মৃণাল সেনের পৃথিবী

Always Being Born

Mrinal Sen

Stellar Publishers

Nwe Delhi, 2004

Rs. 395

আক্ষরিকভাবেই এই শিরোনামটি মৃণাল সেনের স্মৃতিকথা সম্পর্কে কোনো আলোচনার ক্ষেত্রে প্রযোজ্য। একবার চলচ্চিত্র-নির্মাণের জগতে নিজের স্থানটি খুঁজে পাওয়ার পর থেকেই গোটা পৃথিবীর চলচ্চিত্রশিল্পকে আপন করে নিয়েছেন এই চলচ্চিত্র-নির্মাতা। চলচ্চিত্রের কারণে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ছুটে বেড়িয়েছেন তিনি। আজও বেড়াচ্ছেন, এই বিরাশি বছর বয়স্ক চলচ্চিত্র-নির্মাতা। কোথাও নিজের তৈরি ছবি দেখাতে, কোথাও অন্যের ছবি দেখতে। কোথাও বিচারকমণ্ডলীর সদস্য, কোথাও সভাপতি। বিচার করছেন, বিশ্লেষণ করছেন। আবার কখনো মুখোমুখি হয়েছেন নিজের তৈরি ছবি নিয়ে অন্যদেশের চলচ্চিত্রকার, সমালোচক ও দর্শকদের তীব্র বিশ্লেষণের, চুলচেরা বিচারের। গোটা পৃথিবীময় গড়ে তুলেছেন চলচ্চিত্র-নির্মাতা, সমালোচক ও বোদ্ধাদের সঙ্গে সখ্য। সেই তালিকায় কে নেই? অভিনেতা গ্রেগরি পেক, চিত্রনির্মাতা ফ্রাংক কাপ্রা, জন হাস্টন, কিং ভিডর, চলচ্চিত্র-সংগ্রাহকদের কিংবদন্তি-মানুষ ফ্রান্সের ঈরহবসঃযবয়ঁব ঋৎধহপধরংব-এর আঁরি লাঙোয়া (ঐবহৎর খধহমষড়রং), ঔপন্যাসিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস, আরো অনেকে।

১৯৬০ সালে তাঁর তৃতীয় ছবি বাইশে শ্রাবণ তৈরি করার পরপরই খ্যাতি-অখ্যাতির গণ্ডি ছাড়িয়ে পৃথিবীতে পৌঁছে গেছেন অবিভক্ত বাংলার ফরিদপুরের এই চলচ্চিত্রকার। অবশ্য এর আগে আরো দুটি ছবি করেছেন। প্রথম ছবি রাত ভোর (১৯৫৫) দর্শকদের তেমন আকৃষ্ট না করলেও দ্বিতীয় ছবি নীল আকাশের নীচে (১৯৫৮) নিঃসন্দেহে ইঙ্গিত দিয়েছে একজন ব্যতিক্রমী চলচ্চিত্র-নির্মাতার আবির্ভাবের। ইতোমধ্যে অবশ্য সত্যজিৎ রায় এসে গিয়েছিলেন ১৯৫৫ সালে তাঁর পথের পাঁচালী নিয়ে। তবু নীল আকাশের নীচে বোঝাতে পেরেছিল আরেকজন শক্তিশালী চলচ্চিত্রকারের আবির্ভাবের কথা। ভারতের স্বাধীনতা-সংগ্রাম, চীনের স্বাধীনতা-আন্দোলন এবং বহুদিন থেকে কলকাতায় থাকা চীনা কম্যুনিটি – এইসব উপাদান মিলিয়ে একটি ছবি করার কথা আর কেউ ভাবেননি। গায়ক-সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের প্রযোজনায় মৃণালের এই ছবি দাগ কাটতে সমর্থ হয়েছিল অনেকের মনে। পঞ্চশীলার পথিকৃৎ স্বয়ং নেহরুও পছন্দ করেছিলেন ছবিটি। অবশ্য ছবিটি মুক্তির তিন বছরের মাথায় ভারত-চীন সম্প্রীতিতে বড়রকমের ফাটল ধরেছিল ভারতের উত্তর-পূর্ব সীমান্তে চীন-আগ্রাসনের শুরুতে। দিল্লির কর্তৃপক্ষ অবশেষে নিষিদ্ধ ঘোষণা করেছিল ছবিটি।

মৃণাল সেনের স্মৃতিকথা Always being born – a memoir পড়তে পড়তে মনে হচ্ছিল এটি স্মৃতিকথাই, আত্মজীবনী নয়। খণ্ডচিত্র Ñ জীবনের খণ্ডচিত্র (vignettes) Ñ বলাটাই বোধহয় ঠিক হবে। যদিও সবগুলো খণ্ডচিত্রকে একসঙ্গে করে একটি পূর্ণচিত্র, একটি ধারাবাহিকতা পাওয়া যাবে বইটির শেষ পর্যন্ত পড়ার পর। তবে তাঁর এই জীবনকাহিনী তাঁর সিনেমার মতোই অজস্র কাট এবং ফ্ল্যাশব্যাকে, ক্লোজ শট, লংশটে পরিপূর্ণ। অবশ্য সেটাই স্বাভাবিক। তবে সিনেমার সবচাইতে বড় যে-জিনিসটি, সম্পাদনা (এডিটিং), সেটি বেশ ভালোভাবেই করেছেন এ বইতে। কারণ তাঁর এই কাহিনী শুরুই হয়েছে এই বলে যে, ‘By accident a maker of films, I am what I am’। আমি আর আমার সিনেমা, এই দুই মিলে আমি। বাইশে শ্রাবণ-কে ঘিরে যে-তর্কবিতর্ক, তা-ই তাঁর ছবিকে দেশের সীমানার গণ্ডির বাইরে নিয়ে গিয়ে তাঁকে যুক্ত করেছে বিশ্বচলচ্চিত্রের সঙ্গে। তারপর একটির পর একটি নতুন ছবি বানানোর কাহিনীই তাঁর জীবনকাহিনী, তাঁর স্মৃতিকথা। এ-ফেস্টিভ্যাল থেকে ও-ফেস্টিভ্যালে পৃথিবীর সর্বত্র চলচ্চিত্র-প্রদর্শনের কাহিনী। চলচ্চিত্রের ভেতর দিয়ে জীবনকে উপলব্ধি করা, জীবনের যেসব দিক সাধারণের চোখে এড়িয়ে যায় সেগুলোকে প্রকাশ করার চেষ্টা। একটার পর একটা সিনেমার মধ্য দিয়ে নিজেকে, নিজের অতীত-বর্তমান-ভবিষ্যৎকে এবং সমাজকে দেখা। ‘A constant endeavor to relate oneÕs self ¾ ÔconnectÕ oneself to whatever is out there!’ ছবির ভেতর দিয়ে নিজেকে যাচাই করা, নিজেকে সম্পৃক্ত করা। রবীন্দ্রনাথের মতো গানের ভেতর দিয়ে দেখার মতো, সিনেমার ভেতর দিয়ে মানুষকে, মানুষের ইতিহাসকে, দেশকে, ব্যক্তিকে এবং সমাজকে দেখা।

মে মাসের চোদ্দ তারিখে, সম্ভবত বিশের দশকের প্রথমদিকে (১৯২২), জন্মেছিলেন সিনেমার এই দিকপাল। বাবা ছিলেন ফরিদপুর শহরের একজন প্রতিষ্ঠিত উকিল। সেখানেই স্কুলজীবনের লেখাপড়া শেষ করে ১৯৪০ সালে কলকাতায় এসেছিলেন কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়তে। এইটিই তখন নিয়ম ছিল অবিভক্ত বাংলার সর্বত্র। এছাড়া আরো একটি কারণ ছিল, পৃথিবীতে তখন চলছে দ্বিতীয় মহাযুদ্ধের তাণ্ডব। ভারতে স্বাধীনতা-সংগ্রামের শেষ পর্যায়ের আন্দোলন। ফরিদপুরেও লেগেছে সেই ঢেউয়ের আঘাত। বাবা, দীনেশচন্দ্র সেন, ফরিদপুর জেলা বারের প্রধান, অবশ্যই সেই আন্দোলন থেকে মুক্ত থাকেননি, থাকার প্রশ্নই ওঠে না। বাড়িতে বড়-ছোট ভাইবোনদের জীবনেও এসেছে কম-বেশি রাজনীতির প্রভাব। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শহরে বক্তৃতা করতে এসে সুভাস বোস এবং মুসলিম লীগের মধ্যে সমঝোতা হিন্দুদের রাজনৈতিক স্বার্থের বিরোধী হবে বলামাত্র উপস্থিত ছাত্র-জনতা মারমুখী হয়ে শুরু করেছিল গণ্ডগোল, হৈচৈ। তরুণ স্কুলছাত্র মৃণালও যোগ দিয়েছিলো তাতে, বড়ভাইয়ের পক্ষ-সমর্থনে। স্কুলের ইতিহাসের শিক্ষকের টাকে ছাতার ঘা মেরে দিয়ে পালিয়ে গিয়েছিলো সেখান থেকে, মাস্টার মহাশয় তাঁকে চিনে উঠবার আগেই। তাঁর নিজের ভাষায়, এই তাঁর জীবনের প্রথম ও একমাত্র সহিংসতা। সে যাই হোক, সম্ভবত এসব থেকে দূরে রেখে লেখাপড়া শেষ করতে দেওয়ার উদ্দেশ্যে পিতা ছেলেকে পাঠালেন কলকাতায়। অবশ্য ততদিনে ম্যাট্রিক পাশ হয়ে গেছে মৃণালের। বিজ্ঞানের ছাত্র হিসেবে তাই এসে একদিন ভর্তি হলেন কলকাতায় স্কটিশ চার্চ কলেজে। সেটি ছিল ১৯৪০ সাল। তাঁদের পারিবারিক বন্ধু এবং তাঁর স্থানীয় অভিভাবক তাঁকে এনে তুললেন এক মেসে। সেখান থেকেই কলেজে যাওয়া-আসা শুরু করলেন মৃণাল।

রাজনীতিতে খুব প্রত্যক্ষভাবে জড়াতে না চাইলেও তখনকার দিনে রাজনীতি থেকে দূরে থাকা প্রায় অসম্ভব ছিল যে-কোনো একজন সমাজসচেতন, চোখ-কান-খোলা, বুদ্ধিমান তরুণের পক্ষে। ১৯৪১ সালের একদিন ভোররাতের দিকে মেস ঘেরাও করে পুলিশ ধরে নিয়ে গেল ওঁদের ছ-সাতজনকে। খবর পেয়ে বাবা এলেন কলকাতায়। দিনসাতেক থানাহাজত বাসের পর ছাড়া পেলেন তাঁরা। ওই সময়েই একদিন, ১৯৪১ সালের জানুয়ারির ভোরবেলা, এক আশ্চর্য খবর ছড়িয়ে পড়ল কলকাতার আকাশে-বাতাসে। ওইদিন সকালবেলায় মহাপরাক্রমশালী ব্রিটিশ সরকারের চোখে ধুলো দিয়ে, পুলিশ-গোয়েন্দাদের নাকের ডগা দিয়ে বাড়ি থেকে পালিয়ে গেলেন অন্তরীণ বন্দি নেতাজি সুভাষ বসু। কয়েকদিন পরেই খবর পাওয়া গেল তিনি ভারত ভূখণ্ড থেকে অনেক দূরে উত্তর-পশ্চিমে সীমানা পার হয়ে পৌঁছে গেছেন আফগানিস্তানে। আরেকদিনের ঘটনা, ওই ১৯৪১ সালেই। আগস্ট মাসের ৭ তারিখে কলেজে গিয়েছেন। ক্লাস সবে শুরু হয়েছে এমন সময়, Suddenly, from the other building rushed out the Principal from his office, Reverend Allen Cameron, bare footed. Standing before us, the students he was gasping. … yThe great poet is no more’, he said. …Without a word, without the class teacher’s permission, we all came out in a body. ওইদিন লক্ষ লক্ষ মানুষ ছুটেছিল নিমতলা ঘাট শ্মশানে কবিকে একবার শেষ-দেখা দেখার আশায়। মৃণালও একসময় পৌঁছে গিয়েছিলেন সেখানে। অজস্র মানুষ অপেক্ষা করে আছে কবিকে শেষ শ্রদ্ধা দেখানোর জন্য। ঠিক এই সময়ে আরেকটি দৃশ্য চোখে পড়েছিল মৃণালের। একটি মধ্য-বিশ বছর বয়স্ক লম্বা সুদর্শন মানুষ অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। তার কোলে তোয়ালে জড়ানো তার শিশুপুত্রের মৃতদেহ। প্রচণ্ড ভিড় আর উত্তেজনার মধ্যে তার প্রতি দৃষ্টি কারো। তিনিও হতবিহ্বল দৃষ্টিতে কী করবেন ভেবে পাচ্ছেন না। ঘটনাটি গভীর দাগ কেটেছিল মৃণালের মনে। উনিশ বছর পরে এই ঘটনাটিকেই কেন্দ্র করে গড়ে উঠেছিল তাঁর তৃতীয় এবং প্রথম বিতর্কিত ছবি বাইশে শ্রাবণ। দেশ-বিদেশে তর্কবিতর্কের ঝড় তুলেছিল ছবিটি।

কলেজ-জীবনের শেষেই আস্তে আস্তে ঝুঁকতে শুরু করেছিলেন বাম-রাজনীতির দিকে। আড্ডা জমাতে লাগলেন প্রায় সমবয়সী ভারতীয় গণনাট্য সংঘের বন্ধুবান্ধবদের সঙ্গে। বই পড়তে লাগলেন অজস্র। ইতিহাস, সমাজতত্ত্ব, চলচ্চিত্র-বিষয়ক। এ সম্পর্কে বইয়ের ধুলো-কভারে লেখা হয়েছে, Ô(he) stumbled on an unknown book, Film by Rudolf Arnheim in the early 1940s at the Imperial Library (now, the National Library) in Calcutta. As he went on devouring tomes, penned critiques on the aesthetics of Cinema… its socio-political relevance, he dreamt of a genre, called Nwe Cinema.’ চারপাশে তখন ঘটনার সমাহার। আসন্ন স্বাধীনতার প্রসববেদনা, ’৪৬-এর আগস্টে ‘গ্রেট ক্যালকাটা কিলিং’, ’৪৭-এ নেহরুর ‘ট্রিস্ট উইথ ডেসটিনি’। বিয়ে করেছেন সম্ভবত সেই সময়েই মঞ্চসফল অভিনেত্রী গীতাকে, একমাত্র সন্তান কুণালের জন্মও হয়েছে। জীবিকার প্রয়োজনে চাকরি নিয়েছেন বড় ওষুধ কোম্পানির মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ হিসেবে। অল্পসময়েই উন্নতি করতে শুরু করেছেন কেরিয়ারে।

এই সময়ের একটি ঘটনা। একদিন মধ্যপ্রদেশের ঝাঁসি শহরে গেছেন অফিসের কাজে। ওষুধ বিক্রির কাজে। এক সন্ধ্যায় দিনের কাজশেষে শহরের নির্জন এক অঞ্চলে গিয়ে বসেছেন। কিছুই ভাবছেন না। বড় বড় পাথরখণ্ড ছড়ানো রয়েছে চারপাশে। তারই একটির পাশে চুপচাপ বসে আছেন। হঠাৎ একটি পাথরখণ্ডের পাশ থেকে উঁকি দিল একটি দশ-বারো বছরের ছেলের মুখ। ছেলেটির চেহারায় কৌতূহল, পোশাকে-শরীরে দারিদ্র্যের ছাপ। মৃণাল ছেলেটিকে কাছে ডাকলেন। ভয়ে ভয়ে এগিয়ে এলো ছেলেটি। কিছু না ভেবেই পকেট থেকে একটি দশ টাকার নোট বের করে এগিয়ে দিলেন ছেলেটির দিকে। ছেলেটির চোখেমুখে অবিশ্বাস। কাছে ডাকলেন ছেলেটিকে, তারপর নোটটি প্রায় জোর করে ওর হাতে ধরিয়ে দিয়ে ওর পিঠটা একটু চাপড়ে দিলেন মৃণাল। একটু এদিক-ওদিক তাকিয়ে ছেলেটি দৌড় দিল সেখান থেকে। এরপরের কথাগুলো মৃণাল লিখেছেন এভাবে, ‘I sprang to my feet and, with nobody around, I shouted at the top of my voice and in ecstasy uttered a fwe Bengali words, Dekh-re ShalaÕra, Kemon Ami NirbashanÕe Aachhi ! (Look bastards, I‘m an exile here)’। সে-রাতে হোটেলে ফিরে তাঁর ছোট ঘরের দরজা বন্ধ করে দিয়ে প্রচণ্ড আক্রোশে নিজের কাপড়-চোপড় সব খুলে দাঁড়ালেন আয়নার সামনে। নিজেকে উদ্দেশ্য করে মুখ ভেংচালেন প্রাণভরে। বললেন, ‘ও হে মৃণাল সেন। অনেক তো সিনেমার বই পড়লে, সিনেমার সৌন্দর্যতত্ত্ব কপচালে তর্কের টেবিলে, পত্রিকার পাতায়। এখন তুমি একজন ওষুধওয়ালা হয়ে টাকা কামাচ্ছো, পরবর্তী বেতনবৃদ্ধির ফন্দি-ফিকিরে আছো। বেশ, বেশ Ñ অতি উত্তম!’ Ñ হো হো করে হাসলেন, তারপর কাঁদতে লাগলেন শিশুর মতো অঝোরে। একসময় ক্লান্ত-বিধ্বস্ত শরীরে ভেঙে পড়লেন বিছানায়।

তিনদিন পর একটি লম্বা টেলিগ্রাম পাঠালেন কোম্পানির সদর দপ্তরে, চাকরি থেকে পদত্যাগ করে।

ফিরে এলেন তাঁর শহরে। তাঁর কলকাতা, যা তাঁর কাছে এক সব-পেয়েছির শহর। এত দারিদ্র্য, এত দুঃখ, এত হতাশা এই শহরে। তবু এই শহর তাঁর ‘এল-ডোরাডো’। এখানে প্রতিটি মুহূর্তে তাঁর জন্য রয়েছে আশ্চর্য সব অভিজ্ঞতা। প্রতিটি গলির মোড়ে মেড়ে আছে নতুন বিস্ময়। সিনেমা-জগতের বন্ধু গুলজারের এক গল্প বলেছেন মৃণাল। কবি, লেখক গুলজার এসেছেন কলকাতায়, সম্ভবত সত্তরের দশকে। একদিন সকালে থলে হাতে কোথাও যাচ্ছিলেন তিনি। এক রাস্তার মোড়ে দাঁড়িয়ে নিশ্চিন্তমনে দাঁতন করছিল এক বাঙালি। গুলজারকে এগিয়ে যেতে দেখে নির্লিপ্ত স্বরে বললেন, ‘মাছ কিনতে যাচ্ছেন মশাই? ওই গলি দিয়ে চলে যান। এখানে গুলি চলছে।’ এই হচ্ছে কলকাতা। যুদ্ধক্ষেত্র, কিন্তু তবু ঠান্ডা-উত্তেজনাহীন। এই শহরেই ছাত্র-আন্দোলনের মুখোমুখি দাঁড়িয়ে পুলিশের বড় কর্মকর্তা সবাইকে সাবধান করে দিচ্ছেন ওদিকে না যেতে। যখন জানতে পারছেন খানিক দূরে ট্যাক্সিতে বসে আছেন ফরাসি চিত্রনির্মাতা লুই ম্যাল (খড়ঁরং গধষষব) তখন মৃণালের কাছে গিয়ে আকুতি জানাচ্ছেন, আমি ম্যালের সঙ্গে দেখা করতে চাই। আমি ওঁর একজন দারুণ ভক্ত!

কিপলিং থেকে চার্চিল সবাই ঘৃণা করে এই শহরকে। আবার কে না ভালোবেসে পারে কলকাতাকে? কে না ঘুরে ঘুরে বারেবারে ফিরে আসে এই কলকাতায়? কলকাতাকে ভালোবাসা যায়, ঘৃণা করা যায়, কিন্তু ভুলে থাকা যায় না। এই শহর মৃণাল সেনের ‘আমার শহর’। এই ‘এল ডোরাডো’র প্যারাডাইজ ক্যাফেতে বসেই সিনেমার সোনা খোঁজার সন্ধানে বের হলেন মৃণাল। বাইশে শ্রাবণ বানানো শেষ করলেন। একটির পর একটি ছবিতে হাত দিলেন। তৈরি হলো পুনশ্চ, অবশেষে, প্রতিনিধি, আকাশ কুসুম, ওড়িয়া ভাষায় মাটির মনীষা। অনবরত নিজেকে নিয়ে পরীক্ষা চালাচ্ছেন এই অতৃপ্ত শিল্পী। তাঁর ছবি নিয়ে দেশে তর্কবিতর্ক চলছে, বিদেশেও। আর্থিক সাফল্য আসছে কদাচিৎ। কিন্তু হাজারো প্রশ্নের জন্ম দিচ্ছে দর্শকদের মনে, ভক্ত ও সমালোচক সবার ভেতরে। অনবরত নিজের ভেতর থেকে জন্ম দিচ্ছেন অন্য-এক মৃণালকে। কবি জয় গোস্বামী যেমনটা বলেছেন রবীন্দ্রনাথ সম্পর্কে। অনেকটা সে-রকম, ‘একটিই জীবনের মধ্য দিয়ে তার অতগুলো জন্মান্তর কী করে সম্ভব হলো?’

এই সময়েই তৈরি করলেন তাঁর হিন্দি ছবি ভুবন সোম, ১৯৬৯ সালে। এই ছবি সম্পর্কে মৃণাল লিখছেন, ‘Bhvuan Shome was all about Bhvuan Shome, a widower, and a top official in the railways approaching the age of retirement. Suffering from Victorian morality, he was a strict disciplinarian, … His world consisted of his office chamber with a door swinging as often as required, …He had no friend, none to build a rapport with.’ এই মানুষটি একদিন ছোট্ট একটি ছুটি নিলেন এবং সম্পূর্ণ এক অজানা জগতে গিয়ে পড়লেন। সে-জগতে আছে উন্মুক্ত আকাশ, মাইলের পর মাইল বালিয়াড়ি, অগুনতি পাখির মেলা আর একটি লাস্যময়ী সরল গ্রাম্যবধূ। এই নিয়ে তৈরি হলো ভুবন সোম। মৃণাল লিখছেন, ‘Widely circulated, the film was discussed at various levels in most of the metropolitan cities, but the interpretation was not the same, differing from

persons to persons.’ কলকাতা, ভেনিস এবং প্যারিস Ñ সবত্র তর্কবিতর্কের ঝড় উঠল ছবিটি নিয়ে। টাইমস্ অফ ইন্ডিয়া বলল, ছবিটি ‘নিউ ওয়েভ’ সিনেমাতে অন্তর্ভুক্ত করা যায়। প্যারিস থেকে এলেন বিখ্যাত লেখিকা Nathalie Sarraute। ভুবন সোমের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তাঁর নিজস্ব ব্যাখায় বললেন, ‘A sweet, simple, serene village belle outsmarted an ÔincorruptibleÕ bureaucrat with no malice against aûone. A charming comedy and profoundly human!’ সত্যজিৎ রায়ও জড়িয়ে গেলেন বিতর্কে। এক প্রবন্ধ লিখে ছবিটি সম্পর্কে অনেক কিছু বলে শেষ করলেন সাতটি শব্দ দিয়ে, ‘Big Bad Bureaucrat Reformed by Rustic Belle.’ সম্ভবত ভুবন সোম সম্পর্কে শেষ কথাটি বলেছিল বোম্বাইয়ের এক ট্যাক্সি-ড্রাইভার। লম্বা সফরে যেতে যেতে নানা বিষয়ে কথা বলছিল ড্রাইভারটি যাত্রীটির সঙ্গে। কথায় কথায় সিনেমার কথা উঠল। যাত্রীটি এক ফাঁকে জানতে চাইলেন যে, ট্যাক্সি-ড্রাইভার ভুবন সোম দেখেছে কি-না। হ্যাঁ, সে দেখেছে ছবিটি। একটি ‘ক্লাস’ ছবি! (কী যে তার মানে, কে জানে?)। আরো কিছুদূর যাওয়ার পর হঠাৎ ট্যাক্সি থামিয়ে জিজ্ঞেস করে উঠল, আপনি মৃণাল সেন? মৃণাল মাথা নাড়তে সে তার হাত বাড়িয়ে দিল করমর্দন করার জন্য। করমর্দন হলো। কয়েক মিনিট থেমে রইল ট্যাক্সি। তারপর আর একটি কথাও না বলে মৃণালকে পৌঁছে দিল সে গন্তব্যস্থলে। গন্তব্যে পৌঁছে ভাড়া দিতে পকেটে হাত দিয়ে টাকা বের করার আগেই ট্যাক্সি চালিয়ে চলে গেল ড্রাইভার।

সত্তরের দশকের পশ্চিমবঙ্গের যে-যন্ত্রণা Ñ নকশাল আন্দোলন, সমগ্র পশ্চিমবঙ্গে শত শত তরুণ আদর্শবাদী ছেলের অকাতরে জীবনদান, ভারতীয় সেন্ট্রাল পুলিশের নিষ্ঠুর ও ভয়াল প্রতিশোধ Ñ তা ক্ষতবিক্ষত করে তুলেছিল এই শিল্পীকে। সম্ভবত ’৪৬-এর প্রত্যক্ষ সংগ্রাম দিবসের পর তাঁর শহর এল ডোরাডোর এই রূপ কল্পনা করেননি কখনো। কিন্তু অবাকও হলেন না। কত রূপ যে লুকিয়ে আছে এই শহরে! তৈরি করে চললেন একটার পর একটা ছবি, কলকাতা ৭১, পদাতিক, কোরাস। পদাতিকও সৃষ্টি করল যথেষ্ট তর্কবিতর্কের। এক নিবেদিতপ্রাণ বিপ্লবী যুবকের নিজের বাসায় বাবার মৃত্যুশয্যায় সত্যের মুখোমুখি হওয়ার এ-কাহিনী গ্রহণ করে নিল অনেকে, আবার প্রত্যাখ্যানও করল বহু দর্শক। বিতর্কের কেন্দ্রবিন্দুতেই রইলেন মৃণাল। এর মধ্যে আরো ছবি বানিয়েছেন। ইন্টারভিউ মোটামুটি দর্শকসফল একটি ছবি। বাংলা সিনেমায় রঞ্জিত মৌলিক নামে এক নতুন নায়ককে উপস্থিত করেছেন মৃণাল এক অভিনব কাহিনীর মাধ্যমে।

সত্তরের দুঃস্বপ্ন পার হয়ে এসে তৈরি করলেন একদিন প্রতিদিন। এখানে বলে রাখি, পরে আরো কয়েকটি ছবি দেখলেও এই আলোচকের পক্ষে মৃণালের প্রথম ছবি দেখার অভিজ্ঞতা ছিল সেটাই। কলকাতার মেট্রো সিনেমায়। সে যে কী এক অভিজ্ঞতা, তা বলে বোঝানো কঠিন। কলকাতায় একটি পুরানো জরাজীর্ণ বাড়িতে থাকা একটি নিুবিত্ত পরিবারের সাতজনের জীবনে একটি রাত্রির কাহিনী। অমলেন্দু চক্রবর্তীর একটি ছোটগল্পের ওপর তৈরি ছবিটি সম্পর্কে একটি শব্দই বলা চলে। শব্দটি হচ্ছে, ‘intense’। ছবিটির প্রতিটি দৃশ্যে, প্রতিটি মুহূর্তে যে-চাপা তীব্রতা প্রকাশ পেয়েছে তা ভোরের কলকাতা শহরের জেগে ওঠার মুহূর্ত পর্যন্ত দর্শককে ধরে রাখে।

অনেক কথা লিখেছেন মৃণাল সেন তাঁর এই ছবি সম্পর্কে। পাতার পর পাতা স্ক্রিপ্ট থেকে তুলে দিয়েছেন ছবিটির কাহিনী। পরিবারের বড় মেয়েটি, যার আয়ে টিকে আছে এই পরিবার, সেদিন সন্ধ্যায় অফিসফেরত বাসায় আসেনি। কোনোদিন এমনটি হয়নি আর। হয়তো কোথাও গিয়েছে, হয়তো কোথাও আটকে গেছে – এই চিন্তায় কেটে গেছে প্রথম রাত। তারপরও সে ফেরে না। রাত বাড়তে থাকে। প্রচণ্ড টেনশন সৃষ্টি হয় সর্বত্র। থানা-পুলিশ কেউ কিচ্ছু বলতে পারে না। মেয়েটির বোন, কালো মেয়েটি (সে-ই আসলে প্রধান চরিত্র, অভিনয়ে শ্রীলা মজুমদার) দুর্ভাবনায় একসময়ে মুখ খোলে। মাকে জিজ্ঞেস করে, মা, আমরা কি কখনো দিদির কথা ভেবেছি। আমাদের সংসারের ভারবহনকারী একজন ছাড়া দিদি যে একজন মানুষ, যার একটি পৃথক অস্তিত্ব আছে, তা কি কোনোদিন আমরা খেয়াল করেছি? তীব্র বিতর্কে ফেটে পড়ে মা ও মেয়ে। মা (অভিনয়ে মৃণাল-পত্নী গীতা সেন) দুঃখে-ক্ষোভে-যন্ত্রণায় মুখ খোলেন। বিছানায় বসে থাকা বৃদ্ধ রোজগারহীন বাবার দিকে দেখিয়ে মেয়েকে বলেন, আমাকে জিজ্ঞেস করছিস কেন এসব কথা? ওই লোকটিকে, ওই চুপচাপ বসে থাকা মানুষটিকে জিজ্ঞেস কর। আমি তো তোমাদের এই সংসারের ঘানি টেনে টেনে ক্লান্ত হয়ে পড়েছি। বাবা নীরবে ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। একসময় বন্ধুকে নিয়ে হাসপাতালের মর্গে খুঁজতে যায় মেয়েটির ভাই। সেখানেও কোনো হদিস নেই। ফিরে এলে বোনটি জিজ্ঞেস করে ভাইকে, কী রে, তুই নাকি মর্গে অত লাশ দেখে বমি করে ফেলেছিলি? কই, সারাক্ষণ যে এই ঘর, এই বাসা এই যে মর্গে আছিস, তাতে বমি আসে না তোর? একসময়ে সবাই আশা ছেড়ে দেয়। ভোরের আলো ফোটার আগেই একটি ট্যাক্সি এসে থামে রাস্তায়। চিনু (বড় মেয়েটির নাম) ফিরে আসে। ক্লান্ত দেহ। আশপাশের উৎসুক প্রতিবেশীদের ঘরের বাতি জ্বলে ওঠে বাইরে ট্যাক্সির শব্দে। জানালা-দরজায় উঁকি মারে প্রতিবেশীরা। কোথায় ছিল সে সারারাত, কেন এত দেরি হলো ফিরতে Ñ কারো কোনো জিজ্ঞাসা নেই। চিনু একটু অবাক হয়ে বোন মিনুকে বলে, কী রে, তোরা কিছু বলছিস না কেন? তোরা কি চাসনি আমি ফিরে আসি? সবাই চুপ। বাবা শুধু মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, যা মা, ঘুমোতে যা। একসময় কেঁদে ওঠে চিনু। মায়ের চোখ ভরে আসে জলে। ভোরের আলোয় কলকাতা শহরে জেগে ওঠে আরেকটি দিনের আশা-আকাক্সক্ষা এবং বেদনা-হতাশা নিয়ে।

মৃণাল লিখছেন, প্রথম দিন সিনেমাশেষে দর্শকরা বেরিয়ে এসে তাঁকে দেখতে পায় উপরের ব্যালকনিতে। সবার মুখে একটি প্রশ্ন, কী হয়েছিল চিনুর? কেন সে দেরি করে বাড়িতে ফিরল? উত্তরে মৃণালের জবাব, দেখুন মশাই, আমার তো মনে হচ্ছে ছবিটা আমি আপনার মতো দর্শকের জন্য বানিয়েছি। আপনারা দেখবেন আর যন্ত্রণা পাবেন। যন্ত্রণা পাবেন, কেননা আপনারা জবাব পাবেন না। আর আমাকে যদি জিজ্ঞেস করেন তবে আমি বলব, আমিও জানি না। তর্কবিতর্কের ঝড় উঠে গিয়েছিল ছবিটি নিয়ে। এমনকী সত্যজিৎ রায়ও একসময় মুখ খুলেছিলেন এই বিষয়ে। তাঁর এক বন্ধুর কাছে মৃণালের আরেকটি হিন্দি ছবি একদিন আচানক, যার কাহিনীও গড়ে উঠেছে এমনি একদিন হঠাৎ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসা এক প্রৌঢ় অধ্যাপককে নিয়ে। সত্যজিৎ লিখেছিলেন, ‘Never before the maker (of the film) showed ignorance about characters authored by him. I suspect Mrinal does not knwo too why the ÔprofessorÕ disappeared in Ekdin Achanak (Suddenly, one day)|’ মৃণাল লিখছেন, সত্যজিৎ ঠিকই বলেছেন। স্যামুয়েল বেকেটকে একদিন তাঁর জগদ্বিখ্যাত নাটক ওয়েটিং ফর গডো সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল, কেন তাঁর নাটকে গডোর প্রতীক্ষায়, গডো শেষ পর্যন্ত আসে না? উত্তরে বেকেট বলেছিলেন, আমি যদি তা জানতাম তাহলে আমার নাটকে সে-কথা জানিয়ে দিতাম।

সারা পৃথিবীতে তর্ক আর প্রশংসার ঝড় তুলেছিল একদিন প্রতিদিন। গীতা আর শ্রীলা মজুমদারের অভিনয়। কলকাতার নিু- মধ্যবিত্তের জীবন নিয়ে আলোচনা উঠেছিল কান থেকে কানাডা, লন্ডন থেকে স্টকহোম সর্বত্র। মজার প্রশ্নের জবাব দিতে হয়েছিল মৃণালকে প্যারিসে। L Express পত্রিকার এক সাংবাদিক, যিনি জানতেন মার্কসীয় দর্শনের প্রতি মৃণালের দুর্বলতার কথা এবং কলকাতায় কমিউনিস্টদের মধ্যে নানা বিভক্তির কথা, প্রশ্নোত্তরের পালায় জিজ্ঞেস করলেন মৃণালকে, ‘which of the Marxist varieties I belong to? …I said that since discretion was the better part of valour, I always preferred to remain a private Marxist।’ পরদিন ওই পত্রিকায় খবর বের হয়েছিল, ‘Mrinal Sen : Marxiste Privé.’

এরপর আরো আটটি ছবি তৈরি করেছেন মৃণাল। একদিন প্রতিদিনের ঠিক পরের ছবিটি ছিল আকালের সন্ধানে। সম্পূর্ণ নতুন আঙ্গিকে তোলা এই ছবিতে সবাই দুটি করে ভূমিকায় অভিনয় করেন। নায়িকা স্মিতা পাতিল একবার অভিনেত্রী স্মিতা পাতিলের ভূমিকায়, আরেকবার দারিদ্র্যপীড়িত গ্রামের এক কৃষকের পুত্রবধূ। স্ক্রিপ্ট থেকে পড়ে শুনিয়েছেন মৃণাল। এক জায়গায়, যে গ্রামে শুটিং করতে গিয়েছেন সিনেমার দলটি সেখানে এক বৃদ্ধ বলছে, দেখ দেখ বাবুরা এসেছে আকালের সন্ধানে। আমরা যারা সারা জীবন আকাল নিয়ে বেঁচে আছি আমাদের মধ্যে সিনেমার বাবুরা আকাল খুঁজছেন। এরকম আরো ছোটখাটো অভিজ্ঞতার কথা লিখেছেন মৃণাল। মুনশী প্রেমচন্দের কাহিনী কাফন নিয়ে তেলেগু ভাষায় একটি ছবি বানিয়েছেন, নাম দিয়েছেন ওকা উরি কথা (দ্যা আউটসাইডার)। সেখানে ওই অঞ্চলের এক বিখ্যাত অভিনেতা সবকিছু ঠিকমতো করছেন, কিন্তু একটি সামান্য ডায়ালগ বলতে পারছেন না কোনোমতেই। ‘সারাদিন মোষের মতো পড়ে পড়ে ঘুমায়’- এই ডায়ালগটি আসছে না কোনোমতেই সঠিকভাবে। কারণ কী, জানবার চেষ্টা করলে একসময় বলেছে সেই লোক, আমাদের এই গ্রামে মোষ হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় জন্তু। সকাল থেকে নানা কাজে নানাভাবে তাকে লাগানো হয়ে থাকে। একটি মুহূর্ত অবসর নেই তার। আপনার এই ডায়ালগের মিথ্যাটুকু মন থেকে কোনোমতেই ঝেড়ে ফেলতে পারা যাচ্ছে না।

রমাপদ চৌধুরীর অনবদ্য ছোটগল্প খারিজ অবলম্বনে তৈরি করেছেন একই নামের সিনেমা। গ্রামের এক দরিদ্র পিতা দশ-বারো বছরের ছেলেকে একটু ভালোভাবে থাকার আশায় কলকাতা শহরের একটি উচ্চ-মধ্যবিত্ত ছোট পরিবারের বাসায় কাজ করতে পাঠিয়েছেন। সেখানে একদিন প্রচণ্ড শীতে একটু বাড়তি উত্তাপের আশায় ছেলেটি রান্নাঘরে কয়লার উনুনের পাশে গিয়ে শুয়েছে রাতে। পরদিন দেখা গেছে ছেলেটি মরে পড়ে আছে সেখানে। সম্ভবত কয়লার গ্যাসে মধ্যে বদ্ধঘরের পরিবেশে মৃত্যু হয়েছে তার। তারপর যা হওয়ার তাই হয়েছে, পুলিশ এসেছে, পোস্টমর্টেমে কোনোরকম সন্দেহের কিছু পাওয়া যায়নি। মামলা হয়েছে কোর্টে। কোনোরকম ফাউলপ্লে-র বিন্দুমাত্র চিহ্ন না থাকায় মামলাটি ডিসমিস করে দিয়েছে আদালত। প্রথমে একটু দুঃখের আঘাত এলেও, পরপরেই মধ্যবিত্ত জীবনের আত্মপরতা, শ্রেণিস্বার্থের অহংকার ছোট্ট পবিরারটিকে আত্মপক্ষসমর্থনে তৎপর করে তুলেছে। ছেলেটির বাবা গ্রাম থেকে এসে একটি কথা না বলে চলে গেছে, কিন্তু এই কিছু-না-বলার মধ্যে এক অদৃশ্য আঙুল দিয়ে সে দায়ী করে গেছে এই মধ্যবিত্ত শ্রেণির সংবেদন-শূন্যতাকে। অসামান্য দক্ষতায় কাহিনীটিকে পৃথিবীর কাছে উপস্থিত করেছেন চলচ্চিত্রকার। খারিজ হয়ে যাওয়া এই মামলায় সবাই অভিযুক্তের কাঠগড়ায় দাঁড় হয়েছে, নিজেকেও বাদ দেননি চিত্রনির্মাতা।

এভাবেই আজও ছবি তৈরি করে চলেছেন মৃণাল সেনের। আমার ভুবন (২০০২) এ পর্যন্ত বানানো তাঁর শেষ ছবি। না, তিনি অবসরগ্রহণ করেননি। ভবিষ্যতে আরো ছবি করবেন, এই আশ্বাসও পাওয়া গেছে তাঁর কাছ থেকে। নিজের ওপর আস্থার অভাব কোনোদিনই এই শিল্পীর ছিল না। আজও নেই। কোথা থেকে পান এই আস্থা? এ প্রশ্নের জবাব দিয়েছেন পদার্থবিদ নিলস্বোরেয়র জবানিতে, (¸) confidence comes from not being always right, but from not fearing to be wrong’। আরো কত নবরূপে জন্ম নেবেন কে জানে? তাঁর প্রতিটি ছবিই তাঁর নবজন্ম। আমরা সেই প্রতীক্ষায় থাকি। ক্রিকেট-সাহিত্যিক নেভিল কার্ডাসের একটি লেখা আছে, যেখানে তিনি বলছেন, একদিন ট্রেনে যেতে যেতে দেখলেন লাইনের ধারে মাঠে একটি ক্রিকেট ম্যাচ হচ্ছে। বোলার ধেয়ে আসছে বল করার জন্য, ব্যাটসম্যান তৈরি হয়েছে বলটি খেলার জন্য। বলটি ডেলিভারি হলো এবং ঠিক সেই মুহূর্তে ট্রেনটি ঢুকে গেল একটি টানেলে। কার্ডাস সারাজীবন জানতে চেয়েছিলেন কী হয়েছিল সেই বলটির ফলে। আমরাও সারাজীবন মৃণাল সেনের পরের ছবিতে কী আছে তা জানবার জন্য তৈরি থাকব।

সত্যজিৎ রায় তাঁর আওয়ার ফিল্মস, দেয়ার ফিল্মস গ্রন্থের মুখবন্ধে লিখেছিলেন, ‘A film-maker rarely writes about films. He is either too busy making one, or too unhappy not to be able to make one…’। আমাদের সৌভাগ্য মৃণাল সেন ছবি তৈরি করেছেন এবং ছবি সম্পর্কে লিখেছেনও।

বইটির সম্পাদনায় দুএকটি সামান্য খুঁত চোখে পড়ে। পদাতিক ছবিটির ইংরেজি কোথাও পাওয়া যাচ্ছে The fugitive, আবার কোথাও পাচ্ছি Urban Guerilla। দুটোর কোনোটি না হয়ে শুধু Foot-soldier হলেই বোধহয় ভালো হতো। তেমনি লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া (Colombia) সবখানেই হয়েছে কলাম্বিয়া (Columbia)। ডিপার্টমেন্ট স্টোর হয়ে গেছে ডিপার্টমেন্টাল স্টোর।

মৃণাল সেন শতায়ু হোন। বারে বারে নতুন সিনেমার মধ্যে নিজের রূপান্তর অব্যাহত রাখুন।