মহাকাব্যিক উপাখ্যান, সমকালীন বাস্তবতা

রনি আহম্মেদের ছবিতে সবসময়ে পাওয়া যায় এক চরম অভিঘাত। আগের প্রদর্শনীতে দেখেছি, আর এখন যেটি চলছে অলিয়ঁসে, তাতেও। রনি অত্যন্ত কৌতুকপ্রিয় – কী জীবনযাপন, কী চিত্রচর্চায়। আমাকে মূলত ওর ছবির এই কৌতুকাশ্রিত রূঢ় বাস্তবতার ফ্যান্টাসিই বেশি টানে, যা ইতোমধ্যে রনির নিজস্ব ছবি আঁকার ভাষায় পরিণত হয়েছে।

দুই

সাম্প্রতিককালে আমাদের চিত্রচর্চার অঙ্গনে তেমন কোনো নতুন ঘটনা দেখা যায়নি। চর্বিত-চর্বণ দেখতে দেখতে আমাদের চোখ হয়ে গেছে ক্লান্ত। এ নিয়ে প্রায়শ আমরা হতাশায় ভুগি। তবে এক্ষেত্রে নিঃসন্দেহে রনি আহম্মেদের একশ ফুট বাই দশ ফুট বিশালাকারের কাজটি চমকপ্রদ। সাম্প্রতিক সময়ে এত দীর্ঘকায় কোনো চিত্র অঙ্কিত হয়েছে কিনা আমার জানা নেই।

নুহের নৌকো-অবলম্বনে রনির এই এপিকধর্মী কাজটি আমাদের নাড়া দিয়েছে। প্রথমত অঙ্কনশৈলী, দ্বিতীয়ত বিষয়বস্তু, তৃতীয়ত আঙ্গিকগত বিষয়-আশয়। রনি বিষয় হিসেবে নিয়েছেন নুহের নৌকো, যা আরব-সেমেটিক অঞ্চলের সমস্ত ধর্মগ্রন্থে বর্ণিত আছে। বর্ণিত আছে প্রলয়ঙ্করী বানের কথা, যা পাপক্লিষ্ট মানুষের পাপাচারের ফল। নুহের নোকোয় যারা আশ্রয় নিয়েছিল, শুধু তারাই বেঁচেছিল, বাকিরা সব ভেসে গেল বানের তোড়ে। এ-এক অদ্ভুত মিথ, এ-এক অদ্ভুত চিত্রকল্প। স্বভাবতই এই রূপকটি কবিদের, লেখকদের, শিল্পীদের মগজে অনেক নাড়া দেয় – সৃষ্টিশীল কিছু করার। রনিও করেছেন, তবে তা কোনো ইলাস্ট্রেশন নয়, বোধের জায়গাকে কর্ষণ করে, নিজস্ব সত্তার এক কাব্যিক অনুরণন। প্রেক্ষাপটে নুহের নৌকো, তবে তা খুবই আধুনিক, সাম্প্রতিক সময়েরই এক প্রতিবিম্ব। এসেছে রাজনীতি আর সভ্যতাকে বাঁচানোর এক গভীর আকুতি। আমাদের সবকিছু শেষ হয়ে যাচ্ছে। পৃথিবী থেকে ন্যায়বোধ নির্বাসিত। আমরা আকণ্ঠ ডুবন্ত, আমাদের যা কিছু ভালো সব ভেসে যাচ্ছে। ভেসে যাচ্ছে সাত বামন আর ঘুমন্ত রাজকন্যার গল্প, ঈশপের উপদেশসমৃদ্ধ উপকথা আর মানুষের সমস্ত সুকুমারবৃত্তি। এই সময়ে হত্যা আর ধ্বংসযজ্ঞের এক পাপাচারে আবদ্ধ মানুষ। প্রতিদিন মিসাইল, বুলেট আর কার্তুজের ভোজ।

তিন

এই যে ভয়াবহতা, এই যে অনাচার – এ থেকে বাঁচার উপায় কী? হ্যাঁ, একমাত্র স্বপ্নই আমাদের বাঁচাতে পারে, রনি আমাদের সেই স্বপ্নই দেখাতে চায়। রনির নৌকোয় তোলা সমস্ত কিছুর মধ্যেই আছে বাঁচার প্রেরণা।

ঠাকুরমার ঝুলির গল্প আজ নির্বাসিত, শস্তা টেলিসিরিয়াল, সোপ অপেরা আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে সবকিছু। সর্বগ্রাসী এক বিপর্যয় আমাদের গ্রাস করছে। ভোগের অতলে ডুবে যাচ্ছে সবকিছু। আমাদের চেতনা, আর মননের অতলের সমস্ত মনিমাণিক্য। রনি যেন রূপকার্থে তার নৌকোয় ঠাঁই দিয়েছে সেই হারিয়ে যাওয়া সাত ভাই চম্পাকে।

আমাদের জীবন থেকে চলে যাচ্ছে রূপকথারা। স্যাটেলাইটের শক্তিশালী চৌম্বকক্ষেত্রের মধ্যে হারিয়ে যায় রূপকথা। সেখানে অনবরত ঘুরে বেড়ায় রাডার আর তাক করে থাকে বিমানবিধ্বংসী কামান। পুলসিরাতের সুতোয় হেঁটে চলছে সমস্ত মানবজাতি, সেখানে অবশ্যই নৌকো চাই – নুহের নৌকা, অথবা রনির নৌকো।

চার

শুধু আঁকার জন্য আঁকে যারা – রনি অবশ্য তাদের দলের নন। রনির ছবিতে গল্প থাকে, কৌতুকাশ্রয়ী চিত্রকল্প, আর থাকে ব্যক্তিস্বাতন্ত্র্যবোধের জয়গান। রনির ছবি রনির মতোই। অদ্ভুত ধরনের ড্রয়িং, যা দীর্ঘদিন ধরে মৌলিকতায় ভাস্বর। রনিকে চেনা যায় অনেকদূর থেকেই। কোনোকিছুর তোয়াক্কা না করে নিজের খেয়াল-খুশিকেই সর্বাগ্রে স্থান দেন রনি। এক ধরনের বাজারি ছবি কিংবা সহজেই কলকে পাওয়ার মানসিকতা রনির ধাঁচে নেই। এই গরিবি দেশে যা অত্যন্ত বিরল।

পাঁচ

অলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে সম্প্রতি প্রদর্শিত হলো রনির বিশালকায় ক্যানভাস। ১৮-২৬ ফেব্রুয়ারি। মাধ্যম ক্যানভাসে অ্যাক্রিলিক।

একশ ফুট বাই দশ ফুট দৈর্ঘ্যরে ক্যানভাস ভরানো সহজ কর্ম নয়। সেই অসাধ্যই সাধন করেছেন রনি। রূপকথার নানা চরিত্র, জীবনযাপনের বিভিন্ন মজার উপাদান, ক্ল্যাসিক নভেলের পাত্র-পাত্রী – কী নেই রনির ক্যানভাসে। শয়ে শয়ে চরিত্রের প্রতিটিকে আলাদা করে এঁকে এঁকে ক্যানভাস ভরানো নিঃসন্দেহে বীরত্বপূর্ণ কাজ, যা রেনেসাঁর শিল্পীদের কথা মনে করিয়ে দেয়, অজন্তার শিল্পীদের কথা মনে করিয়ে দেয় – আর চোখের সামনে ভেসে ওঠে বিশালকায় ফ্রেসকোসমূহ। এ কর্মটি হয়তো হয়ে উঠতে পারত ইলাস্ট্রেশন, কিন্তু তা হয়নি। নিজস্ব ড্রয়িং-ভঙ্গি আর রঙের দক্ষ ব্যবহারে তা হয়ে উঠেছে পেইন্টিং। তবে রনির ছবিতে আছে সাহিত্যবোধ অথবা মহাকাব্যিক কোনো দ্যোতনা।