জনপ্রিয়তারও অনেকগুলো মাত্রা আছে। জনপ্রিয় সাহিত্য সিরিয়াস লেখকমহলে নাক সিঁটকানোর বস্তু হলেও এবং জনপ্রিয় লেখককে অনেকটা মিষ্টি বিক্রেতার ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গেলেও এ-ধরনের লেখকও মানবচরিত্রের এমন কিছু দিক নিয়ে কাজ করেন, এমনভাবে করেন যে, তা কখনো কখনো সিরিয়াস পাঠকেরও (এবং লেখকেরও) অকুণ্ঠ সমর্থন ও সাধুবাদ আদায় করে নেয়। জনপ্রিয় লেখকের এই টাইপটি আমাদের দেশে চোখে পড়ে না। সিরিয়াস বিষয় নিয়ে জনপ্রিয় সাহিত্য করতে চেয়েছিলেন যারা, কম-বেশি সফলও হয়েছিলেন, সেই বিশ-শতকী সাহিত্য মহারথীদের একজন গ্রাহাম গ্রিন। গ্রেট ব্রিটেনের এই লেখক জীবদ্দশায় (ষাটোর্ধ্ব বয়সে) প্রায় প্রবাদপ্রতিম জনপ্রিয়তা ভোগ করেছেন। এতটাই যে, বাংলাদেশেও তার নাম মাঝে মধ্যেই উচ্চারিত হতে শোনা যেত। নব্বইয়ের দশকের গোড়ার দিকে তো ঢাকার তরুণ সাহিত্যিকদের মধ্যে প্রায়ই গ্রাহাম গ্রিনের প্রসঙ্গ উঠত তাঁর নোবেল প্রাইজপ্রাপ্তির উজ্জ্বল সম্ভাবনার সূত্রে। যাহোক, ঔপন্যাসিক হিসেবে তাঁর অবলোকনক্ষেত্রসমূহ, দেখার ধরন এবং জনপ্রিয়তার জায়গাটি পরীক্ষা করাই বর্তমান রচনার উদ্দেশ্য।
বিনোদন (বহঃবৎঃধরহসবহঃ) কথাটির আলাদা তাৎপর্য আছে কবিতা বা উপন্যাসের মতো শিল্পক্ষেত্রে। বিনোদী উপকরণে ঠাসা একটি কবিতা বা উপন্যাস একজন মাইনর লেখকের হাতে নান্দনিকতার শিখর স্পর্শ করতে পারে না। একজন মেজর লেখক কিন্তু ওইসব উপাদান ভাঙিয়েই তাঁর রচনাকে উতরে দিতেপারেন সৃষ্টিশীলতায়। সেজন্য আমরা দেখতে পাই পৃথিবীর সব গুরুত্বপূর্ণ সাহিত্যিকের রচনা কোনো-না-কোনোভাবে পাঠককে মজা দেয় বা বহঃবৎঃধরহ করে। চিরায়ত সাহিত্য অথচ তা পাঠককে আমোদিত করতে ব্যর্থ হয়েছে – এরকম দৃষ্টান্ত মিলবে বলে মনে হয় না।
গ্রাহাম গ্রিন সেই জাতের কথাশিল্পী, যিনি একই সঙ্গে জনপ্রিয় ও সিরিয়াস। লেখক-জীবনের প্রতিষ্ঠাপর্বে গ্রিন বেশ কটি উপন্যাস লিখেছেন, যেগুলোকে তিনি বলেছেন বহঃবৎঃধরহসবহঃ। প্রসঙ্গত ব্রাইটন রকের কথা বলা যেতে পারে, যার প্রথম পঞ্চাশ পৃষ্ঠা গোয়েন্দা গল্পের শৈলীতে রচিত। পরিণত বয়সে গ্রিন অবশ্য উপন্যাসের ওই অংশটি পছন্দ করেননি। কিন্তু আমার মতে, অধিবিদ্যক ও সাধারণ আখ্যানধর্মী উপাদানের মতোই গোয়েন্দা-উপাদানও গ্রিনের উপন্যাসের স্মরণযোগ্যতার একটি বড় কারণ। সম্ভবত ব্রাইটন রকের ওই গোয়েন্দা অংশটির অপরিহার্যতার কথা চিন্তা করে লেখক পরে তা ছেঁটে ফেলেননি। কারণ ওই অংশটি কাহিনীর গতি, ধাঁধা লাগানো বাস্তবতা ও ফ্যান্টাসির উৎসভূমি।
দ্য মিনিস্ট্রি অফ ফিয়ার গ্রাহাম গ্রিনের আরেকটি প্রমোদনশ্রেণিভুক্ত উপন্যাস। এর নায়ক রো অসুস্থ ও অসহ্য যন্ত্রণাপীড়িত স্ত্রীকে খুন করে। লেখক বলেছেন, এই খুন সে করে দয়াবশত। যাহোক, খুনের দায়ে তার কারাবাস হয়। জেল থেকে ছাড়া পাবার পর সে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বোমাবিধ্বস্ত ইংল্যান্ডে অদ্ভুত রহস্যময় কাজকর্মে জড়িয়ে পড়ে। রহস্যময় এইসব ঘটনার কেন্দ্রীয় চরিত্র হিল্ফের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়। উপন্যাসের শেষ দিকে হিল্ফে আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাকে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দৃশ্যে দেখা যায়, যেখানে সে কবিতার বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। উদ্ধৃত পঙ্ক্তিগুচ্ছ থেকে বোঝা যায়, সেই বই রাইনের মারিয়া রিল্কের এবং কবিতার নাম ‘অর্ফেয়ুসের প্রতি সনেটগুচ্ছ’। গ্রিক পুরাণ বিষয়ে অবহিত পাঠকমাত্রই অর্ফেয়ুসকে চেনেন। আর অনুরূপতার ধারণা থেকেই আমরা একটি সাহিত্যিক সমীকরণে পৌঁছাতে পারি। আদিকবি অর্ফেয়ুস এউরিডিকেকে মৃত্যুর গ্রাস থেকে বাঁচানোর জন্যে বীণা বাজিয়ে পাতালে প্রবেশ করেছিল। যমরাজ তার প্রতি তুষ্ট হয়ে তার স্ত্রীকে ফিরিয়েও দিয়েছিল। কিন্তু স্বামীর স্নেহময় কাতর চোখ শেষ মুহূর্তে পেছনে ফিরে তাকালে স্ত্রী এউরিডিকে অন্ধকার ছায়ারাজ্যে হারিয়ে যায়। উপন্যাসের রো-ই কি সেই পুরাণকথিত অর্ফেয়ুস, যে নিজের দোষে স্ত্রীকে চিররহস্যময় ছায়ার ভুবনে হারিয়ে ফেলেছিল? এই জিজ্ঞাসা আমাকে বারবার প্ররোচিত করেছে গ্রিনের শিল্পরীতি ও নির্মাণকৌশল সম্বন্ধে ভাবতে। নানারকম প্রতিকূল পরিস্থিতি ও বিপদ-আপদের মধ্যে স্ত্রীকে খুঁজে বের করতে গিয়ে অর্ফেয়ুস স্মৃতিশক্তি হারায়। উদ্বাস্তু, অস্ট্রীয়, গুপ্তচর হিল্ফের বোন অ্যানার প্রতি তার আসক্তি ছিল। সে অবশেষে অ্যানার ভেতরেই এউরিডিকের ছায়া প্রতিফলিত হতে দেখে। অভিমানে অর্ফেয়ুস সভ্যজগত ছেড়ে বনবাসে গিয়েছিল। অরণ্যের পশুপাখিরা তার কাছে আসত বীণার সুর শুনতে। গ্রিনের নায়ক কিন্তু আত্মনির্বাসনের পথ বেছে নেয়নি। গ্রিন আধুনিক উপন্যাসকার। আধুনিক কথাকারের মন ঝঞ্ঝাতাড়িত, বেদনাবিদ্ধ, কিন্তু কোনোরকম সরল মীমাংসায় বিশ্বাসী নয়। তাছাড়া আমরা ভুলে যাইনি তিনি বিনোদন বা বহঃবৎঃধরহসবহঃ-কে আলাদাভাবে গুরুত্ব দিয়েছেন। উপরন্তু অর্ফেয়ুসের সঙ্গে রো-এর সাযুজ্য থাকলেও সে তো আর অর্ফেয়ুস নয়। তাই বিশ্বাসঘাতকতা, অপরাধবোধ আর অনুতাপের আগুনে দগ্ধ হতে হতে সে বেঁচে থাকে স্ত্রীরূপিণী প্রেমিকাকে নিয়ে।
আফ্রিকার পটভূমিতে রচিত উপন্যাস দ্য হার্ট অফ দ্য ম্যাটারে প্রধান বিষয়বস্তু দুটি। এক, ঔদাসীন্য। দুই, অনুরাগ। মানুষ হিসেবে নায়ক স্কোবির দুর্বলতার জায়গা হচ্ছে দয়া বা মমতা। কিন্তু নিঃসঙ্গতা ও নিরাশার বোধই তার মনের উদাসীন অবস্থাকে উস্কে দিয়েছে বেশি করে। এ-প্রসঙ্গে একটি প্রয়োজনীয় তথ্য পরিবেশন করতে চাই। বইটির রচনাকালে লেখক অবস্থান করছিলেন পশ্চিম আফ্রিকায়। ফ্রি টাউনের আধভাঙা, জীর্ণ একটি বাড়িতে তাঁর অফিস। কাজ সংকেতলিপিতে তারবার্তা পাঠানো। দিনেরবেলা ছাদের ওপর শকুনের দাপাদাপি, রাতেরবেলা ইঁদুর-আরশোলার অত্যাচার। এমন বৈরী পরিবেশের মধ্যে লেখা হয়েছে এই উপন্যাস। জীবনযাপন করতে গিয়ে বাইরের এসব ব্যাপার-স্যাপারে উপদ্রুত হলেও ভেতরে একটি সমব্যথী, অনুরাগী মন জিইয়ে রেখেছিলেন গ্রিন। এক্ষেত্রে তাঁর অনুরাগ পশ্চিম আফ্রিকার প্রতি। অচেনা, বিপরীতধর্মী পরিবেশে মানুষের আত্মপরিচয়ের সংকট সত্তার অনিবার্য সংকটে রূপান্তরিত হতে পারে। হয়েছেও তাই। বইয়ের কেন্দ্রীয় চরিত্রের অপরাধবোধ, লজ্জা, আত্মগ্লানি এবং ভীতির অনুভূতি কতটা পীড়াপ্রদ ছিল তার সাক্ষ্য দিচ্ছে লেখকের ওই সময়কার দিনপঞ্জি। উত্তরকালে রচিত আত্মকথাতেও এসব প্রসঙ্গ এসেছে। কিন্তু অন্য একটি চিন্তাও আমার মাথায় উঁকি দিয়েছে। খুব সম্ভব দ্য মিনিস্ট্রি অফ ফিয়ারে প্রযুক্ত ফ্যান্টাসির, যার মূলে আছে গ্রেট ব্রিটেনের স্মৃতি, একটি গূঢ় ও লক্ষণীয়ভাবে পরিবর্তিত পাঠ (ঃবীঃ) এই দ্য হার্ট অফ দ্য ম্যাটার। গ্রিনের তীক্ষ্ম প্রবাসচেতনা এখানে মিলিত হয়েছে বাস্তবধর্মী আখ্যানপদ্ধতির সঙ্গে।
গ্রিনের আরেকটি গুরুত্বপূর্ণ উপন্যাসের নাম এ বার্নট-আউট কেইস। এর প্রধান উপজীব্য সমাজ-বাস্তবতাকে বুঝতে চাওয়ার মরিয়া প্রচেষ্টা, ধর্ম-সম্পর্কিত সংশয়, নায়কের ঔদাসীন্য, যা অসুস্থতার পর্যায়ে পৌঁছে গেছে। গল্পের নায়ক এতটাই উদাসীন যে, নিজের সম্বন্ধেও তার কোনো কৌতূহল নেই। কিন্তু একাকিত্ব মানেই আত্মকেন্দ্রিকতা নয়। যে-মন সন্ধ এবং জিজ্ঞাসাতাড়িত সে যদি আত্মজ্ঞান-অন্বেষণের প্রণোদনায় নিজের ভেতর সেঁধিয়েও যায় তাকে আমরা আত্মসর্বস্বতার অপবাদ দিতে পারি না। এ বার্নট-আউট কেইস আফ্রিকা-চেতনার নিরিখে গ্রিনের সর্বাধিক কনরাড-প্রভাবিত উপন্যাস। নায়ক কোয়েরির যাত্রা কী উদ্দেশ্যে, তা এখানে অব্যক্ত। নির্দিষ্ট যাত্রাশেষে কোয়েরি জাহাজ থেকে তীরে এসে নামে। তার দ্বিধান্বিত মনের সাময়িক অনুভূতি শূন্যতাকে লেখক মানচিত্রের ফাঁকা জায়গার সঙ্গে তুলনা করেছেন। অস্তিত্বের শূন্যতার অস্পষ্ট অনুভবকে সুস্পষ্ট অর্থময়তা দিয়ে ভরে তোলাই শিল্পীর কাজ। গ্রাহাম গ্রিনও এ-কাজে সচেষ্ট। কোয়েরির নামের অর্থ জিজ্ঞাসা, তা আমাদের ভাবায়। চরিত্রটি জীবনজিজ্ঞাসার প্রতীক হয়ে উঠেছে। একই সঙ্গে তা পাঠকের কৌতূহলের কেন্দ্রবিন্দুতেও পরিণত হয়েছে। অরণ্যে বাস করার সময় কোয়েরির ব্যক্তিসত্তা বিপর্যস্ত হয়ে পড়ে। কেননা তার ব্যক্তিত্ব নিয়ে টানাহেঁচড়া করে পার্শ্ববর্তী চরিত্রসমূহ। এসব লোক কোয়েরির মধ্যে তাদের ক্ষুধা, লোভ, শঠতা, নিঃসঙ্গতার ছায়া দেখতে পায়। মজার ব্যাপার, অন্যরা যার ব্যাপারে কৌতূহলী, নিজের সম্বন্ধে তার কোনো কৌতূহলই নেই। জোসেফ কনরাডের উপন্যাস হার্ট অফ ডার্কনেসে অত্যাচারিত ও শোষিত মানুষদের প্রতি সমব্যথী, অনুসন্ধানী চরিত্র (কেন্দ্রীয় চরিত্র) কুর্টসকে অন্ধকারের অভিশাপ থেকে উদ্ধার করতে এগিয়ে এসেছিল মানবদরদী, ভাবুকস্বভাবী মার্লো। কোয়েরি যেন কুর্টসেরই আরেক সংস্করণ। তার খোঁজে আসে পারকিন্স নামের যে-ব্যক্তি, সে ¯ূ’লবুদ্ধিসম্পন্ন মানুষ। মার্লোর বিপরীত মেরুতে তার অবস্থান। কুর্টসের মর্মভেদী আর্তনাদ ও আত্মচিন্তার ভেতর দিয়ে পশ্চিমি সভ্যতার ভয়ংকর মেকিত্ব ধরা পড়েছিল। কোয়েরির মৃত্যুর মাধ্যমে অবশ্য তেমন কোনো যুগবাণী প্রতিভাসিত হয়নি। কিন্তু তার চেয়েও মর্মন্তুদ এক ব্যর্থতা – মানুষকে চিনতে না-পারার গ্লানি আর বাস্তবতা সম্বন্ধে ভুল ধারণা প্রগাঢ় জীবনানুভব উপহার দিয়েছে এই বইয়ে। এবং এই অনুভব কোয়েরির ধর্ম-সংক্রান্ত বিশ্বাস-অবিশ্বাসের চেয়েও বেশি প্রভাবসম্পাতী মনে হয়।
গ্রিনের উপন্যাসের প্রধান থিমগুলোর কথা ভাবলে একটি সিদ্ধান্তে পৌঁছা যায়। তা হচ্ছে তিনি একই সঙ্গে দুই বিশ্বাসের নৌকায় চড়েছেন। এক, ঈশ্বর এবং মঙ্গল-অমঙ্গল সম্পর্কিত ক্যাথলিকতা। দুই, দ্বান্দ্বিক বিবর্তনের ভেতর দিয়ে সাম্যবাদী সমাজ-প্রতিষ্ঠার মার্কসবাদী স্বপ্নকল্প, যেখানে ঈশ্বরের কোনো জায়গা নেই। অস্থির সমাজ-রাজনীতি কিংবা স্থিতিহীন মানসের অপরাধ-প্রবণতার পটভূমিতে তিনি এমন সব চরিত্র এবং কাহিনী-কাঠামো দাঁড় করিয়েছেন যেগুলো এই দুই বিশ্বাসকে ধারণ করে আছে। মনসিন্যোর ক্কিহতে তেমনি একটি সাহিত্যকর্ম। বিশ্বাসের বিপরীতে সংশয়ের পাল্লাও এখানে যথেষ্ঠ ভারি।
কাহিনীর সনাতন প্রত্নপ্রতিমা অক্ষুণ্ন রেখেই সংক্ষিপ্ত ছকের ভেতর সমকালিক সমাজের নানাবিধ অনুপুঙ্খ ব্যবহার করে রচিত হয়েছে এই উপন্যাস। কাহিনীর প্রধান কুশীলব দুজন – মধ্যবয়সী ক্যাথলিক ধর্মযাজক ক্কিহতে এবং তার বন্ধু প্রাক্তন মেয়র সাঙ্কো, যিনি একজন কম্যুনিস্ট। পটভূমি স্পেন। সময় ফ্রাঙ্কোর মৃত্যুর কিছুকাল পর। হঠাৎ পদোন্নতিপ্রাপ্ত ফাদার ক্কিহতের বহুদিনের লালিত আশা, বন্ধুকে সঙ্গে নিয়ে দীর্ঘভ্রমণে বেরোবে। ছুটি মঞ্জুর হওয়ায় সেই সুযোগ আসে। এই বহুপ্রতীক্ষিত ভ্রমণযাত্রার একটি মুখ্য উদ্দেশ্য ছিল – বন্ধুর মানসদর্পণে নিজ বিশ্বাসের চেহারাটি নির্মোহভাবে দেখা ও বিচার করা। সাঙ্কোও তাই করতে চেয়েছিল। ফলে আশান্বিত, প্রফুল্ল মনে তারা বেরিয়ে পড়ে। যেতে যেতে দুই বন্ধু স্ব-স্ব পথ ও মত বিশ্লেষণ করে কখনো আক্রমণাত্মক ভঙ্গিতে, কখনো স্বীকারোক্তির ভেতর দিয়ে, কখনো-বা কৌতুকের আশ্রয়ে। অন্যদিকে অশান্ত রাজনৈতিক সমাজ-পরিস্থিতির কারণে বিপদ ওঁৎপেতে থাকে পথে পথে। পুলিশ আর গির্জার লোকদের অতন্দ্র পাহারা এড়িয়ে সরলমনা ফাদারকে আগলে নিয়ে চলে চতুর সাঙ্কো। তারপরও শেষ রক্ষা হয় না। তারা পুলিশের হাতে ধরা পড়ে। বন্দিদশা থেকে পালানোর মধ্য দিয়ে সূচিত হয় অভিযানের দ্বিতীয় পর্ব। এরপর জিজ্ঞাসা ও কৌতুক চাপা পড়ে যায় সম্পূর্ণ অপ্রত্যাশিত এক বাস্তব অবস্থার যাঁতাকলে। এই বাস্তবতার শেষ পরিণতি অসম লড়াই এবং মৃত্যু। এটি ঘটে তখনই যখন মা মেরিকে টাকার পোশাক ও মালা পরিয়ে মিছিল করে যায় দাম্ভিক ব্যবসায়ীরা। ঘৃণায়-ক্ষোভে টগবগ করে ওঠে ক্কিহতের মন। সে ওই দৃশ্য সহ্য করতে পারে না। অনাত্মীয় পরিবেশে অসংখ্য মানুষের মাঝখানে ছুটে গিয়ে মেরির গলার সেই অবমাননাকর মালা ছিঁড়ে ফেলে। তারপর যা ঘটার তাই ঘটে। মাথায় মারাত্মক জখম নিয়ে পালানোর পথে তাদেরকে তাড়া করে ‘গার্ডিয়া’ – পুলিশের বিশেষ দল। গাড়ির টায়ার বিদ্ধ হবার ফলে তাদের যাত্রা থেমে যায়। তখন ফাদার ক্কিহতে মৃত্যুপথযাত্রী। বন্ধুহারা, নিঃসঙ্গ, বিহ্বল সাঙ্কো রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে; মতবিরোধ, ঘৃণা, ক্রোধ, সংঘর্ষ সবকিছুই তো শেষ হয়ে যায় মৃত্যুর সঙ্গে সঙ্গে, শুধু ভালোবাসা কেন বন্যাপ্লাবিত নদীর মতো কেবলই বাড়তে থাকে?
মনসিন্যোর ক্কিহতে উপন্যাসটি গ্রিন রচনা করেছেন আশির দশকের দ্বারপ্রান্তে এসে। ৫০/৬০ বছর ধরে রাজনীতি, ধর্ম, অপরাধ, বিচ্ছিন্নতা, ভয় – আধুনিক মানুষের এইসব বোধের বহুবিচিত্র স্তরের ভেতর দিয়ে আকর্ষণী এবং প্রশ্নসঞ্চারী ভঙ্গিতে উঁচুমানের কথাসাহিত্য সৃষ্টি করে গেছেন গ্রিন। বিংশ শতাব্দীতেও ধর্ম ও রাজনীতির মতো অমেয় সম্ভাবনাময় কিন্তু স্পর্শকাতর দুটি বিশ্বাসকে উপন্যাস-ভাবনার কেন্দ্রে স্থাপন করেছেন এক প্রশ্নভারাতুর, বিপন্ন অনিশ্চয়তার উপলব্ধির ভেতর দিয়েই। লেখক যেন তার পীড়াপ্রদ, সংশয়ী ভাবনার ইতি টেনেছেন এই উপন্যাসটি লেখার মাধ্যমে। বিপরীতমুখী চিন্তাচেতনার ধারক দুই বন্ধুর কথোপকথন বিশ্বাস-অবিশ্বাসের দোলাচলে দীপ্ত যে-পথের ইঙ্গিত দিয়েছে তা ত্রিকালব্যাপী প্রসারিত। তা কোনো গন্তব্যে পৌঁছেনি। আর এই লড়াই অর্থহীন হয়ে পড়ে। অবিচ্ছিন্ন জীবনজিজ্ঞাসার ধূসর দিগন্তে তাদের তাৎপর্য খুঁজেও পাওয়া যায় না। শেষ পর্যন্ত যা টিকে থাকে তা হচ্ছে ভালোবাসা। উপন্যাসের অন্তিমে সাঙ্কোর অজর উপলব্ধির মধ্য দিয়ে এই সত্যই আভাসিত হয়ে উঠেছে। মনসিন্যোর ক্কিহতের দুই প্রধান চরিত্র-সৃষ্টির পেছনে গ্রিনের আগেকার অনেকগুলো সৃষ্টিকর্মের প্রভাব লক্ষ করা যায়। যাজক ক্কিহতের সযত্নলালিত দৃঢ়মূল ঈশ্বরবোধের পশ্চাতে আছে অতীতের অগুনতি ধার্মিক কিন্তু অশান্ত মনের অধিকারী মানুষ। অনুরূপভাবে সাঙ্কোর পেছনেও আছে সমাজ-পরিবর্তনে বিশ্বাসী কম্যুনিস্টদের সুদীর্ঘ সারি, যারা পরিবর্তমান রাজনীতির অস্থির মঞ্চে দাঁড়িয়ে কল্যাণী সমাজের প্রতীক্ষায় বছর গুনছে। চরিত্র দুটি, আমার ধারণা, গ্রাহাম গ্রিনেরই সত্তার দুই অবিচ্ছেদ্য অংশ। জীবনসন্ধ্যায় পৌঁছে লেখক দুই মুখোমুখি আয়নায় প্রতিবিম্বিত আপন ধ্যান-ধারণার স্বরূপ অবলোকন করলেন নিরাসক্ত মনে। বইয়ের দ্বিতীয় অধ্যায়ে এসে পাঠক দেখা পাবে সেই উজ্জ্বল মনোহর বিতর্কের।
রাজনীতিক : বিশ্বাসঘাতক সব পার্টিতেই থাকে। ফাদার, তোমার পার্টিতেও জুডাস ছিল।
যাজক : আর তোমার দলে স্টালিন।
এরকম শাণিত সংলাপে ঠাসা প্রায় পুরো বইটি। বলা যায়, বিষয়ই এখানে সংলাপের ভূমিকা নির্ধারণ করে দিয়েছে।
যাজক : গির্জা-নির্ভরশীল লিখিত উক্তির উপরে যেমন তোমার পার্টি ভরসা রাখে মার্কস ও লেনিনের উপরে।
রাজনীতিক : কিন্তু তোমার ওইসব বইয়ের লেখা ঈশ্বরেরই উক্তি – এটা তুমি বিশ্বাস করো?
যাজক : দু-একটি নির্ঘুম রাত ছাড়া তুমি কি মনে করো না যে, মার্কস লেনিনও ম্যাথু-মার্কের মতোই নির্ভুল?
রাজনীতিক : তোমার বিনিদ্র রাতগুলো কখন আসে ফাদার?
যাজক : নির্ঘুম রাতগুলোয় নরকভাবনা আমাকে বিদ্ধ করে। তুমি হয়তো তখন স্টালিন ও তার শ্রমশিবিরের কথা ভাবছ। ভাবছ স্টালিন বা লেনিন কি ঠিক ছিল? হয়তো তখনই আমি ভাবছি, দয়াশীল ঈশ্বর থাকা সত্ত্বেও কী করে নরকের অস্তিত্ব সম্ভব? ওহো, আমি আমার বিশ্বাসের প্রাচীন গ্রন্থ আঁকড়ে থাকি। তবু সংশয় আমাকে ছাড়ে না। (অনুবাদ : লেখককৃত)
উপন্যাসের অন্যত্র রাজনীতিক আত্মগত ভঙ্গিতে বলে, ‘আমার কী পূর্ণ বিশ্বাস আছে? মাঝে মাঝে সন্দেহ হয়। আমার এক শিক্ষকের কথা মনে পড়ে। অনিশ্চয়তার একটি মৃদুস্বর শোনা যায়। সেই কণ্ঠস্বর বিশ্বাসীর কানে কানে কথা বলে। কে জানে এই অনিশ্চয়তা ছাড়া আমরা কী করে বাঁচতাম?’ শেষের এই আত্মজিজ্ঞাসা কেবল রাজনীতিবিদ চরিত্রটিকেই ভিন্নতর মাত্রায় ভূষিত করেনি, গোটা উপন্যাসকেই দিয়েছে গভীরতর এক ব্যঞ্জনা। তাছাড়া একথা তো যাজকেরও মনের কথা। কোনো এক অন্তরঙ্গ আলাপ-মুহূর্তে তিনিও বলেছেন, ‘আমি কোনো ব্যাপারেই নিশ্চিত নই, এমনকী ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কেও।’ এ-প্রসঙ্গে উপন্যাসে বর্ণিত একটি বিষয়ের উল্লেখ অপরিহার্য। ভ্রমণে থাকাকালীন এক রাতে যাজক অদ্ভুত স্বপ্ন দেখেন : ঈশ্বরপ্রেরিত দেবদূতের দল এসে ক্রুশবিদ্ধ হওয়া থেকে রক্ষা করেছে খ্রিষ্টকে। তিনি বিজয়ীর মতো নেমে আসছেন। উপস্থিত সকলেই তাকে গভীর শ্রদ্ধা জানাচ্ছে। আর কোনো দ্বিধা বা সংশয় অবশিষ্ট নেই। সবাই একবাক্যে স্বীকার করেছে যে, খ্রিষ্ট ঈশ্বরেরই পুত্র, যাজক স্বপ্নের মধ্যেই শিউরে ওঠেন এই ভেবে, যেখানে সন্দেহের লেশমাত্র নেই সেখানে বিশ্বাসের অস্তিত্বও অসম্ভব। অথচ মজার ব্যাপার, এমন বিহ্বল মুহূর্তে যাজকই অস্ফুট কণ্ঠে বলে ওঠেন – ‘ঈশ্বর আমাকে এ-ধরনের বিশ্বাস থেকে রক্ষা করুন।’ আর এ-জাতীয় সংলাপ এবং আত্মগত উচ্চারণের মধ্য দিয়েই গ্রিনের উপন্যাসজগতে পরিস্ফুট হয়ে উঠেছে বাখতিন-কথিত দ্বৈতোক্তির স্বরূপ।
প্রায় চারশ বছর আগের কাহিনীবীজকে গ্রাহাম গ্রিন সার্থকভাবে কাজে লাগিয়েছেন এই উপন্যাসে। সার্ভান্তেস বলেছিলেন অতীতের গৌরবে গর্বিত সরলমনা এক গেঁয়ো মানুষের কাহিনী, যিনি অন্যায়ের প্রতিকার করবেন বলে একজন কৃষককে নিয়ে বেরিয়ে পড়েছিলেন। সার্ভান্তেসের নায়ক ডন ক্কিহতে একজন অবাস্তব আদর্শবাদী চরিত্র। ফলে বাস্তবের সঙ্গে সংঘাতে হেরে যাওয়াই ছিল তার নিয়তি। গ্রিনের মনসিন্যোর ক্কিহতেও কিন্তু কঠোর বাস্তবতার হাতে পর্যুদস্ত হয়। তাঁর উপন্যাসে স্বপ্নকল্পনা ও রূঢ় বাস্তবতার জগৎ পরস্পর পরস্পরের ভেতর প্রবিষ্ট। একইভাবে অতীত এসে মিশে যায় বর্তমানের সঙ্গে। কাহিনীসূত্রটি বহু যুগের ওপার থেকে এসে বইয়ের এবং বইয়ের বাইরের ভাবপৃথিবীর সঙ্গে সম্পৃক্ত করে দিয়েছে পাঠকের আশা-ভরসা। ডন ক্কিহতে মানুষের আনন্দ-বিষাদের এক ত্রিকালব্যাপী চিরন্তন প্রত্নপ্রতিমা। সেই বিচারে গসপেলের সন্তরা, কার্ল মার্কস এবং ভিন্ন ভিন্ন দেশকালে তাদের অনুরক্ত অনুসারীবৃন্দ ক্কিহতের পূর্বসূরি এবং উত্তরসূরি। গ্রিনের অন্য একটি পর্যবেক্ষণের কথাও আমি এখানে বলতে চাই। সেটা হচ্ছে, ‘একজন যথার্থ কম্যুনিস্ট এক ধরনের ধর্মপ্রচারক।’ যাজকের মুখ থেকে ব্যক্ত এই মত প্রকৃতপক্ষে ঔপন্যাসিকেরই মত। এর অর্থ, উভয়েরই চিন্তা ও কাজ গ্রন্থনির্ধারিত নির্দেশাবলি দ্বারা ভীষণভাবে প্রভাবিত। ফলে উভয়েই কট্টরপন্থি।
বিষয়বস্তুর যুগাতিক্রমী আবেদনের কারণেই ক্কিহতেরা বারবার ফিরে এসেছে বিশ্বসাহিত্যে। ভিন্ন ভিন্ন নামে, ভিন্ন ভিন্ন পরিবেশে ফিল্ডিং, ডিকেন্স, ফ্লব্যের, দস্তয়েভস্কির মতো যুগন্ধর প্রতিভার হাতে রচিত হয়েছে এই অশেষ উপাখ্যান। শুধু তাই নয়, দেশকালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাতে নতুনতর মাত্রাও যোজিত হয়েছে। বোর্হেস মতপ্রকাশ করেছিলেন যে, প্রতিটি বিশ শতকের পাঠক (এবং লেখক তো বটেই) অনিবার্যভাবে সুদূর অতীতের মহান গ্রন্থসমূহ নিজের মতো করে পুনর্লিখন করে নেয়। কথাশিল্পের কিছু আধুনিক কলাকৌশল খাটিয়ে গ্রাহাম গ্রিন প্রকৃতপক্ষে তা-ই করেছেন। তাঁর সৃষ্ট চরিত্ররা (এই উপন্যাসে চিত্রিত) সার্ভেন্তেসেরও চরিত্র, এই অর্থে যে, তারা প্রায় অভিন্ন জীবনাভিজ্ঞতা তুলে ধরে।
১৯৮২-তে প্রথম প্রকাশের পর গত বাইশ বছরে মনসিন্যোর ক্কিহতের আরো চোদ্দ-পনেরোটি সংস্করণ বেরিয়েছে। গ্রিনের প্রাবাদিক জনপ্রিয়তা সত্ত্বেও এটি অকল্পনীয়। কিন্তু টানা দুই দশকেরও বেশি সময় ধরে বইটি যে পাঠকের নিরবচ্ছিন্ন মনোযোগ পেয়ে আসছে তার কারণ এর বিষয়বস্তু ও লিখনরীতির স্বাতন্ত্র্য। বিপরীতমুখী দুই বিশ্বাসের জন্য ভাববাদী এবং বস্তুবাদী – দুই বিপরীত শিবিরের পাঠকই তাকে গ্রহণ করেছে। উপন্যাসটিতে ঘটনার চেয়ে সংলাপের ভূমিকা অনেক বেশি তাৎপর্যপূর্ণ। কথোপকথনের পেছনে লেখক পৃষ্ঠার পর পৃষ্ঠা ব্যয় করেছেন। আর সংলাপের ভেতর দিয়ে পাত্র-পাত্রীদের ভাবনাজগৎ স্পর্শ করা তুলনামূলকভাবে সহজ। এগুলো বইটির পাঠকপ্রিয়তার খুবই উল্লেখযোগ্য কারণ বলে মনে হয়।
জনপ্রিয়তার প্রসঙ্গ দিয়ে শুরু হয়েছিল এই সন্দর্ভ। শেষ করার আগে এ-বিষয়ে আরো দুটি কথা বলতে চাই। জীবনবাস্তবতার শৈল্পিক রূপায়ণের বেলায় এই লেখক অভিভূত করে দেয়ার মতো কোনো কৌশল প্রয়োগ করতে পারেননি। এক্ষেত্রে সেকেলে ধরনের ভাবনাই ব্যক্ত হয়েছে। বাস্তবতার পরিচিত মূর্তিটি ভেঙে তা পুনর্নির্মাণ করার মতো যথেষ্ট সাহস কিংবা সামর্থ্য গ্রিনের ছিল না। তাই বলে কাহিনী ও তার উপস্থাপন-ভঙ্গির একার্থবোধক সারল্যে তিনি বিশ্বাসী ছিলেন এমন মনে হয় না। চেনাজানা পরিবেশ-পরিস্থিতিকে শিল্পের প্রয়োজনে অচেনা করে তোলার কৌশলটি গ্রিন নিয়েছেন গোয়েন্দা-কাহিনী থেকে। থ্রিলার আর কী করতে পারে? যা মোটেই সম্ভব নয় তাকে সম্ভব করে তোলে। এই অভাবনীয় ‘সম্ভব’কে গোয়েন্দা-গল্পের পৃথিবী থেকে তুলে এনে বাস্তবধর্মী রচনার ভেতর ঢুকিয়ে দিয়েছেন গ্রিন। রোমাঞ্চের শিহরণ এবং রহস্যের কুয়াশা থেকে যে-আখ্যানরীতি সৃষ্টি হয়েছে তাকেই নতুন আঙ্গিকে ব্যবহার করেছেন তিনি। এ-জাতীয় রূপপ্রদতা, অনুভবের চমকপ্রদতা এবং চিন্তার প্রত্যক্ষতা (দ্য মিনিস্ট্রি অফ ফিয়ার ব্যতীত অন্যত্র সংকেতে আকীর্ণ মুহূর্তগুলো বিরল) গ্রাহাম গ্রিনের কথাসাহিত্যকে ইউরোপের চিন্তামনস্ক বিশাল পাঠকগোষ্ঠীর কাছে আদরণীয় করে তুলেছে, যদিও সেই সাহিত্য প্রচল অর্থে জনপ্রিয় নয়।

Leave a Reply
You must be logged in to post a comment.