চেতনার ঢেউ থেমে যেতে কবির দু চোখ
আকাশে দেখল পুড়ছে সতেরো শো তেরোটি হৃদয়বতী তারা
যা থেকে অঙ্কুর জন্ম নেবে কি না নেবে!
তিনি কান পেতে রয়েছেন – তুমি কিছু বলো।
জাগরণময় এক ঘুম-শেষে ঘোর স্বপ্নে
উজ্জ্বল চওড়া পাড় বাসন্তি শাড়ির ঝলকানি
গায়ত্রী মন্ত্রের ভূঃ ভুবঃ স্বঃ।
নিঃসীম বেদনা নিয়ে যত খুশি ভাবো
যত খুশি ডুবে যাও, একা যাও ডুবে।
সূর্যের রথের চাকা সেও তো নিয়মবদ্ধ পরাধীন
সুর কিংবা শিখা হয়তো দিনরাত্রি পল অনুপল।
পাহাড়ের ঝরনাধারা সমুদ্রের জল
তাঁর কী আশ্চর্য মন –
মহাশূন্য ফেটে সেই অশ্রুবিন্দু, ছায়াবিন্দু, স্বেদবিন্দু
ঝরছে এখন।

Leave a Reply
You must be logged in to post a comment.