ছোট ছোট আয়তাকার কিংবা বর্গাকার জমিনে প্রেস ইঙ্কে আলিম্পনে মেঝে তৈরি করে নানা আঁকিবুকিতে মানুষ ও তার পরিবেশ-প্রকৃতির রূপায়ণ করেন শিল্পী গোলাম ফারুক বেবুল। মিশ্র মাধ্যম, অ্যাক্রিলিক ও অয়েল প্যাস্টেলেই করেছেন বেশির ভাগ কাজ। এছাড়াও জলরং, কলমের তীক্ষè রেখার দাগ বসানো কাজ, যার আরেক নাম স্কেচ, তাও করেছেন। আর উপকরণও বেশ সহজলভ্য – টুকরো-টাকরা কাগজ, কখনো নিউজপ্রিন্ট বা সাধারণ কার্টিজ পেপার। শিক্ষকতার অবসরে ঘরে বসে একান্তে দিনের পর দিন কাজ করতে করতে জমে উঠেছিল অনেকগুলো ক্ষুদ্রকায়, মাঝারি চিত্রকর্ম। সেগুলো থেকে বাছাইকৃত দুশতাধিক কাজ নিয়ে তাঁর এ প্রদর্শনী।
গত ১৮ ফেব্রুয়ারি অপরাহ্ণে ঢাকার ধানমন্ডির গ্যালারী চিত্রকে শিল্পী গোলাম ফারুক বেবুলের এ চিত্রকর্ম-প্রদর্শনীর উদ্বোধন হয়। প্রদর্শনীর সময়সীমা ছিল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
শিল্পী গোলাম ফারুক বেবুলকে জানি সিকি শতাব্দী আগে থেকে। তিনি তখন তৎকালীন ঢাকার বাংলাদেশ চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের ছাপচিত্র বিভাগের স্নাতক শেষ বর্ষের আর আমি প্রাক-ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী। খোলামেলা সজ্জন মানুষ। অগ্রজ-অনুজের দূরত্ব তিনি নির্দ্বিধায় ঘুচিয়েদিয়ে আমাদের কাছের মানুষ হয়ে উঠেছিলেন অতি দ্রুত। তখন থেকেই দেখেছি – তিনি আঁকায় নিবিষ্ট। কখনো কাঠ খোদাই করছেন, এচিং কিংবা লিথো করে ছাপ নিচ্ছেন। আবার কাজশেষে আড্ডাতেই খুব সক্রিয় দেখেছি তাঁকে। শিক্ষার্থী হিসেবে বেশ প্রতিশ্রুতিশীল ছিলেন। সেই সূত্রেই চীন সরকারের বৃত্তি নিয়ে তাঁর বেইজিং যাত্রা ১৯৮৩ সালে। বেইজিংয়ের সেন্ট্রাল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস থেকে ১৯৮৫ সালে তিনি স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং পরবর্তীকালে দেশে ফিরে আসেন। চীন যাওয়ার আগেই তিনি তৎকালীন রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়ের শিক্ষক পদে যোগ দিয়েছিলেন। বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক তিনি।
বাংলাদেশের মানুষ ও প্রকৃতি তাঁর আঁকার বিষয়। প্রদর্শনীর শিরোনাম তদ্রƒপ – ‘জীবন ও প্রকৃতি’। তবে এই জীবন ও প্রকৃতি ঠিক সাদা চোখের দেখা নয়। সহজাত-স্বাভাবিক চোখের দেখায় দেশ ও মানুষকে দেখাননি শিল্পী। তাঁর ছবিতে বৃক্ষ আছে, তবে তা আলংকারিক। তাঁর ছবিতে ঘরদোর, মানববসতি আছে, তবে তা নিসর্গের সঙ্গেই প্রায় মিশে যাওয়া। জনমনীষিত ও অন্যান্য উপকরণ প্রায় তথৈবচ। তার বর্ণলেপন কখনো নমিত, পোড়-খাওয়া মানবজীবনের অভাবী চেহারার সঙ্গে সাযুজ্যপূর্ণ, আবার কোথাও তার বর্ণ উষ্ণতায় জাগরুক, যেন আশাবাদী বর্ণিল জীবনের হাতছানি তাতে।
শিল্পী গোলাম ফারুকের ছবিকে আমরা চিহ্নিত করতে পারি মূর্ত-বিমূর্ততার মধ্যবর্তী স্থানে। খেয়াল করে দেখা যায়, ছবিগুলো তাঁর মূর্ত হতে হতে বিমূর্ত বৈশিষ্ট্যে অবগাহন করেছে, কিংবা অন্যভাবে বললে এও বলা যায় – তাঁর চিত্রকর্ম বিমূর্ত ভাবের দিকে এগিয়েও আবার বাস্তবের সারল্যে উদ্ভাসিত হয়েছে। এছাড়াও শিল্পী প্রতীকী সমাজবাস্তবতাও এঁকেছেন। এক ধরনের ফ্যান্টাসিও আছে তাঁর কাজে।
মূর্ত-বিমূর্তের মাঝামাঝি ছবি আঁকেন এমন শিল্পীর সংখ্যাই এদেশে বোধকরি বেশি এবং একজনের সঙ্গে অন্যের অন্তর্মিলও আমরা কতক ক্ষেত্রে লক্ষ করে থাকি। কিন্তু শিল্পী গোলাম ফারুক বেবুল তাদের থেকে আলাদা হয়ে আছেন। তাঁর কাজ স্পেনপ্রবাসী শিল্পী মনিরুল ইসলামের মতো অতো কাব্যিক নয়, শহীদ কবিরের মতো তেমন তীক্ষè নয়, তবু তাঁর কাজ আমাদের আলোড়িত করে, আমার দেশের চলমান স্থবিরতাকে নীরবে ব্যঙ্গ করে এবং ভবিতব্যের আশাবাদও উচ্চারণ করে।
তাঁর ছবিতে জ্যামিতি আছে, অলংকার আছে, আছে লোকশিল্পের উপাদান। লোক-উপাদাননির্ভর চিত্রগুলো প্রতীকী। যেমন ‘কম্পোজিশন-১’ শীর্ষক মিশ্র মাধ্যমের কাজটির একপ্রান্তে ক্ষমতার প্রতীক অশ্ব, সেটির দিকে এক দাঁতাল বিকৃত চেহারার ক্ষমতা মদমত্ত এক অবয়বের দৃকপাত। এখানে অশ্বটি পোড়ামাটির, অবয়বটিও যেন কোনো মুখোশধারীর। এ চিত্রে তিনি ক্ষমতার শক্তি ও তাঁর অপপ্রয়োগের দিকেই ইঙ্গিত করেছেন। আবার অসহায় মানুষের দারিদ্র্য, তাদের বাস্তুচ্যুতিকে পরম মমতায় তুলে ধরেছেন তাঁর ‘বাস্তুহারা দেহাবয়ব’ চিত্রে।
শিল্পী গোলাম ফারুক বেবুল বস্তির ভঙ্গুর জীবন যেমন আঁকেন, তেমনি অসম্পূর্ণ ভবনের ছবিও এঁকেছেন। যেমন অ্যাক্রিলিকে আঁকা ‘কম্পোজিশন’ এবং ওয়াশ ও ইঙ্কে আঁকা ‘অসম্পূর্ণ-১’। দুটি চিত্রে মানুষের দু ধরনের অসামর্থ্য উঠে এসেছে। অস্থায়ী আবাসনের অনিশ্চয়তার সঙ্গে স্থায়ী আবাসনের অসম্পূর্ণতা যেন অনিশ্চয়তারই সাক্ষ্য বহন করছে। শিল্পীর চিত্রকর্ম সম্পর্কে কথাশিল্পী হাসান আজিজুল হকের উপলব্ধি – ‘… গোলাম ফারুকের এই ছবির জগৎটা অনেক আলো, অনেক হাওয়া, অনেক জল, অনেক পাখির উৎফুল্ল স্বতঃস্ফূর্তির জগৎ নয়। বরং চাপা, বদ্ধ ও স্মৃতিবাহী। অজানা, প্রকৃতিজ পুরনো সুরভীর সঙ্গে যেন কবেকার পরিত্যক্ত ভবনের অন্ধিসন্ধি থেকে নাবা গন্ধ ভেসে আসে। ওঁর ছবি দেখতে চোখ তো বটেই, ঘ্রাণ-স্পর্শ-শ্রবণ-স্বাদ সব ইন্দ্রিয়ই সচল হয়ে ওঠে, তবে তীব্রভাবে জাগে না। …ফারুকের ছবির জগৎ চেনা-অচেনায় মেশা, নতুন-পুরনোয় একাকার। বিষণ্নতার অতীতচারিতায় ভারি। সেগুলো যেন ছত্রখান বাংলাদেশেরই ছড়ানো-ছিটানো নানা টুকরোকে এক দুর্বোধ্য যুক্তিবদ্ধতায় জড়ো করা।’
প্রকৃতিতে আমরা যা কিছু দেখি তার সব উপাদানই হয়তো আছে তাঁর কাজে, তবে দেখানোর ধরন একেবারেই অন্যরকম। ছবির জমিকে নানা বর্গে ভাগ করে নানা উপাদান ও বর্ণপ্রলেপে ভরিয়েছেন। এখানে বৃক্ষ আছে যার ভেতরকার শেকড়ও দৃশ্যমান, পাতা ও কাণ্ডের আশপাশে গরু, ঘোড়া-প্রতীকী অবয়ব, তারই আবহে রমণীয় দেহাবয়ব। জলমগ্ন গৃহ, নৌকোর ফর্ম, মাটির দেয়ালে জানালা-দরোজা, পুরনো বাড়ির সদর-অন্দর, নৃত্যরত আলো প্রভৃতি নানা বিষয় নিয়ে কাজ করেছেন শিল্পী।
গোলাম ফারুক বেবুল একজন নিভৃতচারী শিল্পী। নীরবে- নিভৃতে দীর্ঘদিন ধরে আঁকছেন। জাতীয় চারুকলা, এশীয় দ্বিবার্ষিকসহ নানা গ্রুপ আর্ট এক্জিবিশনে অংশগ্রহণ করলেও একক প্রদর্শনীর সংখ্যাল্পতার জন্য তাঁর পরিচিতি তেমন ব্যাপ্ত হয়নি। এ প্রদর্শনীর মধ্য দিয়ে তিনি হয়তো সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সমর্থ হবেন। এই পরিশীলিত আয়োজনের জন্য গ্যালারী চিত্রক কর্তৃপক্ষকে অভিবাদন।

Leave a Reply
You must be logged in to post a comment.