কিছুদিন আগে বেঙ্গল শিল্পালয়ে স্থপতি ও শিল্পী আলী ইমামের দ্বিতীয় একক চিত্রপ্রদর্শনী শুরু হয়েছিল এবং সুন্দরভাবে তা শেষও হয়ে গিয়েছে। সাধারণত দেখা যায়, যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে শিল্পচর্চা সমাপ্ত করেছেন বা চিত্রশিল্প-বিষয়ে ভালো করে জেনে-শুনে নিজেকে শিক্ষিত করে গড়ে নিয়েছেন, তারাই চিত্রপ্রদর্শনীর আয়োজন করেন। কিন্তু তারা ছাড়াও ভেতরে ভেতরে আরেকটি দল বা অংশ আছে, যাদের প্রচণ্ড ভালোবাসা ও আগ্রহ আড়ালে এবং নিভৃতে বাহিত হচ্ছে সমাজে এবং তাদের কথা জানা যায় না তাদের প্রচারবিমুখতা ও অনাগ্রহের কারণে, কিন্তু আলী ইমাম সেই দলে পড়েন না। তিনি আগেও একটি প্রদর্শনী করেছেন এবং আমাদের চিত্রশিল্প-জগতে তাঁর সৃষ্টিশীলতা একটি প্রণিধানযোগ্য স্থানে গিয়ে পৌঁছেছে। প্রতিটি দেশে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত শিল্পী যেমন রয়েছেন, তারাই মূল শিল্পস্রোতের সঙ্গে চলেছেন, ঠিক তেমনি নাইভ বা স্বশিক্ষিত শিল্পীগোষ্ঠীও তাদের সঙ্গে সহযাত্রী হিসেবে দেখা যায়। এবং অনেকে সামগ্রিক মূল্য না দিলেও সামগ্রিক শিল্পজগতে তাদের অবদানও উল্লেখ করার মতো। শিল্পী আলী ইমামকে স্বশিক্ষিত শিল্পী বলতে একটু বাধে, যেহেতু ব্যক্তিগত জীবনে তিনি একজন যশস্বী স্থপতি। বিজয় সরণির মোড়ে নভোথিয়েটার তাঁর অন্যতম প্রধান এবং বাংলাদেশের স্থাপত্যশিল্পে একটি উল্লেখযোগ্য স্থাপত্যকর্ম হিসেবে বিবেচিত। স্থাপত্যশিক্ষায় যেহেতু চিত্রশিল্প সম্বন্ধে শিক্ষাক্রম চালু আছে এবং স্থপতিদের মধ্যে কম-বেশি সবাই প্রায় চারুশিল্প সম্বন্ধে আগ্রহী, তাই আলী ইমাম স্বভাবতই এই বিষয়ে সজাগ আর সোচ্চার হবেন – এটাই আশা করা যায়। এই প্রদর্শনী তাঁর সেই আন্তরিক আগ্রহের ফসল। প্রকৃতপক্ষে শিল্প সবার জন্যে। যিনি যে-বিষয়ে আগ্রহী এবং ভালোবাসা দিয়ে সৃজন করার ক্ষমতা রাখেন, তিনি সেই বিষয়ে সনাতনী শিক্ষালাভ না করেও তার চর্চা করে যেতে পারেন, তা কবিতা, গল্প, প্রবন্ধ, নাটক, অভিনয়, সংগীত, চারুকলা, চলচ্চিত্র, ভাস্কর্য, স্থাপত্য – যাই হোক না কেন। আসল কথা, তিনি যদি নতুন এবং আলাদারকম কিছু সৃষ্টি করে সবাইকে বিমোহিত করতে ও আনন্দ দিতে পারেন তাহলেই তা স্বীকৃতি লাভ করবে। তখন ডিগ্রি বা সত্যয়নপত্র মুখ্য না হয়ে গৌণের পর্যায়ে চলে যায়। আলী ইমাম ছাড়াও অনেক শিল্পী তাঁর মতো সবার অগোচরে শিল্পচর্চা করে যাচ্ছেন আন্তরিক শখ আবার নেশার যুগপৎ কারণে এবং তাদের সংখ্যা বেশ উল্লেখযোগ্য পর্যায়ে। এই প্রসঙ্গে এমন একটি প্রস্তাব করা যায় – সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান, যে-কেউ এই ধরনের ব্যতিক্রমধর্মী একটি চিত্রপ্রদর্শনীর আয়োজন করতে পারে, যেখানে শুধুমাত্র অন্য পেশায় নিযুক্ত স্বশিক্ষিত শিল্পীরা অংশগ্রহণ করতে পারবেন। সংশ্লিষ্ট শিল্পশালার অধিনায়করা এই বিষয়টি ভেবে দেখতে পারেন। এতে করে আমাদের চিত্রশিল্পে একটি শিল্পবৈচিত্র্য আসবে, একথা নির্দ্বিধায় বলা যায়।
শিল্পী আলী ইমামের প্রদশর্নীতে স্থান-পাওয়া ছবির মধ্যে সাধারণত তিন ধরনের ছবি দেখা যায়। একটি হচ্ছে সুন্দরতম ও শক্তির প্রতীকমধ্যযুগের গতিশীল যুদ্ধপ্রাণী ঘোড়ার অনেকগুলো বলিষ্ঠ আঁচড়ে আঁকা কালো মোটা রেখার ছবি আর দ্বিতীয়টি হচ্ছে শিল্পীর কিছু প্রিয়মানুষের প্রতিকৃতি এবং তৃতীয় ও শেষোক্তটি হলো বিশ্বব্রহ্মাণ্ডে ঘূর্ণিত বিভিন্ন গ্রহ-নক্ষত্রের গতিময় শক্তির সমন্বয়ে গঠিত মহাশূন্যের রক্ত-রঙিন রূপবিন্যাস, যার সঙ্গে মানুষের শরীরের খণ্ডাংশ বলিষ্ঠভাবে সংযোজিত হয়েছে। শিল্পীর তৃতীয় প্রকারের ছবিগুলোই আসলে প্রধান এবং উল্লেখযোগ্য সৃষ্টিকর্ম, যেখানে রং, রেখা ও বিস্ময়ের মধ্য দিয়ে শিল্পীর প্রচণ্ড সৃষ্টি-করার ক্ষমতার আকুতি প্রকাশ পেয়েছে, যেখানে বিশ্বব্রহ্মাণ্ড ও মানবজীবনের বহমান স্রোতধারার অজানা রহস্যপূর্ণ এক দ্যুতিময় সচল জগৎ-আবিষ্কার-প্রয়াস লক্ষ করা যায়। বিশ্বচরাচরের কাল থেকে কালে, যুগ থেকে যুগে যে-অনাদি অনন্ত ও অপরিমেয় গতিময়তার প্রবাহ বয়ে চলেছে, ইমামের ছবিগুলো তারই প্রতীক ও সুলুকসন্ধানী, যেন বিপুল-বিশাল মহাশূন্যে শিল্পী এক মহাজাগতিক ভ্রমণে বেরিয়েছেন। তীব্র, গতিময়, বহুমাত্রিক, অসম্ভব ও ক্রম-প্রসারিত সেই অসীম শূন্যতার খানিক পরিচয় শিল্পী ছবিগুলোর মধ্যে যেভাবে প্রকাশ করার জন্যে সচেষ্ট হয়েছেন, সেটি তাঁর প্রখর কল্পনাশক্তি ও বিজ্ঞানমনস্কতার পরিচয় যেমন দেয় তেমনি ব্যতিক্রমী বিষয়ের প্রতি আগ্রহপ্রকাশেও সাহায্য করে। বলা যায়, এটি ব্রহ্মাণ্ডের নৈসর্গিক মহাপরিকল্পনার একটি আলোকজ্জ্বল দলিল। মানুষের শরীরের মধ্যেও ওই একই মহাজাগতিক জগতের প্রতিচ্ছবি বিরাজমান, বিজ্ঞান সে-কথা প্রমাণ করেছে। শিল্পী মানবদেহের বিভিন্ন খণ্ডিত রূপের সঙ্গে মহাবিশ্বের ঘূর্ণায়মান অসীম শূন্যের সমন্বয়সাধন করার জন্যে বাস্তবতাকে গৌণ করে আন্তর-অভিজ্ঞতা বা আবেগের প্রতীকধর্মী প্রকাশ অর্থাৎ অভিব্যক্তিবাদী মোটা তুলির প্রবল টানে বিমূর্ত ও আধা-বিমূর্ততায় যে-বিষয় ফুটিয়ে তুলতে চেয়েছেন তার পশ্চাৎপটে আছে রঙের বর্ণিল এক জ্যামিতিক সংযোজন-বহুলতা। এইসঙ্গে অনেকগুলো ছবিতে সুঠামদেহী অশ্বের সুচারু দেহভঙ্গিমা গতিময় ক্ষিপ্রতায় ওই ব্রহ্মাণ্ড-চেতনার সংশ্লেষে উজ্জ্বলভাবে প্রকাশিত হয়েছে এবং অধিকাংশ ছবি দ্বারা শিল্পী সেই কসমিক জগতের অজ্ঞাত কারণ ও গতিবেগের বিপুল এবং প্রবল রূপ-রশ্মির অন্তর্নিহিত সৌন্দর্য-সন্ধানের ঐকান্তিক চেষ্টায় ব্রতী হয়েছেন।
মহাশূন্যের অনন্ত অন্ধকারের মধ্যে তিনি উজ্জ্বল আলোকরশ্মির বর্ণচ্ছটার ঝিলিক খুঁজে বেড়িয়েছেন। রং, গঠন, শৈলী ও বিভিন্ন রূপারূপের সংঘাত এবং বৈপরীত্যের মধ্য দিয়ে শিল্পী ছবিতে প্রাণময়তা ও গতিবেগ আনয়ন করতে চেষ্টা করেছেন। এইসঙ্গে যোগ করেছেন বলিষ্ঠ আকার-প্রকৃতির উপস্থাপনা, প্রচ্ছন্ন জ্যামিতিকতার ব্যবহার, স্থাপত্যগুণান্বিত বিভিন্ন গঠন ও করণকৌশল।
দ্বিতীয় বিষয়টি হচ্ছে প্রতিকৃতি। মানুষের মুখ শিল্পীর প্রিয় বিষয়। শিল্পীর কাছে মানুষের মুখ যেন আরেকরকমের ব্রহ্মাণ্ড, তাই কখনো তুলির জোরালো টানে আবার কখনো-বা সূক্ষ্ম ডিটেল পুঙ্খানুপুঙ্খতায় শিল্পীর প্রিয় পরিচিত, অখ্যাত-প্রখ্যাত কিছু মুখাবয়ব যা চেতন বা অবচেতনের গভীরে ধরা দেয়, সেগুলো পরম মমতায় এক আবেগের তাড়নায় ফুটিয়ে তুলেছেন। কিছু কিছু জায়গায় শিল্পী হুবহু প্রতিকৃতি-প্রণয়নের পরিবর্তে বেশ প্রাধান্য দিয়ে অন্যভাবে উপস্থাপনা করতে চেষ্টা করেছেন, যেখানে প্রতিকৃতি নয় প্রতিকৃতির মধ্যে নির্দিষ্ট ও প্রধান মানবিক চরিত্র-অনুসন্ধান করতে চেয়েছেন, ফলে তা অন্যরূপে পরিদৃষ্ট হয়েছে। প্রথম ধারার ছবিতে ঘোড়ার গতিময়তা, শূন্যের মধ্যে চলমানতা বা অস্থিরতা যেন ফ্রেম থেকে ছিটকে বাইরে চলে যাবে – এরকম কথা মনে জাগে এবং ছবিগুলোতে ব্যবহৃত শিল্পীর ড্রয়িং-কুশলতা-ক্ষমতা ও নৈপুণ্য সম্বন্ধে দৃঢ় ধারণা দেয়। তবে এখানে একটি বিষয় উল্লেখ করা যেতে পারে, সেটি হচ্ছে, শিল্পী যে-তিনটি ভিন্ন বিষয় নিয়ে ছবি এঁকেছেন সেখানে শুধু একটি কিংবা বড়জোর ঘোড়ার গতিশীলতার বিষয়ে সীমাবদ্ধ থাকলে ভালো হতো। বিশ্বজগতের অপার রহস্যের বিষয়ের সঙ্গে অন্য বিষয় না থাকলেই প্রদর্শনীটি আরো ক্ষুরধার ও নির্দিষ্ট লক্ষ্যে সহজে উপনীত হতে পারত। এই বিষয়ের তুলনায় প্রতিকৃতি-বিষয়টি একটু বেমানান বলে মনে হয়। যেহেতু এটি শিল্পীর সামগ্রিক সৃষ্টকর্ম নিয়ে কোনো প্রদর্শনী নয়, বরং পরে কোনো একসময়ে শুধু প্রতিকৃতি-বিষয় নিয়ে ভিন্নতর প্রদর্শনীর উপস্থাপন হতে পারে। যদিও এখন মিশ্ররীতির যুগ, তবে বিষয়ের মধ্যে গুরুচণ্ডালী ঘটালে প্রদর্শনী সুঠাম হতে একটু দেরি করে – এটি ভাবনার কথা। তবুও বলা যায়, শিল্পীর অনুপম রং-ব্যবহার, ব্যতিক্রমী বিষয়, ভিন্নতর চিন্তা-চেতনা, বিশেষ গঠন-শৈলী ও গতিময় পরিবেশনা ইতোমধ্যেই তাঁকে বাংলাদেশের চিত্রশিল্পে এক বিশিষ্ট ও পৃথক পরিচয়ে চিহ্নিত করে তুলতে সক্ষম হয়েছে।

Leave a Reply
You must be logged in to post a comment.