বৃত্তের কর্মশালা ও চিন্তন-ভূমির কর্ষণ

জায়গার নাম নুনগোলা। বগুড়া শহর থেকে কয়েক মাইল দূরে উন্নয়ন সংস্থা ‘নিজেরা করি’র নিজস্ব কমপ্লেক্স। আমরা চলেছি ওখানে ‘বৃত্ত আর্ট ট্রাস্ট’ আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক শিল্পনির্মাণ কর্মশালার সমাপনী আয়োজন দেখতে। নুনগোলা নামটি শুনেই চমৎকৃত ও চমকিত হলাম, নিশ্চয় ওখানে একদা ছিল লবণের গোলা। যেহেতু বৃত্তের কর্মশালা চরিত্রগতভাবে স্থাপনাশিল্প ও স্থানিক উপাদান-কেন্দ্রিক, তাই ভাবলাম লবণ হতে পারে স্থাপনা-শিল্পভাবনার চমৎকার উপাদান এবং শিল্পীরা কেউ কেউ স্থানীয় নামের এ তাৎপর্যকে নিশ্চয় তাঁদের শিল্প-উপস্থাপনে ব্যবহার করার কথা ভেবেছেন। সে-রকম অবশ্য দেখা গেল কেউ ভাবেননি।

তাই বলে সুদূর চট্টগ্রাম থেকে বগুড়া দীর্ঘভ্রমণ নিরর্থক হয়েছে, এমনটি অবশ্যই বলা যাবে না। এরকম সত্যিকারের আন্তর্জাতিক চরিত্রের ও মানের কর্মশালা আয়োজন বাংলাদেশে একমাত্র বৃত্তের পক্ষেই সম্ভব – সেটি তাঁরা আরো একবার সাফল্যের সঙ্গেই প্রমাণ করলেন এবং যে-কোনো আন্তরিক প্রয়াসে সাধ্যমতো যুক্ত থাকাটা কর্তব্য বলেই মনে করি। এগারোজন বিদেশী এবং নয়জন দেশী শিল্পীর সমন্বয়ে একটি নিভৃত স্থানের একান্ত পরিবেশে আয়োজন করা হয়েছে কর্মশালা। ‘নিজেরা করি’-র বগুড়া কমপ্লেক্সটি বলা যেতে পারে এরকম আয়োজনের জন্যে একেবারে আদর্শতম স্থান। একদিকে বৃক্ষ ও জলাধার শোভিত নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ, অন্যদিকে থাকা-খাওয়ার আরামপ্রদ আয়োজন। কাছাকাছিই কামার-কুমোর-তাঁতিপল্লি। অর্থাৎ প্রাকৃতিক উপাদানের পাশাপাশি শিল্পীদের জন্য রয়েছে স্থানীয় কারুশিল্পীদের সঙ্গে যোগসাজশে শিল্পনির্মাণের সুবিধা। শিল্পীদের কেউ কেউ যে সুযোগগুলো কাজে লাগাননি তা নয়, তবে হয়তো আরো তাৎপর্যময়ভাবে এসবের প্রয়োগ সম্ভব ছিল। সেটি যে ঘটেনি, তার অন্যতম কারণ সম্ভবত সময়ের স্বল্পতা। একটি ভাবনার বিকাশ, তার ত্রিমাত্রিক রূপভাবন এবং সেটির বাস্তব রূপায়ণের জন্য দশদিন যথেষ্ট সময় নয় বলে মনে হয়। ভবিষ্যতে উদ্যোক্তারা বিষয়টি নিয়ে ভাববেন আশা করা যায়।

সাম্প্রতিক শিল্পভাবনায় ইনস্টলেশন বা স্থাপনাশিল্প একটি তাৎপর্যময় উপস্থাপনরীতি। এটি একই সঙ্গে দৃশ্যশিল্পের ঐতিহ্যগতঅভিজাততান্ত্রিকতা, মুষ্ঠিমেয়র মনোরঞ্জন ও অধিগত হওয়ার ঐতিহাসিকতা, শিল্পের অবিনাশত্ব ইত্যাদি ধারণাকে যেমন প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়, তেমনি এর উপাদানের কৌলীন্য ও তাদের ব্যবহারের শুদ্ধতা, আবদ্ধ কক্ষের দেয়ালে বা নির্দিষ্ট পরিসরে কৃত্রিম আলোয় প্রদর্শনের দীর্ঘলালিত ঐতিহ্য ইত্যাকার চারিত্রিক নিয়মাবলিকেও চ্যালেঞ্জ জানায়। স্থাপনাশিল্পের প্রধান চারিত্র্যলক্ষণ এর ইমেজ বা চেহারার চেয়েও এর ‘কনসেপ্ট’ বা পেছনের ভাবনার গুরুত্ব এবং উন্মুক্ত পরিসরে প্রাকৃতিক আলোয় অবস্থান ও এর অস্তিত্বের বিনাশশীলতা। এর সঙ্গে যখন যুক্ত হয় একটি কর্মশালার নির্দিষ্ট স্থান ও পরিবেশ, তার জনসংস্কৃতি, ব্যবহার্য বস্তু ও লোককলার উপাদানসমূহ এবং সেইসঙ্গে একটি আন্তর্জাতিক পরিমণ্ডলে পারস্পরিক ভাববিনিময়ের সুযোগ তখন তার সম্মিলিত ফলাফল বিরাট সম্ভাবনা ও প্রত্যাশার জন্ম দিতে পারে। বৃত্ত-কর্মশালা সে-সম্ভাবনা ও প্রত্যাশা কতটুকু পূরণ করতে পেরেছে, সে-প্রশ্ন অনেকের মনে উদয় হতেই পারে।

প্রথমত যে-দেশটিতে সংস্কৃতিক্ষেত্রে আন্তর্জাতিক পরিমাপে প্রায় কিছুই ঘটে না, সেখানে নিজেদের সীমিত সামর্থ্যে এতবড় একটি আয়োজন যথাযথভাবে সম্পন্ন করাই তো একটি বিরাট ইতিবাচক ও প্রশংসাযোগ্য কাজ। আর অর্জন? সেটিও নেহাত কম নয়। এ আয়োজনের যেটি প্রশংসনীয় দিক, সেটি হলো, বিশাল কর্মযজ্ঞটি অত্যন্ত সুচারুভাবে সম্পাদন করা। রাজনৈতিক উত্তেজনা ও হরতালের অনিশ্চয়তার মধ্যে দেশী-বিদেশী শিল্পীদের ঢাকায় জড়ো করা, গন্তব্যে পৌঁছানো, থাকা-খাওয়ার ব্যবস্থা, শিল্প-উপকরণ ও যন্ত্রপাতির সরবরাহ, কর্মসহকারী ও যানবাহনের জোগাড়, ডক্যুমেন্টেশনের ব্যবস্থা – এসব তো ছিলই, এর ওপর সমাপ্তি-দিনে ঢাকা ও রাজশাহী থেকে শিল্পী ও শিক্ষার্থীদের আসা-যাওয়ার ও মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন উদ্যোক্তারা। কর্মশালা সমাপ্ত হওয়ার পর রাজধানীর অলিয়ঁস ফ্রঁসেজে ছিল এর উপস্থাপনপর্ব। মুষ্টিমেয় কয়েকজন তরুণ শিল্পকর্মীর উদ্যোগে এমন একটি বিপুল কর্মযজ্ঞের সফল বাস্তবায়ন অবশ্যই শ্লাঘার বিষয়।

দেশী ও বিদেশী শিল্পীরা বিভিন্নভাবে তাঁদের শিল্পকর্ম নির্মাণ ও উপস্থাপন করেছেন। অধিকাংশই স্থাপনাধর্মী ‘নির্মাণ’ করলেও কেউ কেউ পারফরমেন্স ও ভিডিও-মাধ্যমেও কাজ করেছেন। প্রচলিত দ্বিমাত্রিক প্রকাশমাধ্যম, যথা – চিত্রকলা, আলোকচিত্র ইত্যাদির সহায়তাও নিয়েছেন কেউ কেউ। বিগত কর্মশালার তুলনায় এবারে অধিকতর বৈচিত্র্য ও কর্মপরিধি লক্ষ করা গেছে, তবে ‘কনসেপ্চুয়াল আর্ট’ বা চিন্তনধর্মী শিল্পের মূল ভাবনাকাঠামো সম্পর্কে উপলব্ধি বেড়েছে – এমন কথা বোধহয় বলা যাবে না। কর্মশালা ঘুরে এটি অনুমান করা যায় যে, ইনস্টলেশন বা স্থাপনা এবং ডেকোরেশন পিস বা অলংকৃতি যে এক বস্তু নয়, এটি এখনো অনেক শিল্পী বুঝে উঠতে পারেননি। ফলে যে-কোনো সৃষ্ট বা সংগৃহীত বস্তুসমুদয়ের একত্রীকরণ এবং উন্মুক্ত পরিসরে স্থাপনকেই এঁরা ইনস্টলেশন হিসেবে মনে করেছেন। পারফরমেন্সের ক্ষেত্রে একই ব্যাপার আরো ব্যাপকভাবে ঘটছে। ভিজুয়াল আর্টিস্টের পারফরমেন্স ও পারফরমিং আর্টিস্টের অভিনয় যে এক জিনিস নয়, বেশির ভাগ পারফরমার সেটি ধরতে পারেননি। ফলে এগুলো এক ধরনের ‘স্পেক্টেক্ল’ হয়েছে, সমসাময়িক ভিজুয়াল আর্টে ‘পারফরমেন্স’ বলতে যা বোঝায় তা হয়নি। এ শিল্পপ্রকাশটি যে প্রধানত ‘কনসেপ্শন’ বা ‘আইডিয়া’নির্ভর অর্থাৎ ‘চিন্তনধর্মী’ – সে-ধারণাটি এখনো আমাদের পোক্ত হয়নি। দেখা গেল, বিষয়টি পশ্চিমা শিল্পীদের চেয়েও সমস্যা সৃষ্টি করেছে এ অঞ্চলের শিল্পীদের ক্ষেত্রে, যা হয়তো স্বাভাবিকও। ‘কনসেপ্চুয়াল আর্ট’ ধারণাটি আর যা হোক, পশ্চিম থেকেই তো পাওয়া। এর সঙ্গে ধাতস্থ হতে আমাদের একটু সময় লাগতেই পারে।

তা বলে এ কর্মশালা থেকে উল্লেখযোগ্য সৃষ্টি একেবারেই পাওয়া যায়নি, তা মোটেই নয়। বেশকিছু শিল্পী উল্লেখ করার মতো কাজ করেছেন। দেশী এবং বিদেশী-নির্বিশেষে শিল্পীরা স্থানীয় কারুপণ্য ও ব্যবহার্য বস্তুর সঙ্গে তাঁদের শিল্পনির্মাণকে সম্পৃক্ত করার চেষ্টা করেছেন, এটি একটি অত্যন্ত ইতিবাচক দিক। এ প্রসঙ্গে সর্বাগ্রে উল্লেখ করতে হয় দু ফরাসি শিল্পী স্টেফানি দেকারি ও পিয়ের লরেন্টের নাম। বাঁশের তৈরি মাছ ধরবার সরঞ্জামের সূক্ষ্ম শৈল্পিক পেলবতা দেকারিকে আকৃষ্ট করেছে, অনুপ্রাণিত করেছে সংবেদনশীল আকৃতির নির্মাণ ও রেখাঙ্কনে। একই প্রেরণা থেকে লরেন্ট বানিয়েছেন ‘লাভ বোট’, বাঁশ ও জালের তৈরি স্বপ্নময় প্রেমতরণি। যুক্তরাজ্যের তাবিহা মোসেজ এদেশীয় সূচিশিল্প, বিভিন্ন মোড়কের লেবেল ও কাপড়ের পুঁটলিকে উপস্থাপনের গুণে অর্থময় করে তুলেছেন। একইভাবে নেপালের গোপাল কলাপ্রেমী শ্রেষ্ঠ ভাঙা সানকির টুকরোয় সেলাই ও ড্রয়িংয়ের প্রয়োগে ভিন্ন মাত্রা আনতে পেরেছেন। মিশরের তারেক এল সাজলির মাটি-ঘাস-কাচের স্থাপনা সংবেদনশীল। ভারতের অসীম পুরকায়স্থর স্ট্যাম্প-পোস্টকার্ড-ছবি, তার সঙ্গে ঝোলানো স্থাপনা আকর্ষণীয়, কিন্তু ইমেজের ভিড় খানিকটা পীড়াদায়ক। বাংলাদেশের হামিদুজ্জামান খান মনে হয় সবচেয়ে বেশি কাজ করেছেন, যার মধ্যে নানা মাত্রা ও মানের উদাহরণ দেখা যাবে। তাঁর খড়ের ভাসমান বুদ্ধ ধ্যানের মগ্নতাকে পরিস্ফুট করে, সেই সঙ্গে বুদ্ধের মস্তকহীনতা বর্তমানকালে তাঁর অসহায়তাকেও ইঙ্গিত করে। অলক রায়ও প্রচুর পরিমাণ কাজ করেছেন এবং উপকরণের ব্যবহার ও উপস্থাপনের গুণে তাঁর কাজ বরাবরই চিত্তাকর্ষক। কিন্তু এখানেও স্থাপনাগুলো কতটা দৃষ্টিনন্দন বিন্যাস, কতটা ‘কনসেপ্ট’র মূর্তায়ন, সে-প্রশ্ন থেকেই যায়। আহমেদ নজির ‘কনসেপ্ট’কে প্রাধান্য দিয়ে স্থাপনা ও পারফরমেন্সের সমন্বয় ঘটিয়েছেন। তাঁর কাজ আগ্রহোদ্দীপক, কিন্তু বর্তমানের বিধ্বস্ত মূল্যবোধের সংঘাত-উত্তাল প্রেক্ষাপটে বুদ্ধের অতীন্দ্রিয় ধ্যান-মহিমার ভাবনা কতটা প্রাসঙ্গিক, তাও ভাববার বিষয় বটে। সালেহ মাহমুদের বৃক্ষের পাখা আরো ব্যাপক পরিসরে হলে তার দ্যোতনাটি অনুভবযোগ্য হতো বলে মনে হয়। মাসুম চিশতির ভিডিও-মাধ্যমে কাজটি বরং উল্লেখযোগ্য হিসেবে চিহ্নিত হওয়ার দাবি রাখে।

স্থাপনাকে কনসেপ্টবিহীন শুধুই দৃষ্টিনন্দন বিন্যাস হিসেবে দেখলে ফল কী দাঁড়াতে পারে, ফরিদা ইয়াসমিনের জমির ওপর বিভিন্ন আকৃতির গর্তে বিবিধ রঙের রন্ধন-উপকরণের বিন্যাস তার একটি প্রকৃষ্ট উদাহরণ হতে পারে। এ-বিষয়ে শিল্পীকে প্রশ্ন করলে তিনি সরাসরি জানান এর পেছনে তাঁর কোনো কনসেপ্ট বা ভাবনা নেই, দেখতে ভালো লাগছে তাই করেছেন। অর্থাৎ এ শুধু দৃষ্টিরই খোরাক, যার সঙ্গে ইনস্টলেশন-ধারণার কোনো সম্পর্ক নেই। শ্রীলঙ্কার থিসাথ থোরাদেনিয়ার গোলাপি রিকশা, পাকিস্তানের আবদুল্লাহ সাঈদের পরিচ্ছন্নতা-বিষয়ক আয়োজন, হংকংয়ের আইভি মার মেরি-গো-রাউন্ড স্টাইলে চলমান ধাতুর যন্ত্র, সালাউদ্দিন শ্রাবণের ইউক্যালিপটাস গাছে কোয়ালা সম্পর্কেও দর্শকের এ ধরনের দ্বিধা থেকে যায়। আবু নাসের রবি, জয়দেব রোয়াজা, হামিদুজ্জামান খান প্রমুখের পারফরমেন্স ‘স্পেক্টেক্লে’র বেশি কিছু হয়নি, এর মধ্যে ফরিদা ইয়াসমিন ও রবির পরিচ্ছদদুটি বরং আলাদাভাবে আকর্ষণীয় ছিল। পারফরমেন্স হিসেবে একমাত্র অর্থপূর্ণ মনে হয়েছে মিয়ানমার-শিল্পী মগ সান-উ-র উপস্থাপন।

সফলতা-অসফলতা নিয়ে বৃত্তের এ আয়োজন আমাদের শিল্পজগতে তাৎপর্যময় কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হবে – এ বিশ্বাস আমাদের আছে। সাম্প্রতিক সময়ে শিল্পের জগতে প্রকরণ ও উপস্থাপনের যে-পালাবদল ঘটছে, বৃত্তের নবীন সদস্যরা শুধুমাত্র সে-পরিবর্তনকে নিজেরাই ধারণ করছেন বা তরুণ প্রজন্মকে এর সঙ্গে পরিচিত করাচ্ছেন তা নয়, আন্তর্জাতিক আবহের কর্মশালা আয়োজনের মাধ্যমে বিশ্বশিল্পজগতের সঙ্গে আমাদের শিল্পপ্রচেষ্টার একটি আদান-প্রদানের সুযোগ ঘটিয়ে দিতে সচেষ্ট হয়েছেন – এজন্য তাঁরা অবশ্যই সকল মহলের ধন্যবাদের যোগ্য।