তুই এসেছিলি কবে টের পাইনি একটু, নিদ্রাহীন রাতে,
নাকি ঘুমে অচেতন ছিলাম! তেমন হয় না এই জীবনে –
আমার বুকের রক্তে ভেসে গেছে হাত, দেখিনি তো তোকে আর
তীক্ষè চোখে বিদ্ধ করেছিস – তবু কেন জানে না বিনষ্ট মন!
রাতে এসে চুপি চুপি চুম্বনের রেখা দিলি অতৃপ্ত এ ঠোঁটে?
চোখ বুজে এক মুঠো ফুল দিলি, আমি এক উন্মাদ পাথর –
বাসনার কত কী যে বলি আজ, বুক ভেঙে স্বপ্ন খেয়ে ফেলি
তোকে নিয়ে যাব পাতালের দেশে বিস্মরণী নদী পার হয়ে।
আলিঙ্গনে ঘুমে ঘুমে অবিরত চুম্বনের আনন্দ নির্যাসে
আমার আক্রোশ আজ আমাকেই বারবার জ্বালায় পোড়ায়
তীব্র বিষে রক্তকোষ জর্জরিত করে। আমি টের পেয়ে যাই
নিদ্রার ভেতরে চুম্বনের স্পর্শ অনুভব করি অন্ধকারে।
সেই দিন ভুলে গেছি। এমন আনন্দ দিন ছিল কি কখনো?
মনেও পড়ে না, নষ্ট মনে বাসা বাঁধে কীট পোকা জরা শোক
তবু যদি একবার ভুলেও এসে আমাকে পাগল করিস!
গাঢ় সুখ দিয়ে যাস আলিঙ্গনের বন্ধনে, নিশ্বাসে প্রশ্বাসে।
ভুলের পাহাড় কত কত পার হয়ে গেছি কঠিন সময়ে
বুঝতে পারিনি ব্রত, কোনটা গরল আর কোনটা অমৃত!
কখন পালিয়ে গেলি? চাঁদ ডুবে গেলে নাকি সূর্য উঠে গেলে?
আদিম শূন্যতা ছিল, বুকের ভেতরে রক্ত হিম হয়ে গেল
বরফ গলেনি, মন কেঁদে কেঁদে ব্যর্থ হয়েছিল – একা আমি।
গল্প তোকে শুনিয়েছি প্রাণ, রবিঠাকুরের প্রার্থনার গান,
মেঘদূত, বেত্রবতী নদী! তুই বলেছিলি উপনিষদের
ওম শান্তি বাণী, এই আত্মা নিত্য অবিনাশী। ঠোঁট দুটো হাত
দিয়ে ছুঁয়ে দিয়েছিলি, মনে আছে? তারপর, হঠাৎ নিষ্ক্রান্ত।
আবার কখন এলি? খুব ভোরে চুপি চুপি গাঢ় স্বপ্নে? নাকি
সুষুপ্তিতে, তাও মনে নেই? একেবারে মিথ্যা সব অর্থহীন
পাগলের কপট প্রলাপ বকি, আজ দয়া কর অন্ধ জল –
যদি তোর সত্যি মনে থাকে, এই জীবনের দুঃখ ছিঁড়ে ফেল।
তাহলে হয়তো শান্তি পাব, নির্ঝরিণী বয়ে যাবে অভিশাপে
খুনে রাঙা রক্তমাখা স্বপ্নের ভেতরে এসে যাবি তুই। তবে
তোর মায়াভরা মুখখানা দেখে নেব আলো জ্বেলে রাত্রিবেলা
আশ্রমের মাঠে, সংগীতের টানে মোহময় স্বপ্নের পাতালে।
কখনো দেখি না স্বপ্নে, ছায়া হয়ে মিশে গেলি কত কত দূরে
গরল গলাতে ঢেলে টেনে নিয়ে যাবি বিস্মরণী নদীতীরে?
কষ্ট মুছে দিবি, অন্ধকারে বুকে টেনে শুভ্র শান্তি দিবি মনে?
আসলে আদিম শূন্যতা সব মিথ্যা কপটতা, অগ্নির শয্যা –
তুই নেই। কিন্তু আত্মা অবিনাশী আমাকে রেখেছে বেঁধে বুকে –
তাই টের পেয়ে যাই তোর নিঃশব্দ গোপন মুগ্ধ অভিসার
আষ্টেপৃষ্ঠে যদি বেঁধে রাখ, তবে আমি চোখের কণিকা ভেঙে
অশ্রু চুষে নেব। তোকে দেবো নিশীথিনীর অপরূপ করুণা –
ফিরে যাব দ্বাপরের যুগে এখনো যেখানে বসেই আছিস –
তোকে ডেকে ক্লান্ত হই শ্যাম। কল্পনায় তোর রূপ খুঁজে মরি।
সন্ত নয় – নিয়তির অভিশাপ মুছে দিবি মরণের বিষে
আমরা আবার হব ‘ঈনিয়াস্-দিদো’ – এক প্রেমের প্রতীক।
১১/১১/০৪

Leave a Reply
You must be logged in to post a comment.