যৌথ প্রদর্শনীর বড় আয়োজন

বাংলাদেশে শিল্পকর্মের বাজার-বৃদ্ধিতে যাদের অবদান গুরুত্বপূর্ণ, তাদের অন্যতম ঢাকার সাজু আর্ট গ্যালারির প্রতিষ্ঠাতা রমিজ আহমেদ চৌধুরী। ঢাকার গুলশান-২ সার্কেলে সিটি করপোরেশন মার্কেটের দোতলায় তাঁর গ্যালারির যাত্রা শুরু হয় ১৯৭৪ সালে। ১৯৭৭ সাল থেকে প্রতি বছর তারা আয়োজন করছেন বাংলাদেশী কৃতী চারুশিল্পীদের গ্র্যান্ড গ্রুপ আর্ট এক্জিবিশন। এছাড়াও নবীন-প্রবীণ শিল্পীদের একক চারুকলা-প্রদর্শনীর আয়োজনও করছেন নিয়মিত। সব মিলিয়ে এযাবৎকাল পর্যন্ত সাজু আর্ট গ্যালারির আয়োজনকৃত প্রদর্শনীর সংখ্যা ৫৫টি।

গত ১২ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হয়েছে সাজু আর্ট গ্যালারির গ্র্যান্ড গ্রুপ আর্ট এক্জিবিশন। এতে ১০৬ জন শিল্পীর দেড়শতাধিক শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। মাসব্যাপী অনুষ্ঠিতব্য এ প্রদর্শনী চলছে মধ্য মার্চ পর্যন্ত। এ প্রদর্শনীটি সম্প্রতি প্রয়াত শিল্পী শামসুল ইসলাম নিজামীর স্মরণে উৎসর্গ করা হয়েছে।

এদেশে দলগত প্রদর্শনীর আয়োজন নিয়মিত ঘটনা। সরকারি পর্যায়ে শিল্পকলা একাডেমী, বেসরকারি পর্যায়ে একাধিক শিল্পীগ্রুপের আয়োজনে প্রতিবছরই বেশকিছু যূথবদ্ধ প্রদর্শনী হয়। সাজুর গ্রুপ-প্রদর্শনীকে সহজেই ওইসব আয়োজন থেকে আলাদা করা যায়। এঁদের আয়োজনে বাংলাদেশের আধুনিক চারুশিল্পের ছাপ্পান্ন বছরের সকল গুরুত্বপূর্ণ শিল্পীর অংশগ্রহণ লক্ষণীয়। শিল্পাচার্য জয়নুল আবেদিন থেকে শুরু করে আমাদের দেশের প্রায় সকল প্রয়াত গুরুশিল্পীদের চিত্রকর্ম এ প্রদর্শনীর প্রাণশক্তি। গুরুশিল্পীর পাশাপাশি তাঁদের অভিজ্ঞতা আমরা প্রতিবছর অর্জন করি এই প্রদর্শনী থেকে। ফলে আমরা একই সঙ্গে পেয়ে যাই প্রায় চার-পাঁচ দশকের চিত্রকলার গতি-প্রকৃতি, শিল্পীদের ধ্যান-ধারণা। আমরা প্রত্যক্ষ করি জয়নুল ও তাঁর সময়কে, ফেরিঘাটের মানুষ চলাচল। পেয়ে যাই কামরুলের অনাড়ম্বর স্বাচ্ছন্দ্য লোকজনির্ভর আধুনিক অঙ্কনরীতি, পাই এস এম সুলতানের পেশিবহুল শক্তিমান শ্রমজীবী মানুষ, সফিউদ্দিনের মানব-অবয়বসদৃশ মাছের গঠন, কিবরিয়ার ‘গঠন’, কাজী আবদুল বাসেতের ‘মাছ বিক্রেতা’।

এবারের প্রদর্শনীতে দেখা পেলাম না প্রয়াত দুই বিশিষ্ট চিত্রকর রশিদ চৌধুরী ও হামিদুর রহমানের কোনো চিত্রকর্মের। তাহলে কি দুর্লভ হয়ে গেছে তাঁদের চিত্রকর্ম সংগ্রহ করা? জীবদ্দশায় তাঁরা যতোগুলো কাজ করেছেন, সম্বল তো সেটুকুই। কাজ তো আর বাড়বার নয়, বাড়ছে তাঁদের ছবির দাম।বাংলাদেশের দ্বিতীয়, তৃতীয় প্রজন্মের উল্লেখযোগ্য শিল্পীরা প্রায় সবাই আছেন এ প্রদর্শনীতে। আছে আমিনুল ইসলামের কালি-তুলির ‘গতিময় রেখাচিত্র’, মুস্তাফা মনোয়ারের জলরঙে আঁকা মেঘমেদুর বৃষ্টিস্নাত ‘প্রকৃতি’, মূর্তজা বশীরের আঁকা মধ্যবিত্ত নারীর অবয়বচিত্র ‘নীলে রমণী’, আবদুর রাজ্জাকের সদর্পে তুলিচালিত ‘প্রকৃতির পরিবর্তন’, কাইয়ুম চৌধুরীর নদী ও নিসর্গের প্রেক্ষাপটে একাকার এক ‘কৃষক অবয়ব’, শিরোনাম ‘ফিউরিয়াস রিভার’, শামসুল ইসলাম নিজামীর জ্যামিতিক ফর্মনির্ভর ‘কম্পোজিশন’, সমরজিৎ রায় চৌধুরীর প্যাস্টেলে আঁকা লম্বাটে, অবয়বনির্ভর কাজ ‘বংশীবাদক’, সৈয়দ জাহাঙ্গীরের দুটি ‘অবয়বের প্রতিবিম্ব’ ও প্রয়াত শিল্পী গোলাম সরোয়ারের জ্যামিতিক ফর্মে বিন্যস্ত মাছ ও হাঁসের জল তোলপাড়ের দৃশ্য নিয়ে রচিত ‘কম্পোজিশন’।

আমাদের সমকালীন চিত্রকলার প্রধান তিনটি ধারা হচ্ছে – প্রকাশবাদী বিমূর্ততা, বাস্তববাদী অঙ্কনপ্রধান কাজ এবং লোকজ ধারাকে অনুসরণ করে তার আধুনিক উপস্থাপনা। এ সমুদয় বৈশিষ্ট্যেরই কাজ সাজুর এ প্রদর্শনীতে বিদ্যমান। তবে বাস্তবানুগ ও বাস্তবতার ফর্ম ভাঙার নিরীক্ষাপ্রধান কাজের সংখ্যাই এতে বেশি স্থান পেয়েছে। এ ধরনের কাজের বাজারও বোধকরি অন্যগুলোর চেয়ে ভালো। এমন ধরনের কাজ করেন শিল্পী রফিকুন নবী। তিনি ইদানীং তাঁর কার্টুন-চরিত্র ‘টোকাই’কে নিয়ে জলরঙে ছবি আঁকছেন। টোকাই সিরিজের একটি কাজ এতে প্রদর্শিত হচ্ছে। সৈয়দ এনায়েত হোসেন তাঁর চিত্রপটকে ছয়ভাগে বিভক্ত করে উপরের মধ্যবর্তী স্থানে একটি অবয়ব এঁকেছেন, অন্যান্য প্যানেলে কিছু নকশা ও রঙের বুনন, ছবির শিরোনাম ‘জীবন সঙ্গীত’, হাসি চক্রবর্তী এঁকেছেন ঘোড়ার অবয়ব নিয়ে ‘রিবেলিয়ন’, জামাল আহমেদ এঁকেছেন ‘গরুর গাড়ি’, প্রাচ্যঢঙে বীরেন সোম এঁকেছেন ‘পাখি হাতে রমণী’, হামিদুজ্জামান খান এঁকেছেন ‘মুখাবয়ব’, চন্দ্রশেখর দে এঁকেছেন তরুণ এক অবয়ব, আবদুস সাত্তার এঁকেছেন লম্বা গড়নের এক নারী-অবয়ব। পুরাণের সঙ্গে আধুনিক সংশ্লেষে ভাস্কর্যে অবয়ব গড়েছেন কালিদাস কর্মকার। রনজিৎ দাস এঁকেছেন ‘মা ও পাহাড়ি বালিকা’র ছবি। আইভী জামান গড়েছেন এক নারী-অবয়ব ‘মুখোশ’। জালালউদ্দিন এক পুরনো বাড়ির আবহে এক রমণীর সেলাই-ফোঁড়াই নিয়ে রচেছেন ‘কাব্যিক মুহূর্ত’। গৌতম চক্রবর্তী জলরঙে এঁকেছেন মাদার তেরেসার ছবি। কুহু এঁকেছেন এক নারীর স্নানদৃশ্য, আতিয়া ইসলাম এ্যানি এঁকেছেন কাঠের দুটি পুতুলের মধ্যবর্তীতে স্কার্ফ-পরা মোনালিসার ছবি। কনকচাঁপা চাকমা এঁকেছেন পাহাড়ি পটভূমিকায় ‘কর্মমুখর দিন’। শওকাতুজ্জামান এঁকেছেন সর্ষে ফুল ও ফড়িং। অলকেশ ঘোষ এঁকেছেন মহাত্মা গান্ধীর অবয়ব। গতিময় এক ঘোড়ার ছবি এঁকেছেন ইফতেখারউদ্দিন আহমেদ। প্রকৃতি এঁকেছেন নাসিম আহমেদ নাদভী। নাসরীন বেগম এঁকেছেন ‘কৃষ্ণচূড়া’, ‘সুন্দরবন’ এঁকেছেন শামসুদ্দোহা, ‘রোমাঞ্চ’ এঁকেছেন সমীরণ চৌধুরী, আবদুল মান্নান এঁকেছেন ‘জীবন ও নদী’। নাজির মোহাম্মদ এঁকেছেন ‘লোকশিল্পী’, ‘ঐতিহ্য’ এঁকেছেন মিজানুর রহমান ফকির। অবয়বধর্মী ভাস্কর্য গড়েছেন মুকুল মুকসুদ্দিন ও ফারুক আহমেদ। আনিসুজ্জামানের কাঠখোদাই ছাপাই ‘কমপ্লেক্সিটি’, জহিরউদ্দিনের ‘নিসর্গ’, হুমায়ুন কবীরের ‘সুন্দরবন’, শেখ আফজালের ‘তিন অবয়ব’, মনিরুজ্জামানের ‘বালিকা’ বাস্তব ও বাস্তবতার ভিন্নধর্মী প্রকাশে মূর্ত। রাজপথ মেরামতের ছবি জলরঙে এঁকেছেন মতলুব আলী। প্রকাশবাদী বিমূর্ততায় এঁকেছেন – হাশেম খান, আবু তাহের, নিতুন কুণ্ডু, মোহাম্মদ মোহসীন, কে. এম. এ. কাইয়ুম, আনোয়ারুল হক, মনিরুল ইসলাম, মাহমুদুল হক, স্বপন চৌধুরী, রফিকুল আলম, আবুল র্বাক আলভী, বশিরউল্লাহ, মোহাম্মদ ইউনুস, খালিদ মাহমুদ মিঠু, রোকেয়া সুলতানা, ফরিদা জামান, ফখরুল ইসলাম, সৈয়দ হাসান মাহমুদ, রফি হক, মমিনুল রেজা, মোখলেসুর রহমান, জাহিদ মুস্তাফা, মোহাম্মদ ইকবাল, তাজ্জুদ্দিন আহমেদ, সেলিনা চৌধুরী মিলি, সৈয়দ আবদুল্লাহ খালিদ। সাম্প্রতিক সুনামি নিয়ে এঁকেছেন আহমেদ নাজির। লোকজ-ঐতিহ্য নিয়ে ছবি এঁকেছেন আবদুস শাকুর শাহ, রেজাউল করিম, রফিক আহমেদ, আবদুল আজিজ, সাধনা ইসলাম, মামুন কায়সার, নাঈমা হক। অংশগ্রহণকারী অন্যান্য শিল্পী হলেন – টি. এ. কামাল কবির, বিদ্যুৎ জ্যোতিসেন শর্মা, নজরুল ইসলাম অঘ্রাণী, দেওয়ান মিজান, আনিসুর রহমান, শাহাদাত হুসেন, মোস্তাফিজুল হক, মোহাম্মদ ইবরাহীম, তাজুল ইসলাম, নূরুল আমিন, আবদুস সালাম, গোলাম রব্বানী শামিম, অনুকুল চন্দ্র মজুমদার, তরিকত ইসলাম, ফরিদা ইয়াসমিন, রফিকুল ইসলাম চৌধুরী, সুজন দে ও মো. কিবরিয়া জুনিয়র।

আমাদের শিল্পীদের ছবির বাজারবৃদ্ধিতে এ প্রদর্শনী গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত আমাদের শিল্পী ও বোদ্ধামহলে। এমন প্রদর্শনীর সাফল্যে আমাদের শিল্পীরা আবার নতুন কাজের প্রণোদনা লাভ করেন।