সময়ের সত্যরূপের শিল্পী

ঢাকা শহরের পথের পাশে অবিচল নিশ্চলভাবে দাঁড়ানো গাছগুলো সব ধুলোয় ধূসর। হঠাৎ বৃষ্টিতে কখনো উদ্ভাসিত হয়ে ওঠে সেগুলোর সহজাত সবুজ রং। আবারও নির্মম কালো ধোঁয়ায় হারিয়ে যায় তাদের গাছসুলভ সৌন্দর্য। একপাশে বড় বড় অ্যাপার্টমেন্ট আর ইলেকট্রনিক বিলবোর্ডের তীব্র মডার্ন উপস্থিতি, ঠিক পাশেই টিনের চালে ঝলক মারে রোদ। ইগড গাড়ির পাশাপাশি রিকশার ভিড়। সবমিলিয়ে প্রাত্যহিক জীবনে নতুন টেকনোলজি, জীবনযাত্রা আর পুরনো নান্দনিকতার জগাখিচুড়ি অবস্থা। সবকিছুই জনজীবনকে করে তুলেছে অনেক বেশি অস্থির আর অশান্ত।

শিল্পী প্রিমার প্রদর্শনীতে ঘুরতে ঘুরতে এমনই মনে হলো। তাঁর চিত্রকর্মে একাধারে আভাস পেলাম বর্তমান সময়ের, প্রজন্মের, ব্যক্তির অসম্ভব উদ্ভ্রান্ত অস্থিরতার, তার পাশাপাশি শান্ত-ধীর-অচঞ্চল প্রথাগত সৌন্দর্যের। মাধ্যমের আঙ্গিকের মুনশিয়ানার বাহার।

‘পেইন্ট অ্যান্ড পিক্সেল’ শিরোনামে গত ৪ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে প্রদর্শিত হলো নাজিয়া আন্দলিব প্রিমার সমসাময়িক ৩২টি চিত্রকর্ম। এটি ছিল শিল্পী প্রিমার ষষ্ঠ একক প্রদর্শনী। আগের ৫টি একক চিত্রপ্রদর্শনীর পথ অতিক্রম করে এবারে শিল্পী নিজেকে উপস্থাপন করেছেন কিছুটা ব্যতিক্রম ভঙ্গি ও আঙ্গিকে। এ ব্যতিক্রমী আঙ্গিক-দর্শনে কিছুটা চমকে উঠেছে শিল্পবোদ্ধা, শিল্পসমালোচক, শিল্পক্রেতা ও দর্শক মহল।

গ্যালারির ভেতর চিত্রকর্মের প্রদর্শনে ছিল ব্যতিক্রম ভাবধারা। তেলরঙে করা ছোট-বড় ক্যানভাসের পাশাপাশি ডিজিটাল মিডিয়ায় করা চিত্রকর্মের প্রিন্টআউট উপস্থিত ছিল। কিছু কিছু চিত্রের ক্যানভাস দেয়ালে সিমেট্রিকভাবে না ঝুলিয়ে শিল্পী রেখে দিয়েছিলেন ফ্লোরে দেয়ালের গায়ে হেলান দিয়ে। পরিপাটি গ্যালারিতে বিচ্ছিন্নভাবে সাজানো ছবিগুলো কৌতূহলী করে তোলে অনেককেই। শিল্পীর অভিমতে তিনি চেয়েছেন দর্শককে তাঁর প্রদর্শনীর সঙ্গে একাত্মবোধের জায়গা করে দিতে। তাঁর নিজস্ব কাজের স্টুডিওতে যেভাবে নির্মিত হয় শিল্প এবং চারপাশে থাকে ছড়ানো-ছিটানো, ঠিক সে-রকম একটি আবহ তৈরির চেষ্টা করেছেন শিল্পী। কখনো দাঁড়িয়ে, কখনো-বা নিচু হয়ে বসে, কাছ থেকে, দূর থেকে নানাভাবে ছবিগুলো পর্যবেক্ষণের ভেতর দিয়ে দর্শকের ভেতর প্রদর্শনী-কক্ষের গাম্ভীর্য ও জড়তা দূর হয়ে তৈরি হবে স্বাচ্ছন্দ্যবোধ – এ-ই ছিল শিল্পীর প্রয়াস।

শিল্পী প্রিমার মাধ্যম ও বিষয়বৈচিত্র্যে ছিল অনেকরকম ধারার ও চিন্তার সমাবেশ। প্রদর্শনী-কক্ষে প্রবেশমাত্রই দৃষ্টি আটকে গিয়েছিল Staring women শিরোনামে তেলরঙে করা চিত্রকর্ম দুটোয়। বলিষ্ঠ তুলির আঁচড়ে রেখাপ্রধান এই কর্মে অসংখ্য নারীমুখের সমাবেশ ও বিস্ময়, নারীর অন্তর্জাত শক্তি ও বোধের; সময়ের প্রেক্ষাপটে এগুলোকে নারীর অবস্থানের দৃষ্টিগ্রাহী চিত্রণ বলা চলে। শিল্পী প্রিমার তেলরঙের অন্য কাজগুলোর মধ্যে ছিল অর্ধচন্দ্র, বিয়ন্ত সারফেস, আলো, বসন্ত বৃষ্টি, নীল বৃত্ত শীর্ষক কাজগুলো। জীবনের, মানুষের, প্রকৃতির, অনুভূতির বিচিত্রতা এবং প্রকাশের বহুমাত্রিক রূপ যেমন সত্য, শিল্পীর চিত্রকর্মেও ধরা পড়েছে সেই সত্যতা। সার্কেল, সেমিসার্কেল, অস্থির তুলির আক্ষেপ, কালো-হলুদ, লাল-নীল বর্ণের আধিক্য ও আধিপত্যের ভেতর দিয়ে শিল্পী সময়ের বহুমাত্রিকতা ও নিজস্ব অন্তর্জাত সত্য অনুভূতির তীব্রতা ও বিভিন্নতা প্রকাশ করেছেন। লাল রঙের অসম টেক্সচারড সারফেসে হলুদ-কালোর অস্বচ্ছভাবে প্রতিবিম্বিত মানুষের মুখাবয়বের আভাস সেই তীব্র যন্ত্রণাবোধ, উপলব্ধির, তৃপ্তি-অতৃপ্তির একাধারে যেমন প্রকাশ তেমনি আন্দোলন-প্রতিবাদমুখর সত্তার আর্তচিৎকার যেন।

এরই পাশাপাশি ছিল পিক্সেল ১, ২, ৩, ৪ নামে উপস্থাপিত বেশকিছু ডিজিটাল মিডিয়ায় করা শিল্পকর্ম। শিল্পী প্রিমার ভাষ্যে, তিনি একজন মডার্ন রিপ্রেজেনটেটিভ। টেকনোলজির যুগে দাঁড়িয়ে প্রাত্যহিক জীবনের কাজে নিয়মিত টেকনোলজিকাল সামগ্রী ব্যবহার করে, কম্পিউটারের মাধ্যমে গ্রাফিক ডিজাইনে অভ্যস্ত এ-প্রজন্মের একজন শিল্পী হয়ে ডিজিটাল ফর্মে চিত্রকর্ম সৃষ্টির মধ্য দিয়ে প্রকাশভঙ্গির অনেক বেশি সত্যতা খুঁজে পেয়েছেন তিনি।

একাধারে এই শিল্পীর কাজের ভেতর আমি দেখেছি বহুদিন ধরে চর্চিত শিল্পের প্রতিফলন। তেমনি নতুন মাধ্যমের প্রতি কৌতূহল। জীবনের সাহজিকতার প্রতি মমতা আবার দুর্বোধ্যতার প্রতি চ্যালেঞ্জবোধ। সুন্দরের প্রতি দুর্বলতা আবার অসুন্দরের প্রতি আকর্ষণ। নারীসুলভ সৌন্দর্য ও কমনীয়তা, আবার পুরুষসুলভ অভিলাষ। বাঙালি ঐতিহ্যে গর্বিত, আবার বিশ্বায়নের ভাবধারায় নির্মিত। ব্যক্তি হিসেবে এই ডাইভার্স ফর্মও কিন্তু শিল্পীর অনুভবের অংশ, সময়ের অস্থিরতার স্বাক্ষর।

এরই প্রকাশ তাঁর ডিজিটাল মিডিয়ায় করা কাজগুলোয়। তেলরঙে করা সারফেস স্ক্যান করে কম্পিউটারের মাধ্যমে আরো কিছু ফর্ম, কালার লাইন, টেকস্চার সংযোজনের মাধ্যমে শেষ করেছেন চিত্রকর্মগুলো। যেমন পিক্সেল ২, ৯ বা ১০-এর হাতে করা অমসৃণ সারফেসে কম্পিউটারের মাধ্যমে সৃষ্ট গোলাকৃতি মসৃণ ফর্ম আর ছায়া অথবা হিজিবিজি প্যাস্টেল কালার ইফেক্টের লাইনের সংযোজন সে-কথাই বলে।

ডিজিটাল মিডিয়ায় করা পিক্সেল-৪ চিত্রটিতে দেখা যায় সারিবদ্ধ পানির ট্যাঙ্ক। ক্যানভাসের নিচের দিকের এক-তৃতীয়াংশে নিখুঁত ডিটেইলে করা কাজ। উপরের দিকে বিশাল এক অংশ জুড়ে সাদা শূন্যতা। পুরোটাতেই শিল্পীর পরিশীলিত দক্ষতার ছাপ। অথচ তার ওপর হঠাৎ করেই কম্পিউটারে সংযোজিত হলুদ লাইনের উপস্থিতি দৃষ্টিকে করে বিভ্রান্ত। অথচ এই লাইনগুলোর উপস্থিতি না থাকলে হয়তো চিত্রটি হয়ে উঠত আরো নান্দনিক। শিল্পীর অন্য কাজগুলোর গতি ও প্রকাশভঙ্গি দেখে উত্তর পেলাম এই স্বেচ্ছায় অবিন্যস্ত চিত্রকর্মটির, যা শিল্পী নিজেও ব্যক্ত করেছেন পরবর্তী সময়ে। নিজের মনে যেখানে চিন্তার স্রোতের অস্থিরতা, সেখানে সুন্দরের প্রতি একাগ্রতা ও প্রকাশ নিজেরই সঙ্গে প্রবঞ্চনার মতো।

শিল্পী প্রিমার কাজে মাধ্যম, বক্তব্য, ফর্ম, কালার, সারফেস, লাইন ও গভীরতার শুধু এক্সপেরিমেন্ট নয়, বরং নিজস্ব জীবনের একটি সাহজিক এক্সপেরিমেন্টের প্রতিচ্ছবি। অনুভবে ধাক্কা দেয় প্রশ্ন, দৃষ্টি কখনো হয় বিভ্রান্ত। এ-সবই আমাদের বর্তমান নাগরিকতার প্রকাশভঙ্গিই বলা যায়।

ডিজিটাল আর্ট বর্তমান বিশ্বের একটি শক্তিশালী প্রকাশ-মাধ্যম হলেও এদেশে পিওর শিল্পচর্চায় এ-মাধ্যম নিয়ে এক্সপেরিমেন্ট বেশ কম। যদিও বাণিজ্যিকভাবে এ-মাধ্যমের যথেচ্ছ ব্যবহারে পারদর্শী বহু শিল্পীই। শিল্পী প্রিমার এবারের এ-প্রচেষ্টা তাঁর পুরনো ভাবমূর্তিকে ভেঙে যোগ করেছে নতুন মাত্রা।

এতে হতাশ হতে দেখেছি কিছু কিছু শিল্পবোদ্ধা ও ক্রেতাকে। এক্ষেত্রে বলতে পারি, শিল্পী প্রিমা শুধু সুন্দর ছবি নির্মাণের ও প্রদর্শনের নিয়মিত পথ মাড়াননি এবার। তিনি তাঁর উত্তরণের ও বেড়ে ওঠার চেষ্টাটুকুর প্রকাশ করেছেন রাখঢাক না করেই। যা-কিছু তাঁর স্টুডিওতে তৈরি হচ্ছিল ধীরে ধীরে একটি সময় ধরে, বাছ-বিচার না করে সেগুলোর সবই মেলে ধরেছেন তিনি। এক্ষেত্রে শিল্পীর কাছে প্রশ্ন করে উত্তর পেয়েছি যে, তিনি দর্শককে মনে করেন তাঁর আয়না। সব শ্রেণির, মানের দর্শকের কাছ থেকে ভালো-মন্দ মেশানো যে-তীব্র প্রতিক্রিয়া তিনি পান, তা-ই তার পরবর্তী কাজের গতি ও শৈলী নির্ধারণে প্রেরণা জোগায়। সত্য উপলব্ধি কতখানি ছুঁয়েছে দর্শককে, এ-কথা অনুধাবনের মধ্য দিয়ে প্রতিনিয়ত পরিশীলিত করে চলেছেন শিল্পী নিজেকে।

ছবিগুলোর কোনটা ভালো লেগেছে, কোনটা লাগেনি এমনটি প্রতিটি দর্শকমাত্রই অনুভব করেন। তবে ছবির মাত্রা-গুণ মাপার ক্ষেত্রে শিল্পীর বক্তব্য উপস্থাপনশৈলী ও তাঁর অন্তর্জাতবোধের সঙ্গে সংযোগ স্থাপন করাও প্রয়োজন হয়ে ওঠে কখনো কখনো। শিল্পী প্রিমার এবারের প্রদর্শনীটি ছিল এজন্যই চ্যালেঞ্জিং। অনেক বেশি বক্তব্যে, ভাবে, মাধ্যমের ভিন্নতায়, স্টাইলের ভিন্নতায়, উপলব্ধির তীব্রতায়, প্রদর্শকের কারিশমায় ছিল ভারাক্রান্ত। এ-সবই অস্থির সময়ের এক তরুণ প্রজন্মের সত্য রূপ। তবে শিল্পী হিসেবে প্রিমার প্রকাশভঙ্গি ও চিত্রকর্মগুলো আগের চেয়ে অনেক বেশি পরিশীলিত, পরিমার্জিত ও চিন্তাভাবনায় পরিপক্ব। দর্শক যেহেতু শিল্পী প্রিমার আয়না, সে-কারণেই তারা হয়তো তাঁর সত্যরূপ খুঁজে পাবেন আরো বহুমাত্রিক ফর্মে।