রসুই ঘরের বৈদ্যুতিক তারে ঝুলে আছে মাকড়সার লাশ,
তার সাথে হার-না-মানা সামন্ত-কালের বাঁশি।
উড়ন্ত চাঁদোয়া ঢাকে ত্রিমাত্রিক ছাদের ভুবন
প্রদীপের তলদেশে টুকরো টুকরো অন্ধকার,
সেইসব অন্ধকার পাঁদাড়ে চুয়ানো অথবা আগুনে সেঁকে
ত্রিবেণী সংগমে বিসর্জন দেবে বলে দুচোখে মেঘের
কঙ্কাল ঝুলিয়ে তুমি বসে আছ নতজানু সময়ের পাহারায়,
ও-যমুনা ও-কর্ণফুলী – স্মৃতিভার ঢেউয়ে মুক্তা জ্বেলে
দক্ষিণে যাও … ত্বরা যাও।
কে যেন সেখানে অক্লেশে বাড়ায় ফেনিল জলের ঋণ।
মানুষের মতো নদীরও আছে দাগ, রক্তের নির্যাস,
বানভাসি তীর অশেষ ক্লান্তিতে সবুজের প্রার্থনায় ব্যাকুল।
অতঃপর মানুষ অগাধ জলের নিচে জমা রাখে পদ-ছাপ
আমি যন্ত্রচালিত হাওয়ার গাড়িতে বহন করছি
পূর্বপুরুষের আধপাকা ধান
পথের প্রান্তিক ছুঁয়ে ক্রমশ রোরুদ্যমান অশরীরী ছায়া
মাকড় ও মানুষে ভেদ নেই, স্বজনের যাতনায়
জতুগৃহে জমা হয় ঘাম, মানুষের দীর্ঘশ্বাস।

Leave a Reply
You must be logged in to post a comment.