আমি শৈশবে বানস্পত্য বৃক্ষের একটি চারা পুঁতেছিলাম
আশৈশব তার খেদমতগারি করে
রোপিত স্থলে প্রাত্যহিক নিয়মে জৈব সার
আর মাটির স্বল্প গভীরে চলে-যাওয়া শেকড়ে তেষ্টার জল ঢেলে
স্থাণুবৎ এই চারা গাছটিকে ব্যায়ামাগারের মতো পরিচর্যায়
সবল ও স্বাস্থ্যবান একটি বৃক্ষে পরিণত করে তুলতে সক্ষম হয়েছি
এখন তার উচ্চতা আমার পাঁচ ফুট দশ ইঞ্চি
খর্বকায় শরীর ছাড়িয়ে যেন আকাশ ছুঁই ছুঁই করছে
তার শেকড় ক্রমশ এলোমেলো হয়ে যাচ্ছে আমার পাকস্থলীর মতো
আর এফোঁড়-ওফোঁড় করে আমার তলপেট ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে
পত্রভার নমিত তার অসংখ্য ডালপালা
এখন আমি স্বয়ং প্রতিপালিত বৃক্ষের কাছে ঋণী
বাতাবি নেবুর গন্ধের মতো আমার বুকের ভিতর বাক্সবন্দি
তার অনিঃশেষ তাজা টইটম্বুর রস
আমি প্রতিদিন তার সুগভীর পাতকুয়ার শোধনাগার থেকে
পরিশোধিত হয়ে বৃদ্ধি করে চলেছি আমার আয়ুষ্কাল
আমরা কেউ বৃক্ষের মতো উচ্চতা পাই না
না বৃক্ষের মতো উদারতা না তার শিফন শরীরের মতো অনাবৃত
আমরা এক শ্বাসরুদ্ধকর অবরুদ্ধ বাতাসের ভিতর
তার উচ্ছিষ্ট পাতার বর্জ্যরে মতো প্রতিনিয়ত ঝরে যাচ্ছি
বৃক্ষের ক্লোন যেন আমার শরীরে খলখলিয়ে ডুকরে কেঁদে ওঠে
এই আক্ষেপে যে আমি কখনো বৃক্ষ হয়ে জন্মাতে পারবো না
আমি নীলিমার কাছে আবারো তুচ্ছ প্রমাণিত হয়ে
তুচ্ছই রয়ে যাচ্ছি

Leave a Reply
You must be logged in to post a comment.