অনির্ণীত অতীত থেকে যাবতীয় মহাকাব্য পদাবলি পুরাণ বা গীতিমাল্য মানুষের ভালোবাসায় নিবেদিত। এইসব কাব্যধারায় বর্ণিত দেবতা রাক্ষস পশুপাখি মানুষেরই প্রতিনিধি। তাদের আচরণ বেদনা উল্লাসে মানবিক অন্তর্লোকের প্রকাশ। বিবর্তিত সাহিত্য-পরিক্রমায় মানুষ খুঁজেছে নিজেকেই। যুদ্ধ ধ্বংস সংঘাত সংস্কার ও পুনর্গঠনে মানুষেরই মুখ্য ভূমিকা।
এই ধারাবাহিকতায় গ্রিস মিশর চীন ভারত রোম ব্রিটেন জার্মানি ফ্রান্স ইত্যাদি দেশের কাব্যসাহিত্যে প্রতিষ্ঠিত হয়েছে মানুষের অধিকার। দেবতা, রাক্ষস বা প্রেত-চরিত্র মানুষের প্রতিভূ। আমরা জেনেছি, ‘সবার উপরে মানুষ সত্য। তাহার উপরে নাই।’
রবীন্দ্রনাথ থেকে জীবনানন্দ, গিরিশ ঘোষ থেকে মোহিত চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, বিভূতিভূষণ, মানিক, তারাশঙ্কর থেকে ওয়ালীউল্লাহ, ইলিয়াস প্রমুখের মহার্ঘ সম্ভারে মানুষই মুখ্য বিষয়। পোড়-খাওয়া মানুষের আর্তি ক্ষয়ক্ষতি ও বেদনার স্পষ্ট উচ্চারণ ধ্বনিত। কিন্তু আমার সীমিত বোধে শক্তি চট্টোপাধ্যায়ের মতো এমন অকপট বলতে শুনিনি, ‘মানুষ বড় কাঁদছে, তুমি তাহার পাশে দাঁড়াও।’
আমি এক অকিঞ্চিৎকর গদ্যকার। কবিতায় তৃপ্তি পাই। কবি-সান্নিধ্য প্রিয়তর। শক্তি চট্টোপাধ্যায়ের
সান্নিধ্যলব্ধ কিছু অভিজ্ঞতা আমাকে এই রচনায় উদ্বুদ্ধ করেছে।
শক্তিদার (আমি তাঁকে এই সম্বোধন করতাম) সঙ্গে কফি হাউসে চকিত আলাপ পঞ্চাশের শেষ দশকে। আমাকে তাঁর মনে রাখার কথা নয়। এর পরেই আমার পরিকল্পনাহীন স্বেচ্ছানির্বাসন। পাহাড় জঙ্গল মরু-প্রান্তরে একক তাড়নায় ঘুরে বেড়াই। প্রায় বাইশ বছর। পরে আবার এই মুখরিত শহরে ফিরে-আসা।
ততদিনে চিত্রপট বদলেছে। লেখক সঙ্গীসাথিরা খ্যাতির শীর্ষে। নাগালের বাইরে। কোনো সভায় দেখা হলে হয়তো চিনতে পারে না। বাইশ বছর বড় দীর্ঘ সময়। বুঝতে পারি, আমাকে একা হাঁটতে হবে। নতুন উদ্যোগে নবীনের মতো চর্চা শুরু করি।
আত্মোকথন-পর্বের প্রাসঙ্গিকতার কারণ, শাখা-প্রশাখায় বিস্তীর্ণ সেই মানুষটির বিশাল হৃদয়। এই হৃদয়ের স্পর্শে বিমুগ্ধ দেখি বীরভূমের ক্ষুদিরাম, ভোপালের অশোক বাজপেয়ী, কলকাতার ট্যাক্সি-ড্রাইভার কবি কুলদীপ সিং, উড়িষ্যার দশরথ মহান্তী, খেয়ালখুশির খ্যাতনামা গায়ক রণজিৎ, সিনেমা নাটকগোষ্ঠীর দেব সিংহ, গয়েরকাটার নন্দ, রায়গঞ্জের কবি নীরদ, শিলিগুড়ির বিপদভঞ্জন এবং পথে-বিপথে পানশালায়, হাটে-বাজারের অখ্যাত-অজ্ঞাত অগণন মানুষ। বিস্ময়কর তার স্মৃতিশক্তি। প্রত্যেককে সে মনে রাখত। প্রত্যেককে এককভাবে চিনত। দেখা হলে উদার হাসিতে ভালোবাসা জড়ানো আহ্বান। এই স্বল্পায়ু মানুষের এত ব্যাপক পরিচিতির তালিকা অভাবনীয়। কবি-সাহিত্যিকদের মাঝে তাঁর জনপ্রিয়তা বুঝতে পারি। কিন্তু এরা? ট্রেনের ড্রাইভার, টিকেট চেকার, দূরপাল্লা বাসের কন্ডাক্টর, শিকারপুরের মাছওয়ালা, লক্ষ্মীকান্তপুর স্টেশনের ডিম বিক্রেতা, পান দোকানের ছোটেলাল কোন আকর্ষণে মুগ্ধ!
একসময়ে তাঁর জনপ্রিয়তা তরুণ কবি-মহলে আহত হয়। লিখিতভাবে বললেন, এত কবি কেন। প্রসঙ্গত জীবনানন্দও বলেছিলেন, ‘সকলেই কবি নয়, কেউ কেউ কবি।’ শক্তি চট্ট্যোপাধ্যায় বা জীবনানন্দ দাশই এমন কথা বলতে পারেন। এঁদেরই মানায়। কেন মানায়, জীবনানন্দ দাশ লিখে গেছেন তাঁর কথায়, ‘বরং নিজেই তুমি লেখো নাকো একটি কবিতা -।’ শক্তিদা এর ব্যাখ্যা দিয়েছেন তাঁর জীবনব্যাপী পদ্যচর্চায়। নিজের লেখা কখনো কবিতা হিসেবে দাবি করেননি। পদ্যই ছিল তাঁর একমাত্র শ্লাঘা বা সন্ন্যাসীর তরবারি। রবীন্দ্রনাথ জীবনানন্দের প্রভাব এড়িয়ে গঙ্গার তীরে দাঁড়িয়ে আর কে অনুভব করে, ‘চিতাবাঘ ডাকে, আয় আয়।’ কে বলতে পারে, ‘আমাকে তুই আনলি কেন, ফিরিয়ে নে।’ রাতদুপুরে সোনার মাছি খুন করেছে আর কোন কবি! অথবা, ‘আকাশ তোমার আর্শিখানা পড়শিকুটুম রাখলো নিজের হাতে।’ বা হৃদয়পুরের জটিলতাকে ছেলেখেলা ভেবেছে অন্য কেউ!
শক্তি চট্টোপাধ্যায়ের দিগন্তপ্রসারী ক্ষমতাকে দুহাতে আঁকড়ে ধরব, এত লম্বা নয় আমার বেষ্টনী। তাই তাঁর হৃদয়ের কাছে থাকি। মানুষটিকে চিনি। জীবন শেষের পূর্ব মুহূর্ত পর্যন্ত তাঁরই পাশে ওতপ্রোত। তাঁর উচ্ছ্বাস প্রেরণা-সৃষ্টির তাগিদ এবং অতৃপ্তির কান্না যেমন চিনি, তেমনি চিনি তাঁর বিষাদ এবং হৃদয়ের গভীরে নিহিত দুঃখও। নিজের কথা কখনো ভাবেনি, ভাবতেও হয়নি। তাঁর ভাবনায় কেবল দিনযাপনের অলিগলি। রাত্রির নিরালা অন্ধকার এবং মানুষের হাহাকার। সে লেখে : ‘দেশে তিলধারণের জায়গা নেই, উত্তরে ইঁদুর/ দক্ষিণে ইঁদুর, কোনো সূর্য নেই, মানবতা নেই।’ এবং ‘মানুষগুলো পুড়ছে কাঠের টেবিল জুড়ে/ মানুষগুলো পুড়ছে কেবল একা একা।’
টুকরো কয়েকটা ঘটনায় তাঁর ভালোবাসার সংস্পর্শ তুলে ধরি :
আমার সঙ্গে যখন পুনর্বার দেখা, শক্তিদা তখন বাংলার একটি মুখ। পদ্যচর্চা গালগল্পে কল্পকাহিনীতে পানশালার মুখর আড্ডায় বোহেমিয়ানের চূড়ান্ত উদাহরণ। প্রতিদিনের একটি খবর। আমাকে মনে রাখার কথা নয়। হঠাৎ পার্ক সার্কাস ট্রাম স্টপে দেখা। তখনও আমার শরীরময় ভারতবর্ষের ধুলো। কিছুক্ষণ ভ্রƒ কুঁচকে তাকিয়ে বলে, কানাই না?
হ্যাঁ।
বাব্বা! (এটাই ছিল তাঁর বিস্ময়প্রকাশের ভঙ্গি) কোথায় ছিলি এত কাল?
নির্বাসনে।
নির্বাসনই বটে। একদিন আয়। সব শুনব।
কোথায়?
আমার বাড়িতে। এই তো কর্নেল বিশ্বাস রোডের মোড়ে।
এরপর আমাদের রাতের পর রাত কাবার। সেকি উদ্দাম উত্তাল দিনরাত্রি! সকালে শুরু। রাতের শেষ প্রহরে খতম। কখনো স্তব্ধ রাতের ডবল ডেকার, পুলিশের টহলদার জিপ, ভোরে ভেজা ট্রাম অথবা শ্রী চরণদাস। এর মাঝে কত হুল্লোড়, কতো বেচাল বেপথু। এক গভীর রাতে প্রত্যাখ্যানের দায়ে এক ট্যাক্সি-ড্রাইভারকে থানায় জমা করি। বাড়ি ফিরে ঘুম নামার আগেই পাড়া-কাঁপানো কড়া নাড়া। কী ব্যাপার? সামনে শক্তিদা। ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করি, হঠাৎ!
ঘুম আসছে না রে।
কেন?
ট্যাক্সি-ড্রাইভারটার কথা মনে পড়ছে। কী কাতর হয়ে বেচারা বলছিল, জীবনে কখনো জেলে থাকিনি স্যার। বাড়ি না ফিরলে বৌ ছেলেটা রাতভর কাঁদবে।
এর আগে ওই ব্যাটা কতজনকে ফিরিয়ে দিয়েছে জানো?
চল। ওকে ছাড়িয়ে বাড়ি পাঠিয়ে আসি।
সই-সাবুদের পর ড্রাইভারটি মুক্ত না হওয়া পর্যন্ত শক্তিদা ঠায় দাঁড়িয়ে। আদুরে হাতে তার মাথার চুল ঘেঁটে বলে, আর কখনো মানুষকে ফিরিয়ে দিও না।
বইমেলা চলছে। ফোয়ারার পাশে কয়েকটি বেঞ্চ। একটিতে আমি, শক্তিদা, বর্তমানে প্রয়াত রবীন সুর। বিশিষ্ট এক ভদ্রলোক এগিয়ে এলেন। দামি সিগারেটের প্যাকেট থেকে একটি বের করে শক্তিদার হাতে দিয়ে লাইটার জ্বালালেন। শক্তিদার হাতের সিগারেট তখন
ফোয়ারার জলে ভাসমান। আগে সৌজন্য শেখো। তারপর কথা বলতে আসবে। দেখছ না আমরা এখানে তিনজন। যাও এখান থেকে!
ভদ্রলোক মাথা নিচু করে চলে গেলে, রবীন জানতে চায়, লোকটা কে শক্তি।
সিনেমার ডিরেক্টার। আমাকে নিয়ে ডকুমেন্টারি করবে।
এই একাত্মবোধ ছিল সারাটা জীবন। যতই অকিঞ্চিৎকর হোক, সঙ্গী মানেই বন্ধু। একই রকম আহার-বিহার। তারতম্য ঘটলে নীরবে চেপে যাওয়া নয়। সরব প্রত্যাখ্যান।
আমার তখন ছত্তিশগড় পরিক্রমা চলছে। বয়লাডিলা পাহাড়ের টুঙিতে অবিবাহিত কর্মীদের মেসে আমার অস্থায়ী অবস্থান। শ্রমিকনেতা এবং পরবর্তীকালে দুর্বৃত্তদের হাতে নিহত শঙ্কর গুহ নিয়োগীর সঙ্গে একই ঘরে খাটিয়ায় পাশাপাশি। আলাপ-আলোচনা চলত রাতদুপুরে। কয়েক বছর পর তারই কর্মস্থল ভিলাইতে আসা। ফেরার পথে সাইকেল-রিকশায় সওয়ার। কলকাতার বাংলা কাগজ ওলটাচ্ছি। উদোম হাওয়ায় একটি পৃষ্ঠা হঠাৎ ভো-কাটা। উড়তে উড়তে ঠেকেছে একটি বাড়ির দেওয়ালে। রিকশাওয়ালা রিকশা থামিয়ে দৌড়। কাগজটি হাতে ফেরত দেবার সময় বলে, এই বাবুকে আমি চিনি।
কোন বাবু?
এই আখবরে যে-বাবুর ছবি ছাপা আছে।
সিনেমার হিরো-টিরো হবে ভেবে উলটে দেখি শক্তিদা। আমার বিস্ময় শেষ হয় না। শক্তিদা কি কখনো ভিলাইতে এসেছিল? হতেও পারে। তবু জানতে চাই, কী করে চিনলে বাবুকে। এ-তো কলকাতার লোক।
আমিও কলকাতায় ছিলাম বাবুজি। রিকশা খিঁচতাম। এক গহেরা রাতে বাবুজিকে ডেরায় পহুঁছে দিয়েছিলাম। বাবুর তখন হোঁস ছিল না। রূপিয়াভি ছিল না। জবরদস্ত গানা গাইছিল।
আমি অপ্রস্তুত। জানি না এরপর কোন হুজ্জতের গল্প শুনতে হবে!
কত ছিল তোমার ভাড়া?
আট-দশ রূপিয়া।
পকেট থেকে টাকা বের করে তাকে থামাতে চাই।
সে জিভ কাটে। সালাম ঠোকে। হাত গুটিয়ে নেয়। বলে, আরে এই বাবুজি তো সাচ্চা দিলের আদমি। দুশর দিন স্টান্ডে এসে আমার নাম পুকারে। জবরদস্তি বিশ রূপিয়া দিয়ে গেল। আমার দেশ গাঁও বিবি বাচ্চার খবর ভি লিল। সওয়ারি লিয়ে ঘুরতে ঘুরতে আচানক দেখা হতো। বাবুজি আমার পিঠে চাপড়ে বলত, ভালো আছ তুলসি।
আমি বিমূঢ়। ওর রিকশায় উঠলেও আমি কি ওর নাম জানতে চেয়েছি? বা পরে কখনো দেখা হলে কুশল জিজ্ঞাসা করতাম!
সেদিন অন্ধকার রাত্রি। টুপটাপ বৃষ্টিতে ভেজা কালো রাস্তা। লোডশেডিংয়ে ঝিমন্ত কলকাতা। কাকভেজা শরীরে আমরা দুই মূর্তিমান সরকারি ভি আই পি আবাসনের এক কক্ষের দরজায়। পাড়া কাঁপিয়ে শক্তিদার বাজখাঁই ডাক দরজায় আছড়ে পড়ে।
মধ্যরাতেও দ্রুত দরজা খুলে আমলা কাঁচুমাচু, কী ব্যাপার শক্তিবাবু?
জলদগম্ভীর আদেশ, গাড়ি বের করো। পার্ক স্ট্রিট যাবো।
ডিপ্লোম্যাটিক মিষ্টভাষে তিনি জানান, গাড়িটা গোলমাল করছে। ওয়র্কশপে পাঠিয়েছি। ভেতরে বসুন। সকালনাগাদ ব্যবস্থা একটা করব।
শক্তিদা অ্যাবাউট টার্ন, আয় কানাই।
বৃষ্টির ধারাপাতে আঁধারের ঝরোকায় আবার রাস্তায়। এককোণে হুড নামানো একমাত্র রিকশা। তার মধ্যে গামছা-চাদরে জড়সড় গোলাকার একটি শরীর। প্রায় ভৌতিক পরিবেশ। পাশে এসে দাঁড়াতেই প্রশ্ন, কিধর যানা?
পার্ক সার্কাস।
উচ্চারণমাত্র লোকটি তৎপরতায় চাদরটি সিটের নিচে চালান করে। মাথায় গামছার ফেট্টি। হাতের ঘণ্টি দুবার ঠুকে ঘোড়া হয়ে যায়। গড়িয়াহাটের শুনশান মোড় আলোর উদ্ভাসে উজ্জ্বল। লোকটির ঋজু আত্মপ্রকাশ। খাড়া শীর্ণ শরীর। খোঁচা পাকা দাড়ি। মাথার চুলও খাড়া এবং পাকা। বয়স আনুমানিক পঞ্চাশ। ষাটও হতে পারে।
রোকো রোকো বলে শক্তিদা তড়াক করে লাফ দেয়। আমিও। লোকটি অবাক। জানতে চায়, নেহি যানা? তো খামাখা ভিগায়া কিঁউ!
শক্তিদা হাত জড়ো করে বলে, অন্যায় হয়ে গেছে বাবা। অন্ধকারে বুঝতে পারিনি। খান পাঁচেক দশ টাকার নোট তার হাতে দেয়।
লোকটি আরো অবাক। জাস্তি ভাড়া দিয়েছেন বাবুজি।
ওতেও আমাদের পাপস্খলন হয়নি বাবা। তুমি আমাদের কান
মলে দাও।
লোকটি বাবার মতোই হেসে ওঠে, বাচ্চা নাদান।
শহর কলকাতা নয়, সারা বাংলায় আমাদের দৌরাত্ম্য। এমনকী বাংলার সীমানা ছাড়িয়ে ভুটানে, বিহারে, ওড়িশা ইত্যাদি নানা অঞ্চলে। প্রায় সবই শক্তিদার ভক্তবৃন্দের আহ্বানে। এমনই এক আমন্ত্রণে আমরা একগুচ্ছ কলকাতার কবি-সাহিত্যিক বহরমপুরের কুলি নামের গ্রামে। শক্তিদা, অমিতাভ দাশগুপ্ত, রবীন সুর, অরুণ চক্রবর্তী, আনন্দ ঘোষ হাজরা এবং আমি। উদ্দেশ্য কবি কৃত্তিবাসের জন্মভিটে নিয়ে বিতর্ক-গবেষণার আলোকপাত। যিনি গবেষক, তিনিই বক্তা। আমরা উপলক্ষ।
সভা শেষ হতে রাত নটা। হ্যাজাকের আলো নিভতেই অন্ধকার। আমাদের খাতিরও সমাপ্ত। নির্মীয়মাণ এক স্কুলবাড়ির বেঞ্চ হাই বেঞ্চে আমাদের রাতের অবস্থান। কিন্তু পানাহার? উদ্যোক্তাদের কেউ নেই। মেলেনি উত্তর।
সঙ্গে দেবুদা (দর্শক পত্রিকার সম্পাদক দেবকুমার বসু) আছেন। আমাদের নানা সভা-সম্মেলনে যোগদান তাঁরই আহ্বানে। তিনিই পরিত্রাতা। স্থানীয় যুবকরাও শক্তিপ্রীতিতে হাজির। অতএব প্রায় মধ্যরাত্রে হাজির দূরের হাইওয়ে মোড় থেকে মুড়ি-চানাচুর এবং মা কালী-ছাপ নীলবর্ণ বোতল। কিন্তু ওপ্নার তো আনা হয়নি। বোতল খোলা হবে কীভাবে! উৎসাহী ভক্তের অভাব নেই। বলে, আপনারা বসুন। আমি ব্যবস্থা করছি।
মোচ্ছব শুরু হয়ে গেল। হঠাৎ শেষ রাতে কাতর গোঙানি। সেই উৎসাহী ভক্ত দাঁতে বোতল কামড়ে ছিপি খুলছিল। কিছুটা তরল আগুন পেটে চালান করে, বাড়িয়ে দিচ্ছিল। নেশার ঘোরে খোলা বোতল কামড়ে খুলতে গিয়ে জিভগাল কেটে রক্তারক্তি।
দরজা জানালাহীন ফাঁকা স্কুলবাড়ির গাঁথনির মাঝে সবাই অন্ধকারে স্তব্ধ। তার রক্তক্ষরণ চলছে। কবি অরুণ চক্রবর্তীর মাউন্টেনিয়ারিংয়ের নেশা। পিঠে সবসময় কিটব্যাগ ঝোলানো। সেখানে ফার্স্ট-এডের ব্যবস্থা। সে পরিচর্যায় ব্যস্ত। শক্তিদা কাতর। বারে বারে খোঁজ নিচ্ছেন। শেষে সেই অতিউৎসাহীকে সাইকেলে বসিয়ে অরুণ নিয়ে গেল দূরের স্বাস্থ্যকেন্দ্রে।
ভোরে বাস-চলাচল শুরু হতে ফিরে গেল অনেকেই। কেবল দেবুদা, আমি, শক্তিদা, রবীন এবং আনন্দ বসে থাকি। দেবুদা বলেন, চল শক্তি, আমরাও বেরোই।
শক্তিদা বসেই থাকে। বলে, ওর সুস্থ হবার খবর না পেলে যাই কী করে!
পরে আমরা আরো প্রায় দশদিন আশেপাশে থেকে গেলাম। লোকটির পুরোপুরি আরোগ্যের খবর পেলেও এবং নানা জায়গায় এমনকী বোলপুরের তৎকালীন এসডিপিও সন্ধি মুখোপাধ্যায়ের বাংলোয় সুখাদ্য ও পানীয়ের বারবার অনুরোধ সত্ত্বেও শক্তিদা মদ স্পর্শ করেনি। দারুণ কষ্টবোধে কাতর ছিল বেশ কিছুদিন।
মাঝে একটা বিশ্রী ঘটনা ঘটল। শক্তিদা হঠাৎ গায়েব। অবশ্য এমনটা তাঁর জীবনে বিচিত্র নয়। তবে কেউ জানবে না! বাড়িতেও নেই তাহলে! হঠাৎ একদিন বিধ্বস্ত শরীরে হাজির। মুখে নির্ঘুম কালিমা। গালে চোট-খাওয়া কালশিটে দাগ।
আমরা ব্যস্ত হয়ে পড়ি। প্রতিবাদে মুখর। লাচ্চুদাকে (পুলিশের ডিসি) খবর দিই। শক্তিদা নিরুত্তর। আমরাও নাছোড়। এই হেনস্থার প্রতিবিধান চাই। শক্তিদা বলে, তোদের জানালে লোকটার অযথা হয়রানি হবে। অথচ ওর কোনো দোষ ছিল না।
পরে অনেকবার প্রশ্ন করেও লোকটির হদিস জানতে পারিনি। লোকটি আমৃত্যু শক্তিদার ক্ষমা পেয়ে গেল।
আরেক তাপদগ্ধ দিন। বিকেল পর্যন্ত অঙ্গার ছড়িয়ে পড়ছে। খালাসিটোলায় হট টিন রুফের নিচে আমরা। আমি, দুলু (পৃথ্বীশ গঙ্গোপাধ্যায়), শক্তিদা সমর ঘর্মাক্ত, কিন্তু ক্লান্তিহীন। সন্ধ্যায় টিনের ফাঁক-ফোকর নড়ে ওঠে। হয়তো ঝড় উঠবে। উঠুক। গল্প কথা গানে মজে আছি। সন্ধ্যা নামে। রাত ঘনায়। ভিড় হালকা হয়। নেশা জম্পেশ। দুলুর আবার এই সময়েই মেয়ের কথা মনে পড়ে। কাঙালমনে মেয়েকে দেখার বাসনা তীব্র হয়।
দুজনে বেরিয়ে পড়ি। ঠেক থেকে ঠেকে যেতে যেতে গাঁজা পার্ক। পকেট ফাঁকা। জমছে না। উদ্দেশ্যহীন হাঁটার ক্লান্তি। শক্তিদার খিদের বালাই নেই। খায়ও অল্প। কিন্তু আমার পায়। একসময়ে বলি, দুস, চলো তোমাকে পৌঁছে আমি বাড়ি যাই।
রাত অনেক। আমার বাড়ি যাওয়া যাবে না।
আমার বাড়িতে চলো।
না, চাঁদনী রাগ করবে।
তুমি সঙ্গে থাকলে কিছু বিশেষ বলবে না।
না, না। এত রাতে দেখলেই বিরক্ত হবে।
কিছু পেটে তো দিতে হবে। আমার কাছে মাত্র টাকা তিনেক। তোমার?
আমার কাছে টাকা যতক্ষণ থাকে, খাই। পকেটে খুচরো কিছু। দুলুটা আবার দশ টাকা চেয়ে নিল।
দোকানও তো সব বন্ধ। খোলা কেবল কেওড়াতলা।
মনে পড়েছে। চল, একজনের বাড়ি যাই। সেখানে আমার জন্যে রোজ দুটো রুটি তরকারি তোলা থাকে।
মানে!
চল না। গেলেই দেখতে পাবি।
কতদূর?
এই তো প্রতাপাদিত্য রোড।
আরো এত দূর!
প্রশস্ত রাস্তার মাঝখান দিয়ে হাঁটি। চকিত ট্যাক্সির তীব্র গতি। তারপর ফাঁকা ঘুমপুরী। রাস্তার কুকুর অকারণ চিৎকার করে। খালি ট্যাক্সি দেখলেই শক্তিদা দুই হাত জড়ো করে নমস্কারের ভঙ্গিতে মাঝখানে দাঁড়ায়। কেউ থামে। চলে যায়। দাঁড়ায় না। এক ট্যাক্সি-ড্রাইভারকে কী-সব বোঝায়। আমাকে ডাকে। আয়। দাঁড়িয়ে কেন!
আমি আড়ষ্ট। আমাদের কাছে হয়তো পাঁচ টাকাও নেই। ভাড়া দেবে কী করে! বলি ফিরে এসো। ট্যাক্সি লাগবে না।
শক্তিদা আমাকে টেনে তোলে। বলে, ভাড়া লাগবে না।
সন্ধে থেকে কী-সব হেঁয়ালি শুরু করেছ!
ওর গ্যারেজ গরচায়। আমাদের একটু হাজরা মোড় পর্যন্ত এগিয়ে দেবে।
তোফা ব্যবস্থা!
নামার সময়ে শক্তিদা ড্রাইভারকে জিজ্ঞাসা করে, কী নাম।
সৎনাম সিং।
বাড়ি?
গরচা।
আরে আপন দেশ।
হারিয়ানা।
পঞ্চ নদের তীরে, নির্মম নির্ভীক।
জি বাবুজি।
তুমি জানো?
জি। আমার লড়কা বাংলা ইস্কুলে পড়ে। তার কিতাবে আছে।
দেখলি কানাই, কেমন লোক চিনি। তোমার উপকার ভুলব না সৎনাম সিং। নমস্তে।
জি, নমস্তে।
কিন্তু রুটি-তরকারি? সে তো এখনো দূর। আবার পথে। মাথার উপরে ঝাপসা আকাশ। রাস্তাটা নিথর বিস্তারে নদী হয়ে যায়। বিস্তীর্ণ, বিশাল। হালভাঙা নৌকার মতো দুজনে ভেসে বেড়াই। শক্তিদা নীরব। একটি কথাও বলছে না। তখনই কি সে টের পায়, ‘ফুটপাথ বদল হয় মধ্যরাতে… দেয়ালে দেয়াল, কার্নিশে কার্নিশ… মনে করো, জুতো হাঁটছে, পা রয়েছে স্থির -।’
গলির ভেতরে এক বাড়ির দরজায় এসে দাঁড়ায় শক্তিদা। ডাক দেয়, স্বদেশ আছ, স্বদেশ।
শক্তিদার ডাক গভীর ঘুমেও শোনা যায়। দরজা খোলে। হিন্দি ভাষার কবি, সাহিত্য অ্যাকাডেমিতে চাকরিরত স্বদেশ ভারতী এবং স্ত্রীর আন্তরিক আহ্বান। ভেতরে বসেই শক্তিদার হাত প্রসারিত, আমার খাবার দাও।
মহিলা বিব্রত। একটু বসুন দাদা। আপনারা তো দুজন। চটপট সেরে নেব।
হাঙ্গামার দরকার নেই। ওই দুখানাই দাও। আমার বন্ধুটি সুজন।
অনেক চাতকরাত্রির পর যেন বৃষ্টি এলো। একটা রুটি, সামান্য একটু তরকারি অমৃত স্বাদে খেলাম। কোন মশলায় বানানো জানি না। এখনো লোভ হয়।
কথায়-গল্পে রাত ভোর। দূরের মোড়ে ট্রামের ঠনঠন। আমরা বেরিয়ে পড়ি। মহিলা শক্তিদাকে প্রণাম করে। তার মাথায় হাত রেখে সে বলে, কন্যে আমার ভালো থাকিস। আবার যেন তোর কাছে আসতে পারি।
মহিলার চোখ থেকে ভোরের শিশির ঝরে টুপটাপ।
শক্তিদার অন্যতম প্রিয় সঙ্গী গাছ। দুহাতে গাছের সবুজ আদর কুড়োত পাগলের মতো। ঘুরে বেড়াত জঙ্গলে জঙ্গলে। বাংলা বিহার ওড়িশা ভুটান মধ্যপ্রদেশের কানহা বান্ধবগড় এমনকী বস্তারেও। গাছে চড়তে পারত না। আঁকড়ে ধরে স্পর্শ নিত। বৃক্ষজ্ঞানী বিটু অর্থাৎ শম্ভুলাল বসাক ছিল তার বন-কুটুম। গাছের ভাঙা ডাল, ছেঁড়া সবুজ পাতা দেখে নিজের অঙ্গহানির কষ্ট পেত। পথের ধারে স্খলিত দলিত চন্দ্রমল্লিকার পাপড়ি দেখে লিখেছিল, ‘চন্দ্রমল্লিকার মাংস পড়ে আছে।’ ব্যাপক অরণ্য-নিধনে কাতর। লেখে : ‘অরণ্য বিষাদে আছে।’ অরণ্যের কাছে তার ব্যাকুল প্রার্থনা : ‘পাথরের মতো স্তব্ধ তুমি নও, সম্প্রীতি রয়েছে/ রস আছে, স্নেহ আছে, ভালোবাসা বিবেচনা আছে/ ও গাছ, আমাকে নাও, মুহূর্তের জন্যে হলেও নাও।’
এইসব টুকরো কথার আরশিতে ধরা পড়ে নানা খণ্ডচিত্রে। অবয়ব দীর্ঘায়িত হতে পারে। সে যে একটা মহাজীবন। ঘটনার ঘনঘটায় সমৃদ্ধ। সান্নিধ্যধন্য কত না মানুষ। ফ্রিজ সারাইয়ের মিস্ত্রি। মাংসবিক্রেতা। শবজিবিক্রেতা। ডিমওয়ালী। জুতো সারাইয়ের কারিগর। সরকারি আমলা। পুলিশ। মন্ত্রী। হয়তো তারা জানে না, তারাই শক্তিদার পদ্যের বিষয়। সে তো নিজেই বলে, তাঁর পদ্যে ‘বুক ভাঙা গান আছে। ছবির সুড়ঙ্গ আছে। অশ্রুপাত আছে। নদীতীরে মেলা আছে। জ্যোৎস্নার ফাঁদ পাতা আছে।’ আর আছে মানুষের প্রতি তীব্র আত্মীয়তাবোধ। তাঁর পদ্যে নিরন্তর কান্নার করুণ বেহাগ ‘মানুষ যেভাবে কাঁদে, তেমনি কি কাঁদে পশুপাখি? একা থাকি বড় একা থাকি।’ অথবা ‘মানুষ সমাজে পোড়ে, চুল্লীর ভিতরে রাঙা ছাই/ যৌবনঅগ্নির মতো জ্বলে ওঠে, পরে কালো হয়।’
এই পরিপার্শ্ব, এই চরাচর, প্রকৃতির চিত্রবৈচিত্র্যে জটিলতার নানা খেলা। প্রেম হিংসা রক্তক্ষয়। অবক্ষয় ও টানাপোড়েনের ঘেরাটোপ। এরই মাঝে মানুষের অবস্থান। এই ঘেরাটোপে। কেবল টিকে থাকা। কবির পদ্যেও মানুষের নিরুপায় অস্তিত্ব। ‘তবুও মানুষ বাঁচে, মৃত্যু আছে বলে বেঁচে থাকে/ মৃত্যু তো জীবন নয়, ধারাবাহিকতা নয় কোনো।/ ভিড়ে বাঁচে, একা বাঁচে, মানুষের সমভিব্যাহারে/ বাঁচে, বেঁচে থাকে -’
তাঁর ঘরবাড়ি ছিল না। যেটা আছে, মীনাক্ষী বৌদির। একান্ত শ্রমে আকাক্সক্ষায় গড়া। শক্তিদা সেখানে ছিলও না দীর্ঘদিন। পথে বিপথে তাঁর ঘোরাফেরা। পথেই আহার-বিহার। হাটে গঞ্জে নদীর চরে শহরে বা পাহাড়তলির গাঁয়ে তাঁর ক্ষণিক অবস্থান। আবার অন্য ঠাঁই। নতুন মানুষ। এবং মানুষের জন্যেই তাঁর পদ্যের খাতা খোলা : ‘মানুষ খায় না ঘাস, মানুষ কী খায়।/ নিজেও জানে না, আছে দুটি হাত পেতে;/ ভাত দাও।’
আজন্ম স্বেচ্ছাচারী এই মানুষটি পরম দুঃখী। একান্ত অভাগা। তাঁর চারপাশে দুঃখের আবহ। চাকরি একটা ছিল বটে, কিন্তু কাজ একটাই। আপন ইচ্ছায় ইতিউতি ঘুরে বেড়ানো। সংসারে সন্ন্যাসী এই মানুষ পরিচিতির ব্যাখ্যা দেয় : ‘পাগলও নয় ছাগলও নয়… স্বেচ্ছাচারী, স্বাধীনচেতা, মদ্যপায়ী, ভেতো!’ সাময়িক হুল্লোড় প্রীতিবিলাসে আপাতমুগ্ধ মনে হলেও মানুষটি অসীম একাকী এবং বিষাদগ্রস্ত। দুঃখে অকাতর। বলে, ‘যদি পারো দুঃখ দাও, আমি দুঃখ ভালোবাসি/ দাও দুঃখ, দুঃখ দাও।’ এই অনন্ত দুঃখভার সইতে সইতে, মানুষকে ভালো বাসতে বাসতে একদিন ‘আগুনে পুড়ে গেল লোকটা – কবি ও কাঙাল!’

Leave a Reply
You must be logged in to post a comment.