ওল্ড মাস্টার্স-ইয়াং ভয়েসেস প্রবীণ ও নবীনের মেলা

ধারণাটি মন্দ নয় – এই উপমহাদেশে যাঁরা চিত্রকলার চর্চা করছেন, তাঁদের মধ্যে যাঁরা প্রবীণ এবং স্বনামে প্রতিষ্ঠিত -অর্থাৎ যাঁরা ওস্তাদ, মাস্টার্স – তাঁদের সঙ্গে যারা নতুন এবং নিজেদের প্রজন্মের প্রতিনিধিত্ব করছেন তাদের কাজের উৎকর্ষ, চিন্তার নতুনত্ব এবং শৈলীর অভিনবত্বের কারণে, তাদের কাজ একই সঙ্গে, একই ছাদের নিচে প্রদর্শন করা। এ কাজটি আগে বিচ্ছিন্নভাবে হয়েছে, নানা দেশে – শ্রীলঙ্কায় দেখেছিলাম এক প্রখ্যাত প্রবীণ চিত্রকরের তেরোটি কাজের সঙ্গে নতুন চারজনের বেশকিছু কাজের একটি প্রদর্শনী। তবে সে প্রদর্শনীর উদ্দেশ্য ছিল নবীন-প্রবীণের মাঝখানের দূরত্ব ভাঙা। দূরত্ব ভেঙেছিল কিনা জানি না, কিন্তু প্রদর্শনী দেখে আমার মনে হয়েছিল, বিশেষ করে চার নবীনের কাজে ওই প্রবীণের প্রবল উপস্থিতি দেখে, এর নামটি ‘দূরত্বমোচন’ না হয়ে ‘প্রভাব’ বা ‘প্রভাব-প্রবাহ’ হলে ভালো হতো। বাংলাদেশেও শফিউদ্দিন, কিবরিয়া বা আমিনুল ইসলামের কাজের সঙ্গে তরুণদের কাজ প্রদর্শিত হতে দেখেছি জয়নুল গ্যালারিতে, শিল্পকলা একাডেমী গ্যালারিতে। তবে সেসব প্রদর্শনীতে প্রবীণ ও নবীনরা ঘুরেছেন নিজ নিজ কক্ষপথে। প্রভাব-নির্ণয়, সাদৃশ্য-তুলনা অথবা পরম্পরার উদাহরণ খোঁজা সেখানে উদ্দেশ্য ছিল না। তবে পাঁচটি দেশের ওল্ড মাস্টার্স এবং তরুণ কণ্ঠীদের প্রদর্শনীর এত বড় আয়োজন আগে হয়নি। এজন্য উদ্যোক্তাদের সাধুবাদ জানাতেই হয়।

উদ্যোক্তা বলতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর লাহোর-বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান গৌস আকবর এবং প্রদর্শনীর প্রধান কিউরেটর সালিমা হাশমী। প্রদর্শনীটি লাহোরের আলহামরা কলাকেন্দ্রের প্রায় সবগুলো গ্যালারিজুড়ে গত বছর নভেম্বরের ২৩ থেকে ডিসেম্বরের ৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হলো। গৌস আকবর ব্যবসায়ী মানুষ, তবে শিল্পসাহিত্যের বড় সমঝদার। বস্তুত তাঁর সংগ্রহ থেকেই কিবরিয়ার ছবিগুলো এসেছে প্রদর্শনীতে। তবে সে-কথা পরে। গৌস বয়সে তরুণ, শিক্ষিত, মার্জিত এবং শিল্পের প্রতি আন্তরিক। মুখ্যমন্ত্রীর লাহোর-বিষয়ক টাস্কফোর্স সরকারি ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগে লাহোরের ঐতিহাসিক নানা নিদর্শনের সংস্কার করছে, মেরামত করছে, সব স্থাপনায় আধুনিক আলোক-প্রক্ষেপণের ব্যবস্থা করছে। সারা শহরের চেহারা পালটে দিচ্ছে এই টাস্কফোর্স। গৌস আকবর এই প্রদর্শনীটিকে লাহোরের পুনর্জাগরণের একটি চিহ্ন হিসেবে দেখাতে সচেষ্ট ছিলেন শুরু থেকেই। সেজন্য তিনি সাহায্য নিয়েছেন সালিমা হাশমীর – যিনি নিজে একজন চিত্রকর এবং কিউরেটর। দেশে-বিদেশে পাকিস্তানি তরুণ শিল্পীদের অনেক সুপরিকল্পিত প্রদর্শনীর কিউরেটর হিসেবে তিনি তাঁর কুশলতার প্রমাণ রেখেছেন। প্রখ্যাত কবি ফয়েজ আহমেদ ফয়েজ তাঁর বাবা, যিনি নিজেও ছিলেন ছবির সমঝদার এবং সংগ্রাহক। ২০০২ সালে ইংলন্ডের ম্যানচেস্টারে যে-কমনওয়েলথ গেমস হয়, তাকে উপলক্ষ করে ইংল্যান্ডের চারটি শহরে এই উপমহাদেশের চারটি দেশের শিল্পকলার প্রদর্শনীও হয়। ম্যানচেস্টারে হয় ভারতের, ওল্ডহ্যামে বাংলাদেশের, প্রেস্টনে পাকিস্তানের এবং লিভারপুলে শ্রীলঙ্কার প্রদর্শনী। সালিমা হাশমী পাকিস্তানি শিল্পীদের কাজ এবং কয়েকজন শিল্পীকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন; আমি ছিলাম বাংলাদেশী শিল্পকর্ম-প্রদর্শনীর কিউরেটর। ম্যানচেস্টারে তাঁর সঙ্গে প্রথম দেখা হয়। তারপর তিনি আসেন ওল্ডহ্যামে, বাংলাদেশী শিল্পকর্মের প্রদর্শনীর উদ্বোধনী দিনে; আমরাও যাই প্রেস্টনে,পাকিস্তানি শিল্পকর্ম- প্রদর্শনীর উদ্বোধনী দিনে। ম্যানচেস্টারে একটি সেমিনারও হয় প্রদর্শনী-উপলক্ষে, সেখানে সালিমা বলেন তার দেশের শিল্পকলা নিয়ে, আমি বলি আমার দেশের শিল্পকলা নিয়ে। তার সঙ্গে পরিচয় বন্ধুত্বে গড়ায়। বয়সে আমার দশ বছরের বড়, কিন্তু তাঁকে সালিমা বলেই সম্বোধন করি। তাঁর নামের শেষে, উপমহাদেশীয় প্রথা- অনুযায়ী, আপা সম্বোধন জুড়ে দেইনি – অথবা দিতে হয়নি তাঁর সহজ আন্তরিকতার কারণে।

লাহোরের প্রবীণ-নবীন প্রদর্শনীর জন্য চারটি দেশ থেকে সহযোগী কিউরেটর খুঁজছিলেন তিনি। আমার কাছে প্রস্তাব এলো, প্রথমে দ্বিধান্বিত ছিলাম। কিন্তু সালিমা থেকে কয়েকটি ই-মেইল পাবার পর রাজি হতে হলো। একজন সমকালীন প্রবীণ মাস্টার, একজন নবীন কণ্ঠস্বর নির্বাচন করতে হবে।

নির্বাচনের একটি সূত্র – প্রবীণ শিল্পী তাঁকেই বেছে নেব, যিনি শুধু নিজের কাজের বৈশিষ্ট্যেই একটি অনন্য অবস্থানে আছেন, তা নয়, বরং যিনি অনেক তরুণকে প্রভাবিত এবং উৎসাহিতও করেছেন। এরকম শিল্পী বাংলাদেশে বেশ কয়েকজন আছেন। তবে মোহাম্মদ কিবরিয়ার নামটা প্রথমেই মনে এলো – প্রধানত দুই কারণে। এক. কিবরিয়া নিঃসন্দেহে তাঁর প্রজন্মের একজন পথিকৃৎ শিল্পী, যিনি আমাদের বিমূর্ত ধারার ছবিতে নিজের স্পষ্ট একটি স্বাক্ষর এঁকে দিয়েছেন এবং অনেক তরুণ শিল্পীকে নানান সীমাবদ্ধতার বৃত্ত ভেঙে বেরিয়ে আসতে উৎসাহ দিয়েছেন। দুই. বাংলাদেশ শিল্পকলা একাডেমী থেকে কিবরিয়ার ওপর আমার একটি বই বেরিয়েছে। এ বইটি লিখতে গিয়ে দু-তিনবার তাঁর দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছি। তাঁর সঙ্গে তাঁর ছবি নিয়ে অনেক আলাপ হয়েছে। কাজেই লাহোরের প্রদর্শনী-উপলক্ষে যে ক্যাটালগ বা ব্রোশিওর তৈরি হয়েছে – যা খুবই সমৃদ্ধ এবং দৃষ্টিনন্দন একটি প্রকাশনা হয়ে দাঁড়িয়েছে শেষ পর্যন্ত – তাতে কিবরিয়াকে নিয়ে পরিচিতিমূলক লেখাটি সহজেই এবং বেঁধে দেওয়া সংক্ষিপ্ত সময়ে শেষ করা যাবে, সেই বিবেচনা। আর তরুণদের ভেতর আমি বেছে নিয়েছি শিশির ভট্টাচার্যকে, ওই একই কারণে। শিশির একদিকে সংবেদী এবং চিন্তাজাগানিয়া ছবি আঁকছে, সিনেমার ব্যানার বা পোস্টারের ইমেজগুলোকে দিব্যি ঢুকিয়ে দিচ্ছে তার ক্যানভাসের জটিল জগতে এবং এভাবে শিল্পের সীমানা ভেঙে বহুমাত্রিক চিত্রাভাস তৈরি করছে, অন্যদিকে রাজনৈতিক-সামাজিক কার্টুন-চিত্রের মাধ্যমে শিল্পকে প্রাত্যহিকতার বলয়ে নিয়ে যাচ্ছে – এতসব কাজ একসঙ্গে করা খুব সহজ নয়। ছবি নিয়ে তার ভাবনাগুলোও স্পষ্ট এবং তার কাজে যেমন, তার বক্তব্যেও তেমনি, কোনো জড়তা নেই। আমি ঢালী আল মামুনকেও বেছে নিতে পারতাম। মামুনের ‘ওয়াটার ইজ ইনোসেন্ট’ শীর্ষক সাম্প্রতিক মিশ্র-স্থাপনা শিল্পের প্রদর্শনীটি যারা দেখেছেন, তারা নিশ্চয় স্বীকার করবেন, শিল্পের একটি নতুন মাত্রা ও নতুন ব্যাখ্যা – এবং হ্যাঁ, নতুন এক প্রয়োগযোগ্যতাও সে হাজির করেছে। কিন্তু মামুন থাকে চাঁটগা, আমি ঢাকা। মাঝখানে ১৬০ মাইল এবং অমোচনীয় যোগাযোগ-দূরত্ব।

সালিমা হাশমী ছবির বিবরণ, আকৃতি-প্রকৃতি সম্বন্ধে আগেই জানতে চেয়েছেন। শিশির বড়মাপের ছবি আঁকে। তার পরিকল্পিত ছবিগুলোর আকৃতি-প্রকৃতি সম্পর্কে জানালাম। সালিমা বললেন, দেয়াল তোলা থাকবে শিশিরের জন্য। কিবরিয়ার ছবির আকৃতি অনুমান করে পাঠালাম। কিন্তু কপাল। তিনি অসুস্থ হয়ে পড়লেন। ঘরে তাঁর ছবি নেই। যাদের সংগ্রহে আছে, দিতে রাজি হলেন না। স্বাভাবিক, বিদেশে ছবি পাঠিয়ে ভরসা করা যায় না। দামি ছবি। তাছাড়া কিবরিয়ার ছবিতে টেক্সচারের কাজ থাকে, পিগমেন্ট লাগানো থাকে বেশ ঘন করে অনেক সময়। সেগুলো ট্রান্সপোর্টেশনের ধকলে ফেটে গেলে কী হবে! শেষমেষ তাঁর দু-তিন প্রিন্ট অন্তত পাওয়া যায় কিনা সে-চেষ্টা চালালাম। সহযোগিতা মিলল না। ব্যাপারটা আমাকে খুব হতাশ করেছে। আমার মনে হয়েছে, নিজের সংগ্রহে একটা-দুটো প্রিন্ট থাকলে দিয়ে দিতাম। হারিয়ে গেলে যেত। জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয়। বাংলাদেশ বিমানে একবার সিলেট থেকে ঢাকা আসার পথে এরকম দার্শনিক প্রত্যয় জন্মেছিল – কিছুই ধরে রাখব না। প্রায় -বিকল বিমান যখন ভূমিতে নামল কোনো বিপর্যয় ছাড়াই, দেখলাম পুরনো স্বস্তিটা ফিরে আসলেও ওই নুতন-জাগা দার্শনিক প্রত্যয়টি চলে যায়নি।

সব দেশের ‘মাস্টার’দের কাজ যাচ্ছে। ভারত থেকে মকবুল ফিদা হুসেন নিজে যাচ্ছেন। তিনি লাহোরে বসেই আঁকবেন তাঁর ছবি। অথচ কিবরিয়ার কোনো ছবি যাচ্ছে না। এদিকে বেঙ্গল গ্যালারীর পরিচালক সুবীর চৌধুরী আমার অনুরোধে সাড়া দিয়ে ঈদের ছুটি সত্ত্বেও পরিচিত কাঠমিস্ত্রী দিয়ে ক্রেট বানিয়ে রেখেছেন। ক্রেটগুলো আমার দিকে তাকিয়ে হা হা হাসতে লাগল।

সালিমা হাশমীকে জানালাম, কিবরিয়ার কাজ একটাও জোগাড় হয়নি। তিনি বললেন, আমি দেখছি। তারপর করাচি থেকে বেরিয়ে এলো কিবরিয়ার দুর্দান্ত তিন পেইন্টিং, একটি প্রিন্ট। প্রদর্শনীর মূল গ্যালারির প্রধান কক্ষে হুসেনের পাশের দেয়ালে চমৎকার গিল্ট ফ্রেমে বাঁধানো এসব ছবি দেখে দর্শক পুলকিত হয়েছেন। কোনো সম্ভাবনাই যেখানে ছিল না একটাও ছবি পাওয়ার, সেখানে চার-চারটে ছবিই শুধু পাওয়া গেল না, তিনটি তেলরঙের ছবিতে কিবরিয়ার চিত্রশিল্পের ক্রমবিকাশের একটা পরিচয়ও পাওয়া গেল!

শিশিরের ব্যাপারে আমি পুরোপুরি নিশ্চিন্ত ছিলাম। সে ছবি আঁকল এবং সময়মতো সেগুলো পাকিস্তানে পাঠাবার জন্যে ডিএইচএলের সঙ্গে যোগাযোগ করলাম। পাঠানোর পুরো খরচ দেবে উদ্যোক্তারা। কিন্তু বাংলাদেশ থেকে প্রদর্শনীর জন্যে পেইন্টিং বিদেশে পাঠানো আর চাঁদে মানুষ পাঠানো একই ব্যাপার। আমাকে বলা হলো, দুই মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। তার ওপর কাস্টমস, আরো এটা-সেটা। অথচ আস্ত মানুষ দেশ থেকে পাচার হয়ে যায়!

ছবিগুলো ফ্রেম হয়ে গিয়েছিল। সব খোলা হলো। ছয় ফুট স্কোয়ার ছবি। সব রোল করে বড় প্লাস্টিকের সিলিন্ডারে ঢোকানো হলো। এরকম সিলিন্ডার হলো দুটি – চটে মোড়া, ওজন নিতান্ত কম নয়। কিন্তু যাবার দিন হলো বিপত্তি। একটা মাইক্রোবাসে ছবিগুলো নিয়ে এয়ারপোর্ট যাওয়া গেল কোনো বিপত্তি ছাড়াই, কিন্তু পিআইএর কাউন্টার-ক্লার্কেরা জানিয়ে দিল, এগুলো হাতে করে নেওয়া তো যাবেই না, লাগেজেও দেওয়া যাবে না, যেহেতু কনভেয়র বেল্টে এত বড় বস্তু পাঠানো যাবে না – যে-কোনো মোড়ে আটকে যাবে। এগুলো কার্গোতে পাঠাতে হবে। পিআইএ-র স্টেশন-ম্যানেজারকে জানালাম ব্যাপারটা। সজ্জন মানুষ। দুজন লোক ঠিক করে দিলেন। তারা হাতে বয়ে উড়োজাহাজে তুলে দিল।

কিন্তু করাচিতে যখন লাগেজ থেকে উদ্ধার করা গেল বিশালাকৃতির সিলিন্ডার দুটি, তাদের ট্রলিতে তোলাটাই একটা বিদঘুটে কাজ হয়ে দাঁড়াল। শিশির খুব হাসল এই দৃশ্য দেখে। তার কার্টুন-সুলভ চিন্তায় যা ধরা পড়ল : বিমানবন্দর দিয়ে আমি একটি এবং সে একটি সিলিন্ডার কাঁধে নিয়ে ছুটছি -আন্তর্জাতিক থেকে অভ্যন্তরীণ টার্মিনালে। শিবরাম চক্রবর্তীর একটি গল্প ছিল, ‘মই নিয়ে হৈচৈ’। একটি মই এক বাড়ি থেকে আরেক বাড়িতে পৌঁছে দেওয়া। কলকাতার রাস্তায় ট্রামে বাসে করে ওই মই পৌঁছে দেওয়ার বিড়ম্বনার কাহিনী এখনো হাসির জোগান দেয়। আমার হাতে লম্বা সিলিন্ডার দেখে শিশিরের হয়তো ওই মই-বিড়ম্বনার কাহিনী মনে হয়েছে।

যাবার আগে অবশ্য ভিসা নিতে হয়, টিকেট পেতে হয়। ভিসা নিতে গিয়ে মনে হলো, পাকিস্তানের দূতাবাসের মতো এতো অমার্জিত এবং অ-কূটনীতিবিদ আচরণের লোকজন আর কোনো দূতাবাসে নেই। এক অফিসার আমাদের পাঠিয়েছিলেন এক কেরানির কাছে। সেই কেরানির গায়ে তাতে যেন হুল ফুটল। সে উচ্চৈঃস্বরে গজগজ করতে লাগলো, কেন আমরা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাচ্ছি। ভাবখানা এই, যেন বাঁশের থেকে কঞ্চি দড়।

দুই

লাহোরে নেমে অবশ্য মনটা কিছুটা শীতল হলো। সালিমা হাশমী এসেছেন, সঙ্গে বিকনহাউজ ইউনিভার্সিটির আর্টস্কুলের দুই বাংলাদেশী ছাত্রী, ফুল হাতে, আমাদের অভ্যর্থনা জানাতে। হাশমী এখন এই স্কুলের ডিন। এককালে ছিলেন লাহোরের বিখ্যাত ন্যাশনাল কলেজ অফ আর্টের প্রফেসর (কলেজটি উপমহাদেশের প্রথম চারটি আর্ট স্কুলের একটি – শুরুতে নাম ছিল মেয়ো স্কুল অফ আর্ট)। আলহামরা আর্ট সেন্টারের পায়ে-হাঁটা দূরত্বেই পার্ল কন্টিনেন্টাল হোটেলে রাখা হয়েছিল সকল শিল্পী ও কিউরেটরকে। সেখানে দেখা মিলল শ্রীলঙ্কার কিউরেটর ও শিল্পী আনোলি পেরেরার। তার সঙ্গেও ২০০২ সালে ম্যানচেস্টারে দেখা হয়েছিল। আনোলির সঙ্গে আছেন শ্রীলঙ্কার ‘মাস্টার’ এইচ. এ. কারুণারত্নে। কারু বলেই তাকে সবাই ডাকে। জাপানে কিবরিয়ার সঙ্গে পড়াশোনা করেছেন – বন্ধুত্ব ছিল তাঁদের মধ্যে। চমৎকার স্বাস্থ্য, বিনয়ী এবং মৃদুভাষী মানুষ। শিশির বলল, এবং আমারও মনে হলো – গলার স্বরে দুজনের মধ্যে প্রচুর মিল। হঠাৎ মনে হবে যেন কিবরিয়াই কথা বলছেন। অসুস্থতার জন্য কিবরিয়া যাননি, এজন্য কারু খুব আফসোস করলেন।

উদ্যোক্তাদের – এবং সালিমা হাশমী ও তাঁর সহযোগীদের – আতিথেয়তা ছিল নিখুঁত। লাহোরের ঐতিহাসিক জায়গাগুলো দেখা হয়েছে। ওয়াগা সীমান্তে পাকিস্তান-ভারতের চেঞ্জ অফ গার্ড অনুষ্ঠানটিও তাদের সৌজন্যে দেখা হয়েছে এবং তাতে পাকিস্তানি সংস্কৃতিতে পুরুষতান্ত্রিকতার বিশাল প্রভাবটি আরেকবার প্রতীয়মান হয়েছে আমার কাছে। কিন্তু মূল চিত্রপ্রদর্শনীটি – যা ছিল আমাদের লাহোরযাত্রার প্রধান কারণ – খুব ভালোভাবে শুরু ও শেষ হয়েছে বলে আনন্দ হয়েছে বেশি। কিবরিয়াকে পাকিস্তানের প্রায় সব শিল্পীই চেনেন। তাঁর একটি আলাদা পরিচিতিও রয়েছে সেদেশের চিত্ররসিকদের কাছে। কিন্তু শিশির ভট্টাচার্যের ব্যাপারেও চিত্ররসিকদের মুগ্ধতা এবং উচ্ছ্বসিত প্রশংসা আমাকে যেমন অবাক করেছে, তেমনি আনন্দও দিয়েছে। শিশিরের সঙ্গে ম্যানচেস্টারে পাকিস্তানি অনেক শিল্পীর পরিচয় হয়েছিল। এবার দেখলাম রীতিমতো বন্ধুত্বে দাঁড়িয়ে গেছে সেই পরিচয়। এখনো পাকিস্তানের যাঁরা প্রবীণ শিল্পী, তাঁরা স্বীকার করেন, শিল্পকলার ক্ষেত্রে বাংলাদেশ সবসময়ে পথপ্রদর্শক ছিল পাকিস্তানের। গত দু-এক দশকে ছবির মান বেড়েছে পাকিস্তানের। শিল্পকলা বহুমাত্রিক হচ্ছে, নিরীক্ষাধর্মী হচ্ছে। কিন্তু তারপরও, বাংলাদেশ এখনো পথপ্রদর্শক হতে পারে।

বিশেষ করে ন্যাশনাল কলেজ অফ আর্টের শেষপর্বের ছাত্রছাত্রীদের কাজ দেখে মনে হলো, খুবই সাধারণ মানের সেসব। যদিও শিক্ষকরা গুণী। প্রায় সবাই লেখালেখি করেন। বিকনহাউজের অন্তত তিনজন শিক্ষক তাঁদের লেখা বই বা প্রবন্ধ আমাকে উপহার দিলেন। সেগুলো ইংরেজিতে লেখার কারণ – বিদেশীরা সহজেই পাকিস্তানের শিল্পকলা সম্পর্কে যাতে জানতে পারে। তিনটি বই-ই মনে হলো উঁচুমানের। লেখালেখিটাকে গুরুত্বের সঙ্গে নেওয়া হয় শিল্পশিক্ষা-প্রতিষ্ঠানগুলোতে।

আলহামরা কলাকেন্দ্রটি স্থাপত্যশিল্পের এক অনুপম নিদর্শন – এবং এই অনুপমতার জন্যে আগা খান পুরস্কারে ভূষিত হয়েছে কমপ্লেক্সটি। স্থপতি নাইয়ার আলি দাদার নকশায় তৈরি এই কমপ্লেক্সটিতে আছে চিত্রকলা, সংগীত, অভিনয় ও অন্যান্য শিল্পের জন্য প্রচুর জায়গা ও সুযোগ-সুবিধা। লাল ইটের দেয়াল এবং পুরনো দুর্গের আদলে তৈরি আলহামরার প্রতিটি কক্ষে আছে পর্যাপ্ত আলোর ব্যবস্থা। সামনে বিশাল খালি জায়গা, সিমেন্টের বড় চাতাল, বাগান। প্রদর্শনী উদ্বোধনের দিন প্রচুর মানুষ এসেছিল আলহামরায়, কিন্তু কোথাও ভিড়-ভাট্টার পরিবেশ ছিল না। একটা খোলামেলা পরিবেশ। শিল্পবান্ধব অবশ্যই।

মকবুল ফিদা হুসেন ছিলেন প্রদর্শনীর প্রধান আকর্ষণ, সন্দেহ নেই। কিন্তু তাঁকে নিয়ে এসেছিলেন তাঁর যে-মেজবান, নিরাপত্তারক্ষীরা তার গাড়িটি ঢুকতে দেয়নি গেট দিয়ে। অথচ একজন যুগ্ম-সচিব দমাদম ঢুকে পড়লেন। এতে শিল্পীরা এবং উদ্যোক্তাদের অনেকেই খুব ক্ষুব্ধ হয়েছিলেন। হুসেন যেখানে পাঁয়ে হেঁটে ঢুকলেন, সেখানে কিনা যুগ্ম-সচিব এলেন গাড়িতে। এই দৃশ্য এবং এই প্রতিক্রিয়া দেখে আমি দার্শনিক হাসি হেসেছিলাম এবং নিৎসের কথা মনে পড়েছিল – সবাই ক্ষমতার ইচ্ছা জাগাতে চায় নিজের মধ্যে। উপমহাদেশে এটি পুরনো রোগ, তবে পাকিস্তানে রোগটা একটু বেশি এবং এর কিছুমাত্র প্রশমন নেই এতদিনেও। খুবই ক্ষমতাবিহ্বল এবং ‘স্যার’-সংস্কৃতিসর্বস্ব দেশ বলে একে আমার মনে হয়েছে। হোটেলে দেখেছি, এমনকী এক কর্নেল ঢুকলেও পাঁচ মিনিট বুটের ক্লিক ক্লিক শোনা গেছে, আর স্যালুটের হিড়িক। কর্নেলের গাড়ি সামরিক ড্রাইভার নিয়ে দাঁড়িয়ে থাকত হোটেলের একেবারে দোরগোড়ায়। ফিদা হুসেন অবশ্য কোনো প্রতিক্রিয়া দেখাননি, মনে মনে যদি রেগে থাকেনও।ফিদা হুসেনের ছবিটি অবশ্য আমাকে হতাশ করেছে। একটিই ছবি দিয়েছেন। যুদ্ধবিরোধী ছবি, কিন্তু না ছবিটিতে তাঁর স্বভাবসুলভ গতিশীলতার স্পর্শ পাওয়া গেল, না দেখা গেল কোনো ধরনের বৈচিত্র্য। নেহাৎ গতানুগতিক একটি ছবি। রঙের মিশেল ভয়াবহ, মোটিফগুলো মান্ধাতার আমলের। যুদ্ধ নিয়ে ছবি আঁকছেন, তাও আবার পাকিস্তানে বসে – যে-দেশ কিনা শত্রুবরাবর বিবেচিত। কাজেই অতিরিক্ত কিছু সাবধানতা – যার ফলে পুরাতন ও বিশ্বস্ত মোটিফে স্থিত হয়েছেন তিনি। ছবিটি দেখে মনে হয়েছে, যেন নিয়মরক্ষার ছবি।

ভারত থেকে কৃষেণ খান্নার কাজের সঙ্গে যোগ হয়েছে ‘তরুণ কণ্ঠস্বর’ অতুল দোদিয়ার কাজ। নেপালের মাস্টার হিসেবে নির্বাচিত হয়েছেন শশী বিক্রম শাহ, আর নবীন শিল্পী হিসেবে সুজন চিত্রকর। শ্রীলঙ্কার নবীন শিল্পী আনোলি নিজে। তবে পাকিস্তানে মাস্টারের যেমন আধিক্য, নবীন শিল্পীদেরও তেমনি। তার কারণটাও বোধগম্য। একজনকে বেছে নিলে অন্যজন রাগ করবেন, কাজেই কাকে রেখে কাকে বাছি – এই সমস্যায় পড়ে অনেককেই জায়গা দিলেন হাশমী। এক শিল্পী প্রধানমন্ত্রীর কাছে ধরনা দিয়েছেন, প্রদর্শনীতে অন্তর্ভুক্ত হতে। প্রধানমন্ত্রী পাঠিয়েছেন হাশমীর কাছে। হাশমী তাকে বলেছেন, আলহামরার আরেকটি দালানে চাইলে তিনি ছবি টাঙাতে পারেন, মূল গ্যালারিতে কিছুতেই নয়। শেষ পর্যন্ত শিল্পী হাল ছেড়েছেন। পাকিস্তানে ‘মাস্টার’ হিসেবে নির্বাচন করা হয়েছে ইসমাইল গুলজি আর শাহিদ সাজ্জাদকে। তরুণদের মধ্যে আছেন মাহবানো আবিদি, আমিন গুলজি, নাইজা খান, রাশিদ রানা আর আনওয়ার সাইদ।

বাংলাদেশের দর্শক ইসমাইল গুলজি, শশী বিক্রম শাহ এবং কারুণারত্নের কাজ দেখেছেন এশিয়ান বিয়েনালে। শাহিদ সাজ্জাদ বাংলাদেশে ছিলেন দীর্ঘদিন; পার্বত্য চট্টগ্রামে বেশ কিছুদিন কাটিয়ে তিনি চমৎকার কিছু ভাস্কর্য করেছিলেন প্রধানত কাঠে। এখন তিনি করাচিতে থাকেন, কাঠের পাশাপাশি ব্রোঞ্জেও কাজ করেন। মানব-আকৃতি থেকে অনুপ্রেরণা গ্রহণ করেন তাঁর ফর্মের। শাহিদ সাজ্জাদ ভালো কাজ করেন সন্দেহ নেই; সবসময়ে নতুন চিন্তা থাকে তার মাথায়। আমাকে বললেন, আবার ঢাকা আসার ইচ্ছে আছে, এবং সম্ভব হলে আবার পার্বত্য চট্টগ্রাম যাওয়ার।

ইসমাইল গুলজির কাজে কোনো বৈচিত্র্য নেই। একঘেঁয়ে কাজ। পুনরাবৃত্ত ফর্ম। এ প্রদর্শনীর কাজগুলো ক্যালিগ্রাফির স্টাইলে করা। কিন্তু ক্যালিগ্রাফি তার কাজে অতটা প্রাণবন্ত নয় যতটা মুর্তাজা বশীরের কিছু কাজে আমরা দেখতে পাই। রঙের ব্যবহারে গুলজি খুব যে-পারদর্শী – আমার সে-রকম মনে হয়নি। ফর্মের বিন্যাসেও দার্ঢ্যরে অভাব দেখা যায়। গুলজির ক্যানভাস কখনো পরিপাটি একটি ভাব ফুটিয়ে তোলে না। গুলজির ছেলে আমিন গুলজি দিয়েছেন দুটি ভাস্কর্যের কাজ, ব্রোঞ্জে করা। খুবই সাদামাটা কাজ, কল্পনা স্থবির সে-দুটি কাজে। ভালো লাগেনি। মনে হয়েছে যেন জোড়াতালি দিয়ে একটা চমক সৃষ্টির চেষ্টা করেছেন।

সে-তুলনায় খুব প্রাণবন্ত নাজিয়া খানের কাজ। এর আগে প্রেস্টনে তার কাজ দেখে মনে হয়েছিল নাজিয়া খুব ভেবেচিন্তে কাজ করেন, নতুন নতুন প্রকাশের সন্ধানে থাকেন। এ-প্রদর্শনীতে তিনি যে-কাজগুলো দিয়েছেন, তার একটি হচ্ছে মেহেদির সূক্ষ্ম কারুকাজে তৈরি দেয়ালচিত্র। তিনি প্রথমে কাগজ কেটে নকশার ছাঁচ তৈরি করেন – দশ বা পনেরোটি। তারপর সেগুলো (করতলের আকৃতির এবং দু-একটি করতলেরও) দেয়ালে বসিয়ে ফাঁকে ফাঁকে মেহেদি লাগিয়ে শুকিয়ে ছাঁচগুলো সরিয়ে ফেলেন। এভাবে ফিগার বা বস্তুর আকৃতি তৈরি হয়। তাঁর মেহেদি-নকশার দেয়ালচিত্রের ধারণাটি তিনি নিয়ে গেছেন করাচির কিছু পুরনো বাড়িতে -যেগুলোর আয়ু প্রায় ফুরিয়ে এসেছে। দেয়ালে নকশার মাধ্যমে ছবি এঁকে তার ছবি তুলে নাজিয়া জমা দিয়েছেন প্রদর্শনীতে। কাজেই ফটোগ্রাফি এবং পেইন্টিংয়ের একটা যুগ্ম-শিল্প হিসেবে এ কাজগুলোকে বিবেচনা করা যায়। শিল্পের জগতে নাজিয়ার কাজগুলো নতুন সংযোজন। এ হিসেবে তরুণ কণ্ঠস্বর হিসেবে তার নির্বাচন যথাযথ হয়েছে।

ক্যাসেলের ডকুমেন্টা-প্রদর্শনীর প্রভাব এখন পড়ছে বিশ্বব্যাপী তরুণ শিল্পীদের কাজে। এখন চলছে পেইন্টিংয়ের বাইরে চিত্র/শিল্পকলাকে নিয়ে যাওয়া। ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, নানা ধরনের স্থাপনা শিল্প, মিশ্র (যার কিছু প্রকাশকে একলেকটিক বললেও অত্যুক্তি হয় না) শিল্প, ক্রস এবং ফিউশন আর্ট এখন তরুণদের কাছে সমাদৃত। এ-প্রদর্শনীতে পাকিস্তানের দুজন শিল্পী মাহবানো আবিদি এবং রাশিদ রানার যথাক্রমে ভিডিও থেকে স্টিল করা ছবি এবং ভিডিওচিত্র দেখানো হয়েছে। নতুনত্ব আছে উভয়ের চিন্তাতে, কিন্তু কাজগুলো গতানুগতিক।

একই ধরনের কাজ করেছেন নেপালের তরুণ শিল্পী (এ প্রদর্শনীর তরুণতম) সুজন চিত্রকর। তার কাজে হাতের তৈরি মুখোশ, ফটোগ্রাফি, ফটোকপি এবং ভিডিওচিত্রের সংমিশ্রণে একটি নতুন চিত্রভাষা তৈরির প্রয়াস তিনি নিয়েছেন। তার কাজের নাম ‘ম্যাস্টিক্যাটিং ফেইসেস’। তিনি তার নিজের মুখে স্কচটেপের সাহায্যে বিচিত্র সব ভঙ্গিরেখার সৃষ্টি করেছেন, যার ছবি ও ফটোকপি আছে একটি কক্ষের দেয়াল, মেঝে এবং সিঁড়িজুড়ে। সঙ্গে ভিডিওচিত্রে অত্যাচারিত আত্মপ্রতিকৃতি। এই কাজের মাধ্যমে তিনি নেপালে মাওবাদী বনাম সামরিক বাহিনীর সশস্ত্র সংঘাতে যে-ব্যাপক প্রাণহানি, অত্যাচার-নির্যাতন, অপহরণ, ধর্ষণ এসবের ঘটনা ঘটছে, তার প্রতিবাদ জানিয়েছেন। তবে যে-পরিমাণ পরিমিতিবোধ তার কাজকে একটা শিল্পিত আবেদন দিতে পারত, তা কাজটিতে নেই। আমার মনে হয়েছে, সুজন নিজের আবেগের কাছে আত্মসমর্পণ করেছেন।

শ্রীলঙ্কার আনোলি পেরেরার কাজও পেইন্টিং এবং টুকিটাকি দ্রব্যাদির সমন্বয়ে তৈরি এক ধরনের মিশ্রশিল্প। সুগন্ধীর খালি বোতলের গায়ে তিনি সুশ্রী নারীমুখ এঁকে সেগুলো সুন্দর বিন্যাসে সেঁটে দিয়েছেন। ফ্রেমের ওপর কাপড় বিছিয়ে তাতে পুঁতি বসিয়ে জরি আর ক্রশেটের কাজ করে সুন্দর কিছু নকশা করেছেন। কাপড়টাকে ক্যানভাসের মতো ব্যবহার করেছেন, কখনো কখনো তাতে রেনেসাঁসের শিল্পীদের আদলে শিশু বা দেবদূতের ছবি এবং নারীমূর্তি এঁকেছেন। আনোলি শিল্পবিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক তালিম পাননি। কিন্তু তার কাজ দেখে মনে হয়েছে, তিনি একটা বিষয় বেছে নিয়ে তাকে শুধু শিল্পগত বা নান্দনিক দৃষ্টিকোণ নয়, বরং সামাজিক, সাংস্কৃতিক ও ব্যাপক অর্থে জীবনের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে চান। এ প্রদর্শনীতে তার জমা দেওয়া কাজগুলো ‘পেডেস্টাল ফর দি গডেসেস’ সিরিজের। তার দেবীরা অবশ্য দেবী নন, সংসার, সমাজ ও রাষ্ট্রের ভেতর ক্রমাগত প্রান্তবর্তী হয়ে-পড়া নারীই তারা। এজন্য পারফিউমের শিশি, এজন্যই সুতা ও ক্রশেটের কাজ।

ভারতের তরুণ শিল্পী হিসেবে যাকে নির্বাচন করা হয়েছে, অতুল দোদিয়া, তিনিও শিশির ভট্টাচার্যের মতোই, বয়সে খুব তরুণ নন। মধ্যচল্লিশ, কিন্তু তারুণ্যই তার কাজের প্রধান পরিচয়। তারুণ্য অর্থাৎ প্রথা ভাঙা, নতুন একটা কিছু করা। অতুল স্বনামেই খ্যাত ভারতে – বস্তুত তরুণ পাঁচজন প্রধান শিল্পীর মধ্যে তাকে গণ্য করা হয়। অতুলের কাজ ফিগারধর্মী, কিন্তু উপকরণের তাতে বিচিত্র ব্যবহার। তার কাজে সময় ও ইতিহাস, লোকজীবন, রাজনীতি – সবই বিষয় হয়ে আসে। তবে সততই তিনি নিরীক্ষাধর্মী। একটি সিরিজের কাজ থেকে অন্য সিরিজের কাজে প্রচুর পার্থক্য থাকে। লাহোরের প্রদর্শনীতে তিনি বড় আকৃতির বেশ কটি কাজ দিয়েছেন – কাগজে জলরং, কাঠকয়লা ও মার্বেল-গুঁড়া দিয়ে আঁকা। প্রতিটি ছবিতে তিনি একটি করে গুজরাটি কবিতা তুলে দিয়েছেন -কখনো গুলাম মোহাম্মদ শেখ, কখনো লভশংকর ঠাকার, রাজিব পাটেল বা শীতাংশু যশচন্দ্রের। বিজেপি-শিবসেনা-বজরং দল ভারতে যে-উগ্রবাদী হিন্দুত্ব কায়েমের চেষ্টা করছে, তার একটা ঝাপটা গিয়েছিল গুজরাটের ওপর দিয়ে। নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে গুজরাটে ২০০২ সালে হলো এক নিষ্ঠুর সাম্প্রদায়িক দাঙ্গা – এক হৃদয়হীন প্রোগ্রোম। ওই উগ্রবাদী তাণ্ডবে গুজরাটি ভাষাটিকেই যেন বলাৎকার করা হয়েছে। অতুল ওই সাম্প্রদায়িক সংঘাত ও প্রোগ্রোমের প্রতিবাদে এবং এসব ঘটনার প্রভাবে সৃষ্ট কষ্ট এবং ক্ষোভের প্রকাশ ঘটিয়েছেন এসব কাজে। শিরোনাম ‘এন্টলার্স সিরিজ’। এন্টলার্স অর্থাৎ হরিণ ইত্যাদির শিং -অর্থাৎ শিকারির ট্রফি। ছবিগুলোতে কবিতার পাশাপাশি নানা ইমেজ তিনি এমনভাবে জুড়ে দিয়েছেন যাতে নির্বিচার হত্যা, নিষ্ঠুরতা এবং বীভৎসতার বিষয়গুলো স্বপ্রকাশিত হয়। হয়েছেও।

অতুলের ছবি প্রশংসিত হয়েছে। শিশিরের ছবিও। বস্তুত সারা প্রদর্শনীতে এই দুজন শিল্পীকে আমার অন্যদের থেকে পৃথক মনে হয়েছে। শিশিরের ‘খেলা দেখে যান বাবু’ চিত্রমালার সঙ্গে বাংলাদেশের ছবির দর্শকরা আগে থেকেই পরিচিত। এর সঙ্গে যোগ হয়েছে ‘ছবি’ নামের বিশালাকৃতির দুটি তেলরং। শিশিরের ছবিতে তীক্ষ্ম বিদ্রƒপে জর্জরিত হয়ে ধরা পড়ে সামাজিক নানা অসংগতি, রাষ্ট্রীয় এবং সামাজিক নানা অনাচার। আবার তার ছবিতে প্রচ্ছন্ন একটা কৌতুকবোধ থাকে, আয়রনি থাকে। সিনেমার পোস্টারের নায়ক ওনায়িকার ছবি, ভিলেনের ছবি যখন তার ক্যানভাসে চলে আসে, তখন সমাজের পরতে পরতে জমে থাকা ক্লেদ আর অপরিচ্ছন্নতা, কৌতুক আর ভাঁড়ামো অবারিত হয়ে পড়ে। নারীর পণ্যায়নের যুগে নায়িকাকে চিনে নিতে কারও কষ্ট হয় না। শিশির অনায়াসে সামাজিক বিপন্নতা ও রুগ্ণতার জন্য দায়ী মানুষজনকে চিহ্নিত করেন। এরকম একটি ছবি, ১৯৮৬ সালে আঁকা ‘গল্পটি অন্যরকম হতে পারত’-তে দেখা যাচ্ছে এক উর্দিপরা, তকমা আঁটা, নানান মেডেলে শোভিত এক জেনারেল হাতের ছড়ি বাঁকা করে দাঁড়িয়ে আছে, অন্য অনেকের সঙ্গে। ছবিটি এ প্রদর্শনীর ব্রোসিওরে দিতে আপত্তি জানিয়েছিল উদ্যোক্তাদের কেউ কেউ, আর্মি জেনারেল বলে কথা, বিশেষ করে জেনারেলশাসিত পাকিস্তানে। কিন্তু সালিমা হাশমী সেসব আপত্তি উড়িয়ে দিয়েছেন।

তরুণদের মধ্যে পাকিস্তানের আনওয়ার সাঈদের কাজ ভালো লেগেছে। তরুণ বলতে পঞ্চাশ! তবুও, কাজে একটা দারুণ শক্তি আছে, তাতে তারুণ্য-অভিধাটি বৃথা হয় না। আনওয়ারের কাজ ফিগারধর্মী। এবং ফিগার বলতে পুরুষ। পুরুষাধিক্যের কারণে একটা প্রচণ্ড শরীরী ভাব আছে ছবিগুলোতে। সমকামিতা এ ছবিগুলোতে খুবই স্পষ্ট – এবং সেই সঙ্গে যৌনতা। উলঙ্গ পুরুষ (নিম্নাঙ্গ শরীরের সঙ্গে লাগানো স্বচ্ছ অন্তর্বাসে ঢাকা – তাতে পুরুষাঙ্গ সহজদৃষ্ট) দুপায়ের মধ্যে মাছ ধরে আছে, নয়তো সওয়ার হয়েছে কুকুরের পিঠে। এই ভয়েরিজম সত্ত্বেও ছবিগুলোতে মনস্তাত্ত্বিক একটি মাত্রা আছে, যা নানা প্রতীকের মধ্য দিয়ে স্পষ্ট হয়। শরীরের সঙ্গে আত্মার বিচ্ছেদ (এজন্য অনেক পুরুষের আছে ফেরেস্তার মতো ডানা) সমকালীন পতন এবং স্খলন – এসব আনওয়ার সাঈদের ন্যারোটিভের বিষয়বস্তু।

মাস্টারদের মধ্যে কারুণারত্ন আর শশী বিক্রম শাহের কাজ তেমন উল্লেখের দাবিদার নয়। দুজনের কাজই ঢাকার ছবি-দর্শক এশিয়ান বিয়েনালে দেখেছেন। শশী শাহ ঘোড়া আঁকতে পছন্দ করেন। এবার ঘোড়াকে তিনি কল্কি অবতারের প্রতীক করেছেন। এই প্রদর্শনীতে যেসব কাজ তাঁর দেখানো হয়েছে, সেগুলো প্রধানত ‘কল্কি অবতার’ সিরিজের। মিক্সড মিডিয়ার কাজ। এগুলোর একটি দেখলে ভালো লাগবে – ঘোড়া তিনি ভালোই আঁকেন, অনেকটা সুনীল দাসের স্বাচ্ছন্দ্য নিয়ে। কিন্তু ঘোড়া পুনরাবৃত্ত হওয়ায় এবং ফর্মের বিন্যাসে তেমন কোনো উনিশ-বিশ না থাকায় পুনরাবৃত্তির বিপদ তৈরি হয়েছে। সেই তুলনায় কারুণারত্নের কাজে বৈচিত্র্য আছে। তারও মিক্সড মিডিয়ার কাজ, ক্যানভাসে সুতা ও দড়াদড়ি লাগিয়ে, ফোঁড় দিয়ে, কাগজ পুড়িয়ে তিনি ফর্ম তৈরি করেছেন। কারুণারত্ন খুব যত্ন নিয়ে কাজ করেন বলে মনে হলো, কিন্তু কেন জানি কাজগুলো মনে নাড়া দেয় না। ক্লেভার ওয়ার্ক, বাট নট প্রোফাউন্ড – এরকম মনে হয়।

মাস্টার বলতে ছিলেন সত্যিকার অর্থে দুজন (হুসেনের প্রদর্শনী-মূল্য বাদ দিলে – একটা কাজে কি আর পাওয়া যায় হুসেনের মতো শিল্পীকে) – কিবরিয়া এবং কৃষেণ খান্না। কিবরিয়ার সাম্প্রতিক কাজগুলো – বিশেষ করে ১৯৯৮ সালে গুরুতর অসুখ থেকে সুস্থ হয়ে ওঠার পর তাঁর কিছু ছবি এবং নব্বইয়ের শুরুতে করা তাঁর কিছু প্রিন্ট – প্রদর্শনীতে নিয়ে যেতে পারলে আমি খুব খুশি হতাম। কিউরেটর হিসেবে এটা ছিল আমার প্রত্যাশা – কারণ যে-জরা-ক্ষয়-বৃদ্ধির চক্রকে কিবরিয়ার কাজের একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে আমরা মনে করি, ১৯৯৮-পরবর্তী ছবিগুলো তার বৃদ্ধি (এবং জীবন) অংশটিকে সমধিক গুরুত্বে প্রকাশ করে। কিবরিয়ার জীবনদৃষ্টিতে একটা নতুন মাত্রা এসেছে এ-সময় এবং তাঁর কাজেও তা প্রতিফলিত। যাহোক এই নতুন কিবরিয়াকে তুলে ধরতে না পারলেও গৌস আকবরের সৌজন্যে যে-তিনটি তেলরং এবং একটি প্রিন্ট দেখানো গেছে, তা-ই বা মন্দ কী? ধূসর রঙের ‘কম্পোজিশন’ ছবিটি সবাইকে সম্মোহিত করেছে। এটি ছিল, যাকে বলে ভিন্টেজ কিবরিয়া।

কৃষেণ খান্নার ছবিতে ন্যারোটিভের প্রাধান্য এবং জনজীবনের। প্রচণ্ড মানবিক, অথচ এক জটিল মনস্তাত্ত্বিক জগতের চিত্রকর তিনি। আশি বছর আগে পাঞ্জাবের লায়ালপুরে জন্মেছিলেন। ষাট বছর পর জন্মভূমিতে ফিরে গেলেন। সে-উপলক্ষে যেসব ছবি তিনি এঁকেছেন – তেলরঙে এবং (কাগজের ওপর) প্যাস্টেলে, তাতে বড় একটি উপাদান নস্টালজিয়া। তবে ছবিগুলোতে বেদনা এবং ক্ষোভ আছে, এবং এ-কারণেই হয়তো-বা, এক্সপ্রেশনিস্টিক ধাঁচের এসব ছবি। ফিগারেটিভ, তবে ফিগারগুলো ছায়ামূর্তির মতো মাঝে মাঝে উঁকি দেয়। লাল আর কালো পাশাপাশি মেলে ধরেন খান্না। যেন তিনি রঙের প্রতীকী-ব্যাখ্যাটা দর্শকের ওপরই ছেড়ে দিতে চান।

অনেক আগে কৃষেণ খান্নার কাজ দেখেছিলাম, এবার তাঁকে দেখার, তাঁর সঙ্গে কথা বলার সুযোগ হলো। হুসেনের সঙ্গেও পরিচয় হলো এবং তিনি কিবরিয়া সাহেবের অসুস্থতার কথা শুনে উদ্বেগ প্রকাশ করলেন। সুযোগ ছিল এই দুই শিল্পীর সাক্ষাৎকার নেওয়ার, কিন্তু ইচ্ছে হয়নি। বরং সময়টা কাটিয়েছি শিশিরের অথবা অন্য কোনো শিল্পী বা লেখকের সঙ্গে লাহোরের ঐতিহাসিক স্থানগুলো দেখে। যেমন শালিমার গার্ডেন, বাদশাহি মসজিদ, লাহোর দুর্গ।

আর অতিথি হয়েছি প্রতি সন্ধ্যায় শিল্পী, শিল্পবোদ্ধা অথবা শিল্প-সংগ্রাহকের বাড়িতে। সে এক ভিন্ন গল্প।