নামির সঙ্গে নবীনের সেতুবন্ধন

যূথবদ্ধতার অনেক শক্তি। মানুষের বড় কিছু অর্জনে তাঁর ঐক্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের মুক্তিযুদ্ধকালে এমন যূথবদ্ধ হয়েছিলাম বলেই আমাদের স্বাধীনতা-অর্জন দ্রুত সম্ভব হয়েছে। . ঐক্যের পেছনে যেমন থাকে গোষ্ঠীগত লাভের প্রশ্ন, তেমনি মানবিকতা, সৌভ্রাতৃত্ব-সৃজনে, সামাজিক দায়মোচনে একতার শক্তি মানুষকে প্রেরণা জোগায়।

আমাদের দেশের চারুশিল্পীরাও মাঝে মাঝে যূথবদ্ধ হন। এতে পারস্পরিক মতবিনিময়ের সুবিধা যেমন হয়, তেমনি যৌথ প্রদর্শনী-আয়োজন, প্রকাশনা ইত্যাদির সুবিধাও হয়। ঢাকায় চারুশিল্পীদের সংগঠিত ও অসংগঠিত কিছু গ্রুপ আছে, যারা একত্রিত হয়ে প্রদর্শনী করে ও অন্যান্য সামাজিক দায়িত্বপালনে এগিয়ে আসে। কয়েকজন নারীশিল্পীর সমন্বয়ে এমন একটি সংগঠন গড়ে উঠেছে গত ২০০৩ সালের জুলাইয়ে। এর নাম ‘সাঁকো’। জন্মলগ্ন থেকে তারা এ পর্যন্ত চারটি গ্রুপ শো-র আয়োজন করেছে। গত ৫ ফেব্রুয়ারি, বিকেলে তাদের সর্বশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে গেল ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত হ্যারি কে টমাস জুনিয়রের গুলশানের বাসায়। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন মিসেস এরিক স্মিথ টমাস।

সদস্য শিল্পীদের মধ্যে আন্তঃযোগাযোগের মাধ্যমে তাঁদের সৃজনকে বিকশিত করতে মানসিক সহায়তার পাশাপাশি সমাজে অবহেলিত ও নির্যাতিত শিল্পীকে পাদপ্রদীপের আলোয় নিয়ে আসা, সম্ভাবনাময় নবীন শিল্পীকে বৃত্তি প্রদান, দুর্যোগ-দুর্ঘটনায় পীড়িত মানুষের প্রতি মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মহান ব্রত নিয়ে তারা কাজ করে যাচ্ছেন।

প্রদর্শনীতে দশজন নারীশিল্পীর তেত্রিশটির সঙ্গে আমন্ত্রিত এক কিশোরী শিল্পীর চারটি চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে। প্রদর্শনীর বিক্রিলব্ধ অর্থের একটি অংশ সাম্প্রতিক সুনামিতে আক্রান্তদের কল্যাণে ব্যয় করার ঘোষণা দিয়েছেন উদ্যোক্তারা। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা সস্ত্রিক উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে অংশ নিয়েছেন শিল্পী ড. ফরিদা জামান, নাইমা হক, নাসরীন বেগম, কুহু, ফারেহা জেবা, কনকচাঁপা চাকমা, লায়লা শার্মিন, ফারজানা ইসলাম মিল্কী, রেবেকা সুলতানা মলি, সুলেখা চৌধুরী ও অ্যাসিডদগ্ধ কিশোরী শিল্পী ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডের রুবিনা খাতুন। এ অনুষ্ঠানে আরো আমন্ত্রিত হয়েছিলেন ঢাকার কামরাঙ্গীরচরের অন্ধ গায়েন দেওয়ান মোহাম্মদ বেলায়েত। বাউল এই শিল্পী তাঁর দরদীকণ্ঠে বেহালা বাজিয়ে অনুষ্ঠানে আগত বিশিষ্ট ব্যক্তিবর্গকে অনেকগুলো মরমী গান শুনিয়েছেন। অবহেলিত এই শিল্পীদের পাদপ্রদীপের আলোয় আনতে সাঁকোর এই সহমর্মিতায় শিল্পীদ্বয় অনুপ্রাণিত হয়েছেন।এবার প্রদর্শনী প্রসঙ্গে আসা যাক। এতে শিল্পী ফরিদা জামানের তিনটি চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে। ‘আমার দেশ ১ ও ২’ এবং ‘সুফিয়া’। সুফিয়া এক গ্রাম্যকিশোরী মেয়ের প্রতীক। শরীর স্বাস্থ্যে শীর্ণকায়া এই মেয়েটির আয়ত-চোখে স্বপ্নের বিভা। নৌকোয় বসে হাতে তার জল থেকে তোলা শাপলা-শালুক। গোধূলিলগ্নের আভা এই চিত্রআবহে। এই শিল্পীর কাজ আবহমান বাংলাকে যেমন প্রতিনিধিত্ব করে, তেমনি শৈশবস্মৃতিকে তুলে আনে।

শিল্পী নাইমা হককে কামরুল ঘরানার শিল্পী হিসেবে আখ্যায়িত করা যায়। কামরুল হাসান বাঙালি ললনার শাশ্বত রূপ তুলে ধরেছেন লোকজ শিল্পবৈশিষ্ট্যের সঙ্গে আধুনিকতার সমন্বয়ে। নাইমা আরো বেশি লোকজ ও জ্যামিতিক। প্রদর্শনীতে জলরঙে আঁকা চারটি চিত্রকর্ম, শিরোনাম ‘শি-১, ২, ৩ ও ৪। ‘শি-৩’ কাজটিতে মাথা নিচু করে বসা এক নারী। তার বিনুনি জ্যামিতিক স্কয়ার ফর্মে এঁকেছেন শিল্পী। নিচের কাঁথাটিও জ্যামিতিক। অন্যকাজে নারীর দুটি হাত একটি বৃত্ত তৈরি করে। বাহুদুটি মদেগ্লিয়ানির সিলিন্ডার প্রয়োগকৃত অবয়বের ধারণা দেয়।

শিল্পী কুহু রিয়ালিটিকে ড্রয়িং করছেন অনেকদিন ধরে। তিনি উপলব্ধি করেন, ড্রয়িং কলাসাধনায় অনেকটা গায়কি ঠিক রাখার জন্য সকাল-বিকেল গলা সাধার মতো। এজন্য তিনি নিয়মিত ড্রয়িংচর্চা করেন, মডেল দেখে আঁকেন। এ প্রদর্শনীর জন্য এঁকেছেন ‘নর্তকী’, ‘পাখা হাতে বালিকা’ ও ‘কাঠকয়লায় স্টাডি’। কালো শাড়ি পরা মাথায় লাল স্কার্ফ বাঁধা এক তরুণী। বড় ড্রয়িং ম্যানেজ করা কঠিন বৈকি! এই কঠিন কাজটি ঠিক পুরোপুরি আয়ত্তে আসেনি বলেই তাঁর মনে হলো। তাঁর আগের ছোট কাজগুলো বেশি ভালো লেগেছে। বড় কাজে ছেড়ে কাজ করা প্রয়োজন ছিল।

নাসরীন বেগম আমাদের চিত্রকলার আরেকজন উল্লেখযোগ্য শিল্পী। প্রাচ্যকলা ও ছাপচিত্রে শিক্ষা নিয়ে নিজে আঁকছেন, আঁকিয়ে গড়ছেন। জলরঙেই বেশি আঁকেন। রিয়ালিস্টিক প্রাচ্যরীতির সুন্দর সব অবয়ব যেমন আঁকেন তেমনি জ্যামিতিক ফর্ম নিয়েও মূর্ত-বিমূর্তের খেলা করেন। এমনই একটি কাজ তাঁর ‘লাইফ সার্কেল’। একটি বৃত্তকে কালো, কালো ও সাদার মাঝামাঝি ছাই রং ও প্রায়-সাদায় বিভক্ত করে কয়েকটি পাতা এঁকেছেন। সে-পাতায় এনেছেন তারুণ্যের সবুজ, ঝরে পড়ার হলুদাভ আভাস ও শুকনো মর্মর বিষণ্নতার রং। তাঁর ‘প্রকৃতি’ ও ‘মডেল ফাতিমা’ বাস্তবানুগ আদর্শ-সৌন্দর্যে বলীয়ান।

কনকচাঁপা চাকমা বেশ আলোচিত এক শিল্পী। পাহাড়ি নারীর সৌন্দর্য, দুঃখ-বেদনা, আনন্দ, কর্ম-অবসরকে তিনি দারুণ মমতায় প্রকৃতির নিবিড়তায় তুলে ধরেন। তিনি এঁকেছেন ‘পাহাড়ি জীবন ১ ও ২’, ‘লাল আবহে নারী’ এবং ‘বুন’। লালচে আকাশের আবহে তিন পাহাড়ি নারীর অবয়বকে দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন শিল্পী। ‘পাহাড়ি জীবন ১’ অ্যাক্রিলিকে জলরঙের ওয়াশের মতো করে এঁকেছেন শিল্পী। এটি তাঁর ব্যতিক্রমী কাজ।

লায়লা শার্মিন মূলত ছাপচিত্রী হলেও এখন মিশ্র মাধ্যমে বেশি আঁকছেন। এ প্রদর্শনীতে এঁকেছেন – ‘আর্কেডিয়া’, ‘রাধা ও কৃষ্ণ’, ‘দ্য নামিসিস্ট’। কালো, শ্যাওলা সবুজ বর্ণের প্রাধান্য তাঁর কাজে। তাঁর ছবি আবেগতাড়িত, কিন্তু চিন্তাশীলতাও বিদ্যমান। আর্কেডিয়ায় তিনি সুন্দর এক গ্রামজীবনকে ধারণ করার প্রয়াস পেয়েছেন, সাথে জসীমউদ্দীনের পদ্যও তুলে ধরেছেন তাঁর ভাবনার সপক্ষে।

রেবেকা সুলতানা মলি ও সুলেখা চৌধুরী তুলনামূলক নবীন শিল্পী। আর ফারজানা ইসলাম মিল্কী দশ শিল্পীর তালিকায় একমাত্র ভাস্কর। তিনজনের কাজেই চিন্তন-প্রক্রিয়া আমাদের আলোড়িত করে।

মলি – নারীর তিনটি অবয়ব এঁকেছেন তিনটি পৃথক বর্ণে। কাজের শিরোনাম ‘অতিন্দ্রীয় সৌন্দর্য’। সুন্দরী যৌবনা নারীর সৌন্দর্যে ঈশ্বর হয়তো অতিন্দ্রীয় মায়া অকৃপণভাবে ঢেলে দিয়েছেন।

সুলেখা চলমান সমাজের অবস্থা দেখিয়েছেন একজন সামাজিক দায়বদ্ধ শিল্পী হিসেবে। তিনি বর্তমান সময়কে দেখেন এক ধরনের বন্দি অবস্থার সঙ্গে তুল্য করে। তাঁর ‘আমার সময়-২’ চিত্রে পটের মাঝামাঝি থেকে নিচ-অব্দি তিনটি তরুণ-তরুণীর হাত বাঁধা পেছন-ফেরা ছবি। উপরে পাঁচটি বোর্ডে ভিন্ন ভিন্ন অবস্থা তুলে ধরে বন্দি মানুষের চিন্তার গতিময়তা বা মুক্তচিন্তাকে তুলে ধরেছেন। তাঁর আরেকটি উল্লেখযোগ্য কাজ হচ্ছে ‘জোনাকী’। নারী এখানে জোনাকীর প্রতীক। ফারজানা মিল্কী ‘পয়জন আইভী’ সিরিজের চারটি মেটাল ভাস্কর্য করেছেন এ প্রদর্শনীর জন্য। ব্রথেল রমণীর ক্রেতার জন্য অপেক্ষা ফুটে উঠেছে তাঁর ভাস্কর্যে। মিল্কী এই সিরিজ দিয়ে একজন প্রতিশ্রুতিশীল ভাস্করের পরিচিতি পেয়েছেন। মেয়েদের কাজে মেয়েরাই প্রধান চরিত্র। আমাদের এই শিল্পীরা আমাদের চারুশিল্পের মূল স্রোতধারার শিল্পী। তারপরও এই যূথবদ্ধতার শক্তি অনেক। সাঁকো ও প্রদর্শনীর উদ্যোক্তাদের অভিনন্দন।