বড় অকালে এ-পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন বাংলাদেশের আধুনিক মৃৎশিল্পের অন্যতম প্রধান সংগঠক আবু সাঈদ তালুকদার। (১৯৫৪-২০০৫)। তাঁর এমনতরো বিদায় পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী সকলের কাছেই ছিল অকল্পনীয়, অনাকাক্সিক্ষত। দুরারোগ্য ব্যাধির আক্রমণে তিনি যে নিঃশেষিত হতে চলেছেন, ঘাতকব্যাধি যে তাঁর ভেতরটাকে পুরোপুরি ক্ষয় করে ফেলেছে, তা তাঁর মৃত্যুর এক সপ্তাহ আগেও তাঁকে দেখে, তাঁর সঙ্গে কথা বলে বোঝা যায়নি। রোগ চিহ্নিত হওয়ার পর একমাসও তাঁর পক্ষে বেঁচে থাকা সম্ভব হলো না। ঘনিষ্ঠজনদের দুঃখের সাগরে ভাসিয়ে তিনি বিদায় নিলেন। এ-এক দুঃসহ কাহিনী।
কী প্রাণবন্ত, কৌতুকপ্রিয়, রসবোধের অধিকারী আর অসাধারণ বন্ধুবৎসল একজন মানুষ ছিলেন তিনি। মানুষকে সম্মান করতে জানতেন। ছিলেন সৌখিন, উন্নত অভিরুচিসম্পন্ন ও মুক্ত মনের অধিকারী। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের মৃৎশিল্প বিভাগের শিক্ষক হিসেবে তিনি যেমন ছিলেন নিয়মানুবর্তী ও দায়িত্বশীল, তেমনি একজন স্টুডিও পটার হিসেবে এই পুরো সম্প্রদায়ের প্রতি এক গভীর মমত্ববোধ ও ভালোবাসায় ছিলেন উজ্জীবিত। গভীরভাবে আত্মবিশ্বাসী ও টেকনিকে দক্ষ এক শিল্পী হিসেবে তিনি বাংলাদেশের আধুনিক মৃৎশিল্পে গ্লেজের নানা পরীক্ষা-নিরীক্ষাকরেছেন। বাংলাদেশে ক্রিস্টাল গ্লেজের তিনিই প্রথম ও একমাত্র শিল্পী। গ্লেজে বিচিত্র ও অভিনব অ্যাফেক্টসৃষ্টিতে তাঁর দক্ষতা ছিল অসাধারণ। পাঠদানের ক্ষেত্রে ব্যবসায়িক মৃৎশিল্পের সঙ্গে স্টুডিও পটারির এক গভীর মেলবন্ধন ঘটিয়ে শিক্ষার্থীদের অসামান্য উপকার করে গেছেন তিনি।
চীনে প্রশিক্ষণলাভ
তাঁর সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল ১৯৮৭ সালের ১১ জুন। দিনটি ছিল আমাদের দুজনের জন্যই বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আরো সাতজনের সঙ্গে আমরা সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটে প্রভাষক পদে যোগ দিয়েছিলাম। দ্রুত অপরিচয়ের সীমা ভেঙে বন্ধুত্বস্থাপনের এক দুর্লভ গুণের অধিকারী তিনি ছিলেন, যে-পরিচয় প্রথম দিনেই পেয়েছিলাম। সেই প্রথম দিনেই তিনি আমাকে যে আপন করে নিয়েছিলেন তা পরবর্তীকালে শুধু অব্যাহতই ছিল না, ক্রমশ প্রগাঢ় বন্ধুত্বে পরিণত হয়েছিল। বন্ধুত্বের এই ঘনিষ্ঠ সংস্রবে তিনি অকপটে জীবনের অনেক কথাই বলেছেন।
আমাদের পরিচয়ের মাত্র কিছুদিন আগেই তিনি দীর্ঘকালীন প্রশিক্ষণশেষে (১৯৮৩-১৯৮৬) চীন থেকে দেশে ফেরেন। মৃৎশিল্পচর্চার আদিভূমি চীন এক্ষেত্রে যে-অসাধারণ উন্নতিসাধন করেছে, তা বিশ্বব্যাপী স্বীকৃত। চীনে যাওয়ার আগে আবু সাঈদ তালুকদার ঢাকার তৎকালীন সরকারি চারু ও কারুকলা কলেজ থেকে মৃৎশিল্পে তিন বছরের ডিপ্লোমা কোর্স সম্পাদনকালে কর্মে নিষ্ঠা ও আন্তরিকতার জন্য বিভাগীয় শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেন। চীনে প্রশিক্ষণ গ্রহণের সময়েও তাঁর এই নিষ্ঠা অব্যাহত ছিল। সেখানে তিনি মৃৎশিল্পে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং তিনটি মৃৎশিল্প কারখানায় প্রত্যক্ষভাবে প্রশিক্ষণগ্রহণ করেন। শিক্ষালয় ও কারখানায় তত্ত্বীয় ও ব্যবহারিক উভয় প্রকার জ্ঞান-আহরণেই তাঁর ছিল সমান মনোযোগ। শেখার অপরিসীম আগ্রহ, শ্রমদানে অকুণ্ঠ মনোভাব, বিপুল অভিনিবেশ ও একনিষ্ঠার মাধ্যমে তিনি সেখানকার শিক্ষক ও প্রশিক্ষকদের মন-জয়ে সফল হন এবং সেইসূত্রে এমন কিছু টেকনিক আয়ত্ত করেন, যা তাঁকে বাংলাদেশের মৃৎশিল্পের ইতিহাসে একটি নতুন অধ্যায় সংযোজনে সমর্থ করে তোলে। এখানে উল্লেখ্য যে, চীনের শিক্ষকরা খুব সহজে গুরুত্বপূর্ণ কোনো টেকনিকের সন্ধান দিতে চান না ছাত্রদের। তাঁরা ওইরূপ ছাত্রদেরই গুরুত্বপূর্ণ কিছু শেখান, যাদের মধ্যে গভীর অভিনিবেশ লক্ষ করেন। আবু সাঈদ তালুকদারের মধ্যে সেরূপ একনিষ্ঠা ছিল। চীন থেকে তিনি সিরামিক কেমিস্ট্রিতেও দক্ষতা অর্জন করেন। চীন থেকে তিনি শিখে আসেন বিশেষভাবে স্টুডিও পটারির জন্য চুল্লি নির্মাণের করণকৌশল। চুল্লি নির্মাণ ও চুল্লি ব্যবস্থাপনার ওপর তিনি সেখানে বিশেষ প্রশিক্ষণ লাভ করেন।
শিক্ষকতা : বিভাগ-অন্তপ্রাণ
মৃৎশিল্প বিভাগে শিক্ষকতার দায়িত্বলাভের পর তিনি পাঠদানের ক্ষেত্রে চীনের প্রশিক্ষণকে বিশেষভাবে কাজে লাগাতে সচেষ্ট হন। ছাত্রদের শেখানোর কথা মনে রেখে তিনি চীন থেকে শিখে-আসা টেকনিকে নিজেকে দক্ষ করে তোলেন। তবে প্রথমেই তাঁকে একটি প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। তাঁর শিক্ষকতার দায়িত্ব গ্রহণের আটমাস না-যেতেই বিভাগের প্রতিষ্ঠাতা মীর মোস্তফা আলী অবসর গ্রহণ করলে (১৯৮৮) তিনি তৎক্ষণাৎ এক শূন্যতার মধ্যে পড়েন। কিন্তু হতোদ্যম না-হয়ে এরূপ অভিভাবকহীন অবস্থায় গভীরভাবে নিজের দায়িত্ব উপলব্ধি করেন এবং সমস্ত শুভবুদ্ধি ও আন্তরিকতা নিয়ে মৃৎশিল্প বিভাগকে নতুন চেতনায় গড়ে তোলার কাজে নিজেকে আত্মনিয়োগ করেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, ১৯৬১ সালে চারুকলা ইনস্টিটিউটে মৃৎশিল্প বিভাগ প্রতিষ্ঠিত হয় অধ্যাপক মীর মোস্তফা আলীর নেতৃত্বে। এর আগে তিনি ব্রিটেন থেকে আধুনিক মৃৎশিল্পে উচ্চতর প্রশিক্ষণ নিয়ে আসেন। প্রতিষ্ঠার পর এই বিভাগে একজন জাপানি প্রশিক্ষক (কো চি তাকিতা) বেশ কিছুকাল শিক্ষকতায় নিয়োজিত ছিলেন। এভাবেই মৃৎশিল্প বিভাগ শুরু থেকে আধুনিক পাঠক্রম অনুসরণ করতে সমর্থ হয়। দীর্ঘ যাত্রাপথে এ-বিভাগ টেরাকোটা, সিরামিক ভাস্কর্য ও পটারি নির্মাণে শিক্ষার্থীদের দক্ষ করে তোলে। কিন্তু কালক্রমে একটি সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে ওঠে। এখান থেকে পাশ করা শিক্ষার্থীরা ব্যবসায়িক সিরামিক্সে বিশেষ অবদান রাখতে পারত না। কেননা বিভাগে এ-ব্যাপারে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জনের সুযোগ তাদের ছিল না। আবু সাঈদ তালুকদার বিভাগের এই সীমাবদ্ধতা কাটিয়ে তুলতে সচেষ্ট হন।
তিনি অধ্যাপক মীর মোস্তফা আলীর প্রিয়ভাজন ছিলেন। মীর মোস্তফা আলী অবসরে গেলেও তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে এবং নিজের চীনা-প্রশিক্ষণ কাজে লাগিয়ে তিনি বিভাগীয় পাঠক্রমকে নতুনভাবে ঢেলে সাজান। পাঠক্রমে তিনি এমন নতুন নতুন বিষয় সংযোজন করেন যাতে এখানকার শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রিয়াল সিরামিক্সে একটি পূর্ণাঙ্গ জ্ঞান অর্জনের মাধ্যমে বিশেষ অবদান রাখতে সমর্থ হয়। সেইসঙ্গে স্টুডিও পটারির বিকাশের দিকেও তিনি মনোযোগ দেন। অর্থাৎ ব্যবসায়িক মৃৎশিল্প ও স্টুডিও পটারি এই দুয়ের মধ্যে একটি সমন্বয় সৃষ্টি করেন। অধ্যাপক মীর মোস্তফা আলী নিজের প্রিয়ভাজন ছাত্রের এই কর্মকাণ্ডকে প্রত্যক্ষ করেছেন সপ্রশংস দৃষ্টিতে। তিনি সান্ত্বনা লাভ করেছেন এই ভেবে যে, তাঁর এক যোগ্য ছাত্র তাঁরই আরব্ধ কর্মকে সফলভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। ছাত্রদের কর্মসংস্থান এবং নান্দনিক অনুশীলন – এই উভয় দিকের কথা ভেবে আবু সাঈদ তালুকদার পাঠক্রমের এমন সমন্বয় সাধন করেন। এছাড়া ম্যাটেরিয়াল ও টেকনিকের ক্ষেত্রেও তিনি প্রয়োজনীয় পরিবর্তন আনেন। আগে এক্ষেত্রে দেশী জিনিসই বেশি ব্যবহৃত হতো।
তাঁর সকল চিন্তার কেন্দ্রে ছিল মৃৎশিল্প বিভাগ। ছাত্রছাত্রীদের মঙ্গল কীভাবে হতে পারে, পাঠক্রমসহ বিভাগকে আরো কত যুগোপযোগী করা যায়, মৃৎশিল্পের এই মাধ্যমটিকে আরো কতভাবে উন্নত করা যায় – এসব নিয়েই ছিল তাঁর সকল চিন্তাভাবনা-পরিকল্পনা। বিভাগের উন্নয়নসহ এক্ষেত্রের সকল শিল্পীর উন্নতির কথা তিনি ভাবতেন। একটি প্রতিষ্ঠান গড়ার মতো মানসিকতা, সেজন্য ত্যাগ স্বীকারের মনোভাব তাঁর মধ্যে ছিল। মৃৎশিল্প বিভাগের ছাত্রছাত্রীরা তাঁর এই প্রচেষ্টার ফল পেয়েছে এবং পেয়ে চলেছে। এই বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা এখন ব্যবসায়িক মৃৎশিল্পে যেমন অবদান রাখতে সমর্থ হচ্ছে পাশাপাশি স্টুডিও পটার হিসেবেও নিজেকে গড়ে তোলার সুযোগ পাচ্ছে। গত কয়েক বছরে ঢাকায় মৃৎশিল্পের যে বিভিন্ন বিচিত্র ধরনের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে তাতেই স্টুডিও পটারির বিকাশের চিত্রটি স্পষ্ট।
স্টুডিও পটারি
চারুকলা ইনস্টিটিউটে শিক্ষকতার দায়িত্বপালনের পাশাপাশি নিজেকে একজন স্টুডিও পটার হিসেবে গড়ে তোলার ব্যাপারেও সচেষ্ট হন আবু সাঈদ তালুকদার। এ-লক্ষ্যে তিনি ব্যক্তিগত উদ্যোগে একটি স্টুডিও নির্মাণ করেন (১৯৮৯)। এই স্টুডিওর চুল্লি নির্মাণে তিনি সম্পূর্ণভাবে নিজের পরিকল্পনা, প্রশিক্ষণ, বুদ্ধিমত্তা ও শ্রমকে কাজে লাগান।
এ-প্রসঙ্গে উল্লেখ্য যে, নিজের চুল্লি নির্মাণ করতে গিয়ে অন্য স্টুডিও পটারদের চুল্লি নিয়েও তিনি ভেবেছেন। চুল্লিকে কীভাবে স্থানান্তরযোগ্য করে তোলা যায় কিংবা এতে কীভাবে সাশ্রয়ী মূল্যে গ্যাস ব্যবহার করা যায় প্রভৃতি ছিল তাঁর চিন্তার বিষয়। তাঁর এই চিন্তার কারণ : প্রথমত, ঢাকা শহরে বিভিন্ন স্টুডিও পটারকে ভাড়া-করা স্থানে স্টুডিও নির্মাণ করতে হয়, সুতরাং কিছুদিন পরে সেটি অন্য স্থানে সরাতে হতে পারে। দ্বিতীয়ত, স্টুডিওর চুল্লির জন্য গ্যাস-ব্যবহার ব্যয়বহুল। সরকারি নিয়মে তা ব্যবসায়িক সংযোগ হিসেবে গণ্য হয় এবং এজন্য মাসে বিপুল পরিমাণ অর্থ প্রদান করতে হয়। সুতরাং ব্যয় কমানোর জন্য সিলিন্ডারের গ্যাস ব্যবহার করা যায় কিনা – এ-নিয়ে তিনি ভাবতেন। প্রকৌশলীদের সঙ্গে আলাপ করতেন, বই পড়ে জানার চেষ্টা করতেন। মৃত্যুর অল্প কিছুদিন আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজের ফ্ল্যাটের পাশে যে-চুল্লিটি নির্মাণ করেন তাতে তাঁর এসব নতুন চিন্তাভাবনা প্রয়োগের স্বাক্ষর রয়েছে। চুল্লি নির্মাণে তাঁর এই দক্ষতার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ তাঁকে দিয়ে একটি চুল্লি নির্মাণ করিয়ে নিয়েছে।
মিরপুরে স্টুডিও নির্মাণের পর নিজ শিল্পকর্মের মাধ্যমে তিনি আধুনিক মৃৎশিল্পী হিসেবে নিজের অবস্থানকে দৃঢ় করে তোলেন। এখানে উল্লেখ্য যে, মাটির মতো একটি শস্তা উপকরণ দিয়ে শিল্পকর্ম তৈরি হয় বলে মৃৎশিল্প সম্পর্কে অন্য শিল্পীদের মধ্যে এক ধরনের অবজ্ঞার ভাব আছে। কিন্তু চীন থেকে প্রশিক্ষণ গ্রহণের পর নিজ মাধ্যমের ওপর আবু সাঈদ তালুকদারের পুরোপুরি দখল চলে আসায় এবং টেকনিকে দক্ষতা থাকায় মৃৎশিল্প নিয়ে অনেকদূর অগ্রসর হওয়ার মতো প্রবল আত্মবিশ্বাস ও দৃঢ়তা তাঁর মধ্যে ছিল। নিজ মাধ্যম সম্পর্কে বা নিজের অবস্থান সম্পর্কে কোনো প্রকার হীনম্মন্যতা তাঁর ছিল না। যে-কারণে একজন সার্বক্ষণিক স্টুডিও পটার হিসেবে তাঁকে আমরা পাই। মৃৎশিল্প ছিল তাঁর সার্বক্ষণিক ধ্যানের বিষয়। মৃৎশিল্প নিয়ে একপ্রকার অহংবোধও তাঁর মধ্যে সক্রিয় ছিল। যেমন তাঁর বিশ্বাস, মানবসভ্যতা নির্মাণে এর উষালগ্ন থেকে ক্রমাগতভাবে যে-শিল্পটি অবদান রেখে চলেছে সেটি মৃৎশিল্প। এর ভূমিকা সবসময়েই কল্যাণমূলক, যুদ্ধাস্ত্রের সহায়ক হিসেবে কখনো ব্যবহৃত হয়নি – এই শিল্পে বা এর উপকরণ।
একজন স্টুডিও পটারের দায়িত্ব হলো তাঁর সৃষ্টিকর্মকে শিল্পের মানে উন্নীত করা। এ- বিষয়ে আবু সাঈদ তালুকদার সচেতন ছিলেন। তৈজসপত্রকে দৈনন্দিন ব্যবহারের ঊর্ধ্বে নিয়ে কীভাবে শিল্পে পরিণত করা যায়, সে-চিন্তা তাঁর মধ্যে ছিল। এক্ষেত্রে নান্দনিক বোধের অতি সূক্ষ্মতায় তিনি কতটা পৌঁছতে পেরেছেন সে-মীমাংসায় না গিয়েও বলা যায়, তাঁর টেকনিক-সচেতনতা ছিল অসাধারণ। বাংলাদেশের মৃৎশিল্পে গ্লেজের চর্চা আগেও ছিল। তিনি নতুনভাবে যে-কাজটি করেন তা হলো, গ্লেজের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা। গ্লেজ পেইন্টিং ও ক্রিস্টাল গ্লেজ সৃষ্টির ক্ষেত্রে তিনি এদেশে পথিকৃতের ভূমিকা পালন করেন। গ্লেজ পেইন্টিংয়ে এমব্রোস করার টেকনিকটিও তিনি নতুনভাবে ব্যবহার করেন। এছাড়া গ্লেজে আগে এখানে তেমন উজ্জ্বল রং ব্যবহৃত হতো না। তিনিই প্রথম উজ্জ্বল রং ব্যবহার করেন। এখানে তাঁর আগে বা পরে কেউ ক্রিস্টাল গ্লেজ সৃষ্টি করেননি। ক্রিস্টাল গ্লেজে তিনি এমন বিচিত্র ধরনের অ্যাফেক্ট (ফুলসহ নানা মোটিফ সৃষ্টির পাশাপাশি জলরঙের অ্যাফেক্ট নিয়ে আসা) সৃষ্টিতে সমর্থন হন, যা তাঁকে শুধু বাংলাদেশে নয়, উপমহাদেশেও একজন মর্যাদাবান আধুনিক মৃৎশিল্পী হিসেবে পরিচিতি দান করে। এই বিশেষ টেকনিকটি শেখানোর জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁর কাছে সেখানে কিছুকাল বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে দায়িত্বপালনের প্রস্তাব আসে। কিন্তু তাঁদের প্রস্তাবিত সময়সীমার সঙ্গে তাঁর পরিকল্পিত সময়সীমার সমন্বয় না-ঘটায় তিনি শেষ পর্যন্ত ওই প্রস্তাব গ্রহণ করতে পারেননি।
গ্লেজ নিয়ে তাঁর পরীক্ষা-নিরীক্ষার বিষয়টি ছিল এমনই প্রভাববিস্তারী যে, তাঁর শিক্ষক মরণ চাঁদ পাল নিজেও এ থেকে মুক্ত থাকতে পারেননি। তিনি স্বীকার করেছেন যে, একবার শিল্পকলা একাডেমীর এক যৌথ প্রদর্শনীতে আবু সাঈদ তালুকদার একটি গ্লেজ পেইন্টিং জমা দিলে তাতে তিনি এমব্রোস পদ্ধতি লক্ষ করে নিজের কাজে সেটি প্রয়োগ ঘটান। শিল্পী মরণ চাঁদ পাল পরবর্তীকালে এ-পদ্ধতিতে বহু কাজ করেছেন; এমনকী দেশে-বিদেশে বিক্রি করে তা থেকে বহু অর্থও উপার্জন করেছেন। ছাত্রের পরীক্ষা-নিরীক্ষা থেকে শিক্ষকের শেখার এমন উদাহরণ বিরল।
১৯৮৬ থেকে ২০০০ সাল পর্যন্ত অনুষ্ঠিত সাতটি একক প্রদর্শনীতেই আবু সাঈদ তালুকদারের এরূপ পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত ছিল। এসব প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল যথাক্রমে বেইজিংয়ের বাংলাদেশ হাইকমিশনে (১৯৮৬), ঢাকার জাতীয় জাদুঘরে (১৯৯০), দুবারগ্যালারি টোনে (১৯৯৪ ও ১৯৯৯), করাচির কুন্জ আর্ট গ্যালারিতে (১৯৯৭), ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজে (১৯৯৭) এবং গ্যালারি ২১-এ (২০০০)। টেকনিকের নানা পরীক্ষা-নিরীক্ষা, স্টুডিও পটারের ধর্ম-অনুযায়ী পটের বিচিত্র রূপের ভাঙচুর এবং সেইসঙ্গে পটের ব্যবহারযোগ্যতা ও নান্দনিক বৈভবসৃষ্টি প্রভৃতির মধ্য দিয়ে অগ্রসর হয়েছে আবু সাঈদ তালুকদারের শিল্পযাত্রা। প্রদর্শনীগুলোতে এই অভিযাত্রার ক্রমরূপান্তরের চিত্রটিও স্পষ্ট। কোথাও আমরা তাঁকে থামতে দেখিনি। নিজেকে অতিক্রম করে যাওয়ার একপ্রকার নীরব প্রচেষ্টা তাঁকে বিরামহীনভাবে কাজ করার অনুপ্রেরণা জুগিয়েছে।
টেরাকোটা ম্যুরাল ও টাইলস পেইন্টিং
স্টুডিও পটার হিসেবে তাঁর স্বাধীন সৃষ্টিপ্রক্রিয়ার পাশাপাশি কমিশন-কাজেও পরীক্ষা-নিরীক্ষা সমানভাবে লক্ষণীয়। ১৯৮৭ থেকে ২০০৪ সাল পর্যন্ত নয়টি দেয়ালগাত্রে তাঁর সম্পাদিত টেরাকোটা ম্যুরাল ও টাইলস পেইন্টিং জাতীয় কাজের সন্ধান আমরা পাই। এসব কাজেও তাঁর স্বকীয় চিন্তাভাবনা-পরিকল্পনা, টেরাকোটা বা গ্লেজ টাইলসের গুণাগুণ নিয়ে অনুশীলনধর্মিতার পরিচয় পাওয়া যায়। এর মধ্যে আছে : ঢাকার বনানী ও শ্যামলীতে দুটি ব্যক্তিমালিকানাধীন ভবনে টেরাকোটা ম্যুরাল ও টাইলস পেইন্টিং, ঢাকাস্থ মার্কিন দূতাবাসে টেরাকোটা ম্যুরাল (১৯৮৭), মতিঝিলে জনতা ব্যাংকের প্রধান ভবনে টাইলস পেইন্টিং (১৯৮৮), সুইডেনের স্টকহোমে টেরাকোটা ম্যুরাল (১৯৯৫), ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ভবনের সামনের সড়কদ্বীপে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতি-মিনারে মনুমেন্টাল টেরাকোটা প্লাক (১৯৯৬), শিল্পকলা একাডেমীর জাতীয় টেরাকোটা ম্যুরাল (২০০৪) এবং মতিঝিলে পূবালী ব্যাংকের প্রধান ভবনে টেরাকোটা ম্যুরাল (২০০৪)। এর মধ্যে ব্যক্তিমালিকানাধীন ভবনদুটির কাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতি-মিনারের কাজের লে-আউট করেন শিল্পী রফিকুন নবী এবং জনতা ব্যাংক ভবনের কাজের লে-আউট করেন শিল্পী সৈয়দ জাহাঙ্গীর। বাকি সব কাজের লে-আউট শিল্পীর নিজের। তবে সব কাজেই তিনি বিভিন্ন সময় বিভিন্ন ছাত্রের সহায়তা নিয়েছেন। এসব কাজে বিষয় হিসেবে এসেছে বাংলাদেশের প্রকৃতি, জনজীবন, মুক্তিযুদ্ধ, বিমূর্ততা প্রভৃতি।
শ্যামলীর একটি ব্যক্তিমালিকানাধীন ভবনে এবং মতিঝিলের জনতা ব্যাংক ভবনে তিনি যে টাইলস পেইন্টিংয়ের কাজ করেন তা ছিল বাংলাদেশে প্রথম। চীন থেকে শিখে এসে তিনি প্রথম এরূপ কাজ করেন। বাজার থেকে দেখে তৈরি গ্লেজহীন টাইলস কিনে তাতে গ্লেজ দিয়ে এসব কাজ সম্পাদন করেন। বনানীর বাড়িটিতে মাটির মোটা স্লাবে একটি গাছকে আলাদাভাবে দেয়ালে সংযুক্ত করা হয়। জাতীয় নাট্যশালায় ডায়াগনাল পদ্ধতিতে ৪ ইঞ্চি বাই ৪ ইঞ্চি মাপের ছোট ছোট টাইলস বসিয়ে টেরাকোটার যে-কাজটি করা হয়েছে তাতে হাই রিলিফ সৃষ্টির পরিবর্তে ব্যবহার করা হয়েছে টেক্সচার। এতে এমন কিছু ফর্ম ব্যবহার করা হয়েছে, যা বিভ্রান্তি সৃষ্টির সহায়ক নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের টেরাকোটা ম্যুরালটি মুক্তিযুদ্ধবিষয়ক। এতে বিভিন্ন ধরনের টেক্সচার ব্যবহার করা হয়েছে। ব্যবহার করা হয়েছে লক্ষ্মীর পা, চক্র, স্বস্তিকা, ফুল প্রভৃতির মোটিফ। কাঠের বিট দিয়ে যেমন পেইন্টিংয়ের ফ্রেম তৈরি করা হয়, তেমনি মাটির বিট দিয়ে টেরাকোটার ফ্রেম তৈরি করা হয়েছে। পূবালী ব্যাংকের কাজটিতে যে-নতুন টেকনিকের আশ্রয় নেওয়া হয়েছে তা হলো, এখানে কেটে কেটে ফর্ম বের করা হয়েছে।
টেরাকোটার কাজ করতে গিয়ে এর স্থায়িত্বের বিষয়টি নিয়ে অনেক ভেবেছেন আবু সাঈদ তালুকদার। টেরাকোটার জন্য যে-মাটি ব্যবহার করা হয় সাধারণভাবে তার স্থায়িত্ব কম, এতে সহজে ফাংগাস তৈরি হয়, লোনা ধরে, ফাটল দেখা দেয়। লোনা যাতে না ধরে সেজন্য শেষোক্ত তিনটি কাজের সময়ে তিনি মাটিতে বেরিয়াম কার্বোনেট ব্যবহার করেছেন।
মৃত্যু অমোঘ ॥ তবু দুঃখ থেকে যায়
মানুষের মৃত্যু প্রাণিজগতের মতো প্রকৃতির এক অমোঘ নিয়মের অধীন। কারো পক্ষে একে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। কিন্তু কোনো কোনো মৃত্যু সীমাহীন দুঃখের কারণ হয়ে ওঠে যখন আমরা উপলব্ধি করি যে, ওই ব্যক্তির পক্ষে তাঁর সম্প্রদায়ের জন্য আরো অনেক অবদান রাখার সুযোগ ছিল। এই দুঃখ আরো তীব্র হয় যখন আমরা জানতে পারি, মৃৎশিল্পের জন্য নিবেদিতপ্রাণ এই ব্যক্তিটি তাঁর সম্প্রদায়ের জন্য নীরবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মৃৎশিল্পে ব্যবহারের যোগ্য মাটি এনে বিভিন্ন তাপমাত্রায় তা পুড়িয়ে কী কী অ্যাফেক্ট তৈরি হয় তার বিস্তৃত বিবরণ লিখে রেখেছিলেন, কিন্তু এসব কাজ তার মৃত্যুর কিছুদিন আগে চুরি হয়ে যায়। এই দুঃখ বুকে ধারণ করেই তাঁকে পৃথিবী থেকে বিদায় নিতে হলো।
এই লেখাটি তাঁর অবদানকে মূল্যায়নের জন্য নয়। তিনি বেঁচে থাকলে আরো কী কী কাজ করা তাঁর পক্ষে সম্ভব ছিল তার হিসাব কষাও এখন অর্থহীন। বরং আমরা যদি চীনে চার বছরের প্রশিক্ষণশেষে দেশে ফেরার পর গত আঠারো বছরের (১৯৮৭-২০০৪) কালখণ্ডে তাঁর কার্যক্রমের দিকে চোখ রাখি তাহলে দেখব, এতটুকু সময় তিনি নষ্ট হতে দেননি। পুরো সময়টাই তিনি ব্যয় করেছেন এদেশের আধুনিক মৃৎশিল্পের উন্নয়ন-সাধনে। স্টুডিও পটারির নানা পরীক্ষা-নিরীক্ষা, ব্যবসায়িক মৃৎশিল্পের সঙ্গে তার মেলবন্ধন প্রভৃতি কার্যক্রমের ফলাফল বিচারের ভার ভবিষ্যতের ওপর ছেড়ে দেওয়াই ভালো।

Leave a Reply
You must be logged in to post a comment.