পথে প’ড়ে থাকা সবটুকু ধুলোকাদা গায়ে মাখি

সারা দিনভোর রোদে বর্ষায় পথে পড়ে থাকি।

পথ নিয়ে যায় অজানা ঠিকানা অচেনা দেশের ঘরে

কানে লেগে থাকে পাখিদের ডাক নদীর মাতম

মানুষের মতো স্বরে

আকাশপথেও ছুটেছি কখনো দেশান্তরে।

পথের ক্লান্তি পরিশ্রমের ঘামের লবণ

সর্বশরীরে সাদা হ’য়ে থাকে ফুলের গন্ধে ভরে থাকে মন।

সারাটা জীবন পথেই রয়েছি

কাঁটা কাদা শেল শতেক যাতনা হৃদয়ে বয়েছি।

আঘাতে আঘাতে দীর্ণ হৃদয়।

প্রতিটি আঘাত ফুল হ’য়ে ফুটে রয়।