সীগালের ঠিকানা

উত্তর সাগরের সাদাকালো

এইসব সতেজ সীগাল

কেন যে এখানে এই ব্যতিব্যস্ত বিমানবন্দরে

সারাদিন ঘুরঘুর করে আর

ধাতব পাখিদের সঙ্গে

ওঠা ও নামার

এক আজব প্রতিযোগিতায় মেতে ওঠে

কে জানে!

বোঝা যায়

ওরা বেশ মজা পায়

হয়তো খেলাই হবে কোনো

হয়তো-বা নয় কোনো খেলা

আসলে ওরাও যেতে চায়

কোনো এক ঠিকানায় বা

ঠিকানাবিহীন শূন্যতায়

যার খোঁজ শুধুমাত্র সীগালেরা জানে

যদিও কখনো তাদের

যাওয়া হবে না সেখানে।