হালিমুল ইসলাম খোকন কাজ করেন সিরামিক্স ও পেইন্টিং নিয়ে। সিরামিক্সের কাজ একটি স্বতন্ত্র সংবেদনার কাজ। এক্ষেত্রে টেকনিক্যাল দক্ষতার স্থানটি সাধারণত গুরুত্ব পেয়ে থাকে। এদেশের চিত্রকলায় সিরামিক্স শিল্পের স্থানটি এখন পর্যন্ত শিল্প হিসেবে সে-রকম প্রতিক্রিয়া তৈরি না করতে পারলেও অনেকেই চর্চা করে চলেছেন। সেক্ষেত্রে কিছু প্রচলিত গৎবাঁধা ভঙ্গির চর্চাই এখানে হয়ে থাকে। এছাড়া এ মাধ্যমে কাজ করার সময় শিল্পীরা প্রাধান্য দিয়ে থাকেন ফাংশনাল জিনিসপত্রে Ñ যেমন, কাপ-পিরিচ, ফ্লাওয়ার ভাস্, অ্যাশট্রে, ডেকোরেশন পিস Ñ এসবে। ফলে শিল্পসৃষ্টিতে প্রথমেই কিছু বাধা চলে আসে। তবে এই বাধাকেই অনেকে কাজে লাগিয়ে বিবর্তিত রং ও রূপের মাধ্যমে এসব তৈরি করে থাকেন। সিরামিক্স-মিডিয়াটি মূলত ইন্ডাস্ট্রিয়াল প্রয়োজনে ব্যাপকভাবে ব্যবহৃত হয় দুনিয়াজুড়ে। ফলে এক্ষেত্রে এক প্রকার কমার্শিয়াল স্তর অতিক্রম করার ব্যাপারে শিল্পীকে সচেতন থাকতে হয়। সেজন্য সিরামিক্স শিল্পীদের প্রত্যেকেরই ফর্ম এবং রঙের যথাসম্ভব বিবর্তনের আনুষঙ্গিক জানতে হবে এবং এ দুই বিষয়ে স্বকীয় সমন্বয়ই হবে পূর্বসূত্রতা ছিন্ন করার পদ্ধতি।
শিল্পী হালিমুলের সিরামিক্সের কাজে ফিগারের বিবর্তন উল্লেখযোগ্য। মানুষের ফিগারের ফর্মগুলোকে তিনি এক প্রকার বিবৃতিকরণের মধ্য দিয়ে আদিম আবহ তৈরি করেছেন। অনেকটা জমাটবদ্ধ লাভার উপরিতলের মতো উপরিতলসম্পন্ন এই ফিগারগুলো স্ফীত, প্রাচীন, অস্ফুট এবং বিকাশমান। যেন এগুলোর শারীরিক পরিবর্তন এখনো সম্পন্ন হয়নি Ñ অথবা যে-কোনো রূপ এই ফিগারগুলো ধারণ করতে পারে। ফিগারেটিভ যে-কোনো কাজের বৈশিষ্ট্য হওয়া উচিত প্লাস্টিক গুণসম্পন্ন। মূলত শিল্প নিজেই প্লাস্টিক মিডিয়া। নমনীয়তাই শিল্পের একটি প্রধান আসঙ্গ। আদিম অনুভূতির এই ফিগারগুলো থেকে শিল্পী হালিমুল আরো বেশকিছু প্রসঙ্গ তৈরি করতে পারেন। মনে হয় গল্প তৈরি করে ফিগারগুলোর প্রতিস্থাপন ও ভাবকে সমৃদ্ধ করবে। তবে ফিগারগুলোর স্থূল আকৃতি ও উপরিতলের রুক্ষ ভূমি, ছিদ্রযুক্ত ত্বক, মস্তকবিহীন মস্তকের আভাস Ñ এগুলো গল্প বলতে চায়।
শিল্পী হালিমুল এই প্রদর্শনীতে পেইন্টিংও রেখেছেন। মূলত সাদা-কালোর মনোক্রমে করা বিমূর্ত ধাঁচের কাজগুলো টেক্সচারাল। টেক্সচারের মতো করে দেওয়া কালো, ধূসর রঙের বিন্যাস অনেকটা ওপর থেকে দেখা অনেক নিচের ভূচিত্রের মতো। কিছু ছবিতে ফিগারের ভঙ্গুর আভাস লক্ষণীয়। জলছাপের মতো এক প্রকার অনিশ্চয়তা ছবিগুলোকে নানা অর্থে সমর্পিত করে। জাপানপ্রবাসী এই শিল্পীর এসব কাজে জাপানিজ মডার্নচিত্রের মিনিমালিস্ট আচরণ লক্ষ করা যায়। জাপানপ্রবাসী শিল্পী গিয়াসউদ্দিনের কাজের অনুপ্রেরণা কিছুটা তার বিমূর্ত কাজে লক্ষণীয়। কখনো অজ্ঞাত প্রতীকের মতো অবভাস চিত্রের আবহ নিয়ে তাঁর ছবিতে এসেছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে, ফিগারেটিভ থেকে একেবারে বিমূর্ত ধারায় দুদিকেই তিনি অগ্রসর হয়েছেন। সেক্ষেত্রে এ দুধারার কোনটি তাকে দীর্ঘদিন ধরে রাখে সেটিই বিবেচ্য। কারণ শিল্পী বা শিল্প হচ্ছে সেটিই, যার ব্যাখ্যা এদের সম্পৃক্ততার জায়গা থেকেই দেওয়া যায়।

Leave a Reply
You must be logged in to post a comment.