খোয়াবনামার লোকজীবন ও লোকচেতনা

আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা একটি বিশেষ সময়ের বিশেষ অঞ্চলের বিশাল ক্যানভাসে লোকজীবনের বাস্তবচিত্র। খোয়াবনামার প্লট তৈরি হয় তেভাগা ও পাকিস্তান-আন্দোলনের বিশেষ সময়ের প্রেক্ষাপটে। যে-সময়ের ভেতরে ডুবে থাকা লোকজীবন ও লোকচেতনার গতি-প্রকৃতির মনোগত বিশ্লেষণের মাধ্যমে একটি সত্যকে টেনে বের করা হয়। যে-সত্য ইতিহাসের সঙ্গে মিলে যায়, যে-ইতিহাসের ফসিল নিগৃহীত লোকজীবনের জীর্ণ আঁস্তাকুড়ে যুগের পর যুগ ধরে বেঁচে থাকে ‘মিথ’ হয়ে।

এখানে মিথের উপাদান হিসেবে বিশিষ্টতা পায়, কাৎলাহার বিল, বিলের উত্তর সিথানে পাকুড় গাছের মুনসি, বিলের গজার মাছ, গজার মাছের বেড়া হওয়া, বিলের পানিতে কাৎলা ভাসা, মোষের দিঘি, বাঙালি নদীর কোলে মানাসের ‘দ’, শরাফত মণ্ডলের বাড়ির শিমুল গাছের সাদা বকের ঝাঁক, পোড়াদহ মেলা, মেলার দিন সন্ন্যাসী ভবানী পাঠকের অশরীরী আত্মার উপস্থিতি বা জাগ্রত দেবতায় পরিণত হওয়া, পুজো দান, ইত্যাদি অনুষঙ্গ। ওইসব অনুষঙ্গ একটি বিশেষ অঞ্চলের জনমানুষের জীবনবোধকে নিয়ন্ত্রণ করে একটি লোকবিশ্বাসের ভিত্তির উপর দাঁড়িয়ে। ইলিয়াস মিথকে এইভাবেই আবিষ্কার করেন এবং দেখান যে, মানুষের বিদ্রোহের আর লড়াইয়ের স্মৃতি থেকে যায়, তার অবচেতনার পরতে পরতে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এবং তা বেরিয়ে আসে কখনো মন্ত্র বা গানের শোলক হয়ে, কখনো আঁকিবুকি টানা নকশার ভেতর দিয়ে, আবার কখনো-বা স্বপ্নব্যাখ্যার মধ্য দিয়ে।১

খোয়াবনামায় আমরা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা ঘটনাকে কেন্দ্রীভূত পাই না। বরং এর বহির্কাঠামোতে থাকে দুটি সামাজিক ও রাজনৈতিক আন্দোলন – তেভাগা ও পাকিস্তান-আন্দোলন।২ আর ভেতরে থাকে এ-অঞ্চলের অতি পরিচিত একটি ‘মিথ’, যা লোকসংস্কার হিসেবে ওই অঞ্চলের লোকসমাজের বিশ্বাস ও চৈতন্যকে নিয়ন্ত্রণ করে।

কাৎলাহার বিল এবং আশেপাশের সমগ্র অঞ্চলে যে ‘মিথ’ অদৃশ্য একটি জালের মতো বিস্তৃত থাকে এর কেন্দ্রে অবস্থান করে পাকুড় গাছের মুনসি এবং পোড়াদহ মেলার সন্ন্যাসী। এই ‘মিথের পশ্চাতে যে-ঘটনা, এর প্রত্যক্ষদর্শী মাঝিপাড়া এবং কামারপাড়ার লোকজনের অতীত পুরুষ। মাঝিপাড়ার তমিজের বাপের স্মৃতিতে, ‘কামারপাড়ার দশরত কত পুরানা আমলের মানুষ, তার ঠাকুরদার ঠাকুরদা, নাকি তারও বাপ না ঠাকুরদা এখানে এসেছিল গিরিদের সঙ্গে, একই সময়ে এপার-ওপারে বন কেটে বসত করল তমিজের বাপের দাদা, না তারও দাদার দাদা, নাকি তারও বাপ না দাদা। আর সেই সময়ই এক বিকাল বেলা মজনু শাহের বেশুমার ফকিরের সঙ্গে মহাস্থান কেল্লায় যাবার জন্যে করতোয়ার দিকে ছোটার সময় মুনসি বরকতুল্লা শাহ গোরা সেপাইদের সর্দার টেলরের বন্দুকের গুলিতে মরে পড়ে গিয়েছিল ঘোড়া থেকে। মরার পর সেই গলায় জড়ানো শিকল আর ছাইভস্ম মাখা গতর নিয়ে মাছের নকশা আঁকা লোহার পাটি হাতে সে উঠে বসল কাৎলাহার বিলের উত্তর সিথানে পাকুড় গাছের মাথায়।৩ সেখানে থেকেই বিল শাসন করছে মুনসি। মুনসির ইশারাতেই বিলের আশপাশের সমস্ত ঘটনা নিয়ন্ত্রিত হয়। আমরা এখানে মুনসির পাশাপাশি আরেক নিয়ন্ত্রণকারী শক্তি হিসেবে ভবানী সন্ন্যাসীকে পাই। সেই একই সময়ে কোম্পানির কামানের গোলায় ভবানী পাঠক বা ভবানী সন্ন্যাসী দেহ রাখে নিকটেই মানাস নদীর জলে। যিনি নিজহাতে পোড়াদহ মেলার পত্তন করেন, যে-মেলার দিন সন্ন্যাসীর মূর্তি বানিয়ে পূজা করা হয় এবং যার স্মরণে মহিষের দিঘি বিশিষ্টতা পায়। ফকির এবং সন্ন্যাসীর যুগপৎ ইংরেজবিরোধী তৎপরতার সত্য ঘটনাকে কেন্দ্র করেই এ-অঞ্চলে শতাধিক বছর ধরে একটি শক্তিশালী ‘মিথ’ গড়ে উঠে। আখতারুজ্জামান ইলিয়াস এই মিথকে অবলম্বন করে যে-কাজটি সম্পন্ন করেন, তা ব্যাপক শ্রমসাধ্য এবং শক্তিশালী চিন্তাপ্রসূত কাজ, যার গুরুত্ব একটি জাতির আত্মপরিচয়ের সঙ্গে সম্পর্কিত। কারণ একটি জাতির ঐতিহ্যের ভিত রচনা করে লোকজ মানুষেরা। এ-প্রসঙ্গে প্রখ্যাত চাইনিজ ফোকলোর বিশেষজ্ঞ Zhong Jingwen-এর মন্তব্য প্রণিধানযোগ্য, ‘The ordinary working people of every nation in the world are the creators of the material wealth of society. At the same time, they are the creators of spiritual culture, which ranges from social organi“ation, customs and traditions to medicine, technology, literature and art.’4

দুই

মিথ আদিমসমাজ-সম্পর্কিত একটি বিষয়। অতি প্রাচীনকাল থেকেই মানুষের মাঝে এই প্রবণতা চলে আসছে। একটি সত্য-ঘটনাকে আশ্রয় করে সময়ের প্রাচীনতায় স্মৃতিনির্ভর হয়ে মানুষের বোকামি, অসঙ্গতির সঙ্গে তার চিন্তার ক্রিয়া-প্রতিক্রিয়ায় একটি বিশ্বাসের জন্ম হয়। যে-বিশ্বাস মিথ গড়ে তোলে, যে-মিথ সংস্কারের মাধ্যমে বেঁচে থাকে। আর সংস্কার মূলত লোকের মননে ও চেতনে অবস্থান করে।৫

আদিম মানুষের কাছে তাদের ভাগ্যনিয়ন্ত্রণকারী শক্তি হিসেবে প্রতিষ্ঠা পেয়ে এসেছে জীবজন্তু; পশুপক্ষী, গাছ-পাথর, চন্দ্র-সূর্য, ঝড়-ঝঞ্ঝা ইত্যাদি। প্রাচীনকাল থেকেই ধীরে ধীরে আদিম সংস্কারের সঙ্গে মানুষের ক্রমবিকাশমান সংস্কৃতির মিশ্রণে তাদের ভাগ্যনিয়ন্ত্রণকারী হিসেবে দেবতার শক্তিতে বিশ্বাস এসেছে। যেমন, ফসলের দেবতা, বৃষ্টির দেবতা, প্রেমের দেবতা – এ-ধরনের অসংখ্য দেবতা। দেবতা শুধু যে-কল্যাণকারী তা নয়, অনিষ্টকারীও।৬ দেবতা কোনো কারণে অসন্তুষ্ট হলে তাকে তুষ্ট করতে পূজার প্রচলন হয়। সাধারণ সমাজে বড় দেবতাদের পাশাপাশি ছোট দেবতারাও স্থান করে নেয়। সাধারণ সমাজের ব্রাত্যজনের বিশ্বাস ও সংস্কারে ওইসব ছোট দেবতা অধিষ্ঠিত থাকে। সময়ের প্রাচীনতায় হয়তো দেখা গেল কোনো মহৎ ব্যক্তি মৃত্যুর পর তাদের কর্মোদ্দীপনার উৎস হিসেবে সাধারণ সমাজে দেবতায় পরিণত হয়ে গেল। অতঃপর তাদের এই বিশ্বাস লোক-সংস্কারের মাধ্যমে যুগ যুগ ধরে টিকে থাকল।৭ গোটা ভারতীয় সমাজে এই আদিম সংস্কার খুব প্রবল। ভারতীয় হিন্দুধর্মীয় সমাজ মূলত লোক-সংস্কারের উপর প্রতিষ্ঠিত। এর ভিত এত গভীর যে, হাজার হাজার বছরের এই প্রাচীন সংস্কার আধুনিক একেশ্বরবাদী বিশ্বাসকেও প্রভাবিত করে ফেলে,৮ যে-সংস্কারের বশবর্তী হয়ে মাঝিপাড়ার, কলুপাড়ার এবং মাদারিপাড়ার লোকজন মুসলমান হয়েও কাৎলাহার বিলের উত্তর সিথানে পাকুড় গাছের মুনসি এবং পোড়াদহ মেলার সন্ন্যাসীর জৈবশক্তির উপর বিশ্বাসী হয়। বাঙালি মুসলমান তার এই আদিম বিশ্বাস তার লোকজ ঐতিহ্য থেকেই গ্রহণ করেছে।৯

এ-অঞ্চলে এই বিশ্বাস এত জোরালো যে, জোতদার শরাফত মণ্ডলও বাদ পড়ে না। তার বিশ্বাস বাড়ির সামনের শিমুল গাছের বকের ঝাঁক মুনসির ইশারাতেই এখানে এসেছে এবং তার সৌভাগ্যের দরজা খুলে দিয়েছে, যে-বকের ঝাঁক আগে ছিল কামারপাড়ায়। যে-জন্য মণ্ডলের বর্গাচাষি যুধিষ্ঠির উপরে উড়তে উড়তে দু-একটি বক যখন কামারপাড়ার দিকে চলে যায়, মণ্ডল তখন বিরক্ত হয় এবং যুধিষ্ঠির তুকতাকের সন্দেহে শঙ্কিত হয়। অবশ্য তমিজের বাপ ভাবে অন্য কথা। তার বিশ্বাস বক দু-একটি উড়ে গিয়েছিল সত্য কিন্তু সেগুলো মূলত মণ্ডলের ধানের পরিমাণ দেখতে গিয়েছিল। এই সংস্কারের বদ্ধজাল থেকে মণ্ডলের চাকরিজীবী ছেলে আবদুল আজিজ, আবদুল আজিজের বউ, অপেক্ষাকৃত প্রগতিশীল মুসলিম লীগের উঠতি নেতা আবদুল কাদের (বাইরে সে যত কথাই বলুক), মণ্ডলের প্রথম পক্ষের ও দ্বিতীয় পক্ষের স্ত্রী, মাঝিপাড়ার উঠতি ব্যবসায়ী কালাম মাঝিসহ কেউ বাদ পড়ে না, যে-জন্য এ-অঞ্চলে চেরাগ আলী ফকির, তমিজের বাপ ভিন্ন মর্যাদা পায়, যে-জন্য ভিন্নধর্মী হয়েও বৈকুণ্ঠগিরি চেরাগ আলী ফকির এবং তমিজের বাপকে অতিমানবের পর্যায়ে ফেলে বিচার করে। তেমনি কুলসুমের বিশ্বাসেও এরা অসামান্য। এই অসামান্যতার কারণ – মাঝিরা, কলুরা, চাষিরা, দশরথ, যুধিষ্ঠির, কেষ্টপাল এবং বৈকুণ্ঠরা তো জানেই এমনকী গিরির ডাঙ্গা, নিজগিরির ডাঙ্গা, গোলাবাড়ি, পালপাড়া, রানীরপাড়া, পারানীর পাড়া, আরো দূরে সাবগ্রাম, ছাইহাটার সব মানুষ জানে তমিজের বাপের সঙ্গে চেরাগ আলী ফকিরের মাধ্যমে পাকুড় গাছের মুনসির সরাসরি যোগাযোগের কথা। এখানে, বাঙালির লোকজ মানসে ই. বি. টাইলরের সর্বপ্রাণবাদী চেতনার প্রতিফলন স্পষ্ট: ‘পশু-পাখি, গাছপালা, পাথর-মাটি, সূর্য ও চন্দ্র ইত্যাদি সবকিছুর মধ্যে আত্মা বিদ্যমান, এই বিশ্বাস রয়েছে সর্বপ্রাণবাদের মূলে।’১০

লোকজ মানুষ তাদের নিজেদের প্রয়োজনে দেব-দেবী, ভূত-প্রেতকে বশে আনার জন্য তুকতাক, জাদু-টোনা, শোলক-মন্ত্র ইত্যাদির আশ্রয় নেয় তা সর্বপ্রাণবাদের চূড়ান্ত রূপ।১১

তিন

কাৎলাহার অঞ্চলের ওইসব লোকজ মানুষের জাগর চৈতন্যের বিষয়, ক্রিয়া-প্রতিক্রিয়াগুলোকে আখতারুজ্জামান ইলিয়াস খোয়াবনামায় নিয়ে এসেছেন জেমস জয়েসের ইউলিসিসে অনুসৃত এবং পরবর্তীকালে বাংলা সাহিত্যের সৈয়দ ওয়ালীউল্লাহ্র চাঁদের অমাবস্যা বা কাঁদো নদী কাঁদোতে অনুসৃত ‘চেতনাপ্রবাহ’ (stream of consciousnees) রীতিকে অবলম্বন করেই। খোয়াবনামার ঘটনাবিন্যাসে তাই প্রচলিত উপন্যাসের কাঠামো অনুসৃত হয় না। এর চরিত্রগুলোর চিন্তার জগতের বিবরণেই উপন্যাসের কাহিনী হয়ে ওঠে এবং উপন্যাসের বিষয় বিকশিত হয়।

বাস্তব ও দৃশ্যজগতের মানুষ মুহূর্তে চিন্তার জগতে চলে যায়। চেতন-অবচেতন মনের ক্রিয়া-প্রতিক্রিয়ায় স্মৃতিতাড়িত হয়ে সে প্রাসঙ্গিক-অপ্রাসঙ্গিক অসংখ্য ঘটনার চিন্তা করে চলে।

আখতারুজ্জামান ইলিয়াস মানুষের এই চেতনাকে কথারূপ দিয়ে একটি ‘মিথ’ এবং মিথে বিশ্বাসী মানুষগুলোর চরিত্রকে মূর্ত করে তোলেন। ওইসব মানুষের চেতনার জগৎকে ইলিয়াস যেভাবে বিশ্লেষণ করেন তাতে ‘ফ্রয়েডিয় মনোবিজ্ঞানে যে-আদিম অতীন্দ্রিয়বাদের রহস্য প্রচ্ছন্নভাবে মিশ্রিত রয়েছে’১২ এরই প্রভাব এখানে সুস্পষ্ট। আবার সেই সঙ্গে সমকালীন সমাজ-রাজনীতির সংঘাতে কাৎলাহার বা খেয়ার অঞ্চলের জনমানুষের জীবনে পরিলক্ষিত হয় ‘অস্তিত্বের সংকট’। ফলে আমরা ইলিয়াসের শিল্পচেতনায় একই সঙ্গে তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায় এবং ওয়ালীউল্লাহ্র শিল্পচেতনার স্পর্শ পাই। তাই ‘ইলিয়াসের লেখায় উত্তরাধিকার হিসেবে এসেছে পূর্বপ্রজন্মের লেখকদের পছন্দের বিষয়াদি যেমন, তেমনি কোনো কোনো দিক থেকে প্রকরণও।’১৩ তবে তিনি এদের সবাইকে আত্মস্থ করে খোয়াবনামায় একটি নতুন জিনিস নির্মাণের প্রয়াস পান।

আধুনিক উপন্যাস মনস্তত্ত্বের উপর জোর দেয় বেশি। আসলে ‘বাস্তবজগতের সম্প্রসারণ থেকেই এসেছে মনস্তাত্ত্বিক উপন্যাসের দিশা।’১৪ মনের ক্রিয়ার একটি দিক হচ্ছে জাগর স্বপ্ন বা স্বপ্নচিন্তা। মানুষের অবদমিত ইচ্ছাগুলো অবচেতন মনে স্থান করে নেয়। সেইসব অবদমিত ইচ্ছাই জাগর স্বপ্নের কারণ। ফ্রয়েডের মতে, রূপকথা মাত্রই লোকস্বপ্ন যা পরে গল্পের আকারে বিবৃত হয়েছে। আর পুরাণ বা মিথ হলো জাতিগত স্বপ্ন-চিন্তা।১৫ কাজেই ‘মিথ’ একটি মনস্তাত্ত্বিক বিষয় বৈকি।

এই সূত্র ধরে এগুলেই চেরাগ আলীর, তমিজের বাপের, কুলসুমের এবং বৈকুণ্ঠের মানসগঠন, বিশ্বাস এবং মনের ক্রিয়া-প্রতিক্রিয়ার জটিল বিন্যাসসমূহ খুলে যায়। এরা কাৎলাহার বিলের সর্বত্র পাকুড় গাছের মুনসিকে অনুভব করে। মূলত লোকাচার ও লোক-সংস্কারই তাদের চেতনায় মিশে তাদের জীবন ও জীবনবোধকে নিয়ন্ত্রণ করে চলে।

তমিজের বাপ মাঝিপাড়ার সবচেয়ে প্রাচীন ও কুলীন প্রতিনিধি। সে এতটাই সংস্কারাবদ্ধ ও নির্বোধ যে, প্রতিরাতে পাকুড় গাছের মুনসিকে দেখার জন্য একহাঁটু কাদা এবং পায়ে দুটি দগদগে ঘা নিয়ে কাৎলাহার বিল চষে বেড়ায়। মেলার আগের রাতে বাঙালি নদীর বউডোবা দিয়ে বাঘার মাছ ধরে নিয়ে আসার সময়ে শরাফত মণ্ডলের সামনে পড়ে, সে ভয়ে শরাফত মণ্ডলকে নয় – পাকুড় গাছের মুনসিকেই দেখে।

তমিজের বাপ এক অদ্ভুত চরিত্রের মানুষ। আবার, চুপচাপ খাওয়ার প্রতি লোভ তার ভীষণ। ‘খালি জেয়াফতের ধান্ধায় থাকে। জেয়াফত খেতে খেতে তার তবনের গেরো খুলে গেছে, বমি করে ফেলেছে, খেতে বসে পাদতে শুরু করে পাশের লোকের গালি খেয়েছে।’১৬ তবু কুলসুমের ভাবনায়, ‘তমিজের বাপ তো যি সি মানুষ লয় বাপু! ঘুমের মধ্যে সে কার ডাকে বাইরে চলে যায়, কত দূর যায়, কেউ জানে না, তমিজের বাপকে নিয়ে মানুষ কত কথাই না বলে।’১৭ কুলসুমের এই বিশ্বাস বৃদ্ধ, কালাকিষ্টি, হাবা স্বামীর ঘর করতে অনেকটা সহায়ক হয়।

আসলে এই বোকাসোকা মানুষটিকে নিয়ে আশেপাশের মানুষের কৌতূহলের শেষ নেই। ওরা তাকে রহস্যময় অতিমানবের পর্যায়ে ফেলে দিতেও দ্বিধা করে না। সে প্রাচীন মানুষের মতোই উদ্ভট কল্পনাশক্তির অধিকারী। সে জাগর স্বপ্নে বিভোর। দিনে ঘুমায় রাতে কাৎলাহার বিলের উত্তর সিথানে পাকুড় গাছের মুনসির ডাকে বেরিয়ে পড়ে। মুনসির ইশারাতেই তো তারা মাঝি হলো। না হয় তার পূর্বপুরুষ তো বন কেটে চাষবাসই করত। সেই থেকে মাছ ধরাই এদের নেশা এবং পেশা। সেই থেকে মাঝিপাড়ার লোকজন কাৎলাহার বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করে এসেছে।

কিন্তু যেদিন থেকে শরাফত মণ্ডল নায়েব বাবুকে পটিয়ে টাকা-পয়সা খরচ করে বিলের মালিক হয়ে বসল সেদিন থেকেই মাঝিদের জীবিকার সহজ-স্বাভাবিক পথটি বন্ধ হয়ে গেল। ফলে জীবিকার জন্য তাদের ছুটতে হয় অন্য পথে। কিন্তু তমিজের বাপ? যে নাকি বাঘাড় মাঝির নাতি, যার রক্তের প্রতিবিন্দুতে মাছ ধরার নেশা, সে কী করবে? সে তাই রাতে জাল নিয়ে বের হয় শরাফত মণ্ডলের চোখকে ফাঁকি দিয়ে।শরাফত মণ্ডলকে সে ভয় করে, ঘৃণাও করে। কারণ তার চেতনায় কাৎলাহার বিল মাঝিপাড়ার মানুষের জীবিকার একমাত্র বৈধ পথ, যে-বিল পাকুড় গাছের মুনসি একচ্ছত্রভাবে শাসন করে চলেছে। আবার ভাবে, তবে কি মুনসি মাঝিপাড়ার লোকজনের প্রতি কোনো কারণে অসন্তুষ্ট? হতে পারে। নইলে যে-মুনসির ইশারাতে তারা মাঝি হলো, এতদিন যে-বিলের কর্তৃত্ব তাদেরই ছিল তা হঠাৎ হাতছাড়া হয়ে যাবেই বা কেন!

তমিজের বাপ চেরাগ আলী ফকিরের একনিষ্ঠ ভক্ত, যে-চেরাগ আলী যমুনার গর্ভে বিলীন হয়ে যাওয়া মাদারিপাড়ার একমাত্র প্রতিনিধি, যাকে আমরা উপন্যাসে পাই, যে সেই ফকির মজনু শাহের বেশুমার ফকিরদের উত্তরাধিকার বহন করে চলে, যে স্বীয় পিতৃ-মাতৃহীন নাতনি কুলসুমকে এতটুকু বয়স থেকে সঙ্গে করে পাওনা শোলক গেয়ে ‘খোয়াবের তাবিড়’ করে ‘বেড়াখুড়া’ খেতে পছন্দ করে। শরীরে লোহার শিকল পেঁচিয়ে, পান্টি হাতে ‘বেড়াখুড়া’ অর্থাৎ ভিক্ষে করে খাওয়া তাদের জাতপেশা।

কাৎলাহার বিলের আশেপাশে তো বটেই, ওদিকে জয়পুর, পাঁচবিবি, আক্কেলপুর, আদমদিঘি, পাহাড়পুর, এমনকী শান্তাহার জংশন পর্যন্ত চেরাগ আলীর গান শুনতে মানুষের ভিড় জমে যেত। তার ধারণা এই পাওনা শোলক লেখার ক্ষমতা কারো নেই। কারণ এতে মুনসির কথা আছে, সন্ন্যাসীর কথা আছে। মুনসির আদেশেই সে ‘খোয়াবের তাবিড়’ ছেড়ে দিয়ে পাওনা শোলকের টানে বেরিয়ে পড়ে। তার একমাত্র বংশপ্রদীপ কুলসুমকে তার একনিষ্ঠ ভক্ত তমিজের বাপের হাতে সোপর্দ করে মুক্ত, নির্ভার, বিহঙ্গের মতো সে উধাও হয়। কোথায় কেউ জানে না, তবে উধাও হওয়ার আগে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পত্তি পুরানো ময়লাযুক্ত ‘খোয়াবনামা’ খান সমর্পণ করে যায় নাতনি কুলসুমের মতোই তমিজের বাপের হাতে। তার ধারণায় নাতজামাই সহজ-সরল আগের অধিক বয়স্ক কালাকিষ্টি হতে পারে, কিন্তু তার ভেতরে ভর্তি আগুন।

তেমনি বৈকুণ্ঠকে পাই সে-সন্ন্যাসীদের একমাত্র উত্তরসূরি হিসেবে, যে তাদেরই চেতনার ধারাবাহিকতা অত্যন্ত ক্ষীণ হলেও রক্ষা করে চলে, যে ভবানী পাঠক ও মজনু শাহের ঐকমত্যের সূত্র ধরে চেরাগ আলী ও তমিজের বাপের সঙ্গে অন্তর্গত মিল খুঁজে পায়। বৈকুণ্ঠগিরি সেই গিরিবংশের লোক যারা জাতে সন্ন্যাসী। যারা গিরির ডাঙ্গা, নিজগিরির ডাঙ্গা, পোড়াদহ মেলা, গোলকবাড়ির হাট – ওইসব অঞ্চলের এক সময়ের অধিপতি। কোম্পানির সেই গোরা সেপাইদের সঙ্গে লড়াই করা সন্ন্যাসীর জাত তারা। আর মুনসি যে আছিল ভবানী সন্ন্যাসীর সেনাপতি, সে বলে, গান শোন নাই, ‘ভবানী নামিল রণে পাঠান সেনাপতি সনে’।১৮

এইসব অনুষঙ্গ চেরাগ আলী, তমিজের বাপ বা কুলসুমের

অন্তর্গত অবদমিত চেতনার মতোই তার অবচেতন মনে ঘুরপাক খায়। সে এদের মতোই বিশ্বাস করে মেলার আগের রাতে মহিষের দিঘির পাড়ে দাঁড়িয়ে কাৎলাহার বিলের দিকে শুদ্ধ চিত্তে তাকালে সন্ন্যাসী সশরীরে দেখা দিলে দিতেও পারে। একমাত্র এই প্রত্যাশায় সে গোলকবাড়ির হাটে, সাহার দোকানে সামান্য বেতনে পড়ে আছে। নইলে এরা তো ‘যি সি’ মানুষ না।

বিশ্বাসের এই সূত্র ধরেই কেবল এদের অবদমিত ইচ্ছাগুলো মুক্তি পায় বিচিত্র রূপে, বিচিত্র ভঙ্গিতে। চেতনার এই বিশিষ্টতার জন্যই এরা অন্য আর দশজনের থেকে আলাদা। এবং পরিবর্তনহীন লোকজীবনের বাসিন্দা হয়েই আমাদের কাছে ধরা দেয়।

তমিজ ফেরারি হলে কুলসুম একাকী অন্তর্দহনে পুড়ে পুড়ে খাক হয়। সৎ ছেলে হলেও পৃথিবীতে আপনজন বলতে তখন বেঁচে থাকে শুধু তমিজ। তমিজের প্রতি কুলসুমের আকর্ষণ অদ্ভুত রহস্যঘেরা। হয়তো বয়সের সাযুজ্যতার জন্য, পরিপুষ্ট যুবক-যুবতী হওয়ার জন্য, সৎ মাতা-সৎ পুত্রের সম্পর্কটি বাপের মৃত্যুর সুযোগে পরস্পরের বেদনাভারাক্রান্ত মনের অজান্তেই কোত্থেকে যে কী হয়ে যায় তমিজ কিছুই বুঝে উঠতে পারে না। হয়তো এরা উভয়ই মৃত তমিজের বাপকে বিগলিত আবেগের মধ্য দিয়ে খুঁজতে গিয়েই শরীরে শরীর-স্পর্শে এক দুর্বল মুহূর্তে এ দুর্ঘটনাটি ঘটে যায়। অথবা হতে পারে দীর্ঘদিনের অবদমিত ইচ্ছা একটি বিশেষ সুযোগে এদের অজান্তেই মুক্ত হয়ে প্রচণ্ড শক্তিতে বেরিয়ে আসে।

এই ঘটনার পর তমিজ কুলসুমের প্রতি চোখ তুলে তাকাতে লজ্জাবোধ করে। কিন্তু যেদিন ফুলজানের সঙ্গে তার দৈহিক মিলন সংঘটিত হয় তখনই সে নিজেকে নির্ভার মনে করে, যেন সেই অবদমিত যৌন-উত্তাপকে অন্য জায়গায় স্থানান্তর করতে পেরে সে বেঁচে গেছে। এরপর এইদিনই প্রথম সে কুলসুমের সঙ্গে সহজভাবে কথা বলে।

কুলসুম যতদিন বেঁচে ছিল ততদিন তার জাগর-চৈতন্যে বা জাগর-স্বপ্নে তমিজকে অনুভব করেছে এবং তমিজের অস্তিত্বের অনুভূতির মধ্য দিয়ে তার স্বামী তমিজের বাপকে অনুভব করেছে। বিধবা কুলসুমের প্রতি একদিকে চাচি হওয়া সত্ত্বেও কালাম মাঝির আকর্ষণ এবং কেরামত আলীর কুলসুমপ্রীতি এবং কুলসুমের অস্বাভাবিক মৃত্যু সবই এক জটিল যৌনতাড়িত মনো-জাগতিক বিষয়।

চার

এই মিথশাসিত স্থবির সমাজে যুদ্ধের সময় থেকে একটি পরিবর্তন শুরু হয় এবং এখানেই ঔপন্যাসিকের চেতনায় তারাশঙ্করের যুগপরিবর্তনের সমাজ-বাস্তবতা কাজ করে বলে মনে হয়।১৯ তবে এই পরিবর্তন অনেকটা মহাকালের পরিবর্তনের মতোই ধীর এবং স্বাভাবিক নিয়মে সংঘটিত হতে থাকে। সর্বত্র নগরসভ্যতা এবং বণিকসভ্যতার সামান্য ছোঁয়া লাগতে থাকে। নির্বাচনী সভা-উপলক্ষে গোলাবাড়ি

হাটের দিকে মোটরগাড়ি আসে এবং অনেকক্ষণ থাকে। মণ্ডলের ছেলেরা শহর থেকে বাড়ি আসে টমটমে চড়ে। ওই পথেই টমটমে চড়ে মণ্ডলের নাতির চিকিৎসার জন্য শহর থেকে বড় ডাক্তার আসে। ওইসব ঘটনা ওই অঞ্চলের কামার, কুমার, চাষি, মাঝি, কলুরা বেশ কৌতূহল ভরেই দেখে।

শহরে তেলের মিল বসে। ফলে কলুরা আর জাতপেশায় স্থির থাকে না। তারা ভিন্ন পেশা ধরে। গফুর কলু আবদুল কাদেরের দোকানে বেশ ভালো অবস্থাতেই থাকে। কাৎলাহার বিল মাঝিদের হাত ছাড়া হওয়াতে তারাও ভিন্ন পেশা ধরতে বাধ্য হয়। ফলে ধীরে ধীরে দীর্ঘদিনের লালিত সংস্কারেও ধাক্কা লাগে।

কাৎলাহার বিলের উত্তর সিথানে পাকুড় গাছ। পাকুড় গাছেরও উত্তরে মুনসির রাজত্বে জঙ্গল সাফ করে জমি আবাদ করে শরাফত মণ্ডল। এক পর্যায়ে ইটখোলাও প্রস্তুত হয়। ইটখোলার ইন্ধনে জঙ্গল সাফ হয়ে যায়। পাকুড় গাছও বাদ পড়ে না। মণ্ডলের শিক্ষিত ছেলেরা অবাক হলেও মণ্ডল জানে এদিকে পাকুড় গাছ ছিল না কোনোদিন। থাকলেও তা পুরানো দিনের কথা। নায়েব বাবুর সঙ্গে সারাদিন ঘুরে সে এদিকে কোথাও পাকুড় গাছ খুঁজে পায়নি। অথচ জনশ্রুতি হচ্ছে, পাকুড় গাছের শীর্ষে মুনসির আরশ। তমিজের বাপ পাকুড় গাছ খুঁজে খুঁজে হয়রান হয়। পাকুড় গাছ নেই, মুনসির আরশও নেই। মুনসির আরশ নেই তো মুনসি এদিকে থাকবে কী করে! নায়েব বাবুসহ শিক্ষিত বাবুদের মতে, এটি মূলত মাঝিপাড়া, কলুপাড়া, চাষিপাড়া, কামারপাড়া, গোলাবাড়িহাট, পোড়াদহ মেলার আশেপাশের ছোট লোকদের দীর্ঘদিনের সংস্কার। তবে শরাফত মণ্ডল নায়েব বাবুদের এই সংস্কারহীন বিশ্বাসে মাথায় সায় দিলেও একনিষ্ঠ থাকতে পারে না। ভেতরে ভেতরে ভয় পায়। তবে পোড়াদহ মেলায় দুর্গাপূজা প্রচলনের নায়েব বাবুর চক্রান্তে সেও উৎসাহ জোগায়। কারণ মেলার দিন সন্ন্যাসীর পূজায় ছোট জাতের মুসলমানরাও একেবারে হুমড়ি খেয়ে পড়ে, মুসলিম পাকিস্তানে যা মোটেই সমর্থনযোগ্য নয়।

এভাবেই বদ্ধমূল সংস্কারগুলো ক্রমশ অস্তিত্বহীন হয়ে পড়ে চেরাগ আলীর মৃত্যুর সঙ্গে সঙ্গে, তমিজের বাপের চোরাবালিতে ডুুবে যাওয়ার সঙ্গে সঙ্গে, বৈকুণ্ঠের কিংবা কুলসুমের হত্যার সঙ্গে সঙ্গে। কারণ এদের জাগর-চিন্তার খোয়াবের মধ্যেই একটি ঐতিহাসিক সত্য ‘মিথ’ হয়ে বেঁচে ছিল। সেই সঙ্গে অসংখ্য সংস্কার। অসংখ্য সংস্কার এবং একটি শক্তিশালী মিথ এদের মৃত্যুর সঙ্গে সঙ্গে যথার্থ পৃষ্ঠপোষকতা হারায়। উপন্যাস-পাঠের শেষে আমরা এরকমই একটি বিশ্বাস অর্জন করি।

পাকিস্তান-আন্দোলনের পাশাপাশি খেয়ার অঞ্চলে তেভাগা-আন্দোলন এতটাই ভয়ংকর রূপ নেয়, যে-জন্য মুসলিম লীগের ডাকসাইটে নেতারা পর্যন্ত আতঙ্কগ্রস্ত হয়। শহুরে ইসমাইল হোসেনের বাড়িতে মুসলিম লীগের জোতদার, জমিদারশ্রেণির নেতাদের আতঙ্কিত কথাবার্তায় এই সত্যটি বেরিয়ে আসে। এদের কথাবার্তায় আমাদের বুঝতে বাকি থাকে না পাকিস্তান নামক নতুন রাষ্ট্রটি কার স্বার্থ সংরক্ষণ করবে। তবে কাৎলাহার বিলের আশেপাশে তেভাগা-আন্দোলন তেমন জ্বলে উঠে না, উত্তাপ লাগে মাত্র।

পাকিস্তান-আন্দোলনটি দানা বাঁধে মূলত লাহোর প্রস্তাবের ভিত্তিতে দ্বিজাতিতত্ত্বের ফর্মুলায়।২০ দ্বিজাতিতত্ত্বের মূলকথা ভারতবর্ষে দুটি জাতির অস্তিত্বকে স্বীকার করে নেওয়া। একটি হিন্দু অন্যটি মুসলিম। মুসলিম-সংখ্যাগরিষ্ঠ অঞ্চল হিসেবে পাকিস্তান-সৃষ্টির পরে পূর্ব পাকিস্তানের গ্রামীণ লোকজীবনে রাজনৈতিক, সামাজিক কিংবা অর্থনৈতিক পরিবর্তনের কোনো লক্ষণ পরিলক্ষিত হয় না। বরং শোষকের হাতবদল হয় মাত্র। আগে শোষণটা আসত ব্রিটিশ সরকারের আনুকূল্যে হিন্দু জমিদার সামন্তদের পক্ষ থেকে, এখন পাকিস্তান সরকারের আনুকূল্যে মুসলমান ধনিক শ্রেণির পক্ষ থেকে।

১৭৯৩ সালের প্রবর্তিত ‘চিরস্থায়ী বন্দোবস্তে’র ফলে জমির মালিক হয় জমিদারশ্রেণি,২১ যেজন্য দেখা যায় শরাফত মণ্ডল হিন্দু জমিদারের প্রতিনিধি নায়েব বাবুকে পটিয়ে কাৎলাহার বিলের মালিক হয় এবং সে-অঞ্চলে জোতদার হিসেবে প্রতিষ্ঠা পায়। আবার পাকিস্তান-সৃষ্টির পর পাকিস্তান সরকারের প্রতিনিধি ইসমাইল হোসেনকে পটিয়ে কাৎলাহার বিলের মালিক হয়ে আসে কালাম মাঝি। কালাম মাঝি যদিও মাঝিপাড়ার লোক তবু মাঝিপাড়ার লোকজনের কাছে সে শরাফত মণ্ডলের বিকল্প হিসেবেই প্রতিষ্ঠা পায় মাত্র। দীর্ঘদিনের জীবিকার সহজ, স্বাভাবিক এবং বৈধ পথটি বন্ধ হয়ে যাওয়াতে মাঝিপাড়ার লোকজন অস্তিত্বের সংকটে পড়ে। ফলে এরা যেমন শরাফত মণ্ডলের বিপক্ষে বিদ্রোহ করে তেমনি কালাম মাঝির বিপক্ষেও বিদ্রোহী হয়। কিন্তু তাদের অস্তিত্বের সঙ্গে জড়িত বিদ্রোহ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্মমভাবেই দমন করা হয়। রাষ্ট্র সবসময়ে মুষ্টিমেয় ধনিকশ্রেণির স্বার্থেই কাজ করে যায়।

পাকিস্তান-সৃষ্টির পরেই আমরা দেখি মণ্ডলের রাজনীতিবিদ ছেলে আবদুল কাদেরকে হিন্দুদের ফেলে-যাওয়া বাড়ি ক্রয় করে শহরে উঠতি ধনিক ও এলিট শ্রেণির সারিতে উঠে যেতে। কিন্তু

পাকিস্তান-আন্দোলনের সক্রিয় কর্মী হওয়া সত্ত্বেও তমিজ এবং নতুন গ্রাম্য কবি কেরামত আলীর ভাগ্যে নেমে আসে অনিশ্চয়তার ভয়ংকর অন্ধকার। তেমনিভাবে রাজনৈতিক স্বার্থে ছড়ানো উগ্র সাম্প্রদায়িকতার বিষবাষ্পে কামারপাড়ার দশরথ এবং মাঝিপাড়ার আফসার মাঝির ভাগ্যেও ঘটে আরেক মর্মান্তিক পরিণতি।

নিজগিরির ডাঙ্গার চাষি হুরমতুল্লাহর জীবনেও আমরা কোনো পরিবর্তন দেখি না। বর্গাচাষি হিসেবে মণ্ডলের জমিতে উদয়াস্ত পরিশ্রম করলেও ফসলের সিংহভাগ উঠে যায় মণ্ডলের গোলায়। তার অমানুষিক পরিশ্রমে মণ্ডলের ভাগ্য সমৃদ্ধ হলেও তার নিজের ভাগ্য সেই তিমিরেই থাকে। বরং তার অবস্থা আরো খারাপ হয় সামান্য লেখাপড়া জানা, সেলাইকামজানা, ফুটানিওয়ালা মেয়ে নবিতনের বিয়ের যৌতুকের টাকা জোগাড় করতে। তেমনি আমরা দেখি যুধিষ্ঠির, কেষ্টপালের মতো পরিবর্তনহীন প্রতিবাদহীন শোষিত জনগণকে।

তবে হুরমতুল্লাহর বড় মেয়ে ফুলজান আরেক সংগ্রামী জীবনের নাম। বাপের সঙ্গে রাতে মাঠে কাজ করে। স্বামী কেরামত আলী খেয়ার অঞ্চলে কাজ করতে গিয়ে জড়িয়ে যায় তেভাগা-আন্দোলনের সঙ্গে। এরপর কাজ ছেড়ে গান ধরে। তার গান খুব জনপ্রিয় হয়ে উঠে। খেয়ার অঞ্চলের বর্গাচাষিদের উত্তেজিত করার জন্য যা যথেষ্ট কার্যকরী হয়। নিজে গান রচনা করে, সুর দেয়, গায় এবং ছেপে বাজারে বিক্রি করে। এক পর্যায়ে বর্গাচাষিদের সঙ্গে সেও পুলিশের রোষানলে পড়ে এবং ফেরারি হয়। সে ফিরে আসে গোলকবাড়ি হাটের দিকে। এখানে আবদুল কাদেরের সঙ্গে পরিচিত হলে তার উৎসাহে পাকিস্তানের গান লিখে মানুষকে উদ্বুদ্ধ করে। কিন্তু স্থায়ীভাবে নিজের ঘরে আর ফেরা হয় না। কাজেই ফুলজান অসুস্থ ছেলেকে নিয়ে পূর্বের মতোই হুরমতুল্লাহর গলগ্রহ হয়েই থাকে।

পুত্রহীন চাষি হুরমতুল্লাহর চাষবাসে সহায়তার মধ্য দিয়ে ফুলজান শুরু করে তার কঠিন জীবন। মাঠে কাজ করতে গিয়েই হতদরিদ্র মাঝিপাড়ার উদ্যমী, পরিশ্রমী, তেজস্বী যুবক তমিজের সঙ্গে ঘনিষ্ঠতা হয়। তমিজের স্পর্শে ফুলজানের মরুময় জীবনে হালকা বৃষ্টি ঝরে। বিলের কর্তৃত্ব মণ্ডলের হাতে চলে গেলে মাঝিপাড়ার অন্য লোকদের মতো বাপদাদার পেশায় সুবিধা করতে না পেরে শরাফত মণ্ডলের জমি বর্গাচাষের মধ্য দিয়ে চাষি হওয়ার চেষ্টা করে তমিজ। খেয়ার অঞ্চলের মতো কাৎলাহার বিল থেকে নালা কেটে পানিসেচের ব্যবস্থা করে চমৎকার ফসল ফলায়। যদিও ফসলের অধিকাংশই মণ্ডলের গোলায় গিয়ে উঠে। তবু এই সূত্র ধরেই হুরমতুল্লাহর পরিবারের সঙ্গে তার একটি ঘনিষ্ঠতা তৈরি হয়।

মুখে মাঝির বেটা বলে যতই ঘৃণা করুক শেষ পর্যন্ত তার ঊষর, দুঃখক্লিষ্ট অন্ধকারময় জীবনে মাঝির বেটাই আশার আলো সঞ্চার করে। তমিজ গলায় ঘ্যাগ-ওঠা ফুলজানকে অসুস্থ ছেলেকেসহই আপন করে নিতে চায়। অসুস্থ ছেলেটি হঠাৎ মারা গেলে কেরামত আলী ফুলজানের প্রতি আর কোনো আকর্ষণই অনুভব করে না। বরং বিধবা কুলসুমের প্রতি আকর্ষণ ক্রমেই বেড়ে যায় তার। একদিন তালাকনামা পাঠিয়ে দেয়। তমিজের সঙ্গে সম্পর্ক নিষ্কণ্টক হতে আর কোনো বাধা না থাকলেও দীর্ঘদিনের একটি রহস্যময় দাম্পত্য সম্পর্কের এমনি পরিসমাপ্তিতে ফুলজানের ভেতরে একটি ধাক্কা লাগে। সে কান্নাকাটি করে, যে-কান্নার কোনো যুক্তিসংগত কারণ তমিজ খুঁজে পায় না। তালাকনামা হাতে পাওয়ার পর ফুলজানের বিয়ের আর কোনো বাধা না থাকলেও তমিজ যে মাঝিঘরের ছেলে। চাষিবংশের লোক ফুলজানের বাবা হুরমতুল্লাহ শরাফত মণ্ডলের দূর সম্পর্কের হলেও ছাড়া তো নয়! যদিও বাস্তবে জোতদার আর বর্গাচাষির বাইরে এদের মধ্যে তেমন কোনো সম্পর্ক পরিলক্ষিত হয় না। মাঝি, কলু, চাষি – এরা সবাই প্রায় একই শ্রেণির হতদরিদ্র মুসলমান। তবু এদের মধ্যে বর্ণভেদের মতো সূক্ষ্মভেদবিচার লক্ষ করার মতো। চাষিরা মাঝিদের ওপর, মাঝিরা কলুদের উপর এবং ওরা সবাই ফকিরের বেটি কুলসুমের ওপর ঊর্ধ্বতন মর্যাদা দাবি করে থাকে।

অবশ্য একটি বিশেষ পরিস্থিতিতে তমিজের সঙ্গে ফুলজানের বিয়েটি মণ্ডলের প্রতিদ্বন্দ্বী কালাম মাঝির প্ররোচনায় অত্যন্ত গোপনে হয়েই যায়। কিন্তু পরদিনই অধিকারবঞ্চিত সংগ্রামী তমিজ জড়িয়ে যায় সামাজিক অথচ অনিবার্য ঘটনার প্যাঁচে, যেখানে সে ইচ্ছা করলেও নির্লিপ্ত থাকতে পারে না। এমনিতেই সে একবছরের জেলখাটা কয়েদি। কাৎলাহার বিলে হাঙ্গামার সঙ্গে জড়িয়ে আবারও ফেরারি হয়।

কিন্তু ফুলজানের ভাগ্যে নেমে আসে আবার অনিশ্চয়তার ঘোর অন্ধকার। এই দারুণ অনিশ্চয়তার মধ্যে মাঝির বেটাকে বিয়ে করায় বাপের ঝাঁঝালো কথা শুনে শুনেই তমিজের মেয়ে সখিনাকে নিয়ে সে শুরু করে আরেক অনিশ্চয়তার জীবন। তবু তার কর্মঠ শরীরে বাপের জমিতে দিনরাত কাজ করে সে ক্লান্ত নয়। মণ্ডলবাড়িতে আবদুল কাদেরের কাছে তমিজের খোঁজ-খবর নেয় সে। কিন্তু কেউ তমিজের হদিস দিতে পারে না। কিন্তু তবু তার ছোট্ট মেয়ে সখিনাকে নিয়েই প্রত্যাশা তৈরি হয় – নতুন দিনের প্রত্যাশা। যেমন করে তমিজ পশ্চিমে খেয়ার এলাকায় কাস্তে-কোদাল পেয়ে নতুন দিনের প্রত্যাশায় ছুটে চলে।

আখতারুজ্জামান ইলিয়াস জটিল মনস্তাত্ত্বিক বিশ্লেষণের মধ্য দিয়ে একটি অঞ্চলের লোকজ মানুষের জীবন ও জীবনসংগ্রামকে এবং সেই সঙ্গে লোকসংস্কারের বিশ্লেষণের মধ্য দিয়ে একটি ঐতিহাসিক সত্যকে টেনে আনেন, যার সমস্ত ঘটনা, চরিত্র, ইলিয়াসের শক্তিশালী নির্মাণকৌশলের জন্য আমাদের কাছে বিশ্বস্ত হয়ে ওঠে।

টীকা

১। শওকত আলী, ‘মীথ তৃণমূলে যাবার এক পথ’, রূপম, অক্টোবর ২০০২, আখতারুজ্জামান ইলিয়াস সংখ্যা, পৃ ১৩।

২। আবু রুশদ, ‘আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা : এক মূল্যায়ন’, রূপম, অক্টোবর ২০০২, আখতারুজ্জামান ইলিয়াস সংখ্যা, পৃ ৮। ‘এই কাহিনীটির পেছনে দুটো সামাজিক ও রাজনৈতিক আন্দোলন কাজ করছে। তেভাগা ও পাকিস্তান।’

৩। আখতারুজ্জামান ইলিয়াস, রচনাসমগ্র-২, ঢাকা, ১৯৯৬, খোয়াবনামা অংশ, পৃ ৫৭২।

৪। Favourite Folktales of China, Bei“ing, 1983, Translated by John Minford, Introduction by Zhong Jingwen, p 1.

৫। আবদুল হাফিজ, লৌকিক সংস্কার ও মানবসমাজ, ঢাকা, ১৯৯৪, পৃ ৬৩।

৬। ‘দেবতা অনিষ্টকারী এবং তাকে তুষ্ট করতে পারলে তার দ্বারা কল্যাণসাধন হতে পারে। অবহেলা করলে ক্রুদ্ধ হন এবং তুষ্ট করলে কল্যাণ করেন।’ মনোয়ারা খাতুন, বাংলাদেশের লোকসাহিত্যে সমাজ, ঢাকা, পৃ ৫৩।

৭। ওয়াকিল আহমেদ, বাংলার লোকসংস্কৃতি, ঢাকা, ২০০১, পৃ ৩৭। ‘ধর্মের প্রতি ঐকান্তিক আনুগত্য থেকে নির্জীব জড় বস্তুপূজা, দেবমূর্তিপূজা, উদ্ভিদপূজা, প্রাণিপূজা, নিরাকার ঈশ্বরোপাসনা বাঙালির জীবন ও সংস্কৃতির বিকাশে সক্রিয় অংশগ্রহণ করেছে। বাঙালির লোকমানসিকতা রক্তমাংসের মর্ত্যমানবকেও দেবতার আসনে প্রতিষ্ঠিত করে যথাবিধি পূজা করেছে।’

৮। আবদুল হাফিজ, লৌকিক সংস্কার ও মানবসমাজ, পৃ ১। ‘পৃথিবীর পৌত্তলিক ধর্মসমূহ তো বটেই, একেশ্বরবাদী ধর্মগুলোও কোনো না কোনোভাবে বিশেষ বিশেষ ক্ষেত্রে লোকসংস্কারের উপাদানকে আত্মসাৎ করেছে।

৯। আহমদ ছফা, বাঙালি মুসলমানের মন, ঢাকা, ১৯৮১, পৃ ২৩। ‘বাঙ্গালী মুসলমানদের মন যে এখনো আদিম অবস্থায়, … সুদীর্ঘকাল একটি ঐতিহাসিক পদ্ধতির দরুন তার মনের ওপর একটি গাঢ় মায়াজাল বিস্তৃত হয়ে রয়েছে।’

১০। আবদুল হাফিজ, লৌকিক সংস্কার ও মানব সমাজ, পৃ ৫।

১১। ঐ, পৃ ৭। ‘সর্বপ্রাণবাদ বিকাশের চূড়ান্ত স্তরে বিশেষত দেবদেবীর ও অনিম্নস্থ ভূত-প্রেতদের বশে আনতে গিয়ে আত্মা ও পারলৌকিক জীবনে বিশ্বাস স্থাপন করে এবং শেষ পর্যন্ত এসব বিশ্বাস এক ধরনের সক্রিয় উপাসনায় পরিণত হয়।’

১২। রণেশ দাশগুপ্ত, উপন্যাসের শিল্পরূপ, পৃ ৫৩।

১৩। শওকত আলী, পৃ ১৩।

১৪। রণেশ দাশগুপ্ত, পৃ ৫৮।

১৫। আবুল হাফিজ, বাংলাদেশের লৌকিক ঐতিহ্য, ঢাকা।

১৬। আখতারুজ্জামান ইলিয়াস, রচনাসমগ্র-২, খোয়াবনামা অংশ, পৃ ৬০৩।

১৭। ঐ, পৃ ৩৪৭।

১৮। আখতারুজ্জামান ইলিয়াস, রচনাসমগ্র-২, খোয়াবনামা অংশ, পৃ ৪৮৭।

১৯। ড. মুকতি চৌধুরী, ঔপন্যাসিক তারাশঙ্কর, কলকাতা, ১৯৭৭, পৃ ৯৮। ‘তারাশঙ্করের গণদেবতা, পঞ্চগ্রাম, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কাল-পরিবর্তনের সামগ্রিক চিত্রটিকে উপস্থাপিত করেছেন।’

২০। ড. এম এ রহিম ও অন্যান্য, বাংলাদেশের ইতিহাস, নভেম্বর ১৯৭৭, ঢাকা, পৃ. ৪৯৩। ‘জিন্নাহ ১৯৩৯ সালে তাঁহার বিতর্কিত দ্বিজাতিতত্ত্ব (ঞড়ি ঘধঃরড়হ ঞযবড়ৎু) ঘোষণা করেন।’

২১। সৈয়দ আমীরুল ইসলাম, বাংলা অঞ্চলের ইতিহাস, ঢাকা, ১৯৯৬, পৃ ৭২। ‘কর্নওয়ালিশ প্রথমে ১৭৮৯-তে জমিদারদের সঙ্গে দশ বছরের জন্য চুক্তি করেন পরে ১৭৯৩-তে তাই চিরস্থায়ী রূপ দেন।’