আত্মজীবনী না স্মৃতিচিত্র

Living to Tell the Tale

GABRIEL GARCIA MARQUEZ

Alfred A. Knopf,

New York, 2003

$ 6.95

ঠিকঠাক মনে নেই, কে একজন লেখক যেন বলেছিলেন, একজন ঔপন্যাসিককে সারাজীবন তার নিজের জীবনকে উলটেপালটে লিখতে হয়, জীবনভর একজন কথাশিল্পী নিজের জীবনকেই লেখেন। কথাটি সম্পূর্ণ সত্য নাও হতে পারে সব লেখকের ক্ষেত্রে, আবার হতেও পারে আংশিক সত্য; তবে জীবনের বাইরেও যে বিশাল ও বিচিত্র জীবন, সেসব কথাও লেখেন একজন বড়মাপের লেখক। আসলে ব্যাপারটা হলো ক্ষমতার, লেখার ক্ষমতা, গদ্যের ক্ষমতা; আর সেই সঙ্গে যোগ হয় পর্যবেক্ষণ, জীবনবোধ, জীবনবেদ – এ সবকিছু। যার যত অভিজ্ঞতা, ঘুরেঘুরে এই বিচিত্র পৃথিবীকে ও মানুষজন, বিভিন্ন গোষ্ঠীর, বিভিন্ন সভ্যতা-সংস্কৃতির দেখবার ও উপলব্ধি করবার অভিজ্ঞতা রয়েছে, সেই লেখকই উপহার দেন কালজয়ী হৃদয়স্পর্শ করা সব বিচিত্র জীবনালেখ্য – মানুষের জীবন ও তার গল্পগাথা। কথাগুলো মার্কেসের সম্প্রতি প্রকাশিত লিভিং টু টেল দ্য টেইল গ্রন্থটি পাঠ করার সময় মনে পড়ছিল। লাতিন আমেরিকার কলোম্বিয়ার লেখক মার্কেসের আত্মজীবনীমূলক রচনার প্রথম খণ্ড এই সময়কার একটি ব্যতিক্রমী প্রকাশনা। মূল স্প্যানিশ ভাষায় রচিত এই ৪৮৪ পৃষ্ঠার বিশাল অথচ চমৎকার গ্রন্থটি আমি পড়েছি ইংরেজি অনুবাদে। যিনি মূল স্প্যানিশ থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন তিনি একজন পেশাদার অনুবাদক এবং মার্কেসের অধিকাংশ উপন্যাস এই এডিথ গ্রসম্যান অনুবাদ করেছেন। স্প্যানিশ-জানা আমার এক সহকর্মী ও শিল্পসহযাত্রী বন্ধু, যিনি স্প্যানিশ ভাষায় মার্কেসের অনেক লেখা পড়েছেন, অনুবাদের মান এবং ইংরেজি অনুবাদ কতটা বিশ্বস্ত ও সাবলীল হয়েছে সে-সম্পর্কে তার মতামত ব্যক্ত করার জন্য অনুরোধ করলে তিনি যা বললেন তা আমারও মত। তিনি বললেন, ইংরেজি রূপান্তর এত সাবলীল ও বিশ্বস্ত হয়েছে যে, মার্কেসের সাহিত্যের প্রতি গভীর অনুরাগ, পড়াশোনা এবং উপরন্তু স্প্যানিশ ও ইংরেজি দুভাষার সাহিত্যের ওপর ব্যাপক দখল না থাকলে এত হৃদয়গ্রাহী স্বচ্ছ অনুবাদ সম্ভব নয়।

আমি এ পর্যন্ত যে-কটা উপন্যাস পড়েছি এডিথ গ্রসম্যানের অনুবাদে, তাতে আড়ষ্টতা লক্ষ করিনি, মনে হয়েছে মূল উপন্যাস পড়ছি। এতটা সাবলীল, এতটা হৃদয়গ্রাহী, তরতর করে গদ্য এগিয়ে যাচ্ছে, কোনোরকম ঠোকর খেতে হয় না, শুরু করলে শেষ না করা পর্যন্ত নিস্তার নেই। এটি শুধু ঔপন্যাসিকের কাহিনীর ও গদ্যের

মুনশিয়ানা বললে সঠিক বলা হবে না, অনুবাদকের জোরালো ভূমিকাও রয়েছে এতে।

স্প্যানিশ ভাষায় ভিভির পারা কর্ন্তালা, যার ইংরেজি রূপান্তরে লিভিং টু টেল দ্য টেইল, বাংলায় অনুবাদ করলে ‘জীবনের গল্পবলার জন্যই জীবনযাপন’ অথবা আরো সংক্ষেপিত করলে বেশি ছন্দময় মনে হবে, ‘জীবনের গল্পবলা’ ইত্যাকার অনেক নামেই গ্রন্থটিকে নামকরণ করা যায়। স্প্যানিশ ভাষায় ভিভির/ বিবির পারা কর্ন্তালা বেশি গীতল, বেশ ছন্দময়, ইংরেজি বা বাংলায় হয়তো-বা তা আসে না, তবুও কানে শুনতে খারাপ লাগে না। কবিতার অনুবাদে শব্দ ও শব্দধ্বনী বিশেষ মনোযোগ দাবি করে, উপন্যাসের গদ্যে নয়। অনুবাদক এডিথ গ্রসম্যান একটি কঠিন কাজ অত্যন্ত সহজভাবে করেছেন; এটি সম্ভবত সহজ হয়েছে এই কারণে যে, তিনি মার্কেসের মতো একই সংস্কৃতি, দেশ ও ভাষার উত্তরসূরি।

মার্কেস উৎসর্গের পৃষ্ঠায় দুটো চমৎকার বাক্য পাঠকদের উপহার দিয়েছেন, বাক্যদুটোর ভেতর দিয়ে গ্রন্থটির মূল থিসিস বা মূল প্রতিপাদ্য বিষয় স্পষ্ট হয়। তিনি যা লিখেছেন, তার বাংলা ভাষান্তর দাঁড়ায় এরকম – ‘জীবন তা নয় যা একজন উদযাপন করে, কিন্তু সেটাই জীবন যা একজন স্মরণ করে স্মৃতি থেকে যাতে অন্যকে শোনানো যায়।’

৪৮৪ পৃষ্ঠার এই বিশাল গ্রন্থটিকে ৮টি অধ্যায়ে বিভক্ত করে নিয়েছেন লেখক, কিন্তু কোনো অধ্যায়ের শিরোনাম দেননি। বার্ট্রান্ড রাসেলের আত্মজীবনী, কিংবা খ্রিষ্টান বংশোদ্ভূত প্যালেস্টাইনি ওরিয়েন্টালিজম গ্রন্থের খ্যাতিমান লেখক এডওয়ার্ড সাঈদের আত্মজীবনী আউট অব প্লেস কিংবা ভি.এস. নাইপলের হাফ এ লাইফ, কিংবা বাংলাদেশের কবি শামসুর রাহমানের কালের ধুলোয় ভেলা, ড. আনিসুজ্জামানের নিরবধিকাল, সুনীল গঙ্গোপাধ্যায়ের অর্ধেক জীবন যে-অর্থে আত্মজীবনী, মার্কেসের গ্রন্থটি সে-অর্থে আত্মজীবনী বললে তাঁর সমগ্র প্রয়াসকে খাটো করা হয়।

তিনি ছকে-বাঁধা আত্মজীবনী লেখেননি, তিনি স্মৃতিচিত্র এঁকেছেন। প্রথম বাক্যটি হৃদয়ে নাড়া দেয় : ¸ mother asked me to go with her to sell the house. তিনি উপন্যাসের মতো সহজ-সাবলীল কথোপকথনের ঢঙে গল্প বলা, হ্যাঁ, গল্প নয়তো কী, শুরু করেন বাক্যবন্ধ এবং শেষ করেন একটি উৎকণ্ঠা ও অনুসন্ধিৎসার ভেতর। পরবর্তী অধ্যায় সংগত কারণেই টেনে নেয়। এই অধ্যায়টিতে তার মায়ের পৈতৃক সম্পত্তি বিক্রি করার প্রসঙ্গ এনে বন্ধু আলফনসো ফুয়েনমেয়বের সঙ্গে পত্রিকা-প্রকাশনার বেদনার্ত ও কষ্টকর বিষয়টি এনেছেন। দাদার কথা এসেছে, যিনি দুবার মেয়র নির্বাচিত হয়েছিলেন, যার টাকা-পয়সা সম্পর্কে অদ্ভুত ধ্যান-ধারণা ছিল, জীবন সম্পর্কে ছিল এক ভিন্ন দর্শন। এভাবে অসংখ্যসব চরিত্র ভিড় করেছে একেকটি অধ্যায়ে, যেমনি তাঁর উপন্যাসে ঘটে থাকে। তাঁর উপন্যাস আর এই স্মৃতিচিত্র আলাদা করে একটি সরলরেখা টেনে বিভাজন করা যায় না।

প্রশ্ন উঠতে পারে, কিংবা বিদগ্ধ পাঠক এরকম কৌতূহলে বিব্রত হতে পারেন যে, মার্কেস কি স্মৃতিকাতর, তাঁর কি নস্টালজিয়ার ভেতর অধিবাস? উত্তর স্বয়ং মার্কেস দিয়েছেন : Nostalgia, as always, had wiped away bad memories and magnified the good ones. আসলে ‘নস্টালজিয়া’ খারাপ স্মৃতিগুলো ধরে রাখে না, বরং সুখের স্মৃতিগুলোকে বাক্সময় করে তোলে; আমরা তখন পেছনের দিকে ফিরে তাকাই ‘Look back in anger; (আমেরিকার নাট্যকার যেভাবে বলেন) নিয়ে নয়। স্মৃতি তখন অতীত-বর্তমান-ভবিষ্যৎ হয়ে চূর্ণবিচূর্ণ হয়, আমাদের উদ্দীপিত করে, সমালোচকরা তখন নতুন গাড়ির ব্র্যান্ড নেইমের মতো নতুন শব্দবন্ধ লেখেন ‘জাদু

বাস্তবতা’ বা magic realism. কিন্তু মজার ব্যাপার এই দীর্ঘগ্রন্থের কোথাও মার্কেস জাদুবাস্তবতা-বিষয়ে কিছুই বলেন না, এক ধরনের নির্লিপ্ততা পালন করেন। কেন এই নিরাসক্তি, তা পাঠককে কিছুটা হলেও স্পর্শ করে, প্রশ্নবিদ্ধ করে। কিন্তু পাঠক তো সমালোচকও, কিন্তু লেখক নন। এই জবানবন্দি লেখক মার্কেসকে কাঠগড়ায় দাঁড় করায়।

লুইস কারমেলো করিয়া, যিনি ছিলেন মার্কেসের সবচেয়ে পুরনো ও প্রিয় বন্ধু, তাঁর সঙ্গে জীবনের যে-ঘটনাবহুল সময় উদযাপন করেছেন, আমাদের এখানকার কিংবা সুনীল-শক্তিদের ষাট দশকের বেপরোয়া জীবনযাপনের কথা স্মরণ করিয়ে দেয়।

১১ জুন, ১৯২৬ সালে মার্কেসের পিতামাতা সান্তামার্থা ক্যাথিড্রেলে চল্লিশ মিনিট বিলম্বে পৌঁছে বিবাহকার্য সম্পাদন করেন। এই দেরির কারণ বর বিয়ের দিনক্ষণ-তারিখ ভুলে গিয়েছিলেন। এরকম অনেক মজার মজার তথ্য, ঘটনা, কৌতূহলময় স্মৃতিচিত্র পাঠককে আনন্দে উদ্বেলিত করবে।

মার্কেসের দাদার স্মৃতি তাঁর দু-একটি উপন্যাসের উৎস। কেউ কর্নেলকে লেখে না (ঘড়নড়ফু ৎিরঃবং ঃড় পড়ষড়হবষ) প্রসঙ্গত উল্লেখযোগ্য। দাদার সঙ্গে সকাল থেকে মধ্যরাত অবধি দীর্ঘদিবস দীর্ঘরজনী কেটেছে।

আরাকাটাকা অঞ্চলটি, যেখানে মার্কেসের শৈশব কেটেছে, এই স্মৃতিগ্রন্থে এসেছে এবং দোদীপ্যমান হয়ে আছে। যেমনটি ডাবলিনার গল্পগ্রন্থে জেমস্ জয়েসের হয়েছে।

নারী-পুরুষের সম্পর্ক, জীবনের সংকট ও দ্বন্দ্বমুখর সময়-উদযাপন কখনো কখনো পোলিশ ঔপন্যাসিক আলরেয়ার কামুর কথা, তাঁর উপন্যাস অসবৎরপধ, ঃযব ভধষষ ইত্যাদি স্মরণে আনে। আবার এও মনে হয়, কামুর চেয়ে ডি. এইচ. লরেন্স ও তাঁর উপন্যাসগুলো ডড়সবহ রহ ষড়াব, ঝড়হং ধহফ খড়াবৎং, চবধপড়পশ অনেক বেশি আত্মার আত্মীয়। বিশেষ করে জীবনকে দেখার ও দেখানোর ব্যাপারটি যখন এসে যায়। জীবনবেদ যখন জীবনকে আলিঙ্গন করে, পাওয়া না-পাওয়ার যোগফল যখন প্রকট হয়ে ওঠে, রূঢ় বাস্তব যখন জীবনের দরোজায় কড়া নাড়ে।

স্মৃতিগ্রন্থ থেকে কোনোকিছুই যেন বাদ পড়েনি। মার্কেসের প্রিয়তম বোন মার্গটের কথাও এসেছে, তার

অন্তর্মুখীনতা, স্কুলে একা একা সময়যাপন ইত্যাকার ছোট ছোট কিন্তু একটি চরিত্র-নির্মাণে খুব জরুরি কাঁচামাল – সবকিছুই তিনি এনেছেন এবং চমৎকার গদ্য দিয়ে এঁকেছেন ছবি, ছবির পরে ছবি, স্মৃতিচিত্র; স্মৃতিময়তার কুয়াশায় আচ্ছন্ন নয়, বরং নস্টালজিক মায়াময়তায় মহিমান্বিত, প্রখর রৌদ্রোজ্জ্বল। হৃদয়ে স্পর্শ করে, ছবিটি ভেসে ওঠে এবং এসব কারণেই আত্মজীবনীর মতো একটি ছকে আঁকা কাঠামোতে এই গ্রন্থটিকে ফেলা যায় না।

ঊষ টহরাবৎংধষ পত্রিকার প্রধান সম্পাদক ক্লিমেন্টি ম্যানুয়েল যাবালা তাঁকে একদল সাংবাদিক-লেখক-শিল্পীর সমন্বয়ে গঠিত ‘বারাংকুইলা গ্রুপে’ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুমোদন করেন এবং সেখানে পত্রিকায় তাঁর চাকরি হয়ে যায়। জীবনের প্রথম সম্পাদকীয় লেখাটি সেখানে লেখেন।

এই স্মৃতিচিত্রটি একজন লেখকের বেড়ে ওঠা, একজন ঔপন্যাসিকের অভ্যুদয়ের কাহিনী শুধু নয়, তাঁর বন্ধু-বান্ধবী, তার প্রেম-অপ্রেম, তাঁর চাকরি পাওয়া-না-পাওয়া, জীবনের সফলতা ও ব্যর্থতার পাশাপাশি শেষ বিকেলের এক টুকরো ম্লান রোদের মতো মানুষের জীবনের অর্থময়তা – এ সবকিছু নিয়ে লেখা।

তৃতীয় অধ্যায় এসে আমরা তাঁর বুড়ো দাদার মৃত্যুসংবাদটি পেয়ে ব্যথিত হই। আরাকাটাকা আবার দেদীপ্যমান হয়ে ওঠে, তখন তা আর একটি অঞ্চল থাকে না, একটি প্রতীক হয়ে ওঠে, একটি চরিত্র হয়ে ওঠে; যেমনটি হয় কবি লোরকার ‘যিমা জংশন’, যেমনটি হয় অন্যান্য লেখকদের একেকটি প্রিয় শহর, প্রিয় অঞ্চল।

চতুর্থ অধ্যায়ে বগোটা শহরটি উদ্ভাসিত হয়ে ওঠে প্রসঙ্গত কয়েকটি টুকরো টুকরো ঘটনার পারস্পরিক গ্রন্থনার ভেতর দিয়ে; বেশকিছু চরিত্র, ঘটনা এসেছে এখানে এবং দু-একটি বাক্যের আঁচড়ে চরিত্রগুলো মুখর হয়ে ওঠে, উজ্জ্বল হয়ে ওঠে।

পঞ্চম অধ্যায় মার্কেসের সাহিত্যজীবনের কথকতা। এই সময় তিনি গ্রাজুয়েট ডিগ্রি অর্জন করেছেন, জীবনের প্রথম গল্পটি ছাপা হয়েছে এল এসপেক্টেডর (ঊষ ঊংঢ়বপঃধফড়ৎ) পত্রিকায়, ফিন ডি সিমানা সাহিত্য-সাময়িকীতে; বিয়াল্লিশ দিন পর দ্বিতীয় গল্পটি ছাপা হয় – এবং এরপর আর মার্কেসকে পেছন ফিরে তাকাতে হয়নি, উত্তরোত্তর তিনি এগিয়ে গেছেন। কিন্তু অবিচ্ছিন্ন সুখ ও সম্পদের অধিকারী তিনি কস্মিনকালে কখনো কোনোদিন হননি। হয়তো এটিই তাঁর ভবিতব্য। হয়তো সব সৃষ্টিশীল লেখকের জীবনে এরকমটি ঘটে থাকে। কিংবা এও হতে পারে, লাতিন আমেরিকান সাহিত্যের কিংবদন্তি লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের রক্তে প্রতিবাদ ছিল, সমঝোতা তিনি জানতেন না, তথাকথিত এস্টাবলিশমেন্টের কাছে সমসাময়িক লেখকদের মতো তিনি মাথানত করতে শেখেননি; ‘অন্য এক বোধ’ তাঁর রক্তে বসবাস করত। তিনি জীবনের ক্ষণস্থায়ী সুখের কাছে নিজেকে সমর্পণ করেননি।

পত্রিকা-সম্পাদকের সঙ্গে নীতির প্রশ্নে বনিবনা হয়নি, তিনি পথে নেমে এসেছেন। ফিরে গেছেন মেসজীবনে, পাশের কক্ষে বারবনিতার বসবাস, তার দেওয়া সাবান ব্যবহার করেছেন দ্বিধাহীন চিত্তে; এরকম নৈর্ব্যক্তিক জীবনধারা লাতিন আমেরিকার সাহিত্যের ইতিহাসে কেবল নয়, সমস্ত বিশ্ব-ইতিহাসে বিরল।

কাফকা ছিলেন তাঁর প্রিয় লেখক। কাফকার কালজয়ী গল্প ‘মেটামরফসিস’ পড়ে তিনি চমকে ওঠেন এবং এই ধারার বেশ কটি গল্প লেখেন। অধিকাংশ গল্পের পটভূমি তাঁর স্বপ্নের ভেতর থেকে নেওয়া। পরে লেখার নোটবইয়ে টুকে রাখতেন, বেশ কিছুদিন পর গল্পে রূপায়ণ করতেন। নিঃসন্দেহে গল্পকারদের জন্য বিশেষ আনন্দদায়ক ও কৌতূহলময় পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় দুটি।

৫ জানুয়ারি ১৯৫০ সাল মার্কেসের জীবনের একটি স্মরণীয় দিন। বারাংকুইলা থেকে প্রকাশিত ঊষ ঐবৎধষফড় পত্রিকায় প্রথম কলাম লেখা শুরু করেন, ছদ্মনাম নেন সেপ্টিমাস, ভার্জিনিয়ার উল্ফের মিসেস ডলোওয়ে উপন্যাসের একটি চরিত্রের নাম থেকে। তিনি জেমস্ জয়েস, ফকনার, গ্রিকসাহিত্য, বিভিন্ন দেশের সাহিত্য পড়তেন। পড়া-বিষয়ে তাঁর কোনো ছুতব্যারাম ছিল না। তাঁর কোনো পক্ষপাতিত্ব ছিল না। তাঁর ছিল নিজস্ব এক পাঠাগার – যেখানে

দস্তয়ভস্কি, শেক্সপিয়র থেকে শুরু করে বিশ্বের চিরায়ত সাহিত্যের পাশাপাশি সাম্প্রতিক ধারার সাহিত্যের সার্থক সহবাস লক্ষ করার মতো।

শেষ অধ্যায়, অর্থাৎ অষ্টম অধ্যায়টি প্রকাশক ও সম্পাদক বন্ধুদের স্মৃতিচারণে উজ্জ্বল ও ব্যথিত হয়ে আছে। প্রতিশ্রুতিরক্ষার পাশাপাশি প্রকাশক-সম্পাদকদের প্রতিশ্রুতিভঙ্গের কাহিনী নির্লিপ্তভঙ্গিতে তিনি সংক্ষেপে বয়ান করেছেন। তিনি নিঃসংকোচে একটি কথা উল্লেখ করেছেন : ‘যে-লেখকেরা আমাকে উদ্বেলিত করেছেন তারা উত্তর আমেরিকার ঔপন্যাসিকরা, যাদের বইপুস্তক আমার বন্ধুরা বারাংকুইলা থেকে পাঠাত। আমি যখন একজন নিয়মিত ঔপন্যাসিক হিসেবে সম্পাদকদের কাছে মূল্যবান হয়ে উঠলাম, তখনও আমি নিয়মিত পড়াশোনা করতাম, শুধুমাত্র আনন্দের জন্য নয়; পড়াটা ছিল আমার কাছে এক ধরনের জ্ঞানচর্চা এবং আমার অপার কৌতূহল ছিল কীভাবে এইসব বড়মাপের জ্ঞানী লেখকেরা লেখেন।’

গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস সারাজীবনে সর্বমোট ২২টি গ্রন্থ লিখেছেন, সবগুলোই প্রায় উপন্যাস। তাঁর One Hundred Years of Solitude কালজয়ী উপন্যাসটির জন্য ১৯৮২ সালে নোবেল পুরস্কার পান।

আমাদের সময়কার সবচেয়ে কাক্সিক্ষত, বহুলপঠিত ও জনপ্রিয় এই আন্তর্জাতিক লেখক তাঁর তিনখণ্ডের আত্মজীবনী, যাকে স্মৃতিচিত্র বলে বিবেচনা করলে তাঁর প্রতি সুবিচার করা হয়, মাত্র প্রথম খণ্ডটি প্রকাশিত হয়ে সারাবিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে, বেস্টসেলার বলে নির্বাচিত হয়েছে। প্রথম খণ্ডটি তাঁর ১৯২৭ থেকে ১৯৫০ সাল

পরিধির যে-ঘটনাবহুল জীবন তিনি অতিবাহিত করেছেন, তারই চালচিত্র, স্মৃতিচিত্র। গ্রন্থটিকে আত্মজীবনী না বলে ‘মেমোরার্স’ বললে ভালো হয়, লেখকের সঠিক মূল্যায়ন করা হয়।