সুরসাধনার কিংবদন্তি ওস্তাদ আলাউদ্দিন খাঁ

Ustad Alauddin Khan/

The Legend in Music

Mobarak Hossain Khan

Sterling Publishers

Private Limited

Nwe Delhi, 2002

Rs. 175

‘জীবনের শেষপ্রান্তে পৌঁছেও সুরের নাগাল পেলাম না’ Ñ কথাগুলো বলেছিলেন ভারত উপমহাদেশের সংগীত-জগতের এক কিংবদন্তি, ওস্তাদ আলাউদ্দিন খাঁ। সংগীত অতি প্রাচীন, গাছ আগে না বীজ আগে Ñ এমন বিতর্কের মতোই সংগীতকে নিয়ে প্রতিষ্ঠিত আছে আরেকটি বিতর্ক। আর তা হলো, কথার সৃষ্টি আগে নাকি সুরের সৃষ্টি। আগে যেটাই হোক না কেন সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি অর্থাৎ প্রকৃতির নানা উপকরণ থেকে কিংবা পশুপাখি ও প্রাণীদের ডাকের অনুকরণে সৃষ্টি হয়েছিল সংগীত। অবশ্য এ বিষয়েও রয়েছে নানা মতান্তর কিংবা মতবাদ। প্রাচীন তথ্য থেকে আরো জানা যায়, শার্ঙ্গদেব তাঁর সঙ্গীতরত্নাকরে গীত ও নৃত্যব্যতিরেকে যে-বাদ্য হয়, তাকে শুষ্ক বাদ্য বলে অভিহিত করেছিলেন। সেই দিক থেকে বিচার করলে বীণ, রবাব, সুরবাহার, সুরশৃঙ্গার, সেতার, সরোদ প্রভৃতি বাদ্যযন্ত্রের বাদ্যকে শুষ্ক বাদ্য বলেই বর্ণনা করতে হয়। কিন্তু সর্ববাদ্যে পারদর্শী এক অনন্য বাদক ওস্তাদ আলাউদ্দিন খাঁ-র হাতের আঙুলের অপূর্ব শিল্পশৈলীতে যে-মধুর ধ্বনি নিঃসৃত হতো তাকে কোনো যুক্তিতেই শুষ্ক বলা চলে না। নানা মেজাজ ও রসে ভরপুর সেই সুর যেন এক রহস্যময় তন্ময়তা। সুরের মতোই এই মহান সংগীতকারের জীবনেও ছিল অন্য বোধের এক ছন্দ, যার অনেকটাই আমাদের সাধারণ পাঠকদের কাছে অজানা। প্রবাদপ্রতিম এই শিল্পীর ব্যক্তিগত জীবনের কিছু কিছু জানা-অজানা কাহিনী, তাঁর লেখা কিছু চিঠি প্রভৃতি মূল্যবান বিষয়বস্তুর অনন্য সম্ভার নিয়ে লেখক মোবারক হোসেন খান রচনা করেছেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ Ñ সংগীত জগতের কিংবদন্তি নামের বইটি। লেখক নিজেও এদেশের একজন বিশিষ্ট শিল্পী ও সুরবাহার-বাদক এবং সম্পর্কে ওস্তাদ আলাউদ্দিন খাঁ-র ভাতিজা। পারিবারিক উৎস থেকে স্বভাবতই লেখক অনেক মূল্যবান তথ্য তুলে ধরেছেন পাঠকদের জন্য। ইংরেজি ভাষার এই বইটি ২০০২ সালে প্রকাশ করেছে স্টারলিং পাবলিশার্স।

লেখক মোবারক হোসেন খান বইটির সূচনা করেছেন বিশ্ববিখ্যাত সেতার মায়েস্ত্রো, ওস্তাদ আলাউদ্দিন খাঁ-র প্রিয় ও সার্থক শিষ্য, পণ্ডিত রবিশঙ্করকে উৎসর্গ করে। বইপ্রকাশের আগে তথ্য-বিষয়ে ও মূল পাণ্ডুলিপি সম্পর্কে তাঁর মূল্যবান মন্তব্য দিয়ে পণ্ডিত রবিশঙ্কর লেখককে উৎসাহিত করেছেন। তাই তিনি চিরকৃতজ্ঞ। লেখক ওস্তাদ আলাউদ্দিন খাঁ সম্পর্কে তাঁর মূল বক্তব্যে প্রবেশের আগে পূর্বলেখে বিশ্বজয়ী এই সংগীতসাধকের জন্মস্থান, পারিবারিক পরিচয় এবং তাঁর সঙ্গে নানা কথোপকথন কিংবা অভিজ্ঞতার কথা লিখে গেছেন তাঁর সাবলীল ভাষার আশ্রয়ে। ভূমিকার পরপরই একটি বংশলতিকা, যা সহজেই বিখ্যাত এক সংগীত-পরিবারের পরিচয় তুলে ধরে।

ওস্তাদ আলাউদ্দিন খাঁ-র জন্মস্থানের বর্ণনা দিতে গিয়ে লেখক বলেছেন, সরস শ্যামলিমার উচ্ছ্বাসভরা রাখালিয়া বিস্তারের একপাশে ছোট এক গ্রাম শিবপুর। সেই গ্রামের গাছে গাছে, সবুজের আড়ালে পাখির কূজন কিংবা প্রকৃতির নৈবেদ্যে লুকিয়ে থাকা ঐশ্বরিক সুরের ছন্দে গ্রামবাসীর জীবন-মন এমনকী সম্পূর্ণ নিসর্গ যেন নিঃশব্দ এক রিনরিন শব্দে প্রতিধ্বনিত হয়। শিবপুরের পরতে পরতে মিশে আছে সুরের তাল, তান, লয়, সংগীতের প্রাণ Ñ যার জন্যে এই গ্রাম একটি বিশেষ পরিবারের কাছে কৃতজ্ঞ। উনিশ-শতকের শেষের দিকে এই বিশেষ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন আলম নামের একটি ছেলে, পরবর্তীকালে যিনি আলাউদ্দিন খাঁ নামে বিশ্বজুড়ে সুখ্যাতি অর্জন করেছিলেন এক নিবেদিতপ্রাণ সংগীতসাধক হিসেবে। ভাতিজা হিসেবে লেখক মোবারক হোসেন তাঁর সেই শ্রদ্ধেয় ও প্রিয় ‘লাল জ্যেঠাকে’ জিজ্ঞেস করেছিলেন সংগীত-জগতে এমন সফলতার পেছনের গোপন রহস্য। প্রশ্নের উত্তরে আলাউদ্দিন খাঁ আবেগসিক্ত কণ্ঠে বলেছিলেন, ‘সংগীতের ক্ষেত্রে তার শিক্ষাগ্রহণ বা শিক্ষাদানের চূড়ান্ত পর্যায়ে যাওয়া একটি কঠিন বিষয়। আমি আজ বৃদ্ধ হয়ে গেছি, অথচ আজও এর শেষ প্রান্তে পৌঁছুতে পারলাম না। যতই আমি সেই প্রান্তে পৌঁছুতে চাই ততই যেন সে আমাকে ফাঁকি দিয়ে সরে যায় দূরে। যদিও, সে একেবারে আড়ালে উধাও হয়ে যায় না, বরং বারবার ফিরে এসে স্বপ্নের সোনালি পাখায় আমাকে ডাক দিয়ে যায় ইশারায়। হয়তো-বা সেই চূড়ান্ত সীমায় যাবার আগেই আমার ডাক আসবে আর আমাকে চলে যেতে হবে, সংগীত নিয়ে আমার উদ্দেশ্য কিংবা যাত্রা সম্পূর্ণ হলো কী হলো না তাতে কিছুই যাবে আসবে না।’ ছোটবেলায় কী করে সংগীতের সংস্পর্শে এসেছিলেন তা বলতে গিয়ে বলছেন, ‘আমার বয়স তখন পাঁচ কিংবা ছয়। সারাটা সময় কাটে খেলার মাঝে। দিনগুলো ছিল একরকম ছন্দে ভরা আর তাতে ছিল সংগীতের আলতো স্পর্শ। সেই সুর ও ছন্দের প্রভাবই আমাকে প্রথম সংগীতের দিকে টেনেছিল। খুব ভোরে বাবা সেতার বাজাতেন। সেতারনিঃসৃত সেই সুমধুর সুরের আবেশে আমি রাতের ঘুমশেষে ভোরের আলোয় চোখ মেলতাম আর সেই সুর সারাদিনভর আমার কানে প্রতিধ্বনিত হতো …।’

‘সংগীত বা সুর যে-কোনো মুহূর্তে আমাকে তীব্রভাবে আলোড়িত করত। এমনকী খেলার সময়েও। এক বিকেলে, খেলার মাঝখানে আমি একটি সুর শুনতে পেয়ে কৌতূহলবশত খেলা থামিয়ে খুঁজতে থাকি সেই সুরের উৎস, আর খুঁজে পাই একটি পাখি যা তার কুহু কুহু কূজনে আমাকে আকর্ষণ করেছিল। বন্ধুরা আমার অনুপস্থিতি টের না পেয়ে খেলতে থাকে আর আমি পাখিটির কাছে চলে যাই। পাখিটি তখন আবারও মিষ্টি স্বরে ডেকে উঠলে আমার মনে হয় একটা নিটোল পবিত্র সুর যেন ঢেউয়ের মতো আমার চারদিকে প্রবাহিত হচ্ছে। আমি এখনো সেই পাখি আর তার সেই সুমিষ্ট সুরের সন্ধানে, তার পরম সুরের রহস্যের পেছনে ছুটছি। সেই সময় আমি আরো পরে জেনেছিলাম পাখিটির নাম বসন্তের পাখি কোকিল আর বসন্ত নামে সংগীতের একটি রাগ রয়েছে। আরো পরে আমি একটি রাগের সৃষ্টি করেছিলাম যার নাম বসন্ত-বেহাগ।’

ছোটবেলার স্বচ্ছ-অস্বচ্ছ স্মৃৃতিগুলো হাতরাতে হাতরাতে এই বড় মাপের সুরসম্রাট যেন কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিলেন সময়ের রহস্যে। এরপর আবার কথা শুরু করে বলেছিলেন, জন্মভূমি বাংলাদেশের প্রতি তাঁর অপরিসীম ভালোবাসার কথা, এই ভূমিতে তাঁর অন্তিম মুহূর্ত কাটাতে পারলে তিনি নিজেকে কতটা ভাগ্যবান বলে মনে করবেন Ñ সেইসব কথা। সবুজ-শ্যামলিমার এই মাতৃভূমির গভীরে তিনি যেন খুঁজে পেতেন জীবনের নির্মল সতেজতা। মৃদু বাতাসের আলতো ছোঁয়ায় দুলে-ওঠা ধানের ক্ষেতের নিজস্ব ছন্দে যেন বাবার বাজানো সেতারের সুর-ছন্দের অদ্ভুত সাদৃশ্য খুঁজে পেতেন তিনি। একদিন বাবার সঙ্গে গিয়েছিলেন তিতাসের পাড়ে গোকারনা নামের আরেক গ্রামে, নৌকাবাইচ দেখার জন্য। ‘পূর্ব দিগন্তে অদ্ভুত সুন্দর রঙে রাঙা হয়ে যখন ভোরের সূর্য উঁকি দিচ্ছে, তখন মায়ের তৈরি করা গরম পিঠা দিয়ে পেট ভরে আমরা আমাদের যাত্রা শুরু করলাম।’ নৌকাবাইচের সেই অভিজ্ঞতা সুন্দরভাবে বর্ণনা করে

ওস্তাদ আলাউদ্দিন খাঁ আরো বললেন কীভাবে নৌকাগুলোর বৈঠা ও পানির সংযোগে তৈরি আশ্চর্যজনক ছন্দটি তাঁকে মুগ্ধ করেছিল আর সেই ছন্দের মাঝেও তিনি যেন সেতারের অনুরণন খুঁজে পেয়েছিলেন। প্রকৃতপক্ষে যার অন্তর-বাহির সুরের আঁচলে আবৃত, যার রক্ত প্রবাহিত হয় সুরের ছন্দে সেই মানুষটি তো তাঁর চারপাশের সবকিছুতেই সুরকে খুঁজে পাবেন!

‘আমি ছিলাম প্রকৃতির সন্তান। ছিলাম একজন ভাগ্যবান, কেননা প্রকৃতির মাঝে জড়িয়ে থাকা সুর আর ছন্দ আমি বুঝতে পারতাম, যা অন্যরা পারত না। আর এই প্রকৃতিপ্রেমের প্রবণতা আমার মনে তৈরি করেছিল সংগীতের স্বাভাবিক বোধ, আমাকে করেছিল আলাদা অন্য ছেলেদের থেকে।’ সংগীতের প্রতি এমন তীব্র ও নির্মল প্রেম, আর সেই প্রেমকে খুঁজে পাবার আকুল আগ্রহ এই সুরপাগল ছেলেটিকে একদিন ঘরছাড়া করেছিল, করেছিল দেশছাড়া অজানার উদ্দেশে। কিন্তু নিজ-জন্মভূমিকে তিনি ভালোবাসতেন প্রাণ দিয়ে। মাতৃভূমি, সংগীত আর আলাউদ্দিন খাঁ Ñ এই ত্রয়ী যেন সেতারের তারের মতোই অবিচ্ছেদ্য, একই সুরে গাঁথা।

লেখক মোবারক হোসেন খান ভূমিকা লিখবার পর কয়েকটি অধ্যায়ের মাধ্যমে তাঁর অভিজ্ঞতার আলোকে, তাঁর চাচা বা ‘লাল জ্যেঠা’ তথা এই উপমহাদেশ ও পৃথিবীবিখ্যাত সুরসাধক, ওস্তাদ আলাউদ্দিন খাঁ-র জীবনের নানা দিক তুলে ধরেছেন। তিনি প্রথম অধ্যায়টির নামকরণ করেছেন ‘দ্য রেভ্যুলুশনারি’ অর্থাৎ বিপ্লবী। বইটির এই অংশে তিনি অত্যন্ত সাবলীল ভাষা ও আন্তরিকতার স্পর্শে উল্লেখ করেছেন কী কারণে তাঁর পিতৃব্যের এমন নামকরণ করেছিলেন ভ্রাতুষ্পুত্ররা, তাঁর পারিবারিক পরিচিতি এবং মৃত্যুর কিছুদিন আগে ভ্রাতুষ্পুত্রকে বলে-যাওয়া পারিবারিক ইতিহাস। ওস্তাদ আলাউদ্দিন খাঁ-র গাত্রবর্ণ ছিল উজ্জ্বল, অনেকটা কাঁচা হলুদ রঙের মতো লালচে আভায় রাঙানো। তাই ‘লাল জ্যেঠা’। আলাউদ্দিন খাঁ ছিলেন পাঁচ ভাইয়ের মধ্যে তৃতীয়, আর সবার ছোট ওস্তাদ আয়েত আলী খাঁ ছিলেন লেখকের পরমশ্রদ্ধেয় পিতা। লেখক বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নশেষে তাঁর ভাই ওস্তাদ বাহাদুর হোসেন খানের সঙ্গে থাকার জন্য কলকাতায় যান। সেখানেই একদিন অকস্মাৎ টেলিগ্রাম-মারফত সংবাদ আসে যে, ওস্তাদ আলাউদ্দিন খাঁ গুরুতর অসুস্থ, তাঁর সেরেব্রাল থ্রম্বসিস হয়েছে। তিনি তখন মধ্যপ্রদেশের ছোট শহর মাইহারে থাকতেন। অসুস্থতার পর তাঁকে কলকাতার গড়িয়াহাটায় তাঁর ছেলে ওস্তাদ আলী আকবর খাঁ-র বাড়িতে নিয়ে আসা হয়। ওস্তাদ আলী আকবর খাঁ ছিলেন তাঁর সময়কার একজন অন্যতম সরোদবাদক। শারীরিক কারণে আলাউদ্দিন খাঁ-র সঙ্গে নিকট ও পরিবারের সদস্য ছাড়া কারো দেখা-সাক্ষাতের অনুমতি ছিল না। কিন্তু লেখক মাঝে মাঝে তাঁকে দেখতে যেতেন, লাল জ্যেঠা তাকে বিশেষভাবেই যেন বেশি ভালোবাসতেন। সেইসব সাক্ষাতের সময়েই এই প্রিয় ভ্রাতুষ্পুত্রটিকে তিনি পারিবারিক ইতিহাস সম্পর্কে আলোকপাত করেছিলেন, যার কিছু কিছু অংশ লেখকের কাছে যথেষ্ট রোমাঞ্চকর মনে হয়েছিল। পারিবারিক ইতিহাস ছাড়াও স্মৃতির বর্ণমালায় রঙিন এই মানুষটি বিবরণ দিয়েছিলেন নৃত্যগুরু ও সাধক উদয় শঙ্করের সঙ্গে তাঁর বিদেশসফরের কথা। লেখক এই প্রসঙ্গে তাঁর বাবা ওস্তাদ আয়েত আলী খাঁকে বিদেশসফর-সংক্রান্ত আলাউদ্দিন খাঁ-র লেখা একটি সুন্দর বর্ণনা-সংবলিত চিঠি তুলে ধরেছেন এই অধ্যায়ে। চিঠি ছাড়াও লেখক বর্ণনা করেছেন জ্যেঠা ও তাঁর নিজের মধ্যকার কথোপকথন, যার মাধ্যমে ‘সন্ন্যাস বিরোধে’র কথা তিনি জেনেছিলেন এবং আরো শুনেছিলেন ব্রিটিশ শাসনামলের সেই বিদ্রোহে অংশ নেওয়া তাদের একজন পূর্বপুরুষ, সিরাজউদ্দিন খাঁ কী করে পরবর্তীকালে একটি বিশেষ পরিস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়ার শিবপুরে এসে স্থায়ী বসবাস স্থাপন করেছিলেন। সেখানেই ‘খাঁ’ বংশের গোড়াপত্তন। প্রথমদিকে তাদের পূর্বপুরুষরা কৃষিকাজে লিপ্ত ছিলেন এবং তাদের অমায়িক ও বুদ্ধিদীপ্ত আচার-আচরণের কারণে গ্রামবাসীর হৃদয়ে একটি বিশেষ সম্মানের স্থান দখল করেছিলেন। দৃঢ়তা ও কাঠিন্যের প্রতীক, একজন বিদ্রোহী পূর্বপুরুষের বংশে কী করে সংগীতের মতো একটি গভীর ও স্পর্শকাতর বিষয় প্রবেশ করেছিল, সেই ইতিহাস সত্যিই চমকপ্রদ। চারপুরুষ পর, পরবর্তী বংশধর, সবদর হোসেন খাঁ (সাদু খান) শৈশব থেকেই ছিলেন সংগীতের অনুরক্ত। একবার বাবার সঙ্গে বাজারে যাওয়ার সময় তিনি তিতাসের পাড়ে শুনতে পেয়েছিলেন এক অসাধারণ সুর। কেউ যেন গান গাইছিল আর সেই সুর যেন নদীর গভীর থেকে উৎসারিত হচ্ছিল। তিনি দেখলেন, দাঁড় বাইতে বাইতে নৌকার এক মাঝি সেই গান গাইছে। পরবর্তী সময়ে তিনি এ-ও জানতে পেরেছিলেন যে, সেটা ছিল ভাটিয়ালি গান। নৌকা দৃষ্টির আড়ালে চলে গেলেও সেই সুমধুর সুর তার অন্তরে যেন বেজেই চলেছিল, আর তিনি তা মুখস্থ করে নিচ্ছিলেন। পরের সপ্তাহেও সাপ্তাহিক হাটের দিন তিনি সেই গান শুনবার জন্য বাবার সঙ্গে আবারও হাটে গেলেন। কিন্তু এবার আর হাটে না ঢুকে নদীতীরেই অপেক্ষা করতে লাগলেন। কিছু পরেই মাঝির কণ্ঠে তিনি ভাটিয়ালি শুনতে পারলেন আর সেটাকে আবারও মনে গেঁথে নিলেন। এক পর্যায়ে তিনি সেই সুরে নিজের কথায়, উদাত্ত কণ্ঠে গেয়ে উঠলেন গান। গাইতে গাইতে তিনি যেন অন্য এক জগতে বিচরণ করছেন। এদিকে পিতা মাদার হোসেন স্বীয় পুত্রকে এ-হেন অবস্থায় দেখতে পেয়ে চুপচাপ তার সুরেলা কণ্ঠের গানে মুগ্ধ হলেন। সবদর হোসেন অবশ্য পিতার উপস্থিতি টের পেয়ে কিছুটা শঙ্কিত হলেন, ভাবলেন এমন জোরে গান গাওয়ায় বাবা কী না কী ভাবতে পারেন। সে যাক, পরবর্তীকালে আগরতলা রাজদরবারের সংগীতজ্ঞ ওস্তাদ কাশেম আলী খানের নিকট শিষ্যত্ব বরণ করে সবদর খাঁ গানের বদলে সিতার-বাদনে নিজেকে সমর্পণ করলেন। ওস্তাদ কাশেম আলী ছিলেন সংগীতগুরু মিয়া তানসেনের বংশধর এবং স্বনামধন্য সংগীতজ্ঞ ওস্তাদ ওয়াজির খাঁ-র মামা। গুরু কাশেম আলী খাঁ-র অনুরোধে সবদর খাঁ মাঝে মাঝে ত্রিপুরার রাজদরবারে সংগীত পরিবেশন করতেন। সবদর খাঁ ছিলেন প্রকাশবিমুখ, সংগীতসাধনাকে সৃষ্টিকর্তার সাধনার দৃষ্টিতে উপলব্ধি করা এই শিল্পী নীরবে সাধনা করে গেছেন আজীবন সংগীতের মাধ্যমে সৃষ্টিকর্তার করুণালাভের জন্য। ওস্তাদ আলাউদ্দিন খাঁ ছিলেন এই সংগীতসাধকের পাঁচ পুত্রের একজন, যিনি বাবার মতোই সংগীতপ্রেমে আকুল, সংগীত-জগতের এক অমর নক্ষত্র।

ওস্তাদ আলাউদ্দিন খাঁ নিজে সাহিত্যবিশারদ ছিলেন না, বরং লেখাপড়ায় তেমন উৎসাহ না থাকায়তিনি প্রাইমারি স্কুলের পরপরই তথাকথিত শিক্ষাজীবন ছেড়ে দিয়েছিলেন। তখন কিন্তু তিনি কল্পনাও করেননি যে তিনি নিজেই হয়ে উঠবেন সাহিত্যের বিষয়। তিনি এদেশের ধ্রুপদী সংগীতকে বিশ্বদরবারে উপস্থাপন করবার জন্য নানা দেশে ভ্রমণ করেছিলেন। সেইসব সময়ে বিদেশভ্রমণের অভিজ্ঞতা নিয়ে প্রায়ই চিঠি লিখতেন তিনি সন্তান, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব বা বয়োজ্যেষ্ঠদের কাছে। এমনই কয়েকটি চিঠি উপস্থাপিত হয়েছে বইটির বিভিন্ন অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায়ের একটি চিঠি থেকে তাঁর নিজ-জন্মভূমির প্রতি আকুলতা বা দেশপ্রেম ফুটে ওঠে, প্রকাশিত হয় বিদেশী শ্রোতাদের কাছে এ দেশীয় সংগীত কীভাবে প্রভাব বিস্তার করেছিল সেই কথা। তাঁর ভাষায়, ‘আমি এখন যাবো আমেরিকায়। কিন্তু আমার হৃদয় কাঁদে দেশের জন্য। আমার নিজের দেশের মতো পৃথিবীর আর কোথাও কোনো দেশ নেই, সে আমার সোনার বাংলা।’ এই অধ্যায়টিতে লেখক উল্লেখ করেছেন তাঁর ফকির জ্যেঠা বা ফকির আফতাবউদ্দিন খাঁ-র কথা, যিনি ছিলেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ-র বড়ভাই ও তাঁর প্রথম সংগীতশিক্ষক। সুমধুর কণ্ঠের অধিকারী এই শিল্পী সমদক্ষতায় একই সঙ্গে বাজাতে পারতেন তবলা, বাঁশি ও হারমোনিয়াম কিংবা কখনো-বা দোতারা, বাঁশি ও বায়া। তাঁকে নিয়ে রয়েছে একটি আশ্চর্যজনক ঘটনা। কলকাতায় একবার মহারাজা জগদীন্দ্রনাথের বাড়িতে তিনি বাঁশি বাজাতে থাকলে, তার সৃষ্ট বাঁশির সুমধুর সুরে আকৃষ্ট হয়ে পাখির দল এসে ভিড় করেছিল সেই ঘরে এবং বাঁশি থামলে সব পাখি আবার উড়ে চলে গিয়েছিল। পরবর্তীকালে ওস্তাদ আলাউদ্দিন খাঁ-র সংগীতে গোখরা সাপের মতো বিষাক্ত সাপও যে সম্মোহিত হয় তার প্রমাণ পাওয়া গিয়েছিল। এমনই শক্তিধর ছিল তাঁদের সৃষ্টি সুরলহরীর। কিন্তু এরপরও এই সংগীতসাধক বিশ্বাস করতেন যে, তিনি সংগীতের খুব অল্পই জানেন। বুদাপেস্টে ইউরোপীয় কিছু বিখ্যাত সংগীতজ্ঞ ভারতীয় উপমহাদেশের ধ্রুপদী সংগীত সম্পর্কে জানবার জন্য ওস্তাদ আলাউদ্দিন খাঁ-র কাছে এসেছিলেন। সংগীতের নানা বিষয়ে তাদেরকে জানিয়ে এবং সংগীতযন্ত্রের সাহায্যে সুর ও তাল বাজিয়ে বিষয়গুলো সম্বন্ধে ধারণা দিয়ে তিনি তাদের বলেছিলেন, ‘অনুগ্রহ করে আমার সংগীত শুনে আমাদের দেশের সংগীতকে বিচার করবেন না। আমাদের পূর্বপুরুষগণ তাঁদের সংগীতের মাধ্যমে বৃষ্টি নামাতে পারতেন, প্রজ্বলিত করতে পারতেন আগুন কিংবা ফোটাতে পারতেন ফুল। আমি সেগুলো কিছুই পারি না। আপনাদের ভালো লাগার কারণ আমাদের দেশের সংগীতের গুণ, আমার বাজানো নয়।’ বিনয়ী এই বড়মাপের এমন একজন পণ্ডিতব্যক্তিত্বের মুখে এমন কথা শুনে মুগ্ধ সংগীতজ্ঞ শ্রোতাবৃন্দ উত্তরে শুধু বলেছিলেন, ‘আমাদের চোখে আপনি পূর্বের বিস্ময়!’

পরবর্তী অধ্যায়গুলোতে লেখক মোবারক হোসেন খান, ওস্তাদ আলাউদ্দিন খাঁ-র বিভিন্ন দেশভ্রমণ, যেমন ইউরোপের বিভিন্ন দেশ, আমেরিকার বিভিন্ন অঞ্চল, মক্কা শরিফ ও বাইতুল মুকাদ্দাস, মিসর প্রভৃতি দেশ সম্পর্কে তাঁর অভিজ্ঞতা কিংবা সুরসম্রাটের লেখা চিঠির মাধ্যমে তাঁর ব্যক্তিগত অনুভূতি তুলে ধরেছেন। বিদেশী শ্রোতারা বরাবরই সংগীত-বিষয়ে তাঁর অগাধ পাণ্ডিত্যে অবাক হতেন, শ্রদ্ধা করতেন একজন প্রকৃত প্রতিভাসম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে। সংগীত-অনুরাগী ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্যক্তিগতভাবে ছিলেন ধর্মপ্রাণ ব্যক্তি, এক আল্লাহর সৃষ্টি সকল মানুষকেই তিনি সমান ও বড় করে দেখতেন। তাঁর সংগীতদলের প্রায় প্রত্যেক সদস্যই ছিলেন হিন্দু ধর্মাবলম্বী। সেই দলকে নিয়ে মক্কা শরিফ গমন ও পরবর্তীকালে বাইতুল মুকাদ্দাসের পবিত্র স্থানগুলোতে তিনি কীভাবে সৃষ্টিকর্তার উদ্দেশে প্রাণভরে প্রার্থনা করতে পেরেছিলেন এবং তাঁর হজ করার আকুল ইচ্ছা কীভাবে সম্ভবপর হয়েছিল, সেইসব কথাই এই বইটি থেকে জানা যায়। বইটিতে প্রকাশিত, লেখকের ‘লাল জ্যেঠা’র ইংল্যান্ড থেকে লেখা আরেকটি চিঠির অংশবিশেষ থেকে জানা যায় যে, উদয়শঙ্করের দলসহ ইংল্যান্ডে অবস্থানকালে ওস্তাদ আলাউদ্দিন খাঁ, তাঁর কথায়, আরেকটি শান্তিনিকেতনে অবস্থান করছিলেন। সেই জায়গাটির মালিক রবীন্দ্রনাথের শান্তিনিকেতন পরিচালনার জন্য আর্থিক সহায়তা করতেন। সেই ইউরোপীয় ব্যক্তিত্ব এল্মহার্স্ট ছিলেন ধনী পিতা-মাতার সন্তান এবং রবীন্দ্রনাথের একজন একনিষ্ঠ শিষ্য ও তাঁর দর্শনের অনুসারী। কলকাতার শান্তিনিকেতনের আদলেই তিনি লন্ডন থেকে তিনশ মাইল দূরে তৈরি করেছিলেন ডারটিংটন ইন, যেখানে বিভিন্ন জাতির শিক্ষানুরাগীরা প্রকৃতির নিবিড় ছায়ায় শান্তির পরশে আত্মনিয়োগ করতে পারতেন অধ্যয়নে।

স্কুলের লেখাপড়ায় মন না বসা সুরপাগল আলাউদ্দিন খাঁ মাত্র দশ বছর বয়সে লেখাপড়ার জন্য মায়ের বকুনির ভয়ে আর সুরের সন্ধানে বাড়ি ছেড়েছিলেন। পাশের গ্রামে এক যাত্রাদলের দেখা পেয়ে তিনি সেই দলে ভিড়ে গিয়ে তাদের সঙ্গেই এক স্থান থেকে আরেক স্থানে ঘুরে বেড়াতে লাগলেন। তিনি যাত্রাদলে গান গাইতেন এবং তাদের সঙ্গে ঘুরতে ঘুরতে একসময় ঢাকা ও পরবর্তীকালে পাড়ি জমালেন কলকাতার পথে। কলকাতার সংগীতসাধক নুলো গোপালের কাছে সংগীতের শিক্ষা শুরু করেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ এই শর্তে যে, তিনি বারো বছর শুধুমাত্র সরগম সাধনা করবেন। শিক্ষা-শুরুর সাত বছরের মাথায় গুরু হঠাৎ মারা গেলে শিষ্য আলাউদ্দিন গভীরভাবে মর্মাহত হলেন এবং গান ছেড়ে দিয়ে যন্ত্রসংগীত শিখতে লাগলেন। সেই যে শিল্পীর সঙ্গে এক অমর বন্ধনে সুরের যাত্রা শুরু হয়েছিল, সেই যাত্রার ছিল না কোনো শেষ।

বিশিষ্ট সংগীতজ্ঞ মোবারক হোসেন খানের লেখা ওস্তাদ আলাউদ্দিন খাঁ Ñ সংগীত জগতের কিংবদন্তি শীর্ষক এই বইটি আয়তনে কিংবা পুটের পুরুত্বে গম্ভীর প্রকৃতিবিশিষ্ট না হলেও বিষয়বস্তুর গভীরতায় অনেকটাই ভারি। বেশকিছু বিরল আলোকচিত্রসহ ওস্তাদ আলাউদ্দিন খাঁ-র হাতে-লেখা চিঠি কিংবা সুরের কম্পোজিশন বা নোটেশনের অনুলিপি সংযোজন বইটির আকর্ষণ বাড়িয়েছে নিঃসন্দেহে। বিভিন্ন অধ্যায়ের ভেতর দিয়ে কখনো স্মৃতিরোমন্থন, কখনো চিঠির ভাষ্যে, কখনো-বা ওস্তাদ আলাউদ্দিন খাঁ-র নিজ-কথার মাধ্যমে লেখক কিংবদন্তি এই সংগীতজ্ঞের জীবনের শুরুর কাহিনী, তাঁর জানা-অজানা গল্পস্রোতের তীর স্পর্শ করে গেছেন। ভারতীয় ধ্রুপদী সংগীতকে নতুনভাবে পরিচয় করিয়ে দিয়ে গেছেন, তাই এই মহান সংগীতজ্ঞ কিংবদন্তি, ইতিহাসের অংশ। সুর ছিল তাঁর রক্তে, মনে, স্বপ্নে। অসামান্য ধৈর্য ও অধ্যবসায় দিয়ে তিনি নিজের জীবনকে সংগীতের সঙ্গে সম্পৃক্ত করেছিলেন, তন্ন তন্ন করে খুঁজে বেড়িয়েছেন সুর ও সংগীতের অতল রহস্য। এমনকী শিক্ষক হিসেবেও সুনিয়ন্ত্রিত, সুশৃঙ্খল পদ্ধতিতে তাঁর শিষ্যদের গড়ে তুলতেন সফল শিল্পী হিসেবে। তাঁর তৈরি সুরে কিংবা রাগে যোগ করতেন নিজস্ব বৈশিষ্ট্য, আত্মা, মন, ইন্দ্রিয় দিয়ে সংগীতের সমস্ত বৈভব, রূপ, রস, গন্ধকে তিনি উপলব্ধি করতেন, সেই সঙ্গে উপস্থাপনের নান্দনিকতায় তাকে রূপ দিতেন এক অনন্য নৈবেদ্যে, তা তখন হয়ে উঠত যেন এক স্বর্গীয় বন্দনা। এই ‘music-saint’ বা সংগীত-সাধক সম্পর্কে বইটির উপসংহারে লেখক বলেছেন, ‘Man shall be born and he shall die, but a man like Alauddin Khan was never born and will never die.’ ১৯৭২ সালের ৬ সেপ্টেম্বর মৃত্যুবরণকারী এই অমর সংগীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁ যেন সংগীতের মধ্য দিয়ে জন্মগ্রহণ করেছিলেন, সংগীতের মধ্য দিয়েই তাঁর মৃত্যু আর সারা জীবনের বিচরণ। সমগ্র পৃথিবীকেই তিনি সুরের মধ্য দিয়ে দেখতেন। তিনি গাইতেন,

‘You teach me, Oh mother/ Hwo shall I call you. Teach me the single word/ That would be enough for life.’

বইটি পড়া শেষ করে মনে হতে পারে, পাঠক নিজেও যেন অনুপ্রাণিত হবেন কিংবদন্তির এই সুরনায়কের সঙ্গে আরো কিছুক্ষণ সময় কাটাতে, তাঁকে আরো কাছ থেকে জানতে, তাঁর সঙ্গে একাত্ম হয়ে সুরকে বুঝতে চাইতে। বইটিতে উন্মোচিত এই কিংবদন্তি সুরসাধকের জীবনের খণ্ড খণ্ড কাহিনী থেকে শুধুমাত্র তাঁর বা তাঁর পরিবারকেই জানা যায় না, জানা যায় তৎকালীন শিল্পী বা গুণিজনদের সম্পর্কে নানা তথ্য, সেই সময়কার নানা ঘটনা ও খণ্ডচিত্র, কাজেই কিছু কিছু ক্ষেত্রে বইটিকে এক ধরনের ঐতিহাসিক দলিল, বিশেষ করে আমাদের এই উপমহাদেশের সংগীত ও সুরসাধকের তথ্যসংবলিত এক বিরল পাণ্ডুলিপি হিসেবে গণ্য করা যায়। ধ্রুপদ সংগীতের কিংবদন্তি ওস্তাদ আলাউদ্দিন খাঁ-র সংগীতযাত্রাকে মনের গভীরের বোধে সম্পৃক্ত করে আজকের সংগীতানুরাগী অপেক্ষা করবে নতুন নতুন সংগীতজ্ঞের জন্যে, যাদের প্রাণের স্পন্দনে থাকবে ধ্রুপদীর বিশুদ্ধতা, থাকবে নতুনত্বের ছোঁয়া।