ষোলো

এই যে দাদা, ছুনুন।

দিপালী নাগের গলা মোটা ধাঁচের। পুরুষালি। মুখের দিকে না তাকালে বোঝা যায় না, পুরুষ কথা বলছে না মহিলা। তবু তার গলা শুনতে পেলেন না ওসমান গণী তালুকদার। দাঁড়িয়ে ছিলেন কাছাকাছিই, বোধহয় অন্যমনস্ক ছিলেন। তাঁর পরনে অ্যাস কালারের স্যুট, পায়ে চকচকে কালো জুতো। সাদা শার্টের সঙ্গে গাঢ় নীল রঙের টাই পরেছেন। চোখে গোল্ডেন ফ্রেমের চশমা। গা থেকে ভুরভুর করে আসছে দামি পারফিউমের গন্ধ। বিআরটিসির ঢাকা-কলকাতা বাস টার্মিনালের এই পরিবেশে তাকে একটু বেমানান লাগছে।

দিপালী নাগের সঙ্গে চারজন মহিলা আর একজন পুরুষ। পুরুষটি লম্বা, রোগা পটকা ধরনের। মাথায় টাক প্রায় পড়ে আসছে। ফুরফুরে পাতলা চুল আকৃতিতে বড় করে টাক সামলাবার চেষ্টা চালাচ্ছে। সুবিধা করতে পারছে না। চুলের ফাঁক-ফোকড় দিয়ে তালুর এদিক-ওদিক চকচক করছে। ভাঙাচোরা মুখ নিখুঁত করে কামানো। মুখ দেখে বয়স বোঝার উপায় নেই। চল্লিশ-পঞ্চাশ যে কোনওটাই হতে পারে। তার বেশি কিংবা কম হলেও অবাক হওয়ার কিছু নেই। পরনে সাদা পাজামা, গেরুয়া রঙের পাঞ্জাবি আর একখানা কোটি। কোটির রংও পাঞ্জাবির মতোই। সবকিছু মিলিয়ে যাত্রাদলের অধিকারীদের মতো চেহারা। চোখেমুখে সারাক্ষণইসন্ত্রস্ত একটা ভাব আছে লোকটার। সে ব্যস্ত ভঙ্গিতে বাসের কেরিয়ার থেকে ব্যাগ-সুটকেস নামাচ্ছিল। মহিলা চারজন তার সামনে ভিড় করে আছে।

দিপালী নাগ ছিলেন দূরে। ওসমান গণী তালুকদার তার কথা শুনতে পাননি দেখে এগিয়ে এলেন। এই যে কালোমানিক, ছুনুন। তাকান আমার দিকে।

চমকে দিপালী নাগের দিকে তাকালেন ওসমান গণী তালুকদার। হাসলেন। স্লামালেকুম দিদি। আপনেরেই তো বিচড়াইতাছি।

দিপালী নাগ টনটনে গলায় বললেন, আমি ছোটখাট মানুষ, এজন্যে বোধহয় চোখে পড়ছিলুম না।

দিপালী নাগ বাস্তবিকই ছোটখাট মানুষ। যেমন রোগা তেমন বেঁটে। সাড়ে চার ফিটের বেশি লম্বা হবেন না। অতিরিক্ত ফর্সা গায়ের রং। কাটাকাটা চেহারা। গাল-গলার চামড়া কুঁচকে গেছে। আশির কম হবে না বয়স। তবু কী তেজস্বিনী। বাসে করে কলকাতা থেকে ঢাকা চলে এসেছেন দলবল নিয়ে। স্কুলের অনুষ্ঠানে এটেন্ড করবেন, গান গাইবেন। পূর্বপুরুষদের কীর্তির প্রতি শ্রদ্ধা জানাবেন।

তার মাথায় এখনও বেশ ঘনচুল। চুল এবং ভুরু কুচকুচে কালো। চোখে গাঢ় করে কাজল দিয়েছেন, ঠোঁটে নেচারাল কালারের লিপস্টিক। বাস থেকে নামার আগে নিশ্চয় নিজেকে পরিপাটি করেছেন। পরনে লালকালোর মিশেল দেয়া চওড়া পাড়ের সাদা সুতি শাড়ি। লম্বা হাতার কালো ব্লাউজ। তার ওপর মেরুন রঙের মোটা একখানা শাল কলেজ-ইউনিভার্সিটির ছাত্রীদের কায়দায় ফেলা। বোঝা যায় খুবই স্টাইলিস্ট মহিলা। সাইজে ছোট হয়েও জাঁদরেল সুন্দরী ছিলেন এককালে। গলায় আবার আজকালকার যুবতীদের মতো তামা রঙের বড় একখানা লকেট ঝুলিয়েছেন।

ওসমান গণী তালুকদার বললেন, আপনে জানি আমারে কী নামে ডাকলেন দিদি?

দিপালী হাসলেন। শুনলে আবার রাগ করবেন না তো!

তা করুমনা। তয় এই কথাটায় করতাছি।

কোন কথা গো?

এই যে আপনে আপনে করতাছেন। কইলকাতায় তো তুমি কইরা বলছেন।

তাই নাকি? ওই দ্যাখো, ভুলে গিয়েছিলুম। কী করবো দাদা, আজগাল অনেক কথাই মনে রাখতে পারি না। আশির ওপর বয়স হলো।

গণী অবাক হলেন। আশির উপরে! কন কী?

হ্যাঁ।

তয় আপনেরে এত বুড়া মনে হয় না।

দিপালী হাসলেন। সাজগোজ দিয়ে বয়েসটা লুকিয়ে রাকচি।

এইবার কন, কী নামে ডাকলেন আমারে। রাগ করুম না, কন।

কালোমানিক। তোমার গায়ের রংখানা দাদা ভগবান কৃষ্ণের মতো। এই জন্যে ওই নামে ডাকলুম।

বুজছি। আপনে আমার আসল নাম ভুইলা গেছেন।

দিপালী লাজুক মুখে মাথা নাড়লেন।

আমার নাম ওসমান গণী। পদবি আপনেগ মতন।

নাগ?

আরে না। মোসলমানগ নাগ পদবি হয়নি?

তাই তো বলি।

আমরাও আপনেগ বাপদাদার মতন তালুকদার। ওসমান গণী তালুকদার। তয় যেই নামে আপনে আমারে ডাকছেন প্রায় ওই রকম আমার একখান ডাকনাম আছে।

কী বলো তো?

কালন।

বাহ। কালন অর্থ হচ্ছে গিয়ে কালো। কৃষ্ণ। আমি দাদা তোমাকে তাহলে এই নামেই ডাকবো। কালোই হচ্ছে জগতের আসল রং। কথায় বলে, কালো, জগতের আলো।

এসময় চার মহিলা আর এক পুরুষের দলটি ব্যাগ-সুটকেস নিয়ে সামনে এসে দাঁড়াল। গণী এই প্রথম মহিলা চারজনকে খেয়াল করলেন। চারজনেরই শরীর-স্বাস্থ্য, হাইট, পোশাক-আশাক প্রায় একরকম। চারজনই মোটা টাইপের এবং বেটে। দিপালী নাগের তুলনায় এক-দেড়ইঞ্চি উঁচু হতে পারে। অতি সাধারণ, সাদামাটা চেহারা। কারও চেহারায় আলাদা কোনও বৈশিষ্ট্য নেই। সস্তা ধরনের সুতি শাড়ি পরা। আর একটি ব্যাপার গণীর চোখে পড়ল, চারজনেরই শাড়ির রং হলুদের কাছাকাছি। কারওটা পুরোপুরিই হলুদ, কারওটা হালকা হলুদ কিংবা হলুদের ছোপ আছে। তবে এরা যে একদলের, এক পলকে যে-কেউ তা বুঝে যাবে।

দিপালী বললেন, এই হচ্ছে গিয়ে আমার দল। কলকাতায় তোমাদেরকে বলেছিলুম না, আমি আমার পাঁচজনের দল নিয়ে যাবো! ওরা পাঁচজন আর আমি এক, এই হলুম গিয়ে ছজনা। তবে গান কিন্তু ছজনায় করি না, করি পাঁচজনায়। ওই চারটি মেয়ে আর আমি। এটিকে তুমি নারীবাহিনী বলতে পার।

গণী ভুরু কুঁচকে বললেন, তাইলে এই ভদ্রলোক করেন কী?

কিছুই করে না।

জি?

হ্যাঁ। ও হচ্ছে গিয়ে আমাদের তল্পিবাহক।

তল্পিবাহক কথাটা শুনে গণী হাসলেন।

দিপালী বললেন, দলে পুরুষ একটা লাগে, বুজলে না? কলকাতার বাইরে-টাইরে প্রোগ্রাম করতে যাই, সঙ্গে থাকে চারটি মেয়ে, তাদের দেখভাল করার জন্য পুরুষ একটা লাগে।

লোকটিকে ডাকলেন দিপালী। পবনে, ইদিকে আয়। পরিচয় করিয়ে দিই। লোকটি তটস্থ ভঙ্গিতে ছুটে এলো।

গণীকে দেখিয়ে দিপালী বললেন, একে চিনে নে। এ হচ্ছে গিয়ে আমাদের গণীদা। এখানকার সর্বেসর্বা।

লোকটি সঙ্গে সঙ্গে অতি বিনয়ী ভঙ্গিতে হাতজোড় করল। নমস্কার, নমস্কার।

গণী নমস্কারের জবাব দেয়ার সুযোগ পেলেন না। দিপালী বললেন, আর ও হচ্ছে গিয়ে পবনে। মানে পবন, পবন মালাকার। আমি আদর করে পবনে বলে ডাকি।

গণী হাসিমুখে বললেন, সোন্দর নাম।

তবে নাম হচ্ছে গিয়ে তোমার দাদা, বুজলে! কালন। কৃষ্ণ কালো গাত্রবরণ, নামখানি তার কালন। অসাধারণ।

পবন অবাক গলায় বলল, এইমাত্র যেন অন্য কী একখানা নাম ছুনলুম?

দিপালী খরচোখে পবনের দিকে তাকালেন। পবন সঙ্গে সঙ্গে ফুটা বেলুনের মতো চুপসে গেল। মাথা নিচু করে বলল, সে না হয় ঠিক আছে। আমি পরে জেনে নেবোক্ষণ।

কেন, একবার যে বললুম, এরমধ্যেই ভুল মেরে দিলি? তুই আসলেই একটা গোবরগণেশ। আজতক দেখলুম না কারও নাম মনে রাখতে পারছিস। শোন, আবার বলছি দাদাটির নাম হচ্ছে গিয়ে গণী। আমি ডাকছি কালন বলে। ওটা ওর ডাকনাম। তোরা ডাকবি গণীদা বলে। ঠিক আছে?

পবনের সঙ্গে মহিলা চারজনও মাথা নাড়ল।

দিপালী গণীর দিকে তাকালেন। এবার মেয়েগুলোর সঙ্গে পরিচিত হও দাদা।

থাবা দিয়ে হাতের কাছের মহিলাটির একটা হাত ধরলেন তিনি। এটা হচ্ছে শিউলি। শিউলি বিশ্বাস। ওই হচ্ছে কনক দাস। তিন নম্বরটি শিল্পী সরকার। গলাখানা ভগবানের দয়ায় অসাধারণ। গান শুনলে মনে হবে স্বর্গ থেকে নেমে আসছে কোনও দেবীমায়ের কণ্ঠস্বর। আর ওই যে মুখপুড়ি, ওটাকে আমি সবচাইতে বেশি আদর করি, ওই চার নম্বরটি, ওটির নাম বনানী মিত্র। সূচিত্রা মিত্রের লতায়-পাতায় আত্মীয়া। একই বংশ।

পরিচয়ের সময় প্রত্যেকেই গণীকে হাত জোর করে নমস্কার করছিল। গণী হাসি হাসিমুখে তাকাচ্ছিলেন তাদের দিকে। পরিচয়পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বললেন, দিদিরা, আমি বিক্রমপুরের ভাষায় কথা বলি। এইটাই আমার অভ্যাস। কিছু মনে করবেন না। তয় বাংলাদেশে যখন আসছেনই, দাদাগও লগে লইয়াসতেন। বাচ্চাকাচ্চাগ লগে লইয়াসতেন। দেশটা তারা দেইখা যাইতো। বাসের টিকেটের তো দাম বেশি না। কইলে সবারই টিকেট পাঠাইয়া দিতাম।

গণীর কথা শুনে খিলখিল করে হেসে উঠল চারজন। তাদের সঙ্গে প্রায় গলা মিলিয়ে হাসল পবন। দিপালী নাগও হাসছিলেন কিন্তু নিঃশব্দে।

এ-কথায় হাসির কী হলো বুঝতে পারলেন না গণী। তিনি হাসিমুখে এ-ওর মুখের দিকে তাকাতে লাগলেন।

শিউলি নামের মহিলাটি হাসতে হাসতে বললেন, আমাদের ওছব নেই দাদা।

নেই মানি?

শিল্পী বললেন, নেই মানে হয়নি কো।

কী হয়নি?

বিয়ে। বিয়ে হয়নি।

বলেন কী?

বনানী হাসতে হাসতে বললেন, বিয়ে হলে তবে না আপনার জামাই দাদা হবেন, আর ছেই দাদার কল্যাণে বাচ্চাকাচ্চা হবে।

গণী বুঝতে পারছিলেন না এতটা বয়সেও বিয়ে এদের কেন হয়নি। তিনি একটু ঠোঁটকাটা স্বভাবের মানুষ। কথা যা মুখে আসে বলে ফেলেন।

এখনও বললেন। এত বয়েস হইছে তাও বিয়ে হয় নাই ক্যান আপনেগ? আমি জানি জাতে না মিললে হিন্দু মাইয়াগ সহাজে বিয়া হয় না। তয় আপনেরা তো বুড়া হইয়া যাইতাছেন। আর বিয়া হইব কবে?

গনীর এ কথায়ও তাঁরা আগের মতো হাসতে লাগলেন।

দিপালী বললেন, আরে নারে দাদা, দেখতে যত বয়স্কই মনে হোক, আসলে ওদের তেমন বয়েস হয়নি। সবকটিই পুচকে। বাইশ-চব্বিশের বেশি বয়েস না একটারও।

বলেন কী। তাইলে তো সবাইরেই আমি তুমি কইরা বলতে পারি।

অবশ্যই। তাই তো বলবে। ওরা শিল্পী মানুষ, কেউ ফিগার- টিগারের কথা ভাবে না। শুধু খায় আর ঘুমায়, এজন্যে এই দশা একেকটির। মোটকা-সোটকা হয়ে গেচে।

কিন্তু আপনে তো ঠিকই আপনের ফিগার মেনটেইন করছেন দিদি। আশি বছর বয়সেও…

গণীর কথা শেষ হওয়ার আগেই দিপালী নাগ বললেন, এখনও ছুড়ি রয়ে গেছি, না কি গো!

গণী জবাব দিলেন না, হাসতে লাগলেন।

দিপালী বললেন, এখন আমরা যাবো কোথায়?

আগে হোটেলে চলেন। ওইখানে ফ্রেস-ট্রেস হইয়া চা খাইবেন, তারপর রওনা দিবেন।

আজই বিক্রমপুর চলে যাবো?

জি।

ঠিক আছে, চলো তাহলো। গাড়ি আছে সঙ্গে? এক গাড়িতে যাওয়া যাবে?

জি যাইবো। মাইক্রোবাস নিয়াসছি। এইট সিটার।

ভেরিগুড। কোথায়, গাড়ি কোথায়?

সামনের রাস্তায়।

ভেরিগুড।

গণীর পিছু পিছু যে যার ব্যাগ-সুটকেস নিয়ে টার্মিনাল থেকে বেরিয়ে এলো।

ষোলঘর পেরিয়ে যাচ্ছে মাইক্রোবাস, নীলু হঠাৎই পেছন দিকে মুখ ফেরাল। খোকনের দিকে তাকিয়ে হাসিমুখে বলল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব খোকন ভাই?

কপালে দুতিনটা ভাজ ফেলল খোকন। কী?

আমরা কি ষোলঘর গ্রামটা ফেলে এলাম, না পেরিয়ে যাচ্ছি?

আপনে বলে এই প্রথম বিক্রমপুরে আসলেন?

হ্যাঁ।

তয় বুজলেন কেমনে যে আমরা ষোল্লঘর ছাড়াইয়া যাইতাছি!

খোকনের কথা শুনে চোখ দুটো চকচক করে উঠল নীলুর, মুখটা উজ্জ্বল হয়ে গেল। সত্যি আমরা ষোলঘর ছাড়িয়ে যাচ্ছি! দাঁড়ান দাঁড়ান, আগে জায়গাটা দেখি তারপর আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি।

মাইক্রোবাসের জানালা দিয়ে মুগ্ধচোখে বাইরে তাকিয়ে রইল নীলু। কিন্তু গ্রাম বলতে তেমন কিছু তার চোখে পড়ল না। কেমন রুক্ষ রুক্ষ পরিবেশ চারদিকে। রাস্তার ধারে অজস্র দোকানপাট, বাজার। গ্রামের ভেতর দিকে চলে যাওয়া রাস্তায় রিকশা চলছে, লোকজনের কমতি নেই কোথাও।

এই সেই বিখ্যাত ষোলঘর?

নীলু একটা দীর্ঘশ্বাস ফেলল। সময় বদলের সঙ্গে সঙ্গে দেশগ্রামও বদলে গেছে। বিক্রমপুরের ওপর দিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক চলে যাওয়ার ফলে এলাকার যেমন উন্নতি হয়েছে তেমন সর্বনাশও হয়েছে। বিক্রমপুর এখন আর বিক্রমপুর নেই, বিক্রমপুর শহর হয়ে গেছে। বিক্রমপুরের গ্রামগুলোও এখন আর গ্রাম নেই, উপশহর হয়ে গেছে। গ্রামে ইলেকট্রিসিটি ঢুকলে গ্রাম কি আর গ্রাম থাকে! পাকা রাস্তাই যদি থাকল তাহলে আর গ্রাম কী! গ্রাম মানে সড়ক হালট, গাছপালা ঘেরা নির্জনতা, পদ্মফোটা পুকুর-দীঘি, বাঁশঝাড়ে শন শন হাওয়া, দুপুরবেলা ঘুঘুর ডাক আর আকাশের তলায় পড়ে থাকা শস্যের মাঠ। কই এসব তো বিক্রমপুরে আর চোখেই পড়ে না। বিক্রমপুরের যে আদি ঐতিহ্য, চৌচালা পাটাতন করা টিনের ঘর, সেইসব ঘরও তো আর চোখে পড়ে না। চোখে পড়ে সুন্দর সুন্দর বিল্ডিং। কানে আসে কাঁচাটাকার ঝনঝনানি। বিক্রমপুর এখন বাংলাদেশের সবচে’ ধনী এলাকা। কাপড়ের ব্যবসা একচেটিয়া বিক্রমপুরের লোকদের হাতে। বিক্রমপুরের যুবক ছেলেরা ছড়িয়ে গেছে পৃথিবীর বিভিন্ন বড় বড় দেশে। জাপান কোরিয়া, ইংল্যান্ড, আমেরিকা, ইতালি, সুইজারল্যান্ড আর পুরো মিডিলইস্ট বিক্রমপুরের যুবকদের দখলে। ওইসব দেশ থেকে মাসে কোটি কোটি টাকা এসে বিক্রমপুরে ঢুকছে। ফলে প্রতিদিনই বদলে যাচ্ছে এলাকার চেহারা। টাকার গরমে জৌলুস বাড়ছে বিক্রমপুরের।

একদিকে যেমন বেজায় উন্নতি হচ্ছে, আরেক দিকে অবনতিও হচ্ছে কম না। বিক্রমপুরের আসল শক্তি যেটা ছিল, শিক্ষা, সেই শিক্ষাটা নষ্ট হয়ে গেছে। শিক্ষাটা এখন আর নেই। বিক্রমপুরের ছেলেরা এখন আর লেখাপড়া করতে চায় না, বিদেশে চলে যায়। মেয়েরা পড়াশুনার কথা না-ভেবে বিদেশে বসবাস করা যুবকদের স্ত্রী হওয়ার স্বপ্নে বিভোর হয়ে থাকে।

খোকন বলল, কী হইল? কথার জব দিলেন না?

নীলু পিছন ফিরে তাকাল। মুখখানি যথারীতি হাসিমাখা। আমি বিক্রমপুরে এই প্রথম এলাম ঠিকই কিন্তু আমি হচ্ছি বিক্রমপুরের ব্যাপারে মাস্টার। দুটো ব্যাপারে আপনি আমাকে মাস্টার বলতে পারেন। এক, বিক্রমপুর। দুই, রবীন্দ্রসংগীত। এই যে ষোলঘর গ্রামটি আমরা পেরিয়ে এলাম, এই গ্রামে জন্মেছিলেন লেখক প্রতিভা বসু।

প্রতিভা বসু নামটা শোনার সঙ্গে সঙ্গে উত্তেজিত হলেন লালুবাবু। আরে তাই নাকি? কী কয়? ষোল্লঘর প্রতিভা বসুর গ্রাম? বুদ্ধদেব বসুর স্ত্রী!

নীলু অবাক হলো। আরে, আপনি তো বেশ ভালো খুঁজখবর রাখেন। হ্যাঁ, প্রতিভা বসু বুদ্ধদেব বসুর স্ত্রী। তাঁর ডাকনাম রানু। বিয়ের আগে পদবি ছিল সোম। রানু সোম। যৌবনকালে বিখ্যাত সুন্দরী, বিখ্যাত গায়িকা। ঢাকার ওয়ারিতে থাকতেন। কাজী নজরুল ইসলামের কাছে গান শিখেছেন কিছুদিন। শোনা যায়, রানু সোমকে নিয়ে বিদ্রোহী কবির খুবই উৎসাহ ছিল। এসব নিয়ে বুদ্ধদেব বসু তাঁর বন্ধুবান্ধব নিয়ে নজরুলের সঙ্গে নাকি ঝগড়াঝাটিও করেছেন। অর্থাৎ প্রেম-ভালোবাসা সংক্রান্ত জেলাসি। আজকালকার দিনের মতোই।

নীলুর কথা শুনতে সবচে’ ভালো লাগছিল জয়িতার। কী সুন্দর করে কথা বলছে, উচ্চারণ কী সুন্দর। আর জানে কত কী!

লালুবাবুও খুবই আগ্রহ নিয়ে শুনছেন নীলুর কথা। শুধু খোকনের শোনার উৎসাহ নেই। বেলাল এসব কথা শুনছে কী শুনছে না বোঝা যাচ্ছে না, আপনমনে গাড়ি চালাচ্ছে।

নীলু বলল, বহু গল্প-উপন্যাস লিখেছেন প্রতিভা বসু। তাঁর বিখ্যাত বই জীবনের জলছবি। ওটা আত্মজীবনী। ওই বইতে ষোলঘরের কথা আছে। তাঁর উপন্যাস নিয়ে অনেক সিনেমা হয়েছে কলকাতায়। যেমন অতল জলের আহ্বান। ওই ছবিতে বিখ্যাত একটা গান আছে।

জয়িতা বলল, আমি জানি ‘ভুল সবই ভুল। এই জীবনের পাতায় পাতায় যা লেখা’।

শুনে মুগ্ধ হলো নীলু। আরে, দারুণ তো! ছবিটা আপনি দেখেছেন?

না। গানটা শুনেছি। একবার-দুবার নয়! অনেকবার।

কে গেয়েছে জানেন?

জানি। সুজাতা চক্রবর্তী।

হ্যাঁ। ওই একটাই বিখ্যাত গান তাঁর। অসাধারণ গেয়েছিলেন। কী সুন্দর গলা!

একটু থামল নীলু। তারপর বলল, বাংলাদেশেরও একজন বিখ্যাত লেখক জন্মেছেন ষোলঘরে। রাবেয়া খাতুন। তাঁর বড়ছেলে ফরিদুর রেজা সাগরও লেখক। তবে সাগরের বেশির ভাগ লেখাই ছোটদের জন্য। ভদ্রলোক চ্যানেল আইয়ের ম্যানেজিং ডিরেক্টর। চার-পাঁচ বন্ধু মিলে বাংলাদেশে প্রথম স্যাটেলাইট চ্যানেল করলেন। সেটি এখন বিখ্যাত চ্যানেল আই।

খোকন শ্লেষের গলায় বলল, সর্বনাশ! আপনার তো দেখি অনেক জ্ঞান।

শুনে জয়িতা খিলখিল করে হেসে উঠল। লালুবাবুও হাসলেন। কিন্তু নীলু নির্বিকার। খোকনের দিকে আবার হাসিমুখে তাকাল। সত্যি বিক্রমপুরের ব্যাপারে আমার অনেক জ্ঞান। শুনুন, ওই যে ডানপাশে সমষপুর কলেজ দেখছেন, ওই কলেজ দেখে আমি বুঝতে পারছি এই গ্রামের নাম সমষপুর।

এইটা পোলাপানেও বুঝতে পারব।

কিন্তু এই গ্রাম নিয়ে পোলাপানে যা বলতে না-পারবে তা আমি বলতে পারব। শুনবেন?

না।

আরে ভাই রাগ করছেন কেন? শোনেন না। আপনি শিমুল বিল্লাহ কিংবা শিমুল ইউসুফের নাম শুনেছেন?

না, শুনি নাই।

বলেন কী? বেইলি রোডে কখনও নাটক দেখতে যাননি?

না। মঞ্চনাটক আমার ভাল্লাগে না।

তাহলে আপনাকে আর এসব কথা বলে লাভ কী?

জয়িতা বলল, তবু আপনি বলুন। শুনি কী বলতে চাইছেন।

এই সমষপুর গ্রামের মেয়ে শিমুল বিল্লাহ। কিশোরী বয়সে রেডিও, টিভি এবং সিনেমায় গান গেয়ে বিখ্যাত হন। তাঁর ওই সময়কার, এই ধরুন ষাটের দশকের শেষদিককার গান ‘ঝড় এলো, এলো ঝড়, আম পড়, আম পড়’ দারুণ জনপ্রিয় হয়েছিল। তারপর তিনি নজরুলগীতি, আধুনিক, দেশাত্মবোধক এবং লালনগীতি গাইতে শুরু করলেন। কী-যে সুন্দর গলা, বলে আপনাকে আমি বোঝাতে পারব না। যে-ধরনের গানই তিনি গেয়েছেন, দুর্দান্ত গেয়েছেন। স্বাধীনতার পর বিয়ে করলেন নাসিরউদ্দিন ইউসুফকে। তাঁর ডাকনাম বাচ্চু। আমাদের সাংস্কৃতিক জগতে তিনি বাচ্চুভাই বলে পরিচিত। বাচ্চুভাই দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা, বিটিভিতে প্রডিউসার হিসেবে জয়েন করেছিলেন। সেলিম আল দীনের দারুণ জনপ্রিয় একটি ধারাবাহিক নাটক করেছিলেন আশি-একাশি সালে। ‘ভাঙনের শব্দ শুনি’। হুমায়ুন ফরীদি সেরাজ তালুকদার চরিত্রটি করেছিলেন। যার কাজ শুধু পানি কেনা।

খোকন বিরক্ত গলায় বলল, এইসব ইতিহাস দিদিরে বইলা লাভ কী? সে কি আমাগ দেশের এইসব লোকজনরে চিনে?

জয়িতা সঙ্গে সঙ্গে বলল, না না আপনি বলুন। আমার শুনতে ইচ্ছে করছে। এত বড় বড় মানুষ সম্বন্ধে জানচি, আমার খুব ভালো লাগজে।

নীলু জয়িতার দিকে মুখ ফিরিয়ে হাসল। বাচ্চুভাই শিমুল আর সেলিম আল দীন সম্বন্ধে বলতে বলতে আমি কিন্তু কলকাতায় চলে যাবো।

মুখের মিষ্টি একটা ভঙ্গি করল জয়িতা। মানে?

এই তিনজন কলকাতায়ও খুব বিখ্যাত।

তাই নাকি?

হ্যাঁ। শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র, শাঁওলি মিত্র, কলকাতার মঞ্চনাটকের অন্যান্য বিখ্যাত অভিনেতা-অভিনেত্রী, নাট্যকার, এই ধরুন মনোজ মিত্র, বাদল সরকার এরা বাচ্চুভাই, সেলিম ভাই আর শিমুল ভাবির খুবই ভক্ত এবং বন্ধু। বছরে এক-দুবার কলকাতায় নাটক করতে যান ওঁরা। ওঁদের দলটির নাম ‘ঢাকা থিয়েটার’।

শিমুল ভাবি বললেন যে, তিনি কি আপনার আত্মীয়া?

আরে না। অত বড় মানুষ আমার মতো হেজিপাজির আত্মীয় হবেন কেমন করে?

তবে যে ভাবি বলচেন?

কালচারাল ফিল্ডের সবাই নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুকে বাচ্চুভাই বলে, শিমুল ইউসুফকে শিমুল ভাবি বলে। আমিও সেই কারণেই বলছি।

তার মানে আপনিও কালচারাল ফিল্ডের লোক! ওই দেখুন, আমার অনুমানই ঠিক। আপনার কথাটা শুনে প্রথমেই আমি সন্দেহ করেছিলুম, হয় আপনি অভিনয় করেন, নয় আবৃত্তি। আপনার উচ্চারণ খুবই সুন্দর। চন্দ্রবিন্দুর উচ্চারণ পর্যন্ত নিখুঁত। এবার পরিষ্কার করে বলুন দিকি আপনি কী করেন? (চলবে)