একটা ধাক্কা দিয়েই দেখুন না দরজাটা খোলা যায় কিনা?

একটু ধাক্কাধাক্কির বড় প্রয়োজন আজ জীবনে-সমাজে

কেউ কাউকে জায়গা ছেড়ে

দেবে না, নারাজ।

জীবন কাটাতে হয় এখন খুব স্বার্থপরের মতো,

চোখ বুজে –

খোলা চোখে যদি লজ্জা-টজ্জা এসে যায়!

তাই সমাজও চোখের মাথা খেয়ে বসে আছে, তার

যেন কোনোকিছুতেই এতোটুকু মাথাব্যথা নেই,

সেজন্যেই ধাক্কাটা জরুরি খুব, একটি ধাক্কায়

পুরনো মরচে পড়া দরজাটা হাট হয়ে খুলে যেতে পারে

মাত্র একটি ধাক্কায় খুলে যেতে পারে বন্ধ চোখ,

নিমগ্ন চৈতন্যে ভোরের সোনালি রোদ খেলে যেতে পারে

আর কতো কাল স্বার্থপরতার এই গ্লানি নিয়ে,

মানুষ কাটাবে শুধু পশুর জীবন,

আর কতো কাল!

হয়তো বা একটি ধাক্কায়

জীবনের সকল তন্ত্রীতে রিনরিন বেজে উঠবে সেতারের সুর,

একটা ধাক্কা দিয়েই দেখুন না,

জীবনের অন্য কোনো মানে খুঁজে পাওয়া যায় কিনা?