‘হুজুরেরা কী ল্যাখোছিন?’
একটুখানি চমকে উঠে ঘাড় ফিরিয়ে তাকায় দুই তরুণ। একজনের হাতে রঙের ভাণ্ড, অন্যজনের হাতে ব্রাশ।
‘এত রাত্রে তোমরা কী করোছিন?’ আবার জিজ্ঞাসা।
‘কে রে, সালামত লয়?’ এক তরুণের কণ্ঠ। সে আবার লেখার কাজে মন দেয়।
‘হয়, মুই সালামত। তোমরা কী ল্যাখোছিন দেয়ালত্?’
‘সালামত, নমাজ পড়িস?’ শুধায় রঙের ভাণ্ডওয়ালা তরুণটি।
চাঁদের আলোয় হলুদ দাঁত বের করে হাসে সালামত। ধরা-খাওয়া হাসি।
‘নমাজ পড়িস না ক্যা?’
‘নমাজ না পড়লে গুনা হয়, জানিস না?’
‘দোজখের ভয় নাই তোর?’
‘কাল থিনি নমাজ পড়বু, বুঝলু?’
‘হয় পড়মু।’ মাথা নেড়ে সায় দেয় সালামত। একটু থেমে আবার পুছ্ করে নিরক্ষর ছেলেটি, ‘তোমরা কী ল্যাখোছিন?’
‘যা যা, নিন্ পাড়। রাত ম্যালা হোছে!’
*
সালামত মোসলেমের চাতালে কাজ করে। মজুরি মাসে নয়শ টাকা, দুই বেলা খোরাকি। আগের রাতে যে দুই তরুণকে সে দেয়ালে লিখতে দেখেছে তারা এই শিমুলিয়া গ্রামেরই হাফিজুল্লার যমজ বেটা আবু তাহের আর আবু নাসের। তারা পাঁচ মাইল দূরে রহমতপুর মাদ্রাসায় পড়ে, সেখানকার হোস্টেলে থাকে। মাঝে মাঝে বাড়ি আসে, ইদানীং আসে একটু ঘন ঘন। সড়কের তেমাথায় তিনমাথা বাজারে শহিদুলের সিডির দোকানের সব সিডি তারা একদিন নিয়ে গেছে, একটা চড় মেরেছে শহিদুলের গালে। তারপর তারা শহিদুলকে নতুন কিছু সিডি দিয়ে গেছে। শহিদুলকে এখন থেকে সেগুলো বিক্রি করতে হবে। তাহলে শহিদুলের সওয়াব হবে। যারা সেসব সিডি কিনবে সওয়াব হবে তাদেরও। আবু তাহের ও আবু নাসের শহিদুলকে কয়েকটা ক্যাসেটও দিয়ে গেছে। শহিদুলের দোকানের ক্যাসেট প্লেয়ারে এখন আর হিন্দি গান বাজে না, ওই ক্যাসেটগুলো বাজে।
আবু তাহের ও আবু নাসের গ্রামে ফিরে খোঁজ লাগায় কারা গ্রামীণ ব্যাংকের ঋণ নিয়েছে, কাদের বাচ্চারা ব্র্যাকের স্কুলে পড়তে যায়। তারা গরিব লোকজনকে বলে গ্রামীণ ব্যাংকের ঋণ নিলে পাপ হয়, কারণ গ্রামীণ ব্যাংক সুদখোর ব্যাংক, আর ওই ব্যাংকের টাকা আসে ইহুদি ও খ্রিষ্টানদের কাছ থেকে। যাদের ছেলেমেয়েরা ব্র্যাকের স্কুলে পড়তে যায়, তারা তাদের বলে, ‘তোমরা কি জানিন, ব্র্যাকের ইশকুলত্ কী শিখান হয়? তওবা আস্তাগ্ফেরুল্লা। তারা শিখায়, আল্লা নাই।’ আবু তাহের ও আবু নাসের ঘোষণা করে, কেউ যদি কোনো এনজিওর সঙ্গে সম্পর্ক রাখে তাহলে তারা জাহান্নামে যাবে।
আবু তাহের ও আবু নাসের মসজিদে গিয়ে ইমামের ভুল ধরে। মসজিদ কমিটিকে বলে এই ইমাম দিয়ে চলবে না, সে কিছু জানে না। মসজিদ কমিটির লোকেরা এমন কথা আগে কখনো শোনেনি। তারা কী করবে ভেবে পায় না।
ইমাম আলি আকবর বলে, আবু তাহের ও আবু নাসের মসজিদে পলিটিক্স আরম্ভ করেছে।
গ্রামের লোকেরা বলে, তাহলে তো খারাপ। মসজিদে তো পলিটিক্স চলবে না।
আবু তাহের ও আবু নাসের বলে, ইমাম নিজেই পলিটিক্স করে, সে নৌকায় ভোট দেয়, ইন্ডিয়ার দালালি করে।
ইমাম আলি আকবর একাত্তরে মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু এখন রাজনীতি করে না। নৌকায় ভোট দেয় কিনা তা নিয়ে গ্রামবাসীর মাথাব্যথা নেই, কারণ এই গ্রামের প্রায় অর্ধেক মানুষ নৌকা মার্কার ভোটার, তাছাড়া ইমাম আলি আকবর মসজিদের ভিতরে তো কখনোই নয়, বাইরেও রাজনীতি নিয়ে কথাবার্তা বলে না। মসজিদ কমিটির লোকেরা তাকে বাদ দেওয়ার কোনো যুক্তিসংগত কারণ খুঁজে পায় না।
কিন্তু আবু তাহের ও আবু নাসের বলে, আলি আকবরের ইমামতি আর চলবে না। তাকে সরাতেই হবে। নইলে ‘খবর আছে’।
এসব নিয়ে গ্রামে একটা গন্ডগোল পাকিয়ে ওঠে। আবু তাহের ও আবু নাসেরের বাপ হাফিজুল্লার এসব ভালো লাগে না। সে দুই বেটাকে ডেকে ধমকায়, ‘গাঁয়ের মধ্যে তোরা এগলান্ কী আরম্ভ করে দিলু?’
বাপকে পালটা ধমক লাগায় দুই ভাই, ‘আব্বা তুমি চুপচাপ থাকো।’
পরে দুই ভাইয়ের সঙ্গে আরো আরো তরুণেরা আসতে আরম্ভ করে। তারা আসে এশার নামাজের সময়। নামাজের পরও তারা মসজিদ থেকে বের হয় না। ইমাম আলি আকবরকে আবু তাহের ও আবু নাসের নিজেদের লোকবল দেখায়। তারা বারবার তাকে শাসায় : ‘তোমার খবর আছে!’
*
ফলে শিমুলিয়া গ্রামে একটা শোরগোল পড়ে যায়। লোকেদের মনে পড়ে, হাফিজুল্লা শাদি করার পর তিন বছর পার হয়ে যাচ্ছিল, কিন্তু তার বউ পোয়াতি হচ্ছিল না বলে শিমুলিয়ার লোকেরা সাব্যস্ত করেছিল যে, হাফিজুল্লা আঁটকুড়ে, ছলপলের বাপ হওয়ার মুরাদ তার নাই।
কিন্তু হাফিজুল্লা সত্যি সত্যি আঁটকুড়ে ছিল না, বিয়ের বছরচারেকের মাথায় তার একমাত্র বউ আমেনার পেট থেকে একসঙ্গে লাফ দিয়ে বের হয়ে এসেছিল দুইটা বাচ্চা। তখন শিমুলিয়ার লোকেরা বলাবলি করেছিল, ‘এডা ক্যাংকা কতা বারে? হাঁটকুরা হাপিজুল্লার যোমজ ব্যাটা হলো?’
এসব কানাঘুষা হাফিজুল্লার কানে পৌঁছলে সে সুনিশ্চিত গৌরবের সঙ্গে নিজের সিনায় চাপড় মেরে গ্রামবাসীদের বলেছিল, ‘হয় হয়, তাই হলো। আরো হোবে ইনশাল্লা!’
কিন্তু সে-সুযোগ আর আসেনি। বছর না ঘুরতেই হাফিজুল্লার বউ আমেনা হঠাৎ একদিন মরে যায়। তারপর হাফিজুল্লা আরেকটা শাদি করে। সেই বউটির বয়স ছিল অল্প, রূপ ছিল বেশি। ফলে তাকে জিনে ধরে। জিন তাড়ানোর জন্যে হাফিজুল্লাহ এগারো মাইল দূরের এক গ্রাম থেকে এক মৌলভি ডেকে আনে। মৌলভির এক সপ্তাহের তৎপরতায় জিন-বেটা অবশেষে হাফিজুল্লার বউকে ছেড়ে দিয়ে চলে যায়, কিন্তু এবার তাকে মানুষে ধরে। মানুষটা ছিল মৌলভি নিজে। এক সকালে হাফিজুল্লা ঘুম ভেঙে দেখতে পায় বউ তার পাশে নেই, শুধু যমজ ছেলেদুটি গলাগলি করে ঘুমাচ্ছে। হাফিজুল্লার ধারণা হয় যে, সেই জিন তার বউকে নিয়ে গেছে, তাই সে আবার ওই মৌলভির তদবিরের আশায় তার বাড়ি যায়। গিয়ে দেখে মৌলভি নেই, সে-গ্রামের লোকেরা তাকে জানায় যে, মৌলভি নোয়াখালির মানুষ, নোয়াখালি চলে গেছে, যাওয়ার সময় নতুন একটা বউ সঙ্গে নিয়ে গেছে।
‘বউডার বয়েস কেমন? দেখতে কেমন?’ ইত্যাদি জিজ্ঞাসাবাদের ফলে হাফিজুল্লা নিশ্চিত হয় যে, ওই মৌলভি তার বউকেই নিয়ে ভেগেছে। তাই হাফিজুল্লা নিজের কপালকে গালমন্দ করতে করতে নিজের বাড়ির পথে হাঁটা ধরে। মাটিতে গুঁড়ি মেরে হাঁটতে হাঁটতে সে আপনমনে বলে, ‘এই জিন্দেগিতে আর শালা বিয়াই করমু না।’
হাফিজুল্লা সত্যিই আর শাদি করেনি। যমজ দুই ছেলেকে দুই কাঁকালে নিয়ে গিয়ে সে হাজির হয় তার নিঃসন্তান বিধবা-বোন করিমনের ঘরে। ‘বুবু, এই দুডা তোর বেটা। ক্যামন কোরে মানুষ করবু কর।’ করিমন দুই হাত বাড়িয়ে কোলে তুলে নেয় যমজদের। চুক চুক করে দুজনের গালে চুমা দিয়ে ভাইয়ের মুখের দিকে মুখ তুলে কয়, ‘তালে মোক তুই তোর বাড়িত্ লিয়ে চ।’
সেই থেকে বিধবা করিমন, যে কিনা গ্রামের গৃহস্থদের বাড়িতে ঠিকে-ঝির কাজ করে পেটের ভাত জোগাত, ছেঁড়া শাড়ি-শায়া গৃহস্থগিন্নিদের কাছ থেকেই চেয়ে-মেঙে নিত, সে তার ভাঙা কুঁড়েখানা ফেলে এসে ওঠে ছোটভাই হাফিজুল্লার বাড়িতে, যেখানে দুটা ঘর, একখানা গোয়াল, গোয়ালে একটা গাইও ছিল।
ফুপু করিমন তার যমজ দুই ভাতিজার নাম রাখে আবু তাহের ও আবু নাসের। তাদের যখন দাঁত গজায়, তখন তারা প্রথম কামড় বসায় বাপের দুই বাহুতে। হাফিজুল্লা নাকি সেদিন হেসে নিজের দুই বাহুতে কচি দাঁতের ক্ষত পাড়ার লোকজনদের দেখিয়ে বলেছিল, ‘ব্যাটারা মোর দু-দাঁত হোছে বারে!’ কিন্তু সোলেমান মুন্সি হাফিজুল্লার হাসি থামিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলেছিল, ‘লক্ষণ ভালো লয়, হাফিজুল্লা। ভালো চাস তে ব্যাটা দুডাক্ তুই মাদরেসাত্ দেস।’
মুন্সির অলক্ষুণে কথার মর্মার্থ হাফিজুল্লা জানতে পারেনি। মুন্সি তাকে আর কিছুই খুলে বলেনি। ফলে হাফিজুল্লার মনের গভীরে একটা ভয় ঢুকে যায়। সে আবু তাহের ও আবু নাসেরকে স্কুলে না দিয়ে মাদ্রাসায় ভর্তি করায়। এটা করার পর সে দেখতে পায়, খুবই বুদ্ধিমানের কাজ হয়েছে, মাদ্রাসায় পড়াতে কোনো খরচই নাই। উপরন্তু বিনাখরচে হোস্টেলে থাকা যায়, খেতেও পাওয়া যায়। আর ধর্মশিক্ষার উপরে তো কোনো শিক্ষা নাই। হাফিজুল্লার মনে গভীর আনন্দ ও সন্তোষ ছিল।
কিন্তু ইদানীং, যখন আবু তাহের ও আবু নাসের বড় হয়েছে, যখন তাদের দেখিয়ে হাফিজুল্লা গৌরব করে গ্রামের মানুষকে বলতে পারত, ‘দ্যাখো বারে, হামার বেটা দুডাক্ দ্যাখো,’ তখন তাদের দুর্বোধ্য চাল-চলন দেখেশুনে হাফিজুল্লার মনের শান্তি নষ্ট হয়। তার ভয়, ছেলেদুটি বুঝি ঠিক-পথে নাই। কিন্তু কী ভুলপথে তারা পা বাড়িয়েছে, কী তাদের মতিগতি, আসলে তারা কী করতে চায়, কীভাবে গড়তে চায় নিজেদের জীবন – এসবের কিছুই হাফিজুল্লার মাথায় আসে না।
*
একদিন গভীর রাতে রহমতপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নামে একদল লোক। পরদিন সন্ধ্যায় বাড়ি আসে আবু তাহের ও আবু নাসের। কিন্তু থাকে মাত্র একরাত। ফজরের ওয়াক্তে মসজিদে যাচ্ছে বলে বেরিয়ে যায়, আর ফিরে আসে না।
পরের রাতে হাফিজুল্লার বাড়িতে পুলিশ আসে। তার দুই ছেলের খোঁজ করে। নিরীহ-নির্বিবাদ দরিদ্র কৃষক হাফিজুল্লা পুলিশ দেখে ভয় পায়। জানতে চায়, কী ব্যাপার, তার ছেলেদের কেন খোঁজা হচ্ছে। পুলিশ হাফিজুল্লার ঘরে তল্লাশি চালায়। অস্ত্রের খোঁজ করে, বোমার সন্ধান চায়। অস্ত্র ও বোমার কথা শুনে নিরীহ হাফিজুল্লার বুক ধড়ফড় করে। তা দেখে পুলিশের মনে সন্দেহ গাঢ় হয়। তারা তার কোমরে দড়ি বাঁধে। হাফিজুল্লা হাউমাউ করে কেঁদে ওঠে : ‘কী অপরাধ করিছি হামি?’
‘তোর ব্যাটারা কোন্টে?’
‘তারা তো মাদ্রাসাত্ পড়ে। মাদ্রাসার হুস্টালত্ই থাকে।’
‘কোন মাদ্রাসা?’
‘রহমতপুর মাদ্রাসা। কিন্তু ক্যান? তারাই-বা কী অপরাধ করিছে?’
পুলিশ হাফিজুল্লার ছেলেদের বিরুদ্ধে অভিযোগের বৃত্তান্ত জানায় না। তারা জানতে চায়, তারা কবে বাড়ি এসেছিল। হাফিজুল্লা ভয় পেয়ে নিজের স্বভাবের বিরুদ্ধে গিয়ে মিথ্যা বলে : ‘ছয় মাসের মধ্যে একদিনও আসেনি।’
পুলিশ হাফিজুল্লার কোমরের দড়ি ধরে হ্যাঁচকা টান মেরে ধমক লাগায়, ‘আবার মিছা কথা কয়! চ, থানাত্ চ!’হাফিজুল্লা থানায় গিয়ে সত্য কথা বলে : তার ছেলেরা তিনদিন আগে একরাতের জন্য বাড়ি এসেছিল। পুলিশ তাকে পেয়ে বসে। প্রশ্নের পর প্রশ্ন জিজ্ঞাসা করে চলে। কিন্তু হাফিজুল্লা আর কিছুরই উত্তর দিতে পারে না, কারণ তার ছেলেরা মাদ্রাসায় লেখাপড়া ছাড়া আর কী কী করে, তা সত্যিই তার জানা নেই।
সকালে পুলিশ হাফিজুল্লাকে ছেড়ে দেয়। হাফিজুল্লা পুলিশ কর্মকর্তার পায়ে সালাম করে। কর্মকর্তাটি তখন তাকে বলেন যে, তাকে বিকেলে আবার আসতে হবে। তিন হাজার টাকা দিয়ে যেতে হবে। না দিলে তাকে আবার ধরে আনা হবে। হাফিজুল্লা থানা থেকে বের হয়ে দেড় মাইল রাস্তা প্রায় দৌড়ে বাড়ি পৌঁছে, তারপর একমাত্র গাভীটি বিক্রি করার প্রস্তাব নিয়ে যায় তালুকদারদের বাড়ি। তালুকদাররা গাভী কিনতে চায় না কারণ গাভী চরানোর জায়গা নেই, সারামাঠ জুড়ে ফসল। হাফিজুল্লা তখন তালুকদারের কাছে তিন হাজার টাকা কর্জ চায়। তালুকদার দেখে, হাফিজুল্লার গাভীটির দাম ছয় হাজারের কম হবে না। সে তখন তাকে বলে ‘ধারকর্জ তো আজকাল দেওয়া যায় না, মানুষের বিশ্বাস নাই। গাই দিয়ে যা, ট্যাকা তিন হাজার লিয়ে যা।’ হাফিজুল্লা লোকসান মানে, এখন প্রাণ বাঁচানো নিয়ে কথা। গাভী তালুকদারদের খলায় একটা খুঁটির সঙ্গে বেঁধে রেখে তিন হাজার টাকা নিয়ে সে আবার ছুটে যায় থানায়, বিকেল তো দূরে, দুপুর হওয়ার আগেই পুলিশ কর্মকর্তার হাতে নগদ তিন হাজার টাকা তুলে দিয়ে আবার তার পায়ে সালাম করে। পুলিশ কর্মকর্তা হেসে তার পিঠে মৃদু একটা চাপড় মেরে বলেন, ‘যাও। তুমি ভালো মানুষ।’
*
সে-রাতে হাফিজুল্লার চোখে ঘুম আসে না। সারারাত সে পায়চারি করে, বিছানায় শুয়ে এপাশ-ওপাশ করে। ফজরের ওয়াক্তের সামান্য আগে তার চোখ লেগে আসে। আর তখনই দুই ছেলে বাড়ি এসে বাপকে ডেকে তুলে ধমক লাগায়, ‘আব্বা, ফজরের নামাজ আদায় করিন না ক্যা?’
বাপ হুঙ্কার ছাড়ে, ‘দূর হয়া যা হারামজাদারা!’
দুই ভাই মুখ চাওয়া-চাওয়ি করে।
বাপ চিৎকার করে, ‘হামার বাড়িত্ পুলিশ আসে ক্যান? এই কুলাঙ্গারেরা, পুলিশ কিসক তোরগক্ ঢুঁড়ে বেড়ায়?’
পুলিশের কথা শুনে চিন্তিত হয় আবু তাহের ও আবু নাসের। তারা বাপকে শান্ত করার চেষ্টা করে সমস্ত বৃন্তান্ত জানতে চায়। বাপ শান্ত হয় না, তবে বৃত্তান্ত বলে এবং অবশেষে তাদের বাড়ি থেকে বের হয়ে যাওয়ার হুকুম দেয়। আবু তাহের ও আবু নাসের মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করে সকাল পর্যন্ত সেখানেই থাকে। আলো ফুটলে তারা যায় তালুকদারদের বাড়ি, ঘুম থেকে ডেকে তোলে মফাজ্জল তালুকদারকে। তালুকদার চোখ রগড়াতে রগড়াতে তাদের সামনে এসে দাঁড়ালে আবু তাহের তাকে হুকুমের সুরে বলে, ‘পাঁচ হাজার ট্যাকা দ্যান।’
তালুকদারের চোখ থেকে ঘুমের অবশিষ্ট রেশ মুহূর্তেই দূর হয়ে যায়। তার কাঁচাপাকা ভুরু দুটি নেচে ওঠে।
আবু নাসের তাকে বলে, ‘দশ হাজার ট্যাকার গরু তিন হাজার দিয়ে লেওয়া কীরকম ইনসাফ?’
তালুকদার এখন বেশ গম্ভীর। গমগমে গলায় বলে, ‘এই সাতসকালে আমাক ইনসাফ শিখাবা আসিছু তোরা? যা, তোর বাপক্ প্যাঠে দে।’
আবু তাহের বলে, ‘বাপ লরম মানুষ দেখেই তো ঠকাছিন!’
‘আর তোরা খুব শক্ত হছু বুঝি?’
‘ট্যাকা আরো পাঁচ হাজার দিতে হোবে!’ আবু তাহের কঠিন স্বরে বলে।
‘দশ লয়, আমরা গরুর দাম আট হাজারই ধরলাম।’ একটু নরম সুরে বলে আবু নাসের।
তালুকদার বেশি কথা বলতে নারাজ। ভয়ানক তাচ্ছিল্যের সঙ্গে মুখ বেঁকিয়ে বলে, ‘গরুর আমার দরকার নাই। আমার ট্যাকা আমাক্ ফেরত দিয়ে তোর বাপক্ গরু লিয়ে যাবা কস, যা।’
*
সন্ধ্যাবেলা দুইভাই রান্নাঘরে খেজুরপাতার মাদুরে বসে ভাত খাচ্ছিল, বাপ বাইরে থেকে এসে এই দৃশ্য দেখে দাঁতে দাঁত পিষে ‘লবাবের বাচ্চারা গিলবা বসিছিন?’ বলতে বলতে দুইহাতে ভাতের থালাদুটি দুই ছেলের মুখের সামনে থেকে তুলে নিয়ে দরজা দিয়ে ছুড়ে ফেলে দেয় উঠানে।
দুইভাই প্রথমে হতভম্ব, তারপর বিস্ময়ের ঘোর কাটলে গম্ভীর। নীরবে মাদুর থেকে উঠে রান্নাঘর থেকে বের হয়ে উঠানের এককোণে কলের পাড়ে গিয়ে হাত ধোয়, কুলিকুচি করে, বাপের দিকে ফিরেও তাকায় না। হাতমুখ ধুয়ে তারা লুঙ্গিতে মুখ মুছতে মুছতে বাড়ি থেকে বের হয়ে মসজিদের পথে হেঁটে যায়। যেতে যেতে এক ভাই আরেক ভাইকে বলে, ‘আব্বার ওপর শয়তানে ভর করিছে রে।’ অন্য ভাই মাথা সায় দিয়ে মাথা দোলায়, ‘হয় হয়। তাই তো মনে হওছে।’
*
আবু তাহের ও আবু নাসের মসজিদ থেকে ফিরে আসে গভীর রাতে, যখন বাপ গভীর ঘুমে বেহুঁশ। তারা একটা লম্বা ছুরি নিয়ে বাপের ঘরে যায়। বাপ চিৎ হয়ে ঘুমায়, তার মৃদু নাক ডাকার শব্দ শোনা যায়। বাইরে চাঁদ, ঘরের ভিতরে তাই ঘন অন্ধকারের বদলে ফিকে আবছায়া। সে-আবছায়ায় দুই ভাই বাপের বুকের ছাতির ওঠানামা দেখে, সমতালে মৃদু নাকডাকার শব্দ শোনে। ঘরের চালের ওপর দিয়ে একটা পেঁচা উড়ে যায়।
এক ভাই গামছা দিয়ে বাপের নাকমুখসুদ্ধ থুতি চেপে ধরে টানতে শুরু করে মাথার পেছন দিকে। বাপের ঘাড়ের হাড়হাড্ডিগুলো মট্মট্ শব্দ তোলে আর গামছা দিয়ে চেপে ধরা মুখের ভিতরে গোঁ গোঁ আর্তনাদ ধ্বনিত হয়। অন্য ভাই ঝুঁকে পড়ে বাপের মুখের ওপর, লম্বা ছুরিসমেত তার ডান হাতটির কনুই ভাঁজ হয়ে আসে। ছুরি বাপের গলা স্পর্শ করে। ছুরি বাপের গলায় চেপে বসে। ছুরি বাপের গলায় চেপে বসে সামনে যায়, পেছনে আসে।
একটা পেঁচা এসে বসে ঘরের চালে, চাঁদের আলোয় সে চোখ পালটায়।
* ভোরে মোসলেমের চাতালে একটা কড়ই গাছের ডালে ঝুলতে দেখা যায় সালামতকে। তার গলায় দড়ি, ঘাড়টা ডানদিকে কাত। জিভ বেরিয়ে এসেছে, ঠোঁটের চারপাশে ফেনা শুকিয়ে গেছে। তার মুখের চারপাশে চক্কর খাচ্ছে বড় বড় কয়েকটা নীল মাছি।

Leave a Reply
You must be logged in to post a comment.