একটু বড় হয়ে একটা কথা মাঝে মাঝে শুনতাম, জেনারেশন গ্যাপ। স্কুলের শেষদিকে শব্দদুটোর মানে আমার কাছে এইরকম দাঁড়ালো, এক প্রজন্মের সঙ্গে আরেক প্রজন্মের ফারাক।
আমি তখন থাকতাম জলপাইগুড়ি শহরে, পিতামহের কাছে। আমার যখন চার বছর বয়স, তখন তিনি চা-বাগানের চাকরিতে অবসর নিয়ে শহরে চলে এসেছিলেন। সঙ্গে ছিলেন ওঁর বিধবা মেয়ে, আমার বড় পিসিমা আর নাতি, এই আমি। বাবা-মা রয়ে গেলেন চা-বাগানে। বাবা সেখানে চাকরি করতেন। সেই চার বছর বয়স থেকে ষোলো পর্যন্ত আমি পিতামহের শাসন-অনুশাসন মানতে বাধ্য ছিলাম। সেই কঠোর শাসনের বছরগুলোয় একমাত্র সান্ত্বনা ছিল বড় পিসিমার আড়াল।
সেই সময়ে পিতামহ এবং বাবার মধ্যে কী কী মিল আছে, কী কী নেই, তার একটা তালিকা তৈরি করেছিলাম। পিতামহ ভোর সাড়ে চারটার সময়ে (শীত অথবা বর্ষাতেও) ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখতে যেতেন। তাঁর হুকুমে আমাকেও সঙ্গী হতে হতো। জলপাইগুড়ির তীব্র শীতে আপাদমস্তক শীতবস্ত্র জড়িয়ে অথবা দারুণ বর্ষায় বর্ষাতি ও ছাতা নিয়ে একজন বৃদ্ধের পেছনে একটি অনিচ্ছুক বালক হাঁটছে – এমন দৃশ্য এখনো স্পষ্ট দেখতে পাই। উলটোদিকে বাবা ঘুম থেকে উঠতেন সাতটায়। মর্নিং ওয়াকের কোনো শখ ছিল না। তাই ছুটিতে বাবা-মায়ের কাছে গেলে আমি মুক্তি পেতাম। পিতামহ রেডিওতে শুধু খবর শুনতেন। বাংলা এবং ইংরেজি। অন্যসময়ে রেডিও বন্ধ থাকত। ইচ্ছে হলেও তিনি বাড়িতে থাকলে আমি আধুনিক গান, নাটক বা খেলার রিলে শুনতে পারতাম না। উলটোদিকে, বাবার রেডিওতে সায়গল, কানন দেবী, অসিতবরণের গান বাজতো। পঙ্কজ মল্লিক থেকে হেমন্ত মুখোপাধ্যায় বাদ যেতেন না। রেডিওর নাটক শুনতে শুনতে মা এত অভ্যস্ত হয়েছিলেন যে, গলা শুনে বলে দিতেন, অহীন্দ্র চৌধুরীর গলা, উনি জহর গাঙ্গুলি। বাবার গ্রামোফোন ছিল। প্রচুর রেকর্ড। সময় পেলেই সেগুলো বাজাতেন। পিতামহেরসেসব বালাই ছিল না। তিনি প্রবন্ধের বই পড়তেন। তাঁর নির্দেশে প্রতিটি দিন আমাকে ওয়েবস্টার ডিক্শনারির একটি শব্দ মানে বুঝে মুখস্থ করতে হতো। মাসে তিরিশটি শব্দ। পিতামহ বলতেন, বছরে তিনশো পঞ্চাশটি শব্দ আয়ত্ত করতে পারলে দশ বছর পরে দেখবে ইংরেজি ভাষাটাকে দখল করে ফেলেছ।
পিতামহ এবং বাবার এই যে পার্থক্য, একেই জেনারেশন গ্যাপ বলে তখন মনে হতো আমার। প্রত্যেক মাসে একবার গোটা দিনের জন্যে বাবা শহরের বাড়িতে আসতেন। পিতামহের উলটোদিকের চেয়ারে মাথা নিচু করে বসতেন। পিতামহ প্রশ্ন করলে তিনি নিচু গলায় জবাব দিতেন, কখনো কখনো পাঁচ-ছয় মিনিট কেউ কোনো কথা বলতেন না। তখন বড় পিসিমা এসে বাবাকে উদ্ধার করতেন। কিছু খেতে দেওয়ার অছিলায় ডেকে নিয়ে যেতেন। বড় পিসিমার কাছে বাবা খুব স্বচ্ছন্দ। হাসিখুশি। তখনই বুঝেছিলাম, পিতামহকে বাবা খুব ভয় পান। যেটা বুঝিনি, পিতামহের ব্যক্তিত্বকে সমীহ করেন বাবা। পিতামহ আঘাত পান এমন কোনো কথা বলতে চান না।
মনে আছে, পিতামহের কোনো উক্তিতে খুব অপ্রসন্ন হয়েছিলেন বাবা। কিন্তু সেটা তিনি বড়দিদিকে বলেছিলেন, পিতামহকে বুঝতে দেননি। বাড়িতে এলেই উনি আমার পড়ার ঘরে চলে আসতেন। গম্ভীর মুখে জিজ্ঞাসা করতেন, ‘পড়াশুনা কেমন হচ্ছে?’
মাথা নেড়ে বলতাম, ভালো।
‘বিড়ি-সিগারেট খাচ্ছো নাকি?’
‘না তো!’
‘যখন নিজে রোজগার করবে তখন ওসব খাবে। বাপের পয়সায় নয়। দেখি বাংলা খাতা। এ্যাঁ, একি! দশে পাঁচ পেয়েছ? ছি ছি ছি। এ তো ভস্মে ঘি ঢালা হচ্ছে।’ যথেষ্ট বকার পর ওঁর মুখ দেখে মনে হয়েছিল পিতার কর্তব্য শেষ করলেন। বাগান দেখার অছিলায় গাছের আড়ালে গিয়ে সিগারেট খেয়ে বড় পিসিমার সঙ্গে গল্প করতে চলে গেলেন। আমার খুব রাগ হচ্ছিল। সটান পিতামহকে ব্যাপারটা জানালাম। তিনি গম্ভীর হলেন। বিকেলে বাবা যখন ফিরে যাচ্ছেন তখন পিতামহ তাঁকে জানালেন, ‘শোনো, তোমার ছেলের পড়াশুনার দায়িত্ব এখন থেকে তোমাকে নিতে হবে।’
‘সেকি!’ বাবা অবাক।
‘আমার কাছে ও যখন আছে তখন হঠাৎ হঠাৎ এসে ওকে শাসন করা আমি পছন্দ করি না।’ পিতামহ ঘোষণা করলেন।
‘কিন্তু আমি চা-বাগানে থেকে দায়িত্ব নেবো কী করে?’ বাবা করুণ গলায় বললেন।
‘তাহলে এ-বাড়িতে এসে ওর ওপর খবরদারি করতে যেও না। সেটা করলে তোমার এখানে আসার দরকার নেই।’
পিতামহ এবং বাবা দুই প্রজন্মের মানুষ। জেনারেশন গ্যাপ তো থাকবেই। আমার সঙ্গে বাবারও একই কারণে পার্থক্য তৈরি হয়েছে। কিন্তু শাসনে হোক বা অনিচ্ছাতেই হোক, পিতামহের সঙ্গে দুই প্রজন্মের পার্থক্য থাকা সত্ত্বেও মনে হতো আমরা পরস্পরকে বুঝতে পারছি। পিতামহের অনেক অভ্যেস, তাঁর আদর্শ আমার মধ্যে উঁকিঝুঁকি দিত। বাবা এবং তাঁর বন্ধুরা একত্রিত হলে আমি কখনো বাবারা বলতাম না। পিতামহ শিখিয়েছিলেন, পৃথিবীর সব সম্পর্কের বহুবচন হয়, বাবা সবসময়ে একবচন, কিন্তু চা-বাগানে গিয়ে বাবার মুখে বাবারা শব্দটি শুনে সংশোধন করতে গিয়ে বকুনি খেয়েছি। বলেছেন, পাকামি করো না। ফলে বাবাকে যেসব কথা বলতে পারতাম না, তা স্বচ্ছন্দে পিতামহকে বলতাম। পঁচানব্বই বছর বয়সের পিতামহ আমার বন্ধু ছিলেন, কিন্তু ষাটের বাবার সঙ্গে কথা না বললে স্বস্তি পেতাম। পিতামহকে সেই বয়সে খারাপ লাগত, কারণ তিনি আমাকে আদর্শবান মানুষ হিসেবে তৈরি করতে চেয়েছিলেন। এখন মনে হয়, দশ বছর ধরে ভদ্রলোক শুধু ভস্মে ঘি ঢেলে গেছেন।
আমাদের সময়ে জেনারেশন গ্যাপ বোঝাতো রুচির পার্থক্যে। পিতামহ ধুতি-পাঞ্জাবি পরতেন। বাবা ধুতি-শার্ট। আমি শার্ট-প্যান্ট। বাবা সায়গলের গান, কনক দাসের গান শুনতেন, আমার সেগুলো শুনলে বিরক্তবোধ হতো। ভালো লাগতো না এতটুকুও। বরং হেমন্ত মুখোপাধ্যায়ের রানার, পাল্কির গান শুনলে মনে হতো, এ তো আমাদেরই কথা। সতীনাথ, শ্যামল, মান্না দে পাগল করে দিতেন। একটু বড় হয়ে কণিকা-সুচিত্রার রবীন্দ্রসংগীত শোনার পর আর কনক দাসের কথা মনে এলো না। এখন এই পরিণত বয়সে, ভুলটা বুঝতে পারি। মাটির তলায় বাড়ির যে-ভিতটা থাকে, তা সুদৃশ্য হওয়ার কথা নয়। ওপরের তলাগুলো যতই সুন্দর হোক, ভিত না থাকলে তাদের অস্তিত্ব থাকত না।
কলকাতায় পড়তে আসার পর আমি অন্য পৃথিবীর সন্ধান পেলাম, যা আমার বাবা এবং পিতামহের জানা ছিল না। রাজনীতি বলতে ওঁরা বুঝতেন সুভাষচন্দ্র এবং গান্ধিজিকে। বুঝতেন কংগ্রেসকে। ভাবতেন কংগ্রেসই স্বাধীনতা এনেছে। বামপন্থীদের সম্পর্কে তাঁদের ধারণা ছিল নেতিবাচক। কমিউনিস্ট পার্টিতে যত ভবিষ্যৎ-নষ্ট-হওয়া ছেলেরা যোগ দেয়। কমিউনিস্টরা দেশের শত্রু।
কলকাতায় পড়তে এসে এই ভাবনাটা বিরাট ধাক্কা খেল। আমি মার্কসের নাম শুনলাম। ডাস ক্যাপিটাল ওলটালাম। চে গুয়েভারা, মাও সে-তুংয়ের পাশাপাশি লেনিন-স্ট্যালিনকে জানলাম। গোর্কির মাদার পড়লাম। পৃথিবীর নিপীড়িত মানুষের একমাত্র অবলম্বন কমিউনিজম, এটা বিশ্বাস করলাম। গরিব, সর্বহারা, শ্রমিক-কৃষকের জন্যে পৃথিবীটাকে বাসযোগ্য করার অঙ্গীকার করেছিল কমিউনিস্ট পার্টি। আমাদের মতো অধিকাংশ তরুণ প্রত্যক্ষ অথবা পরোক্ষে জড়িয়ে পড়েছিল সেই সময়ে। সেটা এমন সময় যে, বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের চেয়ে মানিক বন্দোপাধ্যায়কে বড় লেখক বলে ভাবতে ইচ্ছে করতো।
সেই সময়ে আবিষ্কার করেছিলাম, স্বাধীনতা-স্বাধীনতা নিয়ে যতই উত্তেজিত হই না কেন, আমার বাবা বা পিতামহ সেই আন্দোলন থেকে বহুদূরে ছিলেন। খোঁজখবর নিয়ে জানা গেল, আমার বন্ধুদের পূর্বপুরুষও সেই আগুন থেকে দূরে দূরে থেকেছেন। ভারতবর্ষের শতকরা নিরানব্বই ভাগ মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে কোনো আন্দোলন করেনি। এই জানার প্রতিক্রিয়া হলো ব্যাপকভাবে। কমিউনিস্ট পার্টির স্লোগান ছিল, ‘এ আজাদি ঝুটা হ্যায়।’ আমাদেরও তাই মনে হয়েছিল। তখন সিনেমা হলগুলোতে ছবি দেখাবার আগে ফিল্ম-ডিভিশনের তথ্যচিত্র দেখানো হতো। গান্ধিজির ছবি পর্দায় ভেসে উঠলেই দর্শকরা চিৎকার করতেন। সেটা ভালোবেসে নয়। অথচ কোনো অংশগ্রহণ নাকরেও বাবা নেতাজি এবং গান্ধিজির ছবি বাড়িতে টাঙাতেন। তাঁর সঙ্গে এ-ব্যাপারে যে মতপার্থক্য, তাকে জেনারেশন গ্যাপ বলতে আমি রাজি নই। কারণ চব্বিশ-পঁচিশ বছরেই আমি আর কমিউনিস্ট হতে চাইলাম না। মাও সে-তুং বা চে গুয়েভারার ভাবনা ভাবব, মার্কসের প্রদর্শিত পথে হাঁটতে চাইব, কিন্তু দেশটা যে ভারতবর্ষ তা ভুলে যাবো – এটা হয় না। আমরা চীন না রাশিয়ার মশালের তলায় থাকব – এই প্রশ্নে তো পার্টি ভেঙে গেল। তৈরি হলো নতুন রাস্তা, ভারতীয় কমিউনিজম। সেটা এতদিনে কাঁঠালের আমসত্ত্বে পরিণত হয়েছে। এই যে আমাদের মতো বেশ কয়েকজন, যারা শোষক, সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে লিখি, ভাবি অথচ কমিউনিস্ট নই, তাদের সংখ্যাও তো কম নয়। এই উপলব্ধিতে পৌঁছে দেখলাম, বাবার সঙ্গে সত্যিকারের জেনারেশন গ্যাপ হচ্ছে। ওঁকে আমি বুঝতে পারলেও উনি আমাকে বুঝতে পারছেন না।
আবার আমার মেয়েরা যখন বড় হলো তখন নতুন করে ধাক্কা খেলাম। সতীনাথ মুখার্জী আমার প্রিয় গায়ক। তাঁর গানে রোমান্টিক না হয়ে পারিনি। একদিন ওঁর গান শুনছিলাম, ‘জীবনে যদি দীপ জ্বালাতে না পারো, মরণে তুমি তা জ্বেলে দিও।’ অতীন্দ্রিয় প্রেমের চূড়ান্ত বলে মনে হতো অল্পবয়সে। এই বয়সে সেই বয়সের আমেজ পেতে চাইছিলাম। হঠাৎ মেয়ে ঘরে ঢুকে চোখ বড় করলো, ‘এম্মা, এ কী গান শুনছ?’
‘কেন?’
‘যার জীবনে প্রদীপ জ্বলল না, তার মরার পরে প্রদীপ জ্বলে কী লাভ? কী রকম ন্যাকা-ন্যাকা ইনিয়ে-বিনিয়ে ঘুমপাড়ানি গান।’ মেয়ে বেরিয়ে গেল। স্তব্ধ হয়ে গেলাম। আমার যৌবনের ভালোবাসাকে ও যেন চটকে চলে গেল। একটু মাথা ঠান্ডা হওয়ার পর মনে হলো, হ্যাঁ, সুরে একটু একঘেঁয়েমি আছে, কথাগুলো বেশ সেকেলে। কিন্তু মুখে কিছু বললাম না।
এই মেয়ে রবীন্দ্রনাথের গান শোনে মন দিয়ে। জিজ্ঞাসা করি, তোর মনে হয় না ঘুমপাড়ানি গান? বললো, ‘কোনো কোনো গানে মনে হয়। কিন্তু কী কথা? এরকম কথা তোমরা কেউ লিখতে পারবে না?’
বৃদ্ধ গত হয়েছেন চৌষট্টি বছর আগে। তখন আমি জন্মাইনি। আমার মেয়ে জন্মেছে এই সেদিন। বেশ কয়েকটা প্রজন্মকে একত্রিত রেখেছেন তিনি তাঁর গানে। কিন্তু উপন্যাস! মনে আছে সতেরো বছর বয়সে শেষের কবিতা পড়ে ঘুমাতে পারিনি। অমিত আর লাবণ্য আমার স্বপ্নে চলে এসেছিল। উপন্যাসের ভাষা, হিরের দ্যুতি-মাখা সংলাপগুলো মুখস্থ করেছিলাম।
সেদিন মেয়ে বললো, ‘সবার সব হয় না’। রবীন্দ্রনাথ উপন্যাস না লিখলেও রবীন্দ্রনাথই থাকতেন।’
অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, ‘কী বলছিস?’
‘শেষের কবিতা পড়লাম। আচ্ছা বাবা, ওঁর মতো মানুষ এরকম বানানো গল্প কেন লিখতে গেলেন! শিলংয়ের পাহাড়ে দুর্ঘটনা ঘটাতে হলো নায়ক-নায়িকার পরিচয় করাবার জন্যে। কিন্তু ওরা তো রক্ত-মাংসের মানুষ নয়। সাজিয়ে কথা বলে। সেগুলো শুনতে মজা লাগে, কিন্তু ওদের জন্যে দুঃখ জাগে না। তুমি ভাবো, ‘ক্ষুধিত পাষাণ’, ‘কাবুলিওয়ালা’, ‘অতিথি’, ‘মধ্যবর্তিনী’র কথা। যেন আমাদের কথা বলছেন। আর শেষের কবিতা ? উনি আমাদের একটা যাত্রা দেখাতে নিয়ে গেছেন।’
মেয়ে চলে গেল। খুব ক্ষিপ্র হয়ে রবীন্দ্র-রচনাবলী বের করলাম। চোখ রাখলাম শেষের কবিতার ওপর। মিনিট পনেরো পরে মনে হলো, নাঃ, আর পড়ব না। সুদৃশ্য রাংতায় মোড়া আমার প্রথম যৌবনের পড়ার স্মৃতি নষ্ট করার ইচ্ছে হচ্ছিল না। মেয়েটার সঙ্গে একমত হতে চলেছি এতবছর পরে পড়ার সময়ে, এটা স্বীকার করতে ইচ্ছে হচ্ছিল না। একে কি জেনারেশন গ্যাপ বলে? পরের প্রজন্ম যদি আগের প্রজন্মকে চোখে আঙুল দিয়ে ভুলটা ধরিয়ে দেয় তাহলে কেন মেনে নেওয়া যায় না?
হ্যাঁ, বইয়ের ক্ষেত্রে প্রায়ই এমন হচ্ছে। নীহাররঞ্জন গুপ্তের কালো ভ্রমর পড়ে একসময়ে উত্তেজিত হয়েছিলাম। তিরিশ বছর পরে সেটা পড়তে গিয়ে নিজেকে বুদ্ধু বলে মনে হয়েছে। একই ব্যাপার ‘মোহন সিরিজ’ নিয়ে। তবে শশধর দত্ত তাঁর অতি জনপ্রিয় মোহনকে অরণ্যদেব করে তুলেছিলেন। শত্রুরা হাত-পা চেনে বেঁধে মোহনকে মাঝসমুদ্রে জাহাজ থেকে ফেলে দিয়েছিল। শশধর দত্ত লিখলেন, ‘কখন কেমন করিয়া মোহন তীরে উঠিয়া আসিল তাহা জানা গেল না।’
সে-সময়ে আমরা সেটা জানতে চাইনি, পড়ার নেশায় বুঁদ হয়ে ছিলাম, পরের প্রজন্ম জানতে চেয়ে হাসাহাসি করছে, করবেই।
গত পঞ্চাশ বছরে ছেলেদের পরিবর্তন যদি কুড়ি ভাগ হয়, তো মেয়েদের হয়েছে একশ ভাগ। আমার মা চল্লিশের আগেই অফ হোয়াইট শাড়ি পরতেন, সঙ্গে সেমিজ। আমার বোন শাড়ি-ব্লাউজ, যা পঞ্চাশেও পরে চলেছে। আমার বড় মেয়ে সালোয়ার-কামিজ, ছোট জিনস আর টপ। চল্লিশ বছর আগে কোনো মেয়ে প্যান্ট আর টপ পরে কলকাতার রাস্তায় হাঁটছে, ভাবাই যেত না। তখন অধিকাংশ মেয়েই শোয়ার সময়ে রাত-পোশাক পরতো না। এখন এক বিছানায় প্রবীণা দিদিমা তাঁর অভ্যস্ত শাড়ি পরে শুয়ে থাকেন। পাশে তাঁর মেয়ে কনুই-ঢাকা পা-ঢাকা নাইটিতে অভ্যস্ত, ওপাশে নাতনি সংক্ষিপ্ত রাত-পোশাকে গভীর ঘুমে। কারও কোনো অসুবিধে হয় না।
আমার একটা কথা প্রায়ই মনে হয়, একজন পুরুষের সঙ্গে তার পরবর্তী প্রজন্মের নারী বা পুরুষের মূল্যবোধের ফারাক হয়, মতামতের ফাঁক তৈরি হয়, তা বেশির ভাগ সময়ে একজন নারীর সঙ্গে তার পরবর্তীকালের নারীর হয় না। বিবাহিতা মেয়ে বাপের বাড়িতে এসে স্বামীকে নিয়ে তৈরি হওয়া সমস্যা নিয়ে নিভৃতে মায়ের সঙ্গে আলোচনা করতে পারে, কিন্তু কখনোই বাবার সঙ্গে নয়। তাই মহিলাদের ক্ষেত্রে জেনারেশনের ফারাক তৈরি ইদানীং খুব কম হচ্ছে।
এখন এক সন্তান আর বাবা-মা। মেয়ে বড় হচ্ছে মায়ের আদর্শে, তার প্রতিটি ভাবনা তৈরি হচ্ছে মায়ের ফর্মুলায়। সে মামা বা মামিকে যতটা কাছ থেকে চেনে, ঠিক ততটা দূরের মানুষ কাকা-পিসিরা। ফলে মায়ের সঙ্গে তার গ্যাপের অবকাশ খুব কম।
আসলে মূল্যবোধের রূপান্তরই জেনারেশন গ্যাপের উৎস। আমাদের এই উত্তর কলকাতায় আগে মাতালদের দেখা যেত রিকশায়। তখন সবাই জানতো, মদ খেলেই মাতাল হয় লোকে। মাতাল মানে ঘৃণ্য জীব। সিনেমার মাতালদের নিয়ে হাসাহাসি করা যায়, কিন্তু বাস্তবে তাদের এড়িয়ে চলতে হয়। বাড়ির কেউ মাতলামি করা মানে বংশের মুখে চুনকালি পড়ছে। সেই প্রবীণেরা চলে যাওয়ার পর এখন উত্তর কলকাতায় অনেক বাড়িতেই বন্ধু-বান্ধব এলে পানের আসর বসে। এখন মদ খাওয়া হয় মেজাজ ভালো করার জন্যে। কিন্তু মদ খেয়ে কেউ মাতলামো করে না। নেশাকে আয়ত্ত করে আনন্দিত হওয়ার কৌশল সবাই শিখে ফেলেছে। বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময়ে কেউ বুঝতেই পারবে না, ওরা এতক্ষণ কী করেছিল! এখন পরিমিত মদ্যপান করাকে অপরাধ বা অন্যায় বলে মনে করেন না অনেকেই। অথচ পঞ্চাশ বছর আগে কিছু ধনী ব্যক্তি অথবা শ্রমিকদের মধ্যেই সেটা সীমাবদ্ধ ছিল।
আমার পিতামহ বা বাবা কখনোই ভাবতে পারতেন না, বাড়ির ছেলেমেয়েরা নিজে পছন্দ করে বিয়ে করবে। তেমন চেষ্টা করলে বাড়ি থেকে বের করে দেওয়া হতো। এখন বাবা-মা চাইছেন মেয়ে নিজে পছন্দ করে বলুক, তাঁরা বিয়ে দেবেন। তাতে তাঁদের কোনো দায়িত্ব থাকছে না। মেয়ের ভবিষ্যৎ সে নিজেই ঠিক করুক। এই মানসিকতার কথা আগের প্রজন্মের মানুষ ভাবতেই পারতেন না।
কিন্তু যে-সহজ সত্যিটা আজ আমাদের বুঝতে হচ্ছে, সেটা বোঝা খুব একটা সহজ নয়। আমার সঙ্গে বাবা বা পিতামহের মতামতের পার্থক্য ছিল এটা ঠিক। কিন্তু তাঁদের জন্যে আমি এখনো একটা
টান অনুভব করি। আমাদের পরের প্রজন্মগুলোর মন থেকে একটু
একটু করে সেটা উধাও হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় জেনারেশন
গ্যাপটা এখানেই।

Leave a Reply
You must be logged in to post a comment.