হচ্ছে-হবে

প্রশিক্ষণপ্রশিক্ষণ শব্দের অর্থ শিক্ষা বা শিক্ষণ থেকে কতটা আলাদা, সেটা বিবেচনার বিষয়।

একদা কল্লোল যুগের লেখকেরা সে-কালীন প্রাচীনপন্থী বিখ্যাত মাসিক পত্রিকা প্রবাসীকে তাচ্ছিল্য করে বলত, ‘প্রকৃষ্টরূপে বাসি’। সেই কায়দায় প্রশিক্ষণকে হয়তো বলা হয় ‘প্রকৃষ্টরূপে শিক্ষণ’।

তবে প্রশিক্ষণ কথাটায় জোর বেশি। গাম্ভীর্য আছে।

সেলাই দিদিমণি এখনো সীবন-প্রশিক্ষিকা হয়ে ওঠেননি, একথা যাঁরা ভাবেন তাঁরা যে-কোনো উচ্চ বালিকা বিদ্যালয়, যেখানে বাংলায় লেখাপড়া হয়, সেখানে দেখবেন ক্রীড়া-প্রশিক্ষকের পাশাপাশি সীবন-প্রশিক্ষিকা রয়েছেন। একালের শিক্ষণ-ব্যবস্থায় কবি জয় গোস্বামীর সেলাই দিদিমণি কবে নিঃশব্দে অন্তর্হিতা হয়েছেন।

শিক্ষা যেখানে শেষ হয় সেখানেই প্রশিক্ষণ শুরু। তবে সে-প্রশিক্ষণ কতটা কার্যকর হয়, সেটা বলা কঠিন। বিশেষ করে প্রশিক্ষকদের সম্পর্কে বাজারে যেসব গল্প আছে সেগুলো মোটেই রম্য নয়।

একটা গল্প লিখেছিলেন শিবরাম চক্রবর্তী। মূল গল্পটা বোধহয় স্টেফান লিককের রচনায় ছিল, অবশ্য মার্ক টোয়েনও হতে পারে, অথবা জেমস থার্বার। হাজার হাজার পৃষ্ঠা হাসির রচনা লিখে এবং পড়ে এখন আমি সব ঘুলিয়ে ফেলেছি। এইতো সেদিন এক সাহিত্যবাসরে গিয়েছিলাম। তখন একটা ছোটগল্প পড়া হচ্ছে। গল্পটা চেনা। পড়া শেষ হতে আমি বললাম, ‘মনে হচ্ছে, অনেকদিন আগে কোথায় যেন আমি এরকম একটা গল্প পড়েছিলাম।’

সবাই সমস্বরে হা-হা করে উঠল, ‘সে কী মশাই! এ তো আপনারই লেখা গল্প পড়া হচ্ছিল।’

সে যা হোক, শিবরাম চক্রবর্তীর গল্পটা বলি।

সাঁতার প্রশিক্ষণকেন্দ্রে সাঁতারের প্রশিক্ষক নবীন সাঁতারুদের সাঁতার শেখাচ্ছিলেন। জলাশয়ের পাড়ে দাঁড়িয়ে তিনি একের পর এক নির্দেশ দিয়ে যাচ্ছিলেন, ‘আর একটু কাত হয়ে’, ‘আর একটু গলা উঁচু করে’, ‘পিঠ নামিয়ে, আরেকটু পিঠ নামিয়ে’, ‘পা আরও জোরে চলবে’ – ইত্যাদি ইত্যাদি।

নির্দেশ দিতে দিতে তিনি উত্তেজিত হয়ে পড়েছিলেন, ‘এবার চট করে বাঁ-দিকে কাত হয়ে ঘুরে যেতে হবে’ – এরকম কিছু বলতে গিয়ে সাঁতার-শিক্ষক জলে পড়ে গেলেন। শুধু জলে পড়ে গেলেন তা-ই নয়, জলে পড়ে হাবুডুবু খেতে লাগলেন। সাঁতার জানা তো দূরস্থান, তিনি জলে কোনোদিন নামেননি। মিথ্যে যোগ্যতা দেখিয়ে প্রশিক্ষক হয়েছেন। ছাত্রেরা তাঁকে জল থেকে না তুললে সেদিন তাঁর মৃত্যু ছিল অনিবার্য। তাঁর পেট টিপে এক কলসি জল বের করার পর অদমিত সেই ভদ্রলোক বললেন, ‘শুধু শুধু তোমরা আমাকে জল থেকে তুললে। একটা নতুন ট্রিক দেখাতে যাচ্ছিলাম, সবাই মিলে এমন টানাটানি করলে!’

সম্প্রতি ইন্টারনেটে অনুরূপ একটা সত্য ঘটনার কথা জানা গেছে। গল্পটি জার্মান দেশের।

রাজপথে এক ব্যক্তি গাড়ি চালাতে গিয়ে বেসামালভাবে ধাক্কা মারে। যথারীতি পুলিশ আসে। এসে তাঁর ড্রাইভিং লাইসেন্স দেখতে চায়। দেখা যায়, ভদ্রলোকের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই।

‘আপনি কী করেন’ – এ-প্রশ্ন পুলিশ করায় ভদ্রলোক বলেন, ‘আমি ড্রাইভিং প্রশিক্ষক অর্থাৎ লোকদের ড্রাইভিং শেখাই।’

তখন খোঁজ নিয়ে জানা যায়, চার দশক আগে ভদ্রলোক একবার গাড়ি চালানোর লাইসেন্সের জন্যে ড্রাইভিং পরীক্ষায় ফেল করেন। সেই সময় থেকে তিনি আর অন্য কিছু করেননি, ভালো করে ড্রাইভিং শিখতে গিয়ে নিজেই প্রশিক্ষক হয়ে যান।