এক ধরনের খেলা

ছেলেবেলায় একদিন খুলনায় আমাদের বাড়ি থেকে আমাকে যেতে হয়েছিল কুড়ি মাইল দূরে আর এক গ্রামে। আমার মামার বাড়িতে, একটা শুভ কাজের আয়োজনের অংশ হিসেবে। যাত্রাটা ছিল অশুভ। নদী পার হয়ে রূপসা রেলস্টেশনে পৌঁছে দেখি ট্রেন ছেড়ে গেছে। রেললাইন ধরে টানা পনেরো মাইল কাঁচা রাস্তা একা হেঁটে যেতে হলো। কাজ সেরে বাড়ি ফিরছিলাম নদীপথে, নৌকোয়। কিছু দূর যেতেই একটা বড় স্টিমারের তোলা ঢেউয়ে আমাদের ছোট নৌকোটি উল্টে গেলো মাঝ নদীতে। আমি ছিটকে পড়ে গেলাম পানিতে। ডুবে যাই যাই। হঠাৎ পা ঠেকলো মাটিতে। ভরা-নদীর মাঝখানে চড়া এলো কোত্থেকে? কার কাজ? আমি পার হয়ে এলাম।

প্রথম যৌবনে আমাকে একবার গুঁটিবসন্ত ধরেছিল, কলকাতায়। সময়মতো টিকা নেয়া ছিল। তবুও। সেকালে এ রোগের কোনো চিকিৎসা ছিল না। একজন ডাক্তার এসে নিয়মিত দেখে যান। কিন্তু চিকিৎসা করছিলেন এক ভদ্রলোক তার স্বপ্নে-পাওয়া দাওয়াই দিয়ে। একদিন ডাক্তার এসে দেখেন আমার চোখ প্রায় বোজা, সারা শরীর ঠান্ডা হিম। পাল্স পাওয়া যাচ্ছে না। বুকে স্টেথেস্কোপ লাগিয়ে সাড়া পান না। তার মুখ অন্ধকার। বাবা-মা মাথায় হাত দিয়ে বসলেন। সেই ভদ্রলোক এলেন, যিনি কীসব তেল-টেল আর পাতাপুতি সারা শরীরে মাখাতে দিয়েছিলেন। গায়ে হাত দিয়ে বললেন, সব ঠিক আছে, ঘাবড়াবেন না। ডাক্তার সাহেব মুখ কালো করে চলে গেলেন। বাড়িতে কারও মুখে কথা নেই। সবাই যেন বোবা হয়ে গেছে। দুদিন পরে একটু একটু করে আমার শরীরে তাপ ফিরে এলো। আমি চোখ মেলে এমনভাবে দেখি যেন বহু দূর ঘুরে ফিরে এলাম।

দেড় যুগ আগে আমি একদিন গাড়ি থেকে ছিটকে পড়ে গিয়েছিলাম ঢাকায়, বড় রাস্তায়, যেখানে অবিরত গাড়ি ছুটছে। আমাকে কেউ ছুঁলো না। শুধু বাঁ কানের ওপর মাথায় চামড়া খানিকটা থেঁতলে যায়। এক্সরে করে কিছু পাওয়া গেলো না। পাঁচ-ছয়টা স্টিচ দিয়ে ডাক্তার ছেড়ে দিলেন। খুব বেঁচে গেছেন। আড়াই মাস পরে দেখা গেলো মাথার ভেতরে রক্ত জমেছে। খুলি ড্রিল করে নিউরো সার্জন রক্ত বের করে আনলেন। এত সহজে ছাড়া পেয়ে যাব কেউ ভাবেনি। দু’সপ্তাহ পরেই ফিরতে হলো হাসপাতালে। আবার সেই খুলি ফুটো করে জমাট রক্ত বের করে আনা। এবার তাতে কোনো কাজ হলো না। মাথাটা যেন আর আমার নয়, সারা শরীর প্রায় অবশ, চোখ বুজে আসছে। সাতদিনের মাথায় সার্জন আমার হয়ে শেষ লড়াইয়ে নামলেন। খুলিটা খুলে সারারাত মাথাটা সাফ করে আবার সেটা যথাস্থানে বসিয়ে দিলেন। চারদিন পরে আমি চোখ খুলি, পনেরো দিন পরে আমার মুখে কথা ফোটে। তিনমাস পরে যুদ্ধ জিতে আমি ফিরে আসি ঘরে।

এ-তো মাত্র তিনবারের কথা বললাম। এরকম লড়াই আরও হয়েছে।

আমার পাঁচ বছরের নাতি আরীব যেমন লুকোচুরি খেলে তার আয়ার সঙ্গে আমারও যেন একজনের সঙ্গে এক ধরনের ধরাছোঁয়ার খেলা চলছে অনেকদিন থেকে। তার ছায়া দেখলে আমি চলে যাই কম্বলের নিচে নইলে বিছানার চাদরের মধ্যে, যেমন আরীব তার খেলার সঙ্গীকে ফাঁকি দিতে চায় টেবিলের তলায় কিংবা আলমারির পেছনে লুকিয়ে। আমি যখন প্রায় ধর ধর, কোথা থেকে কে এক অদৃশ্য জাদুকর স্টেজে এসে আমাকে নিমেষে হাওয়ায় এমন মিলিয়ে দেয়, সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপর হাল ছেড়ে ধীরে ধীরে ফিরে যায়।

এসব গল্প আমি মাঝেমধ্যে হাসতে হাসতে একটু বুঝি মজা করেই বন্ধুমহলে বলে থাকি। খেলাটা আর কতদিন চলবে কে জানে। এতদিন আমিই তো তাকে ফাঁকি দিয়ে এসেছি। সে একবার আমাকে ধরতে পারলেই তো খেলা শেষ। যখনই হোক সেই খেলাটার গল্প আমার তো আর করা হবে না।