শূন্য ঠিকানার ইতিবৃত্ত

ঘর নাই

নাসির আলী মামুন

মাওলা ব্রাদার্স,

ঢাকা, ২০০১

১৫০ টাকা

ইংরেজি ‘ঘর’ শব্দটির অনেক অর্থ পাওয়া যায়। ‘ঘর’ Ñ শেল্টার, ডুয়েলিং, প্লেস ফর ডমেস্টিক লাইফ অথবা অ্যা লাইন অব অ্যানসেসর্টস। আবার বাংলায় যা ‘ঘর’, ইংরেজিতে তা ‘হাউস’, স্ক্যানডিনেভিয়ার ‘হাস’ Ñ এভাবে ভিন্ন ভাষায়, ধ্বনিতত্ত্বে ‘ঘর’-এর সকল ভিন্নতা কেবল একটি পরিসরকেই চিনিয়ে দেয়, সেটি মানুষের নিজস্ব বসবাসের ঠিকানা। যত ছোট-ই হোক না কেন, তাতে অন্তত চারটি দেয়াল এবং একটি ছাদ থাকুক Ñ প্রতিকূল পৃথিবী থেকে যা মানুষকে আড়াল করে রাখবে। যুগে যুগে মানুষ এই ঘরে ফিরেছে অপরাহ্নে, কিংবা মধ্যরাতে। ঘরফেরা বিবাগী মানুষও ঘরের স্মৃতি আঁকড়ে থেকেছে একান্তে। বিখ্যাত প্রকাশনা-প্রতিষ্ঠান ফেইডন সম্প্রতি দ্য হাউস বুক বইটিতে সারা পৃথিবীতে নির্মিত নানাবিধ আবাসনের নান্দনিক পরম্পরা তুলে ধরেছে, সেই সঙ্গে স্থাপত্যিক বিচারে ‘ফরম অ্যান্ড স্পেস’, নির্মাণশৈলী, প্রথা, উপকরণ আর মানুষের সঙ্গে স্পেসের সম্পর্কের কথা ব্যাখ্যা করেছে।

আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুনও ঘর নিয়ে একটি বই প্রকাশ করেছেন। প্রথম আলো পত্রিকার একটি সাপ্তাহিক সংখ্যায় ঘর নাই শিরোনামে তার যে-সাক্ষাৎকার-পর্বটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয় বইটি তারই সংকলিত রূপ।

নাসির আলী মামুন ঘর নিয়ে এই প্রাক-আলোচনার সম্পূর্ণ বিপরীত মেরুতে দাঁড়িয়ে আছেন। ‘ঘর’-এর সকল শব্দার্থ, স্থাপত্যিক বিচার আর ঐতিহাসিক বিবর্তনের বাইরে দাঁড়িয়ে তিনি এর কিছু না-থাকা নিয়ে কথা বলেছেন। তিনি ঘর না-থাকা ভাসমান জনগোষ্ঠীর কথা বলেছেন। অনেকে যেমন বলে থাকেন শ্রেণিহীন মানুষের অধিকারভিত্তিক রাজনৈতিক প্ররোচনা থেকে কিংবা বিদেশী সাংস্কৃতিক কেন্দ্রে বসে দরিদ্র মানুষের জন্য কপট কাতরতা থেকে Ñ নাসির আলী মামুন তেমনভাবে বলতে পারেননি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে তিনি আশ্রয়হীন মানুষের কাছে গিয়েছেন, কথা বলেছেন। তাদের মুখের ভাষাকেই অবিকল প্রকাশ করেছেন। আমাদের নাগরিক বিশুদ্ধ রুচিতে তা অমার্জিত জেনেও তিনি তা থেকে বিরত থাকেননি। কখনো কিশোর শ্রমিক, কখনো হিজড়া সম্প্রদায়, কখনো রিকশাচালক, আবার কখনো ভবঘুরে বিভিন্ন ধারার ঠিকানাহীন মানুষদের যাপনের ইতিহাস তিনি পড়তে চেয়েছেন। এই কাজ তিনি না করলেও পারতেন। কেননা এর বিপরীতে প্রায় তিরিশ বছর ধরে আলোকচিত্রশিল্পী হিসেবে তিনি অনেক খ্যাতিমান ব্যক্তির ছবি তুলে চলেছেন, এই চত্বরে তার চেয়ে অধিক সংগ্রহ আর কারো নেই। সাধারণ মানুষের নাগালের অনেক বাইরের ব্যক্তিত্বরা তার ফ্রেমে সচরাচর বন্দি হতে অপছন্দ করেননি। তবু তিনি এই সেলিব্রেটি মহলে সীমাবদ্ধ থাকলেন না। তিনি এর প্রতিকূল দূরত্বে ঘুরে দাঁড়ালেন। এভাবে তিনি এই রূপকথার জগতের একেবারে বাইরের পৃথিবীকেও আবিষ্কার করতে চেয়েছেন। তাই তার ক্যামেরার ফোকাস বাংলাদেশের বিপন্ন জনপদগুলোতে ঘুরে বেরিয়েছে। এই জনপদেও আরেক অবিশ্বাস্য রূপকথার পৃথিবী চক্রাকারে ঘুরে চলেছে Ñ আমাদের কাছে যা কোনোদিন পৌঁছাতে পারেনি Ñ কারণ এতে আমরা কখনো স্বস্তিবোধ করি না। আমাদের নাগরিক স্পর্শকাতরতা চিরদিন তা থেকে দূরে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করেছে।

বিপুল এই জনগোষ্ঠীর কারোরই ঘর নেই। লোকেশনভিত্তিক বা পোস্টাল কোনো ঠিকানা নেই। অর্থাৎ তাদের কোনো ‘ডোমেস্টিক লাইফ’ নেই, স্থাপত্যিক ফরম নেই, চারপাশে কেবল বিবর্ণ অসাড় কিছু স্পেস পড়ে আছে। কখনো তা ফুটপাত, কখনো রেলস্টেশন, কখনো-বা নড়বড়ে ফুটওভার ব্রিজ। এইভাবে পথে পথে পড়ে আছে লক্ষ-কোটি মানুষের তীব্র জীবনকাল। এই অন্যায্য বসবাস লেখকের সঙ্গে সঙ্গে অগণিত পাঠককেও ব্যথিত করে চলেছে।

লেখক নাসির আলী মামুনের সঙ্গে এইসব ‘ঘর নাই’ ব্যক্তিত্বের কারোরই দ্বিতীয়বার দেখা হয়নি, তবু ফিরে ফিরে যারা তার লেন্সের ভেতর আসা-যাওয়া করেছে তাদের মুখশ্রী একই গড়নের, তারা একই নির্বাসনের যাত্রী। বইটির প্রসঙ্গ-কথায় লেখক বলেছেন, দেশ-বিদেশের নক্ষত্র-মানবদের মতোই এইসব ‘ঘর নাই’ ব্যক্তিত্বরা তাদের ছবি তোলার জন্য ব্যাকুল হয়েছে। তারাও নিজের অস্তিত্বকে অন্য সবার কাছে জানান দিতে চায়।

যেমন চট্টগ্রামের আবদুল সাত্তার। সূর্যোদয় আর সূর্যাস্ত যার কাছে অসহ্য মনে হয়। তার কাছে একটি নতুন দিনের সূচনা কিংবা অবসানের কোনো অর্থ নেই। ১৯৮১ সালে সৎভাইরা তাকে ঘরছাড়া করেছিল বলে আজও সে পথে পথে। কর্মহীন ক্ষুধার্ত সময়গুলোতে সে মৃত্যুর জন্য আকাক্সক্ষা করে। প্রচণ্ড গরমে আর মশার যন্ত্রণায় কখনো তার জন্য বরাদ্দকৃত সামান্য ঘুম না এলে সে আকাশের তারা আর ভালোবাসার স্বপ্ন দেখে।

পঞ্চাশ বছরের আবিয়ে দুই সন্তান নিয়ে ফুটপাতে আছেন প্রায় বারো বছর। বারো বছর আগে তার স্বামী আনতার আলী মারা গেছেন জন্ডিসে। আবিয়ের ভাষ্যমতে, আনতার আলী বিনাচিকিৎসায় কাটা মুরগির মতো দাপাতে দাপাতে মরে গেছে তারই হাতের ওপর। ছোঁয়াচে রোগ ভেবে গ্রামবাসী তার কাছে আসেনি, লাশের সৎকারও করতে দেয়নি। তিন-চার দিন অভুক্ত

সন্তানদের সঙ্গে আবিয়ে লাশ নিয়ে বসে থেকেছে দীর্ঘসময়। গরমে পচে গন্ধ-ছড়ানো লাশ গোর দেওয়ার একটুকরো জায়গা মেলেনি তার। তাই রাতের অন্ধকারে চুরি করে অন্যের জায়গায় নিজহাতে স্বামীকে মাটি-চাপা দিয়ে এসেছে আবিয়ে। পাথরের মতো অশ্রুহীন দুই চোখে সে বলেছে, ‘আমরা মরলেও লাশ, না মরলেও লাশ’। পনেরো বছরের জাকির হোসেন আগে ছিনতাই করত। এখন লোহা, বোতল, কাগজ টুকিয়ে বিক্রি করে। প্রতিবেদকের কাছে সে গোপন করতে চেয়েছে ৭০ টাকা ব্যাগে নিজ-রক্ত বিক্রি করার কথা, কারণ প্রতিদিন তার কাজ জোটে না। তবু একদিন সে সোনারগাঁও হোটেলের ভেতরটা দেখতে পেরেছিল বাসি খাবার কিনতে গিয়ে Ñ আর দেখেছে সেই হোটেলে রাজা-বাদশার মতো মানুষদের চলাচল। হলুদ চোখে কাঁপা শরীরে এইসব বিস্ময়ের কথা গুছিয়ে বলতে পারেনি জাকির হোসেন, কারণ সেদিনও ক্ষুধায় তাকে রক্ত বিক্রি করতে হয়েছিল।

ঘর নাই বইটিতে এমন আশ্চর্যসব ঘটনার বিবরণ লেখা আছে। চটুল পেপার ব্যাকের মতো এক নিশ্বাসে তা পড়া সম্ভব হয় না। কখনো এইসব ব্যক্তিকে ‘মানুষ’ বলে নামকরণ করাও কঠিন হয়ে পড়ে। পরিচিত কোনো কাস্ট সিস্টেমেই তাদের খুঁজে পাওয়া যাবে না। বৃদ্ধা শহরবানু তার বয়স বলতে পারেননি Ñ যেমন তিনি বলতে পারেননি বাংলাদেশের নাম। কাজ করার সামর্থ্যহীন শহরবানুকে মাঝে মাঝে তার মেয়ে এসে খাবার দিয়ে যায়। অন্যথায় এই শহরের পথে পথে হেঁটে তিনি খাবারের সন্ধান করেন। তিনি বলেছেন, ‘আমি শুধু খাইদ্য চাই বাবা।’ তিনি টাকাপয়সা, ঘর কিছুই চান না, তার কাছে না খাওয়ার এই কষ্ট ‘মিত্যু’র সমান।

রেলস্টেশনের ধারে বালক মোহাম্মদ আবদুল দিনে তিন-চার টাকার কাগজ কুড়িয়ে বিক্রি করতে পারে। কেজিপ্রতি এক টাকা দরে তা বিক্রি করে নিজের খাবার সংগ্রহ করে। কোনো কোনো দিন তাও জোটে না। তিন-চার দিন না খেয়ে থাকা সহ্য করতে পারে না বলে সে নেশার ট্যাবলেট সংগ্রহ করে ঘুমাতে চায় আর ব্লেড দিয়ে নিজেকে ক্ষত-বিক্ষত করতে চায়। তার নিজের রক্ত ‘ট্যামাটু’র মতো লাল হলেও তার ধারণা বড়লোকদের রক্তের রং নিঃসন্দেহে সাদা, কারণ তারা অনেক ভালো খাবার খায়।

ষাট বছর ধরে পদ্মা নদীর নানান ‘টালবাহানা’ দেখেছেন শ্রীরামদি। পদ্মা তার ঘর ভেঙে দিয়েছে। পদ্মার এককূল ভাঙা আরেক কূল গড়ার খেলায় তার মতো অসংখ্য মানুষ কচুরিপানার মতো ভেসে গেছে, তাই এখনো পদ্মার দিকে তীক্ষè চোখে তাকান তিনি যেমন ‘শত্রুপক্ষের দিকে চেয়ে থাকে মানুষ’।

আট বছরের শাকিল এই শহরের বিচিত্র আধুনিকতায় মুগ্ধ হয়ে থাকে। মোবাইল নামের ‘হ্যালো হ্যালো’ বলার মেশিনের খুব শখ তার। ধনীদের পালিত কুকুরের যত্ন নিতে গিয়ে ক্ষুধার্ত শাকিল কুকুরের বিস্কুট নিজে খেয়ে নিতে চায়। পঁচাত্তর বছরের বৃদ্ধ শামসুল হকের মন খারাপ হয় ধনীদের দেখলে, কারণ তারা এমন জুলুমের রাষ্ট্র বানিয়েছে যেখানে তারা গরিবের চিহ্ন রাখতে চায় না।

ষাট বছরের আবদুল মোতালেবের কাছে ধনীলোক তারাই যারা তাদের দেখলে নাকে রুমাল-চাপা দেয়।

একটা বিশাল জনগোষ্ঠী কীভাবে শ্রেণির ব্যবধানে বিক্ষুদ্ধ হয়ে উঠেছে নাসির আলী মামুন তা প্রত্যক্ষ করে চলেছেন। কখনো স্বজনদের বিরূপ আচরণ, গ্রাম্যরাজনীতি, কখনো নদীর ভাঙন, কখনো বংশপরম্পরায় বয়ে-আসা দারিদ্র্য তাদের ঘরছাড়া করেছে। সাক্ষাৎকার-পর্বের সকল প্রশ্নকে ছাপিয়ে একটি প্রশ্ন মৌলিক হয়ে উঠেছে, লেখক প্রায় সবার কাছে জানতে চেয়েছেন তাদের ঘর নেই কেন? বিচিত্র ব্যথিত সেইসব উত্তর।

বৃদ্ধা শহরবানু বলেছে, তার তো ঘর ছিলই না কোনোদিন, এখন কী করে থাকবে! চৌদ্দ বছরের কিশোর দুরন্ত আয়ব আলীর কাছে ঘরের কোনো স্মৃতি নেই, তার কাছে ঘর মানে একটা জানালা, একটা দরজা আর বেশি বেশি চাল-ডাল। তেরো বছরের মামুন লেখককেই এই প্রশ্নের উত্তর দিতে বলেছে। দুই সন্তানের জননী শাহানা মনে করেন, ঘর থাকাটা খুব জরুরি, তাহলে সে কপাট দিয়ে রাখতে পারত। না হলে শরীর বাঁচানো খুব কঠিন। তিনি মনে করেন, কেউ একজন তার ভাগ্যকে চুরি করে নিয়ে গেছে নইলে তার সন্তানদের রাস্তায় থাকতে হয় কেন! এইভাবে এগারো বছরের আলীর ঘর Ñ তারা বাবা নিয়ে অন্যত্র সংসারী হয়েছে, তাই তার আর কোনোদিন ঘরে থাকা হয়নি। মোটরের হর্ন আর ব্যস্ত ট্রাফিকে তার নিজেকে বিপন্ন মনে হয় বলে হরতাল খুব ভালো লাগে। হরতালের দিন ফাঁকা রাস্তাকে সে নিজের মনে করে শুয়ে থাকতে পারে।

প্রসঙ্গকথায় লেখক তাঁর পাঠক-পাঠিকাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আর ঘর নাই মানুষগুলোর কাছে চিরঋণ জ্ঞাপন করেছেন, যারা তাঁকে বুঝতে শিখিয়েছে মানুষ হিসেবে আমরা কী ভয়ংকর হৃদয়হীন।

দুই হাজার এক সালে মাওলা ব্রাদার্স একশ পঞ্চাশ টাকা মূল্যের এই বইটি প্রকাশ করেছে। তারপর আরো তিনটি বছর আমাদের অতিক্রম করে গেছে। লেখক, শিল্পী নাসির আলী মামুন এখনো অব্যাহত রেখেছেন তাঁর সাক্ষাৎকার-পর্ব। তাঁর লেখায় বাংলাদেশের দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর জীবন তার নিরুৎসব আত্মপীড়ন দিয়ে নিরন্তর আমাদের জাতির ইতিহাসকে ক্ষত-বিক্ষত করে চলেছে। ক্ষুধা, জরা আর মৃত্যুময় এইসব অবিবেকী যাপন আমাদের সুশীল নগরজীবনের কোথাও ছায়া ফেলে না। তারপরও আমাদের পথে-প্রান্তরে যারা বংশপরম্পরায় ফসিলের মতো স্থিত হয়ে থাকল, নাসির আলী মামুন তাদের অন্যায্য যাপনের কথা বলে গেছেন। চিরকালীন বংশানুক্রমিক এই আশ্রয়হীনতার উপাখ্যান তিনি ‘অপরিশোধিত’ শব্দে-বাক্যে নাগরিক রুচির উলটোপিঠে দাঁড় করিয়েছেন।

প্রায় দেড়শ পৃষ্ঠার বইটিতে মোট উনচল্লিশটি সাক্ষাৎকার রয়েছে। নারী-পুরুষ, শিশু, বয়োবৃদ্ধ, যুবা সব বয়সী বিচিত্র পেশার মানুষের জীবনের আখ্যানভাগ সংক্ষিপ্ত আলাপে জেনে নিতে চেয়েছেন লেখক। এর মাঝে অনেকেই তার সঙ্গে কথা বলেনি, কেউ ভয়ে, কেউ বিদ্রুপে। ঘর নাই মানুষদের ধারালো মন্তব্যে তাদের একান্ত জীবনদর্শন আর নিয়তির কাছে সমর্পিত রূপ যেমন বিধৃত হয়েছে তেমনি স্পষ্ট হয়ে উঠেছে আমাদের সভ্য পৃথিবীর অনৈতিক শ্রেণি-বিভাজন। ধিকৃত হয়ে উঠেছে আমাদের অর্থনৈতিক বৈষম্য আর আমাদের রুমাল-চাপা দেওয়া নাকের ডগায় সূক্ষ্ম ‘উন্নত’ রুচিবোধ।

নাসির আলী মামুনের আলোকচিত্র থেকেই নির্বাচিত হয়েছে এই বইটির প্রচ্ছদ। প্রচ্ছদে রিকশাচালক আজিম তার পালিত পুত্রসম বানর মদুর সঙ্গে ঘুমিয়ে আছে। পশুর সঙ্গে মানুষের সহাবস্থান নাকি মানুষের ক্রমশ পাশবিক জীবনের কাছে আত্মসমর্úণ Ñ কী হবে তার অর্থ, তা তর্ক-সাপেক্ষ। আপাতত ‘শিরোনামহীন’ বলে এড়িয়ে যাওয়া গেলেও এইসব চিত্রসংবলিত লোকজ ভাষার মাধ্যমে লেখক যা জানিয়ে গেলেন, তা নিঃসন্দেহে কোনো সুসংবাদ নয়।

কখনো শহরবানু কখনো তোতামিয়া কখনো জায়েদা খাতুন কখনো-বা শতবর্ষী আরমান শাহ ফকির এসব অগণিত মুখ এক-এক করে বিষণ্ন হেঁটে চলে গেছে আলোকচিত্রশিল্পীর ফ্রেম থেকে অনেক দূরের না-জানা গন্তব্যে। লেখকের সঙ্গে আর কখনো তাদের দেখা হয়নি।

এভাবে ক্রমশ অস্পষ্ট হতে থাকা মুখগুলো মহাকালকে যে-অভিশাপ দিয়ে গেল আমরা যেন কোনো-এক প্রজন্মে তার মানবিক উত্তর রেখে যেতে পারি Ñ বইটির প্রসঙ্গকথায় লেখক সেই প্রত্যাশা রেখে গেছেন। আর এইভাবে আমাদের ‘বিমূর্ত নন্দনভাবনা আর স্থাপত্যিক সংজ্ঞা’য় একটি ঘর এবং তার না-থাকা বোঝাতে নাসির আলী মামুন দীর্ঘস্থায়ী কোনো বিয়োগ চিহ্নকেই নির্দিষ্ট করে গেছেন।