একই পালকের পাখি
বিংশ শতাব্দীর পঞ্চাশের দশকে যেসব শিল্পীর আবির্ভাব বাংলাদেশের চিত্রকলার ধারাকে সমৃদ্ধ করেছিল, সৈয়দ জাহাঙ্গীর তাঁদের অন্যতম। ১৯৫৫ সালে তিনি ঢাকার চারুকলা ইন্সটিটিউট থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। এর পরপরই লক্ষ করা যায় তাঁর কাজে সমকালীন মার্কিন চিত্রকলার প্রভাব – আমাদের শিল্পক্ষেত্রে তা তৃপ্তিকর বৈচিত্র্যের সৃষ্টি করে। তিনি বহু মাধ্যমে কাজ করেছেন, তবে তেলরঙের প্রতি যেন তাঁর পক্ষপাত। দেশের রাজনৈতিক-সামাজিক পরিস্থিতি সম্পর্কে সচেতনতা প্রকাশ করা সত্ত্বেও তাঁর ঝোঁক বিমূর্ত রীতির ছবির দিকে। রং ও আকার, জমিন ও আলোর নানারকম ঘাত-প্রতিঘাত-অবস্থান নিয়ে জাহাঙ্গীর নির্মাণ করেন তাঁর ছবি। তাতে যদি বক্তব্য থাকে শিল্পীর, তবে তা বুঝে নিতে হয় যত্ন করে। বক্তব্যকে তিনি প্রাধান্য দেননি, প্রাধান্য দিয়েছেন সৃষ্টির আনন্দকে।
সৈয়দ জাহাঙ্গীর পৃথিবীর বহু দেশে একক প্রদর্শনী করেছেন এবং অংশ নিয়েছেন বহু যৌথ প্রদর্শনীতে। বাংলাদেশ শিল্পকলা একাডেমী-আয়োজিত জাতীয় চিত্রকলা প্রদর্শনীতে পুরস্কারলাভ করেছেন, পেয়েছেন রাষ্ট্রীয় সম্মান একুশে পদক। অনেককাল শিল্পকলা একাডেমীর চিত্রকলা বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করেছেন, অবসরজীবনে ছবি আঁকাই এখন তাঁর প্রধান কাজ।
শিল্পীর জন্ম খুলনায়, ১৯৩৫ সালে।
বর্তমান ছবিটি ২০০২ সালে তেলরঙে আঁকা। একটি নারীমূর্তির হাতে রয়েছে খাঁচায় বন্দি পাখি Ñ নারী ও পাখির অবয়ব একই রঙে আঁকা – তারা তাকিয়ে রয়েছে একই দিকে! ছবির নাম দিয়েছেন শিল্পী : একই পালকের পাখি।
চিত্রকর্মটির সংগ্রাহক : জিনা ও ফারুক চৌধুরী।

Leave a Reply
You must be logged in to post a comment.