রাজধানীর নিসর্গশোভা বৃদ্ধির বর্তমান কর্মকাণ্ড নিয়ে পক্ষে-বিপক্ষে নানা কথা উঠেছে। সার্ক সম্মেলন সামনে রেখে পরিকল্পিত এই উদ্যোগ, সময়ের হিসাব বিবেচনায় নিলে, সঠিকই বলতে হবে। স্বল্পমেয়াদি এই ধরনের কর্মকাণ্ড প্রসাধনী প্রয়াসের বেশিকিছু হয় না। এতে অবশ্য কিছু গাছ কাটাছাঁটা গেছে, তাতে মারাত্মক কোনো ক্ষতি ঘটেনি, কেননা নগরীর বৃক্ষরোপণ-পরিকল্পনায় গোড়ায়ই অনেক গলদ ছিল, তাতে ভবিষ্যতে যে-কোনো সংস্কার-কর্মে কিছু গাছ কাটা পড়তই। এবার একটি নতুন জিনিস দেখলাম – বড় খেজুরগাছ তুলে এনে পথপাশে লাগানো হয়েছে, হয়তো আগামীতে অন্য প্রজাতির পূর্ণবয়স্ক গাছও এভাবে লাগানো হবে। দুবাইতে দেখেছি, মরুভূমি থেকে বড় বড় খেজুরগাছ তুলে এনে তারা শহর সাজিয়েছেন। একদা ফরাসি-সম্রাট চতুর্দশ লুইয়ের হুকুমে প্যারিসের স্যাজেঁ লিজেঁ রাজপথটি এভাবেই পূর্ণবয়স্ক লাম্বার্ডি পপলারে সাজানো হয়, সম্রাটের উদ্যান-স্থপতি আন্দ্রে লে নতর গোটা গোটাবনবৃক্ষ লাগান ভার্সাই উদ্যানে। আর এল প্রাউডলক অবশ্য রমনাগ্রিনের নিসর্গশোভা-নির্মাণে (১৯০৮-১৮) এমন উদ্যোগ নেননি, যথারীতি চারাগাছই লাগিয়েছিলেন। সেকালে সড়কে মিড-আয়ল্যান্ড ছিল না, গাছ লাগানো হতো পথপাশে, এক বা একাধিক সারিতে, একক বা মিশ্র প্রজাতি দিয়ে, যা এখনো চলছে প্যারিস-লন্ডন-মস্কোয়। কিন্তু হঠাৎ করেই ঢাকায় কেন পথপাশ ছেড়ে মিড-আয়ল্যান্ডে বৃক্ষরোপণ শুরু হলো, জানি না। বিদেশের বড় বড় শহরেও মিড-আয়ল্যান্ড আছে, সেগুলি অনেক বেশি চওড়া, তাতে বড় কোনো গাছ দেখিনি। আছে ঘাসের সবুজ, গ্রীষ্মকালে মরসুমি ফুলের কেয়ারি। দুবাইতে আছে ঝোপঝাড়ের সজ্জা, ইংল্যান্ডের গোলচত্বরে ছোটগাছের অপূর্ব ল্যান্ডস্কেপিং নকশা। আমরা কি ঝুলন্ত বৈদ্যুতিক তারের ঝামেলা এড়ানোর জন্য পথপাশ ছেড়ে মিড-আয়ল্যান্ডে গাছ লাগাচ্ছি? এমন সহজ সমাধান কিন্তু বাঞ্ছনীয় নয়, কারণ এটা গোঁজামিলের নামান্তর। কেব্ল আমাদের জন্যে অতি-মহার্ঘ হয়ে থাকলে বৈদ্যুতিক তার এড়িয়ে গাছ লাগানোর নতুন কোনো পদ্ধতির কথা ভাবতে হবে। শহরে জায়গার দাম যত বেশিই হোক শহরকে বাঁচিয়ে রাখতে হলে যেটুকু গাছপালা প্রাপ্য সেটুকু তাদের দিতেই হবে, অন্যথা এই কার্পণ্য হবে শহরহত্যার শামিল। বৃক্ষশোভিত পথগুলো শহরের রক্তসঞ্চালনতন্ত্র, তা গোটা শহর-শরীরে অক্সিজেনের জোগান দেয়, বাতাস থেকে বর্জ্য শোষণ করে ও উত্তাপ কমায়, মানুষের স্নায়ুতন্ত্রকে প্রশান্ত রাখে। এই বিবেচনায় শহরে পথের গুরুত্ব পার্কের অধিক, বিশেষত আমাদের জনবহুল দরিদ্র দেশে।
জল যেমন উদ্যানের তেমনি নগর-নিসর্গেরও একটি মৌল অনুষঙ্গ, অথচ এই অতুলন সৌন্দর্যের প্রতি আমরা কেবল উদাসীন নই, ধর্ষকামীও। ঢাকা মহানগরের মাতৃস্বরূপা বুড়িগঙ্গার বর্তমান বেহাল অবস্থা বোঝানোর জন্য নমনীয়তর কোনো ভাষা খুঁজে পাওয়া দুষ্কর। পঞ্চাশের দশকে ছাত্রজীবনে এই শহরকে আমরা যখন একটি উদ্যান-নগরী বানানোর স্বপ্ন দেখতাম, অনুক্ষণ সেই ছবি আঁকতাম, তাতে থাকত বুড়িগঙ্গার দুই তীরে পামগাছের সারি, নিওন আলো-শোভিত প্রশস্ত বুলভার, শহরের বুকে ছড়ানো জলাভূমিগুলিতে শাপলা-পদ্মভরা সুনীল সরোবর। সেইসব স্বপ্ন এখন ভূমিদস্যুদের কোদালে কবরস্থ। অথচ এগুলি কেবল নান্দনিক তৃষ্ণা মেটানোর জন্যেই নয়, শহরকে বাঁচিয়ে রাখার জন্যেও জরুরি ছিল। আমাদের স্থপতিরা সুরম্য ভবন নির্মাণ করেন, নগর-পরিকল্পনাও ভালোই জানেন, শহরবাসীও এগুলো চান, তবু কার্যত কিছুই হয়ে ওঠে না, সম্ভবত আমরা কোনো ‘গভীরতর অসুখে’ আক্রান্ত।
ঢাকার নিসর্গশোভা-নির্মাণের কেস-স্টাডি হিসেবে রমনাপার্ককে বেছে নেওয়া যেতে পারে। উদয়াচল ফটকের লাগোয়া সাইনবোর্ডের তথ্য-অনুসারে এটি নির্মাণের সূত্রপাত ১৯৫২ সালে। কিন্তু আমার জানামতে কাজটি শুরু হয়েছিল ১৯৫৫-৫৬ সালে। কে এই পার্কের নীলনকশা তৈরি করেছিলেন, কে ছিলেন প্রথম তত্ত্বাবধায়ক – তার কোনো হদিস ওই সাইনবোর্ডের বিবরণীতে নেই। তিনি সম্ভবত ফজলুল করিম, কলকাতার ইডেন উদ্যানের এক সাবেক কর্মকর্তা। আঁকাবাঁকা পথ ও ব্যাপ্তিস্থানের গড়ন দেখে মনে হয় পরিকল্পক পার্কটি ইনফরমাল শৈলীতে গড়তে চেয়েছিলেন। বাঁকা গড়নের লেকটি আগে থেকেই ছিল, হয়তো-বা তিনি সেটির সঙ্গে পার্কের গড়নটি মেলাতে চেয়েছিলেন। পরবর্তীকালে পার্কের যেভাবে উন্নয়ন ঘটেছে তাতে পূর্বপরিকল্পনাকে আমল দেওয়া হয়েছে এমন কোনো আলামত খুঁজে পাই না, গাছপালা লাগানো হয়েছে খুশিমতো, অপরিকল্পিতভাবে। তারপর ক্রমাগত পার্কে নানা নামের অঙ্গন, ফটক ও মঞ্চে অনুপ্রবেশ ঘটেছে, তাতে আছে কিছু বেঞ্চি এবং সেগুলির তলায় ও পাশে অনেকটা জায়গা জুড়ে পাথুরে মেঝে, যা পার্কের মৌলনীতির বিরোধী। পার্কে অবশ্যই বেঞ্চি থাকবে, তবে সেগুলো পোঁতা হবে ঘাসজমিতে, পাথুরে ভিতে নয়। পার্ক-কর্তাদের এটুকু বোধ না-থাকাটা বড়ই দুঃখের।
পার্কটিকে অন্তত তিনবার সংস্কার করা হয়েছে। প্রথমবার লেক পুনর্খনন ও জমি সমতলকরণ, দ্বিতীয়বারে পার্কের পথগুলি চওড়া করা ও কয়েকটি ফটক তৈরি হয়, যার একটি স্মারণিক স্তম্ভ আছে উদয়াচল ফটকের পাশে। তৃতীয়দফা সংস্কারকর্ম শুরু হয়েছে ইদানীং সার্ক-সম্মেলন-উপলক্ষে নগর-সৌন্দর্যায়নের প্রবর্ধন হিসেবে এবং অবিকল অভিন্ন শৈলীতে, যা পার্কের ইনফরমাল গড়নের সঙ্গে সেভাবে মেশেনি। দৃষ্টান্ত হিসেবে, উদয়াচল ফটকের কাছে তৈরি ঢিপিই ও সেটির দ্বিমাত্রিক ঔষধিলজ্জা, বড়ই দৃষ্টিকটু। এবার পথগুলো আরো চওড়া করা হয়েছে, গাছের গোড়ায় ঔষধির আলপনা দেওয়া হয়েছে, গাছগাছালির সঙ্গে মিলিয়ে বৃষ্টি-বাদলের আশ্রয়শালা হিসেবে কয়েকটি ঘর বানানো হয়েছে। কিন্তু মূল কাজটিতে এখনো হাত পড়েনি। পার্কটিকে এখন আর পার্ক মনে হয় না, যেন একটি উদ্ভিদ-সংগ্রহশালা, তাতে আছে সৌন্দর্যের চেয়ে নৈরাজ্যের পীড়াদায়ক আধিক্য। কয়েক বছর আগে এক কর্মকর্তার সঙ্গে দেখা করে তাকে পার্কের গাছপালার শিল্পসম্মত জরুরি পুনর্বিন্যাসের কথা বোঝাতে চাইলে তিনি সখেদে আমাকে জানিয়েছিলেন যে, সকলেই যেমন সুন্দরী রমণীর দিকে হাত বাড়ায় তেমনি পার্কের দিকেও লুব্ধদৃষ্টি অনেকের, তারা পার্কের জমিটুকু দখলে নিতে অতীব ব্যাগ্র, ঢাকা শহরে শেষ পর্যন্ত কোনো পার্কই থাকবে না, তাই পার্কের ল্যান্ডস্কেপিং নিয়ে ভাবনা একেবারেই নিরর্থক। তার আশঙ্কা অগ্রাহ্য করতে পারি না, যখন দেখি রমনাপার্কের বড় একখণ্ড জমি ইতোমধ্যেই টেনিস-কমপ্লেক্স তৈরিতে খোয়া গেছে।
রমনাপার্ককে এখনো কোনো ইনফরমাল উদ্যানশৈলীতে পুনর্বিন্যস্ত করা যায়। পার্কে গাছপালার প্রজাতিসংখ্যা ও বৈচিত্র্যের কোনো ঘাটতি নেই, গলতি ঘটেছে বিন্যাসের অনভিজ্ঞতায়। ফজলুল করিমের পর আর কোনো দক্ষ উদ্যানবিদ পার্কের হাল ধরেননি। তারা আসেন পূর্তবিভাগ থেকে, অধিকাংশই প্রকৌশলী বা কৃষিবিদ। কিন্তু কাজটি তাদের নয়। আমাদের দেশে উদ্যানবিদ্যা ইনস্টিটিউট আছে, স্থাপত্যবিদ্যা অনুষদ আছে, খুঁজলে ল্যান্ডস্কেপ ডিজাইনারও মিলতে পারে, নেওয়া যেতে পারে প্রাইভেট কোম্পানি বা বিদেশী বিশেষজ্ঞের সাহায্য। কিন্তু কোনোটিকেই তেমন কাজে লাগানো হয় না। এটি কি এজন্যে যে, আমরা উদ্যানশিল্পকে কোনো শিল্প হিসেবে গণ্য করি না, মালি বা আনাড়ি বাগানিদের কাজ ভাবি?
রমনাপার্কের লেকটির আয়তন ৮.৭৬ একর, গোটা পার্কের এক-নবমাংশের কিছু কম, দৈর্ঘ্য ৮০০ মিটার, প্রস্ত ৩-৩০ মিটার। পঞ্চাশের দশকের শেষের দিকে লেকের স্বচ্ছ জলে ছিল রক্তকমলের ঝাড়, পরে আমাজন-লিলি, পারে কেয়াগাছের বড় বড় ঝোপ। এখন কিছুই নেই। লেকটিতে মাছচাষ চলছে, নিয়মিত জাল টানা হয়। উন্নয়নের জোয়ারে পার্ককে দারুবৃক্ষ ও ঔষধিগাছে এবং সেগুলির জলাশয়কে মাছে ভরে তুললে তা হবে একটি জাতীয় দুর্ভাগ্য। এজন্য পৃথক পৃথক উদ্যান ও অ্যাকুইরিয়াম গড়ে তোলা যায়, যা বিদেশে আছে ভূরি ভূরি। সৌন্দর্য যে একটি সম্পদ আমরা তা ভুলতে বসেছি, নইলে আমাদের রাজধানী ও জেলা-শহরগুলি এতটা গৃহময় হয়ে উঠত না।
রমনালেকটিকে পার্কের বৃক্ষশোভার সঙ্গে না-মিলিয়ে উদোম রাখার জন্যে উদ্যানের ব্যাপক সৌন্দর্যহানি ঘটেছে। অথচ কাজটি তেমন কঠিন ছিল না। পারঘেঁষে, এমনকী জলে লাগানোর মতো বৃক্ষপ্রজাতির (জারুল, হিজল, বরুণ, ফরঞ্জা) অভাব আমাদের নেই, যেগুলো কেটেছেঁটে একটি নয়নশোভন শ্যামল কাঠামো গড়ে তোলা যায়, আছে জলজ বড় বড় কাশ-ঘাস লাগানোর সুযোগও এবং সেইসঙ্গে পদ্ম-শাপলাও। কিন্তু আমাদের নজর নগদ লাভের দিকে, অবহেলা সৌন্দর্যের প্রতি।
এ-নিয়ে লেখালেখি কম হয়নি। ফল শূন্য। অদূরভবিষ্যতে কিছু হবে, এমন আশার আলামতও খুঁজে পাই না এবং কেবলই ভাবি – আমরা যৌবনে যেমন ঢাকাকে একটি উদ্যান-নগরী হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখতাম, আমাদের নবপ্রজন্ম কি তেমন স্বপ্ন দেখে?

Leave a Reply
You must be logged in to post a comment.