‘বড় মেয়েটার বিয়ে দিলুম প্রচুর খরচ করে এক ডাক্তারের সঙ্গে। তার নার্সিংহোম আছে। পরের মেয়েটার বিয়ে দিলুম এক জুয়েলারের সঙ্গে। তার পরের মেয়েটার বিয়ে দিলুম এক পুলিশ অফিসারের সঙ্গে। তার পরের মেয়েটার বিয়ে হলো বিয়েবাড়ির মালিকের বড় ছেলের সঙ্গে। তার পরেরটার বিয়ে হলো এক পুরুতের সঙ্গে। শেষেরটার সঙ্গে এক ট্রান্সপোর্ট ব্যবসাদারের। মেয়ে ফুরিয়ে গেল। আর-একটা মেয়ের খুব দরকার ছিল।’
‘সে কি হে! তোমার এতগুলো মেয়ে, আমাদের হলে তো হাত-পা পেটের মধ্যে সিঁদিয়ে যেত।’
‘তোমরা হিসেব জানো না, তোমাদের কোনো প্ল্যানিং নেই।’
‘কী রকম?’
‘তাহলে শোনো, প্রথমেই এক জুয়েলারকে বাবাজীবন করে ফেললুম। পরের মেয়েগুলোর বিয়ে দিতে গেলে গয়না লাগবে। সেই সমস্যা খানিকটা হালকা হলো। পুলিশের সঙ্গে আত্মীয়তা মস্তবড় একটা সিকিউরিটি। এই বাজারে। বিয়ের তিনমাসের মধ্যে তেএঁটে ভাড়াটেটাকে উঠিয়ে দিলুম। তারপরে স্ট্যাটিসটিক্স নিয়ে দেখো, নাইনটি পারসেন্ট বুড়োবুড়ি বাথরুমে পড়ে যায়। দিনচারেক হাসপাতালে বা নার্সিংহোমে দাঁত ছিঁরকুটে পড়ে থেকে মারা যায়। এবার পোস্টমর্টেম। ডেডবডি আদায় করতে জীবন বেরিয়ে যায়। প্রথমে আমি পড়ব। সেন্সলেস হয়ে চলে যাবো বড় জামাইয়ের নার্সিং হোমে। শ্বশুরের জন্যে ফি নিতে পারবে না। সেজ জামাই মোটামুটি টাটকা লাশ বের করে দেবে। এইবার পুরুতজামাই ফ্রি শ্রাদ্ধ করে দেবে। বিয়েবাড়ি ভাড়া করেই তো শ্রাদ্ধের ভূত ভোজন হবে। ভার কমে যাবে। ভাড়া লাগবে না। কেউ বলতে পারবে না – বুড়ো মরে গিয়ে মেরে গেছে। আর-একটা মেয়ের প্রয়োজন ছিল, তাহলে বস্ত্র-ব্যবসায়ীর সঙ্গে দিতুম, দুর্গাপুজোর দুশ্চিন্তা থাকত না। এরপর দেখো, আমার এক ছেলে। একটা ছেলে, সে এনে দিয়েছে একটা মেয়ে, ডটার-ইন-ল। কিন্তু আমার ছটা মেয়ে এনে দিয়েছে ছটা তরতাজা ছেলে। তাহলে দেখো, মেয়েতে লাভ বেশি। ব্যবসা যখন করবে, সবার আগে লাভ-লোকসান খতিয়ে নেবে।’
‘সংসার আর ব্যবসা এক হলো?’
‘সংসারের চেয়ে বড় ব্যবসা কী আছে? যে-ব্যবসার মূলধন হলো জীবন। কোই জিতা, কোই হারা। টাকা আগে পৃথিবীতে ঢুকেছিল, না মানুষ! মানুষ মানুষকে ভাঙিয়েই বড় হয়, বড়লোক হয়। শোনো, সংসার হলো ব্যবসা।’
‘শুনি, যুক্তিটা কী?’
‘বিয়ে করলে। স্ত্রী এলেন। এ ডাকছে বউমা, ও ডাকছে বউদি, তুমি ডাকছ, শুনছ। আসলে তিনি কে? বেশ ভালোই চেনো, তবু ছলনা করো। তিনি কুক-কাম-হাউসমেড। তারপরে টিচার। তিনি এল. আই.সি-র ওল্ড-এজ-পেনশান স্কিম। মেধাবী ছেলের জন্ম দিলে হেভি পেনশান। মাটো ছেলের মডারেট পেনশান। মেয়ে জন্মালে উলটো পেনশান। তখন তুমি প্রিমিয়াম দেবে। পলিসি কিন্তু ম্যাচিওর করবে না। জামাই বাবাজীবন বোয়াল-মাছ, কপাত্ কপাত্ খাবে।’
‘যাঃ, এই দৃষ্টিতে সংসারকে দেখা উচিত নয়। সংসার কত সুইট!’
‘হ্যাঁ, একটু বেশি সুইট। সংসার হলো স্যাকারিন। প্রথমে মিষ্টি, তারপরে তেতো। তারপরে উভয়ের স্ট্যাটাস, একজন ঝি, আর-একজন চাকর, বাড়িটা দাঁত বের করে হাসছে।’
‘সংসারের নানা কাজ করাটা কি অন্যায়?’
‘বেকার বুড়ো হলে বুঝতে পারবে। যখন তোমার সাধের লাউটি পিঠে গোত্তা মেরে বলবে, ‘সকাল আটটা পর্যন্ত বিছানায় পড়ে আছ। তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই। বুড়োকে আজ নটার আগেই বেরোতে হবে। বম্বে থেকে বড় সায়েব আসছেন! লোকে বাজারটা করে দিয়েও তো সংসারের উপকার করে। চিরকালের বেআক্কেল।’ দড়ি খুলে মশারিটা ঘাড়ের ওপর ফেলে দিয়ে চলে গেল। মশারির জালে পড়ে রইল বুড়ো ভোলা। সে এবার ঠেলেঠুলে বেরোবে। চোখে ছানি, বুকে ব্রংকাইটিস। অতীত এক লহমার জন্যে উঁকি মেরে যাবে। বিয়ে হলো, বউ ভোরে এসে, মুখের কাছে ঝুঁকে পড়ে বলছে, ‘এই শুনছ। ওঠ। চা যে জুড়িয়ে জল হয়ে গেল! কী ঘুম বাবা! কুম্ভকর্ণকে হার মানায়। এইবার কিন্তু কাতুকুতু দোবো।’ মশারি নয়, গোটা বউটাই ঘাড়ে এসে পড়ল। পরিবর্তনটা বুঝলে!’
‘এ তো হবেই। বয়সও বসে থাকে না, প্রেমও থাকে না। দায়িত্ব, কর্তব্য, অভাব, স্বভাব, সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠে।’
‘মশারি হলো সিম্বল। প্রেম জ্যালজ্যালে, ফুটো ফুটো হলেই মশারি।’
‘আর মশকের সংগীতই জীবনের জাতীয় সংগীত।’
‘আর দংশনই হলো শেষ পাওনা।’
‘আর পুত্র-কন্যা হলো ম্যালেরিয়া।’
‘আর জন্ডিস হলো বাক্স থেকে হঠাৎ বেরিয়ে-আসা হলদে-হয়ে-যাওয়া প্রেমপত্র!’

Leave a Reply
You must be logged in to post a comment.