আমি মনে করি, ব্র্যান্ডের বিষয় মূলত তিনটি। এক, ঈশ্বর-বিষয়ে ধারণা – কেমন তিনি, কী তাঁর প্রকৃতি? দুই, দেশপ্রেম – মানুষের কাছে তা কী, এবং কতটুকু, দাবি করে? এবং, তিন, ঈশ্বরের খোঁজে নিবেদিত একজন বিশেষ মানুষের জীবন ও সে-জীবনের যন্ত্রণা। এর প্রথম দুটি খুব সহজেই দর্শনের বিষয় হতে পারে; তৃতীয়টি দর্শনের নয়, শুধুই শিল্পের বিষয়।
মহৎ চিন্তা ও মহৎ অনুভব ছাড়া মহৎ শিল্প তৈরি হয় না, ‘মহৎ’ বলতে আমরা যা-ই বোঝাই না কেন। কিন্তু, মহৎ চিন্তা ও মহৎ অনুভব, নিজে থেকে, মহৎ শিল্প তো দূরের কথা, শিল্পই নয়। শিল্পের ভেতর আত্মস্থ হয়ে, ও শিল্পের অবিচ্ছেদ্য ও অনিবার্য অংশে পরিণত হয়ে, মহৎ চিন্তা ও মহৎ অনুভব শিল্পের কোনো কোনো কাজকে ভিন্ন অর্থ ও ভিন্ন মাত্রা দিতে পারে – অনেক গভীরে এবং, ফলে, অনেক উঁচুতে নিয়ে যেতে পারে। কিন্তু ওই চিন্তা ও অনুভব শিল্পীরই চিন্তা ও শিল্পীরই অনুভব, এবং তার প্রকাশ ঘটে শুধু শিল্পকর্মের মধ্য দিয়েই, অন্য কোথাও নয়, অন্য কিছুর মধ্য দিয়েও নয়। এমনটি যদি না হতো, তাহলে সব দর্শন-চিন্তাই শিল্প হয়ে যেত। শিল্পীর চিন্তা ও শিল্পীর অনুভবের মধ্য দিয়ে দর্শনের তত্ত্ব জন্ম নেয় না; দর্শনও শিল্পীর চিন্তা ও শিল্পীর অনুভবকে তুলে ধরে না; তাই দর্শন দর্শনই, শিল্প নয়। জীবনকে শিল্পী একভাবে দেখেন, দার্শনিক অন্যভাবে; শিল্পী আবেগের মধ্য দিয়ে, দার্শনিক যুক্তির মধ্য দিয়ে; দুয়ের মধ্যে পার্থক্য মৌল। ব্র্যান্ড, ইবসেন নিজেই বলেছেন, শিল্পকর্ম, এবং শিল্পকর্ম ছাড়া আর কিছুই নয়। [তিনি না বললেও কিছু এসে যেত না; ব্র্যান্ড শিল্পকর্মই থেকেযেত।] এ কাব্যনাটককে তা-ই শিল্প হিসেবেই দেখতে হবে, কোনো ধারণার প্রকাশ হিসেবে নয়।
কিন্তু, এ-ও তো সত্য যে, এই ধারণাগুলো ব্র্যান্ডের দর্শকদের ও পাঠকদের নাড়া দিয়ে এসেছে, এবং হয়তো এখনো, ব্র্যান্ড রচিত হবার একশ চল্লিশ বছর পরেও, নাড়া দিয়েই যাচ্ছে। ব্র্যান্ড ঢাকায় অভিনীত হয়েছে শুনে খুশি হয়ে আমারই এক বন্ধু নরওয়ে থেকে লিখেছেন, এই নাটকে ‘আদর্শ, ধর্মান্ধতা ও মানবতা-বিষয়ে অনেক গভীর বক্তব্য আছে’। ব্র্যান্ড কি তাহলে এইসব বক্তব্যের জন্যই টিকে আছে? তাহলে তো এর শিল্পমূল্য নিয়ে প্রশ্ন উঠে যায়। আর, ব্র্যান্ড যদি সত্যি-সত্যি শিল্প হিসেবেই টিকে থেকে থাকে, তাহলে তো প্রশ্ন ওঠে, ওই সব ধারণার কথা এখনো অমন জোরালো হয়ে দেখা দেয় কেন? মানুষ ব্র্যান্ড পড়ে বা দেখে কী মনে রাখে – এর শিল্পের দিক, নাকি, এর ধারণাগুলোর দিক? কেন আলোড়িত হয় – ব্র্যান্ডের করুণ পরিণতির জন্য, নাকি, ব্র্যান্ড যে-সব কথা বলেন, তার জন্য? ব্র্যান্ডে যে-সব ধারণার কথা বলা হয়েছে, সেগুলো ভেবে দেখা যেতে পারে, কিন্তু কেবল ধারণা হিসেবে, আপাতত শিল্প বা শিল্পের উপাদান হিসেবে নয়।
দুই
প্রথমে, ঈশ্বর প্রসঙ্গ।
আইনার ও অ্যাগনেসের সঙ্গে যখন ব্র্যান্ডের প্রথম দেখা হয়, তখন ব্র্যান্ড পথে-পথে ঘুরে বেড়াচ্ছেন, কোথায় যাবেন এবং কোথায় স্থিত হবেন, তা তাঁর জানা নেই, আর আইনার ও অ্যাগনেস চলেছে দূর কোনো দেশে, তাদের বিয়ে ঠিক হয়ে গেছে, বন্ধুরা তাদের শুভ কামনা করেছে, তারা প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছে। ব্র্যান্ড ও আইনার ছেলেবেলার বন্ধু, দেখা হতেই ব্র্যান্ড আইনারকে চিনে ফেলেছেন, আইনার ব্র্যান্ডকে চিনেছে একটু পরে। দুর্গম পাহাড়ি পথ, মাঝে-মধ্যেই ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে, মানুষ যে-কোনো সময়ে পথ হারিয়ে ফেলতে পারে, এবং যদি তা হারিয়ে ফেলে, তাহলে বাঁচার আশা খুবই কম। এই কী জায়গা, আর এই কী সময়, ঈশ্বরকে নিয়ে কথা বলার ? তবু একটু পরেই ঈশ্বর ব্র্যান্ড আর আইনারের আলোচনার বিষয় হয়ে ওঠেন।
ব্র্যান্ড আইনারকে তার নিজের স্বপ্ন নিয়ে থাকতে বলেন। যে-জায়গা তিনি খুঁজছেন, আইনার যদি তার ধারে-কাছে আসে, তার স্বপ্ন ভেঙে খান-খান হয়ে যাবে। বলেন, ‘ঈশ্বরের মৃত্যু কেন হলো, আমি জানতে চাই তা,/ তোমাদের যে-ঈশ্বর মুমূর্ষু এখন,/ হাজার বছর ধরে মৃত্যুরই মুখোমুখি যিনি’। এই ঈশ্বর, যাঁর মৃত্যু হয়েছে, কিংবা, যিনি মুমূর্ষু, তিনি আইনার ও আইনারের মতো মানুষের ঈশ্বর, ব্র্যান্ডের নন। আইনারকে এমনটি কেন শুনতে হয় ? কী দোষ করেছে আইনার? না, কোনো দোষ করেনি। একটি মেয়েকে ভালোবাসা, তার ভালোবাসা পাওয়া, তাকে নিয়ে ঘর করার স্বপ্ন দেখা কোনো অপরাধ নয়। এর সঙ্গে ঈশ্বরের ও ঈশ্বরের ধারণার কোনো সম্পর্ক নেই।
ঈশ্বরের মৃত্যুর কথা স্বাভাবিকভাবেই নিটশেকে মনে করিয়ে দেয়। গে সায়েন্সের উন্মাদ লোকটি প্রশ্ন করে, কোথায় ঈশ্বর? তারপর বলে, ‘আমরা তাঁকে হত্যা করেছি – আপনারা এবং আমি, আমরা সবাই তাঁর হত্যাকারী।’ পরের অনুচ্ছেদে শোনা যায়, ‘এর চাইতে মহত্তর কাজ কখনো করা হয়নি।’ ঈশ্বরের নিহত হওয়াকে মহৎ কাজ বলে কেন মনে করেন নিটশে ? মনে করেন এই জন্য যে, ‘সব ধর্মই মূলত নিষ্ঠুর এক প্রক্রিয়া’ (জিনিয়ালোজি অব মরাল্স্), যা মানুষকে তার ‘স্বাভাবিক প্রবণতা’ ভুলে যেতে বাধ্য করে, ‘নিজেদের বঞ্চিত করতে শেখায়’ এবং ‘প্রকৃতি-বিরুদ্ধ চরমপন্থী ব্যক্তিতে’ পরিণত করে (বিয়োন্ড গুড অ্যান্ড ইভিল)। খ্রিস্টধর্মের পাপের, অপরাধবোধের ও কৃচ্ছ্রসাধনের ধারণাকে তিনি পুরোপুরি বাতিল করে দেন। ধর্মের প্রতিনিধিদের বলেন, ‘মৃত্যুর বার্তাবাহক’ (দাস স্পেইক জারাথুস্ট্রা)।
নিটশের সঙ্গে ব্র্যান্ডের দূরত্ব অনেক। এক, ব্র্যান্ড নিশ্চিত নন যে, ঈশ্বরের মৃত্যু হয়েছে; একবার ‘ঈশ্বরের মৃত্যু’র কথা বলেন; আবার বলেন, ‘হাজার বছর ধরে’ তিনি মৃত্যুর ‘মুখোমুখি’; পরেও তাঁকে বলতে শোনা যায়, ‘মিথ্যে’ যে-ঈশ্বর, তাঁর মৃত্যু হতেই হবে এবং হবেই। অন্যদিকে, নিটশে সম্পূর্ণ নিশ্চিত যে, ঈশ্বরের মৃত্যু হয়েছে। শুধু মৃত্যুই হয়নি, তিনি নিহত হয়েছেন। দুই, ঈশ্বরের এ মৃত্যুর, কিংবা, মুমূর্ষু অবস্থার জন্য কে দায়ী, ব্র্যান্ড তা বলেন না। অন্যদিকে, নিটশে বলেন, মানুষই ঈশ্বরকে খুন করেছে, সবাই মিলেই করেছে। তিন, যে-ঈশ্বরের মৃত্যুর কথা বলেন নিটশে, তিনি সবার ও সব ধর্মের ঈশ্বর, কারও ব্যক্তিগত ঈশ্বর নন। অন্যদিকে, ব্র্যান্ড যে-মৃত বা মুমূর্ষু ঈশ্বরের কথা বলেন, তিনি কেবল আইনারের ঈশ্বর। ব্র্যান্ডের নিজের ঈশ্বর শুধু যে বেঁচেই আছেন, তা নয়, তিনি ‘ঈশ্বর ভীষণ ঝড়ের-/ বিচারকর্তাও শুধু তিনি, শেষ বিচারের’ : যেন আইনারের ঈশ্বর বিচারকর্তা পর্যন্ত নন। চার, ঈশ্বরের মৃত্যু হয়েছে, নিটশের এই কথা তো আর আসলে সত্য নয়; বহু মানুষ যে-ঈশ্বরের বেঁচে থাকায় বিশ্বাস করেন এবং তাঁর বন্দনা করেন, নিটশে নিশ্চয়ই তা জানতেন; আসলে তিনি চান যে, ঈশ্বরের মৃত্যু হোক, মানুষ ঈশ্বরের কথা ভুলে যাক; ঈশ্বরের মৃত্যুর কথাটি সত্য নয় বলেই হয়তো তা এক উন্মাদ লোকের মুখ দিয়ে বলানো হয়। অন্যদিকে, ব্র্যান্ড চান যে, তাঁর নিজের ঈশ্বর চিরদিন বেঁচে থাকুন। পাঁচ, নিটশে ঈশ্বরের মৃত্যু চান এইজন্য যে, তিনি কোনো ধর্মকেই সত্যধর্ম বলে মনে করেন না, ধর্মকে বিচার করেন তার সামাজিক ভূমিকা ও সামাজিক ফলাফল দিয়ে (বার্ট্রান্ড রাসেল, হিস্ট্রি অব ওয়েস্টার্ন ফিলসফি)। অন্যদিকে, ধর্মকে সত্য মনে না করা ব্র্যান্ডের দিক থেকে ভাবাই যায় না।
ঈশ্বর নিয়ে আইনারের সঙ্গে ব্র্যান্ডের দ্বন্দ্ব তাই দুজন মানুষের ঈশ্বরবিষয়ে ধারণার দ্বন্দ্ব, ঈশ্বরের স্বরূপ নিয়ে দ্বন্দ্ব নয়। আইনার বলেন, ‘আমার ঈশ্বর আজও আমারই ঈশ্বর’। এ কথা ব্র্র্যান্ডও বলতে পারতেন। আইনারের ঈশ্বর আইনারের ; ব্র্যান্ডের ঈশ্বর ব্র্যান্ডের । যে-কোনো মানুষই তো ঈশ্বরকে তাঁর নিজের মতো করে ভাবতে পারেন, হয়তো ভাবেনও; সে-ভাবনা প্রথাগত ভাবনার সঙ্গে মিলতেও পারে, না-ও মিলতে পারে; কিন্তু তাই বলে একজনের ঈশ্বর সত্য এবং আরেকজনের ঈশ্বর মিথ্যে হয়ে যায় কী করে? প্রত্যেকের ঈশ্বর প্রত্যেকের কাছে সত্যই থেকে যান।
ব্র্যান্ড ও আইনারের এই যে দ্বন্দ্ব, তার কি আসলে কোনো ভিত্তি আছে? আইনার, মনে রাখতে হবে, একজন শিল্পী। ঈশ্বরের যে-ছবি আইনার আঁকেন, তাতে দেখা যায়, ঈশ্বরের চুল সাদা হয়ে গেছে, তাঁর চোখ ঝাপসা হয়ে গেছে, তিনি রাগ করলে, সেটি হয় ভীষণ মজার, বাচ্চারা প্রথমে ভয় পেলেও সে-রাগের কথা মনে করে ঘুমের ভেতর খিলখিল করে হেসে ওঠে। তার মানে, ঈশ্বর আর কার্যক্ষম নন, জীবন ও জগৎ তাঁর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ব্র্যান্ডের বেদনাও কি সেখানেই নয় ? ব্র্যান্ডকে মানুষজন তাদের এলাকারপুরোহিত হতে বলে; ব্র্যান্ড রাজি হন না; তারা তখন ফিরে যায়; তাদের দিকে তাকিয়ে ব্র্যান্ডের মনে হয়, তারা খুবই ক্লান্ত, দিশেহারা, আদমের মতো, স্বর্গ থেকে বিতাড়িত হবার সময়ে যেমনটি ছিলেন আদম। ঈশ্বর যদি কর্মক্ষমই থাকতেন, তাহলে তো এসব মানুষের অবস্থা এমন হবার কথা নয়। তাহলে ঈশ্বর-বিষয়ে ব্র্যান্ড ও আইনারের ধারণার মধ্যে পার্থক্য কোথায় ? আইনার ঈশ্বরের যে-ছবি আঁকেন, তা-ও তো আসল ঈশ্বরের নয়; সে-ছবি আইনার ঈশ্বরকে যেভাবে দেখে, তার। ব্র্যান্ড যে-ঈশ্বরকে সজীব ও প্রাণময় ভাবেন, মানুষ ক্লান্ত ও দিশেহারা হওয়া সত্ত্বেও ভাবেন, তা-ও তো তাঁর কল্পনা। কিন্তু, আইনারের ছবি ও ব্র্যান্ডের কল্পনার ভিত্তি তো একই – ঈশ্বরের অক্ষম হয়ে যাওয়া। নাটকের শেষ দিকে দেখা যায়, আইনার খ্রিস্টের বাণী প্রচার করতে দূর বিদেশে চলে যাচ্ছে। আইনারের ছবি ও ব্র্যান্ডের কল্পনার ভিত্তি এক বলেই কি এমনটি ঘটে?
ঈশ্বর কেমন, সে-কথা ব্র্যান্ডের নানা জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে আছে। তার কতগুলো এরকম :
১. ‘জীবন এবং মৃত্যু/ দুয়ের জন্যই/ ঈশ্বরের কাছে আমি ঋণী। তিনি/ বাঁচিয়ে রাখতে চান, রাখবেন।/ যদি না-ই চান, স্বাগত মৃত্যুও।’ (ব্র্যান্ড, প্রথম অঙ্ক);
২. ‘করুণারও অন্ত নেই তাঁর।/ সেই কণ্ঠস্বর, যা ধ্বনিত ও প্রতিধ্বনিত হয়/ হৃদয়ে মুসার।’ (ব্র্যান্ড, প্রথম অঙ্ক);
৩. ‘ঈশ্বর কখনো তাঁর করুণাবশত/ মন্দকেও ফিরিয়ে আনেন/ মঙ্গলের দিকে-/ কিন্তু এমন বিভ্রান্ত যারা,/ পড়ে-যাওয়া, দুমড়ে-মুচড়ে-যাওয়া,/ তাদেরকে নয়।’ (ব্র্যান্ড, প্রথম অঙ্ক);
৪. ‘প্রকৃত সন্তান যারা ঈশ্বরের,/ কাজে নামো তাদের উদ্ধারের।’ (ব্র্যান্ড, প্রথম অঙ্ক);
৫. ‘ঈশ্বরকে দেখিনি আমি, করে গ্যাছি শুধু অনুভব,/ রয়েছেন সিংহাসনে তিনি তাঁর – নিভৃত, নীরব।/ রয়েছেন যেন তাকিয়েই/ আমার দিকেই।/ সে-তাকানো কী যে বেদনার !/ সেই সঙ্গে মিশে আছে ভালোবাসা – অসীম, অপার।’ (অ্যাগ্নেস, দ্বিতীয় অঙ্ক);
৬. ‘ঈশ্বরের বিধি, জেনো, শুধু ঈশ্বরের।/ দায়িত্ব তো দিয়েছেন তিনি আমাদের,/ শোধ করতে সেই ঋণ, যা অন্যের ও প্রত্যেকের।’ (ব্র্যান্ড, দ্বিতীয় অঙ্ক);
৭. ‘যখন বললেন যিশু ঈশ্বরের নামে,/ ‘প্রভু, বাঁচাও আমাকে, দাও এ/ যন্ত্রণার পেয়ালা গুঁড়িয়ে’,/ কী উত্তর পেয়েছেন তিনি? পাননি কোনো-ই।’ (ব্র্যান্ড, তৃতীয় অঙ্ক);
৮. ‘অ্যাগ্নেস কি মনে করে/ ঈশ্বরের বিবেচনাবোধ/ মানুষের মতো, কিংবা,/ কোনো-কোনো মানুষের মতো?’ (ব্র্যান্ড, তৃতীয় অঙ্ক);
৯. ‘মানবিক ছিলেন ঈশ্বর/ তাঁর পুত্র যিশুর প্রতিই ?/ ঈশ্বর কি রক্তহীন,/ সকলের কল্যাণের কথা/ ভেবে যান সবার আগেই?’ (ব্র্যান্ড, তৃতীয় অঙ্ক);
১০. ‘পিতা তিনি। তিনি ক্ষমাশীল।/ অত্যাচারী নন।’ (অ্যাগ্নেস, চতুর্থ অঙ্ক);
১১. ‘যারাই নিষ্পাপ,/ পরিশোধ করতে হয়/ মূল্য তো তাদেরই।/ এই তো কারণ,/ যার জন্য ঈশ্বর নিলেন কেড়ে/ আমার সন্তান, সব চাইতে/ আদরের ধন।’ (ব্র্যান্ড, চতুর্থ অঙ্ক);
১২. ‘পারেন যা দাবি করতে/ আমাদের কাছ থেকে/ পরাক্রান্ত ওই যে ঈশ্বর,/ কোনো অন্ত নেই তার।’ (ব্র্যান্ড, চতুর্থ অঙ্ক);
১৩. ‘আমাকে তো করেছেন/ শুদ্ধ তিনি/ পরীক্ষার মধ্য দিয়ে,/ খুবই তো কঠিন।’ (অ্যাগ্নেস, চতুর্থ অঙ্ক);
১৪. ‘ঈশ্বর ঈশ্বরই শুধু। শোনো,/ মানুষ কখনো/ পারে না তো হতে তাঁর মতো।’ (আত্মার কোরাস, চতুর্থ অঙ্ক); এবং
১৫. ‘কী প্রমাণ করে/ মৃত্যু আমাদের ?/ দাও, দাও,/ ঈশ্বর, উত্তর দাও!’ (ব্র্যান্ড, পঞ্চম অঙ্ক)।
এক, জীবন এবং মৃত্যু দুয়ের জন্যই যদি ঈশ্বর দায়ী হন, এই অর্থে যে, তিনি বাঁচিয়ে রাখতে চাইলে রাখবেন, রাখতে না চাইলে রাখবেন না, বাঁচিয়ে রাখা কেবল শারীরিক অর্থে নয়, আত্মিক অর্থেও, তাহলে তো আর মানুষের কিছুই করার থাকে না। ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ তখন আর সক্রিয় থাকে না, নিষ্ক্রিয় হয়ে যায়। এমনটিই কি ঈশ্বরের অভিপ্রায়, কিংবা, এমনটিই কি তাঁর অভিপ্রায় হতে পারে? সমর্পণ যদি সক্রিয়ই না হয়, তাহলে তো সমর্পণও আর সমর্পণ থাকে না। সমর্পণ হতে হবে স্বেচ্ছায়, সজ্ঞানে, সমর্পণের পথের সব বাধা পার হয়ে ও দূর করে, বাধ্য হয়ে নয়, এমন পরিস্থিতির কারণে নয়, যার হাত থেকে মানুষের মুক্তি নেই এবং যেখানে সমর্পণ ছাড়া আর কোনো পথ খোলা থাকে না। হ্যাঁ, ব্র্যান্ড এই কথাগুলো শুধু নিজের সম্পর্কে বলেন, সাধারণ সত্য হিসেবে বলেন না। তবু, এর ভেতর যে একটি সাধারণ সত্যও লুকিয়ে আছে, তা ভোলা যায় না। তার কারণ, ব্র্যান্ড নিজে নিষ্ক্রিয় থাকেন না, সক্রিয়ভাবে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করেন এবং সক্রিয়ভাবে মানুষের ভাগ্য পালটে দেবার চেষ্টা করেন।
দুই, ঈশ্বর করুণাময় তো নিশ্চয়ই, ঈশ্বরের অসীম করুণা ছাড়া মানুষের টিকে থাকাই অসম্ভব, কোনোকিছু অর্জন করার তো প্রশ্নই ওঠে না। কিন্তু ঈশ্বর যদি করুণাময়ই হন, তিনি মানুষে-মানুষে পার্থক্য করবেন কেন? তাঁর করুণা তো সব মানুষের জন্য। সব চাইতে পাপী যে, ঈশ্বরের করুণা পাবার অধিকার তারও আছে, এবং ঈশ্বর ইচ্ছে করলে তাকেও করুণা করতে পারেন। কিন্তু ব্র্যান্ড বলেন, যারা বিভ্রান্ত, ‘পড়ে-যাওয়া, দুমড়ে-মুচড়ে-যাওয়া’, তাদেরকে ঈশ্বর কখনোই ‘মঙ্গলের দিকে’ ফিরিয়ে আনবেন না। কেন নয় ? যে-সব মানুষ ব্র্যান্ডকে তাদের পুরোহিত হিসেবে পেতে চায়, ব্র্যান্ড তাদের ফিরিয়ে দেন কেন ? ব্র্যান্ড নিজেকে বলেন, ‘প্রকৃত সন্তান যারা ঈশ্বরের,/ কাজে নামো তাদের উদ্ধারের।’ ঈশ্বরের ‘প্রকৃত সন্তান’ কারা ? মানুষ কী করে বুঝবে, কে ঈশ্বরের প্রকৃত সন্তান, আর কে নয়? আর যারা ঈশ্বরের ‘প্রকৃত সন্তান’, তারা তো সবসময়ে ঈশ্বরের পথেই থাকবে। তাদের উদ্ধারের প্রশ্ন ওঠে কেন? তাহলে কি ঈশ্বরের ‘প্রকৃত সন্তান’ হয়েও ঈশ্বরের পথ থেকে দূরে সরে যাওয়া সম্ভব?
তিন, ‘ঈশ্বর ঈশ্বরই শুধু। শোনো,/ মানুষ কখনও/ পারে না তো হতে তাঁর মতো।’ তা তো নিশ্চয়ই। মানুষ যদি ঈশ্বরই হয়ে যায়, কিংবা, হয়ে যেতে পারে, তাহলে তো সে আর মানুষ থাকে না, তার মুক্তির বা পাপ স্খলনের কোনো প্রশ্নও ওঠে না। ‘ঈশ্বরের বিধি, জেনো, শুধু ঈশ্বরের।’ এ-ও তো নিশ্চয়ই। ঈশ্বরের বিধান আর মানুষের বিধান এক হতে পারে না। দুটি কারণে পারে না। প্রথম কারণ, ঈশ্বর সৃষ্টিকর্তা, মানুষ তাঁর সৃষ্টি, সৃষ্টিকর্তা আর সৃষ্টি এক হতে পারে না, যেমন পারে না শিল্পী ও তাঁর সৃষ্ট শিল্পকর্ম। দ্বিতীয় কারণ, ঈশ্বর সর্বজ্ঞ, মানুষ তা নয় এবং কখনো হতেও পারবে না। ‘অ্যাগ্নেস কি মনে করে/ ঈশ্বরের বিবেচনাবোধ/ মানুষের মতো, কিংবা,/ কোনো-কোনো মানুষের মতো?’ না, তা-ও নয়। ঈশ্বরের বিবেচনাবোধ মানুষের বিবেচনাবোধের মতো হতে যাবে কেন ? তাহলে তো ঈশ্বরের সঙ্গে মানুষের আর কোনো পার্থক্য থাকে না। কিন্তু এর মানে কি এই যে, ঈশ্বর মানুষের প্রতি করুণাহীন হবেন? ‘করুণারও অন্ত নেই তাঁর’ – এই কথা তো তাহলে মিথ্যে হয়ে যায়।
চার, ঈশ্বরের করুণা কেমন হবে এবং কীভাবে তার প্রকাশ ঘটবে, তা নিয়ে মানুষের মনে প্রশ্ন থাকতে পারে। ব্র্যান্ড মনে করিয়ে দেন, ‘যখন বললেন যিশু ঈশ্বরের নামে,/ ‘প্রভু, বাঁচাও আমাকে, দাও এ/ যন্ত্রণার পেয়ালা গুঁড়িয়ে’,/ কী উত্তর পেয়েছেন তিনি? পাননি কোনোই।’ প্রশ্ন তোলেন, ‘মানবিক ছিলেন ঈশ্বর/ তাঁর পুত্র যিশুর প্রতিই ?/ ঈশ্বর কি রক্তহীন,/ সকলের কল্যাণের কথা/ ভেবে যান সবার আগেই?’ যিশুকে যে-যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছে, তা তাঁর জন্য ঈশ্বরের করুণার প্রকাশ হতে পারে। এই জন্য যে, তাঁর দায়িত্ব ছিল ওই যন্ত্রণার মধ্য দিয়ে গিয়ে মানুষকে পাপ থেকে মুক্ত করা, একা যন্ত্রণা সহ্য করে মানুষকে উদ্ধার করা। তাঁর ওই দায়িত্ব তাঁকে পালন করতেই হতো। কিন্তুসাধারণ মানুষ তো আর যিশু নয়। ঈশ্বর সাধারণ অর্থে যিশুর প্রতি করুণাময় না হতে পারেন, অন্য মানুষের প্রতি হবেন না কেন? মানুষের কল্যাণের কথা ভাববেন না কেন? খ্রিস্টীয় বিশ্বাস-অনুযায়ী, যিশু তো ঈশ্বরের পুত্র, ঈশ্বরেরই সত্তার একটি অংশ। অন্য মানুষ তো আর তা নয়। ‘ঈশ্বর তাঁর পুত্রকে পৃথিবীতে পাঠিয়েছেন, পৃথিবীকে অবজ্ঞা করার জন্য নয়, তাঁর মধ্য দিয়ে পৃথিবীকে বাঁচানোর জন্য’ (জন-এর গস্পেল, ৩.১৬, বাইবেল)। যিশুর যে-দায়িত্ব, অন্য মানুষের দায়িত্বও কি তা-ই? তেমনটিই যদি হয়, তাহলে যিশু অন্য মানুষ থেকে ভিন্ন কেন, এবং কীভাবে?
পাঁচ, অ্যাগ্নেস বলে, ‘আমাকে তো করেছেন/ শুদ্ধ তিনি-/ পরীক্ষার মধ্য দিয়ে,/ খুবই তো কঠিন।’ একথা আইনারের বেলায়ও সত্য। ঈশ্বর যে মাঝে-মধ্যে মানুষকে পরীক্ষা করে থাকেন, বিশেষ করে তাঁদের, যাঁরা তাঁর খুব কাছের মানুষ, এটি নতুন কোনো ধারণা নয়। ‘পারেন যা দাবি করতে/ আমাদের কাছ থেকে/ পরাক্রান্ত ওই যে ঈশ্বর,/ কোনো অন্ত নেই তার।’ এটিও সত্য হতে পারে, অন্তত ধর্মপ্রাণ মানুষ তেমনটি ভাবতে পারেন। কিন্তু ব্র্যান্ড যখন বলেন, ‘যারাই নিষ্পাপ,/ পরিশোধ করতে হয়/ মূল্য তো তাদেরই।/ এই তো কারণ,/ যার জন্য ঈশ্বর নিলেন কেড়ে/ আমার সন্তান, সব চাইতে/ আদরের ধন’, তখন কি ঠিক বলেন? নিষ্পাপদেরই মূল্য পরিশোধ করতে হবে, এমন কোনো কথা বাইবেলে বলা আছে বলে আমার অন্তত জানা নেই। ব্র্যান্ড ইব্রাহিমের কথা ভাবেন। ঈশ্বর ইব্রাহিমের পরীক্ষা নিয়েছিলেন ঠিকই, কিন্তু তাঁর সন্তানকে কেড়ে নেননি। মুশকিল হলো, ব্র্যান্ড নিষ্পাপদের মূল্য দেয়ার ওই কথা সান্ত্বনা হিসেবে বলেন না, বিশ্বাস থেকে বলেন।
ছয়, ঈশ্বর-বিষয়ে অ্যাগ্নেসের ভাবনা কিন্তু ব্র্যান্ডের ভাবনার মতো নয়। ঈশ্বরের তাকিয়ে থাকা, অ্যাগ্নেসের মনে হয়, ‘কী যে বেদনার!/ সেই সঙ্গে মিশে আছে ভালোবাসা – অসীম, অপার।’ অ্যাগ্নেস বলে, ‘পিতা তিনি। তিনি ক্ষমাশীল।/ অত্যাচারী নন।’ বলে আল্ফের মৃত্যুর পর। কখনো-কখনো ঈশ্বরকে অ্যাগ্নেসের মনে হয় এক জমিদারের মতো, নিজের দুর্গে যিনি মুখ ভার করে বসে আছেন, মায়ের দুঃখ নিয়ে যাঁকে বিরক্ত করতে অ্যাগ্নেসের ভয় করে। ঈশ্বর-বিষয়ে অ্যাগ্নেসের ক্ষোভ এর চাইতে বেশি নয়। মা হয়ে অ্যাগ্নেস যদি ঈশ্বরকে ক্ষমাশীল ভাবতে পারে, ভাবতে পারে তিনি ‘অত্যাচারী নন’, ব্র্যান্ড পারেন না কেন? তাঁকে কেন নিষ্পাপদের মূল্য দিয়ে যাওয়ার কথা বলতে হয়? নিষ্পাপদের মূল্য দিয়ে যাওয়া মানে যদি হয় নিষ্পাপ হওয়া সত্ত্বেও, কিংবা, নিষ্পাপ বলেই, মানুষের শাস্তি পাওয়া, তাহলে তো ঈশ্বর এক ধরনের অত্যাচারীই হয়ে যান। ঈশ্বর যে ভালোবাসার ঈশ্বর, একথা অ্যাগ্নেসের মুখে শোনা গেলেও ব্র্যান্ডের মুখে একবারও শোনা যায় না।
সাত, ব্র্যান্ড বলেন, ‘কী প্রমাণ করে/ মৃত্যু আমাদের ?/ দাও, দাও,/ ঈশ্বর, উত্তর দাও!’ যিশুর মৃত্যু প্রমাণ করে যে, তিনি মানুষের ত্রাণকর্তা। একজন শহীদের মৃত্যু প্রমাণ করে যে, ঈশ্বর তাঁকে সম্মানিত করেছেন। একজন মুক্তিযোদ্ধার মৃত্যু প্রমাণ করে যে, দেশকে তিনি ভালোবাসেন। ব্র্যান্ড তো এসব কিছুই নন। গার্ড তাঁকে ফিরে-আসা যিশু ভাবলেও তিনি তো আর তা নন। মানুষের মৃত্যুকে কোনো কিছু প্রমাণ করতে হবে কেন ? ব্র্যান্ডের প্রশ্নের উত্তর ঈশ্বরকে দিতে হবে কেন ? জ্যাঁ পল সার্ত্রের এক উপন্যাসের নায়ক – ইংরেজিতে উপন্যাসটির নাম নসিয়া – আত্মহত্যার কথা ভাবে, কিন্তু আত্মহত্যা করে না, এ কারণে করে না যে, জীবনে সবকিছুই এলোমেলো, এবং তার মৃত্যুও এলোমেলো একটি ঘটনা হয়েই থাকবে, সে-মৃত্যুর বিশেষ কোনো মানে থাকবে না। সে বলে, ‘আমার মৃত্যুও অনাবশ্যক ও অবান্তর হয়ে যাবে।’ মৃত্যু তো এক জৈবিক প্রক্রিয়া মাত্র। সাধারণ মানুষের মৃত্যু কিছুই প্রমাণ করে না। আর, নিজেকে যতোই অসাধারণ ভাবুন না কেন, ব্র্যান্ড সাধারণ মানুষ ছাড়া আর কিছুই নন।
তিন
এবার, দেশপ্রেম।
ব্র্যান্ড আইনারকে বলেন, ‘আমিও তোমার মতো, তোমাদের মতো/ চলে যাবো দূরে’। আইনার ও অ্যাগ্নেসের দূরে চলে যাবার কারণ, তারা বিয়ে করতে চায়, সুখী হতে চায়, কুয়াশায় ঘেরা, ঠান্ডা, বিপদ-ভরা পাহাড়ের দেশ ছেড়ে অন্য কোথাও ঘর বাঁধতে চায়। কিন্তু ব্র্যান্ড দূরে চলে যাবেন কেন? এ প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায় না। যখন ব্র্যান্ড আইনারকে দূরে চলে যাবার কথা বলেন, তখন অন্তত নয়।
পথ চলতে-চলতে ব্র্যান্ড সে-জায়গায় ফিরে আসেন, যেখানে একদিন তিনি বড়ো হয়েছিলেন। এ জায়গা তাঁর খুব অচেনা লাগে। ‘খাড়িতে উত্তাল জল/ যদিও বা করে ঝলমল,/ কালো মনে হয় তাকে, দেখে ভয় লাগে।’ একদিন যা ছিল তাঁর নিজের বাড়ি, তা নিয়ে, ব্র্যান্ড বলেন, ‘এখন আমার আর কোনো স্বপ্ন নেই,/ যদি পারতাম, বলতাম না ‘ঘর’ তাকে/ আমি কিছুতেই।’ ওই বাড়ি তাঁর জন্য নিষ্ঠুর স্মৃতির – ‘যে-জীবন কখনো আমার নয়,/ বলা হতো সেটিই আমার।’ কিন্তু তার পরেও ওই জায়গা ছেড়ে যাবার কথা বলেন না ব্র্যান্ড। একবার আপাত-কারণ ছাড়াই দূরে চলে যাওয়ার কথা বলা, আরেকবার কারণ থাকা সত্ত্বেও দূরে চলে যাওয়ার কথা না-বলা, এমনি করে ব্র্যান্ডের অবস্থান নিয়ে সংশয় দেখা দেয়।
একজন মানুষ তার সন্তানকে খুন করেছে, নিজেকেও আঘাত করেছে। সে মরে যাবে, কিন্তু মৃত্যুর আগে সে একজন পুরোহিতের দেখা পেতে চায়, যাতে সে তার দোষ স্বীকার করতে পারে, তার আত্মা মুক্তি পায়। ঝড়ো সমুদ্র পেরিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে, ব্র্যান্ড তাঁর কাছে পৌঁছে যান। এই সাহস ও ঈশ্বরের ওপর এই বিশ্বাস দেখে লোকজন ভাবে, ব্র্যান্ডই তাদের পথ দেখানোর যোগ্য ব্যক্তি। তারা তাঁকে তাদের সঙ্গে থেকে যেতে বলে। ব্র্যান্ড রাজি হন না। ব্র্যান্ড বলেন, ‘বিশাল পৃথিবী পড়ে আছে’; বলেন, তিনি ডাক শোনেন ‘বঞ্চিত যাদের আত্মা, সেই মানুষের’। ‘এখানে কী করবো আমি,/ আটকে থেকে পাহাড়ের আর সমুদ্রের/ মধ্যখানে ?/ কে শুনবে আমার কথা, বুঝবে তার মানে?’ ব্র্যান্ড তাহলে দূরে চলে যেতে চান এই কারণে, কেউ তাঁর কথা বুঝতে পারবে না, এই ভয় থেকে? লোকজন বলে, ‘বলুন চিৎকার করে/ এখানেই, যা বলার/ আপনার।/ শুনবে ওই যে পাহাড়।/ প্রতিধ্বনি জেগে উঠবে সেখানে তো তার।/ শুনতে পাবে সমস্ত পৃথিবী,/ অপূর্ণ থাকবে না কোনো কিছু/ গাঢ় আকাক্সক্ষার।’ ব্র্যান্ডের উত্তর, ‘সময় হয়েছে নৌকো ভাসিয়ে দেবার।’ যারা তাঁকে থেকে যেতে বলে, তাদের আত্মাও তো বঞ্চিত।তাহলে ব্র্যান্ড কেন দূরে চলে যেতে চান? তাঁর কথা যদি অচেনা দূর দেশের মানুষ বুঝতে পারে, দেশের চেনা মানুষ বুঝতে পারবে না কেন?
আসলে ব্র্যান্ড দূরে চলে যানও না। কেন দূরে চলে যেতে চান, তা যেমন ব্যাখ্যা করা হয় না, তেমনি কেন দূরে চলে যান না, তা-ও কোথাও ব্যাখ্যা করা হয় না। এমনকী হতে পারে যে, আইনারকে বাদ দিয়ে অ্যাগ্নেস তাঁকে বেছে নেয় বলেই তিনি থেকে যান? অ্যাগ্নেসের তো কথা ছিল আইনারের সঙ্গে দূরে চলে যাওয়ার। তার যাওয়া হয় না বলেই কি ব্র্যান্ডেরও যাওয়া হয় না? তা-ই বা কী করে হবে? আইনারের সঙ্গে না হলেও অ্যাগ্নেস তো ব্র্যান্ডের সঙ্গেও দূরে চলে যেতে পারত। অ্যাগ্নেস তো বলেই, ‘যেখানেই যাবে তুমি, সঙ্গে আছি আমি।’ নিজের দেশকে ভালোবাসেন বলেই ব্র্যান্ড সেখানে থেকে যান, এমন কোনো প্রমাণও কোথাও খুঁজে পাওয়া যায় না।
ডাক্তার যখন বলে, আল্ফকে বাঁচাতে হলে ব্র্র্যান্ড ও অ্যাগ্নেসকে এতোটুকু দেরি না করে দূরে কোথাও চলে যেতে হবে, তখন কিন্তু ব্র্যান্ড এক মুহূর্তের জন্যও আর ওই জায়গায় থাকতে চান না। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে থেকে যেতে হয়। হতে পারে, তার কারণ ঈশ্বরের ওপর ব্র্যান্ডের অবিচল আস্থা। হতে পারে, তিনি পালিয়ে গেলে লোকে কী ভাববে, এই ভয়। যেহেতু ব্র্যান্ডের নীতি ‘আপোস যাবে না করা, করো আর যা-ই’, সেহেতু নিজের জন্য এক নিয়ম, আর অন্যের জন্য আরেক নিয়ম, ব্র্যান্ড এটি হতে দিতে পারেন না। যেটিই কারণ হোক না কেন, এর সঙ্গে দেশপ্রেমের কোনো সম্পর্ক নেই। ঈশ্বরে যিনি বিশ্বাস করেন না, তিনিও দেশকে গভীরভাবে ভালোবাসতে পারেন। আর, লোকের ভয়, বা অন্য কোনো ভয়, দেশপ্রেমের উৎস বা শর্ত হতে পারে না। নিজের নীতি থেকে সরে না দাঁড়ানো, এও নয়।
তারপরেও ব্র্যান্ড বলেন, ‘আমার নিজের বাড়ি এইখানে,/ থেকে যাবো এখানেই আমি’। নিজের বাড়ি? ওই বাড়িকে তো পারলে ঘর বলে স্বীকারই করতে চান না ব্র্যান্ড। বলেন, ‘মানুষ তো বেঁচে থাকে শুধু তার নিজের মাটিতে।/ জন্মভূমি তার – যা দেয়, পারে না/ অন্য কিছুই তা দিতে।/ আত্মা তার যায় শুকিয়েই/ ওই মাটি থেকে নির্বাসিত কখনো হলেই।’ তাঁর এই বোধ কখন জন্মায়, কী করে জন্মায় ? যে-জায়গাকে নিজের জায়গা বলে মেনেই নিতে চান না তিনি, সেই জায়গা কী করে অমন আপন হয়ে ওঠে, প্রিয় হয়ে ওঠে ? ব্র্যান্ডের জীবনে এমন কিছু ঘটে না, যা এই বোধ জন্ম দিতে পাবে। ব্র্যান্ড আরো বলেন, ‘জানি শুধু ঈশ্বরের কথা।/ বলেছেন, ‘শোনো,/ যে-জায়গা তোমার নিজের, জন্ম/ নিয়েছো যেখানে,/ থেকে যেতে হবে আজীবন/ শুধু সেইখানে।’ ঈশ্বর বলেছেন এই কথা? কোথায় বলেছেন? বাইবেলে এমন কোনো কথা আছে বলে আমার জানা নেই। ইসলামে বরং আছে, ‘দেশপ্রেম ঈমানের অঙ্গ’, তাও হাদিসে, কোরান শরীফে নয়। দেশপ্রেম ইমানের অঙ্গ হওয়া মানে এই নয় যে, দেশকে যিনি ভালোবাসেন, তাঁকে সারা জীবন নিজের দেশেই থেকে যেতে হবে। যাঁরা দূরে থাকেন, তাঁরাও দেশকে ভালোবাসতে পারেন। সে-ভালোবাসা দেশের ভেতরে যাঁরা থাকেন, তাঁদের ভালোবাসার চাইতে কম খাঁটি, বা, কম তীব্র না-ও হতে পারে।
দেশপ্রেমের ভাবনা ব্র্যান্ডে এমনি করে এলোমেলো হয়ে যায়, একটির সঙ্গে আরেকটির মিল থাকে না, নানা ভাবনার মধ্যে সংঘর্ষ দেখা দেয় এবং মূল ভাবনাটির ভিত্তিই থাকে না।
চার
ব্র্যান্ডের আরেকটি ভাবনার কথাও ভেবে দেখা যেতে পারে, যদিও, দৃশ্যত, তা এর প্রধান ভাবনাগুলোর একটি নয়। এটি হলো শহীদত্বের ভাবনা।
নাটকের শুরুতে ব্র্যান্ড এবং কৃষক কুয়াশার মধ্য দিয়ে পাহাড়ি পথ পেরুতে থাকেন; চারদিকে ভারী বিপদ; কৃষক আর এগুতে চায় না, ব্র্যান্ডকেও ফিরে যেতে বলে; ব্র্যান্ড রাজি হন না; কৃষকের ভয়, ব্র্যান্ডকে ফেলে রেখে সে যদি চলে যায়, আর ব্র্যান্ডের যদি কোনো বিপদ হয়, তাহলে তাকে ধরে আদালতে নিয়ে যাওয়া হতে পারে। তেমনটি হলে কী বলবে সে? ব্র্যান্ড বলেন, বলবে, ‘যিশুর দেখানো পথে শহীদ একজন’। নাটকের শেষে পাহাড়ে তুষারধসে মৃত্যু হয় ব্র্যান্ডের; তখনো তিনি ঈশ্বরের খোঁজ করে ফিরছেন। ব্র্যান্ড নিজেকে শহীদ ভাবলেও ভাবতে পারেন, কিন্তু আসলে কি তিনি শহীদ?
জর্জ বার্নার্ড শ-র সেইন্ট জৌনের – জোয়ান-ও বলা যায় – কথা মনে করা যায়। ছেলেবেলা থেকেই তিনি অলৌকিক বার্তা পেয়ে আসছেন, সেইন্ট ক্যাথারিন ও সেইন্ট মার্গারেটের গলা শুনে আসছেন, নানা ব্যাখ্যার-অতীত-দৃশ্য দেখে আসছেন। রবার্ট যখন বলেন, এগুলো তাঁর কল্পনা, জৌন একমুহূর্ত দ্বিধা না করে বলেন, হ্যাঁ, নিশ্চয়ই, মানুষের কল্পনার মধ্য দিয়েই ঈশ্বর মানুষকে তাঁর বার্তা পাঠান। ব্র্যান্ড, অন্য দিকে, কোনো অলৌকিক স্বর শুনতে পান না, কোনো অতিলৌকিক দৃশ্য দেখতে পান না, তাঁর জীবনে কল্পনার কোনো জায়গা নেই। [যদি থাকত, আইনারকে তিনি হয়তো অমন করে বাতিল করে দিতেন না।] ছেলে মারা যাবার পর ব্র্যান্ড বলেন, ‘কখনো-কখনো, অ্যাগ্নেস, আমার দু চোখ/ জলে ভিজে যায় – / কৃতজ্ঞতায়।/ মনে হয়, দেখতে পাই যেন আমি/ ঈশ্বরকেই -/ খুব কাছে থেকে।’ এটি কেবল তাঁর মনে হওয়া, তা-ও প্রিয়জন হারানোর পর, সবসময়ে নয়, জৌনের মতো ঈশ্বরের সঙ্গে সরাসরি যোগ স্থাপিত হওয়া নয়। আল্্ফের জীবন বাঁচানোর জন্য যখন দূরে চলে যাওয়া খুবই জরুরি হয়ে পড়ে, ব্র্যান্ড দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকেন, অ্যাগ্নেস প্রশ্ন করে, ‘সত্যি কি বিশ্বাস করো তুমি,/ পেয়ে গেছো/ ঈশ্বরের ডাক?’ ব্র্যান্ডের ছোট্ট উত্তর, ‘করি’। কিন্তু ব্র্যান্ড যে ঈশ্বরের ডাক পেয়ে গেছেন, এটি কেবল তাঁর নিজের বিশ্বাস, তাঁর মুখের কথা, এর অন্য কোনো প্রমাণ নেই। জৌনের বেলায় প্রমাণটি হলো, যা আপাত অসম্ভব বলে মনে হয়, তিনি তা করতে পারেন, দফাঁর সঙ্গে দেখা করতে পারেন, তাঁকে সৈন্য দিতে দফাঁকে রাজি করতে পারেন, অন্য কেউ যখন পারে না, যুদ্ধে জয়ী হতে পারেন, তাঁর অলৌকিক শক্তি সম্পর্কে অন্যের বিশ্বাস উৎপাদন করতে পারেন। মানুষের বিশ্বাস ব্র্যান্ডও লাভ করেন, কিন্তু তা তাঁর অলৌকিক ক্ষমতা-বিষয়ে নয়, ঈশ্বরের সঙ্গে তাঁর যোগ-বিষয়ে নয়, ঈশ্বরে তাঁর আস্থা যে অবিচল, সে-বিষয়ে।
জৌন এবং ব্র্যান্ডের মধ্যে এ পার্থক্য শহীদত্বের বেলায়ও দুজনের মধ্যে পার্থক্য রচনা করে। তাঁর বিচারের সময়ে জৌন লিখে দিতে রাজি হন যে, ঈশ্বরের কাছ থেকে বার্তা পান বলে যে-দাবি তিনি করে এসেছেন, তা মিথ্যে। তারপরেও যখন তাঁকে সারা জীবনের জন্য জেল দেয়া হয়, তখন সে-লেখা তিনি ছিঁড়ে টুকরো-টুকরো করে ফেলেন। বলেন, তিনি যে-কণ্ঠস্বর শুনতে পান, সে-কণ্ঠস্বরই সত্য। মরে যাওয়ার চাইতে বেঁচে থাকা ভালো, সে-বেঁচে-থাকা যেমনই হোক না কেন, এ-কথা তিনি বিশ্বাস করেন না। তাঁর সুযোগ ছিল বেঁচে থাকার, সে-সুযোগ তিনি ছুড়ে ফেলে দেন। যখন তাঁকে পুড়িয়ে মারা হয়, তিনি যিশুকেই ডাকতে থাকেন। শুধু তা-ই নয়, একজন মানুষ যখন ক্রুশ দেখাতে তাঁর কাছে যান, তিনি তাঁকে সাবধান করে দেন, যেন তার গায়ে আগুন না লাগে। ব্র্যান্ডের মৃত্যুর সঙ্গে জৌনের মৃত্যুর পার্থক্য দুটি। এক, জৌন ইচ্ছে করে মৃত্যুকে বেছে নেন; ব্র্যান্ডের মৃত্যু হয় তাঁকে তাড়িয়ে দেয়া হয় বলে, যার ওপর ব্র্যান্ডের কোনো নিয়ন্ত্রণ থাকে না। দুই, মৃত্যুর সময়েও ঈশ্বরের ওপর জৌনের আস্থা এতোটুকু টলে যায় না; আর ব্র্যান্ড সে-সময়ে ঈশ্বরকে প্রশ্ন করে যান। জৌন যদি শহীদত্বের আদর্শ হন, ব্র্যান্ডকে নিশ্চয়ই শহীদ ভাবা যায় না।
অ্যাগ্নেস এক জায়গায় ব্র্যান্ডকে বলে, ‘যখন কাউকে তুমি বলো/ বেছে নিতে মৃত্যু তার,/ শহীদত্ব বেছে নিতে বলো,/ তোমার ও কণ্ঠস্বর/ ঝড়ের মতোই হয়ে যায়।’ ব্র্যান্ড কি তাহলে কাউকে মৃত্যু বেছে নিতে বলেন? ব্র্যান্ড অ্যাগ্নেসকে নিয়ে যেখানে বাস করেন, সেখানেই থেকে যাবেন, নাকি, আল্ফের জীবন বাঁচানোর জন্য অন্য কোথাও চলে যাবেন, ব্র্যান্ড যখন এই কঠিন প্রশ্নের মুখোমুখি, তখন ব্র্যান্ড অ্যাগ্নেসের কাছে জানতে চান, ‘কোন পথে যাবো?/ জীবনের, অথবা, মৃত্যুর?’ শেষ পর্যন্ত ব্র্যান্ড যেখানে ছিলেন, সেখানেই থেকে যান। এটিই তাঁর জন্য জীবনের পথ, ঈশ্বরের পথ। তা-ই যদি হয়, তাহলে ঈশ্বরের পথ বেছে নিতে বলে ব্র্যান্ড মানুষকে মৃত্যু বেছে নিতে বলবেন কেন? যদি বলেন, তাহলে জীবনের কোনো মানে থাকে না, মানুষকে উদ্ধার করার জন্য তাঁর কাজেরও নয়। যদি বলেনও, সেই মৃত্যু শহীদত্ব হবে কী করে? আরেক জায়গায় অ্যাগ্নেস-বিষয়ে ব্র্যান্ড বলেন, ‘তিলে-তিলে পুড়ে মরছে ও তো/ শহীদত্বের কঠিন আগুনে – আমাকে/ হচ্ছে এ-ও দেখে যেতে।’ অ্যাগ্নেস ছেলের করুণ মৃত্যুতে কষ্ট পাচ্ছে ঠিকই, এমন মৃত্যু যা সহজেই এড়ানো যেত, কিন্তু সে-কষ্ট পাওয়া ‘শহীদত্বের কঠিন আগুনে’ পুড়ে মরা হবে কেন? শহীদত্বের ধারণাটি এ দু’জায়গাতেই জটিল ও অস্পষ্ট।
টি. এস. এলিয়টের মার্ডার ইন দ্য ক্যাথিড্রালের টমাস বেকেটের কথা মনে করা যাক। তাঁর বড়োদিনের ভাষণে টমাস বলেন, ‘একজন খ্রিস্টানের শহীদত্ব লাভ কখনোই আকস্মিক কোনো ঘটনা নয়, কেননা, আকস্মিকতার মধ্য দিয়ে সন্তদের জন্ম হয় না। একজন মানুষের সন্ত হবার আকাক্সক্ষা থেকে তো খ্রিস্টধর্মে শহীদত্ব দেখা দিতেই পারে না – মানুষ যেমন আকাক্সক্ষা ও সযত্ন চেষ্টা দ্বারা মানুষের শাসনকর্তা হতে পারে, এটি তেমনটি নয়। শহীদত্ব সবসময়েই ঈশ্বরের ইচ্ছায় ও পরিকল্পনায় ঘটে – মানুষের জন্য তাঁর ভালোবাসার প্রকাশ হিসেবে, মানুষকে সতর্ক করে দিতে এবং তাদের পথ দেখাতে, তাদেরকে ফিরিয়ে আনতে ঈশ্বরের পথে। মানুষের পরিকল্পনা-অনুযায়ী শহীদত্ব কখনোই ঘটে না; সত্যিকার শহীদ তিনিই, যিনি ঈশ্বরের যন্ত্রে পরিণত হয়েছেন, যাঁর ইচ্ছা ঈশ্বরের ইচ্ছার মধ্যে বিলীন হয়ে গেছে, এবং যিনি নিজের জন্য আর কিছুই চান না, এমনকী শহীদ হবার গৌরবটুকুও নয়।’ যখন রাজপুরুষেরা গির্জায় ঢুকতে উদ্যত হয়, তখন টমাস মৃত্যু অনিবার্য জেনেও বলেন, ‘খুলে দিন দরোজা ! সম্পূর্ণ খুলে দিন!/ এই ঘর প্রার্থনার ঘর, এই ঘর মন্দির যিশুর,/ এই ঘর আশ্রয়ের ঘর। দুর্গ বানাতে একে/ আমি কখনও দেবো না।’ ঈশ্বরের ইচ্ছের কাছে এই যে সমর্পণ, এ-ই শহীদত্বের প্রথম এবং শেষ শর্ত। এই শর্ত ব্র্যান্ড পালন করেন বলে তো মনে হয় না। তাঁর মৃত্যু হয় দুর্ঘটনায়, কোনো গির্জার পবিত্রতাকে বা মূল ধারণাকে সমুন্নত রাখার জন্য নয়, ঈশ্বরের কোনো নীতি বাস্তবায়নের জন্য নয়, ঈশ্বরের নির্দেশ প্রতিপালনের জন্য নয়। তাঁকে শহীদ ভাবা যাবে কী করে?
পাঁচ
‘দিতে হলে সব দেবে, তা নইলে দেবে না কিছুই’, এই কথাকে ব্র্যান্ড তাঁর মূল নীতি করে তোলেন। নিজের মায়ের মৃত্যুর সময়েও তাঁর পাশে থাকতে রাজি হন না ব্র্যান্ড, এই কারণে যে, তিনি তাঁর সব সঞ্চয় দান করে দিতে রাজি হননি। দশ ভাগের ন ভাগ পর্যন্ত দিতে রাজি হয়েছিলেন, কিন্তু তা ব্র্যান্ডের জন্য যথেষ্ট নয়। মৃত্যুর সময়ে তাঁর মা বলেন, ‘অমন নিষ্ঠুর/ না-ও তো পারেন হতে/ ঈশ্বর।/ ‘দয়াময় তিনি,/ ব্র্যান্ডের চাইতে দয়াময়’।’ অ্যাগ্নেস বলে, ‘কিন্তু ওই দাবি যে তোমার,/ ‘দিতে হলে, সব দেবে, কিংবা, দেবে না কিছুই’,/ তার ভার/ নেই অনেকেরই ক্ষমতা সইবার।’ ব্র্র্যান্ডের উত্তর, ‘অর্ধেক দায়িত্ব নিয়ে যারা কাজ করে,/ আধ-খেচড়া কাজ করে যারা,/ আত্মার শক্তিকে তারা/ ধ্বংস করে যায়,/ টুঁটি চেপে ধরে,/ পা নিজেদেরই/ অমোঘ ধ্বংসের দিকে নিশ্চিত বাড়ায়।’ না, ব্র্যান্ড আপোস করবেন না, তাঁর নীতি কিছুতেই পালটাবেন না।
কী বোঝাতে চান ব্র্যান্ড তাঁর এই নীতি দিয়ে? এ-ই কি বোঝাতে চান যে, মানুষকে তার সব কিছু ত্যাগ করতে হবে? হ্যাঁ, কোনো-কোনো মানুষ তাঁদের সবকিছু ত্যাগ করে যান, কিন্তু তাঁরা তো সাধারণ মানুষ নন, তাঁরা ঋষি, কিংবা, ঋষি না হলেও অন্যসব মানুষ থেকে ভিন্ন। সাধারণ মানুষ যদি সবকিছু ত্যাগ করেই যায়, তাহলে কী নিয়ে বাঁচবে তারা? তাদের জীবনের অর্থ কী হবে? ব্র্যান্ডের মাকে আমার অসাধারণ মানুষ বলে মনে হয়। ছেলের চাপের মুখে তিনি তাঁর সম্পদের প্রায় সবটুকু ত্যাগ করতে রাজি হন। এটুকুই বা কে করবে? সাধারণ মানুষ সাধারণ মানুষই, পরলোক নিয়ে তার যতোই ভাবনা থাকুক না কেন, ইহলোকের জীবনকে সে ভালোবাসে, ইহলোকের জীবনেই পূর্ণতা লাভ করতে চায়। ঈশ্বরের কাছে মানুষের সমর্পণ সম্পূর্ণ ও নিঃশর্ত হতে হবে। যিশু বলেছেন, ‘তোমার প্রভু ঈশ্বরকে তুমি ভালোবাসবে তোমার সমস্ত হৃদয় দিয়ে, তোমার সমস্ত আত্মা দিয়ে এবং তোমার সমস্ত সত্তা দিয়ে’ (ম্যাথুর গস্পেল, ২২ : ৩৪, বাইবেল)। কিন্তু তার মানে এই নয় যে, মানুষকে সবকিছু ত্যাগ করতে হবে। মানুষজন যখন যিশুর কাছ থেকে জানতে চায়, সিজারকে কর দেয়া ঠিক কিনা, যিশু বলেন, ‘যা সিজারের প্রাপ্য, তা সিজারকে দাও, আর যা ঈশ্বরের প্রাপ্য, তা ঈশ্বরকে দাও’ (ম্যাথুর গস্পেল, ২২ : ১৫, বাইবেল)। তার মানে, মানুষের যদি কিছু প্রাপ্য থাকে, তাহলে তা মানুষকে দিতে হবে, সবকিছু ঈশ্বরকে দিতে হবে, এমন কোনো কথা নেই। ‘ত্যাগ’ আর ‘সমর্পণ’ এককথা নয়। ব্র্যান্ড, স্পষ্টতই, মানুষকে বোঝেন না। যিনি মানুষকে বোঝেন না, মানুষের উদ্ধারের কাজ তিনি কী করে করবেন?
একবার এক ধনী লোক যিশুর কাছে গিয়ে বলেছিলেন যে, ঈশ্বর মুসাকে যেসব নির্দেশ দিয়েছেন, তিনি তা প্রতিপালন করেছেন, এখন তিনি আর কী করতে পারেন? যিশু তাঁকে বলেন, ‘যাও, তোমার যা কিছু আছে, তা বেচে গরিবদের দিয়ে দাও; স্বর্গে তুমি বিত্তবান হবে’। তারপর যিশু তাঁর শিষ্যদের বলেন, ‘আমি সত্যি বলছি, একজন ধনী মানুষের পক্ষে স্বর্গের রাজত্বে প্রবেশ করা দুঃসাধ্য হবে। আবারও বলছি, একজন ধনী মানুষের পক্ষে ঈশ্বরের রাজত্বে প্রবেশ করার চাইতে একটি উটের সুচের ছেঁদার ভেতর ঢোকা বেশি সহজ হবে’ (ম্যাথুর গস্পেল, ১৯ : ১৬,২৩, বাইবেল)। কিন্তু এ-তো বড়োলোকদের বিষয়ে যিশুর কথা, সব মানুষের জন্য নয়, গরিব মানুষের জন্য তো নয়ই। এটি সবার বেলায় প্রযোজ্য নীতি নয়। আর ব্র্যান্ড যাদের উদ্ধারের জন্য কাজ করে যান, তারা তো সবাই গরিব, শুধু গরিবই নয়, ভীষণ গরিব।
বাইবেলের আরেক জায়গায় (দ্য অ্যাক্টস্ অব দ্য আপোসল্স্, ৫ : ৫ : ৭) বলা হয়েছে, আনানিয়াস বলে এক লোক ও তার বউ সাফিরা তাদের সম্পত্তির কিছুটা বেচে দিয়েছিল। সেটি বেচে তারা যে-টাকা পেয়েছিল, আনানিয়াস তার একটি অংশ দান করার জন্য আপোসল্দের কাছে নিয়ে এসেছিল। আপোসল্স্ হলেন যিশুর বার্তা পৌঁছে দেয়ার জন্য তাঁরই বেছে নেয়া বারোজন পুণ্য ব্যক্তি। পিটার আনানিয়াসের কাছ থেকে জানতে চাইলেন, সে কেন সবটুকু টাকা দান করার জন্য নিয়ে আসেনি। বললেন,‘সম্পত্তিটি যখন বেচা হয়নি, তখন কি তার পুরোটুকু তোমার ছিল না? মানুষের কাছে নয়, তুমি ঈশ্বরের কাছে মিথ্যে বলেছ।’ একথা শুনে আনানিয়াস মাটিতে পড়ে যায় ও সঙ্গে সঙ্গে মারা যায়। তার বউ সাফিরার নিয়তিও একই হয়। কিন্তু এ-তো শঠতার শাস্তি। ঈশ্বরের জন্য দান করার উদ্দেশ্য নিয়ে কেউ যদি কোনোকিছু বেচে দেয়, তাহলে তা বেচে পাওয়া টাকার সবটুকুই দান করতে হয়। এর মানে এই নয় যে, একজন মানুষের যা কিছু আছে, তার সবই দান করে যেতে হবে।
না, ‘দিতে হলে সব দেবে, তা নইলে দেবে না কিছুই’, ব্র্যান্ডের এ-নীতির কোনো ভিত্তি বাইবেলে নেই। এটি সম্পূর্ণ তাঁর নিজের ধারণা।
ছয়
ব্র্যান্ড লেখার সময়ে ঈশ্বরে বা ধর্মে, আমরা আগেই জানি, ইবসেনের খুব-একটা বিশ্বাস ছিল না। তবু তিনি এই নাটকের মূল চরিত্র হিসেবে একজন পুরোহিতকে বেছে নিলেন কেন? উত্তরটিও আমরা আগে থেকেই জানি। উত্তরটি এই যে, ইবসেন এই নাটকে একটিশক্তিশালী চরিত্র সৃষ্টি করতে চেয়েছিলেন। হয়তো ভেবেছিলেন, অন্য কিছুর চাইতে আপোসহীন পুরোহিত হিসেবে দাঁড় করালেই চরিত্রটিকে শক্তিমান করে তোলা যাবে। ব্র্যান্ড শক্তিমান ঠিকই, কিন্তু তাঁর সব ধারণাই তো ভুল। ঈশ্বরের ধারণা ভুল, দেশপ্রেমের ধারণা ভুল, শহীদত্বের ধারণা ভুল, এমনকী তাঁর মূল নীতিও ভুল। ইবসেন ব্র্যান্ডকে নিয়ে ঠাট্টা করছেন না তো? ইচ্ছে করে এইসব ভুল বিষয় ব্র্যান্ডের মুখে বসিয়ে দিচ্ছেন না তো?
সাত
ব্র্যান্ড, বলা হয়ে থাকে, অস্তিত্ববাদী নাটক। কোনো বিশেষ শিল্পকর্মে কোনো বিশেষ চিন্তার প্রতিফলন ঘটে কিনা, কিংবা, কোনো বিশেষ শিল্পকর্ম কোনো বিশেষ চিন্তা তুলে ধরে কিনা, শিল্পভোক্তার, আমি মনে করি, তাতে কিছুই এসে যায় না। শিল্পীর কাছে শিল্পভোক্তার দাবি একটিই : তাঁর কাজকে শিল্প হয়ে উঠতে হবে। সে-কাজ শিল্প হয়ে ওঠার পর এবং শিল্প হয়ে ওঠা সত্ত্বেও যদি কোনো বিশেষ চিন্তার বাহন হয়ে যায়, তাতে শিল্পভোক্তার আপত্তি থাকার কথা নয়। কিন্তু যদি ওই চিন্তার বাহন হতে গিয়ে কাজটি তার শিল্পমূল্যই হারিয়ে ফেলে, তাহলে শিল্পভোক্তার দারুণ ক্ষতি।
ইবসেন মানতে চান না, তবু বলা হয়ে থাকে, ব্র্যান্ডের ধারণার জন্য তিনি কিয়েরকেগার্ডের কাছে ঋণী। ‘অস্তিত্ববাদ’ কথাটি সোরেন কিয়েরকেগার্ড (১৮১৩-১৮৫৫) জানতেন না, তিনি বেঁচে থাকতে শব্দটি উদ্ভাবিতই হয়নি। [ডেনমার্কের লোক তিনি, ওই দেশের ভাষায় তাঁর নামের উচ্চারণ, আমি শুনেছি, সিয়েরকেগোর।] তবু তাঁকে অস্তিত্ববাদের ধারণার এক প্রধান পুরুষ বলে ভাবা হয়। কিয়েরকেগার্ড খ্রিস্টধর্মে বিশ্বাসী ছিলেন, প্রবলভাবেই ছিলেন, কিন্তু তাঁর সময়ে ও তাঁর সমাজে খ্রিস্টধর্র্ম যে-রূপ নিয়েছিল, তা তিনি বাতিল করে দিয়েছিলেন। খ্রিস্টধর্ম বলতে তিনি কেবল নিউ টেস্টামেন্টের খ্রিস্টধর্ম বোঝেন। তাঁর দেশের ধর্মীয় পরিস্থিতির কথা বলতে গিয়ে বলেন, সেখানে খ্রিস্টধমের্র কোনো অস্তিত্ব নেই (অ্যাটাক আপঅন ’ক্রিস্টেনডোম’, ‘দ্য রেলিজিয়াস সিচুয়েশন’)। বলেন, এখানে যাজক, পুরোহিত, পাদ্রি সবই আছে, গির্জা, ঘণ্টা, অর্গান, বেঞ্চ, টেবিল, শব বয়ে নিয়ে যাওয়ার জন্য গাড়িও আছে, নেই শুধু নিউ টেস্টামেন্টের খ্রিস্টধর্ম, এবং এইসব থাকা এক বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করে, যেহেতু এগুলো এমন ধারণার জন্ম দেয় যে, এগুলো যখন আছে, তখন খ্রিস্টধর্মও নিশ্চয়ই আছে। তিনি মনে করেন, তাঁর দেশের প্রতিটি মানুষ, যদি তিনি ঈশ্বরের প্রতি সৎ হন, অন্তত নিজের কাছে স্বীকার করবেন যে, নিউ টেস্টামেন্টের অর্থে তিনি খ্রিস্টান নন; স্বীকার করবেন যে, জাগতিক ও পার্থিব বিষয়াদি তাঁর কাছে দিনে-দিনে গুরুত্বপূর্ণ থেকে আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে; স্বীকার করবেন, নিউ টেস্টামেন্ট নিজের স্বার্থের ওপরে ওঠার এবং ইহজগৎকে গুরুত্বহীন ভাবার যে-কথা বলে, তাঁর জীবন সেদিকে ধাবিত নয়। সমস্যাটি, কিয়েরকেগার্ড মনে করেন, সংখ্যার। বিপুলসংখ্যক মানুষ মুখে-মুখে খ্রিস্টান বলেই সবাই ধরে নেয় যে, তারা খ্রিস্টান। খ্রিস্টীয় রাষ্ট্র, খ্রিস্টীয় দেশ, খ্রিস্টীয় জাতি, এমনকী খ্রিস্টীয় পৃথিবী – এ তো এক দারুণ ব্যাপার। মানুষ যা সবচাইতে পছন্দ করে এবং যাকে খ্রিস্টধর্ম বলে আখ্যায়িত করতে ভালোবাসে, তাই খ্রিস্টধর্ম নয়। এ পরিস্থিতিতে, কিয়েরকেগার্ড মনে করেন, দুটি পথ খোলা আছে : এক, সৎভাবে এবং সম্মানজনকভাবে মেনে নেয়া যে, নিউ টেস্টামেন্টের অর্থে তাঁর দেশের মানুষ খ্রিস্টান নয়; কিংবা, দুই, কৌশলে, নানা ছলনার মধ্য দিয়ে, প্রকৃত পরিস্থিতি আড়াল করে রাখা।
কিয়েরকেগার্ড এ পরিস্থিতি মানতে চান না। তার কারণ, তিনি সততা চান (অ্যাটাক আপঅন ‘ক্রিস্টেনডোম’, ‘দ্য ফাদারল্যান্ড, হোয়াট ডু আই ওয়ান্ট?’)। ‘মানবজাতি বা এই প্রজন্মও যদি তাই চায়, তাহলে তাদের সম্মানজনকভাবে, সৎভাবে, সরাসরি, খোলামেলাভাবে, প্রত্যক্ষভাবে খ্রিস্টধর্মের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে।… খ্রিস্টধর্মের বিরুদ্ধে একটি সৎ বিদ্রোহ কেবল তখনই ঘটতে পারে, যখন একজন মানুষ সৎভাবে স্বীকার করবেন খ্রিস্টধর্ম কী, এবং তাঁর নিজের সঙ্গে সে-ধর্মের সম্পর্ক কী।’ কিয়েরকেগার্ড ভাবেন, খ্রিস্টধর্মকে নমনীয় থেকে নমনীয় করতে-করতে তাকে নিউ টেস্টামেন্টের ঠিক উলটো জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। বলেন, ‘যা আনুষ্ঠানিক খ্রিস্টধর্ম বলে পরিচিতি লাভ করেছে, আমি তাতে অংশ নেবো না।’ তিনি বিশ্বাস করেন, তাঁর এই ‘উদ্যোগ ঈশ্বরকে সন্তুষ্ট করবে’, এতে ঈশ্বরের ‘সম্মতি রয়েছে’।
তাঁর সময়ে তাঁর দেশের খ্রিস্টধর্মের বিরুদ্ধে কিয়েরকেগার্ডের এ-বিদ্রোহের ইচ্ছে, এবং নিউ টেস্টামেন্টে যে-অবস্থার কথা বলা আছে, সে-অবস্থায় ফিরে যাবার আকাক্সক্ষা, এর নাম তো মৌলবাদ, এবং মৌলবাদ ছাড়া আর কিছুই নয়। সময়কে কিয়েরকেগার্ড উলটো দিকে ফিরিয়ে নিতে চান। ব্র্যান্ডও কি তা-ই চান না ? ডাক্তার ব্র্যান্ডকে বলেন, ‘তুমি বেঁচে থাকতে চাও/ আদ্যিকালের আইন নিয়ে।/ এখানেই এবং এখনই/ ‘চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত’/ কেড়ে নিতে হবে/ তোমার নিয়ম শুধু এই।/ কিন্তু আমার তো মনে হয়, প্রতি প্রজন্মের/ রয়েছে নিশ্চিত অধিকার তার একান্ত নিজের/ জীবন নিজের মতো করে/ যাপন করার।’ অস্তিত্ববাদের ধারণা আর মৌলবাদের ধারণা কি এক? অস্তিত্ববাদ মানে কি নিজের সময়কে অস্বীকার করা? আমার তো তেমনটি মনে হয় না। মৌলবাদ তো অনেক পরের কথা, ধর্মে বিশ্বাস করাও অস্তিত্ববাদের আবশ্যিক শর্ত নয়। জাঁ পল সার্ত্র নিরীশ্বরবাদী ছিলেন; আলবেয়ার ক্যামু ধর্মের ছায়ায় কাজ করেছেন; ধর্ম-বিষয়ে মতের পার্থক্য বিশ শতকের পঞ্চাশ দশকে দুজনের মধ্যে দ্বন্দ্বের একটি কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু তবু দুজনেই তো অস্তিত্ববাদী। পেছনের দিকে মুখ ফেরানো, নিউ টেস্টামেন্টের কালে ফিরে যাবার ইচ্ছে, এর কোনোটিই কিয়েরকেগার্ডকে অস্তিত্ববাদী করে তোলে না; ডাক্তার যাকে বলেন ‘আদ্যিকালের আইন’, সেখানে ফিরে যাওয়ার ইচ্ছেও ব্র্যান্ডকে নয়। কিয়েরকেগার্ডের সঙ্গে ব্র্যান্ডের একটি পার্থক্যও আছে; ব্র্যান্ডের ধারণাগুলো যতোই পুরোনো হোক না কেন, ব্র্যান্ড, কিয়েরকেগার্ডের মতো, ফেলে-আসা কোনো বিশেষ সময়ে, কিংবা, ফেলে-আসা কোনো বিশেষ আদর্শে ফিরে যাবার কথা বলেন না।
একটি বিশেষ সময়ে একটি বিশেষ ধর্মের যে-অবস্থা থেকে থাকে, তাকে বাতিল করে দেয়াই যথেষ্ট নয়। বাতিল করে দেয়ার পর প্রশ্ন ওঠে, এরপর কী? কিয়েরকেগার্ড এ-প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন। ‘আমার মধ্যে সত্যি যে-জিনিসের অভাব রয়েছে, তা এই যে, আমাকে কী করতে হবে, তা আমার মনে স্পষ্ট নয়, আমাকে কী জানতে হবে, সেটি নয়। আসল কথা হলো, আমার নিজেকে বুঝতে হবে, দেখতে হবে ঈশ্বর আমাকে দিয়ে সত্যি কী করাতে চান; এমন এক সত্যকে খুঁজে বের করতে হবে, যা আমার জন্য সত্য, এমন এক আদর্শকে খুঁজে বের করতে হবে, যা নিয়ে আমি বেঁচে থাকতে পারি এবং যার জন্য আমি মরতে পারি। খ্রিস্টধর্মের অর্থ কী, তা ব্যাখ্যা করতে পারলে আমার কী লাভ হবে, যদি তা আমার জন্য ও আমার জীবনের জন্য কোনো গূঢ় অর্থ বয়ে না আনে ? যদি দেখতে পাই, সত্য আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, শীতল সত্য, অনাবৃত সত্য, আমি তাকে চিনতে পারলাম, কি, পারলাম না, তার জন্য যার মাথাব্যথা নেই, যা আমার মধ্যে কোনো আস্থা বা নিবেদন সৃষ্টি না করে আতংক সৃষ্টি করে, তাহলে আমার লাভ কী?’ (জার্নাল্স)। তার মানে, ধর্মকে ও সত্যকে কিয়েরকেগার্ড দেখেন তাঁর নিজের দিক থেকে এবং তাঁর নিজের জন্য। কিয়েরকেগার্ড বলেন, ‘মানুষের ব্যক্তি হয়ে-ওঠা এমন একটি বিষয়, যা বিলুপ্ত হয়ে গেছে; প্রত্যেক অনুমাননির্ভর দার্শনিক নিজেকে ভুল করে সমস্ত মানবতার সঙ্গে এক করে দেখেন; ফলে তিনি ভীষণ বড়ো কিছু-একটা হয়ে যান, এবং একই সঙ্গে শূন্যতায় পর্যবসিত হন’ (কনক্লুডিং আনসায়েন্টিফিক পোস্টস্ক্রিপ্ট)। ‘[মানুষের গড়ে তোলা] কোনো ব্যবস্থা এবং [কোনো কিছু] চূড়ান্ত হওয়া একে অন্যের সঙ্গে মিলে যায়, কিন্তু অস্তিত্ব [কোনো কিছু] চূড়ান্ত হওয়ার একেবারে উলটো। অস্তিত্বের নানা মুহূর্তগুলোকে অস্তিত্ব একটি থেকে আরেকটিকে কৌশলে বিচ্ছিন্ন করে দেয় এবং তাদের পরস্পরের কাছ থেকে দূরে সরিয়ে রাখে; চূড়ান্ত কোনো কিছুতে পৌঁছুনোই বিধিবদ্ধ চিন্তার উদ্দেশ্য এবং এই চূড়ান্ত অবস্থায় পৌঁছুনো সেগুলোকে এক জায়গায় নিয়ে আসে’ (কনক্লুডিং আনসায়েন্টিফিক পোস্টস্ক্রিপ্ট)।
ব্র্যান্ড কি ব্যক্তি হিসেবে ঈশ্বরকে খোঁজ করেন? ব্র্যান্ড কি তাঁর নিজের জন্য ঈশ্বরকে খোঁজ করেন? ব্র্যান্ড যে তাঁর সময়ের ধর্মের প্রাতিষ্ঠানিকতাকে বাতিল করে দেন, তা কি কিয়েরকেগার্ড যে-কারণে করেন, সেই একই কারণে করেন? আমি মনে করি, এইসব প্রশ্নের উত্তর ‘না’। এটি যদি ঠিক হয়, এবং কিয়েরকেগার্ডকে যদি অস্তিত্ববাদী বলা হয়, তাহলে মানুষ ব্র্যান্ডকে অস্তিত্ববাদী বলা যাবে না, ফলে নাটক ব্র্যান্ডকেও নয়। ব্র্যান্ড আইনারের ঈশ্বরের ধারণাকে বাতিল করে দেন; আইনারও পরে বলে, ব্র্যান্ড ও অ্যাগ্নেস, দুজনই ‘অভিশপ্ত’, দুজনই ‘ধ্বংস হয়ে’ গেছে ; বলে, ব্র্যান্ডের জায়গা ‘আগুনে’ : ‘গন্ধ পাচ্ছি গন্ধকের/ আমি তো এখানে।/ খাড়া শিঙ শয়তানের,/ দেখতে পাচ্ছি তা-ও।’ এর মানে শুধু এই যে, ব্র্যান্ডের ঈশ্বর-ধারণা আর আইনারের ঈশ্বর-ধারণা এক নয়। যাঁরা ঈশ্বরে বিশ্বাস করেন, তাঁরা তো ঈশ্বরের কথা যাঁর-যাঁর মতো করে ভাবতেই পারেন। কিন্তু তার মানে এই নয় যে, তাঁরা সর্বজনীন ঈশ্বরকে বাদ দিয়ে ব্যক্তিগত ঈশ্বরে বিশ্বাস করেন। তাঁরা শুধু সর্বজনীন ঈশ্বরকে নিজের মতো করে বুঝতে চান। ব্র্যান্ড নিজের জন্য ঈশ্বরের কথা ভাবেন না, ভাবেন, যেসব মানুষের সঙ্গে তাঁর বাস, তাদের উদ্ধারের জন্য, তাদের ঈশ্বরের পথে ফিরিয়ে আনার জন্য। অ্যাগ্নেস বলে, ‘এই যে সামান্য ঘর বানিয়েছো তুমি,/ যারাই এখানে আসে – গরিব, পীড়িত লোকজন,/ অথবা, ওই যে শিশু, বাবা যার/ বেঁচে নেই আর,/ দুঃখ-ভরা যাদের জীবন/ স্বাগত সবাই তারা। তাদের ভেতর/ জ্বলে ওঠে আত্মার আলো তো তোমার-/ যে-সত্য চলেছ খুঁজে, গাঢ় দীপ্তি তার।’ ব্র্যান্ড ছোট গির্জা ভেঙে তাকে নতুন ও বড়ো করে তোলেন। এ-তো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাজ করা নয়, প্রতিষ্ঠানকে অস্বীকার করা নয়। পরে অবশ্য তাঁর চিন্তা পালটে যায়, নতুন গির্জা আর উদ্বোধন করা হয় না। অ্যাগ্নেস বেঁচে থাকলে কি এমনটি হতো? আল্ফের মৃত্যুর পর বড়োদিনের সময়ে অ্যাগ্নেস বলে, ‘প্রতিজ্ঞা বড়োদিনের/ তোমার-আমার/ শুধু এ-ই হতে পারে/ আবার নতুন করে ওই গির্জা/ তৈরি করে যাবো।/ হয় যেন এ ইচ্ছে সফল।’ নতুন গির্জার দরোজা যখন আর খোলা হয় না, সমবেত মানুষজনকে ব্র্যান্ড বলেন, ‘শক্তি দিয়ে তোমাদের/ নিজের, নিশ্চিত/ দৃষ্টান্ত স্থাপন করে শুধুই নিজের,/ হতে পারো তোমরা আজ/ নির্মাতা প্রত্যেকে মন্দিরের।/ পুরোহিত হয়ে যাবে আজ/ প্রত্যেক মানুষ!’ নিজের শক্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা, এবং নিজে, ও নিজের জন্য, ঈশ্বরের খোঁজ করা আমার কাছে এক বলে মনে হয় না। ব্র্যান্ড সবাইকে নিয়েই সব চাইতে উঁচু জায়গার দিকে রওয়ানা হন, একা যান না, অন্য কাউকেও একা যেতে বলেন না। ব্র্যান্ডের কাজ সমষ্টিকে নিয়ে, ব্যক্তিকে নিয়ে নয়।
এই যে কিয়েরকেগার্ড বলেন, তাঁর বিবেচনায় তাঁর সময়ের ও তাঁর দেশের কোনো খ্রিস্টধর্মাবলম্বীই নিউ টেস্টামেন্টের আদর্শ-অনুযায়ী খ্রিস্টান নন, কেন বলেন ? এ প্রশ্নের একটি উত্তর তাঁর মুখ থেকেই শোনা যায়। তিনি বলেন, ‘আমি বারবার বলেছি, এবং এখনো বলছি যে, আমি একজন কবি মাত্র।’ (অ্যাটাক আপঅন ‘ক্রিস্টেনডোম’, ‘দ্য ফাদারল্যান্ড, দ্য রেলিজিয়াস সিচুয়েশন’)। হ্যাঁ, একজন কবিই বা শিল্পীই একটি বিশেষ বিষয়ে ক্ষুব্ধ বোধ করতে পারেন, যদি সে-বিষয়টি হয় মানুষ হিসেবে মানুষের ধ্বংস হয়ে যাওয়া বিষয়ে, তার মূল্যবোধ ক্ষয়ে যাওয়া বিষয়ে, সে-বিষয় সম্পর্কে তাঁর ধারণা সঠিক হোক বা না হোক। অন্য কথায়, তাঁর বিচার যদি সঠিক না-ও হয়, তাঁর অনুভবটি খাঁটি। ব্র্যান্ড, আর যা-ই হোন, কবি নন, শিল্পী নন। আইনার ঈশ্বরের যে-ছবি আঁকে, তা তিনি বাতিল করে দেন, তাকে ব্যঙ্গ করেন। আইনারকে বলেন,‘সত্যকে মিথ্যের থেকে/ শিখো দেখতে ভিন্ন করে। জীবনই আসল শিল্প,/ ভুলো না এ কথা।’ মানুষের জীবনে যুক্তিই সব নয়, অস্তিত্ববাদী চিন্তার এটি একটি মূল কথা। ‘মহাবিশ্বের চূড়ান্ত অর্থ যাই হোক না কেন, যে-মহাবিশ্বে আমরা নিক্ষিপ্ত হয়েছি, তা আমাদের যুক্তিবোধকে তৃপ্ত করতে পারে না – এ কথা এখনই এবং সবসময়ের জন্য স্বীকার করার সাহস যেন আমাদের থাকে’ (গ্যাব্রিয়েল মার্সেল, দ্য ফিলসফি অব একজিস্টেন্শিয়াল্ইজম)। অস্তিত্ববাদী চিন্তা যুক্তিকে বা যুক্তির প্রয়োজনকে অস্বীকার করে না, কিন্তু মনে করে যে, যুক্তিই সত্যকে উপলব্ধি করার বা সত্যে উপনীত হবার একমাত্র পথ নয়। যুক্তির বাইরেও মানুষের জীবন ও অভিজ্ঞতা আছে, অন্তত থাকতে পারে, আর মানুষের অনুভব ও আবেগ তো আছেই। মানুষের অভিজ্ঞতাও অনেক, এবং অনেক ধরনের। এর সবটুকু নিয়েই তার অস্তিত্ব। শিল্পকর্মের মধ্য দিয়ে মানুষের নিজেকে প্রকাশের চেষ্টাকে অস্তিত্ববাদী চিন্তা তাই মূল্য দেয়। ‘প্রত্যেক দার্শনিকের মানবিক হয়ে ওঠার ফলই দর্শন’ (মিগেল দ্য উনামুনো, দ্য ট্র্যাজিক সেন্স অব লাইফ)।
আট
না ঈশ্বর, না দেশপ্রেম, না শহীদত্ব – এর কোনোটি বিষয়ে ব্র্যান্ডের ধারণা এই নাটকে শিল্পের উপাদানে পরিণত হয় বলে আমার মনে হয় না। এসব বিষয়ে ব্র্যান্ড কী ভাবেন, বা, ভাবেন না, তাতে দর্শকের বা পাঠকের কী এসে যায়? শিল্পের উপাদানে পরিণত হয় শুধু তাঁর নীতি, ‘দিতে হলে সব দেবে, তা নইলে দেবে না কিছুই’। এই নীতি সত্য না মিথ্যে, এর কোনো ভিত্তি আছে, না, নেই, এসবও দর্শকের বা পাঠকের ভাবনার বিষয় নয়। আর কারও জন্য হোক, বা, না হোক, ব্র্যান্ডের জন্য তো এই নীতি সত্য এবং ব্র্যান্ডের জন্য এই নীতি সত্য হয়ে ওঠাই ব্র্যান্ডকে ব্র্যান্ড করে তোলে। আল্ফের এবং অ্যাগ্নেসের মৃত্যুর জন্য ব্র্যান্ডকে সরাসরি দায়ী করা চলে এবং তাদের মৃত্যু ঘটে ব্র্যান্ডের এ নীতির জন্যই। ব্র্যান্ডের মায়ের মৃত্যুর জন্য এই নীতি দায়ী নয়, কিন্তু মৃত্যুর সময়ে তিনি যে-কষ্ট পান, যে-দুঃখ নিয়ে এ পৃথিবী ছেড়ে যান, তার জন্য এ-নীতিই দায়ী। নীতিতে অবিচল থাকার কৃতিত্ব ব্র্যান্ডকে দিতেই হয়, যদিও এই নীতি তাঁকে অমানবিক করে তোলে, নিষ্ঠুর করে তোলে। ব্র্যান্ডের মৃত্যুর জন্য না হলেও ব্র্যান্ডের নির্বাসিত হবার জন্যও কি এই নীতিই দায়ী নয় ?

Leave a Reply
You must be logged in to post a comment.