও ব্যাখ্যা। শুধুমাত্র স্পেসের ব্যাখ্যাই ছবি হয়ে উঠতে পারে Ñ এটিই বিমূর্তবাদ বলতে চেয়েছে, ফকরুল ইসলাম সে-বিষয়ে সচেতন। যে-কারণে দেখা যায় অতি সামান্য কাজ করেও তিনি ছবি শেষ করেছেন, আবার কিছু ক্ষেত্রে বিন্দু-রেখার জমাট মিশ্রণে ঘন কৃষ্ণবর্ণ স্পেস ও রহস্যময়তা তৈরি করেছেন।

শিল্পী ফকরুল প্রথমত তাঁর যাত্রা শুরু করেন এক প্রকার ভূমিচিত্র-রচনার মাধ্যমে। এ ল্যান্ডস্কেপের মাধ্যমেই তিনি পরবর্তী সময়ে গ্রাফিকাল ও অর্গানিক স্পেস তৈরির প্রয়াস পেয়েছেন।

এবারের প্রদর্শনীতেও সবচেয়ে উল্লেখযোগ্য কাজ ছিল তিনটি ল্যান্ডস্কেপধর্মী কাজ। যেগুলোর আলো-আঁধারের অদ্ভুত পরিবেশ ভিন্ন জগতের আভাস দেয়। সে-সূত্রে গ্রাফিক্সধর্মী কম্পোজিশনের কাজগুলো অপেক্ষাকৃত একমাত্রার। বৃত্ত ও উলম্ব আয়তাকার ফর্মগুলো নিয়ে কাজগুলোতে ধারালো ব্যাপার থাকলেও বক্তব্যের দিক দিয়ে সীমিত। বরং ল্যান্ডস্কেপের আভাসসম্পন্ন কাজগুলো অপেক্ষাকৃত কাব্যিক ও বহুধারায় প্রবাহিত। ফকরুল ইসলামের ছবির আলো পরিশুদ্ধ ও কিছুটা আধ্যাত্মিক। এই আধ্যাত্মিকতা তাঁর দৃঢ় ধর্মবিশ্বাস থেকেই উৎসারিত এবং নিঃসঙ্গ যাত্রার সরল অভিব্যক্তি।

ফকরুল ইসলামের ছবি সমাজকে সৌন্দর্য ও রহস্যের দিকে ধাবিত করে। এই রহস্য কখনো মানব-অস্তিত্বের আদি পর্বের অথবা মহাকালের বিস্তৃতির। যে-কারণে দেখা যায়, বিন্দু ও গোলাকার আকৃতিগুলো কোনো-এক সুদূর স্পেস ও টাইমের দিকে দর্শককে নিয়ে যেতে চায়। সাদা ও কালো-দৃঢ়তা তার সরলতাকে প্রকাশ করে। দৃঢ় যে-কোনো কিছুরই উৎস সরল হতে বাধ্য। ফকরুল ইসলাম আপাদমস্তক মডার্নিস্ট। তাঁর ধর্মবিশ্বাসেও এর প্রভাব আছে। তাঁর ধর্মচিন্তার সঙ্গে তাঁর চিত্রজগতের এক প্রকার সম্পর্ক বিদ্যমান। যে-কারণে ইসলামি চিত্রকলার বিমূর্ত প্রতীকবাদ হয়তো কোনোভাবে তাঁকে আকৃষ্ট করে থাকতে পারে, তবে জাপানে প্রচলিত মিনিমালিস্ট প্রবণতার প্রতি কিছুটা আগ্রহী। কালের স্থায়িত্ব ও বস্তুর পরিবর্তন তাঁর ছবির রেখা, রং ও টেক্সচারকে রোমাঞ্চকর করে তোলে।