ভাস্কর নভেরা আহমেদ

১৯৬৮ সালের শেষদিকে ব্যাংককে নভেরা আহমেদের একক প্রদর্শনী হয়। ব্যাংককের অলিয়ঁস ফ্রঁসেজ ও পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করে এবং এর প্রধান উদ্যোক্তা ছিলেন সৈয়দ মহম্মদ আলী। তিনি তখন ‘ব্যাংকক পোস্ট’-এর ম্যানেজিং ডিরেক্টর। এই প্রদর্শনীর প্রায় চারবছর আগে থেকেই নভেরা প্যারিসে বাস করছিলেন এবং বেশকিছু ব্রোঞ্জের কাজ করেছিলেন। এই কাজগুলি নিয়ে তিনি প্যারিস থেকে ব্যাংককে আসেন। তাঁর সঙ্গে ছিলেন ফটোগ্রাফার বন্ধু গ্রেগোয়া দ্য ব্রুন্স বা সংক্ষেপে গ্রিশা। জন্মগতভাবে তিনি রুশ, কিন্তু বড় হয়েছেন ফ্রান্সে। প্রদর্শনীর পর নভেরা প্যারিসে ফিরে যান এবং আর কোনোদিন দেশের সঙ্গে, নিজের আত্মীয় পরিজনের সঙ্গে যোগাযোগ রাখেননি। যেভাবে তিনি স্বদেশ, স্বজন এবং বন্ধুদের কাছ থেকে নিজেকে সরিয়ে নিলেন তাতেই তাঁর মানসিকতার পরিচয় পাওয়া যায়। ৭০ সাল পর্যন্ত সৈয়দ মহম্মদ আলীর সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। আলী বলেছিলেন, ‘নভেরা অত্যন্ত সিক্রেটিভ একজন মানুষ, তাঁকে নিয়ে বায়োগ্রাফি হয় না, ফিকশন হতে পারে।’ সত্যিই এতটাই তিনি নিজেকে গোপন করে রাখতে পেরেছিলেন যে, তাঁর মৃত্যুর খবরও রটে গিয়েছিল। নভেরার বহুদিনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সৈয়দ মহম্মদ আলী। অন্তত ’৭০ সাল পর্যন্ত নভেরা তার ওপর বহু দিক থেকে নির্ভরশীল ছিলেন। অথচ সেই তিনিও তাঁর মৃত্যুর আগ পর্যন্ত জেনে গেছেন যে, নভেরা আর নেই। কিন্তু নভেরা আছেন এবং প্যারিসেই এক শহরতলীতে বাস করছেন। তিনি কেন যে নিজেকে এভাবে সবকিছু থেকে সরিয়ে নিলেন, তা জানার আগ্রহ হয়েছে সবার। তবে একজন শিল্পীর জীবনকাহিনী বোধহয় কেবল ততটাই জানা প্রয়োজন যতটা তার শিল্পকর্মের জন্য প্রাসঙ্গিক।

নভেরা আহমেদ বাংলাদেশের প্রথম আধুনিক ভাস্কর। ১৯৫৬ সালে তিনি যখন লন্ডনের ক্যাম্বারওয়েল স্কুল অব আর্টস অ্যান্ড ক্র্যাফট্স থেকে ন্যাশনাল ডিপ্লোমা ইন স্কাল্পচার নিয়ে ফিরে এলেন তখনো ঢাকার চারুকলা ইনস্টিটিউটে ভাস্কর্য বিভাগ খোলা হয়নি। ১৯৫৬ থেকে ১৯৬০ সাল পর্যন্ত তিনি ঢাকায় ছিলেন এবং এই সময়কালের মধ্যে বেশকিছু কাজ করেছিলেন। তাঁর দুটি প্রদর্শনী হয়েছিল সেন্ট্রাল লাইব্রেরিতে, পরবর্তীকালে এটাই ইউনিভার্সিটি লাইব্রেরি হয়েছে এবং ততদিনে জাতীয় গ্রন্থাগারও নির্মিত হয়ে গেছে। এই কারণেই নভেরা আহমেদের ভাস্কর্যগুলি এই দুটি লাইব্রেরির সম্পত্তি হিসেবে বিবেচিত হয়েছে। এর বেশ কয়েকটি ইউনিভার্সিটি লাইব্রেরির একটি স্টোর রুমে এবং কিছু জাতীয় গ্রন্থাগারের বেজমেন্টে বহুদিন অত্যন্ত অযত্নে পড়ে ছিল। বেশ কয়েকটি কাজ ভগ্ন অবস্থায় পাওয়া গেছে। আমলাতান্ত্রিক বাধানিষেধের কারণে চারুকলা ইনস্টিটিউটের কাছেও এগুলির হস্তান্তর সম্ভব হয়নি। পরে নব্বই-এর মাঝামাঝি থেকে ঢাকা জাদুঘর কর্তৃপক্ষ একটি প্রসংশনীয় উদ্যোগ নিয়ে কাজগুলিকে উদ্ধার করেছেন এবং যথাসম্ভব সংস্কার করে সংরক্ষণ করেছেন। তেজগাঁওয়ের এক বাড়ির সামনের লনে একটি কাজ ছিল, সেটিও তাঁরা কিনেছেন এবং জাদুঘরের সামনের লনে উপস্থাপন করেছেন। ১৯৯৮ সালের মে মাসে তাঁরা নভেরা আহমেদের একক প্রদর্শনীও করেছেন এবং জাদুঘরের একটি হলের নামকরণ হয়েছে ভাস্কর নভেরা আহমেদ হল। ইতোমধ্যে ’৯৭সালে বাংলাদেশের শিল্পকলার ইতিহাসে নভেরার অবস্থান ও অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে একুশে পদক প্রদান করা হয়। একটি ক্ষীণ আশা ছিল তিনি পুরস্কারটি গ্রহণ করতে আসবেন, কিন্তু তিনি যে আসেননি সে-কথা আগেই বলেছি।

পঞ্চাশের দশকের গোড়াতেই এদেশের একজন মেয়ের ভাস্কর্য শেখার সিদ্ধান্ত নেয়া সত্যিই একটি বিপ্লবাত্মক ঘটনা ছিল। মাত্র বছর ত্রিশেক আগেই ইংল্যান্ডের বারবারা হেপওয়ার্থ তাঁর প্রধানশিক্ষককে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানিয়েছিলেন যে, তিনি ভাস্কর হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং ইউনিভার্সিটিতে যাবার কোনো ইচ্ছেই তাঁর নেই। নভেরার জন্য এটি সম্ভব হয়েছিল এই কারণেই যে, তিনি গতানুগতিক বাঙালি পরিবারের সাধারণ মেয়ের মতো বেড়ে ওঠেননি। নভেরা আহমেদের জন্ম আনুমানিক ১৯৩০ সালে। চাকরিসূত্রে তাঁর পিতা সাইদ আহমেদ যখন কলকাতায় ছিলেন তখন তিনি লরেটোতে পড়েছেন, ওখান থেকেই ম্যাট্রিকুলেশন করেছেন। সঙ্গে নাচ শিখেছেন, গানও গাইতে পারতেন এবং মাটি দিয়ে মডেলিংয়ের কাজ করতেন। তাঁর মায়েরও অভ্যেস ছিল মাটি দিয়ে পাখি, পুতুল, নানারকমের ফল এবং ঘর-বাড়ি তৈরি করার। তাই নভেরার মাটির কাজ করাটাকে পরিবারের কেউ তেমন গুরুত্বের বিষয় মনে করেননি। কিন্তু শেষ পর্যন্ত এই কাজটিই তাঁর জীবনে প্রধান হয়ে দাঁড়ায়। রং-তুলি নয়, শ্রমসাধ্য ভাস্কর্যশিল্প বেছে নিলেন তিনি। তাঁর পিতা দেশ-বিভাগের পর কুমিল্লায় বদলি হয়ে আসেন এবং নভেরা কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে ভর্তি হন। কিছুদিনের মধ্যে অবসরগ্রহণের পর তাঁর পিতা চট্টগ্রামে গিয়ে স্থায়ীভাবে বাস করতে শুরু করেন। ইতোমধ্যে নভেরার বিয়ে হয়েছিল তবে তিনি সে-বিয়ে ভেঙে দেন। চট্টগ্রামের জুবিলী হলে নভেরা নজরুলের জন্মোৎসবে জয়জয়ন্তী-রাগে দীর্ঘ এক ঘণ্টা নেচেছিলেন। সংগীত-পরিচালনায় ছিলেন তরুণ লেখক সুচরিত চৌধুরী। এখান থেকেই নভেরা ’৫০ সালে লন্ডনে চলে যান। লন্ডনে তাঁর মেজবোন শরীফা আলম ছিলেন, তার স্বামী সেখানে সি এ কোর্স করছিলেন। শিল্পী হামিদুর রহমানের বড়ভাই নাজির আহমেদও তখন লন্ডনে ছিলেন এবং বিবিসিতে কাজ করতেন, তিনিই বিবিসির কিছু অনুষ্ঠানের সঙ্গে শরীফা আলমকে যুক্ত করেছিলেন। হামিদুর রহমান ঢাকার চারুকলা ইনস্টিটিউটে দ্বিতীয় বর্ষে ওঠার পর নাজির আহমেদ তাঁকে নিয়ে গেলেন। ওখান থেকেই হামিদুর রহমানের সঙ্গে নভেরার পরিচয় হয়। উভয়ের জন্যই এই পরিচয় একটি গুরুত্বপূর্ণ ঘটনা। নাজির আহমেদ ভাইকে প্যারিসে পাঠিয়ে বোজ আর্টস স্কুলে ভর্তি করে দিয়েছিলেন, কিন্তু সেখানে হামিদের ভালো লাগেনি। তিনি লন্ডনে ফিরে গিয়ে সেন্ট্রাল স্কুল অব আর্টে ভর্তি হয়ে গেলেন – আর্ট সম্বন্ধে প্রাথমিক কিছু জ্ঞান ছাড়া এ-স্কুলে ভর্তি হওয়া যেত না।

নভেরা ১৯৫১ সালে ক্যাম্বারওয়েল স্কুল অব আর্টস অ্যান্ড ক্র্যাফট্সের ন্যাশনাল ডিপ্লোমা ইন ডিজাইনের মডেলিং ও স্কাল্পচার কোর্সে ভর্তি হয়েছিলেন, এখানে ভর্তি হওয়ার জন্য শিল্পকলা-বিষয়ে প্রাতিষ্ঠানিক পূর্ব-পরিচয়ের প্রয়োজন ছিল না। ’৫১-৫২-র শিক্ষাবর্ষে শিক্ষা মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিপ্লোমা ইন ডিজাইন প্রথম প্রবর্তিত হলো। এ-সম্পর্কিত প্রসপেক্টাসে বলা হয়েছে, ‘শিল্পকলার শিক্ষকদের জন্য এই ডিপ্লোমা একটি স্বীকৃত যোগ্যতা হবে।’ কোর্সটি ছিল চার বছরের – প্রথম দুবছর পর ইন্টারমিডিয়েট পরীক্ষা, পরবর্তী দুবছর পর ডিপ্লোমার জন্য ফাইনাল পরীক্ষা। নভেরা ১৯৫৫ সালে কোর্স শেষ করে ডিপ্লোমা পেলেন।

ক্যাম্বারওয়েল স্কুল অব আর্টস অ্যান্ড ক্র্যাফট্স সাউথ লন্ডনের পেখাম রোডের আর্ট গ্যালারির পাশেই। এলাকাবাসীর টেকনিক্যাল স্কুল-প্রতিষ্ঠার দাবির পরিপ্রেক্ষিতে ১৮৯৮ সালে স্কুলটির উদ্বোধন করা হয়। প্রথমদিকে কারিগরি শিক্ষা প্রাধান্য পেয়েছে, পরে জোর দেওয়া হয়েছে ফাইন আর্টস ও ডিজাইনের ওপর। মাত্র ১৯৮৯ সালে স্কুলটির নামকরণ হয়েছে ক্যাম্বারওয়েল কলেজ অব আর্টস।

ক্যাম্বারওয়েল স্কুল অব আর্টস অ্যান্ড ক্র্যাফট্সে ১৯৪৮ সাল থেকে ১৯৫৯ সাল পর্যন্ত ভাস্কর্য বিভাগের অধ্যক্ষ ছিলেন ডক্টর কারেল ফোগেল (উৎ. কধৎবষ ঠড়মবষ)। জ্যাকব এপস্টাইন এখানে কখনো ছিলেন না। তিনি কেবল ১৯৫৩ সালে ক্যাম্বারওয়েল আর্ট স্কুলের এ্যানেক্স ভবন উদ্বোধন করতে গিয়েছিলেন, তবে তখন ক্যাম্বারওয়েলের ভাস্কর্য বিভাগের শিক্ষার্থীরা তাঁর দেখা পেয়েছিলেন কিনা এ-বিষয়ে কোনো তথ্য ক্যাম্বারওয়েল আর্ট স্কুলে নেই। কারেল ফোগেল চেকশ্লোভাকিয়ার অধিবাসী ছিলেন। বিংশ শতকের সূচনা থেকেই শিল্পে যে-বিপ্লবাত্মক আন্দোলনগুলি চলছিল তাতে অনুপ্রাণিত বোধ করেননি এই ভাস্কর। ১৯৬১ সালে তাঁর মৃত্যুর পর গ্রেট ব্রিটেন আর্টস কাউন্সিলের উদ্যোগে যে-প্রদর্শনীর আয়োজন হয় তার ব্রোশিওরে গম্ব্রিচ লিখেছেন, ‘এই শিল্পীর প্রস্তুতিপর্বের সময়টাতে মধ্য ইউরোপে এক্সপ্রেশনিজমের জোয়ার এসেছিল, কিন্তু প্রকৃতির রূপমুগ্ধ এই শিল্পীর কাজে নিজস্ব চিন্তার স্থান ছিল না। তিনি বিশ্বাস করতেন এই পরিবর্তনশীল পৃথিবীতে যদি চিরন্তন কিছু থাকে তবে তা মানবদেহের সৌন্দর্য এবং এর রূপ প্রকাশের মধ্য দিয়েই শিল্পের নবজন্ম সম্ভব। প্রকৃতির সৌন্দর্য তাঁর মধ্যে এমন এক অনুভবের সঞ্চার করত যে, তার ইচ্ছাকৃত বিকৃতি বা আপন শিল্পভানাকে প্রতিষ্ঠা করার বিষয়টিকে তিনি একেবারেই অপ্রয়োজনীয় মনে করতেন। তিনি প্রকৃতি থেকে বিষয় আহরণ করেছেন এবং তার মধ্য দিয়েই গ্রিক ভাস্কর্যের প্রতি তাঁর অপরিসীম শ্রদ্ধা প্রকাশ করেছেন। তাঁর কাজে সংযত ভাবটা পরিষ্কার হয়ে ফুটে উঠেছে – আসলে এ-সংযমবোধ এই শিল্পীর অন্তস্তলে প্রবাহিত ছিল বলেই তিনি এই অস্থির সময়ের দুঃখ-দুর্দশার মধ্যেও প্রকৃতির সামনে দাঁড়িয়ে শান্তিকে ধারণ করতে পেরেছেন।’ গম্ব্রিচ আরো বলেছেন, ‘শিক্ষার্থীদের মধ্যে তিনি উদ্দীপনার সঞ্চার করেছেন, মডেলের সূক্ষ্মাতিসূক্ষ্ম বৈচিত্র্যের প্রতি অনুভব জাগিয়ে তুলেছেন।’ ১৯৫৫ সালে নভেরার প্রত্যয়নপত্রে অধ্যক্ষ লিখেছিলেন, ‘Her studies from life shwo a strong sense of observation, and certainly there is originality and depth of thought in her compositions. Her portrait heads are full of life. Though in general working in the European way Miss Ahmed’s sculpture shows hwo indelible is the unconscious influence of Eastern monumentality and traditions. …the personality developed here will, I am convinced, become a fine artist and inspiring teacher, given the necessary help and opportunity.’

একজন রক্ষণশীল শিক্ষকের ছাত্রী হলেও নভেরা বিংশ শতকের মধ্যভাগে লন্ডনে গেছেন। এ-শতকের গোড়া থেকেই নতুন নতুন শিল্পভাবনা ও রীতিতে প্রতিনিয়তই আন্দোলিত হচ্ছিল সমগ্র ইউরোপ। প্রকৃতির তথা দৃশ্যমান জগৎ-চিত্রায়ণের কাজটা যখন ফটোগ্রাফি নিখুঁতভাবে করতে পারল তখনই শিল্পীরা বুঝে নিলেন যে, তাদেরকে নতুন নতুন সৃষ্টিতে নিবেদিত হতে হবে এবং তারা কেউই আর বিশ্বস্ত প্রতিকৃতি আঁকার চেষ্টা করলেন না। সেজান, গগাঁ এবং ভ্যানগগ পথ দেখালেন। শিল্পীর জোরালো উপস্থিতি প্রকাশ পেতে শুরু করল প্রতিটি চিন্তাধারায়। চোদ্দ বছরের ছেলে পিকাসোর নিখুঁত পোর্ট্রেট আঁকা দেখে প্রতিজ্ঞা করে ছবি আঁকা ছেড়ে দিয়েছিলেন তাঁর শিল্পশিক্ষক পিতা; কিন্তু সেই পিকাসোও বুঝেছিলেন যে, ওখানেই তিনি থামতে পারেন না। তাঁর ১৯০৭ সালের দামোয়াজেল দাঁভিনিও চমকে দিল বিশ্বকে, তারপরও কখনোই কোথাও তিনি থেমে থাকেননি। ১৯১০ সালে কান্দিনস্কির সম্পূর্ণ বিমূর্ত ছবি বিস্ফোরণ ঘটাল। এভাবেই আসতে লাগল একটির পর একটি ধারা এবং সেইসঙ্গে রীতির ভিন্নতা। পেইন্টিংয়ের সঙ্গে ভাস্কর্যও তাল মিলিয়ে চলতে লাগল। ইংল্যান্ডে এপস্টাইন, গদিয়ের ব্রেসকা, ম্যাক গিল – এঁদের হাতেই বিংশ শতকের শুরু থেকে আধুনিক ভাস্কর্যের বিকাশ ঘটেছে। তারপর এলেন হেনরি মোর, বারবার হেপওয়ার্থ এবং আরো অনেকে। যুদ্ধ-পরবর্তী ভাস্কররা যেন সিদ্ধান্ত নিয়েই নিলেন যে, তারা কোনো বিশেষ শিল্পভাবনায় স্থিত থাকবেন না এবং তাদের কাজে চিন্তা ও স্টাইলের সীমাবদ্ধতা থাকবে না। নতুন শিল্পীদের সঙ্গে প্রতিষ্ঠিত শিল্পীরাও বিভিন্ন ধাতুর ব্যবহার করতে আরম্ভ করলেন। ১৯৪৮-এর দিকে ইংল্যান্ডে ভিক্টর পাসমোরের হাতে কনস্ট্রাকটিভিজমের কাজ শুরু হলো – প্লাইউড বোর্ড, বিভিন্ন ধাতু এবং প্লাস্টার দিয়ে তিনি আরো কিছু শিল্পীদের নিয়ে কাজটা করতে লাগলেন।

বাস্তবিকই পশ্চিমা চিত্রশিল্প এবং ভাস্কর্যের অত্যন্ত ঘটনাবহুল একটি সময়ে নভেরা আহমেদ ইংল্যান্ডে গিয়েছিলেন। ইংল্যান্ড ছাড়াও তিনি প্যারিস ও ফ্লোরেন্সে গিয়ে প্রাচীন ও আধুনিক ভাস্কর্যের সঙ্গে পরিচিত হবার সুযোগ পেয়েছিলেন। ১৯৫৪ সালের জানুয়ারি মাসে বন্ধু হামিদুর রহমানের সঙ্গে নভেরা ফ্লোরেন্সে যান। প্রথমে তাঁরা শিল্পী আমিনুল ইসলামের আতিথ্য গ্রহণ করেন এবং পরে তিনজনে একত্রে একটি ফ্ল্যাটে উঠে যান। ডক্টর ফোগেল ভেন্তুরিনো ভেন্তুরি নামের এক ইটালীয় শিল্পীর কাছে নভেরার উল্লেখ করে একটি চিঠি দিয়ে দিয়েছিলেন। এই শিল্পীর সাহচর্যে নভেরা প্রাচীন কয়েকজন শিল্পীর কাজের সঙ্গে পরিচিত হন এবং দুমাস তাঁর কাছে কাজও শেখেন। ’৫৪ সালেরই ক্রিসমাসের ছুটিতে নভেরা রদাঁর মিউজিয়াম দেখার জন্য প্যারিসে যান। ভাস্কর্যের ছাত্রী হিসেবে স্বভাবতই অভিভূত হয়েছিলেন রদাঁর কাজগুলি দেখে।

১৯৫৬ সালে শিল্পী হামিদুর রহমানের সঙ্গে নভেরা দেশে ফিরলেন। সেন্ট্রাল লাইব্রেরি অর্থাৎ এখনকার ইউনিভার্সিটি লাইব্রেরি তখন সদ্য নির্মিত হয়েছে। সেখানে এরা দুজনেই কাজ করার কমিশন পেলেন। ওপরের একটি দেয়ালজুড়ে বিশাল এক ফ্রেসকো করলেন হামিদ, নভেরা প্রবেশপথের দেয়ালের ওপরের অর্ধেকটা জুড়ে একটি লো রিলিফ করলেন। ’৫৭ সালে তাঁদের আরো কিছু কাজ নিয়ে ওই লাইব্রেরিতেই যৌথ প্রদর্শনী হলো। একেবারে নতুন ধরনের কাজের সঙ্গে পরিচিত হলেন এদেশের মানুষ।

’৫৭ সালেই এই দুই শিল্পী শহীদ মিনারের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। স্থায়িত্বের কারণে ভাস্কর্য আদর্শ স্মারকমাধ্যম, কেবল স্মৃতিসৌধ হিসেবেই পৃথিবীতে বহু ভাস্কর্য আছে। রবিউল হুসাইন তাঁর ‘ভাস্কর্যে মুক্তিযুদ্ধ’ প্রবন্ধে লিখেছেন, ‘আমাদের দেশে স্থাপত্য-ভাস্কর্যের সর্বপ্রথম উদাহরণ হচ্ছে শিল্পী হামিদুর রহমান, ভাস্কর নভেরা আহমেদ এবং স্থপতি জ্যঁ দেলোরাঁ কর্তৃক নকশাকৃত ভাষা-আন্দোলনের কেন্দ্রীয় শহীদ মিনার।’ জ্যঁ দেলোরা তখন সরকারের স্থাপত্য-বিষয়ক উপদেষ্টা ছিলেন। হামিদুর রহমান শহীদ মিনারের যে-মডেল ও স্কেচ উপস্থাপন করেছিলেন দেলোরা তার স্তম্ভগুলির মাপ পরিবর্তন করে দেন। ওই বছরই কাজ শুরু হয়ে গেল। সবার ইচ্ছে ছিল ১৯৫৮ সালের ২১ ফেব্রুয়ারির মধ্যে কাজটি শেষ হবে। কাজটিকে ত্বরান্বিত করার জন্য হামিদুর রহমান কর্মস্থলেই থাকবেন ঠিক করলেন। নির্মাণাধীন মিনারের পাশে দুটি টিনের চালাঘর উঠল, সেখানেই থাকলেন হামিদুর রহমান ও নভেরা আহমেদ। কিন্তু তাতেও তিন-চার মাসে মিনারের কাজ শেষ হলো না। শহীদ মিনারের কমিশন হয়েছিল হামিদুর রহমানের নামে এবং নভেরা আহমেদ ও হামিদুর রহমান উভয়ের অনুপস্থিতিতে শহীদ মিনার পরিকল্পনায় নভেরার অবদানের বিষয়টি বিতর্কিত হয়ে দাঁড়িয়েছে, কিন্তু প্রত্যক্ষদর্শীরা তো রয়েছেন। ১৯৫৮ সালের ২১ ফেব্রুয়ারির ঞযব চধশরংঃধহ ঙনংবৎাবৎ-এর প্রথম পাতায় মিনারের ছবিসহ মিনার-সম্পর্কিত মূল খবরগুলি দিয়ে যে-প্রতিবেদনটি যুক্ত হলো তার একটি বাক্যে আছে ‘…The memorial has been designed by Mr. Hamidur Rahman in collaboration with Miss Novera Ahmed’…। ’৫২-র ২১ ফেব্রুয়ারির রাতে তৈরি হয়েছিল প্রথম শহীদ মিনার। পরে তৎকালীন সরকার সেটি ভেঙে দেয়, কিন্তু মিনারটি যাঁরা গেঁথে তোলেন তাঁদের মধ্যে ছিলেন মেডিকেল কলেজের ছাত্র কবি রফিক আহমেদ। নবপরিকল্পিত নির্মাণাধীন শহীদ মিনারে তাঁর নিত্য যাতায়াত ছিল, তিনি জানেন এই দুই শিল্পীর যৌথ অবদানের কথা। সৈয়দ শামসুল হক কয়েকবার প্রসঙ্গটি এনেছেন তাঁর হৃৎকলমের টানে সংকলনটিতে। এক জায়গায় তিনি লিখছেন, ‘…হামিদুর রহমান চিত্রকর, ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের পরিকল্পনাকারী শিল্পী দুজনের একজন, অপরজন ভাস্কর নভেরা আহমেদ।’’৫৮ সালের অক্টোবর মাসে সামরিক শাসন জারি হওয়ার পর শহীদ মিনারের কাজ সাময়িকভাবে স্থগিত থাকে। তবে মিনারের মূল বা সম্পূর্ণ পরিকল্পনা কোনোদিনই বাস্তবায়িত হয়নি। এরপর হামিদুর রহমান একটি প্রশিক্ষণ কোর্সে যোগদানের জন্য আমেরিকায় চলে যান এবং নভেরা ব্যক্তিগত উদ্যোগে কাজ শুরু করেন। কিন্তু হাবার্ট রিডের উদ্ধৃতি দিয়ে বলতে হয়, ভাস্কর্যের কাজ কবি বা চিত্রশিল্পীর মতো নয়, তার জন্য দরকার খোলা জায়গার, চার্চ বা মার্কেটপ্লেসের এবং সে-কাজ রাজসিক ভঙ্গিতে সবকিছুতে ছাড়িয়ে যাবে এবং সকলের দৃষ্টিগ্রাহ্য হবে। কিন্তু এ-ধরনের সুযোগ কতটা ছিল এদেশে! তেজগাঁওয়ের এক ধনী ব্যবসায়ীর কাছ থেকে একটি কমিশন পেয়েছিলেন নভেরা। এর ওপর সৈয়দ শামসুল হকের মন্তব্য না তুলে দিয়ে পারছি না, ‘…একটু হকচকিয়ে যেতে হতো এই ভেবে যে, একজন বাঙালি মুসলমান তার বাড়ির বাগান সাজাবার জন্যে একটি ভাস্কর্য কিনেছেন। এবং সে-ভাস্কর্যটি নারীমূতি নয়, কোমলপ্রাণ ও চিত্রিতদেহ কোনো পশুমূর্তি নয়, কিংবা ছাঁচে ঢালা কারখানা থেকে বেরিয়ে আসা কোনো শস্তা কাজও নয়, এক প্রতিভাবান তরুণ শিল্পীর বিমূর্ত এবং পরীক্ষামূলক একটি কাজ।’ এ-কাজটিতে নভেরা গ্রামীণ একটি বিষয় ব্যবহার করেছেন – মানুষ এবং গরুর পা ও শরীর একীভূত হয়ে গেছে, একাধারে গো-পালক ও গরুর ওপর নির্ভরশীল মানুষ। ভাস্কর্যটির কিছু কিছু অংশ বৃত্তাকারে কেটে বাদ দেওয়া হয়েছে। ক্লোজ্ড ফর্মের কিছু কিছু অংশ বিভিন্ন আকারে কেটে বাদ দেওয়ার কাজটি প্রথম করেছিলেন বারবারা হেপওয়ার্থ। কিছুদিনের মধ্যেই হেনরি মোর এই রীতি গ্রহণ করেছেন এবং পরবর্তী অধিকাংশ ভাস্কর্যেই এর ব্যবহার দেখা গেছে। হেপওয়ার্থ বলেছিলেন কাজটি যখন প্রথম করলেন তখন একটা গভীর আনন্দের অনুভূতি হয়েছিল তাঁর। একটি ক্লোজ্ড ফর্ম পারিপার্শ্বিকের সঙ্গে সম্পর্কহীনভাবে একটি জায়গা দখল করে রাখে, আলাদা হয়ে থাকে এর উপস্থিতি। গ্রিক কলামগুলি যদি দেখি – স্পেস খালি রেখে রেখেই সেগুলি তৈরি করা হয়েছে এবং এর সৌন্দর্যটা ওখানেই। কলামগুলি বা ফর্মগুলি ঠিক খোলা স্পেসের মতোই গুরুত্বপূর্ণ। নিরেট বা ভরাট ফর্মের মধ্যকার খোলা স্পেস বিরতিহীন ফর্ম তৈরি করছে, দুইয়ে মিলেই সম্পূর্ণ। এই বিষয়টি নভেরাকে নাড়া দিয়েছিল এবং অনেক কাজেই তিনি যড়ষব তৈরি করেছেন। চট্টগ্রামের রেকিট অ্যান্ড কোলম্যান অফিস এবং ঢাকার অ্যাটোমিক এনার্জি কমিশনের সামনের লনে নভেরা আহমেদের আরো দুটি কাজ রয়েছে। কাজদুটি আয়তনে তেমন বড় নয়, উচ্চতায় তিন ফুটের মতো। প্রথমটি অ্যাবস্ট্রাক্ট কাজ, দ্বিতীয়টি অ্যাবস্ট্রাক্টেড মাতৃমূর্তি। ১৯৬০ সালে ছোট-বড় প্রায় পঁচাত্তরটি কাজ নিয়ে বর্তমান ইউনিভার্সিটি লাইব্রেরিতে একক প্রদর্শনীর আয়োজন হয়। তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর লে. জেনারেল আযম খান অগাস্ট মাসের ৭ তারিখে প্রদর্শনীর উদ্বোধন করেন। শিল্পীকে উত্তরোত্তর কাজ করে যাবার জন্যে উৎসাহিত করে তিনি দশ হাজার টাকার একটি চেক প্রদান করেন। পাকিস্তানের দুই অংশের ৮ অগাস্টের প্রতিটি খবরের কাগজের প্রথম পাতায় ছবিসহ খবরটি প্রকাশিত হয়।

এর কিছুদিন পর লাহোর আর্টস কাউন্সিলের সেক্রেটারি ফয়েজ আহমেদ ফয়েজের আমন্ত্রণে নভেরা লাহোরে চলে গেলেন, ঢাকার চেয়ে সেখানে কমিশন পাওয়ার সুযোগ বেশি হবে – এরকম একটা ধারণা তিনি পেয়েছিলেন। লাহোরে থাকতেই ১৯৬১ সালে অষষ চধশরংঃধহ চধরহঃরহম ধহফ ঝপঁষঢ়ঃঁৎব ঊীযরনরঃরড়হ-এর আয়োজন হয়। বছর দশেকের একটি ছেলে নভেরাকে ঘরের কাজে সাহায্য করত, এই এক্জিবিশনের জন্য নভেরা তারই একটি আবক্ষ মূর্তি তৈরি করে দিলেন। কারেল ফোগেলের ছাত্রী ছবিটির নামকরণ করলেন ঈযরষফ চযরষড়ংড়ঢ়যবৎ। এই কাজের জন্য নভেরা প্রথম পুরস্কার পেলেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মমতাজ হোসেন দৌলতানা মূর্তিটি কিনেছিলেন।

এরপরই নভেরা ভরতনাট্যমে অনুশীলন নেবার জন্য মুম্বাই চলে গেলেন। নাচ সবসময়েই তাঁর প্রিয় শিল্প ছিল। ক্যাম্বারওয়েলের ডিপ্লোমার জন্য তাঁর ডিসার্টেশান পেপার ছিল Dance in Indian Sculpture। ডক্টর কারেল ফোগেল লিখছেন, ‘She is well-read and produced an impressive thesis on eastern dances.’ তবে এই বয়সে নিশ্চয়ই তিনি নৃত্যচর্চার জন্য নাচ শিখতে যাননি। নভেরার নাচ শেখার সঙ্গে বারবারা হেপওয়ার্থের ব্যালে দেখার যেন মিল রয়েছে মনে হয়। শৈশব থেকে ছন্দবোধ, বিশেষ করে মানবদেহের ছন্দবোধ, খুব তীক্ষ্ম ছিল বারবারার। তাঁর বাড়িতে থেকেই তাঁর বোন এলিজাবেথ ব্যালে নাচ শিখেছিলেন, এতে বারবারার ব্যালে জগতের সঙ্গে পরিচিত হবার সুযোগ হয়েছিল – প্রায়ই তিনি ছাত্রছাত্রীদের নাচের অনুশীলন দেখতে যেতেন। এভাবেই তিনি বিভিন্ন ভঙ্গি ও অঙ্গ-সঞ্চালনের বহু স্টাডি করতে সক্ষম হয়েছিলেন। শরীরের প্রতিটি অঙ্গ সঞ্চালনের মধ্যে যে-ছন্দ ফুটে ওঠে তার প্রতি সচেতনতা একজন ভাস্করের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। নভেরা তিন বছরের কোর্স ন’মাসে শেষ করে অসুস্থ হয়ে পড়লেন এবং তার হাঁটু এমনভাবে ফুলে গিয়েছিল যে, লাঠি ছাড়া হাঁটতে পারতেন না। কিছুদিনের মধ্যে নভেরার ইউটেরাসে টিউমার ধরা পড়ে। বন্ধুদের সহযোগিতায় তিনি লন্ডনে চলে যান এবং সেখানে ইটালিয়ান হসপিটালে তাঁর হিসটেকটোমি হয়। এখান থেকে সুস্থ হয়ে নভেরা প্যারিসে চলে যান এবং বছর চারেক পরে যে একটি প্রদর্শনীর জন্য ব্যাংককে এসেছিলেন সে-কথা আগেই বলেছি।

পশ্চিমের শিল্পীরা যখনই অনুকরণ থেকে বিচ্ছিন্ন হয়ে নিজস্ব চিন্তায়, নিজস্ব স্টাইলে শিল্পসৃষ্টি আরম্ভ করলেন তখন থেকেই তাঁরা তাঁদের অবস্থান এবং আনুষঙ্গিক সবকিছুর ব্যাখ্যা দিচ্ছেন। সেখানে তাদের পরিবর্তমান পরিপ্রেক্ষিতের কথা বলছেন এবং যেসব অসুবিধার সম্মুখীন হচ্ছেন তাও বলছেন। বিংশ শতকের শুরু তো বটেই তার আগে থেকেই শিল্পীরা অন্তর্গত প্রয়োজনেই এ-কাজটি করছেন। যাঁরা সাক্ষাৎকার দিয়েছেন তাঁরা আপন আপন শিল্পচিন্তার আলোচনায় নিবদ্ধ থেকেছেন এবং বস্তুনিষ্ঠ ব্যাখ্যা দিতে চেষ্টা করেছেন। এতে শিল্পী ও শিল্পসমালোচক দুপক্ষই সমৃদ্ধ হয়েছেন এবং শিল্পনির্মাণের বিষয়টি অর্থপূর্ণ হয়ে উঠেছে।

একজন ভাস্কর হিসেবে নভেরা ইউরোপের শিক্ষা ও চিন্তা নিয়ে দেশে ফিরে কী এবং কতটা অসুবিধার সম্মুখীন হয়েছিলেন, তা আমরা জানি না। ভাস্কর্য কেবল শ্রমসাধ্য শিল্প নয়, এর জন্য প্রচুর জায়গারও প্রয়োজন, কিন্তু তাঁর শিল্পীবন্ধুরাও তাঁর শিল্পভাবনা সম্পর্কে বা তাঁর অন্য অসুবিধা সম্পর্কে কোনো আলোচনা করেছেন এমন আভাস পাইনি। আসলে প্রতিটি চিন্তা ও চিন্তানির্ভর কাজ নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে।

১৯৫৬ থেকে ১৯৬১ সাল পর্যন্ত নভেরা দেশে ছিলেন এবং এই পাঁচ-ছ বছরে তিনি যে-কাজ করেছেন তাকে একজন শিল্পীর প্রথম জীবনের কাজ বলা যায় আর একজন শিল্পীকে শিল্পী হয়ে ওঠার জন্যে, নিজের চিন্তাকে সংগঠিত করার জন্যই এ সময়ের প্রয়োজন হতে পারে। কিন্তু নভেরা তাঁর প্রথম জীবনের কাজ দিয়েই আমাদের কাছে পরিচিত। ইউরোপের আধুনিক ভাবধারার সঙ্গে তাঁর যে-পরিচয় ঘটেছিল তারই সঙ্গে তিনি দেশজ বিষয় ও টেকনিকের সংমিশ্রণ ঘটিয়েছিলেন। আমাদের দেশে পাথর পাওয়া যায় না; ইউরোপে ব্রোঞ্জ বা অন্যান্য ধাতু দিয়ে যে-কাজ হচ্ছিল তার জন্য যে-টেকনিকের প্রয়োজন সেসব তখন এখানে চিন্তাই করা যায় না। উপকরণ হিসেবে নভেরাকে তাই স্বভাবতই লোহার রডের আর্মেচার তৈরি করে তার ওপর সুরকি ও সিমেন্ট ব্যবহার করতে হয়েছে আর তিনি কিছু কাঠের কাজও করেছেন। তাঁর বুদ্ধের আসন ছাড়া শহীদ মিনারের মতো সম্পূর্ণ বিমূর্ত কাজ তিনি আর করেননি, তবে শহীদ মিনার দুই শিল্পী – হামিদুর রহমান ও নভেরা আহমেদের যৌথ চিন্তার ফসল। শহীদ মিনারের মূল যে-স্তম্ভটিকে মাতৃমূর্তির রূপক মনে করা হয় তার আনত ভঙ্গিটি প্রথমে এতটা কৌণিক ছিল না। মা নমনীয়ভাবে দৃষ্টি নত করে রেখেছেন, এমনই ছিল। ঝবধঃবফ ডড়সবহ নামে নভেরার তিনটি কাজ আছে – এখানে মায়ের দৃষ্টি কোমলতায় আনত, কোলে শিশু নেই কিন্তু কোলের ব্যপ্তি ও গভীরতা দিয়ে শিশুর অবস্থান, মায়ের স্নেহ ও দায়িত্বের ইঙ্গিত দেওয়া হয়েছে। যে-কয়েকটি প্রিয় বিষয়ের ওপর তিনি একাধিক কাজ করেছেন তার একটি ‘পরিবার’। মা-বাবা আর দুটি কি তিনটি শিশু, মা-বাবাকে তিন পায়ের ওপর দাঁড় করিয়ে মানসিক ও শারীরিক নির্ভরশীলতা বোঝানো হয়েছে, নাচের ভঙ্গিতে শিশুর শূন্যে ওঠানো পা সুখী পরিবার নির্দেশ করছে। কেবল মা ও শিশু নিয়ে তাঁর কয়েকটি কাজ আছে; একটিতে মা একাই কোলে একটি হাতে একটি শিশু নিয়ে দৃপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে। একটিতে অর্ধশায়িত মায়ের বিস্তৃত কোলে রয়েছে তিনটি শিশু। এরকম একটি মা ও শিশুর কাজে লোকজ পুতুলের ফর্ম ব্যবহার হয়েছে। গো-পালক ও গরু তাঁর আরেকটি প্রিয় এবং আশাবাদী বিষয়। এছাড়া নারীদেহের যেমন কয়েকটি স্টাডি আছে তেমন পুরুষেরও আছে – বসা ও দাঁড়ানো দুই ভঙ্গিতেই। বৌদ্ধমন্দির দেখার জন্য নভেরা একবার মায়ানমারে গিয়েছিলেন; সেখান থেকে ফিরে এসে বুদ্ধের আসন করেছিলেন আর ‘শান্তি’ নামে কয়েকটি কাজ করেছিলেন। বুদ্ধের আসনে মানুষ বা রূপক কোনো ফর্ম নেই, একটি চূড়া কেবল ক্রমান্বয়ে সরু হয়ে উপরে উঠে গেছে, মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডার মতো করে – স্বর্গীয় করুণার আশায়। ‘শান্তি’ নামের কাজটি তিনি বারবার করেছেন, এখানে নারীর অবয়ব এসেছে আর্তমানবতার প্রতীক হয়ে, নারীর শরীর এখানে প্রাধান্য পায়নি, শরীরটিকে খাঁচা হিসেবে ব্যবহার করা হয়েছে, সেটি গেঁথে আছে মাটির সঙ্গে, তার সমস্ত অন্তরাত্মা এবং শরীর একটি আর্তিরূপে ওপরে তাকিয়ে আছে শান্তির আশায় অথবা কী নির্বাণের দিকে? এ-কাজগুলি অধিকাংশই দুফুটের কাছাকাছি উচ্চতার। অত্যন্ত দুঃখের বিষয় যে, তাঁর প্যারিসে করা যে-কাজগুলি ব্যাংককে প্রদর্শিত হয়েছিল তার কোনো নিদর্শন আমরা পাইনি, এমনকি ব্রোশিওরও নয়।

এই শিল্পী আমাদের কাছ থেকে হারিয়ে গেছেন। ১৯৫৩ সালের ২২ জুনের একটি প্রত্যয়ন পত্রে ডক্টর কারেল ফোগেল লিখেছিলেন, ‘Miss Ahmed has a strong gift for sculpture and her works show a fine feeling for form. …I am convinced that she will achieve great perfection in her art if she continue with her work. সেই great perfection’ আমাদের দেখা হলো না। কারণ শিল্পকর্ম থেকে নিজেকে তিনি বিযুক্ত করে নিলেন।

ঢাকার চারুকলা ইনস্টিটিউটের ভাস্কর্য বিভাগের প্রতিষ্ঠাতা শিল্পী আবদুর রাজ্জাক এবং ভাস্কর হামিদুজ্জামান খান নভেরার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। তাঁরা বলেন যে, সেই পঞ্চাশের দশকে নভেরা যে কীভাবে এতটা আধুনিক কাজ করেছিলেন তা ভেবে এখনো আশ্চর্য হতে হয়, আর তিনি যদি ভাস্কর্যকে এই পর্যায়ে না এনে রেখে যেতেন তবে আরো অনেক সময় লেগে যেত পরবর্তী পর্যায়গুলিতে যেতে। তবে নভেরার জন্যে এ-কাজ করা কতটা কষ্টসাধ্য ছিল সে-খোঁজ আমরা পাইনি, কিন্তু এ-ধরনের কাজের চিন্তা করা তাঁর জন্যে খুব দুরূহ ছিল না কারণ ভাস্কর্যের ওপর পাঠ, প্রশিক্ষণ এবং অভিজ্ঞতার সবটাই তিনি পেয়েছিলেন লন্ডন, প্যারিস ও ইটালি থেকে। একথা অনস্বীকার্য যে, তাঁর হাতেই এদেশে আধুনিক ভাস্কর্যের সূচনা।