কতোদিন হয়ে গেলো
তানজিনার সঙ্গে দেখা হয় না,
হাসিমারা এসেছিলো
কাল দোয়েল-ভোরে,
বগুড়া থেকে নীল চিঠি
রাজশাহীর সুবাতাস
তাদের হাতে হাতে।
একটা আঁকাবাঁকা রেখার
ওধারে দাঁড়িয়ে
শফিকের কথা তালেয়ার কথা
শাহিনের কথা হাফিজের কথা
শোনালো হাসিমা,
হাসিমারা হাত নাড়লো
রেখার ওপার থেকে,
আমি এপার থেকে
শিস দিয়ে বললাম
দোয়েল, ভোর হয়ে গেছে
ক্লান্ত ডানার শব্দ
ভেসে গেলো
এপার থেকে ওপারের আকাশে।
তারপর যে যার মতো
সরে এসেছি
কেবল পড়ে আছে
আঁকাবাঁকা সেই এক রেখা।

Leave a Reply
You must be logged in to post a comment.